সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
অবৈধ অভিবাসী শনাক্তে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা হোম অফিসের। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যে অভিবাসী শনাক্তে ফেসিয়াল রিকগনিশন, মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য দুঃসংবাদ

যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীদের শনাক্ত ও ইমিগ্রেশন আইন প্রয়োগের কার্যক্রম জোরদার করতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে দেশটির হোম অফিস। নতুন পরিকল্পনা অনুযায়ী, বিমানবন্দর, বন্দর, গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্র এবং জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে বিশেষ ক্যামেরা বসানো হতে পারে। এসব ক্যামেরার সাহায্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারী, ডিপোর্টেশন আদেশের আওতায় থাকা এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের কারণে কর্তৃপক্ষ যাঁদের খুঁজছে, তাঁদের শনাক্ত করা হবে। বুধবার (৪ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।   দ্য গার্ডিয়ানের  অনুসন্ধান অনুযায়ী, হোম অফিস ইতিমধ্যে লাইভ ফেসিয়াল রিকগনিশন বা এলএফআর প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েলসের হলিহেড বন্দরে তিন দফা পরীক্ষা চালানো হয়। মূলত আয়ারল্যান্ড থেকে যুক্তরাজ্যে প্রবেশের সময় ডিপোর্টেশন আদেশ অমান্যকারী এবং ইমিগ্রেশনসংক্রান্ত অপরাধে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদের শনাক্ত করাই ছিল পরীক্ষার উদ্দেশ্য।   গত ৮ অক্টোবর প্রকাশিত হোম অফিসের নতুন নীতিমালা এবং পরে প্রকাশিত তথ্য সুরক্ষাসংক্রান্ত মূল্যায়নে প্রযুক্তিটির ব্যবহার আরও বিস্তৃত করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এতে শুধু ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তি নয়, ইমিগ্রেশনসংক্রান্ত কিছু দেওয়ানি আইন লঙ্ঘনের কারণে কর্তৃপক্ষের অনুসন্ধানে থাকা ব্যক্তিদেরও নির্দিষ্ট ওয়াচলিস্টে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে ভিসার মেয়াদ অতিক্রম করে অবস্থান এবং অনুমতি ছাড়া যুক্তরাজ্যে প্রবেশের মতো বিষয়গুলো বিবেচনায় আসতে পারে।   ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তিতে ক্যামেরার সামনে দিয়ে যাওয়া মানুষের মুখের ছবি তাৎক্ষণিকভাবে সংগ্রহ করে আগে থেকে তৈরি ওয়াচলিস্টের ছবির সঙ্গে তুলনা করা হয়। সম্ভাব্য মিল পাওয়া গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে সতর্কবার্তা যায়। এরপর প্রশিক্ষিত কর্মকর্তারা পরিচয় যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। হোম অফিসের নীতিমালা অনুযায়ী, শুধু প্রযুক্তির দেওয়া সতর্কবার্তার ভিত্তিতে কাউকে গ্রেপ্তার বা আটক করা যাবে না। যাঁদের মুখ ওয়াচলিস্টের সঙ্গে মেলে না, তাঁদের ছবি স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার ব্যবস্থাও রাখা হয়েছে।   যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এর আগে ইমিগ্রেশন এনফোর্সমেন্টের বাজেট ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে দ্বিগুণ এবং ২০২৬-২৭ সালের মধ্যে জনবল ৬০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। এর মাধ্যমে আরও বেশি কর্মস্থলে অভিযান, গ্রেপ্তার এবং ডিপোর্টেশন কার্যক্রম পরিচালনার লক্ষ্য রয়েছে সরকারের। হোম অফিসের হিসাবে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে ৭ হাজার ২৭০টি অভিযান চালিয়ে ৪ হাজার ৭৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।   তবে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির সম্প্রসারণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অভিবাসী অধিকার ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষাকারী সংগঠনগুলো। ওপেন রাইটস গ্রুপের সারাহ লাসোয়ে অভিযোগ করেছেন, পর্যাপ্ত জনসম্মতি ও স্বাধীন তদারকি ছাড়াই বিতর্কিত নজরদারি প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। তাঁদের আশঙ্কা, প্রযুক্তির ভুল শনাক্তকরণ এবং জাতিগত পক্ষপাতের কারণে নিরপরাধ অভিবাসীরাও হয়রানির শিকার হতে পারেন।   অন্যদিকে হোম অফিস জানিয়েছে, প্রযুক্তিটির আরও পরীক্ষামূলক ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। বর্তমান নীতিমালা অনুযায়ী, ১৮ বছরের কম বয়সীদের ওয়াচলিস্টে অন্তর্ভুক্ত করা হবে না। একই সঙ্গে প্রতিটি অভিযানের জন্য আইনগত অনুমোদন ও মানবিক তদারকি প্রয়োজন হবে। তবে দেশজুড়ে কবে থেকে এই প্রযুক্তির সম্প্রসারিত ব্যবহার শুরু হবে কিংবা কোন কোন এলাকায় ক্যামেরা বসানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি।   সূত্র: দ্য গার্ডিয়ান 

প্রকাশ : নভেম্বর ৫, ২০২৬ ২৩:২৬
কানাডার পাসপোর্ট আবেদনে বয়সভিত্তিক যোগ্যতা প্রকাশ করেছে দেশটির সরকার। ছবি: সংগৃহীত
কানাডার পাসপোর্টে বয়সভিত্তিক ফি বেড়েছে, শিশুদের জন্য করা যাবে কেবল পাঁচ বছর মেয়াদি আবেদন

কানাডার পাসপোর্ট আবেদনে বয়সভিত্তিক যোগ্যতা ও নতুন ফি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে দেশটির সরকার। সরকারি নিয়ম অনুযায়ী, ১৬ বছর বা তার বেশি বয়সী কানাডিয়ান নাগরিকেরা পাঁচ অথবা দশ বছর মেয়াদি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। অন্যদিকে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য শুধু পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে ২০২৬ সালের ৩১ মার্চ থেকে কার্যকর হওয়া নতুন আবেদন ফি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি)।   কানাডার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি শিশুদের পাসপোর্টের জন্য কোনো নির্দিষ্ট সর্বনিম্ন বয়সসীমা নেই। জন্মের পর থেকেই যোগ্য কানাডিয়ান নাগরিক শিশুর পাসপোর্টের আবেদন করা যায়। তবে আবেদনটি করতে হবে শিশুর বাবা-মা অথবা আইনগত অভিভাবককে। শূন্য থেকে ১৫ বছর বয়সীদের পাসপোর্ট সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি হয়। শিশুর বয়স ১৬ বছর পূর্ণ হওয়ার পর নতুন করে প্রাপ্তবয়স্কদের পাসপোর্টের আবেদন করা যাবে।   অন্যদিকে ১৬ বছর বা তার বেশি বয়সী কানাডিয়ান নাগরিকদের জন্য রয়েছে দুটি বিকল্প। তাঁরা চাইলে পাঁচ বছর অথবা দশ বছর মেয়াদি পাসপোর্ট নিতে পারবেন। তবে বয়স ১৬ বছর পূর্ণ হলেই স্বয়ংক্রিয়ভাবে দশ বছর মেয়াদি পাসপোর্ট দেওয়া হয় না। আবেদনকারীকে নির্ধারিত ফি পরিশোধ করে পছন্দের মেয়াদের জন্য আবেদন করতে হবে। এটি আগে থেকেই কার্যকর বয়সসংক্রান্ত নিয়ম, নতুন কোনো বয়সসীমা নয়।   কানাডা সরকারের ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ৩১ মার্চ থেকে পাসপোর্টের আবেদন ফি বাড়ানো হয়েছে। কানাডার ভেতরে বসবাসকারী ১৬ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের ফি ১২০ কানাডিয়ান ডলার থেকে বাড়িয়ে ১২২ দশমিক ৫০ ডলার করা হয়েছে। দশ বছর মেয়াদি পাসপোর্টের ফি ১৬০ ডলার থেকে বেড়ে হয়েছে ১৬৩ দশমিক ৫০ ডলার। অন্যদিকে শিশুদের পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের ফি ৫৭ ডলার থেকে বাড়িয়ে ৫৮ দশমিক ৫০ ডলার নির্ধারণ করা হয়েছে।   কানাডার বাইরে বসবাসকারী নাগরিকদের জন্য ফি তুলনামূলক বেশি। বিদেশ থেকে আবেদন করলে প্রাপ্তবয়স্কদের পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের ফি ১৯৪ দশমিক ২৫ কানাডিয়ান ডলার এবং দশ বছর মেয়াদি পাসপোর্টের ফি ২৬৬ দশমিক ২৫ ডলার। শিশুদের পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের ফি ১০২ দশমিক ৫০ ডলার। এসব ফি কানাডিয়ান মুদ্রায় নির্ধারিত এবং জরুরি সেবা বা অন্যান্য বিশেষ পরিষেবার জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।   কানাডা সরকার জানিয়েছে, মূল্যস্ফীতি ও পাসপোর্ট তৈরির ব্যয় বৃদ্ধির কারণে ফি সমন্বয় করা হয়েছে। সার্ভিস ফিস অ্যাক্ট অনুযায়ী এখন থেকে প্রতিবছর নির্ধারিত পদ্ধতিতে এসব ফি পরিবর্তন করা হতে পারে। ডাকযোগে আবেদন করলে যে তারিখে সরকারি কর্তৃপক্ষ আবেদন গ্রহণ করবে, সেই তারিখে কার্যকর ফি প্রযোজ্য হবে।   আবেদনকারীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো পাসপোর্ট প্রক্রিয়াকরণে সময়সীমা। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াকরণে ৩০ কর্মদিবসের বেশি সময় লাগলে নির্ধারিত শর্ত অনুযায়ী পাসপোর্টের ফি সম্পূর্ণ ফেরতের ব্যবস্থা চালু হয়েছে। আবেদনকারীদের আলাদাভাবে রিফান্ডের অনুরোধ করতে হবে না।   এদিকে কানাডায় বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, কানাডিয়ান পাসপোর্ট কেবল কানাডার নাগরিকদের জন্য। শুধু স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট কিংবা পার্মানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস থাকলেই কানাডিয়ান পাসপোর্ট পাওয়া যায় না। অন্যদিকে বাংলাদেশি বংশোদ্ভূত যাঁরা ইতিমধ্যে কানাডার নাগরিকত্ব অর্জন করেছেন, তাঁরা বয়স ও অন্যান্য যোগ্যতা অনুযায়ী এই সুবিধা পাবেন।

