ডায়েট ও নিয়মিত ব্যায়াম করেও ছয় মাসে বাড়ল ৪০ পাউন্ড ওজন, পরে ধরা পড়ে ঘুমজনিত রোগ ‘স্লিপ অ্যাপনিয়া’
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকির বাসিন্দা লেক্স ব্যানাক দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য সচেতন জীবনযাপন করতেন। নিয়মিত ব্যায়াম, নির্দিষ্ট খাদ্যতালিকা এবং ফিটনেসচর্চার মাধ্যমে তিনি আগেও ওজন কমিয়েছিলেন। কিন্তু সবকিছু একইভাবে অনুসরণ করার পরও হঠাৎ করেই তার শরীরের ওজন অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে।
মাত্র ছয় মাসে তার ওজন বেড়ে যায় প্রায় ৪০ পাউন্ড। কী কারণে এমন হচ্ছে, তা বুঝতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তার ভাষায়, “মনে হতো আমি যেন পাগল হয়ে যাচ্ছি। একই খাবার খাচ্ছিলাম, একই ব্যায়াম করছিলাম, তবু ওজন বাড়ছিল।”
২৯ বছর বয়সী লেক্স জানান, ওজন বৃদ্ধির পাশাপাশি তিনি সব সময় ক্লান্ত অনুভব করতেন। প্রতিদিন ঘুমাতে হতো, মনোযোগ ধরে রাখতে কষ্ট হতো এবং একধরনের মানসিক ঝাপসাভাব বা ‘ব্রেইন ফগ’-এ ভুগছিলেন। আচরণেও পরিবর্তন আসে। সামান্য বিষয়েও বিরক্ত হয়ে যেতেন এবং খাবারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন।
প্রথমদিকে তিনি ধারণা করেছিলেন, জন্মনিয়ন্ত্রণ বড়ির কারণে হয়তো ওজন বাড়ছে। সে কারণে ওষুধ বন্ধও করেছিলেন। কিন্তু তাতেও কোনো পরিবর্তন আসেনি।
পরবর্তীতে চিকিৎসকের শরণাপন্ন হলে তাকে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে চিকিৎসক সন্দেহ প্রকাশ করেন যে তিনি হয়তো ‘স্লিপ অ্যাপনিয়া’ নামের ঘুমজনিত সমস্যায় ভুগছেন।
স্লিপ অ্যাপনিয়া এমন একটি অবস্থা, যেখানে ঘুমের সময় বারবার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং আবার শুরু হয়। এতে ঘুমের স্বাভাবিক চক্র ব্যাহত হয়। ফলে শরীর পর্যাপ্ত বিশ্রাম পায় না এবং দীর্ঘমেয়াদে হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, টাইপ-২ ডায়াবেটিসসহ নানা জটিলতার ঝুঁকি বাড়তে পারে।
চিকিৎসকের পরামর্শে লেক্সের একটি ‘স্লিপ স্টাডি’ করা হয়। পরীক্ষায় দেখা যায়, ঘুমের সময় প্রতি আট মিনিট পরপর তার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। পুরো রাতজুড়ে তিনি ৬৮ বার জেগে উঠেছিলেন, যদিও অধিকাংশ সময় তিনি তা টেরই পাননি। এরপর তার মৃদু মাত্রার স্লিপ অ্যাপনিয়া ধরা পড়ে।
চিকিৎসকেরা জানান, স্লিপ অ্যাপনিয়ার কারণে শরীরের বিপাকক্রিয়া, হরমোনের ভারসাম্য এবং শক্তির মাত্রা প্রভাবিত হতে পারে। এর ফলে অনেকের ক্ষেত্রেই ওজন বেড়ে যাওয়া বা ওজন কমাতে সমস্যা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।
২০২৩ সালের জুনে লেক্সকে একটি সিপিএপি (CPAP) যন্ত্র ব্যবহার করতে দেওয়া হয়। ঘুমের সময় নাক ও মুখে পরা এই যন্ত্রটি নিরবচ্ছিন্নভাবে বায়ুচাপ সরবরাহ করে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে সহায়তা করে।
