মাছ ধরতে গিয়ে মাংসখেকো ব্যাকটেরিয়ার সংক্রমণ, হাঁটার ক্ষমতা হারালেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি
মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে মাছ ধরতে গিয়ে বিরল কিন্তু প্রাণঘাতী ভিব্রিও ভালনিফিকাস (Vibrio vulnificus) ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ৫০ বছর বয়সী স্টিভ উইলসন। সংক্রমণ এত দ্রুত ছড়িয়ে পড়ে যে তিনি হাঁটার ক্ষমতা হারান এবং পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করতে হয়। চিকিৎসকদের ধারণা, ব্যাকটেরিয়াটি তার পায়ের একটি ছোট ক্ষত বা পোকামাকড়ের কামড়ের মাধ্যমে শরীরে প্রবেশ করে।
স্টিভ উইলসন ও তার স্ত্রী আমান্ডা উইলসন গত সপ্তাহান্তে মিসিসিপি উপসাগরীয় উপকূলের ক্যাট আইল্যান্ডের কাছে মাছ ধরতে গিয়েছিলেন। তারা দীর্ঘদিন ধরে মাছ ধরার অভিজ্ঞতা থাকায় উপকূলীয় পানিতে থাকা ভিব্রিও ব্যাকটেরিয়ার ঝুঁকি সম্পর্কে সচেতন ছিলেন। এ কারণে পানিতে নামার আগে শরীরে কোনো কাটা বা খোলা ক্ষত আছে কি না, সেটিও পরীক্ষা করেছিলেন।
তবে স্টিভের স্ত্রী, যিনি একজন লাইসেন্সপ্রাপ্ত নার্স, মনে করছেন ঘোড়ামাছি (হর্সফ্লাই) বা অন্য কোনো পোকামাকড়ের ছোট একটি কামড় থেকেই অদৃশ্য ক্ষত তৈরি হয়েছিল। মাছ ধরার সময় স্টিভ পায়ে পোকার কামড়ের কথা বলেছিলেন এবং পরে কীটনাশক স্প্রে ব্যবহারও করেছিলেন। আমান্ডার ধারণা, সেই ক্ষুদ্র ক্ষত দিয়েই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে।
পরদিন ভোরে ঘুম থেকে উঠে স্টিভ ডান পায়ের গোড়ালির কাছে তীব্র ব্যথা অনুভব করেন। অল্প সময়ের মধ্যেই তার পা ফুলে যায়, ত্বক লালচে হয়ে ওঠে এবং তিনি আর হাঁটতে পারেননি। পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার শরীরের তাপমাত্রা ১০৩ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায় এবং তিনি সেপসিসে আক্রান্ত হন। পরীক্ষায় নিশ্চিত হয়, ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়া তার পায়ের টিস্যু দ্রুত নষ্ট করে দিচ্ছে।
চিকিৎসকেরা জরুরি অস্ত্রোপচার করে সংক্রমিত অংশের চাপ কমানোর চেষ্টা করেন এবং শক্তিশালী অ্যান্টিবায়োটিক চিকিৎসা শুরু করেন। তবে তার সুস্থ হতে দীর্ঘ সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এরপর পায়ের কতটা স্থায়ী ক্ষতি হয়েছে, তা মূল্যায়ন করা হবে।
অমান্ডা উইলসন জানান, এত সতর্ক থাকার পরও এ ধরনের ঘটনা ঘটতে পারে, তা তারা কখনো কল্পনাও করেননি। তিনি বিশেষ করে গ্রীষ্মকালে উপকূলীয় এলাকায় বেড়াতে যাওয়া মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভিব্রিও ভালনিফিকাস সাধারণত উষ্ণ উপকূলীয় লবণাক্ত বা আধা-লবণাক্ত পানিতে জন্মায়। শরীরে কোনো ক্ষত থাকলে সেই ক্ষতের মাধ্যমে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে। এছাড়া কাঁচা বা ঠিকমতো রান্না না করা ঝিনুক, বিশেষ করে অয়েস্টার খাওয়ার মাধ্যমেও সংক্রমণ হতে পারে। রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, লিভারের রোগ বা দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে এই সংক্রমণের ঝুঁকি বেশি।