সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

আন্তর্জাতিক

সাইবার হামলার শিকার এএফপি, সাময়িকভাবে বন্ধ করা হলো ‘এএফপি ফোরাম’ প্ল্যাটফর্ম। ছবি: সংগৃহীত
সাইবার হামলার শিকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি, বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম

সাইবার হামলার শিকার হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)। হামলার পর নিরাপত্তার স্বার্থে সংবাদ, ছবি ও ভিডিও সরবরাহের প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ফ্রান্সের প্যারিসভিত্তিক সংস্থাটি।   বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্যারিসের স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই সাইবার হামলা শুরু হয়। এএফপির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অভ্যন্তরীণ ইমেইলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।   সংস্থাটি জানিয়েছে, অননুমোদিত প্রবেশের বিষয়টি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের প্রযুক্তি বিভাগ হামলা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এএফপি ফোরাম বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্ল্যাটফর্মটি বন্ধ থাকবে।   বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম এএফপি ফোরাম ব্যবহার করে সংস্থাটির সংবাদ, ছবি ও ভিডিও সংগ্রহ করে থাকে। প্ল্যাটফর্মটি বন্ধ থাকায় গ্রাহকদের কনটেন্ট সরবরাহ অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।   বাইরের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তায় হামলার ঘটনা তদন্ত করছে এএফপি। তবে হামলার পেছনে কারা জড়িত, কী ধরনের তথ্যের ক্ষতি হয়েছে কিংবা গ্রাহকদের কোনো তথ্য ফাঁস হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।   সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানিকে লক্ষ্য করে একাধিক সাইবার হামলার ঘটনা ঘটেছে। ফ্রান্সের সাইবার নিরাপত্তা সংস্থার প্রধান ভিনসেন্ট স্ট্রুবেল বৃহস্পতিবার জানিয়েছেন, দেশটি নজিরবিহীন মাত্রার সাইবার নিরাপত্তা হুমকির মুখোমুখি হচ্ছে। এসব হামলা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন তিনি।   এএফপির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ২১০টি ব্যুরোতে ১৩৫টি দেশের ১ হাজার ৮৪০ জন সাংবাদিক কাজ করছেন। ছয়টি ভাষায় সংবাদ সরবরাহ করে সংস্থাটি। প্রতিদিন গড়ে ২ হাজার ৩০০টি লিখিত সংবাদ, ৩ হাজার ছবি এবং ৩০০টি ভিডিও তৈরি করে এএফপি।   এএফপি ফোরাম কবে আবার চালু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি সংস্থাটির কর্তৃপক্ষ।   সূত্র: এএফপি   871 এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১:০
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনেকে বাবার মৃত্যুর খবর দিলেন দুই ভাই, রাজস্থানের উদয়পুরে শোকের ছায়া। ছবি: সংগৃহীত
মেয়ের বিয়েতে নাচতে নাচতেই বাবার মৃত্যু! বোনের বিয়ে ও বিদায় সম্পন্ন না হওয়া পর্যন্ত গোপন রাখলেন ২ ভাই

মেয়ের বিয়ের আনন্দঘন মুহূর্তেই বাবার মৃত্যু। কিন্তু বিয়ের অনুষ্ঠান সম্পন্ন না হওয়া পর্যন্ত সেই খবর জানানো হয়নি কনেকে। বাবার মৃত্যুর খবর গোপন রেখে বোনের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন দুই ভাই। ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর জেলায় ঘটে যাওয়া এ ঘটনা এলাকায় শোকের পাশাপাশি আলোচনার জন্ম দিয়েছে।   ঘটনাটি ঘটে উদয়পুর জেলার ঋষভদেব মহকুমার পাটিয়ার (ভূধর) গ্রামে। নিহত বাবার নাম শঙ্করলাল মেঘওয়াল। বয়স ৫১ বছর। তিনি আহমেদাবাদের একটি বেসরকারি প্রতিষ্ঠানে গাড়িচালক হিসেবে কাজ করতেন। তাঁর মেয়ে প্রিয়াঙ্কার বিয়ের আয়োজন চলছিল ২১ নভেম্বর।   ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ২০ নভেম্বর রাতে আত্মীয়স্বজনদের সঙ্গে মেয়ের বিয়ের আনন্দে অংশ নিয়েছিলেন শঙ্করলাল। বিয়ের আগের ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় হঠাৎ তাঁর বুকে তীব্র ব্যথা শুরু হয়। পরিস্থিতি দ্রুত খারাপ হলে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।   হঠাৎ পরিবারের প্রধান সদস্যকে হারিয়ে বিপাকে পড়ে যান তাঁর দুই ছেলে দিলীপ ও উমেশ। একদিকে বাবার মৃত্যুতে শোক, অন্যদিকে পরদিন বোনের বিয়ে। দুই ভাই আশঙ্কা করেন, বাবার মৃত্যুর খবর শুনলে বোন প্রিয়াঙ্কা মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। তাই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত তাঁকে বিষয়টি না জানানোর সিদ্ধান্ত নেন তাঁরা।   পরিবারের সদস্যরা বাবার মরদেহ হাসপাতালের মর্গে রাখেন। অন্যদিকে, মা ও বোনকে জানানো হয়, শঙ্করলাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আপাতত কারও সঙ্গে কথা বলতে পারছেন না।   এদিকে বরের পরিবারকে পুরো ঘটনা জানানো হয়। পরে বর ও তাঁর পরিবারের প্রায় ১৫ থেকে ২০ জন সদস্য প্রায় ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কনের গ্রামে পৌঁছান। পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত সময়ের আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।   পরদিন ২১ নভেম্বর ভোররাত প্রায় ৩টার দিকে সাদামাটাভাবে প্রিয়াঙ্কার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর বাবার মৃত্যুর খবর না জেনেই স্বামীর বাড়ির উদ্দেশে বিদায় নেন তিনি।   প্রিয়াঙ্কার বিদায়ের পর দুই ভাই তাঁকে বাবার মৃত্যুর খবর জানান। একই দিন শঙ্করলাল মেঘওয়ালের শেষকৃত্য সম্পন্ন করা হয়।   একদিকে নতুন জীবনের সূচনা, অন্যদিকে বাবাকে হারানোর শোক, সব মিলিয়ে পরিবারটির জন্য ঘটনাটি হয়ে ওঠে এক গভীর বেদনাদায়ক স্মৃতি।   সূত্র: ইন্ডিয়া টুডে   871/এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১:৭
মহাকাশে প্রথম পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলিকে স্বাগত জানাতে তিয়ানগং স্টেশনে শতাধিক হালাল খাবার। ছবি: সংগৃহীত
ইতিহাস গড়া জিশানের জন্য মহাকাশে ১০০ হালাল খাবার রাখল চীন

মহাকাশে প্রথম পাকিস্তানি নভোচারী হিসেবে ইতিহাস গড়েছেন মুহাম্মদ জিশান আলি। তাঁকে স্বাগত জানাতে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে রাখা হয়েছে শতাধিক ধরনের হালাল খাবার। বিশেষ এই খাদ্যতালিকায় রয়েছে গরুর মাংসের নিহারি, ভেড়ার মাংসের কোরমা, ছোলার তরকারি ও বাটার চিকেনের মতো জনপ্রিয় খাবার।   চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে, প্রথম বিদেশি নভোচারীকে বরণ করে নিতে মহাকাশ স্টেশনে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। জিশানের ধর্মীয় খাদ্যবিধি, ব্যক্তিগত পছন্দ এবং মহাকাশে অবস্থানকালীন পুষ্টির চাহিদা বিবেচনায় তৈরি করা হয়েছে এই বিশেষ মেনু।   চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার বিশেষভাবে সাতটি পাকিস্তানি ধাঁচের খাবার প্রস্তুত করেছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। খাবারের উপকরণ নির্বাচন থেকে শুরু করে প্রস্তুত প্রণালি পর্যন্ত হালাল খাদ্যবিধি অনুসরণ করা হয়েছে। জিশানের হলুদ ও কারির মসলার প্রতি পছন্দের বিষয়টিও গুরুত্ব দিয়েছেন গবেষকেরা। কয়েক দফা স্বাদ পরীক্ষার পর চূড়ান্ত করা হয়েছে রান্নার পদ্ধতি।   শুরুতে খাদ্যতালিকায় পাকিস্তানি দুধ চা রাখা হলেও চীনে কয়েক মাসের প্রশিক্ষণ শেষে জিশানের খাবারের পছন্দে কিছুটা পরিবর্তন এসেছে। তিনি অতিরিক্ত চীনা কালো চা ও ভাত রাখার অনুরোধ করেছেন বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   বুধবার (২৫ নভেম্বর) শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে তিয়ানগং মহাকাশ স্টেশনে পৌঁছান জিশান। তাঁর সঙ্গে রয়েছেন চীনা কমান্ডার তাং হংবো ও ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ইয়ি। উত্তর-পশ্চিম চীনের জিউচুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে তাঁদের বহনকারী মহাকাশযান উৎক্ষেপণ করা হয়।   নতুন তিন সদস্য মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর সেখানে অবস্থানরত নভোচারীর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। দুই দলের সদস্যদের একসঙ্গে নিয়ে বিশেষ নৈশভোজের আয়োজন করেছে চীন।   ৪০ বছর বয়সী জিশান পাকিস্তানের প্রথম মহাকাশচারী হওয়ার পাশাপাশি চীনের মহাকাশ স্টেশনে প্রবেশকারী প্রথম বিদেশি নভোচারী। মহাকাশে পাঁচ থেকে দশ দিন অবস্থানকালে তিনি বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। এরপর শেনঝৌ-২৩ মহাকাশযানে তাঁর পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।   জিশানের এই মহাকাশযাত্রা চীন ও পাকিস্তানের মহাকাশ গবেষণা সহযোগিতায় নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।   সূত্র: সিজিটিএন 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ০:৪
যুক্তরাজ্যে কেনাকাটার সময় বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারতীয় পিএইচডি শিক্ষার্থীর। ছবি: সংগৃহীত
‘তোমার শরীর থেকে খুব বাজে গন্ধ আসছে’, অক্সফোর্ডের ভারতীয় শিক্ষার্থীর তিক্ত অভিজ্ঞতা

