সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি, যুক্তরাষ্ট্রে শতভাগ বৈধ গ্রিন কার্ডধারীদেরও আটক করছে ICE

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৯, ২০২৬ ২১:৪
শিকাগোর ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় লিন্ডসেকে। ছবি: সংগৃহীত
শিকাগোর ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় লিন্ডসেকে। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘ ২৮ বছর ধরে বৈধভাবে বসবাসের পরও ডেটন আন্দ্রে লিন্ডসে নামের এক গ্রিন কার্ডধারীকে আটক করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস প্রয়োগকারী সংস্থা (আইস)। জ্যামাইকায় ছুটি কাটিয়ে শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় তাকে হেফাজতে নেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রশাসন অভিবাসন আইন কঠোর করার পর থেকে লিন্ডসের মতো বহু বৈধ স্থায়ী বাসিন্দাদেরও এখন অভিবাসন দপ্তরের কড়াকড়ির মুখোমুখি হতে হচ্ছে।

 

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) এবং আদালত সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডেটন আন্দ্রে লিন্ডসে মূলত জ্যামাইকার নাগরিক হলেও গত প্রায় তিন দশক ধরে বৈধ পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ডধারী হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি ইলিনয়ের জোলিয়েটে একটি ওয়ালমার্ট ডিস্ট্রিবিউশন সেন্টারে কাজ করার পাশাপাশি স্থানীয় কয়েকটি রেস্তোরাঁয় শেফ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ও তার স্ত্রী বেঞ্জি লিন্ডসে গত ছয় বছর ধরে বিবাহিত জীবন কাটাচ্ছেন এবং তাদের যৌথ পরিবারে ৫ সন্তান ও ৭ নাতি-নাতনি রয়েছে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ও’হেয়ার বিমানবন্দরে নামার পর অভিবাসন কর্মকর্তারা লিন্ডসেকে আটকে দেন। মূলত ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অভিবাসন নীতি অত্যন্ত কঠোর করায় বিমানবন্দরে সাধারণ গ্রিন কার্ডধারীদের নথিপত্র এবং অতীত ইতিহাস পুনরায় নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে। আদালতের নথিপত্র পর্যালোচনা করে জানা গেছে, ২০১৪ সালে লিন্ডসের বিরুদ্ধে একটি পারিবারিক সাধারণ সহিংসতার (মিসডিমিনর ডোমেস্টিক ব্যাটারি) অভিযোগ এবং প্রায় ১০ বছর আগে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর (ডিইউআই) একটি ট্রাফিক মামলা ছিল।

 

স্থানীয় গণমাধ্যম ডব্লিউজিএন ৯ (WGN 9) জানায়, লিন্ডসে এর আগেও বহুবার কোনো ধরনের ঝামেলা ছাড়াই যুক্তরাষ্ট্রে যাতায়াত করেছেন। আদালতের রায়ে বিচারক উল্লেখ করেছেন যে, লিন্ডসের অতীত অপরাধগুলো এককভাবে বিবেচনা করলে তেমন গুরুতর নয়, তবে একসঙ্গে দেখলে তা আইনের প্রতি এক ধরনের অবজ্ঞার ইঙ্গিত দেয়। লিন্ডসে জামিন পাওয়ার যোগ্য হলেও শেষ পর্যন্ত তাকে মুক্তি না দিয়ে কেন্টাকির হপকিন্স কাউন্টি জেলে বন্দি রাখা হয়েছে।

 

এই ঘটনার পর লিন্ডসের স্ত্রী বেঞ্জি লিন্ডসে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই, কোনো গুরুতর অপরাধের রেকর্ডও নেই। সে শতভাগ বৈধ একজন মানুষ, তাও আইস তাকে অন্যায়ভাবে আটকে রেখেছে।” দীর্ঘ আইনি লড়াইয়ের কারণে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। লিন্ডসের আইনজীবীরা গত জুন মাসে কেন্টাকির ফেডারেল আদালতে একটি ‘হেবিয়াস কর্পাস’ (অবৈধ আটকাদেশ চ্যালেঞ্জকারী রিট) পিটিশন দায়ের করেছেন।

 

প্রোপাবলিকার এক বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আইসের এই ধরপাকড় চ্যালেঞ্জ করে এ পর্যন্ত প্রায় ৬০ হাজারেরও বেশি হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করা হয়েছে, যা বিগত তিনটি প্রশাসনের সম্মিলিত সংখ্যার চেয়েও বেশি। কেন্টাকির যে কেন্টাকি ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে লিন্ডসের মামলাটি বিচারাধীন, সেখানে ২০২৩ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫০০টিরও বেশি রিট আবেদন জমা পড়েছে।