প্রকাশ : নভেম্বর ৫, ২০২৬ ২৩:১৫
ওয়াশিংটনে ভোটে অনুমোদন পেয়েছে মেয়েদের স্কুল ক্রীড়ায় ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের অংশগ্রহণ সীমিত করার উদ্যোগ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের মেয়েদের দলে খেলায় নিষেধাজ্ঞা, ওয়াশিংটনে ভোটারদের অনুমোদন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে মেয়েদের স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের অংশগ্রহণ সীমিত করার উদ্যোগ ‘ইনিশিয়েটিভ ৬৩৮’ ভোটে অনুমোদন পেয়েছে। একই সঙ্গে মেয়েদের স্কুল ক্রীড়া দলে অংশ নিতে ইচ্ছুক সব শিক্ষার্থীর জৈবিক লিঙ্গ যাচাইয়ের জন্য চিকিৎসকের প্রত্যয়নপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হচ্ছে। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা প্রস্তাবটির পক্ষে রায় দেন। বুধবার রাতে অ্যাসোসিয়েটেড প্রেস ফলাফল ঘোষণা করে।   ওয়াশিংটনের নির্বাচনী ফলাফলের প্রাথমিক হিসাবে প্রস্তাবটির পক্ষে ৫৬ দশমিক ৭৬ শতাংশ ভোট পড়েছে, বিপক্ষে ভোট দিয়েছেন ৪৩ দশমিক ২৪ শতাংশ। অঙ্গরাজ্যের নির্বাচনী কর্তৃপক্ষের হিসাবে, পক্ষে ভোটের সংখ্যা ১১ লাখ ১৯ হাজারের বেশি।   প্রস্তাবটি কার্যকর হলে মেয়েদের জন্য নির্ধারিত একক ও দলীয় প্রতিযোগিতায় জন্মের সময় পুরুষ হিসেবে চিহ্নিত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে না। পাশাপাশি মেয়েদের প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী প্রত্যেক শিক্ষার্থীকে নিয়মিত ক্রীড়া-স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে চিকিৎসকের স্বাক্ষর করা প্রত্যয়নপত্র দিতে হবে। শিক্ষার্থীর প্রজনন অঙ্গসংস্থান, জিনগত বৈশিষ্ট্য অথবা শরীরে স্বাভাবিকভাবে উৎপাদিত টেস্টোস্টেরনের মাত্রার ভিত্তিতে জৈবিক লিঙ্গ যাচাই করা যাবে বলে উদ্যোগটির সরকারি নথিতে উল্লেখ রয়েছে।   এত দিন ওয়াশিংটনে শিক্ষার্থীরা নিজেদের লিঙ্গপরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্কুল ক্রীড়া দলে অংশ নিতে পারত। নতুন উদ্যোগটি সেই নীতিতে পরিবর্তন আনবে। তবে চিকিৎসকের প্রত্যয়নপত্রের জন্য ঠিক কী ধরনের পরীক্ষা করা হবে, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উদ্যোগটির সমর্থকেরা বলছেন, আলাদা কোনো পরীক্ষা প্রয়োজন হবে না, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমেই বিষয়টি যাচাই করা সম্ভব। অন্যদিকে ওয়াশিংটনের স্কুল ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, তাদের বর্তমান নিয়মে মেয়েদের যৌনাঙ্গ সরাসরি পরীক্ষা, ডিএনএ পরীক্ষা কিংবা হরমোন পরীক্ষা বাধ্যতামূলক নয়।   উদ্যোগটির সমর্থকেরা বলছেন, মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতায় ন্যায্যতা ও সমান সুযোগ নিশ্চিত করতেই এই ব্যবস্থা প্রয়োজন। ‘লেটস গো ওয়াশিংটন’ নামের উদ্যোগটির পক্ষে প্রচার চালানো রাজনৈতিক কমিটির প্রতিষ্ঠাতা ব্রায়ান হেউড ভোটের ফল প্রকাশের পর বলেন, নারী ক্রীড়াবিদদের দাবির প্রতি ভোটাররা সমর্থন জানিয়েছেন। তাঁদের মতে, জন্মের সময় পুরুষ হিসেবে চিহ্নিত শিক্ষার্থীরা মেয়েদের প্রতিযোগিতায় অংশ নিলে প্রতিযোগিতার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে।   অন্যদিকে, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ উদ্যোগটির বিরোধীরা বলছেন, এটি ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের প্রতি বৈষম্য তৈরি করবে। তাঁদের আশঙ্কা, মেয়েদের খেলায় অংশ নিতে সব শিক্ষার্থীর জন্য চিকিৎসকের মাধ্যমে লিঙ্গ যাচাইয়ের বাধ্যবাধকতা ব্যক্তিগত গোপনীয়তা ও শারীরিক স্বাচ্ছন্দ্যের ওপর প্রভাব ফেলতে পারে। ‘নো হেট ইন ওয়াশিংটন স্টেট’ নামের বিরোধী সংগঠনও বলেছে, এ উদ্যোগ মেয়েদের জন্য অনাকাঙ্ক্ষিত ও অস্বস্তিকর শারীরিক পরীক্ষার ঝুঁকি তৈরি করতে পারে।   অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের পাশাপাশি কলোরাডোতেও ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের স্কুল ক্রীড়ায় অংশগ্রহণ সীমিত করার প্রস্তাব ভোটে অনুমোদন পেয়েছে। এদিকে ওয়াশিংটনে ইনিশিয়েটিভ ৬৩৮ আগামী ৩ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে বিরোধীরা এটি বাস্তবায়ন ঠেকাতে আদালতের দ্বারস্থ হতে পারেন বলে জানিয়েছে অ্যাক্সিওস।   সংবাদ সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, অ্যাক্সিওস।

প্রকাশ : নভেম্বর ৫, ২০২৬ ২৩:১
নাইকির পোশাক কেনা, বিক্রি ও পরা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে লিবিয়ার দারুল ইফতা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
শিরক ও ইসরায়েলকে সমর্থনের অভিযোগে লিবিয়ায় নিষিদ্ধ হচ্ছে নাইকি

লিবিয়ায় যুক্তরাষ্ট্রের ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির লোগোযুক্ত পোশাক কেনা, বিক্রি ও পরা থেকে মুসলমানদের বিরত থাকার আহ্বান জানিয়ে ফতোয়া জারি করেছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ দারুল ইফতা। প্রতিষ্ঠানটির নাম ও পরিচিত ‘সুইশ’ লোগোকে গ্রিক পুরাণের দেবী নাইকির সঙ্গে সম্পর্কিত উল্লেখ করে ধর্মীয় কর্তৃপক্ষ বলেছে, এসব প্রতীক বহন করা পোশাক ব্যবহার করলে বহুঈশ্বরবাদের সঙ্গে সম্পর্কিত প্রতীকের প্রচার হয়।   গত ১ নভেম্বর জারি করা ৬৬৯৭ নম্বর ফতোয়াটি অনুমোদন করেছেন লিবিয়ার গ্র্যান্ড মুফতি সাদিক আল-ঘারিয়ানি। দারুল ইফতার ব্যাখ্যা অনুযায়ী, ‘নাইকি’ নামটি গ্রিক পুরাণের বিজয়ের দেবী নাইকির নাম থেকে এসেছে। আর প্রতিষ্ঠানটির বিখ্যাত বাঁকানো লোগোটি ওই দেবীর ডানার আদলে তৈরি। এ কারণে লোগোযুক্ত পোশাক ব্যবহারকে ইসলামী বিশ্বাসের পরিপন্থী বলে মনে করছে সংস্থাটি।   ফতোয়ায় আরও বলা হয়েছে, নাইকি ইসরায়েলকে সমর্থন করে। এ অভিযোগের ভিত্তিতে ইসরায়েলকে সমর্থনকারী প্রতিষ্ঠানগুলোর পণ্য বর্জনেরও আহ্বান জানিয়েছে দারুল ইফতা। সংস্থাটি ২০২৩ সালের ৫ নভেম্বর প্রকাশিত নিজস্ব একটি বিবৃতির কথা উল্লেখ করেছে, যেখানে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে ইসরায়েল-সমর্থক বলে বিবেচিত প্রতিষ্ঠানগুলোর পণ্য বর্জনের আহ্বান জানানো হয়েছিল। তবে নাইকির বিরুদ্ধে এই অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।   তবে এই ফতোয়াকে লিবিয়া সরকারের জারি করা কোনো আইনগত নিষেধাজ্ঞা হিসেবে দেখার সুযোগ নেই। দারুল ইফতা দেশটির প্রভাবশালী ধর্মীয় প্রতিষ্ঠান হলেও তাদের ফতোয়া সরাসরি রাষ্ট্রীয় আইনে পরিণত হয় না। নাইকির পণ্য ব্যবহার, কেনাবেচা অব্যাহত রাখলে কী ধরনের আইনি শাস্তি হতে পারে, সে বিষয়েও ফতোয়ায় কিছু বলা হয়নি। ফলে এটি মূলত ধর্মীয় নির্দেশনা, সরকারি নিষেধাজ্ঞা নয়।   লিবিয়ায় নাইকির কোনো নিজস্ব বিক্রয়কেন্দ্র নেই। তবে দেশটির বিভিন্ন ক্রীড়াসামগ্রীর দোকানে ব্র্যান্ডটির পণ্য পাওয়া যায়। স্থানীয় বাজারে নকল নাইকি পণ্যও বিক্রি হয়। ফলে ফতোয়ার প্রভাব দেশটির সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের ওপর কতটা পড়বে, তা এখনো স্পষ্ট নয়।   এর আগে গত বছর ফরাসি বিলাসবহুল অলংকার ও ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলসের বিরুদ্ধেও একই ধরনের ফতোয়া দিয়েছিল দারুল ইফতা। প্রতিষ্ঠানটির অলংকারে ব্যবহৃত চার পাতার ক্লোভার নকশাকে খ্রিষ্টধর্মের সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করে ধর্মীয় কর্তৃপক্ষ দাবি করেছিল, নকশাটি ইসলামী শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। নাইকির বিরুদ্ধে নতুন ফতোয়াটি লিবিয়ায় ধর্মীয় রক্ষণশীলতার প্রভাব নিয়ে চলমান আলোচনাকে আবারও সামনে এনেছে।   সংবাদ সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, লিবিয়া অবজারভার।

প্রকাশ : নভেম্বর ৫, ২০২৬ ২২:৪২
মজুরি বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে ফ্রান্সের প্যারিসে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, বেতন ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি

বেতন বাড়ানো, জীবনযাত্রার ব্যয় কমানো এবং শিক্ষায় বরাদ্দ বৃদ্ধির দাবিতে ফ্রান্সজুড়ে বড় ধরনের বিক্ষোভ ও ধর্মঘট হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানী প্যারিসসহ দেশটির দুই শতাধিক স্থানে রাস্তায় নামেন শিক্ষার্থী, শ্রমিক ও অবসরপ্রাপ্ত ব্যক্তিরা। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, বিক্ষোভে অংশ নেন ৬ লাখের বেশি মানুষ। তবে দেশটির অন্যতম বড় শ্রমিক সংগঠন সিজিটি দাবি করেছে, সারা দেশে বিক্ষোভ ও সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ।   প্যারিসের বিক্ষোভে শিক্ষার্থী, বিভিন্ন পেশার কর্মী ও অবসরপ্রাপ্ত ব্যক্তিরা একসঙ্গে অংশ নেন। তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে বৈষম্য, ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং জীবনধারণের ক্রমবর্ধমান ব্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ পায়। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘বৈষম্য আমাদের ভবিষ্যৎকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলছে।’ আরেকটিতে বলা হয়, ‘সারাজীবন শুধু জীবিকা নির্বাহের জন্য লড়াই করে কাটাতে পারি না।’ সিজিটির হিসাবে, শুধু প্যারিসেই বিক্ষোভে অংশ নেন প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ।   বিক্ষোভের কারণে দেশটির শিক্ষা ও পরিবহন খাতেও ব্যাপক প্রভাব পড়ে। ফ্রান্সের প্রায় এক-তৃতীয়াংশ উচ্চবিদ্যালয় বন্ধ ছিল অথবা স্বাভাবিক কার্যক্রম চালাতে পারেনি। কোথাও শিক্ষার্থীদের অবরোধ, আবার কোথাও শিক্ষকদের ধর্মঘটের কারণে পাঠদান ব্যাহত হয়। কয়েকটি এলাকায় গণপরিবহন চলাচলেও বিঘ্ন ঘটে। পরিস্থিতির কারণে প্যারিসের আইফেল টাওয়ারও বন্ধ রাখা হয়।   বিক্ষোভের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তাঁদের সঙ্গে ছিল সাঁজোয়া যান, ড্রোন ও হেলিকপ্টার। প্যারিসের কর্মসূচি বেশির ভাগ সময় শান্তিপূর্ণ থাকলেও রেন, লিওঁ, নঁত, পাউ, অর্লেয়াঁ ও তুলুজসহ কয়েকটি শহরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। কিছু এলাকায় মুখোশধারী ব্যক্তিরা সড়ক অবরোধের চেষ্টা করেন এবং পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মারেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিক্ষোভের ঘটনায় অন্তত ৪৪৮ জনকে আটক করা হয়েছে।   ফ্রান্সের প্রধান শ্রমিক সংগঠনগুলো বলছে, দেশটি অর্থনৈতিক মন্দার ঝুঁকিতে রয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা বাড়ছে। তাদের অভিযোগ, জ্বালানি, খাদ্যপণ্য, বাড়িভাড়া, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লেও সেই তুলনায় বেতন ও পেনশন বাড়ছে না। এ পরিস্থিতিতে শ্রমিকদের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। বেতন বৃদ্ধি, কর্মসংস্থান রক্ষা এবং সরকারি সেবার মান উন্নত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনগুলো।   শিক্ষার্থীদের দাবিও এবারের আন্দোলনে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। প্যারিসের ২১ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গারাঁস ব্লেজ বলেন, দেশের প্রতিটি শিশুর জন্য ভালো ভবিষ্যৎ নিশ্চিত করা প্রয়োজন। তাঁর মতে, শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবকেরাও কর্মসংস্থানের অনিশ্চয়তা ও জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে, বেসরকারি হাসপাতালের কর্মী কোরিন কুচিনি কর্মীসংকট ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবের কথা তুলে ধরে বেতন এবং কর্মপরিবেশ উন্নত করার দাবি জানান।   আন্দোলনের সূত্রপাত গত সেপ্টেম্বরে প্যারিসের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে কর্মীসংকটের প্রতিবাদ থেকে। পরে শিক্ষার্থীরা শিক্ষায় বরাদ্দ বাড়ানোর দাবিতে আন্দোলনে যোগ দেন। ধীরে ধীরে বেতন, পেনশন, জ্বালানির দাম এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তুষ্ট শ্রমিকেরাও এতে যুক্ত হন। ফলে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমে দেশজুড়ে বৃহত্তর শ্রমিক ও নাগরিক বিক্ষোভে রূপ নেয়। ১৭ অক্টোবরের বিক্ষোভে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। এবারের কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা সেই সময়ের তুলনায় আরও বেশি বলে জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো।   বিক্ষোভের মধ্যে দেশটির রাজনৈতিক পরিস্থিতিও নতুন করে আলোচনায় এসেছে। আগামী বছর মে মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীরা আন্দোলনের প্রতি নিজেদের অবস্থান তুলে ধরছেন। বৃহস্পতিবার প্যারিসের বিক্ষোভে অংশ নেন বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ, গ্রিন পার্টির নেতা মারিন তন্দেলিয়ে এবং মধ্যপন্থী বাম রাজনীতিক রাফায়েল গ্লুকসম্যান। বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সংবিধান অনুযায়ী টানা তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নিতে পারবেন না।   এদিকে আন্দোলনের চাপ সামাল দিতে সরকার শ্রমিক সংগঠন ও নিয়োগকর্তাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নুর দপ্তর জানিয়েছে, আগামী সোমবার শ্রমিক সংগঠন ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে একটি সামাজিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বেতন ও মানুষের ক্রয়ক্ষমতা নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, শুধু আলোচনা নয়, বেতন বৃদ্ধি, সরকারি সেবায় অর্থায়ন এবং শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।   সংবাদ সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, সিজিটি শ্রমিক সংগঠন

