- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
সাইবার হামলার শিকার হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)। হামলার পর নিরাপত্তার স্বার্থে সংবাদ, ছবি ও ভিডিও সরবরাহের প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ফ্রান্সের প্যারিসভিত্তিক সংস্থাটি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্যারিসের স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই সাইবার হামলা শুরু হয়। এএফপির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অভ্যন্তরীণ ইমেইলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, অননুমোদিত প্রবেশের বিষয়টি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের প্রযুক্তি বিভাগ হামলা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এএফপি ফোরাম বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্ল্যাটফর্মটি বন্ধ থাকবে। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম এএফপি ফোরাম ব্যবহার করে সংস্থাটির সংবাদ, ছবি ও ভিডিও সংগ্রহ করে থাকে। প্ল্যাটফর্মটি বন্ধ থাকায় গ্রাহকদের কনটেন্ট সরবরাহ অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। বাইরের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তায় হামলার ঘটনা তদন্ত করছে এএফপি। তবে হামলার পেছনে কারা জড়িত, কী ধরনের তথ্যের ক্ষতি হয়েছে কিংবা গ্রাহকদের কোনো তথ্য ফাঁস হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানিকে লক্ষ্য করে একাধিক সাইবার হামলার ঘটনা ঘটেছে। ফ্রান্সের সাইবার নিরাপত্তা সংস্থার প্রধান ভিনসেন্ট স্ট্রুবেল বৃহস্পতিবার জানিয়েছেন, দেশটি নজিরবিহীন মাত্রার সাইবার নিরাপত্তা হুমকির মুখোমুখি হচ্ছে। এসব হামলা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন তিনি। এএফপির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ২১০টি ব্যুরোতে ১৩৫টি দেশের ১ হাজার ৮৪০ জন সাংবাদিক কাজ করছেন। ছয়টি ভাষায় সংবাদ সরবরাহ করে সংস্থাটি। প্রতিদিন গড়ে ২ হাজার ৩০০টি লিখিত সংবাদ, ৩ হাজার ছবি এবং ৩০০টি ভিডিও তৈরি করে এএফপি। এএফপি ফোরাম কবে আবার চালু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি সংস্থাটির কর্তৃপক্ষ। সূত্র: এএফপি 871 এসএ
যুক্তরাষ্ট্রে গ্রাহকদের বিভ্রান্ত করা, পণ্য সরবরাহে প্রতিশ্রুতি ভঙ্গ এবং নেতিবাচক রিভিউ গোপনের অভিযোগ নিষ্পত্তিতে ১০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে জনপ্রিয় অনলাইন ফ্যাশন প্রতিষ্ঠান শেইন (SHEIN)। এই অর্থ প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে ব্যবহার করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। গত ২৪ নভেম্বর এফটিসি ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে মামলা ও প্রস্তাবিত সমঝোতার নথি দাখিল করে। পরদিন বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স ১৩ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। এফটিসির অভিযোগ, দ্রুত পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করলেও শেইন অনেক ক্ষেত্রে তা রক্ষা করেনি। হাজার হাজার গ্রাহক নির্ধারিত সময়ের কয়েক দিন, সপ্তাহ কিংবা মাস পর পণ্য হাতে পেয়েছেন। এমনকি অনেকে অর্ডার করা পণ্য পাননি। এসব সমস্যার সমাধানে গ্রাহকদের পর্যাপ্ত সহযোগিতাও দেওয়া হয়নি। আদালতের নথি অনুযায়ী, প্রতিদিন যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ প্যাকেজ পাঠায় শেইন। অথচ ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন গ্রাহকদের ফোনে সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠানটিতে মাত্র পাঁচজন কর্মী ছিলেন। গ্রাহকদের সঙ্গে যোগাযোগের জন্য তাঁদের ফোন নম্বরও ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। পণ্যের রিভিউ নিয়েও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এফটিসি জানিয়েছে, শেইন ইতিবাচক রিভিউ প্রকাশ করলেও পণ্যের মান নিয়ে গ্রাহকদের নেতিবাচক মন্তব্য গোপন বা মুছে ফেলত। এ ছাড়া তুলার উৎপত্তিস্থল এবং সরবরাহকারীদের শ্রমমান নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে উৎপাদিত বলে দাবি করা কিছু তুলা প্রকৃতপক্ষে চীন থেকে এসেছে বলে জানিয়েছে এফটিসি। কিছু পণ্যে ব্যবহৃত তুলার উৎসও শনাক্ত করা যায়নি। প্রস্তাবিত সমঝোতার শর্ত অনুযায়ী, পণ্য সরবরাহের সময় নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া, নেতিবাচক রিভিউ গোপন এবং সরবরাহকারীদের সম্পর্কে ভিত্তিহীন দাবি করা থেকে বিরত থাকতে হবে শেইনকে। পাশাপাশি গ্রাহকসেবার মান উন্নত করতে হবে। তবে শেইনের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, এই সমঝোতার অর্থ অভিযোগের দায় স্বীকার করা নয়। এফটিসির কিছু অভিযোগের সঙ্গে প্রতিষ্ঠানটি একমত নয়। তা সত্ত্বেও গ্রাহকসেবা ও আইন মেনে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আরও উন্নতি করতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি। চীনে প্রতিষ্ঠিত ও বর্তমানে সিঙ্গাপুরভিত্তিক শেইন যুক্তরাষ্ট্রের ফাস্ট ফ্যাশন বাজারের প্রায় অর্ধেক দখল করে আছে। কম দামে পোশাক ও ফ্যাশনসামগ্রী বিক্রির কারণে মার্কিন গ্রাহকদের কাছে প্রতিষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়। প্রস্তাবিত সমঝোতা কার্যকর হতে ফেডারেল বিচারকের অনুমোদন প্রয়োজন। ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা কবে এবং কীভাবে ক্ষতিপূরণ পাবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। সূত্র: ফক্স ১৩ 871 এসএ
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে শক্তিশালী ঝড়ের কারণে থ্যাংকসগিভিংয়ের ছুটিতে ভয়াবহ ভ্রমণ বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালের দিকে ৩৬৫টি ফ্লাইট বাতিল হলেও সন্ধ্যা নাগাদ এ সংখ্যা ৪০০ ছাড়িয়ে যায়। পাশাপাশি বিলম্বিত হয়েছে ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট। এতে ছুটি কাটাতে যাওয়া অসংখ্য যাত্রী বিপাকে পড়েছেন। ফ্লাইট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ৬ হাজার ৯৯৬টি ফ্লাইট বিলম্বিত এবং ১৬৭টি ফ্লাইট বাতিল হয়। বৃহস্পতিবার প্রতিকূল আবহাওয়ার কারণে পরিস্থিতির আরও অবনতি ঘটে। পূর্ব উপকূলে প্রবল বৃষ্টি, ঝোড়ো বাতাস ও জলোচ্ছ্বাসের কারণে নিউইয়র্ক, নিউ জার্সিসহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। নিউইয়র্ক সিটিতে ঘণ্টায় ৬০ মাইল বা প্রায় ৯৭ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়। নিউ জার্সি ও নিউইয়র্কের বিভিন্ন এলাকায় জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার (২৮ নভেম্বর) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শতবর্ষের ইতিহাসে আবহাওয়াজনিত কারণে প্রথমবারের মতো এই প্যারেডের দিন পরিবর্তন করা হলো। অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় ঝড় ও অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটনের উপকূলীয় এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় তুষারপাতও হয়েছে। ঝড়ের প্রভাবে দেশজুড়ে ৯ লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে বুধবার রাতে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ফেডএক্সের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে যায়। ঘটনার পর বিমানবন্দরটির একটি ছাড়া সব রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ঘটনাটি তদন্ত করছে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করা হয়নি। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) হিসাব অনুযায়ী, ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত থ্যাংকসগিভিংয়ের ছুটিতে প্রায় ৮ কোটি ১৫ লাখ মার্কিনি বাড়ি থেকে অন্তত ৫০ মাইল দূরে ভ্রমণ করবেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত ঝড়ের প্রভাব অব্যাহত থাকতে পারে। বিমানবন্দরে যাওয়ার জন্য হাতে পর্যাপ্ত সময় রাখা এবং ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন তিনি। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট 871/এসএ