 

ইউসি বার্কলের ‘ডিপোর্টেশন ডেটা প্রজেক্ট’-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রায় ৩ লাখ ৯০ হাজার মানুষকে আইস গ্রেপ্তার করেছে। জুন মাসের শেষ দিকে মাত্র ৫ দিনে ১০ হাজার মানুষকে আটক করা হয়। বর্তমানে আইসের ডিটেনশন সেন্টারগুলোতে বন্দির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৯ হাজার।

 

অভিবাসন আইনজীবীরা বলছেন, শুধু লিন্ডসে একাই নন, কলাম্বিয়া ইউনিভার্সিটির স্নাতক মাহমুদ খলিল এবং মিলওয়াকি ইসলামিক সোসাইটির প্রেসিডেন্ট সালাহ সারসুরের মতো দীর্ঘদিনের গ্রিন কার্ডধারীদেরও সাম্প্রতিক সময়ে কয়েক মাস করে আটকে রাখা হয়েছিল, যদিও পরবর্তীতে আদালতের নির্দেশে তারা মুক্তি পান। অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের এক মুখপাত্র অবশ্য জানিয়েছেন, যারা অবৈধ বা নিয়মের বাইরে আছেন, তাদের নিজ খরচে চলে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, অন্যথায় গ্রেপ্তার ও বহিষ্কারের প্রক্রিয়া চলমান থাকবে। লিন্ডসের পরিবার এখন আদালতের পরবর্তী শুনানির দিকে তাকিয়ে আছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
ছবি ডিজাইন আমেরিকা বাংলা।
বিনিয়োগ করে গ্রিন কার্ড পেতে বাড়তি হাজার ডলার, আজ থেকে কার্যকর নতুন ফি

যুক্তরাষ্ট্রে বিনিয়োগের মাধ্যমে স্থায়ী বসবাসের সুযোগ পেতে আগ্রহীদের জন্য নতুন ফি কার্যকর হয়েছে। সোমবার ৩০ নভেম্বর ২০২৬ থেকে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস) ইবি-৫ বিনিয়োগকারী অভিবাসন কর্মসূচির বিভিন্ন আবেদন ও পিটিশনের ফি বাড়িয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত তারিখে বা তার পরে ডাকযোগে পাঠানো আবেদনগুলোর ক্ষেত্রে নতুন ফি দিতে হবে।   ইবি-৫ কর্মসূচির মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে যোগ্য ব্যবসায় বিনিয়োগ এবং নির্দিষ্টসংখ্যক কর্মসংস্থান সৃষ্টির শর্ত পূরণ করে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন। এটি সাধারণ কর্মভিসা নয়; বরং নির্দিষ্ট বিনিয়োগ ও কর্মসংস্থান-সংক্রান্ত শর্ত পূরণ করতে হয়।   নতুন ফি কাঠামো অনুযায়ী, সরাসরি বিনিয়োগকারীদের জন্য ফরম আই-৫২৬-এর আবেদন ফি ৩ হাজার ৬৭৫ ডলার থেকে বেড়ে ৭ হাজার ৬১৫ ডলার হয়েছে। আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে বিনিয়োগকারীদের ফরম আই-৫২৬ই-এর ফি একইভাবে ৩ হাজার ৬৭৫ ডলার থেকে বেড়ে ৭ হাজার ৮৫০ ডলার হয়েছে। এ ছাড়া আই-৫২৬ ও প্রাথমিক আই-৫২৬ই আবেদনের ক্ষেত্রে ৭৫ ডলারের প্রযুক্তি ফি যুক্ত হয়েছে।   আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য ইবি-৫ ইন্টিগ্রিটি ফান্ডের ফিও বেড়েছে। নতুন নিয়মে এই ফি ১ হাজার ডলার থেকে বেড়ে ১ হাজার ১০০ ডলার হয়েছে। ফলে আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে নতুন আবেদনকারীর ক্ষেত্রে শুধু আই-৫২৬ই আবেদন ফি, প্রযুক্তি ফি ও ইন্টিগ্রিটি ফান্ডের ফি মিলিয়ে সরকারি খরচ দাঁড়াচ্ছে ৮ হাজার ৯৫০ ডলার।   অন্যদিকে, যেসব বিনিয়োগকারী ইতোমধ্যে শর্তসাপেক্ষ স্থায়ী বাসিন্দা হয়েছেন এবং স্থায়ী বসবাসের শর্ত তুলে নেওয়ার জন্য ফরম আই-৮২৯ জমা দেবেন, তাঁদের আবেদন ফি ৩ হাজার ৭৫০ ডলার থেকে বেড়ে ৫ হাজার ডলার হয়েছে।   যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত চূড়ান্ত বিধিমালার মাধ্যমে এই ফি পরিবর্তন করে। বিভাগের বক্তব্য অনুযায়ী, ইবি-৫ কর্মসূচি পরিচালনার ব্যয় মেটানো, আবেদন প্রক্রিয়া উন্নত করা এবং কর্মসূচির স্বচ্ছতা ও তদারকি জোরদার করার উদ্দেশ্যে নতুন ফি নির্ধারণ করা হয়েছে।   বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। যাঁরা যুক্তরাষ্ট্রে বিনিয়োগের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের বিনিয়োগের অর্থ, আবেদন ফি, আইনজীবীর খরচ এবং সংশ্লিষ্ট প্রকল্পের অন্যান্য ব্যয় আলাদাভাবে হিসাব করতে হবে। শুধু আবেদন ফি বাড়লেই ইবি-৫ কর্মসূচির ন্যূনতম বিনিয়োগের পরিমাণ বেড়েছে—এমন নয়। এই বিধিমালায় মূল বিনিয়োগের পরিমাণ পরিবর্তন করা হয়নি।   বিশেষজ্ঞদের পরামর্শ, আবেদন জমা দেওয়ার আগে ইউএসসিআইএসের সর্বশেষ ফি তালিকা, বিনিয়োগের যোগ্যতা এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা উচিত। কারণ ভুল ফি বা অসম্পূর্ণ আবেদন জমা দিলে আবেদন গ্রহণে জটিলতা তৈরি হতে পারে। সংবাদসূত্র:যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টার—চূড়ান্ত সরকারি বিধিমালা⁠। এসকিউ ৮৭৪