প্রকাশ : নভেম্বর ৫, ২০২৬ ২২:২০
মোবাইল গেমের মাধ্যমে কোটি কোটি ডলার প্রতারণার ঘটনায় কারাদণ্ডপ্রাপ্ত মেহমেত আইদিন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
মোবাইল গেম দিয়ে ১৩ কোটি ডলার প্রতারণা, যুবকের ৪৫ হাজার বছরের বেশি কারাদণ্ড

মোবাইল ফোনে খামার তৈরি, গরু-ছাগল ও মুরগি পালন করে আয় করার সুযোগ। এমন আকর্ষণীয় প্রস্তাব দিয়ে তুরস্কের হাজার হাজার মানুষের কাছ থেকে প্রায় ১৩ কোটি ডলার সংগ্রহ করেছিলেন মেহমেত আইদিন নামের এক যুবক। ‘চিফতলিক ব্যাংক’ নামের একটি অনলাইন গেমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বিনিয়োগ প্রকল্প শেষ পর্যন্ত বড় ধরনের প্রতারণায় পরিণত হয়। বিপুল অর্থ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর কয়েক বছর আত্মগোপনে ছিলেন আইদিন। তবে শেষ পর্যন্ত নিজেই কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন। আলোচিত এই মামলায় ২০২৫ সালে তাঁকে ৪৫ হাজার ৩৭৬ বছর ৬ মাসের কারাদণ্ড দেন তুরস্কের একটি আদালত।   তুরস্কে ২০১৬ সালে ‘চিফতলিক ব্যাংক’ বা ‘ফার্ম ব্যাংক’ নামের অনলাইন প্ল্যাটফর্মটি চালু করেন মেহমেত আইদিন। জনপ্রিয় কৃষিভিত্তিক গেম ফার্মভিলের আদলে তৈরি এই ব্যবস্থায় ব্যবহারকারীরা ভার্চুয়াল জমি, গরু, ছাগল ও মুরগি কিনতে পারতেন। তবে সাধারণ গেমের সঙ্গে এর বড় পার্থক্য ছিল বাস্তব অর্থ বিনিয়োগের সুযোগ। ব্যবহারকারীদের জানানো হয়েছিল, গেমে বিনিয়োগ করা অর্থ দিয়ে তুরস্কের বিভিন্ন এলাকায় বাস্তব খামার পরিচালনা করা হবে এবং সেখান থেকে পাওয়া মুনাফার একটি অংশ বিনিয়োগকারীদের দেওয়া হবে।   শুরুর দিকে অনেক ব্যবহারকারী নিয়মিত অর্থ ফেরত পাওয়ায় প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। নতুন বিনিয়োগকারীরাও লাভের আশায় এতে অর্থ জমা দিতে শুরু করেন। তুরস্কের বিভিন্ন অঞ্চলে খামার, মাংস, দুধ, মধু ও ডিম উৎপাদনসংক্রান্ত ব্যবসার কথা প্রচার করা হয়। কিন্তু ২০১৭ সালের দিকে অনেক গ্রাহক নিজেদের জমা দেওয়া অর্থ তুলতে সমস্যায় পড়েন। একপর্যায়ে নতুন সদস্য নেওয়া এবং বিনিয়োগকারীদের মুনাফা দেওয়া বন্ধ হয়ে যায়। এতে প্রকল্পটির কার্যক্রম নিয়ে সন্দেহ তৈরি হয়।   ২০১৮ সালের মার্চে তুরস্কের কর্তৃপক্ষ প্রকল্পটির বিরুদ্ধে প্রতারণার তদন্ত শুরু করে। তদন্তে বেরিয়ে আসে, প্রকল্পটিতে বিপুলসংখ্যক মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছিল। পরবর্তী সময়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রায় ১৮ মাসে আনুমানিক ১ লাখ ৩২ হাজার মানুষের কাছ থেকে ১৩ কোটি ১০ লাখ ডলারের বেশি অর্থ নেওয়া হয়। তবে সব বিনিয়োগকারী আনুষ্ঠানিকভাবে মামলা করেননি। তদন্তের সময় আইদিন দেশ ছেড়ে পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।   দেশ ছাড়ার পর আইদিন উরুগুয়েসহ বিভিন্ন দেশে অবস্থান করেন বলে তদন্তে উঠে আসে। তাঁর অবস্থান শনাক্ত করতে তুরস্কের কর্তৃপক্ষ একাধিক দেশের সঙ্গে যোগাযোগ করে। আত্মগোপনে থাকার সময় বিলাসবহুল গাড়ি ব্যবহারের খবরও সামনে আসে। তবে কয়েক বছর পর ঘটনাটি অপ্রত্যাশিত মোড় নেয়। ২০২১ সালের জুলাইয়ে ব্রাজিলের সাও পাওলোতে তুরস্কের কনস্যুলেটে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন আইদিন। এরপর তাঁকে তুরস্কে ফিরিয়ে আনা হয় এবং ইস্তাম্বুল বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়।   আত্মসমর্পণের আগে প্রকাশিত একটি ভিডিওতে আইদিন দাবি করেছিলেন, কাউকে প্রতারণা করার উদ্দেশ্যে তিনি প্রকল্পটি চালু করেননি। তাঁর বক্তব্য ছিল, ব্যবহারকারীরা যেন গেম খেলার পাশাপাশি বাড়তি আয় করতে পারেন, সেটিই ছিল তাঁর লক্ষ্য। ব্যবসার পরিধি দ্রুত বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যক্তি সুযোগ নিয়েছেন এবং তিনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন। পরে তদন্তকারীদের কাছে তিনি জানান, জব্দ করা সম্পদ দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা পরিশোধ করা সম্ভব হবে বলে মনে করেছিলেন। তবে আদালতে এসব বক্তব্য তাঁকে দায়মুক্তি দেয়নি।   দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি ইস্তাম্বুলের আনাদোলু ষষ্ঠ গুরুতর অপরাধ আদালত মামলার রায় ঘোষণা করেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতারণা, অপরাধলব্ধ অর্থ পাচার এবং অপরাধী সংগঠন পরিচালনাসহ বিভিন্ন অপরাধে মেহমেত আইদিন ও তাঁর ভাই ফাতিহ আইদিনকে পৃথকভাবে ৪৫ হাজার ৩৭৬ বছর ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় আরও কয়েকজনকে সাজা দেওয়া হয়। আদালতের বিচারপ্রক্রিয়ায় মোট ২০ জন আসামির নাম ছিল এবং হাজার হাজার মানুষের আর্থিক ক্ষতির বিষয়টি উঠে আসে।   অনলাইন গেমের মাধ্যমে বিনিয়োগের সুযোগ দেওয়ার নামে পরিচালিত এই প্রতারণা তুরস্কের অন্যতম আলোচিত আর্থিক কেলেঙ্কারিতে পরিণত হয়। ঘটনাটি দেখিয়েছে, বাস্তব ব্যবসায় বিনিয়োগ ও অস্বাভাবিক মুনাফার প্রতিশ্রুতি দিয়ে কীভাবে একটি সাধারণ গেমকেও অর্থ সংগ্রহের মাধ্যম হিসেবে ব্যবহার করা সম্ভব। দীর্ঘদিন পলাতক থাকার পর আইদিনের স্বেচ্ছায় আত্মসমর্পণ এবং পরবর্তী সময়ে আদালতের নজিরবিহীন দীর্ঘমেয়াদি সাজা দেশটির গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।   সংবাদ সূত্র: আনাদোলু এজেন্সি, দ্য ন্যাশনাল।

প্রকাশ : নভেম্বর ৫, ২০২৬ ২২:১
জেফ্রিসকে স্পিকার হিসেবে সমর্থন না করার আহ্বান জানিয়ে অনলাইন পিটিশন চালু করেছেন নিকোল হুইটেড। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
হাকিম জেফ্রিসকে স্পিকার না করার দাবিতে পিটিশনে ৫ লাখ স্বাক্ষর, চাপে ডেমোক্র্যাট নেতৃত্ব