যুক্তরাজ্যে কেনাকাটা করতে গিয়ে বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারতীয় পিএইচডি শিক্ষার্থী কামাক্ষী। তাঁর অভিযোগ, এক অপরিচিত ব্যক্তি হঠাৎ তাঁর শরীরের গন্ধ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অভিজ্ঞতা তুলে ধরার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।   ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকমের প্রকাশিত প্রতিবেদনের বিবরণ অনুযায়ী, ইনস্টাগ্রামে এক ভিডিওতে কামাক্ষী জানান, কেনাকাটার সময় এক অপরিচিত ব্যক্তি তাঁকে বলেন, ‘তোমার শরীর থেকে খুব বাজে গন্ধ আসছে।’   আকস্মিক এমন মন্তব্যে মানসিকভাবে আঘাত পান কামাক্ষী। ঘটনার পর সারাদিন অস্বস্তিতে ছিলেন তিনি। এমনকি জনসমক্ষে নিজেকে কীভাবে অন্যদের নজর থেকে আড়াল করে রাখা যায়, সেই চিন্তাও তাঁর মধ্যে তৈরি হয়েছিল।   কামাক্ষীর ভাষ্য, যুক্তরাজ্যে বসবাসের সময় দৈনন্দিন জীবনে সূক্ষ্ম বৈষম্যমূলক আচরণের যেসব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, এই ঘটনা তারই একটি উদাহরণ।   তাঁর ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সহমর্মিতা প্রকাশ করেছেন। নিজের সাংস্কৃতিক পরিচয় নিয়ে গর্ববোধ করার পাশাপাশি ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জা বজায় রাখার আহ্বান জানিয়েছেন অনেকে।   ঘটনাটি বিদেশে বসবাসরত শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং সাংস্কৃতিক পরিচয় নিয়ে তাঁদের সামাজিক অভিজ্ঞতাকে নতুন করে আলোচনায় এনেছে। তবে ঘটনাটি সম্পর্কে কামাক্ষীর বক্তব্যের বাইরে স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা যায়নি।   সূত্র: ইন্ডিয়া ডটকম   871/এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১:৭
মাত্র ২০ হাজার ইউরোতে তৈরি সৌর নৌযান, এক ফোঁটা জ্বালানি ছাড়াই পাড়ি দিলেন ৫ হাজার ৭০০ কিলোমিটার
মাত্র ২০ হাজার ইউরোতে তৈরি সৌর নৌযান, এক ফোঁটা জ্বালানি ছাড়াই পাড়ি দিলেন ৫ হাজার ৭০০ কিলোমিটার

ফিনল্যান্ডের উদ্ভাবক ও নাবিক লুকাস শ্যোমান (Lukas Sjöman) প্রায় ২০০ দিনের পরিশ্রমে নিজ হাতে তৈরি সৌরবিদ্যুৎচালিত নৌযান ‘হেলিওস ১১’ নিয়ে ফিনল্যান্ড থেকে যাত্রা শুরু করে স্পেনের ইবিজা পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন—তাও এক ফোঁটা পেট্রোল বা ডিজেল ব্যবহার না করেই।   বিভিন্ন প্রতিবেদনে এই ভ্রমণের দূরত্ব প্রায় ৩ হাজার ১০৬ মাইল থেকে ৫ হাজার ৭০০ কিলোমিটারের কাছাকাছি উল্লেখ করা হয়েছে। বড় কোনো শিপইয়ার্ড বা পেশাদার কর্মী ছাড়াই ফিনল্যান্ডের একটি সাধারণ শেডে নির্মিত এই নৌযানটি প্রমাণ করেছে যে হালকা কাঠামো ও সৌরশক্তির সঠিক সমন্বয়ে দীর্ঘ সমুদ্রযাত্রা সম্ভব।   মেরিন প্লাইউড ও ফাইবারগ্লাস দিয়ে তৈরি প্রায় ১১ মিটার (প্রায় ৩৫–৩৬ ফুট) দীর্ঘ এই নৌযানটির ওজন মাত্র ১.৫ টন বা তার আশপাশে, যা এই আকারের বসবাসযোগ্য নৌযানের জন্য বেশ হালকা। ছাদে বসানো ১০টি সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ ৪৮ ভোল্টের ব্যাটারি সিস্টেমে জমা হয় এবং তা দিয়ে সাধারণত ৬ কিলোওয়াট ক্ষমতার বৈদ্যুতিক মোটর চালানো হয়।   অনুকূল বাতাসে ব্যাটারির সাশ্রয়ে সহায়ক পালও ব্যবহার করা হয়, আর সাশ্রয়ী গতিতে (প্রায় ৫ থেকে ৫.৫ নট বা অনুকূল আবহাওয়ায় আরও কিছুটা বেশি) চললে শক্তি খরচ বেশ নিয়ন্ত্রণে থাকে। রৌদ্রোজ্জ্বল দিনে দৈনিক দূরত্ব অনেক বাড়লেও মেঘলা আকাশ বা উত্তাল সাগরে গতি কমিয়ে ব্যাটারির সঞ্চিত শক্তির ওপর নির্ভর করতে হয়।   শ্যোমানের নিজস্ব হিসাব ও নথি অনুযায়ী, পরিকল্পনার ঘাটতির কারণে শুরুর দিকে নির্মাণ ব্যয় কিছুটা বেশি হলেও সুপরিকল্পিতভাবে একটি আদর্শ ‘হেলিওস ১১’ তৈরি করতে উপকরণ ও যন্ত্রাংশ মিলিয়ে প্রায় ১৮ হাজার থেকে ২০ হাজার ইউরো বা সমপরিমাণ অর্থের মধ্যেই কাজটি করা সম্ভব।   নৌযানটির ভেতরে বিলাসিতার বদলে কার্যকারিতাকে গুরুত্ব দেওয়া হয়েছে; এতে বৈদ্যুতিক চুলা, ছোট রেফ্রিজারেটর, টয়লেট ও ঘুমানোর ব্যবস্থা রয়েছে। দীর্ঘ যাত্রায় শ্যোমানকে বাস্তব চ্যালেঞ্জও মোকাবিলা করতে হয়েছে—স্পেনের লা রাপিতায় নোঙর করা অবস্থায় তার ছোট ডিঙি নৌকা চুরি হয়ে যাওয়ায় ফোম ও কাঠ দিয়ে বিকল্প ভেলা তৈরি করতে হয়, আবার এক সেতু থেকে ছোড়া পাথর সৌর প্যানেলে আঘাত হানলেও বিদ্যুৎ উৎপাদনে বড় কোনো ক্ষতি হয়নি।   এছাড়া এয়ার কন্ডিশনিং না থাকায় গরম আবহাওয়ায় কেবিনের ভেতর তাপ ও আর্দ্রতা এবং হালকা কাঠামোর কারণে নোঙর অবস্থায় দুলুনি—এসব বিষয়কে তিনি আরও উন্নতির সুযোগ হিসেবে দেখছেন। নিজের ইউটিউব চ্যানেল ‘ট্রু নর্থ ইয়াক্টস’-এ পুরো প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি শ্যোমান এই নৌযানের নকশা ও নির্মাণ নির্দেশিকাও প্রকাশ করেছেন, যা ভবিষ্যতে কম খরচে সবুজ ও স্বয়ংসম্পূর্ণ নৌযান তৈরিতে আগ্রহী উদ্ভাবকদের জন্য একটি বাস্তব উদাহরণ হয়ে উঠেছে।

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১৮:১৫
নির্যাতনে আদায় করা স্বীকারোক্তিই মৃ ত্যুদণ্ডের ভিত্তি, ফাঁসির ঝুঁকিতে শত শত ফিলিস্তিনি
নির্যাতনে আদায় করা স্বীকারোক্তিই মৃ ত্যুদণ্ডের ভিত্তি, ফাঁসির ঝুঁকিতে শত শত ফিলিস্তিনি

দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় পর মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে এনেছে ইসরায়েল, যা কেবল ফিলিস্তিনিদের ক্ষেত্রেই কার্যকর হবে। ইসরায়েলি মানবাধিকার ও নির্যাতনবিরোধী সংস্থা ‘পাবলিক কমিটি অ্যাগেইনস্ট টর্চার ইন ইসরায়েল’ (পিসিএটিআই)-এর প্রকাশিত এক নতুন প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, নির্যাতনের মুখে আদায় করা জবানবন্দির ভিত্তিতে শত শত ফিলিস্তিনি বন্দি এখন সরাসরি মৃত্যুদণ্ড বা ফাঁসির ঝুঁকিতে রয়েছেন।   এই আইনের প্রথম শিকার হতে পারেন ৩৭ বছর বয়সী ফিলিস্তিনি যুবক কাদরি সামারা, যাঁকে গত সেপ্টেম্বরে অধিকৃত পশ্চিম তীরে এক ইসরায়েলি বসতি স্থাপনকারীকে হত্যার সন্দেহে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, ইসরায়েলে সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ১৯৬২ সালে, নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডলফ আইখম্যানের ক্ষেত্রে।   গত মার্চ মাসে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাস হওয়া নতুন আইনে জাতীয়তাবাদী উদ্দেশ্যে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডকে বাধ্যতামূলক বা প্রধান শাস্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে। আইনের ভাষায় ‘ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করা’ কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর কর্তৃত্ব না মানাকে জাতীয়তাবাদী উদ্দেশ্য হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।   সবচেয়ে বিতর্কিত বিষয় হলো, পশ্চিম তীরের বাসিন্দাদের ক্ষেত্রে এই আইনের আওতা থেকে ‘ইসরায়েলি নাগরিক বা ইসরায়েলি বাসিন্দাদের’ বাদ রাখা হয়েছে—যা আইনটিকে চরম বৈষম্যমূলক ও বর্ণবাদী রূপ দিয়েছে বলে মানবাধিকার কর্মীরা উল্লেখ করেছেন। বর্তমানে জেরুজালেমের একটি আটককেন্দ্রে থাকা কাদরি সামারাকে তাঁর আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না; এমনকি বিচার শুরু হওয়ার আগেই বিস্ফোরক দিয়ে তাঁর পারিবারিক বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।   শুধু পশ্চিম তীরের বন্দিরাই নন, গত ৭ অক্টোবরের হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক শত শত গাজাবাসীও একই ধরনের মৃত্যুঝুঁকিতে পড়েছেন। গত মে মাসে ইসরায়েলি আইনপ্রণেতারা তাঁদের বিচারের জন্য বিশেষ মৃত্যুদণ্ড ট্রাইব্যুনাল গঠনের আরেকটি আইন পাস করেছেন।   এই আইনে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত জুনিয়র বিচারকদের প্রচলিত সাক্ষ্য আইন ও বিচারিক প্রক্রিয়া উপেক্ষা করার, এমনকি আসামির অনুপস্থিতিতেই শুনানি করে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। পিসিএটিআইয়ের নির্বাহী পরিচালক সারি বাশি জানান, গত তিন বছরে ইসরায়েলি কর্তৃপক্ষ হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করে পরিবার ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সাক্ষাৎ থেকে বঞ্চিত রেখেছে।   পিসিএটিআইয়ের প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেতের জিজ্ঞাসাবাদে অনাহার, চিকিৎসাবঞ্চনা, ঘুম থেকে বঞ্চিত রাখা, হাড়ভাঙা মারধর, বৈদ্যুতিক শক, সিগারেটের ছ্যাঁকা এবং যৌন নির্যাতনের মতো ভয়াবহ নিপীড়নের শিকার হয়ে বন্দিরা মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য হন।   ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হেফাজতে অন্তত ১০৩ জন ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। অথচ ২০০৭ সাল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে আসা ইসরায়েলের এই আকস্মিক অবস্থান পরিবর্তন বৈশ্বিক মানবাধিকার অগ্রগতিকে পিছিয়ে দেবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।   গত মাসে অনুষ্ঠিত অমীমাংসিত নির্বাচনের পর ইসরায়েলে যে নতুন সরকারই গঠিত হোক না কেন, অবিলম্বে এই বৈষম্যমূলক মৃত্যুদণ্ড আইন বাতিল করার জোর দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১৫:৩৪
রাশিয়ার হুমকির মুখে সম্ভাব্য যু দ্ধের প্রস্তুতি, ১ লাখ সাবেক সেনাকে চিঠি পাঠাল যুক্তরাজ্য
রাশিয়ার হুমকির মুখে সম্ভাব্য যু দ্ধের প্রস্তুতি, ১ লাখ সাবেক সেনাকে চিঠি পাঠাল যুক্তরাজ্য