যন্ত্রটি ব্যবহার শুরুর কয়েক মাসের মধ্যেই তিনি পরিবর্তন লক্ষ্য করেন। এক বছরের মধ্যে তার ওজন ৬০ পাউন্ড কমে যায় এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পুনরায় করা পরীক্ষায় চিকিৎসকেরা জানান, তার স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ আর নেই।
তবে ২০২৪ সালের এপ্রিলে স্বাস্থ্যবিমার সুবিধা শেষ হওয়ায় তাকে সিপিএপি যন্ত্রটি ফেরত দিতে হয়। পরের বছর আবারও স্লিপ অ্যাপনিয়ার উপসর্গ ফিরে আসে এবং তার ওজন প্রায় ২০ পাউন্ড বেড়ে যায়।
বর্তমানে স্বাস্থ্যবিমা না থাকায় তিনি নতুন করে সিপিএপি যন্ত্র সংগ্রহ করতে পারছেন না। তাই উপসর্গ নিয়ন্ত্রণে রাখতে ধ্যান, যোগব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্ব দিচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, অকারণে ওজন বেড়ে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি, নাক ডাকা, ঘুমের সময় শ্বাস আটকে যাওয়া বা দিনের বেলায় অতিরিক্ত ঘুম ঘুম ভাব থাকলে তা অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। অনেক ক্ষেত্রেই এসব লক্ষণের পেছনে স্লিপ অ্যাপনিয়ার মতো চিকিৎসাযোগ্য সমস্যা থাকতে পারে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের লয়োলা ইউনিভার্সিটি শিকাগোর ১৮ বছর বয়সী ছাত্রী শেরিডান গোরম্যানকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত ভেনেজুয়েলার নাগরিক হোসে মেদিনা-মেদিনা (২৫) কারাগারে থাকার সময় ‘বিশেষ বালিশ’ ও ঘুমানোর বাড়তি সুবিধার আবেদন জানানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নিহত ছাত্রীর মা-বাবা। আদালতের নথি অনুযায়ী, মেদিনা-মেদিনা দাবি করেছেন যে মাথায় গুলির টুকরো ও খুলির অংশ না থাকার কারণে তিনি মাথাব্যথায় ভুগছেন এবং কারাগারে চিকিৎসক দেখিয়ে একটি অর্থোপেডিক বা বিশেষ বালিশ পেতে চান; এর পরিপ্রেক্ষিতে বিচারক আলফ্রেডো মালদোনাদো তার স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন। ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে শেরিডানের মা জেসিকা গোরম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৯ মার্চ মেয়েকে হারানোর পর থেকে তিনি এক রাতও পুরোপুরি ঘুমাতে পারেননি, অথচ অভিযুক্ত খুনির আইনজীবীরা কারাগারে তার ঘুমের অসুবিধার কথা বলে বিশেষ বালিশ চাইছেন এবং ভুক্তভোগীদের পক্ষে কথা বলার কেউ নেই। উল্লেখ্য, চলতি বছরের ১৯ মার্চ গভীর রাতে শিকাগো কলেজ ক্যাম্পাসের কাছে রজার্স পার্ক পিয়ারে বন্ধুদের সঙ্গে হাঁটার সময় একটি বাতিঘরের পেছনে মেদিনা-মেদিনাকে দেখতে পেয়ে বন্ধুদের সতর্ক করলে সে তাদের ধাওয়া করে এবং গুলি চালিয়ে শেরিডানকে হত্যা করে বলে প্রসিকিউটররা জানিয়েছেন। মেদিনা-মেদিনার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, গুরুতর হামলা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হলেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্যমতে, অভিযুক্ত ব্যক্তি ২০২৩ সালের মে মাসে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে মুক্তি পান এবং পরের মাসে শিকাগোতে দোকান চুরির দায়ে গ্রেপ্তার হয়েও ছাড়া পেয়েছিলেন।