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রীষ্মকালে পানির তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। তাই খোলা ক্ষত নিয়ে সমুদ্র বা উপকূলীয় পানিতে না নামা, কাঁচা সামুদ্রিক খাবার এড়িয়ে চলা এবং সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreপরিবারের কোনো সদস্যের নাগরিকত্ব বা বৈধ অভিবাসন মর্যাদা না থাকলে মিশ্র-স্ট্যাটাসের পরিবারগুলোকে ফেডারেল আবাসন সহায়তা থেকে বঞ্চিত করার নতুন নিয়মের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগের (হাড) বিরুদ্ধে মামলা করেছে ২১টি অঙ্গরাজ্য এবং পেনসিলভানিয়ার গভর্নর। আগামী ১৪ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়ম অনুযায়ী, আবাসন সহায়তা পেতে নাগরিকত্ব বা যোগ্য অভিবাসন মর্যাদা যাচাই করতে হবে এবং যাচাইয়ে ব্যর্থ ভাড়াটিয়াদের তথ্য হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে (ডিএইচএস) জানাতে হবে পাবলিক হাউজিং কর্তৃপক্ষ ও বেসরকারি বাড়িওয়ালাদের। ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, অ্যারিজোনা ও ম্যাসাচুসেটসসহ মামলায় অংশ নেওয়া অঙ্গরাজ্যগুলোর দাবি, এই নিয়ম পরিবারগুলোকে বিচ্ছিন্ন করতে পারে এবং মার্কিন নাগরিকদেরও পাবলিক হাউজিং থেকে উচ্ছেদের ঝুঁকি তৈরি করবে; ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলেছেন, এতে তাঁর অঙ্গরাজ্যের প্রায় ৭ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কোনো শিশুর ঘর হারানো উচিত নয়। অন্যদিকে হাড সচিব স্কট টার্নার গত সপ্তাহে চূড়ান্ত করা এই নিয়মের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, এটি ১৯৮০ সালের হাউজিং অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাক্ট পুরোপুরি বাস্তবায়ন করবে, করদাতাদের অর্থের অপব্যবহার বন্ধ করবে এবং অপেক্ষমাণ তালিকায় থাকা যোগ্য মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ ২১ কোটি ৮০ লাখ ডলার পুনর্বণ্টনের পথ খুলবে। চলতি বছরের শুরুতে ডিএইচএসের সঙ্গে যৌথ নিরীক্ষায় দেশজুড়ে ফেডারেল আবাসন সহায়তা পাওয়া ২০ হাজার মিশ্র-স্ট্যাটাসের পরিবার শনাক্ত করার কথা জানিয়ে হাড দাবি করেছে, অবৈধ অভিবাসীরা বিদ্যমান নিয়মের ফাঁকফোকর কাজে লাগাচ্ছিল। উল্লেখ্য, তিন দশকের বেশি সময় ধরে কংগ্রেস মিশ্র-স্ট্যাটাসের পরিবারগুলোর জন্য আনুপাতিক হারে সহায়তা অনুমোদন দিয়ে এলেও নতুন নিয়ম তা পুরোপুরি বাতিল করবে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসন-সংক্রান্ত ধারাবাহিক কড়াকড়ির অংশ হিসেবেই এই পদক্ষেপ এসেছে।
বাংলাদেশি জনগোষ্ঠীর সংখ্যা ১৩ বছরে বেড়েছে ১৭০ শতাংশ, বাড়ছে কমিউনিটির বিস্তার
নিউইয়র্কে ভাড়াটিয়াদের বাড়ির মালিক হওয়ার সুযোগ দিতে ৯১টি বাড়ি বিক্রি করবে নাইচা
বিনিয়োগ করে গ্রিন কার্ড পেতে বাড়তি হাজার ডলার, আজ থেকে কার্যকর নতুন ফি
যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যয়বহুল শহর ফ্লোরিডার মায়ামিতে থ্যাংকসগিভিংয়ের আগে খাদ্য সংকট তীব্র হয়ে ওঠায় ফ্রি ফুড প্যান্ট্রি ও ফুড ব্যাংকগুলোতে মানুষের ভিড় বেড়েছে, যার ফলে দক্ষিণ ফ্লোরিডার সংস্থাগুলোকে সেবা দেওয়ার সময় বাড়াতে হয়েছে। প্রতিকূল আবহাওয়া ও আকস্মিক বন্যার ঝুঁকির মধ্যেও গত বুধবার কর্মজীবী পরিবারসহ শত শত মানুষ ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং খাবার ও ক্রমবর্ধমান খরচ সামলাতে খাদ্য সহায়তা নিতে ভিড় করেন; ৬০ বছর বয়সী সোনিয়া তিনটি কাজ করেও মাসিক খাবার জোগাতে আট মাস ধরে সহায়তা নিচ্ছেন এবং জানিয়েছেন যে ডলার ট্রির মতো দোকানেও পণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের চাপ বাড়ছে। ২০২৬ সালে ‘নো কিড হাংরি ফ্লোরিডা’-এর জন্য অ্যাসপেক্ট স্ট্র্যাটেজিকের জরিপে দেখা গেছে, ৮২ শতাংশ উত্তরদাতার মতে গত এক বছরে আয়ের তুলনায় খাদ্যের খরচ বেশি বেড়েছে, ৭০ শতাংশের আর্থিক অবস্থার অবনতি হয়েছে এবং প্রতি দুই পরিবারের মধ্যে একটি খাবার বাদ দিচ্ছে বা কম খাচ্ছে। ফিডিং