রাশিয়ার সম্ভাব্য সামরিক হুমকি ও ইউরোপজুড়ে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রায় ১ লাখ সাবেক রিজার্ভ সেনা (স্ট্র্যাটেজিক রিজার্ভিস্ট) এবং সদ্য অবসরপ্রাপ্ত সামরিক সদস্যকে সম্ভাব্য তলবের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।   ব্রিটিশ দৈনিক দ্য টাইমস ও দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে জানা গেছে, ব্রিটিশ সেনাবাহিনী, রয়্যাল নেভি এবং রয়্যাল এয়ার ফোর্সের প্রধানদের স্বাক্ষরিত এই চিঠিগুলো স্নায়ুযুদ্ধের (কোল্ড ওয়ার) পর প্রথমবারের মতো পাঠানো হলো। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এই উদ্যোগের বিষয়টি নিশ্চিত করে একে ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির মুখে একটি ‘প্রয়োজনীয় ও যৌক্তিক সতর্কতা’ হিসেবে অভিহিত করেছেন।   প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রতিরোধ সক্ষমতা জোরদার করা এবং সম্ভাব্য সংঘাতের ঝুঁকি কমানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এর অর্থ এই নয় যে এখনই ওই সেনাদের জরুরি ভিত্তিতে যুদ্ধে তলব করা হচ্ছে।   চিঠিতে সাবেক সামরিক সদস্যদের বর্তমান যোগাযোগের ঠিকানা, বর্তমান পেশা এবং বেসামরিক কর্মক্ষেত্রের বিশেষ দক্ষতার তথ্য (যেমন—সাইবার নিরাপত্তা, অবকাঠামো, চিকিৎসা, যোগাযোগ ও লজিস্টিকস) হালনাগাদ করতে বলা হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের বসন্তে অনুষ্ঠিতব্য ন্যাটোর বড় সামরিক মহড়া ‘স্টিডফাস্ট ডিফেন্ডার’ (Steadfast Defender)-সহ বিভিন্ন প্রশিক্ষণে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে প্রায় ১ হাজার রিজার্ভ সেনাকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।   যুক্তরাজ্য সরকারের আশঙ্কা, রাশিয়া আগের তুলনায় অনেক বেশি ঝুঁকি নিতে প্রস্তুত এবং ইউরোপজুড়ে নাশকতা, ড্রোন অনুপ্রবেশ ও সাইবার হামলার মতো ‘হাইব্রিড অভিযান’ জোরদার করছে। গত ৪ নভেম্বর প্রকাশিত হাউস অব কমন্সের লাইব্রেরি ব্রিফিংয়েও সরকারি হুমকি মূল্যায়নের বরাত দিয়ে এ উদ্বেগের কথা তুলে ধরা হয়।   এর আগে গত মাসে দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত এক নিবন্ধে প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেছিলেন, ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্যের প্রতিপক্ষরা বড় হামলার জন্য প্রস্তুত হয়ে যেতে পারে এবং যুক্তরাজ্য ও ন্যাটোর হাতে প্রস্তুতি নেওয়ার জন্য ‘এক হাজার দিনের কিছু বেশি’ সময় রয়েছে। যুদ্ধ করে জয়ী হওয়ার প্রস্তুতিই তাঁর প্রধান অগ্রাধিকার উল্লেখ করে স্ট্রিটিং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সাইবার হামলা চালানো আরও সহজ করে তুলেছে এবং ‘গ্রে জোন হুমকি’র মতো শব্দ ব্যবহার করে প্রকৃত বিপদকে ছোট করে দেখানো উচিত নয়।   সামরিক বাহিনীর প্রস্তুতির পাশাপাশি সাধারণ নাগরিকদেরও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত করতে ‘বি রেডি’ (Be Ready) প্রচারণা শুরু করেছে যুক্তরাজ্য সরকার, যেখানে নাগরিকদের অন্তত তিন দিনের খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।   একইসঙ্গে ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি প্রস্তাবিত নতুন ‘আর্মড ফোর্সেস বিল’-এর মাধ্যমে অবসরপ্রাপ্ত সদস্যদের পুনরায় তলবের বয়সসীমা ৫৫ থেকে বাড়িয়ে ৬৫ বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ন্যাটোর ‘আর্টিকেল-৩’ অনুযায়ী জোটের সদস্য দেশগুলোকে সশস্ত্র আক্রমণ প্রতিরোধে নিজস্ব সক্ষমতা বজায় রাখার বাধ্যবাধকতা পূরণেও বিশেষ গুরুত্ব দিচ্ছে লন্ডন।

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১৪:১৯
ইরান যুদ্ধের তহবিল বন্ধে তৎপর ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প প্রশাসন
ইরান যুদ্ধের তহবিল বন্ধে তৎপর ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টি। এই প্রেক্ষাপটে টানা নয় মাস ধরে চলা ইরান যুদ্ধ বন্ধের বিষয়টি আবারও মার্কিন রাজনীতিতে জোরালোভাবে সামনে এসেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সৃষ্ট জীবনযাত্রার ব্যয় সংকটের মধ্যে যুদ্ধের ব্যয় কমাতে নতুন বাজেট বিলকে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।   প্রতিবেদনে জানা গেছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অচলাবস্থার জেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেকোনো সময় ইরানে পুনরায় হামলা শুরু করতে পারেন বলে আশঙ্কা করছেন ডেমোক্র্যাটরা। তাদের মতে, এমন পদক্ষেপ নেওয়া হলে পুরো উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলার ঝুঁকি তৈরি হবে।   আগামী ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল তহবিলের মেয়াদ শেষ হতে যাচ্ছে। সরকারি কার্যক্রম সচল রাখতে এবং শাটডাউন এড়াতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইনপ্রণেতারা পরবর্তী অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা করছেন। এই সুযোগ কাজে লাগিয়ে ইরান যুদ্ধের তহবিল আটকে দেওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস প্রতিনিধি ইয়াসমিন আনসারি ও রো খান্না।   এক যৌথ বিবৃতিতে তারা বলেন, “করদাতাদের আর একটি পয়সাও যেন এই দীর্ঘস্থায়ী যুদ্ধের পেছনে ব্যয় না হয়, কংগ্রেসকে তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে তা নিশ্চিত করতে হবে। ইরানে আক্রমণাত্মক সামরিক অভিযানে অর্থ ব্যয় নিষিদ্ধ করা না হলে আমরা কোনো তহবিল প্যাকেজে সমর্থন দেব না।”   সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭১ শতাংশ নাগরিক চান নতুন কংগ্রেস ইরান যুদ্ধের অবসান ঘটাক। লন্ডনের কিংস কলেজের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগের মতে, এই বিলটি ট্রাম্পের যুদ্ধ পরিচালনার একক ক্ষমতার ওপর প্রথম বড় ধরনের প্রাতিষ্ঠানিক বাধা হয়ে দাঁড়াতে পারে।   তবে এই উদ্যোগের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সম্ভাব্য 'গভর্নমেন্ট শাটডাউন' বা সরকারি অচলাবস্থার শঙ্কা। গত বছর বাজেট পাস না হওয়ায় টানা ৪৩ দিন মার্কিন সরকারের কার্যক্রম বন্ধ ছিল। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন সতর্ক করে বলেছেন, আরেকটি শাটডাউন দেশের মানুষের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হবে। অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর পিটার ওয়েলচ জানান, তারা যেমন যুদ্ধের তহবিল দিতে চান না, তেমনি সরকার অচলও করতে চান না—এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষাই এখন বড় চ্যালেঞ্জ।   ১০০ আসনের সিনেটে দ্বিদলীয় বাজেট বিল পাসের জন্য ৬০টি ভোটের প্রয়োজন। জানুয়ারিতে নতুন সিনেটররা শপথ নিলে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা বেড়ে ৫৪ হবে, তবুও বিল পাসে রিপাবলিকানদের সমর্থন প্রয়োজন হবে।   এছাড়া কংগ্রেস বিল পাস করলেও প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে সাংবিধানিক 'ভেটো' ক্ষমতা রয়েছে। তবে সামরিক তহবিল আটকে দেওয়া বিলে ট্রাম্প ভেটো দিলে শাটডাউনের কারণে মার্কিন সেনাদের বেতনও বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে, যা প্রেসিডেন্টের জন্য রাজনৈতিকভাবে স্পর্শকাতর হতে পারে।   বিশ্লেষক আন্দ্রেয়াস ক্রিগের মতে, নতুন তহবিল বন্ধ হলেও পেন্টাগনের হাতে থাকা বর্তমান রিজার্ভ দিয়ে ট্রাম্প কিছুদিন সামরিক অভিযান চালিয়ে যেতে পারবেন। তবে ইতোমধ্যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকট দেখা দিচ্ছে। তাই কংগ্রেস কেবল নতুন তহবিল আটকে দেবে নাকি ইতোমধ্যে বরাদ্দকৃত অর্থও আক্রমণাত্মক অভিযানে ব্যবহারে নিষেধাজ্ঞা দেবে, তার ওপরই যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে। সূত্র: আল জাজিরা, রয়টার্স। 873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১৩:৪৬
পারমাণবিক অস্ত্র কারখানা ঘুরে কিমের হুঁশিয়ারি
‘কারও অনুমোদনের পরোয়া করি না’, পারমাণবিক অস্ত্র কারখানা ঘুরে কিমের হুঁশিয়ারি