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ১৩:৪০
মায়ামিতে খাবারের খরচ সামলাতে না পেরে ফুড ব্যাংকে ভিড় করছেন কর্মজীবী পরিবারগুলো

মায়ামিতে খাবারের খরচ সামলাতে না পেরে ফুড ব্যাংকে ভিড় করছেন কর্মজীবী পরিবারগুলো

ফ্লোরিডায় উল্টো পথে ৭ মাইল গাড়ি চালিয়ে গোয়েন্দাকে হ ত্যা, অভিযুক্তের বিরুদ্ধে আইস ডিটেইনার

ফ্লোরিডায় উল্টো পথে ৭ মাইল গাড়ি চালিয়ে গোয়েন্দাকে হ ত্যা, অভিযুক্তের বিরুদ্ধে আইস ডিটেইনার

অভিবাসন নথি যাচাইয়ে চাপে হাজারো প্রবাসী পরিবারের ভবিষ্যৎ

সরকারি আবাসন সহায়তায় নতুন নিয়ম, অভিবাসন নথি যাচাইয়ে চাপে হাজারো প্রবাসী পরিবারের ভবিষ্যৎ

আদালতের রায়ের পর আইসের সঙ্গে চুক্তি স্থগিত, অভিবাসীদের আর অতিরিক্ত আটক রাখবে না কাউন্টি
আদালতের রায়ের পর আইসের সঙ্গে চুক্তি স্থগিত, অভিবাসীদের আর অতিরিক্ত আটক রাখবে না কাউন্টি