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার পদে হাকিম জেফ্রিসকে সমর্থন না করার আহ্বান জানিয়ে করা একটি অনলাইন পিটিশনে পাঁচ লাখের বেশি স্বাক্ষর পড়েছে বলে দাবি করেছেন এর উদ্যোক্তা। ডেমোক্র্যাটদের মধ্যবর্তী নির্বাচনে জয় এবং কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার পর দলটির নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জেফ্রিসকে স্পিকার হিসেবে দেখতে না চাওয়া এই উদ্যোগে মূলত ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের অসন্তোষ উঠে এসেছে।   পিটিশনটির উদ্যোক্তা নিকোল হুইটেড। তিনি লেখক ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতা। তাঁর তৈরি পিটিশনের শিরোনাম ‘হাউস ডেমোক্র্যাটস: চুজ আ নিউ স্পিকার’। এতে বলা হয়েছে, স্পিকার হিসেবে এমন কাউকে বেছে নেওয়া উচিত, যিনি শুধু দলের নেতৃত্বের নয়, বরং ডেমোক্র্যাট ভোটারদের মতামতেরও প্রতিনিধিত্ব করবেন। পিটিশনে জেফ্রিসকে পরবর্তী স্পিকার হিসেবে সমর্থন না করে বিকল্প প্রার্থী বেছে নিতে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।   হুইটেডের দাবি, বুধবার প্রকাশিত এক ভিডিওতে তিনি পিটিশনে প্রায় ২০ হাজার স্বাক্ষরের কথা জানিয়েছিলেন। এরপর ২৪ ঘণ্টার মধ্যে স্বাক্ষরের সংখ্যা দ্রুত বেড়ে পাঁচ লাখ ছাড়িয়ে যায়। তবে এই সংখ্যা পিটিশনের উদ্যোক্তার দেওয়া হিসাব। চেঞ্জ ডট অর্গের পৃষ্ঠায় যাচাইকৃত স্বাক্ষরের সংখ্যা আলাদাভাবে দেখানো হয়েছে। ফলে বিভিন্ন সময়ে প্রকাশিত সংখ্যার মধ্যে পার্থক্য রয়েছে।   জেফ্রিসের বিরোধিতার পেছনে কয়েকটি বিষয় তুলে ধরেছেন হুইটেড। এর মধ্যে রয়েছে গত আগস্টে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গে জেফ্রিসের ব্যক্তিগত বৈঠক। এ ছাড়া মিশিগানের ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদের বিপক্ষে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দেওয়া প্রতিনিধি হ্যালি স্টিভেন্সের জেফ্রিসকে পরবর্তী স্পিকার হিসেবে উল্লেখ করার বিষয়টিও পিটিশনের সমর্থনে তুলে ধরা হয়েছে। হুইটেডের মতে, এসব ঘটনা দলীয় নেতৃত্বের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি করেছে।   পিটিশনে সমর্থন জানিয়েছেন হলিউড অভিনেতা মার্ক রাফালোও। সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাইয়ে পিটিশনটি শেয়ার করে তিনি নতুন স্পিকার নির্বাচনের পক্ষে স্বাক্ষর করার আহ্বান জানান। অন্যদিকে, ডেমোক্র্যাটদের প্রগতিশীল অংশের কয়েকজন নবনির্বাচিত প্রতিনিধি আগেই জেফ্রিসের নেতৃত্ব নিয়ে আপত্তি জানিয়েছেন। মিশিগান থেকে নির্বাচিত উইলিয়াম লরেন্স বলেছেন, স্পিকার নির্বাচনে জেফ্রিসের বিকল্প প্রার্থী দেখতে চান তিনি। পেনসিলভানিয়ার নবনির্বাচিত প্রতিনিধি ক্রিস র‍্যাবও জেফ্রিসের রাজনৈতিক অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।   তবে জেফ্রিসের প্রতি সমর্থনও রয়েছে দলের ভেতরে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি এর আগে তাঁর স্পিকার হওয়ার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছিলেন। এদিকে, জেফ্রিস নিজেও স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। ৪ নভেম্বর সহকর্মীদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে তিনি নিজের প্রার্থিতার পক্ষে সমর্থন চান। চিঠিতে তিনি বলেন, সংখ্যালঘু অবস্থানে থেকেও ডেমোক্র্যাটরা ধারাবাহিকভাবে সফল হয়েছে এবং এখন সংখ্যাগরিষ্ঠ হিসেবে জনগণের প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়ন করতে হবে।   গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট, উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে। ফলে আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর পর দুই কক্ষেই নেতৃত্বে পরিবর্তন আসবে। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা প্রথমে নিজেদের দলের পছন্দের স্পিকার প্রার্থী নির্বাচন করবেন। এরপর পুরো প্রতিনিধি পরিষদে ভোট হবে। স্পিকার নির্বাচিত হতে একজন প্রার্থীকে অন্তত ২১৮ জন সদস্যের সমর্থন পেতে হবে। জেফ্রিস নির্বাচিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার।   এদিকে, সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্ব নিয়েও দলের প্রগতিশীল অংশের মধ্যে অসন্তোষ রয়েছে। নিউ ইয়র্কের সিনেটর চাক শুমারকে দলীয় নেতা হিসেবে বহাল রাখার বিষয়ে আপত্তি জানিয়েছেন কয়েকজন নেতা। মিনেসোটার নবনির্বাচিত সিনেটর পেগি ফ্লানাগান ৪ নভেম্বর বলেছেন, দলের নেতৃত্বে পরিবর্তনের সময় এসেছে। তবে অ্যাসোসিয়েটেড প্রেসের অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, দলীয় সহকর্মীদের সমর্থন পেয়ে শুমার সহজেই নেতৃত্ব ধরে রাখতে পারেন বলে অনেক সিনেটর মনে করছেন।   সংবাদ সূত্র: নিউজউইক, অ্যাসোসিয়েটেড প্রেস।

প্রকাশ : নভেম্বর ৫, ২০২৬ ২১:৪৭
রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ইরানকে ৯০টি হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র দিতে চুক্তি রাশিয়ার

ইরানকে উন্নত প্রযুক্তির ৯০টি হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের উৎক্ষেপণযন্ত্র সরবরাহের পরিকল্পনা করেছিল রাশিয়া। ফাঁস হওয়া রুশ প্রতিরক্ষা শিল্পের নথিতে এই তথ্য উঠে এসেছে। নথিগুলোতে ২০২৪ সালের মে মাসে তৈরি একটি উৎপাদন ও সরবরাহ পরিকল্পনার উল্লেখ রয়েছে, যেখানে ‘কে-১০’ কোডনামে ৯০টি উৎক্ষেপণযন্ত্র রপ্তানির আদেশ দেখা যায়। পৃথক অভ্যন্তরীণ নথিতে কে-১০ কোডটি ইরানকে বোঝাতে ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।   দ্য গার্ডিয়ানের হাতে আসা নথিগুলো সংগ্রহ করেছে ইউক্রেনের বেসরকারি গোয়েন্দা প্রতিষ্ঠান ডালাস অ্যানালিটিকস। এগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণব্যবস্থা নির্মাতা প্রতিষ্ঠান ভিমপেলের উৎপাদন পরিকল্পনার তথ্য রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৪ সালের শেষ দিক থেকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এসব উৎক্ষেপণযন্ত্র সরবরাহের কথা ছিল। তবে চুক্তি অনুযায়ী শেষ পর্যন্ত সব সরঞ্জাম ইরানে পৌঁছেছিল কি না, সে বিষয়ে নথিতে নিশ্চিত কোনো তথ্য নেই।   উৎক্ষেপণযন্ত্রগুলো রাশিয়ার এলএমইউআর বা ‘ইজদেলিয়ে ৩০৫’ নামের নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য তৈরি। এগুলো মূলত আক্রমণকারী হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা হয়। ইউক্রেনে ২০২২ সালে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ বাহিনী দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি এপিইউ-এল উৎক্ষেপণযন্ত্রে দুটি ক্ষেপণাস্ত্র বহন করা যায় এবং এটি রাশিয়ার এমআই-২৮ ধরনের আক্রমণকারী হেলিকপ্টারের জন্য তৈরি।   ফাঁস হওয়া নথিতে ইরানের জন্য আরও সামরিক সরঞ্জাম সরবরাহের ইঙ্গিত রয়েছে। ২০২৩ সালে ইরানের জন্য ছয়টি ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান তৈরির একটি পৃথক উৎপাদন পরিকল্পনার তথ্যও পাওয়া গেছে। ওই বিমানগুলোর সরবরাহ নিয়ে আগে প্রকাশিত খবরের সঙ্গে নথির তথ্যের মিল রয়েছে। তবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্রের মতোই এসব নথি সরবরাহের পরিকল্পনা তুলে ধরে, প্রতিটি সরঞ্জাম বাস্তবে হস্তান্তর হয়েছে কি না, তা নিশ্চিত করে না।   রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা সাম্প্রতিক বছরগুলোতে আরও ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে ২০২২ সালে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর ইরান রাশিয়াকে শাহেদ সিরিজের আক্রমণকারী ড্রোন সরবরাহ করে। পরে রাশিয়া নিজস্ব উৎপাদনব্যবস্থায় এসব ড্রোন তৈরি শুরু করে। অন্যদিকে, ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, রাশিয়া ইরানকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান শনাক্তে সহায়ক তথ্য ও স্যাটেলাইটের ছবি সরবরাহ করেছে। তেহরানের জন্য বিস্ফোরকবাহী ড্রোন দেওয়ার প্রস্তুতির বিষয়েও সতর্ক করেছে ইউরোপের কয়েকটি গোয়েন্দা সংস্থা।   তবে ইরানকে চলমান সংঘাতে ব্যবহারের জন্য রাশিয়া সামরিক সরঞ্জাম দিচ্ছে, এমন খবর অস্বীকার করেছে মস্কো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রাশিয়ার সহায়তার মাত্রা কম বলে মন্তব্য করেছেন। গত মাসে তিনি বলেন, ইরানকে সহায়তার ক্ষেত্রে রাশিয়া ‘খুব সামান্য, যদি আদৌ কিছু করে থাকে’ এমন ভূমিকা রাখছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হোক, তা তিনি চান না বলেও ইঙ্গিত দিয়েছিলেন।   ২০২৫ সালে রাশিয়া ও ইরান একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে। এতে দুই দেশের অভিন্ন হুমকি মোকাবিলায় সহযোগিতার বিষয় রয়েছে। তবে চুক্তিটি উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার নিরাপত্তা চুক্তির মতো পারস্পরিক সামরিক প্রতিরক্ষার বাধ্যবাধকতা তৈরি করে না। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠকও হয়েছে। শুধু অক্টোবর মাসেই রুশ ও ইরানি কর্মকর্তাদের মধ্যে তিনটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   ইরানকে অস্ত্র সরবরাহের পরিকল্পনার খবর এমন এক সময়ে সামনে এল, যখন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে ওয়াশিংটনে আলোচনা চলছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়া এবং উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে। এতে রাশিয়ার তেল আয়ের পরিমাণ বাড়ার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাত ইউক্রেন যুদ্ধ থেকে আন্তর্জাতিক মনোযোগ ও পশ্চিমা সামরিক সম্পদের একটি অংশ সরিয়ে নিচ্ছে। ফলে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্র পাওয়াও আরও কঠিন হয়ে উঠতে পারে।   তবে ইরানকে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে রাশিয়ার নিজস্ব সীমাবদ্ধতাও রয়েছে। ইউক্রেন যুদ্ধে বিপুল সামরিক সরঞ্জামের চাহিদা মেটাতে গিয়ে দেশটির প্রতিরক্ষা শিল্পের উৎপাদনব্যবস্থা চাপে রয়েছে। ভিমপেলের ২০২৪ সালের মে মাসের একটি চিঠিতে প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহে বিলম্বের কারণে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র তৈরির কাজ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা জানানো হয়েছিল। এতে রাশিয়ার নিজস্ব প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নেও বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করা হয়।   সংবাদ সূত্র: দ্য গার্ডিয়ান, ফিন্যান্সিয়াল টাইমস।

প্রকাশ : নভেম্বর ৫, ২০২৬ ২১:১২
যুক্তরাজ্যে নির্দিষ্ট ধরনের পর্নোগ্রাফিক সামগ্রী রাখা ও প্রকাশের বিরুদ্ধে নতুন আইন কার্যকর হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাজ্যে নিষিদ্ধ হচ্ছে বিকৃত পর্নোগ্রাফি, আইন ভঙ্গ করলে ৫ বছরের জেল

যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসে নির্দিষ্ট ধরনের পর্নোগ্রাফিক ছবি বা ভিডিও নিজের কাছে রাখা এবং প্রকাশ করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার নতুন আইন কার্যকর হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) থেকে কার্যকর হওয়া এই আইনে শ্বাসরোধের দৃশ্য, নির্দিষ্ট আত্মীয়ের মধ্যে যৌন সম্পর্কের দৃশ্য এবং অপ্রাপ্তবয়স্কের ছদ্মবেশে প্রাপ্তবয়স্কদের যৌন কর্মকাণ্ডের চিত্রযুক্ত সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে। আইন লঙ্ঘন করে এসব সামগ্রী প্রকাশ বা অন্যের কাছে ছড়ালে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। আর নিষিদ্ধ সামগ্রী নিজের কাছে রাখার অপরাধে বিষয়ভেদে দুই থেকে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, বাস্তব মানুষের মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিও এই আইনের আওতায় পড়বে।   নতুন বিধানটি যুক্তরাজ্যের অপরাধ ও পুলিশিং আইন ২০২৬-এর অংশ। এতে তিন ধরনের পর্নোগ্রাফিক সামগ্রীকে বিশেষভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রথমত, কোনো ব্যক্তির গলা চেপে ধরা বা শ্বাস নেওয়ার পথ বন্ধ করে দেওয়ার বাস্তবসম্মত দৃশ্য। দ্বিতীয়ত, নির্দিষ্ট ঘনিষ্ঠ আত্মীয়ের মধ্যে যৌন সম্পর্কের দৃশ্য, এমনকি সংশ্লিষ্ট ব্যক্তিরা বাস্তবে আত্মীয় না হলেও যদি তাঁদের আত্মীয় হিসেবে উপস্থাপন করা হয়। তৃতীয়ত, এমন যৌন কর্মকাণ্ডের দৃশ্য, যেখানে অন্তত একজনকে ১৬ বছরের কম বয়সী বলে মনে হয় অথবা তাঁকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে অভিনয় করতে দেখা যায়। তবে এই বিধান সব ধরনের পর্নোগ্রাফি বা প্রাপ্তবয়স্কদের সম্মতিতে করা সাধারণ যৌন অভিনয়ের ওপর blanket নিষেধাজ্ঞা নয়।   নতুন আইনে নিষিদ্ধ সামগ্রী নিজের কাছে রাখার শাস্তি অপরাধের ধরন অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। শ্বাসরোধ বা নির্দিষ্ট আত্মীয়ের মধ্যে যৌন সম্পর্কের দৃশ্যসংবলিত পর্নোগ্রাফি রাখলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে। আর ১৬ বছরের কম বয়সী হিসেবে উপস্থাপিত ব্যক্তিকে নিয়ে যৌন কর্মকাণ্ডের দৃশ্যসংবলিত সামগ্রী রাখলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তিন ধরনের নিষিদ্ধ সামগ্রী প্রকাশ, আপলোড, পাঠানো, ভাগাভাগি বা অন্যের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।   আইনের আওতায় শুধু ওয়েবসাইটে প্রকাশিত সামগ্রীই নয়, ব্যক্তিগত মুঠোফোন, কম্পিউটার, অনলাইন অ্যাকাউন্ট কিংবা ক্লাউডে সংরক্ষিত ছবিও পড়তে পারে। আগে থেকে এসব সামগ্রী নিজের কাছে থাকলে আইন কার্যকরের আগেই স্থায়ীভাবে মুছে ফেলার নির্দেশনা দিয়েছিল বিচার মন্ত্রণালয়। একইভাবে অনলাইনে আপলোড করা নিষিদ্ধ ছবি বা ভিডিও অন্যদের দেখার সুযোগ থাকলে সেগুলোও সরিয়ে ফেলতে হবে। তবে কেউ অনিচ্ছাকৃতভাবে এমন ছবি পেয়ে গেলে এবং অযৌক্তিক সময় পর্যন্ত সেটি নিজের কাছে না রাখলে নির্দিষ্ট আইনি সুরক্ষা পাওয়ার সুযোগ রয়েছে।   যুক্তরাজ্য সরকারের দাবি, সহিংসতামূলক যৌন দৃশ্যের সহজলভ্যতা মানুষের আচরণ ও সম্পর্ক সম্পর্কে ধারণাকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে তরুণদের মধ্যে সহিংস আচরণকে স্বাভাবিক হিসেবে দেখার প্রবণতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। গত অক্টোবরে দেশটির বিচার প্রতিমন্ত্রী অ্যালেক্স ডেভিস-জোনস বলেন, এই আইনের উদ্দেশ্য নিরীহ যৌন পছন্দকে অপরাধ হিসেবে চিহ্নিত করা নয়। বরং নারীদের বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক বা গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরে, এমন সামগ্রীর বিস্তার রোধ করাই এর লক্ষ্য। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ নিয়ে ব্যারোনেস গ্যাবি বার্টিনের নেতৃত্বে পরিচালিত পর্যালোচনার সুপারিশের ভিত্তিতেও আইনটি প্রণয়ন করা হয়েছে।   তবে নতুন আইন নিয়ে সমালোচনাও রয়েছে। বাক্‌স্বাধীনতার পক্ষে কাজ করা বিভিন্ন সংগঠনের আশঙ্কা, আইনের কিছু শব্দ ও সংজ্ঞা যথেষ্ট স্পষ্ট নয়। ফলে প্রাপ্তবয়স্কদের সম্মতিতে তৈরি কিছু যৌন দৃশ্যও নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে। বিশেষ করে শ্বাসরোধ বা শ্বাসপ্রশ্বাসে বাধা দেওয়ার সংজ্ঞা আইনে নির্দিষ্টভাবে ব্যাখ্যা করা হয়নি। বিচার মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, গলা চেপে ধরার পাশাপাশি মুখ ও নাক ঢেকে দেওয়া কিংবা বুকের ওপর চাপ সৃষ্টি করে শ্বাস নেওয়ার ক্ষমতা বাধাগ্রস্ত করাও শ্বাসরোধের আওতায় আসতে পারে। কোনো নির্দিষ্ট ছবি আইনের আওতায় পড়বে কি না, তা শেষ পর্যন্ত আদালত নির্ধারণ করবে।   আইনটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও বিতর্ক তৈরি হয়েছে। ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য জেসিকা আসাতো নতুন বিধানের পক্ষে অবস্থান নিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কিছু বক্তব্য সমালোচনার মুখে পড়ে। বিশেষ করে প্রাপ্তবয়স্কদের সম্মতিতে হওয়া কিছু যৌন কর্মকাণ্ড নিয়েও নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচকদের মতে, আইনের অস্পষ্টতা ব্যক্তিগত স্বাধীনতা ও প্রাপ্তবয়স্কদের সম্মতিভিত্তিক যৌন আচরণের ওপর প্রভাব ফেলতে পারে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নিষিদ্ধ করা হয়েছে নির্দিষ্ট ক্ষতিকর ও বাস্তবসম্মত দৃশ্যযুক্ত সামগ্রী, সব ধরনের প্রাপ্তবয়স্ক বিনোদন নয়।   এদিকে, অনলাইনে নিষিদ্ধ সামগ্রীর বিস্তার ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের ওপরও যুক্তরাজ্যের অনলাইন নিরাপত্তা আইনের আওতায় দায়িত্ব রয়েছে। দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম এসব নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১ কোটি ৮০ লাখ পাউন্ড অথবা তাদের যোগ্য বৈশ্বিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করতে পারে। তবে এটি নতুন ফৌজদারি আইনের অধীনে ব্যক্তির কারাদণ্ডের বিধান থেকে আলাদা নিয়ন্ত্রক ব্যবস্থা।   উল্লেখ্য, নতুন বিধানটি মূলত ইংল্যান্ড ও ওয়েলসে কার্যকর হয়েছে। স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে এ ধরনের সামগ্রী নিয়ন্ত্রণে পৃথক আইনি ব্যবস্থা রয়েছে। ফলে পুরো যুক্তরাজ্যে একই নিয়ম কার্যকর হয়েছে বলে মনে করার সুযোগ নেই।   সংবাদ সূত্র: যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয়, সরকারি আইনবিষয়ক ওয়েবসাইট ও নিউজউইক।

প্রকাশ : নভেম্বর ৫, ২০২৬ ২০:৫১
বড় ভাইয়ের হাতে জিম্মি থাকার পর পালিয়ে আসা ম্যাভেরিক লায়ন পুলিশের গুলিতে গুরুতর আহত হন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
জিম্মিদশা থেকে পালিয়ে পুলিশের কাছে সাহায্য চাইতে গিয়ে উল্টো পুলিশের গুলিতে আহত কলেজশিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে জিম্মিদশা থেকে বাঁচার জন্য দৌড়ে পুলিশের কাছে গিয়ে উল্টো ৫টি গুলির শিকার হয়েছেন এক কলেজ শিক্ষার্থী। ম্যাভেরিক লায়ন নামের ২১ বছর বয়সী ওই তরুণ নিজের ভাইয়ের হাতেই জিম্মি ছিলেন। সেখান থেকে কোনোমতে পালিয়ে তিনি পুলিশের সাহায্য চাইতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ তাকেই হামলাকারী ভেবে এলোপাতাড়ি গুলি চালায়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সম্প্রতি পুলিশ কর্মকর্তা এবং সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই শিক্ষার্থী।   গত ৬ জানুয়ারি ওরেগনের নর্থ অ্যালবানিতে ম্যাভেরিকের নিজের বাড়িতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। মামলার এজাহারে বলা হয়েছে, পুলিশ সদস্যদের মধ্যে যোগাযোগের চরম অভাব ছিল এবং তারা পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ম্যাভেরিকের বাবা জরুরি সেবা ৯১১ নম্বরে কল করে দুই ভাইয়ের পোশাকের স্পষ্ট বর্ণনা দিয়েছিলেন। কিন্তু পুলিশ সেই তথ্য কাজে লাগিয়ে হামলাকারী ও জিম্মিকে আলাদা করতে পারেনি। উল্টো ম্যাভেরিক যখন দুই হাত তুলে পেছনের দরজা দিয়ে ছুটে আসেন, তখন পুলিশ কর্মকর্তা ম্যাট থমাস এবং এঙ্গেল দিয়াজ তাকে লক্ষ্য করে গুলি চালান।   মামলার নথিতে যুক্ত করা বাড়ির ডোরবেল ক্যামেরার ফুটেজে দেখা যায়, মাটিতে লুটিয়ে পড়ার পরও পুলিশ গুলি চালিয়েছিল। এ সময় রক্তমাখা অবস্থায় ম্যাভেরিক পুলিশকে উদ্দেশ্য করে বলছিলেন যে তারা ভুল মানুষকে গুলি করেছে এবং তিনি নিজেই জিম্মি ছিলেন। এই ঘটনায় গুরুতর আহত হয়ে তাকে চার সপ্তাহ হাসপাতালে কাটাতে হয়। তার শরীরে একাধিক অস্ত্রোপচার করতে হয়েছে এবং ফুসফুস, অ্যাপেন্ডিক্স ও প্লীহার কিছু অংশ কেটে ফেলতে হয়েছে। এই ভয়াবহ অভিজ্ঞতার কারণে সেন্ট আনসেলম কলেজের এই শিক্ষার্থীকে এক সেমিস্টার পিছিয়ে যেতে হয়েছে।   পুরো ঘটনার সূত্রপাত হয় ম্যাভেরিকের বড় ভাই ২৭ বছর বয়সী জন ডাকোটা লায়নের কারণে। ডাকোটা মাদকাসক্ত ছিলেন এবং আগের একটি অপরাধের কারণে সাজা খেটে ২০২৩ সালের নভেম্বরে মুক্তি পান। ঘটনার আগের দিন পরিবারের সদস্যরা বেন্টন কাউন্টি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে ডাকোটা আবার মাদক নেওয়া শুরু করেছেন। এরপর একজন প্রবেশন কর্মকর্তা তাদের বাড়িতে এসে ডাকোটার সঙ্গে কথা বললেও তাকে আটক করেননি। প্রসিকিউটররা জানিয়েছেন, ঘটনার দিন ডাকোটার প্রস্রাবের নমুনায় মেথামফেটামিন নামক মাদকের উপস্থিতি পাওয়া গিয়েছিল।   ঘটনার দিন সকালে ম্যাভেরিক ও ডাকোটার বাবা মা যখন কাজে ছিলেন, তখন ডাকোটা বাড়িতে ফিরে আসেন। প্রথমে দুই ভাই একসঙ্গে সকালের নাশতা করেন। প্রায় আধা ঘণ্টা পর ডাকোটা তার বাবাকে ফোন করে অস্বাভাবিক ও অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন। ফোন রাখার পরপরই তিনি একটি বড় রান্নাঘরের ছুরি হাতে তুলে নেন এবং ছোট ভাই ম্যাভেরিককে জিম্মি করেন। এ সময় তিনি প্রলাপ বকতে থাকেন যে বাইরের লোকজন তাকে হত্যা করার চেষ্টা করছে। বাবা পুরো ঘটনাটি বাড়ির নজরদারি ক্যামেরায় দেখছিলেন এবং জরুরি সেবায় খবর দিচ্ছিলেন।   বেন্টন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস গত মার্চ মাসে এক রায়ে জানায় যে পুলিশ কর্মকর্তাদের গুলি চালানোর আইনি যৌক্তিকতা ছিল। তাদের দাবি, পরিস্থিতি বোঝার জন্য কর্মকর্তাদের হাতে মাত্র কয়েক সেকেন্ড সময় ছিল। তবে ম্যাভেরিকের আইনজীবীরা জানিয়েছেন, তিনি আগেই আত্মরক্ষার ছুরিটি ফেলে দিয়েছিলেন যা পুলিশ খেয়াল করেনি। এমনকি গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকার পরও পুলিশ তাকে হাতকড়া পরিয়েছিল। অন্যদিকে, অপহরণের চেষ্টা ও বেআইনি অস্ত্র ব্যবহারের দায়ে বড় ভাই ডাকোটাকে গত জুন মাসে ছয় বছরের বেশি সময়ের কারাদণ্ড দেওয়া হয়েছে।   খবরের উৎস: দ্য ইনডিপেনডেন্ট এবং ওরেগন ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের নথি