নিজের নতুন পারমাণবিক অস্ত্রভান্ডার প্রদর্শন করে বিশ্বশক্তিগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশিত নতুন ছবিতে কিম জং উন এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের দুটি পারমাণবিক উৎপাদন কারখানায় ওয়ারহেড বা পারমাণবিক বোমা পরীক্ষা করতে দেখা গেছে।   এ ছাড়া তিনি নতুন উদ্বোধন হওয়া একটি পারমাণবিক স্থাপনাও ঘুরে দেখেন, যেখানে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম উৎপাদনের সেন্ট্রিফিউজ যন্ত্রপাতির সারি দেখা গেছে।   কোরীয় উপদ্বীপে প্রতিনিয়ত ধেয়ে আসা বহুমুখী পারমাণবিক হুমকি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা প্রস্তুতি নিশ্চিত করতেই তিনি সশরীরে এসব স্থাপনা পরিদর্শন করেছেন বলে দাবি করেন কিম। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে দেশের জন্য সরাসরি হুমকি হিসেবে চিহ্নিত করে তিনি সাফ জানিয়ে দেন, পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি কখনোই কারও স্বীকৃতি বা অনুমোদনের প্রত্যাশা করবে না।   ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে কিম জং উনের এই অনমনীয় অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা—যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সরকার পরিবর্তন এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সামরিক অভিযান চালাচ্ছে। ইরানের কট্টরপন্থীরাও যুক্তি দিচ্ছেন যে, ভবিষ্যতের হামলা ঠেকাতে পারমাণবিক অস্ত্রের কোনো বিকল্প নেই। এরই মধ্যে নিজেদের পারমাণবিক সক্ষমতা নিয়ে যেকোনো সন্দেহ দূর করতেই উত্তর কোরিয়া এই নতুন ছবিগুলো প্রকাশ করেছে বলে ধারণা করা হচ্ছে।   এক বিবৃতিতে কিম জং উন বলেন, যতদিন পর্যন্ত আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারকারী শত্রুশক্তি বিদ্যমান থাকবে, ততদিন উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ধারণ একটি সম্পূর্ণ অপরিবর্তনীয় সিদ্ধান্ত হয়ে থাকবে। এই বাস্তবতাকে অস্বীকার করা কেবল ব্যর্থতারই নামান্তর বলে তিনি মন্তব্য করেন।   উত্তর কোরিয়ার পারমাণবিক রাষ্ট্রের মর্যাদা অস্বীকার করার যেকোনো প্রচেষ্টা সরাসরি ‘যুদ্ধ ঘোষণার শামিল’ হবে বলেও সতর্ক করে দেন তিনি। পাশাপাশি বিভিন্ন ধরনের সামরিক অভিযানের জন্য বহুমুখী ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্রের বিস্তার ঘটানোর ওপর এখন তাঁর বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান কিম। এই কর্মসূচির অংশ হিসেবে উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো নির্মিত একটি নৌ-পারমাণবিক রিঅ্যাক্টর (naval nuclear reaction) উৎপাদন কেন্দ্র পরিদর্শনের ছবিও প্রকাশ করেছে কেসিএনএ। 875 আইকিউ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১২:৪০
আইসের হাতে বিতাড়িত হয়েও ফিরতে চান যুক্তরাষ্ট্রে, সীমান্তের পথে প্রায় ১ হাজার অভিবাসী
আইসের হাতে বিতাড়িত হয়েও ফিরতে চান যুক্তরাষ্ট্রে, সীমান্তের পথে প্রায় ১ হাজার অভিবাসী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সতর্কবার্তা এবং মেক্সিকোর ওপর বড় ধরনের অর্থনৈতিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি সত্ত্বেও মেক্সিকো ভূখণ্ড অতিক্রম করে যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে প্রায় ১ হাজার অভিবাসীর দুটি পৃথক বহর বা ‘ক্যারাভান’। ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ২০০ অভিবাসীর একটি দল দক্ষিণ মেক্সিকো থেকে যাত্রা শুরু করেছে এবং প্রায় ৮০০ জনের অপর একটি বড় দল আরও উত্তরের দিকে মার্কিন সীমান্তের কাছাকাছি পৌঁছানোর আশায় এগিয়ে চলেছে।   এর আগে গত ২০ নভেম্বর মধ্য আমেরিকার দেশগুলো থেকে আসা প্রায় ২৫০ অভিবাসীর আরেকটি বহর গুয়াতেমালা সীমান্তের সেতু পার হয়ে দক্ষিণ মেক্সিকোর চিয়াপাস অঙ্গরাজ্যের তাপাচুলা শহরে প্রবেশ করে। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, তরুণ ও শিশুসহ পরিবার নিয়ে হেঁটে মেক্সিকোতে প্রবেশ করা ওই অভিবাসীদের সে সময় মেক্সিকান কর্তৃপক্ষ কোনো বাধা দেয়নি।   সাম্প্রতিক মার্কিন মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম) ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্য সাফল্য এবং রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের পর থেকেই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টায় অভিবাসী বহরের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। এএফপি জানিয়েছে, নির্বাচনের পর থেকে এ পর্যন্ত প্রায় ছয়টি অভিবাসী বহর মেক্সিকোতে প্রবেশ করেছে।   এই বহরে থাকা বেশ কয়েকজন অভিবাসী এএফপিকে জানিয়েছেন যে, তাঁরা আগে যুক্তরাষ্ট্রেই বসবাস করতেন, কিন্তু মার্কিন অভিবাসন ও শুল্ক সংস্থা (আইস)-এর অভিযানে তাঁদের নিজ দেশে বিতাড়িত করা হয়েছিল। তাঁদেরই একজন ৩১ বছর বয়সী হন্ডুরাসের নাগরিক সাবা নাজেরা, যিনি হিউস্টনে থাকা তাঁর নবজাতক কন্যার সঙ্গে পুনর্মিলিত হওয়ার আশায় আবারও যুক্তরাষ্ট্রে ফিরছেন। তিনি জানান, আইসের অভিযানে মেয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার বেদনাই তাঁকে এই দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাত্রায় নামতে বাধ্য করেছে।   এদিকে, অভিবাসী বহরগুলোকে মার্কিন সীমান্তের দিকে অগ্রসর হওয়া থেকে রুখতে মেক্সিকো সরকার ব্যর্থ হলে দেশটির পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করার হুমকি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতীতে মেক্সিকান কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড দিয়ে কিংবা মেক্সিকোতেই আশ্রয় আবেদনের সুযোগ দিয়ে কিছু বড় বহরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল।   তবে বর্তমানে প্রায় ১০০ অভিবাসীর আরও একটি দল মেক্সিকোর ওয়াক্সাকা অঙ্গরাজ্যের দিকে অগ্রসর হওয়ায় গুয়াতেমালা সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো অভিবাসন কূটনীতি নিয়ে নতুন করে উত্তেজনা ও আলোচনার সৃষ্টি হয়েছে। 875 আইকিউ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১২:২১
যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে বিপাকে হাজারো ভারতীয়, দেশ ছাড়ার বিকল্প দিচ্ছে আইবিএম
যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে বিপাকে হাজারো ভারতীয়, দেশ ছাড়ার বিকল্প দিচ্ছে আইবিএম

যুক্তরাষ্ট্রে কর্মরত হাজারো ভারতীয় প্রযুক্তি পেশাজীবী নতুন অনিশ্চয়তার মুখে পড়েছেন। বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম তাদের পরামর্শক বিভাগের অধিকাংশ পদে বিদেশি কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে এইচ-১বি ভিসাধারীসহ যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অপেক্ষায় থাকা অনেক কর্মীর চাকরি ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।   আক্রান্ত কর্মীদের যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশে স্থানান্তরিত হয়ে কাজ চালিয়ে যাওয়া অথবা চাকরি ছেড়ে দেওয়ার বিকল্প দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের সময়সীমা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর।আইবিএমের পরামর্শক বিভাগে বিশ্বজুড়ে দেড় লাখের বেশি কর্মী কাজ করেন। তবে প্রতিষ্ঠানটি ঠিক কতজন কর্মীকে এই সিদ্ধান্তের আওতায় আনছে, তা প্রকাশ করেনি। ফলে যুক্তরাষ্ট্রে কর্মরত কতজন ভারতীয় বা অন্য দেশের নাগরিক সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।   সংবাদমাধ্যম রেস্ট অব ওয়ার্ল্ড-এর প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের সিদ্ধান্ত নেওয়ার জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যারা বিদেশে স্থানান্তরের প্রস্তাব গ্রহণ করবেন না, তাঁদের তিন মাসের সমপরিমাণ বেতন দিয়ে চাকরি থেকে বিদায় দেওয়ার কথা জানানো হয়েছে। তাঁদের শেষ কর্মদিবস নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৬।   ভারতে স্থানান্তরের সুযোগ বেশি   আইবিএমের কর্মসংস্থানসংক্রান্ত ওয়েবসাইটের ১৯ নভেম্বরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠানটির পরামর্শক বিভাগে মোট ১ হাজার ২৭৮টি পদ খালি ছিল। এর মধ্যে ভারতে ১ হাজার ১২৫টি, সিঙ্গাপুরে ২৩টি এবং যুক্তরাজ্যে ১৮টি পদ ছিল। বিপরীতে যুক্তরাষ্ট্রে একই বিভাগের ৮৯টি পদ খালি ছিল।এই পরিস্থিতিতে ভারত কর্মীদের স্থানান্তরের প্রধান গন্তব্য হয়ে উঠতে পারে। তবে এসব পদে আক্রান্ত প্রত্যেক কর্মীকে নিয়োগ দেওয়া হবে, এমন নিশ্চয়তা দেয়নি প্রতিষ্ঠানটি।   আইবিএমের একজন মুখপাত্র জানিয়েছেন, দক্ষ কর্মীর ঘাটতি পূরণে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের উচ্চদক্ষতাসম্পন্ন কর্মী ভিসা কর্মসূচি ব্যবহার করেছে। তবে কয়েক বছর ধরে এ কর্মসূচিতে তাদের অংশগ্রহণ কমছিল। কর্মীদের দক্ষতার প্রাপ্যতা ও গ্রাহকদের চাহিদা পরিবর্তিত হওয়ায় পরামর্শক বিভাগের অধিকাংশ পদে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   সব ভারতীয় ভিসাধারীর জন্য নয়   এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে বসবাসরত সব ভারতীয় নাগরিক কিংবা সব এইচ-১বি ভিসাধারীর জন্য প্রযোজ্য নয়। এটি মূলত আইবিএমের পরামর্শক বিভাগের অধিকাংশ পদের ক্ষেত্রে প্রযোজ্য। প্রতিষ্ঠানটির অন্য বিভাগে ভিসা স্পনসরশিপ পুরোপুরি বন্ধের ঘোষণা দেওয়া হয়নি।   এদিকে, যুক্তরাষ্ট্রে বিদেশি প্রযুক্তি কর্মী নিয়োগ ও কর্মসংস্থানভিত্তিক অভিবাসন কর্মসূচির ওপর ট্রাম্প প্রশাসনের বাড়তি নজরদারির মধ্যে আইবিএমের এ সিদ্ধান্ত এসেছে। এর আগে মাইক্রোসফট, অ্যাডোবি এবং কগনিজ্যান্ট, ইনফোসিস ও টাটা কনসালটেন্সি সার্ভিসেসের মতো প্রতিষ্ঠান কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ পার্ম কর্মসূচিতে বিধিনিষেধের মুখে পড়ে।   সংবাদ সূত্র রয়টার্স, এনডিটিভি।  ৮৭৬টিআর

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১১:৩৫
ইতালিতে বাংলাদেশসহ ৩৮ দেশের ওয়ার্কিং ভিসার সুযোগ, আগামী দুই বছরে প্রায় ৫ লাখ নিয়োগের সম্ভাবনা
ইতালিতে বাংলাদেশসহ ৩৮ দেশের ওয়ার্কিং ভিসার সুযোগ, আগামী দুই বছরে প্রায় ৫ লাখ নিয়োগের সম্ভাবনা