মেয়ের বিয়ের আনন্দঘন মুহূর্তেই বাবার মৃত্যু। কিন্তু বিয়ের অনুষ্ঠান সম্পন্ন না হওয়া পর্যন্ত সেই খবর জানানো হয়নি কনেকে। বাবার মৃত্যুর খবর গোপন রেখে বোনের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন দুই ভাই। ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর জেলায় ঘটে যাওয়া এ ঘটনা এলাকায় শোকের পাশাপাশি আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটে উদয়পুর জেলার ঋষভদেব মহকুমার পাটিয়ার (ভূধর) গ্রামে। নিহত বাবার নাম শঙ্করলাল মেঘওয়াল। বয়স ৫১ বছর। তিনি আহমেদাবাদের একটি বেসরকারি প্রতিষ্ঠানে গাড়িচালক হিসেবে কাজ করতেন। তাঁর মেয়ে প্রিয়াঙ্কার বিয়ের আয়োজন চলছিল ২১ নভেম্বর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ২০ নভেম্বর রাতে আত্মীয়স্বজনদের সঙ্গে মেয়ের বিয়ের আনন্দে অংশ নিয়েছিলেন শঙ্করলাল। বিয়ের আগের ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় হঠাৎ তাঁর বুকে তীব্র ব্যথা শুরু হয়। পরিস্থিতি দ্রুত খারাপ হলে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হঠাৎ পরিবারের প্রধান সদস্যকে হারিয়ে বিপাকে পড়ে যান তাঁর দুই ছেলে দিলীপ ও উমেশ। একদিকে বাবার মৃত্যুতে শোক, অন্যদিকে পরদিন বোনের বিয়ে। দুই ভাই আশঙ্কা করেন, বাবার মৃত্যুর খবর শুনলে বোন প্রিয়াঙ্কা মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। তাই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত তাঁকে বিষয়টি না জানানোর সিদ্ধান্ত নেন তাঁরা। পরিবারের সদস্যরা বাবার মরদেহ হাসপাতালের মর্গে রাখেন। অন্যদিকে, মা ও বোনকে জানানো হয়, শঙ্করলাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আপাতত কারও সঙ্গে কথা বলতে পারছেন না। এদিকে বরের পরিবারকে পুরো ঘটনা জানানো হয়। পরে বর ও তাঁর পরিবারের প্রায় ১৫ থেকে ২০ জন সদস্য প্রায় ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কনের গ্রামে পৌঁছান। পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত সময়ের আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন ২১ নভেম্বর ভোররাত প্রায় ৩টার দিকে সাদামাটাভাবে প্রিয়াঙ্কার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর বাবার মৃত্যুর খবর না জেনেই স্বামীর বাড়ির উদ্দেশে বিদায় নেন তিনি। প্রিয়াঙ্কার বিদায়ের পর দুই ভাই তাঁকে বাবার মৃত্যুর খবর জানান। একই দিন শঙ্করলাল মেঘওয়ালের শেষকৃত্য সম্পন্ন করা হয়। একদিকে নতুন জীবনের সূচনা, অন্যদিকে বাবাকে হারানোর শোক, সব মিলিয়ে পরিবারটির জন্য ঘটনাটি হয়ে ওঠে এক গভীর বেদনাদায়ক স্মৃতি। সূত্র: ইন্ডিয়া টুডে 871/এসএ
মহাকাশে প্রথম পাকিস্তানি নভোচারী হিসেবে ইতিহাস গড়েছেন মুহাম্মদ জিশান আলি। তাঁকে স্বাগত জানাতে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে রাখা হয়েছে শতাধিক ধরনের হালাল খাবার। বিশেষ এই খাদ্যতালিকায় রয়েছে গরুর মাংসের নিহারি, ভেড়ার মাংসের কোরমা, ছোলার তরকারি ও বাটার চিকেনের মতো জনপ্রিয় খাবার। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে, প্রথম বিদেশি নভোচারীকে বরণ করে নিতে মহাকাশ স্টেশনে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। জিশানের ধর্মীয় খাদ্যবিধি, ব্যক্তিগত পছন্দ এবং মহাকাশে অবস্থানকালীন পুষ্টির চাহিদা বিবেচনায় তৈরি করা হয়েছে এই বিশেষ মেনু। চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার বিশেষভাবে সাতটি পাকিস্তানি ধাঁচের খাবার প্রস্তুত করেছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। খাবারের উপকরণ নির্বাচন থেকে শুরু করে প্রস্তুত প্রণালি পর্যন্ত হালাল খাদ্যবিধি অনুসরণ করা হয়েছে। জিশানের হলুদ ও কারির মসলার প্রতি পছন্দের বিষয়টিও গুরুত্ব দিয়েছেন গবেষকেরা। কয়েক দফা স্বাদ পরীক্ষার পর চূড়ান্ত করা হয়েছে রান্নার পদ্ধতি। শুরুতে খাদ্যতালিকায় পাকিস্তানি দুধ চা রাখা হলেও চীনে কয়েক মাসের প্রশিক্ষণ শেষে জিশানের খাবারের পছন্দে কিছুটা পরিবর্তন এসেছে। তিনি অতিরিক্ত চীনা কালো চা ও ভাত রাখার অনুরোধ করেছেন বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে তিয়ানগং মহাকাশ স্টেশনে পৌঁছান জিশান। তাঁর সঙ্গে রয়েছেন চীনা কমান্ডার তাং হংবো ও ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ইয়ি। উত্তর-পশ্চিম চীনের জিউচুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে তাঁদের বহনকারী মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। নতুন তিন সদস্য মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর সেখানে অবস্থানরত নভোচারীর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। দুই দলের সদস্যদের একসঙ্গে নিয়ে বিশেষ নৈশভোজের আয়োজন করেছে চীন। ৪০ বছর বয়সী জিশান পাকিস্তানের প্রথম মহাকাশচারী হওয়ার পাশাপাশি চীনের মহাকাশ স্টেশনে প্রবেশকারী প্রথম বিদেশি নভোচারী। মহাকাশে পাঁচ থেকে দশ দিন অবস্থানকালে তিনি বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। এরপর শেনঝৌ-২৩ মহাকাশযানে তাঁর পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে। জিশানের এই মহাকাশযাত্রা চীন ও পাকিস্তানের মহাকাশ গবেষণা সহযোগিতায় নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: সিজিটিএন 871-এসএ
যুক্তরাজ্যে কেনাকাটা করতে গিয়ে বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারতীয় পিএইচডি শিক্ষার্থী কামাক্ষী। তাঁর অভিযোগ, এক অপরিচিত ব্যক্তি হঠাৎ তাঁর শরীরের গন্ধ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অভিজ্ঞতা তুলে ধরার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকমের প্রকাশিত প্রতিবেদনের বিবরণ অনুযায়ী, ইনস্টাগ্রামে এক ভিডিওতে কামাক্ষী জানান, কেনাকাটার সময় এক অপরিচিত ব্যক্তি তাঁকে বলেন, ‘তোমার শরীর থেকে খুব বাজে গন্ধ আসছে।’ আকস্মিক এমন মন্তব্যে মানসিকভাবে আঘাত পান কামাক্ষী। ঘটনার পর সারাদিন অস্বস্তিতে ছিলেন তিনি। এমনকি জনসমক্ষে নিজেকে কীভাবে অন্যদের নজর থেকে আড়াল করে রাখা যায়, সেই চিন্তাও তাঁর মধ্যে তৈরি হয়েছিল। কামাক্ষীর ভাষ্য, যুক্তরাজ্যে বসবাসের সময় দৈনন্দিন জীবনে সূক্ষ্ম বৈষম্যমূলক আচরণের যেসব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, এই ঘটনা তারই একটি উদাহরণ। তাঁর ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সহমর্মিতা প্রকাশ করেছেন। নিজের সাংস্কৃতিক পরিচয় নিয়ে গর্ববোধ করার পাশাপাশি ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জা বজায় রাখার আহ্বান জানিয়েছেন অনেকে। ঘটনাটি বিদেশে বসবাসরত শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং সাংস্কৃতিক পরিচয় নিয়ে তাঁদের সামাজিক অভিজ্ঞতাকে নতুন করে আলোচনায় এনেছে। তবে ঘটনাটি সম্পর্কে কামাক্ষীর বক্তব্যের বাইরে স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা যায়নি। সূত্র: ইন্ডিয়া ডটকম 871/এসএ
চীনের ৯০ শতাংশের বেশি পরিবারের আবাসিক সম্পত্তির মালিকানা রয়েছে। বাড়ির মালিকানার এই হার দেশটিকে বিশ্বের সর্বোচ্চ অবস্থানে থাকা দেশগুলোর একটি করে তুলেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৬ সালের একটি প্রকাশনায় উঠে এসেছে এ তথ্য। সেখানে উল্লেখ করা হয়েছে, চীনের বিপুলসংখ্যক পরিবারের সম্পদের বড় অংশ আবাসিক সম্পত্তির সঙ্গে সম্পর্কিত। তবে এই পরিসংখ্যান ব্যক্তি নয়, পরিবারভিত্তিক। অর্থাৎ একটি বাড়ির মালিকানায় পরিবারের একাধিক সদস্য থাকতে পারেন। আইএমএফের ‘টোয়ার্ড আ নিউ ইকোনমিক গ্রোথ মডেল ফর চায়না’ শীর্ষক প্রকাশনাটি ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হয়। এতে ৯০ শতাংশের বেশি বাড়ির মালিকানার তথ্যের ভিত্তি হিসেবে ২০২০ সালের গবেষক হুয়াং, ই ও ক্লার্কের গবেষণার উল্লেখ রয়েছে। অর্থাৎ এটি আইএমএফের নতুন কোনো জাতীয় জরিপের ফল নয়, বরং আগের গবেষণার তথ্য নতুন প্রকাশনায় তুলে ধরা হয়েছে। গবেষণায় চীনের আবাসন খাতে কয়েক দশকের পরিবর্তন এবং পরিবারের সম্পদের ওপর বাড়ির মালিকানার প্রভাবও আলোচিত হয়েছে। চীনে বাড়ির মালিকানার এই বিস্তারের পেছনে রয়েছে কয়েক দশকের আবাসন সংস্কার। ১৯৮০-এর দশকের শেষ দিকে সরকার আবাসন খাতে ব্যক্তিমালিকানা বাড়ানোর উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় ১৯৯৮ সালের সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মীদের আবাসন সরবরাহের পুরোনো ব্যবস্থা থেকে সরে এসে বাজারভিত্তিক আবাসন ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়। সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অনেক কর্মী তুলনামূলক কম দামে তাঁদের বসবাসের বাড়ি কেনার সুযোগ পান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আগের এক প্রতিবেদনে দেখা যায়, ১৯৮৮ সালে চীনে বাড়ির মালিকানার হার ছিল প্রায় ২০ শতাংশ, যা ২০০৭ সালে বেড়ে ৯০ শতাংশে পৌঁছায়। দ্রুত নগরায়ণ, নতুন আবাসিক ভবন নির্মাণ এবং বাড়ি কেনার সুযোগ সম্প্রসারণ এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করে। শহরগুলোতে কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ বাড়ার সঙ্গে সঙ্গে আবাসনের চাহিদাও বৃদ্ধি পায়। পাশাপাশি অনেক চীনা পরিবারের কাছে বাড়ি শুধু বসবাসের জায়গা নয়, বরং সঞ্চয় ও সম্পদ গড়ে তোলার অন্যতম মাধ্যম হয়ে ওঠে। আইএমএফের বিশ্লেষণেও বলা হয়েছে, দেশটির পরিবারের মোট সম্পদের বড় অংশ আবাসিক সম্পত্তির সঙ্গে যুক্ত। তবে উচ্চ বাড়ির মালিকানার হার মানেই সব চীনা পরিবারের জন্য বাড়ি কেনা সহজ, এমন নয়। বিশেষ করে বেইজিং, সাংহাই ও শেনজেনের মতো বড় শহরে আবাসিক সম্পত্তির দাম অনেক বেশি। নতুন বাড়ি কিনতে বড় অঙ্কের অগ্রিম অর্থ বা ডাউন পেমেন্টের প্রয়োজন হওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের অনেক পরিবারের জন্য তা কঠিন হয়ে পড়ে। ফলে এখনো বহু মানুষ ভাড়া বাসায় থাকেন। আবার কিছু শহুরে পরিবারের একাধিক বাড়ি থাকায় জাতীয় মালিকানার হার বেশি হলেও আবাসনের সুযোগ সবার মধ্যে সমানভাবে বণ্টিত হয়নি। এদিকে বাড়ির মালিকানার হার বেশি থাকলেও চীনের আবাসন বাজার বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে। আইএমএফের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ দেশটির আবাসিক সম্পত্তি বিক্রি ২০২১ সালের সর্বোচ্চ অবস্থানের তুলনায় ৫০ শতাংশের বেশি কমে যায়। একই সময়ে নতুন বাড়ি নির্মাণ শুরুর পরিমাণ কমে যায় প্রায় ৮০ শতাংশ। সম্পত্তির দাম কমা এবং বাজারে দীর্ঘস্থায়ী মন্দার প্রভাবও পরিবারের সম্পদ ও ভোগব্যয়ের ওপর পড়ছে। ফলে বাড়ির মালিকানায় বিশ্বের অন্যতম শীর্ষে থাকলেও আবাসন খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা এখন চীনের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সূত্র: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া। 872 আইজেট