প্রকাশ : নভেম্বর ৫, ২০২৬ ২০:২৯
ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনায় ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন মিশিগানের সিনেটর-নির্বাচিত আবদুল এল-সায়েদ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ইসরায়েলে সামরিক সহায়তা বন্ধে ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানালেন আবদুল এল-সায়েদ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে দেওয়া বার্ষিক প্রায় চার বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের যে পরিকল্পনা করেছেন, তার প্রশংসা করেছেন মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সায়েদ। নির্বাচনী প্রচারণার সময় দুজনের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হলেও এই নির্দিষ্ট ইস্যুতে তারা একমত হয়েছেন। সদ্য নির্বাচিত এই ডেমোক্র্যাট নেতা জানিয়েছেন, তিনি এই বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে আগ্রহী। রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে এমন ঐকমত্য যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে ২০২৮ অর্থবছর পর্যন্ত যুক্তরাষ্ট্রের বর্তমান সহায়তা চুক্তি বহাল থাকার কথা থাকলেও কীভাবে প্রশাসন ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি বন্ধ করবে, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।   বৃহস্পতিবার মর্নিং জো অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে এল-সায়েদ ট্রাম্পের এই প্রস্তাবের বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, এই নির্দিষ্ট নীতিতে তিনি ট্রাম্পের সঙ্গে সম্পূর্ণ একমত এবং তাদের একসঙ্গে কাজ করতে তার কোনো আপত্তি নেই। এল-সায়েদের মতে, মার্কিন করদাতাদের অর্থে বিদেশি কোনো সামরিক বাহিনীকে এমন কোনো কাজের জন্য সহায়তা করা উচিত নয় যা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। এমনকি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি পুরোপুরি বন্ধ করার পক্ষেও মত দেন তিনি। এর আগে এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ট্রাম্প এই নীতিতে সঠিক অবস্থানে রয়েছেন। এল-সায়েদ ইসরায়েলের কার্যক্রমকে অত্যন্ত কঠোর ভাষায় সমালোচনা করে অস্ত্র বিক্রি বন্ধের জোর দাবি জানান, যদিও ইসরায়েল বরাবরই তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে আসছে।   নির্বাচনের দিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে যুক্তরাষ্ট্র ২০২৬ সালের শেষের দিক থেকে ইসরায়েলকে দেওয়া বার্ষিক চার বিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করে দেবে। প্রেসিডেন্ট জানান, কয়েক মাস আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার এই বিষয়ে একটি সমঝোতা হয়েছে। ট্রাম্পের মতে, ইসরায়েল এখন যথেষ্ট সমৃদ্ধশালী একটি দেশ এবং সরাসরি মার্কিন সহায়তা ছাড়াই তারা নিজেদের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম। তবে ট্রাম্প জানিয়েছেন, সহায়তা বন্ধ হলেও ইসরায়েল চাইলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে পারবে এবং প্রয়োজনে অন্যান্য সহায়তা নিতে পারবে। তবে এই সহায়তা বন্ধের প্রক্রিয়া কীভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।   যুক্তরাষ্ট্রের বর্তমান চুক্তি অনুযায়ী ইসরায়েল বার্ষিক ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার সহায়তা পেয়ে থাকে, যা ট্রাম্প প্রায় চার বিলিয়ন বলে উল্লেখ করেছেন। ২০১৬ সালে স্বাক্ষরিত দশ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র ২০১৯ থেকে ২০২৮ অর্থবছর পর্যন্ত ইসরায়েলকে মোট ৩৮ বিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে ৩৩ বিলিয়ন ডলার বিদেশি সামরিক অর্থায়ন এবং ৫ বিলিয়ন ডলার যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির জন্য বরাদ্দ। তবে এই সমঝোতা স্মারকটি আইনত বাধ্যতামূলক কোনো চুক্তি নয় এবং এর জন্য সিনেটের অনুমোদনের প্রয়োজন হয়নি। তা সত্ত্বেও এই সহায়তার অর্থ ছাড়ের বিষয়টি কংগ্রেসের অনুমোদনের ওপর নির্ভরশীল। তাই ট্রাম্প কংগ্রেসকে এই তহবিল আটকে দেওয়ার অনুরোধ করবেন নাকি নতুন কোনো চুক্তি করবেন, তা এখনও পরিষ্কার নয়।   ট্রাম্প এবং এল-সায়েদের এই ঐকমত্য রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। কারণ মিশিগান সিনেট প্রচারণায় ট্রাম্প রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দিয়েছিলেন এবং এল-সায়েদের ধর্মীয় পরিচয় ও ইসরায়েল নীতির কড়া সমালোচনা করেছিলেন। মাইক রজার্সকে হারিয়ে এল-সায়েদ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবারের সাক্ষাৎকারে এল-সায়েদ মিশিগানের ইহুদি বাসিন্দাদের নিরাপত্তা এবং তাদের প্রতি তার শ্রদ্ধার কথাও তুলে ধরেন। তিনি জানান, ইহুদি সহপাঠীদের সঙ্গে তিনি বেড়ে উঠেছেন এবং তাদের ধর্মীয় ও সামাজিক অবদানের প্রতি তার গভীর সম্মান রয়েছে। সার্বিক এই খবরটি মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক তাদের এক প্রতিবেদনে বিস্তারিতভাবে প্রকাশ করেছে।   খবরের উৎস: নিউজউইক

প্রকাশ : নভেম্বর ৫, ২০২৬ ২০:১২
মিশিগান থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের সিনেটর আবদুল এল-সায়েদ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
আবদুল এল-সায়েদের সিনেটর বেতন কত, বাংলাদেশি টাকায় কত এবং কী কী সুবিধা পাবেন?

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। দেশটির ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে নির্বাচিত হওয়ার ঘটনায় তিনি আলোচনায় এসেছেন। নতুন দায়িত্বের পাশাপাশি তাঁর বেতন ও সরকারি সুযোগ-সুবিধা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, একজন সাধারণ মার্কিন সিনেটরের বার্ষিক বেতন ১ লাখ ৭৪ হাজার ডলার। সেই হিসাবে সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণের পর এল-সায়েদও একই বেতন কাঠামোর আওতায় পড়বেন।   বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলার প্রায় ১২৪ টাকা ৫০ পয়সা ধরলে তাঁর বার্ষিক বেতন বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ১৬ লাখ ৬৬ হাজার টাকা। অর্থাৎ বছরে প্রায় ২ কোটি ১৭ লাখ টাকা। মাসিক হিসাবে বেতন দাঁড়ায় ১৪ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ৫ হাজার টাকা। তবে বিনিময় হারের পরিবর্তনের কারণে টাকার অঙ্ক কমবেশি হতে পারে। এই হিসাব কর ও অন্যান্য প্রযোজ্য কর্তনের আগের বেতনের ভিত্তিতে করা হয়েছে।   আবদুল এল-সায়েদ ২০২৬ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন। অ্যাসোসিয়েটেড প্রেসের নির্বাচনী ফলাফল অনুযায়ী, তিনি মিশিগানের সিনেট আসনে জয়ী হয়েছেন। তবে নির্বাচনে জয়ী হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর বেতন কার্যকর হচ্ছে না। যুক্তরাষ্ট্রের সিনেটের নতুন মেয়াদ শুরু হবে ২০২৭ সালের ৩ জানুয়ারি। ওই দিন থেকে দায়িত্ব গ্রহণের পর তিনি সিনেটরের বেতন পাবেন।   বেতনের বাইরে সিনেটরদের জন্য রয়েছে স্বাস্থ্যবিমা ও অবসরকালীন সুবিধা। তবে এসব সুবিধা মানেই বিনা খরচে সব চিকিৎসা বা অবসরের পর আজীবন নির্দিষ্ট অঙ্কের অর্থ পাওয়া নয়। কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, সিনেটররা ডিসি হেলথ লিংকের মাধ্যমে স্বাস্থ্যবিমা নিতে পারেন। এ ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী ফেডারেল সরকার বিমার প্রিমিয়ামের একটি অংশ বহন করে। কোন স্বাস্থ্য পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং তার প্রিমিয়াম কত, তার ওপর ব্যক্তির নিজের পরিশোধযোগ্য অংশ নির্ভর করে।   সিনেটররা ফেডারেল কর্মীদের জন্য নির্ধারিত জীবনবিমা কর্মসূচিতেও অংশ নিতে পারেন। পাশাপাশি সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থায় তাঁদের অংশগ্রহণ বাধ্যতামূলক। অবসরকালীন সুবিধার ক্ষেত্রে ফেডারেল কর্মীদের অবসর পরিকল্পনার আওতায় বিভিন্ন বিকল্প রয়েছে। তবে কত টাকা পেনশন বা অবসর সুবিধা পাওয়া যাবে, তা নির্ভর করে সংশ্লিষ্ট পরিকল্পনা, বয়স, চাকরির মেয়াদ এবং অন্যান্য শর্তের ওপর। সাধারণভাবে অবসর সুবিধা পাওয়ার জন্য কমপক্ষে পাঁচ বছর চাকরির শর্ত রয়েছে।   সিনেটরদের দাপ্তরিক কাজ পরিচালনার জন্য রয়েছে আলাদা সরকারি বরাদ্দ। এই অর্থ ব্যক্তিগত বেতন বা অতিরিক্ত আয় নয়। সিনেটরদের অফিস পরিচালনা, কর্মী নিয়োগ, স্টাফদের বেতন, দাপ্তরিক সরঞ্জাম, চিঠিপত্র এবং নিজ অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসির মধ্যে সরকারি কাজে যাতায়াতের মতো খাতে এ অর্থ ব্যয় করা হয়। ২০২৬ অর্থবছরে একজন সিনেটরের জন্য এই দাপ্তরিক বরাদ্দের পরিমাণ অঙ্গরাজ্যভেদে প্রায় ৪২ লাখ ৯৬ হাজার ডলার থেকে ৬৬ লাখ ২১ হাজার ডলারের মধ্যে। গড় বরাদ্দ প্রায় ৪৬ লাখ ৬৪ হাজার ডলার।   এই দাপ্তরিক বরাদ্দ দিয়ে সিনেটর নিজের ব্যক্তিগত খরচ, রাজনৈতিক প্রচার বা নির্বাচনী ক্যাম্পেইনের ব্যয় মেটাতে পারেন না। অর্থ ব্যবহারের ক্ষেত্রে সিনেটের নির্ধারিত নিয়ম ও সীমাবদ্ধতা রয়েছে। একইভাবে সিনেটের বিভিন্ন কমিটিতে কাজ করার জন্য সাধারণ সিনেটররা মূল বেতনের বাইরে অতিরিক্ত বেতন পান না।   যুক্তরাষ্ট্রের সিনেটরদের বেতন ২০০৯ সাল থেকে অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দীর্ঘ সময় ধরে বেতন কাঠামো একই থাকলেও তাঁদের দাপ্তরিক কাজ পরিচালনা, স্বাস্থ্যবিমা এবং অবসরকালীন সুবিধার জন্য আলাদা নিয়ম ও বরাদ্দ রয়েছে। ফলে একজন সিনেটরের বার্ষিক বেতন এবং তাঁর অফিস পরিচালনার জন্য সরকারের দেওয়া অর্থকে এক করে দেখার সুযোগ নেই।