ইতালিতে বিদেশি কর্মী নিয়োগের জন্য আগামী তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনের প্রবেশ কোটা নির্ধারণ করেছে দেশটির সরকার। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত কার্যকর এই কর্মসূচির আওতায় বাংলাদেশসহ ৩৮টি দেশের নাগরিকদের জন্য নির্দিষ্টসংখ্যক কর্মসংস্থানের সুযোগ রাখা হয়েছে। কৃষি, পর্যটন, নির্মাণ, উৎপাদন, পরিবহন ও বিভিন্ন সেবা খাতে কাজের জন্য এসব কর্মী নিয়োগ করা হবে।   ইতালির শ্রম ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রণালয়ের ২০২৫ সালের ১৬ অক্টোবর প্রকাশিত সরকারি ঘোষণা অনুযায়ী, ‘ডিক্রেতো ফ্লুসি ২০২৬–২০২৮’ কর্মসূচির আওতায় তিন বছরে পর্যায়ক্রমে এই কর্মী নেওয়া হবে। এর মধ্যে ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জনকে প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।   বাংলাদেশসহ তালিকাভুক্ত ৩৮টি দেশ   ইতালির সরকারি নির্দেশনায় নির্দিষ্ট কর্মসংস্থান কোটার আওতায় যেসব দেশের নাগরিকদের রাখা হয়েছে, সেগুলো হলো:   ১. আলবেনিয়া ২. আলজেরিয়া ৩. বাংলাদেশ ৪. বসনিয়া ও হার্জেগোভিনা ৫. দক্ষিণ কোরিয়া ৬. আইভরি কোস্ট ৭. ইকুয়েডর ৮. মিসর ৯. এল সালভাদর ১০. ইথিওপিয়া ১১. ফিলিপাইন ১২. গাম্বিয়া ১৩. জর্জিয়া ১৪. ঘানা ১৫. জাপান ১৬. জর্ডান ১৭. গুয়াতেমালা ১৮. ভারত ১৯. কিরগিজস্তান ২০. কসোভো ২১. মালি ২২. মরক্কো ২৩. মরিশাস ২৪. মলদোভা ২৫. মন্টেনেগ্রো ২৬. নাইজার ২৭. নাইজেরিয়া ২৮. পাকিস্তান ২৯. পেরু ৩০. উত্তর মেসিডোনিয়া ৩১. সেনেগাল ৩২. সার্বিয়া ৩৩. শ্রীলঙ্কা ৩৪. সুদান ৩৫. থাইল্যান্ড ৩৬. তিউনিসিয়া ৩৭. ইউক্রেন ৩৮. উজবেকিস্তান।   এদিকে, ইতালির স্বরাষ্ট্র, শ্রম, কৃষি ও পর্যটনবিষয়ক মন্ত্রণালয়ের ১ অক্টোবর ২০২৬ সালের যৌথ নির্দেশনায় বলা হয়েছে, ২০২৭ সাল থেকে কেনিয়াকেও কর্মী আসার দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশটির সঙ্গে ২০২৬ সালের ২ জুলাই অভিবাসন ও চলাচল বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।   ২০২৭ সালে কতজন কর্মী নেওয়া হবে   সরকারি নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের জন্য মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০টি প্রবেশ কোটা নির্ধারিত হয়েছে। এর মধ্যে ৭৬ হাজার ২০০ জনকে মৌসুমি নয় এমন কাজে, ৮৯ হাজার জনকে কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কাজে এবং ৬৫০ জনকে স্বনিয়োজিত কাজের জন্য নেওয়া হবে। মৌসুমি নয় এমন কাজের কোটার মধ্যে ১৪ হাজারটি পারিবারিক পরিচর্যা ও গৃহস্থালি কাজের জন্য রাখা হয়েছে।   আবেদনের সময়সূচি   ২০২৭ সালের জন্য আবেদনপত্র আগাম পূরণের সুযোগ ২০২৬ সালের ২৩ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে। এরপর নির্ধারিত ‘ক্লিক ডে’ অনুযায়ী আবেদন জমা নেওয়া হবে।   - ১২ জানুয়ারি ২০২৭: কৃষি খাতের মৌসুমি কাজ। - ৯ ফেব্রুয়ারি ২০২৭: পর্যটন খাতের মৌসুমি কাজ। - ১৬ ফেব্রুয়ারি ২০২৭: অন্যান্য নির্ধারিত খাতের মৌসুমি নয় এমন কাজ। - ১৮ ফেব্রুয়ারি ২০২৭: পারিবারিক পরিচর্যা ও গৃহস্থালি কাজ।   আবেদন জমা দেওয়ার জন্য ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন ‘এএলআই’ পোর্টাল ব্যবহার করতে হবে। সাধারণত ইতালির নিয়োগকর্তাই বিদেশি কর্মী নিয়োগের অনুমতিপত্রের জন্য আবেদন করবেন। অর্থাৎ শুধু তালিকাভুক্ত দেশের নাগরিক হলেই সরাসরি ওয়ার্ক ভিসা পাওয়া যাবে না; নিয়োগকর্তা, চাকরির প্রস্তাব, নির্ধারিত কোটা ও অন্যান্য আইনি শর্ত পূরণ করতে হবে।   বাংলাদেশি আবেদনকারীদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মরক্কো থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত যাচাইয়ের বিধান রয়েছে। এসব দেশের আবেদন অনুমোদনের আগে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের ইতিবাচক মতামত এবং শ্রম পরিদর্শন কর্তৃপক্ষের প্রাথমিক যাচাই প্রয়োজন।   ফলে ইতালির এই কর্মসূচিতে বাংলাদেশিদের জন্য সুযোগ থাকলেও সঠিক নিয়োগকর্তা, বৈধ চাকরির প্রস্তাব এবং সরকারি প্রক্রিয়া অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।   সংবাদ সূত্র: ইতালির শ্রম ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় । 876TR

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১০:৫৮
ডেনমার্কে স্থায়ী বসবাস ছাড়াই নাগরিকত্বের সুযোগ, বিশেষ সুবিধা পাবেন ৭ শ্রেণির অভিবাসন প্রত্যাশী
ডেনমার্কে স্থায়ী বসবাস ছাড়াই নাগরিকত্বের সুযোগ, বিশেষ সুবিধা পাবেন ৭ শ্রেণির অভিবাসন প্রত্যাশী

ডেনমার্কে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে সাধারণত স্থায়ী বসবাসের অনুমতি (পারমানেন্ট রেসিডেন্স পারমিট) থাকা বাধ্যতামূলক। তবে নির্দিষ্ট সাত শ্রেণির বিদেশি নাগরিক এ শর্ত থেকে ছাড় পান। ফলে যোগ্যতা অনুযায়ী তাঁরা স্থায়ী বসবাসের অনুমতি ছাড়াই ডেনিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।   ডেনমার্ক সরকারের জীবনযাপন ও নাগরিকত্ববিষয়ক সরকারি তথ্য পোর্টাল ‘লাইফ ইন ডেনমার্ক’-এর তথ্য অনুযায়ী, নাগরিকত্বের সাধারণ নিয়মে আবেদনকারীকে নাগরিকত্ব অনুমোদনের আইন পাসের সময় অন্তত দুই বছর ধরে স্থায়ী বসবাসের অনুমতি থাকতে হয়। স্বীকৃত শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তিদের ক্ষেত্রে এ সময়সীমা এক বছর।   তবে সাতটি বিশেষ শ্রেণির আবেদনকারীর ক্ষেত্রে স্থায়ী বসবাসের অনুমতির এই শর্ত প্রযোজ্য নয়।   ১. নর্ডিক দেশের নাগরিক: ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেনের নাগরিক।   ২. সাবেক ডেনিশ নাগরিক: যাঁরা আগে ডেনমার্কের নাগরিক ছিলেন।   ৩. ডেনিশ বংশোদ্ভূত ব্যক্তি: যাঁদের ডেনিশ বংশপরিচয় রয়েছে।   ৪. জার্মানির দক্ষিণ শ্লেসভিগের ডেনিশ সংখ্যালঘু সম্প্রদায়: ওই অঞ্চলের ডেনিশ সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্যরা।   ৫. ডেনিশ নাগরিকের বিদেশে কর্মরত স্বামী বা স্ত্রী: যাঁরা ডেনমার্কের স্বার্থসংশ্লিষ্ট কাজে নিয়োজিত ডেনিশ স্বামী বা স্ত্রীর সঙ্গে বিদেশে বসবাস করছেন।   ৬. ১৯৬১ থেকে ১৯৭৮ সালের মধ্যে ডেনিশ মায়ের ঘরে জন্ম নেওয়া ব্যক্তি: যাঁরা মায়ের পক্ষ থেকে নির্ধারিত সময়ে নাগরিকত্বের ঘোষণা দেওয়া হলে ডেনিশ নাগরিক হতে পারতেন।   ৭. অভিভাবক ছাড়া নাগরিকত্বের আবেদনকারী শিশু: নির্দিষ্ট শর্ত পূরণকারী শিশুরা।   সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থায়ী বসবাসের অনুমতির শর্ত থেকে ছাড় পেলেও অধিকাংশ আবেদনকারীর ক্ষেত্রে ডেনমার্কে বসবাসের শর্ত বহাল থাকে। তবে ডেনিশ নাগরিকের কাজের কারণে বিদেশে থাকা স্বামী বা স্ত্রী, নির্দিষ্ট সময়ের মধ্যে ডেনিশ মায়ের ঘরে জন্ম নেওয়া ব্যক্তি এবং নির্দিষ্ট শ্রেণির শিশুদের ক্ষেত্রে বসবাসের শর্তেও ছাড় রয়েছে।এ ছাড়া নাগরিকত্ব পাওয়ার জন্য আর্থিক স্বনির্ভরতা, ডেনিশ ভাষাজ্ঞান, দেশটির ইতিহাস ও সমাজ সম্পর্কে জ্ঞান এবং অপরাধসংক্রান্ত শর্তসহ অন্যান্য যোগ্যতা পূরণ করতে হয়। শুধু স্থায়ী বসবাসের অনুমতি না থাকলেই নাগরিকত্ব পাওয়া যায় না।   আবেদন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য: ডেনমার্কের অভিবাসন ও সংহতি মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, নাগরিকত্ব প্রদানের নতুন শর্ত নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত সাধারণ ন্যাচারালাইজেশন আবেদনগুলোর প্রক্রিয়া স্থগিত রয়েছে। তবে ডেনমার্কে জন্ম নেওয়া রাষ্ট্রহীন শিশু এবং নির্দিষ্ট শ্রেণির শিশুদের আবেদন প্রক্রিয়া চালু রয়েছে। ফলে সাত শ্রেণির ছাড়ের তালিকাকে এখনই সবার জন্য আবেদন প্রক্রিয়া চালু থাকার ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই।   সংবাদ সূত্র: Life in Denmark, Denmark Ministry of Immigration and Integration 876TR