যুক্তরাষ্ট্রে হেলথকেয়ার খাতে ক্যারিয়ার গড়তে চিকিৎসক বা নার্স হওয়াই একমাত্র পথ নয়। হাসপাতাল, ক্লিনিক, জরুরি চিকিৎসাকেন্দ্র ও মেডিকেল অফিসে এমন বেশ কিছু প্রশাসনিক ও কারিগরি পদ রয়েছে, যেখানে দীর্ঘমেয়াদি ডিগ্রি ছাড়াই কাজ শুরু করার সুযোগ পাওয়া যায়। কিছু পদের জন্য হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি এবং চাকরির পর প্রশিক্ষণই যথেষ্ট। আবার কিছু পদের জন্য কয়েক মাসের বিশেষ প্রশিক্ষণ কিংবা পেশাগত সনদ প্রয়োজন হয়। বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রে নতুন এসেছেন, ক্যারিয়ার পরিবর্তন করতে চান অথবা তুলনামূলক কম সময়ে চাকরির বাজারে প্রবেশ করতে চান, তাঁদের জন্য এসব পেশা হতে পারে সম্ভাবনাময় বিকল্প। ১. মেডিকেল রিসেপশনিস্ট বা ফ্রন্ট ডেস্ক হাসপাতাল, ক্লিনিক কিংবা চিকিৎসকের অফিসে রোগীদের অভ্যর্থনা জানানো, অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ, ফোনকল গ্রহণ এবং রোগীর পরিচয় ও স্বাস্থ্যবিমার কার্ড যাচাই করা তাঁদের প্রধান দায়িত্ব। কিছু প্রতিষ্ঠানে রোগীর কাছ থেকে কো-পে সংগ্রহ এবং রোগীর রেকর্ড হালনাগাদ রাখার কাজও করতে হয়। সাধারণত হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি দিয়ে এ পেশায় আবেদন করা যায়। ভালো যোগাযোগ দক্ষতা, কম্পিউটার পরিচালনা এবং গ্রাহকসেবার অভিজ্ঞতা বাড়তি সুবিধা দেয়। অনেক ক্ষেত্রে চাকরিতে যোগ দেওয়ার পরই প্রশিক্ষণ দেওয়া হয়। ১. পেশেন্ট অ্যাকসেস বা রেজিস্ট্রেশন রিপ্রেজেন্টেটিভ হাসপাতালে রোগীর নিবন্ধন, ব্যক্তিগত তথ্য সংগ্রহ, স্বাস্থ্যবিমা যাচাই এবং বিলিংয়ের প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করা এই পদের কাজ। হাসপাতালের জরুরি বিভাগ, জরুরি চিকিৎসাকেন্দ্র ও অন্যান্য বিভাগে তাঁদের প্রয়োজন হয়। এটি তুলনামূলকভাবে প্রবেশপর্যায়ের একটি পেশা। তবে প্রতিষ্ঠানভেদে পূর্ব অভিজ্ঞতা বা বিশেষ প্রশিক্ষণ চাওয়া হতে পারে। এ ক্ষেত্রে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হেলথকেয়ার অ্যাকসেস ম্যানেজমেন্টের (ন্যাহাম) সিএইচএএ সনদ পেশাগত দক্ষতার স্বীকৃতি দিতে পারে। ১. মেডিকেল বিলিং স্পেশালিস্ট রোগীর চিকিৎসাসেবা শেষে সংশ্লিষ্ট স্বাস্থ্যবিমা কোম্পানির কাছে বিল বা ক্লেইম পাঠানো, পেমেন্টের হিসাব রাখা এবং কোনো ক্লেইম বাতিল বা প্রত্যাখ্যাত হলে তার কারণ খুঁজে প্রয়োজনীয় সংশোধন করা এই পেশার প্রধান কাজ। এ ক্ষেত্রে আমেরিকান একাডেমি অব প্রফেশনাল কোডারসের (এএপিসি) সিপিবি অথবা ন্যাশনাল হেলথকেয়ার অ্যাসোসিয়েশনের (এনএইচএ) সিবিসিএস সনদ নেওয়ার সুযোগ রয়েছে। প্রশিক্ষণের মেয়াদ প্রতিষ্ঠান ও কোর্সের ধরন অনুযায়ী ভিন্ন হয়। উদাহরণ হিসেবে এএপিসির নিজস্ব স্বনির্ধারিত প্রশিক্ষণ কোর্স গড়ে চার মাস বা তার কম সময়ে শেষ করা যায় বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। ১. মেডিকেল কোডার চিকিৎসকের নোট, রোগীর চিকিৎসার বিবরণ ও বিভিন্ন পরীক্ষার তথ্য বিশ্লেষণ করে নির্দিষ্ট মেডিকেল কোড নির্ধারণ করেন মেডিকেল কোডাররা। এ কাজে আইসিডি-১০-সিএম, সিপিটি ও এইচসিপিসিএস কোড ব্যবহার করা হয়। কোডে ভুল থাকলে স্বাস্থ্যবিমার ক্লেইমে সমস্যা তৈরি হতে পারে। এএপিসির সিপিসি এবং আমেরিকান হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের (এএইচআইএমএ) সিসিএ ও সিসিএস পরিচিত পেশাগত সনদ। তবে সিসিএ নতুনদের জন্য উপযোগী হলেও সিসিএস সাধারণত অভিজ্ঞ কোডারদের জন্য বেশি উপযুক্ত। প্রশিক্ষণ ও প্রস্তুতির সময় শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতার ওপর নির্ভর করে। ১. মেডিকেল রেকর্ডস বা হেলথ ইনফরমেশন ক্লার্ক রোগীদের ইলেকট্রনিক হেলথ রেকর্ড সংরক্ষণ, তথ্য হালনাগাদ, প্রয়োজনীয় নথি খুঁজে বের করা এবং অনুমোদিত ব্যক্তির কাছে রেকর্ড সরবরাহ করা এই পদের দায়িত্ব। রোগীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং স্বাস্থ্যতথ্য সুরক্ষাসংক্রান্ত নিয়ম মেনে চলাও গুরুত্বপূর্ণ। কিছু পদে হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি দিয়ে প্রবেশের সুযোগ রয়েছে। তবে বিশেষায়িত কাজে উচ্চমাধ্যমিক-পরবর্তী সনদ বা অ্যাসোসিয়েট ডিগ্রি প্রয়োজন হতে পারে। এএইচআইএমএর আরএইচআইটি সনদ পেতে সিএএইচআইআইএম-স্বীকৃত হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিগ্রি পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হয়। ১. হেলথ ইউনিট কো-অর্ডিনেটর হাসপাতালের নির্দিষ্ট ইউনিটে নার্সদের স্টেশনে কাজ করেন হেলথ ইউনিট কো-অর্ডিনেটররা। চিকিৎসকদের নির্দেশনাসংক্রান্ত তথ্য নথিভুক্ত করা, পরীক্ষার সময়সূচি সমন্বয়, ফোনকল গ্রহণ এবং রোগীর কাগজপত্র ব্যবস্থাপনা তাঁদের কাজের অংশ। হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি দিয়ে এ পেশার জন্য প্রস্তুতি নেওয়া যায়। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হেলথ ইউনিট কো-অর্ডিনেটরসের (নাহুক) সিএইচইউসি সনদও রয়েছে। তবে পরীক্ষায় অংশ নিতে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা, প্রশিক্ষণ অথবা একই ধরনের দায়িত্ব পালনের যোগ্যতা প্রয়োজন। ১. স্টেরাইল প্রসেসিং টেকনিশিয়ান অস্ত্রোপচারে ব্যবহৃত যন্ত্রপাতি পরিষ্কার, জীবাণুমুক্ত, পরীক্ষা ও প্যাকেজিং করার দায়িত্ব পালন করেন এই টেকনিশিয়ানরা। হাসপাতাল ও সার্জারি সেন্টারে রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে হেলথকেয়ার স্টেরাইল প্রসেসিং অ্যাসোসিয়েশনের (এইচএসপিএ) সিআরসিএসটি এবং সিবিএসপিডির সিএসপিডিটি সনদ পরিচিত। বিশেষ করে সিআরসিএসটি পেতে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ৪০০ ঘণ্টার হাতে-কলমে কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। পরীক্ষা দেওয়ার আগে অথবা উত্তীর্ণ হওয়ার পর ছয় মাসের মধ্যে এই অভিজ্ঞতা সম্পন্ন করা যায়। ক্যারিয়ারে সামনে এগোনোর সুযোগ এসব পেশায় অভিজ্ঞতা অর্জনের পর দায়িত্ব ও দক্ষতা অনুযায়ী উচ্চতর পদে যাওয়ার সুযোগ রয়েছে। ফ্রন্ট ডেস্ক থেকে অফিস ব্যবস্থাপনা, পেশেন্ট অ্যাকসেস থেকে হাসপাতাল প্রশাসন, মেডিকেল বিলিং থেকে রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট এবং মেডিকেল কোডিং থেকে অডিটিং ও কমপ্লায়েন্সের মতো ক্ষেত্রে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। একইভাবে মেডিকেল রেকর্ডস থেকে আরএইচআইটি সনদ অর্জনের মাধ্যমে হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্টে এগোনো যায়। স্টেরাইল প্রসেসিং থেকে সার্জিক্যাল টেকনোলজি কিংবা নার্সিংয়ে যেতে চাইলে অবশ্য আলাদা শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও লাইসেন্সের প্রয়োজন হবে। শুরু করার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হেলথকেয়ারে প্রবেশের জন্য সবাইকে নার্সিং বা মেডিকেল স্কুলে পড়তে হয় না। নন-ক্লিনিক্যাল ও সহায়ক পেশাগুলোও ক্যারিয়ার শুরুর বাস্তব সুযোগ তৈরি করতে পারে। তবে সব পদে একই যোগ্যতা বা প্রশিক্ষণ প্রয়োজন হয় না। কোনো কোনো পদে পেশাগত সনদ ঐচ্ছিক, আবার কোনো নিয়োগদাতা সেটিকে অগ্রাধিকার দিতে পারেন। কোর্সে ভর্তি হওয়ার আগে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের নিয়ম, নিয়োগদাতার যোগ্যতা, সনদের শর্ত এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি যাচাই করা জরুরি। শুধু দ্রুত সনদ পাওয়ার প্রতিশ্রুতি দেখে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া উচিত নয়। প্রশিক্ষণের খরচ, পরীক্ষার ফি এবং চাকরির বাস্তব সুযোগ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। সূত্র: যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো 871/এসএ