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার লাউডন কাউন্টি শেরিফ দপ্তর ফেডারেল অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসের (আইসিই) সঙ্গে তাদের ২৮৭(জি) অংশীদারত্ব স্থগিত করার ঘোষণা দিয়েছে, যার আওতায় চলতি বছর শুরু থেকে ৩৩০ জন অবৈধ অভিবাসীকে ফেডারেল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছিল।   চতুর্থ মার্কিন সার্কিট কোর্ট অব আপিলস গত সোমবার গভর্নর অ্যাবিগেইল স্প্যানবার্গারের স্বাক্ষরিত এইচবি ১৪৪১ আইনের মূল ধারাগুলোর ওপর থাকা প্রাথমিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এই সিদ্ধান্ত আসে, যা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফেডারেল অভিবাসন সংস্থার সহযোগিতায় কঠোর শর্ত আরোপ করেছে।   শেরিফ দপ্তরের মুখপাত্র ফক্স ৫ ডিসিকে জানিয়েছেন, এখন থেকে ওয়ারেন্ট বা ডিটেইনার থাকা ব্যক্তিদের জেল থেকে নির্ধারিত মুক্তির দিনেই ছেড়ে দেওয়া হবে এবং আইসের আসার অপেক্ষায় অতিরিক্ত ৪৮ ঘণ্টা আটক রাখা হবে না।   স্প্যানবার্গারের আইনটি অভিবাসন প্রয়োগ অংশীদারত্বে ১২টি শর্ত যুক্ত করেছে—এর মধ্যে অভিযান শুরুর অন্তত সাত দিন আগে ফেডারেল এজেন্টদের নাম ও পদমর্যাদা প্রকাশ, পোশাক বা গাড়িতে ‘পুলিশ’ শব্দ ব্যবহার নিষিদ্ধ করা, নজরদারি প্রযুক্তি সীমিত করা এবং স্কুল, উপাসনালয় ও আদালতে অভিযান সীমাবদ্ধ রাখার মতো বিষয় রয়েছে।   জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই স্প্যানবার্গার অঙ্গরাজ্যে ফেডারেল অভিবাসন তৎপরতা সীমিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছেন, যার মধ্যে রাষ্ট্রীয় সংস্থাগুলোর ২৮৭(জি) চুক্তি বাতিল, মুখোশ পরায় নিষেধাজ্ঞা এবং রাষ্ট্রীয় সম্পত্তি ব্যবহারে বিধিনিষেধ রয়েছে; তবে ট্রাম্প প্রশাসন ও ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্যগুলোর এই আইনি লড়াইয়ের মাঝেও ভার্জিনিয়ার ২০১৫ সালের একটি পৃথক আইনের আওতায় নির্ধারিত মুক্তির সর্বোচ্চ পাঁচ দিন আগে নির্দিষ্ট কিছু বন্দিকে হেফাজতে নেওয়ার সুযোগ আইসের হাতে রয়ে গেছে।

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ১২:৪৪
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ডিএসএর ভোট, ওকাসিও-কর্টেজের ধারেকাছেও নেই প্রতিদ্বন্দ্বীরা

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ডিএসএর ভোট, ওকাসিও-কর্টেজের ধারেকাছেও নেই প্রতিদ্বন্দ্বীরা

যুক্তরাষ্ট্রে সরকারি চাকরি ও সিভিল সার্ভিস পরীক্ষায় ডিসেম্বরের আবেদনের সুযোগ; কয়েকটির সময়সীমা প্রথম সপ্তাহে। ছবি: সংগৃহীত

ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে সরকারি চাকরির সুযোগ, আবেদন চলছে বিভিন্ন পদে! জানুন বিস্তারিত

অপহরণের প্রায় ১৩ বছর পর  হ ত্যার অভিযোগে গ্রেপ্তার চারজন, খুলল পুরোনো রহস্য

অপহরণের প্রায় ১৩ বছর পর হ ত্যার অভিযোগে গ্রেপ্তার চারজন, খুলল পুরোনো রহস্য

চীনে যুক্তরাষ্ট্রের এআই চিপ রপ্তানি নিয়ন্ত্রণে ট্রাম্পের সঙ্গে সংঘাতের পথে রিপাবলিকানরা
চীনে যুক্তরাষ্ট্রের এআই চিপ রপ্তানি নিয়ন্ত্রণে ট্রাম্পের সঙ্গে সংঘাতের পথে রিপাবলিকানরা