সাউথ ফ্লোরিডার চিফ অব স্টাফ জেসিকা বেনিটেস জানিয়েছেন, চারটি কাউন্টিতে ৩০০ শাখার মাধ্যমে খাদ্য বিতরণ করা এই সংস্থাটি বিপুল চাহিদা মেটাতে সেবার সময় সন্ধ্যা ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বাড়িয়েছে এবং শনি ও রোববারও কার্যক্রম বৃদ্ধি করেছে। ১৯৩৯ সালে চালুর পর সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে (এসএনএপি বা ফুড স্ট্যাম্প) ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় বাজেট কর্তনের ফলে প্রায় ২০ লাখ মানুষ সুবিধা হারিয়েছেন এবং অ্যাসোসিয়েটেড প্রেসের হিসাব অনুযায়ী ফ্লোরিডায় এর অন্তর্ভুক্তি ২২ শতাংশ কমেছে। এ ছাড়া টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) সুবিধা ও ওয়ার্ক পারমিট হারানো হাইতি ও ভেনেজুয়েলার অভিবাসী পরিবারসহ মিশ্র-স্ট্যাটাসের পরিবারগুলো প্রতিশোধের আশঙ্কায় ফুড স্ট্যাম্পের আবেদন না করায় হল্যান্ডেল বিচের প্রধান কেন্দ্রে প্রতিদিন গড়ে প্রায় ২০০ পরিবার খাদ্য সহায়তা নিতে আসছে।
ফ্লোরিডায় উল্টো পথে ৭ মাইল গাড়ি চালিয়ে গোয়েন্দাকে হ ত্যা, অভিযুক্তের বিরুদ্ধে আইস ডিটেইনার
সরকারি আবাসন সহায়তায় নতুন নিয়ম, অভিবাসন নথি যাচাইয়ে চাপে হাজারো প্রবাসী পরিবারের ভবিষ্যৎ
আদালতের রায়ের পর আইসের সঙ্গে চুক্তি স্থগিত, অভিবাসীদের আর অতিরিক্ত আটক রাখবে না কাউন্টি
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) আনুষ্ঠানিক সমর্থন পেতে সদস্যদের প্রাথমিক মনোনয়ন ভোটে ৭৩ শতাংশ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন নিউইয়র্কের কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশিগানের কংগ্রেসওম্যান রাশিদা তালিব পেয়েছেন ১৫ শতাংশ ভোট, আর ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের প্রেসিডেন্ট শন ফেইন ৯ শতাংশ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। দেশজুড়ে ডিএসএ-র প্রায় ১ লাখ ৩০ হাজার সদস্যের মধ্যে ইতিমধ্যে ১ হাজারের বেশি ভোট পড়েছে, যেখানে ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি রো খান্না ২ শতাংশ এবং মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হোলেন ১ শতাংশ ভোট পেয়েছেন। ইসরায়েল নীতি ও বিডিএস আন্দোলনের প্রশ্নে ওকাসিও-কর্টেজের অবস্থানের সমালোচনা করে একাংশের সদস্য রাশিদা তালিবকে সমর্থন দিলেও অধিকাংশ সদস্য ওকাসিও-কর্টেজকেই সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখছেন। গত সপ্তাহে শুরু হওয়া এই মনোনয়ন ভোট আগামী জানুয়ারির শেষে সম্পন্ন হবে, এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি প্রার্থীদের নিয়ে একটি প্রেসিডেন্সিয়াল টাউন হল আয়োজন করবে ডিএসএ এবং এপ্রিলের মাঝামাঝি ন্যাশনাল পলিটিক্যাল কমিটির চূড়ান্ত সমর্থন ঘোষণা করা হবে। ২০২০ সালে সিনেটর বার্নি স্যান্ডার্সকে সমর্থন দেওয়া এই সংগঠনটি ২০২৮ সালে হোয়াইট হাউসের লড়াইয়ের পাশাপাশি শত শত সমাজতান্ত্রিক প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। তবে ওকাসিও-কর্টেজ ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে ব্যক্তিগতভাবে ভাবছেন বলে জানালেও এখনই প্রকাশ্যে কোনো সিদ্ধান্ত জানাননি এবং ইতিমধ্যে নিউইয়র্কের ১৪তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে পুনর্নির্বাচিত হয়েছেন।
ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে সরকারি চাকরির সুযোগ, আবেদন চলছে বিভিন্ন পদে! জানুন বিস্তারিত
অপহরণের প্রায় ১৩ বছর পর হ ত্যার অভিযোগে গ্রেপ্তার চারজন, খুলল পুরোনো রহস্য