ওমরাহ পালনের পর স্বপ্নে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে দেখার অভিজ্ঞতা তাঁর জীবন বদলে দিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক অভিনেত্রী জারনিশ খান। ওই অভিজ্ঞতার পর অভিনয় ও বিনোদনজগৎ ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপনের সিদ্ধান্ত নেন তিনি। এক সাক্ষাৎকারে নিজের এই পরিবর্তনের পেছনের ঘটনা তুলে ধরেন পাকিস্তানি টেলিভিশনের পরিচিত এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, স্বপ্নে পাওয়া অভিজ্ঞতা তাঁকে নিজের জীবন ও অতীতের কর্মকাণ্ড নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে সৌদি আরব যান জারনিশ। কাবা শরিফ প্রথমবার দেখার অনুভূতি বর্ণনা করতে গিয়ে তিনি জানান, সেখানে পৌঁছে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। চারপাশে মানুষকে ইবাদত ও কান্নার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেখে নিজের অবস্থান নিয়েও ভাবতে শুরু করেন তিনি। তাঁর মনে হয়েছিল, আল্লাহর ঘরের সামনে দাঁড়ানোর যোগ্যতা তাঁর নেই। কীভাবে আল্লাহর কাছে নিজের কথা তুলে ধরবেন, তা নিয়েও দ্বিধায় ছিলেন বলে জানান এই অভিনেত্রী। জারনিশের বর্ণনা অনুযায়ী, ওমরাহ থেকে ফিরে এক রাতে তিনি মেরাজের ঘটনা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন। ওই সময় স্বপ্নে মহানবী (সা.)-কে দেখেন বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, স্বপ্নে দীর্ঘ সময় কথা হয়েছিল এবং তাঁকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলা হয়েছিল। তাঁকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহ সবাইকে ক্ষমা করেন। ঘুম থেকে জেগে কয়েক ঘণ্টা কেঁদেছিলেন বলেও সাক্ষাৎকারে জানান জারনিশ। তাঁর কাছে বিষয়টি ছিল জীবনের এক গভীর আত্মিক উপলব্ধি। এই অভিজ্ঞতার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পুরোনো ছবি ও ভিডিও দেখতে গিয়ে অস্বস্তি বোধ করেন বলে জানান তিনি। অতীতের কাজ ও জীবনযাপন নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। একপর্যায়ে অভিনয়জগৎ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর ভাষ্য, সিদ্ধান্ত নিতে দেরি করলে বিনোদনজগতের চাকচিক্য ও নানা আকর্ষণ তাঁকে আবারও আগের জীবনে ফিরিয়ে নিতে পারত। তাই ভবিষ্যতে কী করবেন, তা নিয়ে বেশি চিন্তা না করে আল্লাহর ওপর ভরসা রেখেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন। পাকিস্তানি টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন জারনিশ খান। ‘সুন ইয়ারা’, ‘ইশক জাহে নসিব’ ও ‘আইতেবার’-এর মতো নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। কর্মজীবনের সাফল্যের মধ্যেই ২০২৩ সালে অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও নিজের পুরোনো বিনোদনজগতের ছবি ও ভিডিও সরিয়ে ফেলেন এবং ধর্মীয় বিষয়বস্তু প্রকাশে মনোযোগী হন। ২০২৫ সালের মার্চে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ও ভিডিও ব্যবহার না করার জন্য বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের প্রতি অনুরোধ জানান জারনিশ। তিনি জানান, বর্তমানে পর্দা মেনে চলেন এবং আগের ছবিগুলো আর প্রচার করতে চান না। তাঁর এই অনুরোধের মধ্য দিয়ে অভিনয়জীবন থেকে সরে এসে ব্যক্তিগত ও ধর্মীয় জীবনকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্তটিও আবার আলোচনায় আসে। জারনিশের এই অভিজ্ঞতার কথা প্রথম প্রকাশ্যে আসে ২০২৪ সালের অক্টোবরে ইউটিউব অনুষ্ঠান ‘আনফোল্ড উইথ অ্যাবি’-তে দেওয়া সাক্ষাৎকারের একটি অংশ ছড়িয়ে পড়ার পর। পরে পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তবে স্বপ্নের বিষয়টি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও বিশ্বাসের বর্ণনা। এ অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি মূলত নিজের জীবন পরিবর্তনের সিদ্ধান্তের পেছনের কারণ তুলে ধরেছেন। সূত্র: ডায়ালগ পাকিস্তান, সিয়াসাত ডটকম, বোল নিউজ। 872 আইজেট
মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মানুষের মুখে বিড়ালের চোখ ও অন্যান্য বৈশিষ্ট্য দেখতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের ২৮ বছর বয়সী এক তরুণ। শুধু মানুষের মুখেই নয়, কখনো নিজের পোষা বিড়ালের মুখেও পরিচিত মানুষের চোখ ও মুখের বৈশিষ্ট্য দেখতে পান তিনি। চিকিৎসাবিজ্ঞানে বিরল এই অভিজ্ঞতার কথা উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের গবেষকদের প্রকাশিত এক প্রতিবেদনে। গবেষকদের মতে, মস্তিষ্কের যে অংশ মুখের বৈশিষ্ট্য শনাক্ত ও বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অস্ত্রোপচারের পর সেই অংশের কার্যক্রমে পরিবর্তনের সঙ্গে এই অভিজ্ঞতার সম্পর্ক থাকতে পারে। গবেষণায় ওই তরুণের নাম প্রকাশ না করে তাঁকে ‘কার্ল’ নামে উল্লেখ করা হয়েছে। তাঁর মস্তিষ্কের ডান পাশের পেছনের টেম্পোরাল লোব বা কানের পাশের অংশে অস্ত্রোপচার করা হয়েছিল। সেখানে ধমনি ও শিরার অস্বাভাবিক জট পাকানো সংযোগ বা আর্টেরিওভেনাস ম্যালফরমেশন (এভিএম) ছিল। এ ধরনের রক্তনালির অস্বাভাবিক সংযোগ থেকে মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি তৈরি হতে পারে। চিকিৎসার জন্য অস্ত্রোপচারের সময় ওই অংশের কিছু টিস্যু অপসারণ করা হয়। এরপর থেকেই তাঁর মুখ দেখার অভিজ্ঞতায় অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়। কার্লের একটি ধূসর রঙের পোষা বিড়াল রয়েছে, নাম লুনা। সকালে ঘুম থেকে উঠে প্রথমে যদি তিনি বিড়ালটিকে দেখেন, তাহলে দিনের পরবর্তী সময়ে মানুষের মুখে বিড়ালের চোখের আকৃতি, বড় মণি কিংবা শরীরের ডোরাকাটা নকশার মতো বৈশিষ্ট্য দেখতে পান। আবার সকালে প্রথমে কোনো পরিচিত মানুষের মুখ দেখলে সেই ব্যক্তির চোখের আকৃতি ও মণির বৈশিষ্ট্য অন্য মানুষের মুখে এমনকি নিজের বিড়ালের মুখেও দেখতে পারেন। কখনো একজন মানুষের মুখের বৈশিষ্ট্য অন্য মানুষের মুখেও স্থানান্তরিত হচ্ছে বলে মনে হয় তাঁর। গবেষকদের ভাষ্য অনুযায়ী, এই অস্বাভাবিক অভিজ্ঞতা প্রায় দুই বছর ধরে চলছে। কখনো কয়েক ঘণ্টা, আবার কখনো পুরো দিনই এমন দৃষ্টিবিভ্রম স্থায়ী হয়। বিষয়টি নিয়ে গবেষণাকারী ডার্টমাউথ কলেজের অধ্যাপক ব্র্যাড ডুশেইন বলেন, মানুষের মস্তিষ্ক পরিচিত মুখের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত স্মৃতি সংরক্ষণ করে। কার্লের ক্ষেত্রে আগে দেখা মুখের সেই বৈশিষ্ট্যগুলো আবার সক্রিয় হয়ে ওঠে এবং তিনি যে মুখের দিকে তাকান, তার সঙ্গে মিশে যায়। ফলে মানুষ কিংবা বিড়ালের মুখেও অন্য কোনো পরিচিত মুখের বৈশিষ্ট্য দেখতে পান তিনি। চিকিৎসাবিজ্ঞানে এ ধরনের সমস্যাকে প্রোসোপোমেটামরফোপসিয়া বা পিএমও বলা হয়। এটি মুখের চেহারা ও বৈশিষ্ট্য বিকৃতভাবে দেখার একটি বিরল স্নায়ুবৈকল্য। আক্রান্ত ব্যক্তির কাছে মুখের চোখ, নাক কিংবা মুখের অন্যান্য অংশ অস্বাভাবিকভাবে বড়, ছোট, বাঁকা বা স্থানচ্যুত মনে হতে পারে। ত্বকের রং ও গঠনেও পরিবর্তন দেখা যেতে পারে। কার্লের ক্ষেত্রে বিশেষত্ব হলো, শুধু মুখের আকৃতি বিকৃত হচ্ছে না, বরং একটি মুখের বৈশিষ্ট্য অন্য মুখে স্থানান্তরিত হচ্ছে। গবেষকদের মতে, এ ধরনের সমস্যা সাধারণত মুখ শনাক্তকরণ ও বিশ্লেষণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশে আঘাত বা কার্যগত পরিবর্তনের পর দেখা দিতে পারে। স্ট্রোক, মস্তিষ্কের টিউমার, মৃগীরোগ, মাথায় আঘাত কিংবা অস্ত্রোপচারের পরও এমন সমস্যা তৈরি হতে পারে। তবে অনেক ক্ষেত্রে নির্দিষ্ট কারণ শনাক্ত করা সম্ভব হয় না। পিএমওর জন্য এখন পর্যন্ত প্রতিষ্ঠিত কোনো নির্দিষ্ট চিকিৎসাপদ্ধতি নেই। তবে এর পেছনে অন্য কোনো রোগ বা শারীরিক সমস্যা থাকলে সেটির চিকিৎসায় দৃষ্টিবিভ্রম কমতে পারে। কার্লের এই ঘটনা ১৯৮৬ সালে প্রকাশিত আরেকটি বিরল চিকিৎসা গবেষণার কথাও মনে করিয়ে দিয়েছে। ওই ঘটনায় স্ট্রোকে আক্রান্ত এক নারী বাসে বসে একটি যাত্রীর কোলে থাকা পুডল কুকুর দেখার পর অন্য যাত্রীদের মুখেও কুকুরটির বৈশিষ্ট্য দেখতে শুরু করেন। তাঁর ক্ষেত্রে এই অভিজ্ঞতা প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়েছিল। তবে কার্লের ক্ষেত্রে সমস্যাটি অনেক দীর্ঘস্থায়ী এবং মানুষ ও প্রাণীর মুখের বৈশিষ্ট্য দুই দিকেই স্থানান্তরিত হচ্ছে। গবেষণাটি ‘কোরটেক্স’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ব্র্যাড ডুশেইন ও তাঁর সহকর্মীরা কার্লের অভিজ্ঞতা আরও ভালোভাবে বোঝার জন্য তাঁর সঙ্গে কাজ করেছেন। এমনকি তিনি ঠিক কীভাবে মানুষের ও বিড়ালের মুখের বৈশিষ্ট্য পরিবর্তিত দেখতে পান, তা বোঝাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কিছু নমুনা ছবিও তৈরি করা হয়েছে। গবেষকদের আশা, এ ধরনের বিরল ঘটনা বিশ্লেষণের মাধ্যমে মানুষের মস্তিষ্ক কীভাবে মুখ চিনতে পারে এবং স্মৃতি কীভাবে দৃষ্টির অভিজ্ঞতাকে প্রভাবিত করে, সে সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সূত্র: ডার্টমাউথ কলেজ, কোরটেক্স সাময়িকী। 872 আইজেট