প্রকাশ : নভেম্বর ৫, ২০২৬ ২০:২৫
আদালতের আদেশের পর ফ্লোরিডায় কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ফ্লোরিডায় দুই মুসলিম সংগঠনসহ তিন সংগঠনকে সন্ত্রাসী তালিকাভুক্তির সিদ্ধান্ত কার্যকর

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুটি মুসলিম সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) ও মুসলিম ব্রাদারহুড এবং বামপন্থী আন্দোলন অ্যান্টিফাকে ‘দেশীয় সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে ফ্লোরিডা অঙ্গরাজ্যের নতুন আইনের আওতায় এই সিদ্ধান্ত কার্যকর হয়। এর এক দিন আগে, ৪ নভেম্বর বুধবার, ফেডারেল আদালতের বিচারক অ্যালেন সি. উইনসর সিএআইআর ও সংগঠনটির ফ্লোরিডা শাখার দায়ের করা জরুরি নিষেধাজ্ঞার আবেদন আংশিক মঞ্জুর ও আংশিক নাকচ করেন। আদালতের আদেশের পর ফ্লোরিডায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে সিএআইআর। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও অঙ্গরাজ্য সরকারের ক্ষমতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।   ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ল এনফোর্সমেন্ট (এফডিএলই) বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, ফেডারেল আদালত ফ্লোরিডার এই পদক্ষেপ বহাল রেখেছে। সংস্থাটি বলেছে, ফ্লোরিডার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে সতর্ক রয়েছে। এফডিএলইর প্রকাশিত গ্রাফিকেও তিনটি সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে। তবে আদালতের আদেশটি মূলত সিএআইআর ও এর ফ্লোরিডা শাখার দায়ের করা মামলার ওপর দেওয়া হয়েছে। মুসলিম ব্রাদারহুড ও অ্যান্টিফার বিরুদ্ধে পৃথকভাবে এই আদেশ দেওয়া হয়নি।   এই সিদ্ধান্তের সূত্রপাত গত ১ জুলাই ২০২৬ সালে। ওই দিন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এইচবি ১৪৭১ নামের নতুন আইন বাস্তবায়নের উদ্যোগ ঘোষণা করেন। আইনটির আওতায় অঙ্গরাজ্যের প্রশাসনকে নির্দিষ্ট সংগঠনকে দেশীয় বা বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার ক্ষমতা দেওয়া হয়। গভর্নর ও অঙ্গরাজ্যের মন্ত্রিসভার অনুমোদনের মাধ্যমে ২৯ সেপ্টেম্বর সিএআইআর, মুসলিম ব্রাদারহুড ও অ্যান্টিফাকে দেশীয় সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৬ অক্টোবর ফ্লোরিডার সরকারি প্রশাসনিক নিবন্ধনে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকাশের ৩০ দিন পর, অর্থাৎ ৫ নভেম্বর থেকে সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কথা ছিল।   সিদ্ধান্তের বিরুদ্ধে সিএআইআর ও এর ফ্লোরিডা শাখা আদালতের দ্বারস্থ হয়। সংগঠনটির পক্ষে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ), এসিএলইউ অব ফ্লোরিডা এবং সাউদার্ন পোভার্টি ল সেন্টারের আইনজীবীরা আইনি লড়াইয়ে অংশ নেন। তাঁদের অভিযোগ, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কোনো সংগঠনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার এই ক্ষমতা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সুরক্ষিত বাক্‌স্বাধীনতা ও সংগঠন করার অধিকারের পরিপন্থী। পাশাপাশি সংবিধানের চতুর্দশ সংশোধনীতে থাকা যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকারও এতে ক্ষুণ্ন হচ্ছে বলে তাঁদের দাবি।   ৪ নভেম্বরের আদেশে বিচারক অ্যালেন সি. উইনসর সংগঠনগুলোর মূল আবেদন গ্রহণ করেননি। তবে আইনি সেবা দেওয়ার ক্ষেত্রে একটি সীমিত সুরক্ষা দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, সিএআইআর, এর কর্মী কিংবা সংগঠনটিকে আইনি সহায়তা প্রদানকারী তৃতীয় পক্ষের বিরুদ্ধে শুধু আইনি সেবা দেওয়ার কারণে এই আইনের আওতায় ব্যবস্থা নেওয়া যাবে না। অর্থাৎ সংগঠনটি নিজেদের পক্ষে আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনা করতে পারবে। তবে এই সুরক্ষা সংগঠনটির অন্যান্য কার্যক্রমের জন্য সাধারণ ছাড় নয়। আদালতের আদেশে এক হাজার ডলারের জামানত জমা দেওয়ার শর্তও রাখা হয়েছে।   ফ্লোরিডার নতুন আইন অনুযায়ী, তালিকাভুক্ত সংগঠনগুলোকে অঙ্গরাজ্যের সরকারি অর্থায়ন, চুক্তি ও বিভিন্ন ধরনের সরকারি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্থ বা সম্পদ ব্যবহার করে এসব সংগঠনকে সহায়তা কিংবা তাদের কার্যক্রম প্রচারের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ ছাড়া তালিকাভুক্ত সংগঠনকে জেনেশুনে আর্থিক বা বস্তুগত সহায়তা দেওয়ার ক্ষেত্রে ফৌজদারি শাস্তির বিধান রাখা হয়েছে। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রেও নতুন আইনে কিছু বিধিনিষেধ রয়েছে। কোনো শিক্ষার্থী তালিকাভুক্ত সংগঠনের কার্যক্রম প্রচার করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দিষ্ট তথ্য জানাতে হতে পারে এবং শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধানও রয়েছে।   আদালতের সিদ্ধান্তের পর ৫ নভেম্বর সিএআইআর ফ্লোরিডা অঙ্গরাজ্যে তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। সংগঠনটির ফ্লোরিডা শাখার নির্বাহী পরিচালক হিবা রহিম জানান, কর্মী এবং তাদের সঙ্গে কাজ করা বিভিন্ন পক্ষের নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁরা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছেন। সিএআইআর দীর্ঘদিন ধরে মুসলিম আমেরিকানদের নাগরিক অধিকার রক্ষা, ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে আইনি সহায়তা এবং বিভিন্ন সামাজিক বিষয়ে কাজ করে আসছে। সংগঠনটির দাবি, তাদের কার্যক্রম বন্ধ হওয়ায় ফ্লোরিডায় নাগরিক অধিকার ও আইনি সহায়তা গ্রহণকারী বিভিন্ন সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে।   অন্যদিকে, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এবং অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ার আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, অঙ্গরাজ্যের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে সিএআইআর কর্তৃপক্ষ ফ্লোরিডা প্রশাসনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কার্যক্রমের মূল লক্ষ্য ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি, মুসলিম আমেরিকানদের নাগরিক অধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করা।   এদিকে, এসিএলইউর পক্ষ থেকে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দেওয়া হয়েছে। সংগঠনটির আইনজীবীদের মতে, এই রায়ের মাধ্যমে অঙ্গরাজ্যের কর্মকর্তাদের কোনো সংগঠনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে, যা সাংবিধানিক অধিকার নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে। তবে আদালতের ৪ নভেম্বরের আদেশ মামলার চূড়ান্ত রায় নয়। নতুন আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে মূল আইনি লড়াই এখনো চলমান রয়েছে।   উল্লেখ্য, ফ্লোরিডার এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের আনুষ্ঠানিক সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্তির সমতুল্য নয়। এটি অঙ্গরাজ্য সরকারের নিজস্ব আইনের অধীনে নেওয়া পদক্ষেপ। ফলে বিষয়টি নিয়ে পরবর্তী আপিল ও আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এখন নজর রয়েছে।

প্রকাশ : নভেম্বর ৫, ২০২৬ ১৯:৩০
ধর্মীয় সংগঠন চার্চ অব সায়েন্টোলজি
ফ্লোরিডায় ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারি সড়ক হস্তান্তরের সিদ্ধান্ত, প্রতিবাদে হাজারো বাসিন্দা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ক্লিয়ারওয়াটার শহরে ধর্মীয় সংগঠন চার্চ অব সায়েন্টোলজির একটি নির্মাণ প্রকল্পের জন্য সরকারি সড়কের একাংশের ব্যবহারাধিকার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছেন। ইতিমধ্যে ১০ হাজারের বেশি মানুষের স্বাক্ষর সংগ্রহ করে সিটি কাউন্সিলে আবেদন জমা দিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি পুনর্বিবেচনার জন্য বৈঠকে বসার কথা রয়েছে ক্লিয়ারওয়াটার সিটি কাউন্সিলের।   ফক্স ১৩ টাম্পা বের প্রতিবেদন অনুযায়ী, বিতর্কের কেন্দ্রে রয়েছে শহরের সাউথ গার্ডেন অ্যাভিনিউয়ের প্রায় ৪৭০ ফুট দীর্ঘ একটি অংশ। গত ১৮ জুন ক্লিয়ারওয়াটার সিটি কাউন্সিল তিন-দুই ভোটে ওই সড়কের সরকারি রাইট-অব-ওয়ে বা চলাচলের অধিকার শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। এর ফলে চার্চ অব সায়েন্টোলজির পরিকল্পিত ‘এল রন হাবার্ড হল’ নির্মাণের পথ তৈরি হয়। প্রায় ২৫ কোটি ডলার ব্যয়ের এই প্রকল্পে একটি বিশাল অডিটোরিয়াম, অনুষ্ঠানকেন্দ্র ও উন্মুক্ত প্রাঙ্গণ নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির দুই পাশের সম্পত্তি সায়েন্টোলজি-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছে।   কিন্তু সরকারি সড়কের ব্যবহারাধিকার একটি বেসরকারি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রকল্পের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি স্থানীয় অনেক বাসিন্দা। ‘সেভ দ্য গার্ডেন’ নামে একটি নাগরিক সংগঠন সিদ্ধান্ত বাতিলের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করে। ক্লিয়ারওয়াটার সিটি কাউন্সিলের নথি অনুযায়ী, সংগঠনটি ১০ হাজার ৮১২টি স্বাক্ষর জমা দেয়। যাচাই শেষে পিনেলাস কাউন্টির নির্বাচন কর্তৃপক্ষ ৭ হাজার ৫৭৭টি স্বাক্ষর বৈধ ঘোষণা করে। সিটির নিয়ম অনুযায়ী, এমন আবেদন কার্যকর করতে প্রয়োজন ছিল অন্তত ৭ হাজার ৬৭টি বৈধ স্বাক্ষর।   আন্দোলনকারীদের অভিযোগ, সায়েন্টোলজি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের জন্য শহরের গুরুত্বপূর্ণ সরকারি সড়ক ও জমি ক্রমেই সাধারণ মানুষের ব্যবহার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। সেভ দ্য গার্ডেনের সংগঠক ব্রুকস গিবস বলেন, তাঁরা এক বছর ধরেই সতর্ক করে আসছেন যে শুধু গার্ডেন অ্যাভিনিউ নয়, শহরের আরও সড়ক নিয়ে একই ধরনের উদ্যোগ নেওয়া হতে পারে। সম্প্রতি লরা স্ট্রিট, গ্রোভ স্ট্রিট এবং সংলগ্ন একটি গলির সরকারি ব্যবহারাধিকার ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও তিন-দুই ভোটে অনুমোদন করেছে সিটি কাউন্সিল। সেখানে প্রায় পাঁচ কোটি ডলারের একটি বিনোদনকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।   অন্যদিকে চার্চ অব সায়েন্টোলজি কর্তৃপক্ষ বলছে, উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ক্লিয়ারওয়াটারের কেন্দ্রীয় এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এবং নতুন বিনিয়োগ আসবে। সড়কের অংশবিশেষ বন্ধ রাখলে পথচারীদের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে। সংগঠনটির প্রতিনিধিরা দাবি করেছেন, গার্ডেন অ্যাভিনিউ প্রকল্প আইন মেনেই অনুমোদিত হয়েছে এবং নির্মাণকাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তাঁদের বক্তব্য অনুযায়ী, নাগরিকদের গণস্বাক্ষর আবেদন দিয়ে অঙ্গরাজ্যের উন্নয়নসংক্রান্ত আইন বাতিল করা যায় না। তবে আন্দোলনকারীরা বলছেন, জনসাধারণের ব্যবহারের সড়ক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার স্থানীয় ভোটারদেরও থাকা উচিত।   এদিকে ক্লিয়ারওয়াটারের মেয়র ব্রুস রেক্টরও সরকারি সড়কের মালিকানা ও ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, শহরের সড়ক নাগরিকদের সম্পদ এবং এগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনস্বার্থকে গুরুত্ব দিতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় নির্ধারিত সিটি কাউন্সিলের বৈঠকে গণস্বাক্ষর আবেদন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে বিষয়টি সরাসরি ভোটারদের গণভোটে পাঠানো যাবে কি না, তা নিয়ে আইনি জটিলতা রয়েছে। ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেলের মতামত এখনো অপেক্ষমাণ। ফলে সড়ক হস্তান্তরের আগের সিদ্ধান্ত বহাল থাকবে, বাতিল হবে নাকি গণভোটের পথে যাবে—সেই প্রশ্নের নিষ্পত্তি এখনো হয়নি।   সংবাদসূত্র: FOX 13 Tampa Bay