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১০:৩৩
রাশিয়ার সঙ্গে উত্তেজনার জেরে প্রায় এক লাখ সাবেক সামরিক সদস্যকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
স্নায়ুযুদ্ধের পর প্রথমবার সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে প্রায় ১ লাখ সাবেক সামরিক সদস্যকে চিঠি পাঠাল যুক্তরাজ্য

রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে প্রায় এক লাখ সাবেক সামরিক সদস্যকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্ভাব্য যুদ্ধ বা জাতীয় সংকটের সময় তাঁদের পুনরায় সামরিক দায়িত্বে নিয়োজিত করার প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে দেশটির লেবার সরকার। স্নায়ুযুদ্ধের পর এই প্রথম এত ব্যাপক পরিসরে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।   বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্কাই নিউজ, দ্য টাইমস ও এলবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ স্থল, নৌ ও বিমানবাহিনীর সাবেক সদস্যদের কাছে এসব চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট তিন বাহিনীর প্রধানদের স্বাক্ষর করা চিঠিতে প্রাপকদের বর্তমান ঠিকানা, যোগাযোগের তথ্য, পেশা ও দক্ষতার বিবরণ হালনাগাদ করতে বলা হয়েছে।   পাশাপাশি সাবেক সামরিক সদস্যদের স্বেচ্ছায় প্রশিক্ষণ ও সামরিক মহড়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এর মধ্যে ২০২৭ সালের বসন্তে অনুষ্ঠিতব্য ন্যাটোর স্টেডফাস্ট ডিফেন্ডার সামরিক মহড়াও রয়েছে।   ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং স্কাই নিউজকে জানিয়েছেন, বর্তমান আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এটি একটি যুক্তিসংগত ও প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ। যুক্তরাজ্য ও তার মিত্রদের সামনে নিরাপত্তাঝুঁকি বাড়ছে। তবে এই উদ্যোগের অর্থ এই নয় যে যুক্তরাজ্য অবিলম্বে কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে।   এর আগে স্ট্রিটিং সতর্ক করে বলেছিলেন, আগামী এক হাজার দিনের মধ্যে সম্ভাব্য যুদ্ধ মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে যুক্তরাজ্যকে। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার সক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনে যুদ্ধে জয়লাভের প্রস্তুতি নেওয়াকে নিজের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।   বর্তমানে ব্রিটিশ স্থলবাহিনীতে প্রায় ৭৩ হাজার সক্রিয় সেনাসদস্য রয়েছেন। সম্ভাব্য বড় ধরনের সংঘাত মোকাবিলায় নিয়মিত সামরিক বাহিনীর পাশাপাশি সাবেক সামরিক সদস্যদের নিয়ে গঠিত স্ট্র্যাটেজিক রিজার্ভকে আরও কার্যকর করতে চাইছে সরকার।   তবে সাবেক সামরিক সদস্যদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ক্যালভিন বেইলি জানিয়েছেন, চিঠি পাওয়া অধিকাংশ সদস্যকেই হয়তো কখনো পুনরায় সামরিক দায়িত্বে ফিরতে হবে না। এই চিঠি কোনো আনুষ্ঠানিক সামরিক মোতায়েনের নির্দেশ নয়। সাধারণ নাগরিকদের বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদানের ঘোষণাও দেওয়া হয়নি।    সূত্র: স্কাই নিউজ   871 এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১০:১৬
স্পেনে জামিনে মুক্তির পর যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী মতাদর্শ নিয়ে অভিযোগ তুললেন জেমস ‘ফার্গি’ চেম্বার্স। ছবি: সংগৃহীত
যুদ্ধবিরোধী মতাদর্শকে চরমপন্থা হিসেবে তুলে ধরছে যুক্তরাষ্ট্র: মার্কিন অধিকারকর্মী ফার্গি চেম্বার্স

স্পেনের কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পাওয়ার পর মার্কিন অধিকারকর্মী ও গণমাধ্যম উত্তরাধিকারী জেমস ‘ফার্গি’ চেম্বার্স অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী মতাদর্শকে চরমপন্থা হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি বলেছেন, কেবল মতপ্রকাশ ও মানবিক সহায়তার কারণে তাঁকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ অনুরোধের ভিত্তিতে স্পেনে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে ছিলেন। সাম্প্রতিক সময়ে প্রত্যর্পণ সংক্রান্ত নথির অনুবাদে বড় ধরনের অসঙ্গতি ও পরিবর্তনের বিষয়টি সামনে এলে স্পেনের জাতীয় আদালত তাঁর প্রত্যর্পণের সিদ্ধান্ত স্থগিত করে এবং তাঁকে জামিনে মুক্তি দেয়।   মুক্তির পর প্রতিক্রিয়ায় চেম্বার্স বলেন, বিশ্বজুড়ে যারা নিজেদের মতামত তুলে ধরতে চান, তাঁদের জন্য এই মামলাটি মানবাধিকারের প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, ফিলিস্তিনে যা ঘটছে এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য যুদ্ধ ও বৈশ্বিক সংকটের সত্যতা কেউ কেড়ে নিতে পারবে না। কারাগারে কাটানো দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, অনিশ্চয়তা ও ভয়ের মধ্যেও তিনি নিজের নির্দোষ থাকার বিশ্বাসে অটল ছিলেন।   মার্কিন কৌঁসুলিদের অভিযোগ অনুযায়ী, চেম্বার্স কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের ব্যাংক হিসাব থেকে তিউনিসিয়ায়—যেখানে তিনি তখন বসবাস করতেন—৭৫ লাখ মার্কিন ডলার স্থানান্তর করেছিলেন, যা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সহায়তায় ব্যবহৃত হওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে চেম্বার্সের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সরাসরি কোনো অভিযোগ আনা হয়নি এবং তিনি কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বা সহিংসতায় জড়িত থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।   চেম্বার্সের আইনজীবী ও পরিবারের সদস্যরা দাবি করেছেন, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া এবং মানবিক ত্রাণ কার্যক্রমে অর্থ সহায়তা দেওয়ার কারণেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হয়রানি করা হচ্ছে। উল্লেখ্য, তিনি অতীতে ফিলিস্তিনের মানবিক সহায়তা কার্যক্রমে বিপুল অর্থ অনুদান দিয়েছেন, যার মধ্যে উত্তর গাজায় বেকারি স্থাপন, পানি বিশুদ্ধকরণ কেন্দ্র নির্মাণ এবং বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র পরিচালনার মতো উদ্যোগও রয়েছে।   স্পেনের আদালতের প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে চেম্বার্স আশা প্রকাশ করেছেন যে, আবেগপূর্ণ মন্তব্য বা ভিন্নমতের বদলে কেবল তথ্য ও প্রমাণের ভিত্তিতেই বিষয়টির নিষ্পত্তি হবে। এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ও সক্রিয়তার ওপর নজরদারি এবং আইনি কড়াকড়ি নিয়ে মানবাধিকার মহলে ব্যাপক আলোচনা চলছে।   সূত্র: আল জাজিরা   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৯:৫৭
শেখ হাসিনার ক্ষতি হলে তারেক রহমান ও তাঁর সরকারকে দায়ী থাকতে হবে বলে সতর্কবার্তা মাইকেল রুবিনের। ছবি: সংগৃহীত
হাসিনার দেশে ফেরা নিয়ে তারেক রহমানকে হুঁশিয়ারি পেন্টাগনের সাবেক কর্মকর্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। শেখ হাসিনার কোনো ক্ষতি হলে তারেক রহমান ও তাঁর সরকারকেই এককভাবে দায়ী থাকতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।   নিউইয়র্কে আয়োজিত ‘বাংলাদেশ’স ফিউচার’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় মাইকেল রুবিন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পেন্টাগনে দায়িত্ব পালন করা এই সাবেক কর্মকর্তা বলেন, আগেভাগেই প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া উচিত যে, শেখ হাসিনার চুলের একটি অংশেরও যদি কোনো ক্ষতি হয়, তবে কেবল তারাই দায়ী থাকবেন। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং অন্যান্য দূতাবাসের কূটনীতিকদেরও এই বার্তা ঢাকার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।   সেমিনারে ভারতের বিষয়েও মন্তব্য করেন মাইকেল রুবিন। বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের আপস না করে ভারতকে দৃঢ় অবস্থানে থাকার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।   আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তবে ১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরার পরিকল্পনা ঘিরে নানা অনিশ্চয়তা ও জটিলতা তৈরি হয়েছে।   সূত্র: ইন্ডিয়া টুডে   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৮:৫৩
গাজার যুদ্ধের চিত্র তুলে ধরতে গিয়ে নিহত সাংবাদিক মরিয়ম দাগ্গা মরণোত্তর ‘ররি পেক’ পুরস্কার পেলেন। ছবি: সংগৃহীত
মৃত্যুর পর আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইসরায়েলি হামলায় নিহত সেই ফিলিস্তিনি সাংবাদিক

গাজার যুদ্ধে মানবিক বিপর্যয় ও বাস্তবচিত্র তুলে ধরতে গিয়ে প্রাণ হারানো ফিলিস্তিনি ফ্রিল্যান্স সাংবাদিক ও আলোকচিত্রী মরিয়ম দাগ্গা (মরিয়ম আবু দাগ্গা) মরণোত্তর মর্যাদাপূর্ণ ‘ররি পেক’ পুরস্কার অর্জন করেছেন। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর হয়ে কাজ করা তার দুই সহকর্মীর সঙ্গে যৌথভাবে তিনি এ সম্মাননা পেয়েছেন।   ররি পেক ট্রাস্টের বিবৃতি অনুযায়ী, গাজা যুদ্ধের মানবিক মূল্য ও দুর্ভোগের শক্তিশালী প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ মরিয়ম দাগ্গা এবং তার এপি সহকর্মী আবদেল করিম হানা ও জেহাদ আলশরাফিকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকেই মরিয়ম এপির হয়ে কাজ করছিলেন এবং ব্যক্তিগত নানা শোক ও ঝুঁকি সত্ত্বেও নিরবচ্ছিন্নভাবে সংবাদ ও ছবি সংগ্রহ করে গেছেন।   ৩৩ বছর বয়সী এই সাংবাদিক ২০২৫ সালের আগস্টে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। ওই হামলায় আরও চারজন সাংবাদিকসহ মোট ২২ জন প্রাণ হারান।   পুরস্কার প্রদান অনুষ্ঠানে এপির নির্বাহী সম্পাদক জুলি পেস বলেন, সাংবাদিকরা চরম ব্যক্তিগত ঝুঁকি নিয়ে ঘটনা নথিবদ্ধ করে জনগণকে জানানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি মরিয়মসহ এই সংঘাত ও অন্যান্য সংঘাতে নিহত সব সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের মৃত্যুর ঘটনার জবাবদিহি ও সত্য উদ্ঘাটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।   অনুষ্ঠানে মরিয়মের ঘনিষ্ঠ সহকর্মী ও সাংবাদিকদের বক্তব্যে উঠে আসে যুদ্ধক্ষেত্রে কাজ করার কঠিন বাস্তবতা। ক্ষুধার্ত থেকেও ক্ষুধার্ত মানুষের গল্প বলা, নিজের নিরাপদ আশ্রয় না থাকলেও বাস্তুচ্যুত পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রিয়জনদের নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেও কাজ চালিয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তারা। একটি সন্তানের জননী মরিয়ম একসময় ভাবতেন, তাদের পাঠানো ছবিগুলো আদৌ কারও কাছে পৌঁছাচ্ছে কি না বা কোনো পরিবর্তন আনছে কি না—আজকের এই স্বীকৃতি সেই প্রশ্নেরই উত্তর বলে মন্তব্য করেন এক সহকর্মী।   উল্লেখ্য, ১৯৯৩ সালে মস্কোয় দায়িত্ব পালনকালে নিহত ভিডিও সাংবাদিক ররি পেকের স্মরণে ১৯৯৫ সাল থেকে বিশ্বজুড়ে ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিকদের সাহসিকতা ও অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়ে আসছে। এ বছর ফটোসাংবাদিকতা বিভাগে প্রথমবারের মতো দেওয়া ররি পেক পুরস্কার পেয়েছেন ফরাসি আলোকচিত্রী রবিন তুতেঁজ।    সুদানের দারফুর সংঘাত কাভার করা সুদানি ফ্রিল্যান্স আলোকচিত্রী ও ভিডিও সাংবাদিক আহমেদ মোহামেদ আবদাল্লা একই বিভাগে সংক্ষিপ্ত তালিকায় থাকলেও ভিসা না পাওয়ায় লন্ডনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি; তবে ভিডিও বার্তায় তিনি অবরুদ্ধ মানুষের চরম দুর্দশার চিত্র তুলে ধরেন।   সূত্র: দ্য গার্ডিয়ান   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৮:২৬
ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা
ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা

ভারতের বিহার রাজ্যের মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়েতে লাখো মানুষের সমাগমে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বুধবার (২৫ নভেম্বর) পাটনা জেলার নদওয়ান গ্রামে আয়োজিত এই বিয়েকে কেন্দ্র করে ১০ কিলোমিটারের বেশি সড়কে যানবাহন আটকে পড়ে। অতিরিক্ত ভিড় ও নিরাপত্তাঝুঁকির কারণে বিয়ের অন্যতম আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনালও স্থগিত করা হয়।   ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মেয়ের বিয়েতে সর্বসাধারণকে আমন্ত্রণ জানিয়েছিলেন অনন্ত সিং। স্থানীয় হিসাব অনুযায়ী, অনুষ্ঠানে পাঁচ লাখের বেশি মানুষের সমাগম ঘটে। তবে উপস্থিতির সঠিক সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।   বিয়ের অন্যতম আকর্ষণ ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। এতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে ঘোড়া ও ঘোড়সওয়াররা অংশ নেন। বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে রাখা হয় মাহিন্দ্রা থার গাড়ি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য ছিল মোটরসাইকেল ও স্কুটার।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘোড়দৌড় দেখতে জীবনের ঝুঁকি নিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের টাওয়ারে উঠেছেন বহু দর্শক। অনেকে আশপাশের গাছেও উঠে পড়েন। একপর্যায়ে দর্শকদের ভিড় প্রতিযোগিতার মাঠে ঢুকে পড়লে নিরাপত্তার স্বার্থে আয়োজকেরা খেলা বন্ধ করে দেন। ফাইনাল ২৬ নভেম্বর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।   অন্যদিকে, তীব্র যানজটে আটকা পড়ে বিহার বিধানসভার স্পিকার প্রেম কুমারের গাড়িবহরও। বরযাত্রীদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেকেই গাড়ি ছেড়ে হেঁটে অনুষ্ঠানস্থলের দিকে রওনা হন।   ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিয়েতে অতিথিদের জন্য দেড় শতাধিক পদের খাবারের ব্যবস্থা করা হয়। গুরুত্বপূর্ণ অতিথিদের যাতায়াতের জন্য তৈরি করা হয় পাঁচটি হেলিপ্যাড। অনুষ্ঠানে রাজনৈতিক ও বিনোদন জগতের বিভিন্ন ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন।   অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে বিয়ে হয়েছে ঋষিকেশ কুমারের। তিনি ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কমান্ড্যান্ট রণবিজয় কুমার সিংয়ের ছেলে। জমকালো আয়োজনের পাশাপাশি নজিরবিহীন জনসমাগম ও নিরাপত্তাঝুঁকির কারণে বিয়েটি ভারতজুড়ে আলোচনায় এসেছে। সূত্র: India News   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৭:৬
শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা
শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা

শ্রীলঙ্কার দীর্ঘ গৃহযুদ্ধের এক প্রায়-বিস্মৃত অধ্যায়ের দুই ভাইয়ের স্মৃতি বুকে নিয়ে ৩৬ বছর ধরে বেঁচে আছেন ফৌজুল হিনায়া (৬০)। ১৯৯০ সালের জুলাই মাসে কুরুক্কলমাদামের কাছে তামিল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এলটিটিইর গুলিতে প্রাণ হারিয়েছিলেন তাঁর ভাই ফৌজুল আমির। সে সময় ৬০ থেকে প্রায় ১৫০ জন মুসলিমকে গুলি করে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয়। সম্প্রতি কুরুক্কলমাদামের একটি গণকবরে আদালত-নিযুক্ত প্রত্নতাত্ত্বিক দলের খননকাজ দীর্ঘদিনের সেই ক্ষতে নতুন করে আশার আলো জাগিয়েছে।   ভুক্তভোগী পরিবারগুলোর মতে, ১৯৯০ সালের কুরুক্কলমাদাম হত্যাকাণ্ড ছিল শ্রীলঙ্কার মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি বড় বাঁক বদলের মুহূর্ত। এর আগে পর্যন্ত এলটিটিই মূলত লড়াইয়ের তহবিল সংগ্রহের জন্য মুসলিমদের অপহরণ করে মুক্তিপণ আদায় করত। কিন্তু এরপর তারা সরাসরি রক্তপাতের পথ বেছে নেয়। ঠিক এক মাস পর, ১৯৯০ সালের আগস্টে পূর্বাঞ্চলীয় শহর কাত্তানকুডি ও ইরাভুরের দুটি মসজিদে হামলা চালিয়ে অন্তত ৩০০ মুসলিমকে হত্যা করে এলটিটিই   সেই ভয়াবহ সময়ে নিখোঁজ হন হিনায়ার আরেক ভাইও। পরিবারের শোকের দিনে পাশে থাকতে বাড়ি ফেরার কয়েক দিনের মধ্যেই তিনি বাত্তিকালোয়া শহর থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আনতে ঠেলাগাড়ি নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু এলটিটিই তাঁকে অপহরণ করে এবং এরপর আর কোনো খোঁজ মেলেনি; তাঁকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে।   অন্যদিকে, ৫৯ বছর বয়সী মোহাম্মদ রিজনি স্মরণ করেন উত্তরাঞ্চলীয় প্রদেশ থেকে মুসলিমদের উচ্ছেদের মর্মান্তিক অভিজ্ঞতা। ভারতীয় সেনাবাহিনী চলে যাওয়ার পর ১৯৯০ সালের শুরুতে তামিল ও মুসলিমরা মিলেমিশে এক পরিবারের মতোই নিজ নিজ গ্রামে ফিরেছিলেন। কিন্তু ওই বছরের অক্টোবরে এলটিটিই উত্তরাঞ্চলের মুসলিম গ্রামবাসীদের জড়ো করে মাত্র দুই দিনের মধ্যে প্রদেশ ছাড়ার নির্দেশ দেয়। রিজনি জানান, উত্তরাঞ্চলীয় প্রদেশে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র ৫ শতাংশ, যেখানে তামিল ছিলেন ৯০ শতাংশেরও বেশি। ১৯৯০ সালের অক্টোবরে আনুমানিক ৭৫ হাজার থেকে ১ লাখ মুসলিমকে জোরপূর্বক ওই প্রদেশ থেকে বিতাড়িত করা হয়।   তবে দীর্ঘ বঞ্চনা ও ট্রমা সত্ত্বেও সাম্প্রদায়িক সম্প্রীতি ফেরার আশা ছাড়েননি রিজনি। তাঁর ভাষায়, তামিল ও মুসলিমদের মধ্যে বরাবরই সুসম্পর্ক থাকবে এবং মুসলিমরা উচ্ছেদের ঘটনা ভুলবে না, কিন্তু এলটিটিই যা করেছে সে জন্য সাধারণ তামিলদের দোষারোপ করা হবে না।   কুরুক্কলমাদামের গণকবর খননকে সত্য উদ্ঘাটন ও মানসিক প্রশান্তির একটি পথ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ফারুক নামের এক সংশ্লিষ্ট ব্যক্তি জানান, কোনো রাজনৈতিক সংগ্রাম বা জাতিগত দাবি নিরীহ মানুষ হত্যা কিংবা পরিবারকে বাস্তুচ্যুত করার যুক্তি হতে পারে না। তিনি কর্তৃপক্ষের কাছে একটি যথাযথ ও স্বাধীন তদন্তের প্রত্যাশা করেছেন, যাতে নিহতদের পরিচয় শনাক্ত করা যায় এবং গণকবর থেকে উঠে আসা তথ্যগুলো প্রতিষ্ঠিত হয়।    পাশাপাশি উত্তরাঞ্চল থেকে উচ্ছেদ হওয়া মুসলিম পরিবারগুলোর মর্যাদার সাথে ফেরা ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। অন্যদিকে ফৌজের মতে, কুরুক্কলমাদামে কর্তৃপক্ষ কীভাবে পরবর্তী পদক্ষেপ নেয়, তার ওপরই নির্ভর করবে শ্রীলঙ্কার মুসলিমরা বহু প্রতীক্ষিত উত্তরগুলো শেষ পর্যন্ত পাবে কি না। সূত্র: আল জাজিরা।   873 ডিএন 

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৬:৫৭
ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস
ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস, বাস্তুচ্যুত বহু পরিবার