রাশিয়ার ভোলগোগ্রাদ শহরে একটি মসজিদের সামনে পবিত্র কোরআনের একটি কপি পুড়িয়ে ভিডিও ধারণের ঘটনায় নিকিতা ঝুরাভেল নামের এক তরুণকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি চেচনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনির একটি আদালত তাঁকে ধর্মবিশ্বাসীদের অনুভূতিতে আঘাত এবং ধর্মীয় বিদ্বেষ থেকে সংঘটিত বিশৃঙ্খল আচরণের অভিযোগে দোষী সাব্যস্ত করেন। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ৩০০ ঘণ্টা সামাজিক সেবামূলক কাজের সাজাও দেওয়া হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি ঘটে ২০২৩ সালের মে মাসে। তখন ১৯ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঝুরাভেল রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ভোলগোগ্রাদে একটি মসজিদের বাইরে কোরআনের একটি কপি পোড়ানোর ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ২০ মে তাঁকে আটক করে রুশ কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে ধর্মীয় বিশ্বাসীদের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে প্রকাশ্যে অসম্মানজনক কর্মকাণ্ড এবং ধর্মীয় বিদ্বেষপ্রসূত বিশৃঙ্খলার অভিযোগ আনা হয়। মামলাটির বিচার নিয়ে রাশিয়ায় বিতর্ক তৈরি হয়েছিল। ঘটনাটি ভোলগোগ্রাদে ঘটলেও পরে ঝুরাভেলের বিচার চেচনিয়ার গ্রোজনিতে স্থানান্তর করা হয়। রুশ তদন্তকারীদের দাবি ছিল, চেচনিয়ার বহু বাসিন্দা মামলায় ক্ষতিগ্রস্ত পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার আবেদন করেছিলেন। তবে মানবাধিকারকর্মীরা বিচারিক এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের মতে, ঘটনাস্থল থেকে দূরের একটি অঞ্চলে বিচার স্থানান্তরের সিদ্ধান্ত যথাযথ ছিল কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে। আটক অবস্থায় ঝুরাভেলের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও সামনে এসেছিল। ২০২৩ সালের আগস্টে চেচনিয়ার নেতা রমজান কাদিরভের ছেলে আদাম কাদিরভ তাঁকে আটককেন্দ্রে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে রমজান কাদিরভ নিজেই ছেলের ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন এবং তাঁর কর্মকাণ্ডের প্রশংসা করেন। বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার জন্ম দেয়। মানবাধিকার সংগঠনগুলো আটক ব্যক্তির নিরাপত্তা ও আইনগত অধিকার নিয়েও উদ্বেগ জানায়। তবে কোরআন পোড়ানোর মামলায় পাওয়া সাড়ে তিন বছরের সাজাই ঝুরাভেলের শেষ সাজা নয়। ২০২৪ সালের নভেম্বরে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার কাছে রুশ সামরিক সরঞ্জাম পরিবহনের ভিডিও ও সামরিক স্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য পাঠানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের আরেকটি মামলা হয়। ২৫ নভেম্বর ২০২৪ ভোলগোগ্রাদ অঞ্চলের আদালত তাঁকে রাষ্ট্রদ্রোহের দায়ে আরও ১৩ বছর ছয় মাসের কারাদণ্ড দেন। আগের সাজাসহ তাঁর মোট কারাদণ্ড দাঁড়ায় ১৪ বছর। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে রুশ কর্তৃপক্ষের আনা তথ্যই মামলার ভিত্তি ছিল। ২০২৬ সালের মার্চে কারাগার পরিবর্তনের সময় ঝুরাভেলের অবস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়। তাঁর আইনজীবী ও পরিবারের সদস্যরা কয়েক মাস যোগাযোগ করতে পারছিলেন না বলে অভিযোগ করেন। তবে ৩১ মার্চ রাশিয়ার মানবাধিকার পরিষদের সদস্য ইভা মেরকাচেভা জানান, ঝুরাভেল উলিয়ানভস্ক অঞ্চলের একটি কারাগারে রয়েছেন এবং মাকে পাঠানো চিঠিতে নিজেকে সুস্থ বলে জানিয়েছেন। রাশিয়ার কারা কর্তৃপক্ষও তাঁর নিখোঁজ হওয়ার খবর অস্বীকার করে জানায়, তিনি কারাগারে সাজা ভোগ করছেন। সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 872 আইজেট
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরের একটি আবাসিক এলাকায় অস্বাভাবিক চেহারার লোমহীন প্রাণীর দেখা মিলেছে। চার পায়ে হাঁটা প্রাণীটির শরীরে প্রায় কোনো লোম ছিল না, ত্বকজুড়ে ছিল ভাঁজ ও দাগ। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাণীটির পরিচয় নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়। পরে স্থানীয় প্রাণী সুরক্ষা সংস্থা জানিয়েছে, এটি খোসপাঁচড়ায় আক্রান্ত একটি র্যাকুন। প্রাণীটিকে উদ্ধারের চেষ্টা চলছে। গত ২১ নভেম্বর সান ডিয়েগোর মিশন হিলস এলাকায় হাঁটার সময় ড্যান ফুলকারসন নামের এক ব্যক্তি প্রাণীটিকে দেখতে পান। সেটি একটি বাড়ির গাড়ি প্রবেশের পথে দিয়ে চলার সময় ভিডিও করেন তিনি। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করে প্রাণীটির পরিচয় জানতে চান। ফুলকারসন জানান, প্রাণীটি দেখতে বিড়াল বা কুকুরের মতো নয়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং দুই লাখ নয়, দুই মিলিয়নেরও বেশি বার দেখা হয়। ভিডিও প্রকাশের পর দর্শকদের মধ্যে প্রাণীটির পরিচয় নিয়ে নানা আলোচনা শুরু হয়। কেউ ধারণা করেন, এটি লোমহীন কুকুরের একটি বিশেষ জাত জোলোইটজকুইন্টলি। অন্যদের মতে, এটি খোসপাঁচড়ায় আক্রান্ত কোনো কোয়োট বা বন্য কুকুরজাতীয় প্রাণী হতে পারে। তবে অনেকেই এটিকে র্যাকুন বলে শনাক্ত করার সম্ভাবনা তুলে ধরেন। বন্য প্রাণী পুনর্বাসনের সঙ্গে যুক্ত কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীও জানান, প্রাণীটি খোসপাঁচড়ায় আক্রান্ত র্যাকুন হতে পারে। বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় সংবাদমাধ্যম কেএনএক্স নিউজ সান ডিয়েগো হিউম্যান সোসাইটির সঙ্গে যোগাযোগ করে। সংস্থাটি জানায়, ভিডিওতে দেখা প্রাণীটি খোসপাঁচড়ায় আক্রান্ত একটি র্যাকুন। তবে সেটিকে এখনো উদ্ধার করা যায়নি। প্রাণীটির অবস্থান শনাক্তে খোঁজ চলছে। ভিডিও ধারণকারী ফুলকারসনও জানিয়েছেন, প্রাণীটিকে দেখার পর তিনি স্থানীয় প্রাণী নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে খবর দিয়েছেন। খোসপাঁচড়া এক ধরনের চর্মরোগ, যা অতি ক্ষুদ্র পরজীবী মাইটের সংক্রমণে হয়। এই রোগে আক্রান্ত প্রাণীর শরীর থেকে লোম ঝরে যেতে পারে, ত্বকে তীব্র চুলকানি দেখা দেয় এবং চামড়ায় ক্ষত ও শক্ত আবরণ তৈরি হতে পারে। কুকুর-বিড়ালের পাশাপাশি র্যাকুন, শিয়াল, কোয়োট ও অন্যান্য বন্য প্রাণীর মধ্যেও এ রোগ ছড়াতে পারে। গুরুতর অবস্থায় আক্রান্ত প্রাণী দুর্বল হয়ে পড়ে এবং চিকিৎসা না পেলে মারা যাওয়ার ঝুঁকিও থাকে। প্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এ ধরনের অসুস্থ বন্য প্রাণী দেখলে সেটিকে ধরার বা কাছে যাওয়ার চেষ্টা করা উচিত নয়। এতে মানুষ ও পোষা প্রাণীর সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। বরং স্থানীয় প্রাণী নিয়ন্ত্রণ বিভাগ বা বন্য প্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়া প্রয়োজন। সান ডিয়েগো হিউম্যান সোসাইটিও প্রাণীটির সন্ধান পেলে তাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে। সূত্র: দ্য সান, কেএনএক্স নিউজ, সান ডিয়েগো হিউম্যান সোসাইটি। 872 আইজেট
যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার পেছনে গাড়িতে শিশুদের নিরাপত্তার জন্য ব্যবহৃত বিশেষ আসন বা কার সিটের বাড়তি ঝামেলাকেও দায়ী করেছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলার। তাঁর দাবি, গাড়িতে একাধিক শিশুর জন্য নিরাপত্তা আসন বসানো, জায়গার সংকট এবং ভ্রমণের সময় এসব আসন ব্যবস্থাপনার জটিলতা মাতৃত্বকে কঠিন করে তুলছে। এ কারণে অনেক পরিবার বেশি সন্তান নেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে। তবে তাঁর এই বক্তব্যের পক্ষে কোনো গবেষণাভিত্তিক পরিসংখ্যান উপস্থাপন করা হয়নি। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কেটি মিলার লেখেন, জন্মহার কমানোর সবচেয়ে দ্রুত উপায় হলো গাড়িতে আরও বেশি শিশু নিরাপত্তা আসন বাধ্যতামূলক করা। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আগামী বছরের জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া নতুন আইন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তাঁর ভাষ্য, গাড়ির আসনের প্রস্থ, সিট বেল্টের সংযোগব্যবস্থা এবং ভ্রমণের সময় শিশুদের আসন ব্যবস্থাপনা মায়েদের জন্য বাড়তি জটিলতা তৈরি করে। সন্তান নেওয়ার সংখ্যা নির্ধারণেও এসব বিষয় ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি। ক্যালিফোর্নিয়ার নতুন আইন অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে আট থেকে ১৬ বছর বয়সী শিশুদের সাধারণ সিট বেল্ট ব্যবহারের ক্ষেত্রে পাঁচ ধাপের একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় শিশুকে গাড়ির আসনে পিঠ সোজা করে বসতে হবে, হাঁটু আসনের কিনারা পর্যন্ত ভাঁজ করতে হবে এবং কাঁধের বেল্ট বুকের মাঝ বরাবর সঠিকভাবে বসতে হবে। একই সঙ্গে কোমরের বেল্ট উরুর ওপর নিচু অবস্থানে থাকতে হবে এবং পুরো যাত্রায় এভাবে বসে থাকার সক্ষমতা থাকতে হবে। এসব শর্ত পূরণ না হলে উপযুক্ত শিশু নিরাপত্তা আসন বা বুস্টার সিট ব্যবহার করতে হবে। তবে আইনটির উদ্দেশ্য শিশুদের সড়ক নিরাপত্তা নিশ্চিত করা। কেটি মিলার নিজেও চার সন্তানের মা। তিনি দীর্ঘদিন ধরে নারীদের, বিশেষ করে রক্ষণশীল রাজনৈতিক মতাদর্শের নারীদের, তুলনামূলক কম বয়সে বিয়ে ও সন্তান নেওয়ার বিষয়ে উৎসাহ দিয়ে আসছেন। গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেক পোস্টে তিনি মন্তব্য করেছিলেন, অনেক নারী কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে ছুটতে গিয়ে সন্তান নেওয়ার উপযুক্ত সময় পার করে ফেলছেন। তাঁর মতে, সমাজে বেশি শিশুর উপস্থিতি বাড়লে অন্য পরিবারও সন্তান নিতে উৎসাহিত হবে। যুক্তরাষ্ট্রে জন্মহার কমার বিষয়টি অবশ্য কয়েক বছর ধরেই আলোচনায় রয়েছে। দেশটির রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ৩৬ লাখ ১২ হাজার ১২টি শিশুর জন্ম হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ১ শতাংশেরও কম। অন্যদিকে, এনপিআরের জনসংখ্যাবিষয়ক প্রতিবেদক ব্রায়ান মান পিবিএস নিউজআওয়ারকে জানিয়েছেন, সন্তান নেওয়ার সিদ্ধান্তে বাড়ির উচ্চমূল্য, আবাসন ব্যয়, শিশু পরিচর্যার ক্রমবর্ধমান খরচ এবং সামাজিক পরিবর্তনের বড় ভূমিকা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে অনেক নারী উচ্চশিক্ষা গ্রহণ, কর্মজীবন গড়ে তোলা এবং আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। ফলে মাতৃত্বের বয়সও আগের তুলনায় বাড়ছে। কেটি মিলার গাড়ির শিশু নিরাপত্তা আসনকে জন্মহার কমার একটি কারণ হিসেবে দেখলেও যুক্তরাষ্ট্রের জন্মহারের সামগ্রিক প্রবণতা ব্যাখ্যা করতে আবাসন, অর্থনীতি, শিশু পরিচর্যার ব্যয় ও সামাজিক পরিবর্তনের মতো বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। 872 আইজেট