চীনে যুক্তরাষ্ট্রের তৈরি উন্নত প্রযুক্তির সেমিকন্ডাক্টর বা এআই চিপ রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়াতে পারেন তাঁর নিজ দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা। চীনের কাছে অত্যাধুনিক মার্কিন চিপ বিক্রি সীমিত করতে কংগ্রেসের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন রিপাবলিকানদের একটি অংশ। এতে চীননীতি, বাণিজ্যিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক প্রতিযোগিতা নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে কংগ্রেসের নতুন সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।   রোববার (২৯ নভেম্বর) প্রকাশিত দ্য হিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক এই বিরোধকে আরও জোরালো করেছে। গত সপ্তাহে ট্রাম্পের হস্তক্ষেপের পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংকে আবারও প্রধান নির্বাহীর দায়িত্বে ফিরিয়ে আনে। এর আগে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কিত তথ্য প্রকাশের পর ১২ নভেম্বর তিনি পদ ছাড়েন।হুয়াং দীর্ঘদিন ধরে চীনে আরও বেশি এনভিডিয়া চিপ বিক্রির পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর যুক্তি, চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরশীল রাখলে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক সুবিধা বজায় থাকবে। তবে কংগ্রেসের চীনবিষয়ক কট্টর অবস্থানের আইনপ্রণেতারা মনে করেন, উন্নত মার্কিন চিপ চীনের হাতে গেলে দেশটির কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামরিক প্রযুক্তির সক্ষমতা বাড়তে পারে। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।   এ পরিস্থিতিতে তিনটি গুরুত্বপূর্ণ বিলকে প্রতিরক্ষা নীতি ও অনুমোদনসংক্রান্ত বার্ষিক আইন ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্টের (NDAA) সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিলগুলো হলো:   ১. চিপ সিকিউরিটি অ্যাক্ট: উন্নত মার্কিন চিপের অবৈধ পাচার ও চীনে সরবরাহ ঠেকাতে চিপের গতিবিধি অনুসরণের ব্যবস্থা জোরদার করবে।   ২. এআই ওভারসাইট অ্যাক্ট: চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে উন্নত এআই চিপ রপ্তানির ক্ষেত্রে কংগ্রেসের তদারকি ও অনুমোদনসংক্রান্ত ক্ষমতা বাড়াবে।   ৩. ম্যাচ অ্যাক্ট (MATCH Act): চিপ তৈরির যন্ত্রপাতি রপ্তানির ওপর বিধিনিষেধ জোরদার করতে চায়।   প্রস্তাবিত পদক্ষেপগুলো কার্যকর হলে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানির বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত হতে পারে। এতে ট্রাম্প ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে রিপাবলিকান আইনপ্রণেতাদের মতবিরোধ বাড়ার আশঙ্কা রয়েছে। কারণ ট্রাম্প প্রশাসন বাণিজ্যনীতি ও শুল্কসংক্রান্ত সিদ্ধান্তে নির্বাহী বিভাগের ক্ষমতা বজায় রাখতে আগ্রহী। তবে প্রস্তাবিত আইনগুলো নিয়ে হোয়াইট হাউস এখনো আনুষ্ঠানিক অবস্থান জানায়নি।সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জন থুন বলেন, চীনের হাতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত চিপ পৌঁছানো জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করে। এ কারণে শক্তিশালী ও দ্বিদলীয় রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন। অন্যদিকে, প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনও প্রতিরক্ষা বিলের সঙ্গে চিপ রপ্তানি নিয়ন্ত্রণ যুক্ত করার বিষয়ে সমর্থন জানিয়েছেন। তবে সিনেটে এনডিএএ এখনো পাস হয়নি।   আইনপ্রণেতাদের হাতে চলতি বছরের আইন প্রণয়নের কার্যক্রম শেষ হওয়ার আগে প্রায় তিন সপ্তাহ সময় রয়েছে। জানুয়ারিতে কংগ্রেসে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতার দায়িত্ব নেওয়ার আগে রিপাবলিকানদের মধ্যেই এ বিষয়ে সমঝোতা কতটা সম্ভব হয়, এখন সেটিই দেখার বিষয়। ট্রাম্প প্রস্তাবিত বিধিনিষেধের বিরোধিতা করলে সাধারণত দ্বিদলীয় সমর্থন পাওয়া প্রতিরক্ষা বিলটিও জটিলতার মুখে পড়তে পারে।   সংবাদ সূত্র The Hill  ৮৭৬ টিআর

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ১০:৫৩
নিউইয়র্ক সিটিতে সাধারণ দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে বার্ষিক ১ লাখ ১৬ হাজার ৪০০ ডলার আয়ের হিসাব। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে দুই বেডরুমের বাসার ভাড়া সামলাতে ঘণ্টায় আয় করতে হবে প্রায় ৫৬ ডলার

যুক্তরাষ্ট্রে আগামী ১ ডিসেম্বর গ্রাহকদের ১০ লাখ ফ্রি কফি দেবে ডানকিন,জেনে নিন  যেভাবে পাবেন

যুক্তরাষ্ট্রে আগামী ১ ডিসেম্বর গ্রাহকদের ১০ লাখ ফ্রি কফি দেবে ডানকিন,জেনে নিন যেভাবে পাবেন

যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসের সোশ্যাল সিকিউরিটির অর্থ প্রদানের সময়সূচি ঘোষণা; এসএসআই সুবিধাভোগীরা পাবেন দুবার ভাতা। ছবি: সংগৃহীত

ডিসেম্বরের সোশ্যাল সিকিউরিটি পেমেন্টের সময়সূচি প্রকাশ, এক সএসআই সুবিধাভোগীরা অর্থ পাবেন ২ বার

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...