ফ্লোরিডায় পূর্বপরিকল্পিত হ ত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার, নিজেই ৯১১-এ জানিয়েছিলেন স্বামীকে গুলি করার কথা
যাত্রীর নৃ শংস হা মলায় ১৪ দিন মৃ ত্যুর সঙ্গে লড়ে হার মানলেন সোমালি-আমেরিকান উবার চালক
যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে আইসের হাতে আটক সিলেটের নজরুল, বৈধ ওয়ার্ক পারমিটও ছিল
যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা ও পাঁচ সন্তানের মা নিকিতা ফ্লাওয়ার্স তার সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা স্ন্যাপ ভাতার ১,৩৫৪ ডলার জমা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই খুইয়েছেন বলে ফক্স ৩২-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে। গত ১৩ নভেম্বর তার অ্যাকাউন্টে ওই অর্থ জমা হওয়ার অল্প সময়ের মধ্যেই প্রায় ৮০ মাইল দূরের ‘লাভস পার্ক’ নামের একটি জায়গার নামে ঠিক সমপরিমাণ অর্থ কেটে নেওয়া হয় এবং এরপর স্থানীয় পিটস মার্কেটে তার ছেলের কার্ড ডিক্লাইন হলে অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য দেখা যায়। সপ্তাহের প্রতিদিনই বয়স্কদের সেবাদাতা হিসেবে কাজ করা ফ্লাওয়ার্স জানান, তিনি কখনো লাভস পার্ক বা রকফোর্ডে যাননি এবং ঘটনার পর থেকে নিজের পকেটের টাকায় মুদি বাজার করতে বাধ্য হচ্ছেন; তবে ঠিক কীভাবে এই অর্থ লেনদেন হয়েছে, তা এখনো স্পষ্ট নয় এবং পুলিশের কাছে কোনো আনুষ্ঠানিক প্রতিবেদনও জমা পড়েনি। ইলিনয় ডিপার্টমেন্ট অব হিউম্যান সার্ভিসেস-এর তথ্য অনুযায়ী, ইবিটি কার্ড ব্যবহারকারীদের লক্ষ্য করে দেশজুড়ে স্কিমিংসহ নানা প্রতারণা চলছে, যার ফলে ইলিনয়ে ২০২৪ সালে প্রায় ১ কোটি ৫০ লাখ ডলার, ২০২৫ সালে প্রায় ৪৭ লাখ ডলার এবং ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৭ লাখ ডলারের বেশি ভাতা চুরি হয়েছে। গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস বা জিএও জানিয়েছে, ২০২২ সালের ১ অক্টোবর থেকে ২০২৪ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত ফেডারেল তহবিলের আওতায় অঙ্গরাজ্যগুলো চুরি যাওয়া ৩২ কোটি ডলারের বেশি ভাতা প্রতিস্থাপন করলেও কংগ্রেস সেই কর্তৃপক্ষের মেয়াদ না বাড়ানোয় ২১ ডিসেম্বর ২০২৪ বা তার পর থেকে চুরি যাওয়া ভাতা আর ফেরত পাওয়ার সুযোগ নেই। এ ছাড়া ইবিটি কার্ড ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার অ্যাক্টের আওতায় না থাকায় ডেবিট কার্ডের মতো সুরক্ষা সুবিধাও এর ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং ফেডারেল সহায়তা ছাড়া অঙ্গরাজ্য নিজস্বভাবে এই অর্থ ফেরত দিতে পারছে না বলে জানিয়েছে ইলিনয় কর্তৃপক্ষ। বিপত্তি এড়াতে মার্কিন কৃষি বিভাগ বা ইউএসডিএ স্ন্যাপ সুবিধাভোগীদের ভাতা জমা হওয়ার ঠিক আগে মাসে অন্তত একবার পিন নম্বর পরিবর্তন করা, নিয়মিত অ্যাকাউন্ট পরীক্ষা করা এবং সন্দেহজনক লেনদেনের বিষয়ে স্থানীয় স্ন্যাপ অফিসে জানানোর পরামর্শ দিয়েছে। পাশাপাশি ইলিনয় লিংক ব্যবহারকারীরা কেনাকাটার ফাঁকে কার্ড লক করে রাখার সুবিধা পেলেও অনেক নিরাপত্তা ব্যবস্থাই ব্যবহারকারীর সক্রিয়তার ওপর নির্ভরশীল; তবে ২০২৭ সালের শুরুর দিকে ভৌত কার্ডের বদলে ফোনের মাধ্যমে অর্থ পরিশোধের একটি ইউএসডিএ পাইলট প্রকল্প চালুর অপেক্ষায় রয়েছে ইলিনয়সহ তিনটি অঙ্গরাজ্য।
ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট, ৭০ মিনিটের অস্ত্রোপচার শেষে সুস্থ আছেন মামদানি
যুক্তরাষ্ট্রে গ্রাহককে বিভ্রান্ত করায় ১০ কোটি ডলারের সমঝোতা, আম্বানির হাত ধরেও বাজার হারাচ্ছে শেইন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, এক ঘণ্টায় ৩১টি কম্পন ও পরাঘাত
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি (NBC) ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে তৈরি একটি বিজ্ঞাপন আর প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। থ্যাংকসগিভিংয়ের আগের রাতে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’-এর বিশেষ পর্বে বিজ্ঞাপনটি সম্প্রচারের পর বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে এ পদক্ষেপ নেওয়া হয়। ‘এভরি থ্রি সেকেন্ডস’ শিরোনামের ৩০ সেকেন্ডের ওই বিজ্ঞাপনটি তৈরি ও প্রচার করেছিল ফিলিস্তিনি অধিকারপন্থী সংস্থা ‘আইএমইইউ পলিসি প্রজেক্ট’ (IMEU Policy Project)। বিজ্ঞাপনে এক মার্কিন কিশোরীর একটি বাইসাইকেল কেনার জন্য ৪০০ ডলার জমানোর দৃশ্যের পাশাপাশি গাজার ৯ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর প্রসঙ্গ তুলে ধরা হয়, যিনি ইসরায়েলি হামলায় মা ও দাদিকে হারানোর পাশাপাশি নিজের একটি পা হারিয়েছেন। বিজ্ঞাপনটিতে দাবি করা হয়, মার্কিন করদাতাদের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে তা জনগণকে জানাতেই এটি প্রচার করা হয়েছে এবং ইসরায়েলের সঙ্গে নতুন কোনো সামরিক সহায়তা চুক্তির বিরোধিতা করতে দর্শকদের নিজ নিজ কংগ্রেস সদস্যের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়। বিজ্ঞাপনটি প্রচারের পর অ্যান্টি-ডিফামেশন লিগ (এডিএল) এবং ইসরায়েলি-আমেরিকান কাউন্সিলসহ একাধিক ইহুদি ও ইসরায়েলপন্থী সংগঠন এর তীব্র নিন্দা জানায়। তাদের দাবি, এটি ইসরায়েলকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে এবং করদাতাদের অর্থের ব্যবহার নিয়ে বিভ্রান্তিকর ধারণা দিয়েছে। অন্যদিকে, আইএমইইউ পলিসি প্রজেক্ট জানায় যে বিজ্ঞাপনটি এনবিসির ফ্যাক্ট-চেকিং প্রক্রিয়া উত্তীর্ণ হয়েছিল। সংস্থাটি আল জাজিরাকে জানিয়েছে, বিজ্ঞাপনটি আর প্রচার না করার খবরের বিষয়ে এনবিসির পক্ষ থেকে এখনো তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিজ্ঞাপনটি সম্প্রচারের আগে এনবিসির শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত ছিল না। ভবিষ্যতে এটি আর পুনঃপ্রচার করা হবে না এবং এনবিসিইউনিভার্সাল তাদের বিজ্ঞাপন অনুমোদন প্রক্রিয়া পর্যালোচনা করবে বলে জানা গেছে। সূত্র: আল জাজিরা।
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টাইনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা
যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