চাঁদের মাটির মতো পরিবেশ তৈরি করে সেখানে আলু উৎপাদনে সফল হয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। তাঁদের পরীক্ষায় দেখা গেছে, চাঁদের পৃষ্ঠের অনুরূপ উপাদানের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ জৈব সার মেশালে আলুগাছের স্বাভাবিক বৃদ্ধি ও ফলন সম্ভব। ভবিষ্যতে চাঁদে দীর্ঘমেয়াদি মানববসতি গড়ে উঠলে নভোচারীদের জন্য সেখানেই খাবার উৎপাদনের পথ তৈরি হতে পারে। এতে পৃথিবী থেকে নিয়মিত খাবার পাঠানোর ব্যয় ও নির্ভরশীলতা কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা নাসার অর্থায়নে এই গবেষণা পরিচালনা করেন। ১৯ নভেম্বর ২০২৬ বিজ্ঞান সাময়িকী ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’তে প্রকাশিত গবেষণায় চাঁদের মাটির অনুকরণে তৈরি পাঁচ ধরনের উপাদানে আলু চাষের পরীক্ষা চালানো হয়। চাঁদের পৃষ্ঠের আলগা পাথর ও ধুলার স্তরকে বলা হয় রেগোলিথ। পৃথিবীর উর্বর মাটির মতো এতে প্রয়োজনীয় জৈব পদার্থ ও পুষ্টি উপাদান থাকে না। ফলে সেখানে সরাসরি ফসল উৎপাদন করা কঠিন। এই সমস্যা কাটাতে গবেষকেরা কেঁচোর সাহায্যে জৈব বর্জ্য পচিয়ে তৈরি বিশেষ সার ব্যবহার করেন। পরীক্ষার একটি পর্যায়ে চাঁদের মাটির অনুকরণে তৈরি উপাদানের সঙ্গে ৫, ১৫ ও ৩০ শতাংশ হারে এই সার মেশানো হয়। দেখা যায়, সার ছাড়া আলুগাছের বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয়। শিকড় দুর্বল থাকে এবং আলুর ফলনও কমে যায়। ৫ থেকে ১৫ শতাংশ সার মেশালে কিছুটা উন্নতি হলেও ৩০ শতাংশ সার ব্যবহারের ক্ষেত্রে ফলাফল ছিল উল্লেখযোগ্য। ওই মিশ্রণে উৎপাদিত আলুর বৃদ্ধি ও ফলন ওরেগনের সাধারণ মাটিতে উৎপাদিত আলুর কাছাকাছি পৌঁছায়। গবেষণায় আলুর পুষ্টিগুণও পরীক্ষা করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, চাঁদের মাটির অনুকরণে তৈরি উপাদানে উৎপাদিত আলুর পুষ্টিগত বৈশিষ্ট্যে বড় ধরনের পরিবর্তন হয়নি। পাশাপাশি প্রাকৃতিকভাবে আলুতে থাকা গ্লাইকোঅ্যালকালয়েড নামের সম্ভাব্য বিষাক্ত উপাদানের পরিমাণেও উল্লেখযোগ্য বৃদ্ধি পাওয়া যায়নি। তবে কয়েকটি নমুনায় তামা, দস্তা ও অ্যালুমিনিয়ামের মতো ভারী ধাতুর উপস্থিতি বেড়েছে। তাই ভবিষ্যতে মহাকাশে উৎপাদিত এসব খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে আরও পরীক্ষা প্রয়োজন। গবেষকেরা আলুকে বেছে নিয়েছেন এর পুষ্টিমান ও খাদ্যশক্তির কারণে। তুলনামূলক কম জায়গায় আলু উৎপাদন করা যায় এবং এটি দীর্ঘ মহাকাশ অভিযানে নভোচারীদের প্রয়োজনীয় ক্যালরি সরবরাহ করতে পারে। গবেষক ডেভিড হ্যান্ডি জানিয়েছেন, ভবিষ্যতে নভোচারীরা পৃথিবী থেকে অল্প পরিমাণ জৈব সার নিয়ে যেতে পারেন। পরে খাবারের উচ্ছিষ্ট ও উদ্ভিদের বর্জ্য পুনর্ব্যবহার করে নতুন সার তৈরি করা সম্ভব হতে পারে। এতে পৃথিবী থেকে বিপুল পরিমাণ চাষের উপকরণ নিয়ে যাওয়ার প্রয়োজন কমবে। তবে এখনই চাঁদের আসল মাটিতে আলু চাষ সম্ভব হয়েছে, এমন দাবি করছেন না বিজ্ঞানীরা। পুরো পরীক্ষাটি পৃথিবীর নিয়ন্ত্রিত পরিবেশে এবং কৃত্রিমভাবে তৈরি চন্দ্র-মাটির উপাদান ব্যবহার করে পরিচালিত হয়েছে। চাঁদের কম মাধ্যাকর্ষণ, মহাজাগতিক বিকিরণ, তাপমাত্রা ও আলোর ভিন্নতা উদ্ভিদের বৃদ্ধিতে কী প্রভাব ফেলবে, তা এখনো অজানা। গবেষকেরা পরবর্তী পর্যায়ে ১০ ধরনের আলুর জাত পরীক্ষা করে চাঁদের মতো পরিবেশে কোনটি ভালো জন্মায়, তা খুঁজে দেখবেন। গবেষক আয়মেরিক গোয়েরের ধারণা, ২০৪০ সালের দিকে চাঁদে ছোট পরিসরে পরীক্ষামূলক খাদ্য উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে। তবে নভোচারীদের নিয়মিত খাবার হিসেবে চাঁদে উৎপাদিত আলু পেতে আরও সময় লাগবে। সূত্র: ওরেগন স্টেট ইউনিভার্সিটি 872 আইজেট
যুক্তরাষ্ট্রে নিজের বাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে চান, কিন্তু আয়ের বড় অংশ বন্ধকী ঋণের কিস্তিতে ব্যয় করতে চান না, এমন ক্রেতাদের জন্য সাশ্রয়ী আবাসনের পাঁচটি অঙ্গরাজ্যের তালিকা প্রকাশ করা হয়েছে। রিয়েলটর ডটকমের ২০২৬ সালের আবাসন ব্যয় ও নতুন বাড়ি নির্মাণবিষয়ক প্রতিবেদনে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ইন্ডিয়ানা। অঙ্গরাজ্যটিতে একটি মধ্যম দামের বাড়ি কিনতে পরিবারের মধ্যম আয়ের ২৮ দশমিক ৩ শতাংশ প্রয়োজন হয়, যা প্রচলিত ৩০ শতাংশের সাশ্রয়ী সীমার নিচে। রিয়েলটর ডটকমের ১৫ জুন প্রকাশিত ‘২০২৬ অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড হোমবিল্ডিং রিপোর্ট কার্ডস’ শীর্ষক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসির আবাসন পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে। বাড়ির দাম, পরিবারের আয়, নতুন বাড়ি নির্মাণের পরিমাণ এবং নির্মিত নতুন বাড়ির তুলনায় পুরোনো বাড়ির দামের পার্থক্য বিবেচনায় নিয়ে এই মূল্যায়ন করা হয়। সামগ্রিক ফলাফলে ইন্ডিয়ানা ৭৬ দশমিক ৩ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে। অঙ্গরাজ্যটির মধ্যম বাড়ির তালিকামূল্য ২ লাখ ৯৫ হাজার ৮১০ ডলার এবং মধ্যম পারিবারিক আয় ৭১ হাজার ৪৬৯ ডলার। গত বছরের তালিকায় চতুর্থ অবস্থানে ছিল অঙ্গরাজ্যটি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইওয়া। সেখানে মধ্যম দামের বাড়ি কিনতে পরিবারের আয়ের মাত্র ২৫ দশমিক ৪ শতাংশ প্রয়োজন হয়, যা পুরো দেশের মধ্যে সর্বনিম্ন। অঙ্গরাজ্যটির মধ্যম বাড়ির দাম ২ লাখ ৮২ হাজার ৮৮৬ ডলার। সামগ্রিক মূল্যায়নে আইওয়া পেয়েছে ৭৫ দশমিক ৮ পয়েন্ট। তবে সেখানে নতুন নির্মিত বাড়ির দাম পুরোনো বাড়ির তুলনায় ৫৬ শতাংশ বেশি, যা তুলনামূলক কম দামের নতুন বাড়ি খুঁজছেন এমন ক্রেতাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। তৃতীয় অবস্থানে রয়েছে সাউথ ক্যারোলাইনা। ৭৫ দশমিক ২ পয়েন্ট পাওয়া এই অঙ্গরাজ্যে মধ্যম দামের বাড়ি কিনতে পরিবারের আয়ের ৩৬ দশমিক ৭ শতাংশ প্রয়োজন হয়। তবে নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা। সেখানে নতুন নির্মিত বাড়ির দাম বিদ্যমান বাড়ির তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কম। চতুর্থ স্থানে থাকা টেক্সাস পেয়েছে ৭১ পয়েন্ট। দেশটির মোট বাড়ি নির্মাণের অনুমতিপত্রের ১৪ দশমিক ৬ শতাংশই এই অঙ্গরাজ্যের। তবে মধ্যম দামের বাড়ি কিনতে পরিবারের আয়ের ৩২ দশমিক ৫ শতাংশ প্রয়োজন হয়, যা সাশ্রয়ী সীমার চেয়ে বেশি। পঞ্চম স্থানে রয়েছে নর্থ ক্যারোলাইনা। অঙ্গরাজ্যটির প্রাপ্ত নম্বর ৬৮ দশমিক ৬। সেখানে মধ্যম দামের বাড়ির মূল্য ৪ লাখ ১৩ হাজার ৪৪ ডলার এবং তা কিনতে পরিবারের মধ্যম আয়ের ৩৯ দশমিক ৪ শতাংশ প্রয়োজন হয়। তবে নতুন নির্মিত বাড়ির দাম বিদ্যমান বাড়ির তুলনায় ১ দশমিক ৫ শতাংশ কম। ফলে নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে অঙ্গরাজ্যটি তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ি কেনার ক্ষেত্রে আয়ের ৩০ শতাংশের বেশি ব্যয় না করার প্রচলিত মানদণ্ড পূরণ করতে পেরেছে যুক্তরাষ্ট্রের মাত্র ১১টি অঙ্গরাজ্য। এসব অঙ্গরাজ্যের প্রায় সবগুলোই দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলে অবস্থিত। বিপরীতে নিউইয়র্ক রয়েছে তালিকার একেবারে নিচে। ১০০ নম্বরের মধ্যে মাত্র ৮ দশমিক ৫ পয়েন্ট পাওয়া অঙ্গরাজ্যটিতে মধ্যম দামের বাড়ির মূল্য ৬ লাখ ৬৮ হাজার ১৭৩ ডলার। এমন বাড়ি কিনতে পরিবারের মধ্যম আয়ের ৫৫ দশমিক ২ শতাংশ প্রয়োজন হয়। পাশাপাশি চাহিদার তুলনায় সেখানে নতুন বাড়ি নির্মাণের গতিও অনেক কম। রিয়েলটর ডটকমের অর্থনৈতিক গবেষণা বিভাগের মতে, যেসব অঙ্গরাজ্যে জমির প্রাপ্যতা তুলনামূলক বেশি, নির্মাণসংক্রান্ত বিধিনিষেধ কম এবং নতুন বাড়ি তৈরির কার্যক্রম শক্তিশালী, সেসব জায়গায় আবাসন ব্যয় নিয়ন্ত্রণে রাখা সহজ হচ্ছে। ফলে বাড়ি কেনার সামর্থ্য ও নতুন বাড়ি নির্মাণের মধ্যে ভারসাম্য রাখতে পারা অঙ্গরাজ্যগুলোই এবারের মূল্যায়নে এগিয়ে রয়েছে। সূত্র: রিয়েলটর ডটকমের ২০২৬ সালের অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড হোমবিল্ডিং রিপোর্ট কার্ডস। 872 আইজেট