ভারতের বিভিন্ন রাজ্যে সরকারি উচ্ছেদ অভিযান ও বুলডোজার ব্যবহারের ঘটনায় বাড়িঘর হারাচ্ছেন হাজারো মানুষ। বিশেষ করে আসাম রাজ্যে সাম্প্রতিক কয়েকটি অভিযানে বিপুলসংখ্যক বাঙালি মুসলিম পরিবারের বসতবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এসব ঘটনায় শুধু বসতঘর নয়, মসজিদসহ বিভিন্ন স্থাপনাও ধ্বংস করা হয়েছে। উচ্ছেদের বৈধতা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের অভিযোগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।   সর্বশেষ ১৩ নভেম্বর আসামের লখিমপুর জেলার বোগিনাদি এলাকায় ১৯৮৩ সালের সাম্প্রদায়িক সহিংসতায় বাস্তুচ্যুত হয়ে বসতি গড়া ১৩২টি বাঙালি মুসলিম পরিবারের বাড়িঘর ভেঙে দেয় প্রশাসন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব পরিবারে প্রায় ৭০৪ জন সদস্য ছিলেন। অভিযানে একটি মসজিদসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।   বাসিন্দাদের অভিযোগ, তাঁদের পাশের এলাকায় বসবাসকারী অন্য সম্প্রদায়ের কিছু পরিবারের বাড়িঘর অক্ষত রাখা হলেও মুসলিম পরিবারগুলোকে উচ্ছেদ করা হয়েছে। তাঁদের দাবি, ১৯৮৩ সালের সহিংসতার পর সরকার তাঁদের পরিবারগুলোকে ওই এলাকায় বসতি স্থাপনের সুযোগ দিয়েছিল। তবে প্রশাসনের বক্তব্য, জমিটি সরকারি এবং জনস্বার্থে ব্যবহারের জন্য খালি করা হচ্ছে।   এর আগে ১ নভেম্বর আসামের ধুবড়ি জেলার আলমগঞ্জ পার্ট-নাইন গ্রামে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়। সংবাদমাধ্যম স্ক্রলের প্রতিবেদন অনুযায়ী, সেখানে ৬৪০টির বেশি বাঙালি মুসলিম পরিবারের বাড়িঘর ভেঙে দেওয়া হয়। এতে চার হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হন। প্রায় ৬৫০ বিঘা সরকারি জমিতে এই অভিযান পরিচালিত হয়।   জেলা প্রশাসনের দাবি, সরকারি জমি দখলমুক্ত করে সেখানে শিল্প পার্ক নির্মাণের জন্য জমি হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। উচ্ছেদের আগে বাসিন্দাদের নোটিশ দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে প্রশাসন। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁদের অনেকেই কয়েক দশক ধরে ওই এলাকায় বসবাস করছেন। কেউ কেউ জমির রাজস্ব পরিশোধের পুরোনো রসিদও দেখিয়েছেন। উচ্ছেদের পর অনেক পরিবার আত্মীয়স্বজনের বাড়িতে, অস্থায়ী ঘরে কিংবা রাস্তার পাশে ত্রিপল টাঙিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।   এ ছাড়া অক্টোবর মাসে আসামের নগাঁও, হোজাই ও গোলাঘাট জেলায় দুই দিনের উচ্ছেদ অভিযানে এক হাজারের বেশি মুসলিম পরিবার বাস্তুচ্যুত হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। সংরক্ষিত বনাঞ্চল ও সরকারি জমি দখলমুক্ত করার কথা বলে এসব অভিযান চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের একটি অংশের দাবি, তাঁদের পরিবার কয়েক দশক ধরে ওই এলাকায় বসবাস করছে।   সংবাদমাধ্যম স্ক্রলের সংকলিত সরকারি তথ্য অনুযায়ী, আসামে গত ১০ বছরে সরকারি জমি থেকে প্রায় ১৯ হাজার পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এসব পরিবারের অধিকাংশই মুসলিম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশের শাজাপুর জেলার ভোপাখেড়ি গ্রামে ১৪ নভেম্বর তিনটি বাড়ি ভেঙে দেয় প্রশাসন। বাড়িগুলোর মালিকদের মধ্যে দুটি মুসলিম পরিবার এবং একটি আদিবাসী পরিবারের সদস্য ছিলেন। অভিযানে ২৫০ জনের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়।   প্রশাসনের দাবি, বাড়িগুলো সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এবং নোটিশ দেওয়ার পর উচ্ছেদ করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একই এলাকায় প্রায় ২০০টি বাড়ি থাকলেও বেছে বেছে তিনটি বাড়ি ভাঙা হয়েছে। তাঁদের দাবি, ১৯৯৬-৯৭ সাল থেকে স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে সেখানে বসতি স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল। এ ঘটনায় নির্বাচিতভাবে উচ্ছেদ পরিচালনার অভিযোগ উঠেছে।   ভারতে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙার বিষয়টি নিয়ে আগেও দেশটির সর্বোচ্চ আদালত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। ২০২৪ সালের ১৩ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্ট করেন, কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত বা দোষী হলেই তাঁর বাড়িঘর ভেঙে দেওয়া যায় না। উচ্ছেদের ক্ষেত্রে যথাযথ নোটিশ, জবাব দেওয়ার সুযোগ এবং আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।   এদিকে ২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর আসামের গোয়ালপাড়া জেলায় ৭৩টি বাঙালি মুসলিম পরিবারের বাড়ি ভাঙার ঘটনায় গৌহাটি হাইকোর্ট প্রশাসনের পদক্ষেপকে প্রাথমিকভাবে বেআইনি ও অননুমোদিত বলে পর্যবেক্ষণ করেন। আদালত বলেন, ব্যক্তিগত কৃষিজমিতে বাড়িঘর ভাঙার আগে বাসিন্দাদের বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়া এবং জরুরি বিপদের যথাযথ কারণ দেখাতে না পারা গুরুতর আইনি প্রশ্ন তৈরি করে।   আসাম সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, এসব অভিযান কোনো ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না। সরকারি জমি, বনাঞ্চল ও সংরক্ষিত এলাকার অবৈধ দখল উচ্ছেদ করাই তাদের উদ্দেশ্য। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং উচ্ছেদের ক্ষেত্রে সমান আইনি অধিকার নিশ্চিত করার দাবি উঠেছে। বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীদের আলোচনায়ও প্রশ্ন উঠছে, সরকারি জমি উদ্ধার করতে গিয়ে সাধারণ মানুষের বসতবাড়ি ভাঙার আগে যথাযথ আইনি প্রক্রিয়া এবং মানবিক পুনর্বাসন নিশ্চিত করা হচ্ছে কি না। সংবাদসূত্র: ভারতের সুপ্রিম কোর্ট, দ্য ইন্ডিপেনডেন্ট।874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৬:৫১
শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের  ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী
শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী

দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ ধনী ও এসকে গ্রুপের চেয়ারম্যান চে তাই-ওন বিবাহবিচ্ছেদের সম্পত্তি ভাগাভাগির মামলায় সাবেক স্ত্রী রো সো-ইয়ংকে প্রায় ৭০ কোটি ডলার দিতে রাজি হয়েছেন। তবে তাঁর এই প্রস্তাবে সম্মতি দেননি সাবেক স্ত্রী। দ্রুত বিরোধ নিষ্পত্তি করতে হলে চে-কে সুপ্রিম কোর্টে করা আপিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।   দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ নভেম্বর চে তাই-ওনের আইনজীবীরা দেশটির সুপ্রিম কোর্টে দুই পক্ষের মধ্যে সমঝোতার সুপারিশ চেয়ে আবেদন করেন। এতে আদালত নির্ধারিত সম্পত্তি ভাগের পুরো অর্থ, প্রায় ৭০ কোটি ডলার, পরিশোধের আগ্রহ প্রকাশ করেন চে।   দীর্ঘদিনের আইনি বিরোধের অবসান ঘটিয়ে ব্যবসায় মনোযোগ দেওয়ার লক্ষ্যেই তাঁর এই উদ্যোগ। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সেমিকন্ডাক্টর শিল্পে বৈশ্বিক প্রতিযোগিতা বাড়তে থাকায় এসকে গ্রুপের ব্যবসায় আরও মনোযোগ দিতে চান তিনি।   তবে ২৫ নভেম্বর রো সো-ইয়ংয়ের আইনজীবীরা আদালতে লিখিত বক্তব্য জমা দিয়ে এই সমঝোতার প্রস্তাবে আপত্তি জানান। তাঁদের বক্তব্য, চে যদি সত্যিই দ্রুত বিরোধের নিষ্পত্তি চান, তাহলে আদালতের কাছে সমঝোতার সুপারিশ চাওয়ার পরিবর্তে তাঁর আপিল প্রত্যাহার করা উচিত। এতে জুলাইয়ে সিউল হাইকোর্টের দেওয়া সম্পত্তি ভাগের রায় চূড়ান্ত হবে।   সমঝোতার প্রস্তাবের শর্ত নিয়েও আপত্তি রয়েছে রোর পক্ষের। চে-র প্রস্তাবে সম্পত্তির অর্থ পরিশোধের পাশাপাশি ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে আর কোনো দাবি বা আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।   দক্ষিণ কোরিয়ার আইনে আদালতের সমঝোতার সুপারিশ পাওয়ার পর দুই পক্ষের কেউ দুই সপ্তাহের মধ্যে আপত্তি না জানালে সেটি চূড়ান্ত রায়ের সমান আইনি কার্যকারিতা পায়। তবে রোর পক্ষ আপত্তি জানানোয় এই প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তির সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।   এর আগে গত জুলাইয়ে সিউল হাইকোর্ট চে তাই-ওনকে সাবেক স্ত্রীকে প্রায় ৬৪ কোটি ৪০ লাখ ডলার সম্পত্তি ভাগ করে দেওয়ার নির্দেশ দেন। আদালত তাঁদের সম্পত্তির এক-তৃতীয়াংশ রোর প্রাপ্য বলে নির্ধারণ করেন।   এর আগে ২০২৪ সালে একই আদালত চে-কে প্রায় ৯৪ কোটি ডলার দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট ওই রায়ের সম্পত্তি ভাগের অংশ পুনর্বিবেচনার জন্য নিম্ন আদালতে ফেরত পাঠান। এরপর পুনর্বিবেচনায় অর্থের পরিমাণ কমে আসে।   চে প্রথমে নতুন রায়ের একটি অংশ নিয়ে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন। তবে পরবর্তী সময়ে পুরো অর্থ পরিশোধের আগ্রহ প্রকাশ করেন তিনি।   চে-র আইনজীবীরা জানিয়েছেন, দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটাতে আন্তরিকভাবেই সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে রোর পক্ষের আপত্তির কারণে আইনি প্রক্রিয়া অব্যাহত থাকতে পারে।   চে তাই-ওন ও রো সো-ইয়ং ১৯৮৮ সালে বিয়ে করেন। তাঁদের তিন সন্তান রয়েছে। ২০১৫ সালে চে অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক এবং ওই সম্পর্ক থেকে তাঁর একটি সন্তান থাকার কথা প্রকাশ্যে জানান। এর দুই বছর পর ২০১৭ সালে বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়।   বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হলেও সম্পত্তি ভাগাভাগি নিয়ে আইনি লড়াই এখনো চলছে। দক্ষিণ কোরিয়ার ব্যবসায়িক অঙ্গনেও মামলাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। কারণ, চে দেশটির অন্যতম প্রভাবশালী শিল্পগোষ্ঠী এসকে গ্রুপের চেয়ারম্যান। গ্রুপটির সেমিকন্ডাক্টর ব্যবসা ও এআই প্রযুক্তিতে বিনিয়োগের কারণে তাঁর ব্যক্তিগত আইনি বিরোধও আলোচনায় রয়েছে।  সূত্র: moneycontrol   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৬:৪১

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

নভেম্বর ২১, ২০২৬ ১৩:০