সন্তানের ভরণপোষণের অর্থ বকেয়া থাকলে এবার আরও বেশি মার্কিন নাগরিকের পাসপোর্ট বাতিলের মুখে পড়তে হবে। আগামী ৩০ নভেম্বর থেকে নতুন ধাপে ১০ হাজার ডলার বা তার বেশি ভরণপোষণ বকেয়া থাকা অভিভাবকদের বিরুদ্ধে পাসপোর্ট বাতিলের ব্যবস্থা সম্প্রসারণ করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নতুন এই পদক্ষেপের ফলে দেশটির যেসব নাগরিকের আদালত নির্ধারিত সন্তান ভরণপোষণের অর্থ দীর্ঘদিন ধরে অপরিশোধিত রয়েছে, তাঁদের আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ সীমিত হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রায় তিন দশক পুরোনো একটি ফেডারেল আইনের আওতায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৯৯৬ সালে প্রণীত পার্সোনাল রেসপনসিবিলিটি অ্যান্ড ওয়ার্ক অপরচুনিটি রিকনসিলিয়েশন অ্যাক্টের মাধ্যমে সন্তান ভরণপোষণের অর্থ পরিশোধে বাধ্য করতে পাসপোর্ট আটকে দেওয়া বা বাতিলের বিধান চালু হয়। পরে ২০০৫ সালে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে বকেয়ার সীমা কমিয়ে ২ হাজার ৫০০ ডলার করা হয়। তবে দীর্ঘদিন এই আইন মূলত নতুন পাসপোর্টের আবেদন বা নবায়নের ক্ষেত্রে প্রয়োগ করা হতো। ২০২৬ সালের মে মাস থেকে বিদ্যমান পাসপোর্টও সক্রিয়ভাবে বাতিলের উদ্যোগ জোরদার করে ট্রাম্প প্রশাসন। এ বছরের ৮ মে প্রথম ধাপে ১ লাখ ডলারের বেশি ভরণপোষণ বকেয়া থাকা ব্যক্তিদের পাসপোর্ট বাতিল শুরু হয়। এরপর পর্যায়ক্রমে এই সীমা কমানো হয়। জুনে ৭৫ হাজার ও ৫০ হাজার ডলারের বকেয়া, জুলাইয়ে ৪০ হাজার ডলার, আগস্টে ২৫ হাজার ডলার এবং অক্টোবরে ১৫ হাজার ডলারের বকেয়া থাকা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়। এবার সপ্তম ধাপে ৩০ নভেম্বর থেকে ১০ হাজার ডলারের সীমায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অ্যাসোসিয়েটেড প্রেসের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রথম পর্যায়েই প্রায় ২ হাজার ৭০০ পাসপোর্টধারী এই ব্যবস্থার আওতায় পড়েছিলেন। এই প্রক্রিয়ায় অঙ্গরাজ্যগুলোর শিশু ভরণপোষণ আদায়কারী সংস্থাগুলো প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিদের বকেয়া অর্থের তথ্য সংগ্রহ করে। পরে সেই তথ্য যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা দপ্তরের অধীন শিশু ভরণপোষণ প্রয়োগকারী কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে তথ্য পৌঁছায় পররাষ্ট্র দপ্তরে। এরপর সংশ্লিষ্ট ব্যক্তির বিদ্যমান পাসপোর্ট বাতিল করা কিংবা নতুন পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যানের ব্যবস্থা নেওয়া হয়। একাধিক অঙ্গরাজ্যে ভরণপোষণের অর্থ বকেয়া থাকলেও সম্মিলিত বকেয়ার পরিমাণ নির্ধারিত সীমায় পৌঁছালে সংশ্লিষ্ট ব্যক্তি এই ব্যবস্থার আওতায় আসতে পারেন। পাসপোর্ট বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি আন্তর্জাতিক ভ্রমণের জন্য সেটি আর ব্যবহার করতে পারবেন না। এমনকি বকেয়া অর্থ পরিশোধ করলেও পুরোনো পাসপোর্টের বৈধতা স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রথমে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের শিশু ভরণপোষণ আদায়কারী সংস্থার কাছে বকেয়া পরিশোধ করতে হবে। এরপর অঙ্গরাজ্য কর্তৃপক্ষ স্বাস্থ্য ও মানবসেবা দপ্তরকে অর্থ পরিশোধের তথ্য জানাবে। যাচাই শেষে ওই দপ্তর সংশ্লিষ্ট ব্যক্তির নাম বকেয়ার তালিকা থেকে সরানোর তথ্য পররাষ্ট্র দপ্তরে পাঠাবে। এই যাচাই প্রক্রিয়ায় কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে। বিদেশে অবস্থানরত কোনো মার্কিন নাগরিকের পাসপোর্ট বাতিল হলেও তাঁর দেশে ফেরার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে বকেয়া অর্থ পরিশোধের পাশাপাশি নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে হবে। স্বাস্থ্য ও মানবসেবা দপ্তর অর্থ পরিশোধের বিষয়টি নিশ্চিত করার আগপর্যন্ত তাঁকে কেবল যুক্তরাষ্ট্রে সরাসরি ফিরে যাওয়ার জন্য সীমিত মেয়াদের পাসপোর্ট দেওয়া হতে পারে। বাতিল হওয়া পুরোনো পাসপোর্ট দিয়ে অন্য কোনো দেশে যাতায়াতের সুযোগ থাকবে না। তবে এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে যাতায়াত বন্ধ করে না। কারণ, দেশের অভ্যন্তরীণ ভ্রমণের জন্য সাধারণত পাসপোর্ট প্রয়োজন হয় না। মূলত আন্তর্জাতিক ভ্রমণ নিয়ন্ত্রণ এবং সন্তান ভরণপোষণের বকেয়া অর্থ আদায় নিশ্চিত করাই এই কর্মসূচির উদ্দেশ্য। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২ হাজার ৫০০ ডলারের বেশি বকেয়া থাকলে নতুন পাসপোর্ট ইস্যু আটকে দেওয়া বা বিদ্যমান পাসপোর্ট বাতিল করার আইনি ক্ষমতা তাদের রয়েছে। ফলে ৩০ নভেম্বরের নতুন ধাপ কার্যকর হলেও মূল আইনি সীমা অপরিবর্তিত থাকছে। সূত্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), মিনেসোটা ডিপার্টমেন্ট অব চিলড্রেন, ইয়ুথ অ্যান্ড ফ্যামিলিজ। 872 আইজেট
চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি এমন একটি নতুন প্রযুক্তির গাড়ি বাজারে এনেছে, যেখানে গাড়ি পার্ক করার পর মাত্র ১০ সেকেন্ডে স্টিয়ারিং হুইল বা নিয়ন্ত্রণচক্র ড্যাশবোর্ডের ভেতরে অদৃশ্য হয়ে যাবে। এতে চালকের সামনের অংশে তৈরি হবে বাড়তি জায়গা। সেখানে বসে বিশ্রাম নেওয়া, আসন হেলিয়ে ঘুমানো কিংবা ছোট টেবিল খুলে কাজ করার সুবিধাও থাকছে। প্রযুক্তিটি যুক্ত করা হয়েছে প্রতিষ্ঠানটির নতুন ছয় আসনের প্লাগ-ইন হাইব্রিড এসইউভি ‘তাই ৯’-এ। গত ১৯ নভেম্বর চীনে গাড়িটি বাজারে আনে বিওয়াইডির সহযোগী ব্র্যান্ড ফাং চেং বাও। গাড়িটির সবচেয়ে দামি সংস্করণ ‘ফোল্ডেবল স্মার্ট কেবিন’-এ রয়েছে এই ভাঁজ হয়ে ড্যাশবোর্ডের ভেতরে ঢুকে যাওয়ার স্টিয়ারিং ব্যবস্থা। চালকের আসনের সামনে থাকা স্টিয়ারিংটি সর্বোচ্চ ১৮০ ডিগ্রি ঘুরে বিশেষ একটি জায়গায় ঢুকে যায়। এরপর ড্যাশবোর্ডের একটি প্যানেল বন্ধ হয়ে যায় এবং সেখানে ছোট একটি টেবিল ব্যবহারের সুযোগ তৈরি হয়। প্রযুক্তিটির বিশেষত্ব হলো, এটি প্রচলিত যান্ত্রিক স্টিয়ারিং ব্যবস্থার পরিবর্তে ইলেকট্রনিক সংকেতনির্ভর প্রযুক্তিতে কাজ করে। সাধারণ গাড়িতে স্টিয়ারিংয়ের সঙ্গে সামনের চাকার যান্ত্রিক সংযোগ থাকে। কিন্তু তাই ৯-এ চালক স্টিয়ারিং ঘোরালে সেন্সর সেই নির্দেশ বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে চাকার নিয়ন্ত্রণব্যবস্থায় পাঠায়। ফলে স্টিয়ারিংয়ের সঙ্গে সামনের চাকার সরাসরি যান্ত্রিক সংযোগের প্রয়োজন হয় না। এই প্রযুক্তির কারণেই স্টিয়ারিংটি ভাঁজ করে ড্যাশবোর্ডের ভেতরে রাখা সম্ভব হয়েছে। তবে গাড়ি চলার সময় স্টিয়ারিং গুটিয়ে ফেলার কোনো সুযোগ নেই। গাড়ি সম্পূর্ণ থামিয়ে পার্কিং অবস্থায় রাখলেই কেবল এটি ভাঁজ করা যাবে। আবার গাড়ি চালানোর আগে স্টিয়ারিংকে আগের অবস্থানে ফিরিয়ে যথাযথভাবে স্থাপন করতে হবে। স্টিয়ারিং সরিয়ে নেওয়ার পর চালকের আসন সর্বোচ্চ ১৬৫ ডিগ্রি পর্যন্ত হেলিয়ে দেওয়া যায়। ফলে গাড়ি চার্জ দেওয়া কিংবা অপেক্ষার সময় চালক নিজের আসনেই অনেকটা শুয়ে বিশ্রাম নিতে পারবেন। চীনে গাড়িটির তিনটি সংস্করণ বাজারে এসেছে। প্রাথমিক সংস্করণের দাম ২ লাখ ৭৯ হাজার ৯০০ ইউয়ান, যা প্রায় ৪১ হাজার ৭০০ মার্কিন ডলার। মাঝের সংস্করণের দাম ২ লাখ ৯৯ হাজার ৯০০ ইউয়ান। আর স্টিয়ারিং ভাঁজ করে রাখার সুবিধাসহ সর্বোচ্চ সংস্করণটির দাম ৩ লাখ ২৯ হাজার ৯০০ ইউয়ান বা প্রায় ৪৯ হাজার মার্কিন ডলার। অর্থাৎ, বিশেষ এই প্রযুক্তি পেতে ক্রেতাদের সবচেয়ে দামি সংস্করণটি কিনতে হবে। বিওয়াইডির দাবি, গণউৎপাদিত গাড়িতে এভাবে ড্যাশবোর্ডের ভেতরে স্টিয়ারিং গুটিয়ে রাখার প্রযুক্তি প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে। গাড়ি নির্মাতারা দীর্ঘদিন ধরে ধারণাগত নকশায় এমন প্রযুক্তি দেখালেও এবার তা বাজারে বিক্রির উপযোগী গাড়িতে যুক্ত হয়েছে। তবে আপাতত প্রযুক্তিটির মূল উদ্দেশ্য গাড়ি চালানোর সময় স্বয়ংক্রিয়ভাবে স্টিয়ারিং সরিয়ে নেওয়া নয়, বরং গাড়ি পার্ক করা অবস্থায় যাত্রীদের জন্য আরও আরামদায়ক ও ব্যবহারযোগ্য জায়গা তৈরি করা। সূত্র: বিওয়াইডির ফাং চেং বাওর আনুষ্ঠানিক ওয়েবসাইট, ইলেকট্রেক ও সিএনইভিপোস্ট। 872 আইজেট
ক্যানসারে আক্রান্ত অসুস্থ মায়ের কষ্ট লাঘব করতে রান্নাঘরে পা রেখেছিলেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ১৮ বছর বয়সী তরুণ জোয়ি চার্নি। বিশাল পরিবারের সদস্যদের জন্য নিয়মিত রান্না করার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে রাতারাতি লাখো মানুষের ভালোবাসা কুড়িয়েছেন তিনি। তবে গত আগস্টে মা জেনিফারকে হারানোর পর এবারই প্রথম মাকে ছাড়া থ্যাংকসগিভিং উৎসবের ভোজ রান্নার মুখোমুখি হয়েছেন এই তরুণ রন্ধনশিল্পী। মার্কিন সাময়িকী নিউজউইকে দেওয়া এক সাক্ষাৎকারে জোয়ি তার রান্নার প্রস্তুতি ও মাকে হারানোর গভীর অনুভূতির কথা তুলে ধরেছেন। জর্জিয়ার মার্টিনেজ শহরের বাসিন্দা জেনিফার দীর্ঘ এক দশক ধরে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। আট সন্তানের জননী জেনিফার অসুস্থতার কারণে একসময় পরিবারের সবার জন্য রান্না করার শক্তি হারিয়ে ফেলেন। মায়ের কাঁধ থেকে সেই দায়িত্ব কিছুটা কমিয়ে নিতেই রান্নার হাল ধরেন জোয়ি, যা পরবর্তীতে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ২০২৬ সালের ৭ আগস্ট মাত্র ৫৩ বছর বয়সে পরিবারের সদস্যদের সামনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন জেনিফার। মায়ের অনুপ্রেরণায় শুরু করা রান্নার ভিডিওগুলো টিকটক ও ইনস্টাগ্রামে শেয়ার করতে শুরু করলে অল্প সময়ের মধ্যেই তা ব্যাপক জনপ্রিয়তা পায়। জেনিফার জীবিত থাকতেই জোয়ির টিকটক অনুসারীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গিয়েছিল, যা দেখে তিনি অত্যন্ত বিস্মিত ও গর্বিত হয়েছিলেন। বর্তমানে টিকটকে জোয়ির অনুসারী ১৫ লাখ এবং ইনস্টাগ্রামে ১০ লাখের বেশি, আর তার তৈরি হ্যামবার্গারের একটি ভিডিও দেখা হয়েছে প্রায় তিন কোটি ৪০ লাখ বার। জোয়ি জানান, মায়ের অসুস্থতা আর উৎসাহ না থাকলে তিনি কখনোই রান্নাঘরে পা রাখতেন না এবং আজকের এই অবস্থানে পৌঁছাতে পারতেন না। গত বছরের থ্যাংকসগিভিং উৎসবে ভোরবেলা ঘুম থেকে উঠে একা হাতে পুরো পরিবারের জন্য রান্না করতে গিয়ে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে, খাবার টেবিলে বসে নিজেই আর খেতে পারেননি জোয়ি। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ২৬ নভেম্বরের থ্যাংকসগিভিং ভোজের জন্য আগেভাগেই নিখুঁত পরিকল্পনা সাজান তিনি এবং রান্নায় দাদি ও ভাইবোনদের সাহায্য নেন। বাবা, সাত ভাইবোন, ভাবি, দাদা-দাদি, চাচা ও চাচাতো ভাইবোনদের জন্য তার আয়োজনে ছিল কর্নব্রেড দিয়ে তৈরি টার্কি, ম্যাশড পটেটো, গ্রেভি, রোলস, গ্রিন বিনস, ভুট্টা ও ডেভিলড এগ। খাবারের তালিকায় বিশেষ স্থান জুড়ে ছিল তার মায়ের প্রিয় ডেজার্ট হ্যালো ডলি বারস, যা নারকেল, চকলেট ও পেকান বাদাম দিয়ে তৈরি এক ধরনের কুকি বার। জোয়ি বলেন, মা বহু বছর আগে একটি সাময়িকী থেকে এই রেসিপিটি খুঁজে পেয়েছিলেন এবং এটি ছাড়া তাদের থ্যাংকসগিভিং বা বড়দিনের উৎসব অসম্পূর্ণ থেকে যায়। মাকে হারানোর শোক প্রসঙ্গে এই তরুণ জানান, শোক কখনো নির্দিষ্ট নিয়ম মেনে চলে না, তাই মায়ের শারীরিক অনুপস্থিতির চেয়ে সবার মাঝে মায়ের তৈরি করা ভালোবাসার বন্ধনকেই তিনি বড় করে দেখতে চান। জোয়ির রান্নার ভিডিওর নিচে এমন অসংখ্য অনুসারী মন্তব্য করেন, যারা নিজেরাও প্রিয়জন হারানোর বেদনা বা কঠিন সময় পার করছেন। মায়ের মৃত্যুর পর নিজের স্বাভাবিক আচরণ নিয়ে সমালোচনার জবাবে জোয়ি জানিয়েছিলেন, প্রত্যেকের শোক প্রকাশের ধরন আলাদা এবং শোক পালনের কোনো নির্দিষ্ট সঠিক নিয়ম নেই। ভবিষ্যতে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অথবা নিউইয়র্কের দ্য কালিনারি ইনস্টিটিউট অব আমেরিকায় রন্ধনশিল্প নিয়ে পড়াশোনা করে নিজের একটি রেস্তোরাঁ খোলার স্বপ্ন দেখছেন এই তরুণ। সূত্র: নিউজউইক 872 আইজেট
যুক্তরাজ্যে ব্রিটিশ নাগরিকত্ব কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে যাঁদের ‘লাইফ ইন দ্য ইউকে’ পরীক্ষা দিতে হয়, তাঁদের প্রস্তুতির পাঠ্যবইয়ে রয়েছে ইসলাম ধর্মের দুটি প্রধান উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহার পরিচিতি। দেশটির স্বরাষ্ট্র দপ্তরের প্রকাশিত ‘লাইফ ইন দ্য ইউনাইটেড কিংডম: আ গাইড ফর নিউ রেসিডেন্টস’ বইয়ে যুক্তরাজ্যের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি মুসলিমদের এসব উৎসবের তাৎপর্যও তুলে ধরা হয়েছে। বইটির ‘কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশনস’ বা রীতিনীতি ও ঐতিহ্য অধ্যায়ে ঈদুল ফিতরকে পবিত্র রমজান মাসের সমাপ্তির উৎসব হিসেবে বর্ণনা করা হয়েছে। এক মাস রোজা পালনের পর মুসলিমরা এই উৎসব উদ্যাপন করেন। এ সময় বিশেষ জামাতে নামাজ আদায় এবং পারিবারিক ও সামাজিকভাবে খাবারের আয়োজন করা হয়। ইসলামি চান্দ্রবর্ষ অনুসরণ করায় প্রতিবছর ভিন্ন ভিন্ন তারিখে ঈদুল ফিতর পালিত হয়। একই অধ্যায়ে ঈদুল আজহার ধর্মীয় তাৎপর্যও ব্যাখ্যা করা হয়েছে। এই উৎসব হজরত ইব্রাহিম (আ.)-এর আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্য এবং তাঁর ছেলেকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার ঘটনার স্মরণে পালিত হয়। মুসলিমদের কাছে এটি ত্যাগ, বিশ্বাস ও স্রষ্টার প্রতি আনুগত্যের প্রতীক। বইটিতে ঈদুল ফিতর ও ঈদুল আজহার পাশাপাশি অন্যান্য ধর্মীয় উৎসবের পরিচিতিও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাঠ্যবইটিতে খ্রিষ্টানদের বড়দিন ও ইস্টার, হিন্দু ও শিখ সম্প্রদায়ের দীপাবলি, ইহুদিদের হানুক্কাহ এবং শিখদের বৈশাখী উৎসব সম্পর্কেও তথ্য রয়েছে। অর্থাৎ, পরীক্ষার প্রস্তুতিতে শুধু একটি ধর্মের উৎসব নয়, বরং যুক্তরাজ্যের বহুধর্মীয় সমাজ ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে ধারণা রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। যুক্তরাজ্যের সরকারি নির্দেশিকা অনুযায়ী, ‘লাইফ ইন দ্য ইউকে’ পরীক্ষায় ৪৫ মিনিটে ২৪টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হয়। পাস করতে কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর পেতে হয়। অর্থাৎ, ২৪টি প্রশ্নের মধ্যে অন্তত ১৮টির সঠিক উত্তর দিতে হবে। প্রশ্নগুলো পুরো সরকারি নির্দেশিকাভিত্তিক হওয়ায় প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্নপত্র এক রকম হয় না। ফলে কোনো নির্দিষ্ট পরীক্ষায় ঈদ সম্পর্কে প্রশ্ন আসবেই, এমন নিশ্চয়তা নেই। তবে বিষয়টি পরীক্ষার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতিতে বিভিন্ন ধর্মের উৎসব অন্তর্ভুক্ত করার বিষয়টি যুক্তরাজ্যের বহুসাংস্কৃতিক সমাজের পরিচয়ও তুলে ধরে। দেশটির নাগরিক জীবনের মৌলিক মূল্যবোধের মধ্যে ভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষের প্রতি সহনশীলতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাই এসব উৎসব সম্পর্কে জানার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস গ্রহণ করা নয়, বরং দেশটির সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনধারা সম্পর্কে প্রয়োজনীয় ধারণা অর্জন করা। সূত্র: যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট (GOV.UK), হোম অফিসের ‘Life in the United Kingdom: A Guide for New Residents’ হ্যান্ডবুক। 872 আইজেট
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে প্রসবপূর্ব স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফেরার পথে পুলিশের গাড়ি চালিয়ে পালিয়ে গেছেন এক অন্তঃসত্ত্বা নারী আসামি। বুধবার সকালে অঙ্গরাজ্যটির আলবুকার্ক এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পলাতক ওই নারীর নাম রেবেকা টেইলর (২৬)। তিনি চুরি ও সিঁধেল চুরির একাধিক মামলায় কারাবন্দী ছিলেন। নিউ মেক্সিকো কারা কর্তৃপক্ষের তথ্যমতে, বুধবার সকালে রেবেকা ও অপর এক অন্তঃসত্ত্বা নারী আসামিকে প্রসবপূর্ব চিকিৎসা শেষে কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে আলবুকার্ক এলাকায় কারারক্ষীদের দলটি খাবার কেনার জন্য গাড়ি থামালে সেই সুযোগে 'ডজ জার্নি' মডেলের ওই পুলিশি গাড়িটির নিয়ন্ত্রণ নেন রেবেকা এবং দ্রুতগতিতে গাড়িটি চালিয়ে পালিয়ে যান। এ সময় গাড়িতে থাকা অপর নারী আসামি কোনোমতে গাড়ি থেকে নেমে যেতে সক্ষম হন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি এবং রেবেকার পরনে থাকা কারাগারের পোশাক (জাম্পস্যুট) উদ্ধার করা সম্ভব হলেও তিনি এখনো পলাতক রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রেবেকা বর্তমানে গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে (সেকেন্ড ট্রাইমেস্টার) রয়েছেন। কারা বিভাগের মুখপাত্র ব্রিটানি রোমবাচ জানান, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে পরিবহনের সময় তার হাতে কোনো হাতকড়া বা শেকল পরানো ছিল না। ঘটনাটি ঘটার সময় একজন কর্মকর্তা গাড়িটির কাছেই ছিলেন, তবে তিনি গাড়ির ভেতরে ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে। রেবেকার পলায়নের পরপরই নিউ মেক্সিকোর সব কারাগারে জরুরি লকডাউন জারি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ৬টায় অন্যান্য কারাগার থেকে লকডাউন তুলে নেওয়া হলেও রেবেকা যে কারাগারে (ওয়েস্টার্ন নিউ মেক্সিকো কারেকশনস ফ্যাসিলিটি) বন্দী ছিলেন, সেখানে এখনো সীমিত চলাচল ব্যবস্থা জারি রয়েছে এবং দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। পলাতক রেবেকাকে ধরতে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। সাধারণ জনগণকে কোথাও রেবেকা টেইলরের দেখা পেলে তার কাছে না গিয়ে দ্রুত পুলিশকে খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সূত্র: বিবিসি।