প্রকাশ : নভেম্বর ৫, ২০২৬ ১৫:১৫
এআই প্রযুক্তি
আমিরাতে এআইয়ের কারণে ঝুঁকিতে একাধিক পেশার চাকরি, প্রবাসীদের প্রতি বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ পরামর্শ

সংযুক্ত আরব আমিরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে একাধিক পেশার চাকরিতে বড় পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ডেটা এন্ট্রি, প্রশাসনিক সহায়তা, কাস্টমার সার্ভিস, কল সেন্টার, অ্যাকাউন্টিং এবং কনটেন্ট তৈরির মতো পেশায় কর্মরত ব্যক্তিরা বেশি ঝুঁকিতে রয়েছেন। অনেক প্রতিষ্ঠান এখন নিয়মিত কাজের জন্য নতুন কর্মী নিয়োগের পরিবর্তে এআই প্রযুক্তি ব্যবহার করছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে নিয়োগ বিশেষজ্ঞরা এসব তথ্য জানিয়েছেন। একই সঙ্গে চাকরি ধরে রাখতে এবং ভবিষ্যতের কর্মবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন তাঁরা।   দুবাইভিত্তিক নিয়োগ প্রতিষ্ঠান পিংক ক্যামেল রিক্রুটমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মলি পাওয়েল জানিয়েছেন, যেসব চাকরিতে একই ধরনের কাজ বারবার করতে হয় এবং মানুষের সরাসরি সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন তুলনামূলক কম, সেগুলো এআইয়ের কারণে সবচেয়ে বেশি পরিবর্তনের মুখে পড়ছে। বিশেষ করে ডেটা এন্ট্রি অপারেটর, অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, কাস্টমার সার্ভিস প্রতিনিধি, কল সেন্টার কর্মী, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, বুককিপার, পেরোল প্রসেসিং কর্মী, ডেটা অ্যানালিস্ট এবং এন্ট্রি-লেভেল মার্কেটিং ও কনটেন্ট ক্রিয়েটরদের কাজের একটি বড় অংশ স্বয়ংক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর অর্থ এই নয় যে এসব পেশার সব চাকরি বন্ধ হয়ে যাবে। বরং অনেক কোম্পানি কর্মী চলে যাওয়ার পর নতুন নিয়োগ না দিয়ে বিদ্যমান কর্মীদের এআইয়ের সাহায্যে অতিরিক্ত দায়িত্ব দিচ্ছে।   নিয়োগ বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে নতুন গ্র্যাজুয়েট এবং কর্মজীবনে প্রবেশ করতে চাওয়া তরুণদের ওপর। আগে ডেটা এন্ট্রি, অফিস সহায়তা কিংবা সাধারণ হিসাবরক্ষণের কাজের মাধ্যমে অনেকে কর্মজীবন শুরু করতেন। কিন্তু এসব কাজ প্রযুক্তির সাহায্যে দ্রুত সম্পন্ন হওয়ায় নতুনদের জন্য প্রচলিত এন্ট্রি-লেভেল চাকরির সুযোগ কমতে পারে। মাইকেল পেজ মিডল ইস্টের প্রযুক্তিবিষয়ক সিনিয়র ম্যানেজার ম্যাট জোনস জানিয়েছেন, এআইয়ের কারণে চাকরি পুরোপুরি হারিয়ে যাবে অথবা কোনো পরিবর্তনই হবে না—এমন দুটি ধারণাই বাস্তব পরিস্থিতিকে পুরোপুরি তুলে ধরে না। বরং কর্মীদের কাছ থেকে প্রতিষ্ঠানগুলো কী ধরনের দক্ষতা প্রত্যাশা করে, সেটিই বদলে যাচ্ছে।   এদিকে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান অলিভার ওয়াইম্যানের নতুন গবেষণায় দেখা গেছে, সংযুক্ত আরব আমিরাতের ৮৫ শতাংশ কর্মী কর্মক্ষেত্রে এআই ব্যবহার করছেন। তবে ৬৭ শতাংশ কর্মী এআইয়ের কারণে চাকরি হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন। গবেষণায় আরও দেখা যায়, মাত্র ২৬ শতাংশ নির্বাহী কর্মকর্তা এবং ৬ শতাংশ সামনের সারির কর্মী মনে করেন, তাঁদের প্রতিষ্ঠান এআই ব্যবহারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কর্মীদের স্পষ্ট ধারণা দিয়েছে। অন্যদিকে পিডব্লিউসির ২০২৬ সালের গবেষণা অনুযায়ী, আমিরাতে এআই দক্ষতা প্রয়োজন এমন চাকরির চাহিদা দ্রুত বাড়ছে। ২০২১ সালে মোট চাকরির বিজ্ঞাপনের ১ শতাংশে এআই দক্ষতা চাওয়া হলেও ২০২৫ সালে তা বেড়ে ৩ দশমিক ২ শতাংশ হয়েছে।   এই পরিস্থিতিতে কর্মীদের জন্য তিনটি দক্ষতাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলেছেন ম্যাট জোনস। প্রথমত, নিজের বর্তমান পেশায় এআই টুলস ব্যবহার করে কীভাবে কাজের গতি ও মান বাড়ানো যায়, তা শিখতে হবে। দ্বিতীয়ত, ক্রিটিক্যাল থিংকিং, সমস্যা সমাধান, যোগাযোগ, আবেগীয় বুদ্ধিমত্তা এবং সিদ্ধান্ত গ্রহণের মতো দক্ষতা বাড়াতে হবে। তৃতীয়ত, নিজের কাজ প্রতিষ্ঠানের আয়, গ্রাহকসেবা, উৎপাদনশীলতা ও ব্যবসায়িক সাফল্যে কীভাবে অবদান রাখছে, তা বুঝতে হবে। শুধু এআই ব্যবহার জানলেই হবে না, প্রযুক্তির তৈরি তথ্য যাচাই এবং বাস্তব পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও প্রয়োজন।   আমিরাতভিত্তিক ক্যারিয়ার পরামর্শক শাজিয়া ভারুচি জানিয়েছেন, নতুন চাকরিপ্রার্থীদের শুধু শিক্ষাগত সনদের ওপর নির্ভর না করে ইন্টার্নশিপ, স্বেচ্ছাসেবামূলক কাজ, বিশ্ববিদ্যালয়ের প্রকল্প এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করা উচিত। পাশাপাশি লিংকডইনে পেশাগত যোগাযোগ বাড়ানো, নিয়োগদাতাদের সঙ্গে সম্পর্ক তৈরি এবং নিজের কাজের বাস্তব ফলাফল তুলে ধরা গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের কর্মবাজারে এগিয়ে থাকবেন তাঁরাই, যাঁরা এআই প্রযুক্তির সঙ্গে মানবিক দক্ষতা, অভিজ্ঞতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে সমন্বয় করতে পারবেন। আমিরাতে কর্মরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীদের জন্যও পরিবর্তিত কর্মবাজারের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা উন্নয়নের গুরুত্ব বাড়ছে।   সংবাদসূত্র: Gulf News

প্রকাশ : নভেম্বর ৫, ২০২৬ ১৪:৫২
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি
‘আমেরিকায় আবারও নতুন সকাল এসেছে’— ডেমোক্র্যাটদের জয়ে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির অভাবনীয় জয়ের পর দলের নেতাদের দ্রুত কাজে নেমে পড়ার আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি জোর দিয়ে বলেছেন যে, নির্বাচনে কেবল ক্ষমতা অর্জন করাই শেষ কথা নয়, বরং সেই প্রাপ্ত ক্ষমতাকে অবশ্যই জনগণের বৃহত্তর স্বার্থে কাজে লাগাতে হবে। বিশেষ করে মূল্যবৃদ্ধির চাপে দিশেহারা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব ও ইতিবাচক পরিবর্তন আনতে ডেমোক্র্যাটদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।   নির্বাচনী জয়ের পর দলটির সামনে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ডেমোক্রেটিক পার্টির নেতাদের উদ্দেশে মামদানি বলেন, "এখন আমাদের কাজ করে দেখানোর সময়। বন্ধুরা, আমেরিকায় আবারও নতুন সকাল এসেছে।" এই বিজয়কে শুধু ক্ষমতা অর্জনের সুযোগ হিসেবে না দেখে, বরং তা দিয়ে জনগণের প্রকৃত প্রত্যাশা পূরণের ওপর জোর দিয়েছেন তিনি।   উল্লেখ্য, মাত্র ৩৫ বছর বয়সী তরুণ রাজনীতিক জোহরান মামদানি গত ২০২৫ সালের নির্বাচনে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। তিনিই এই শহরের ইতিহাসে প্রথম মুসলিম এবং একইসঙ্গে প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র।

প্রকাশ : নভেম্বর ৫, ২০২৬ ১৪:৩৭
ডেমোক্র্যাট নেতা আবদুল এল-সায়েদ
মিশিগানে আবদুল এল-সায়েদের জয়ে ভারতের কর্ণাটকে উৎসব, ‘জামাইবাবু’র সাফল্যে উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান থেকে প্রথম মুসলিম মার্কিন সিনেটর হিসেবে ঐতিহাসিক জয় পেয়েছেন ডেমোক্র্যাট নেতা আবদুল এল-সায়েদ। তার এই বিশাল বিজয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি উৎসবের ছোঁয়া লেগেছে ভারতের কর্ণাটক রাজ্যের ভাটকলেও! কারণ, এল-সায়েদের স্ত্রী ডা. সারাহ জুকাকুর পরিবারের শেকড় প্রোথিত রয়েছে এই উপকূলীয় শহরেই। 'কর্ণাটকের জামাইবাবু'র এই সাফল্যে সারাহর পরিবার ও আত্মীয়স্বজনদের মাঝে এখন রীতিমতো আনন্দের জোয়ার বইছে।   এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সারাহর মামাতো ভাই জুকাকু শামসুদ্দিন জিয়া এবং চাচাতো বোন বিবি হুসনা জানিয়েছেন, ভোটের পুরোটা সময় চরম মানসিক চাপে থাকলেও বিজয়ের খবর শোনার পর তাদের আনন্দ বাঁধভাঙা রূপ নেয়। আত্মীয়স্বজনরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকায় পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোই হয়ে উঠেছিল অভিনন্দনের মূল কেন্দ্রবিন্দু। এল-সায়েদের সঙ্গে ভাটকলের সম্পর্ক অনেক পুরোনো। সারাহর বাবা ডা. তায়েব জুকাকু সবসময় সন্তানদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে চাইতেন। এক দশকেরও বেশি সময় আগে একটি পারিবারিক বিয়ে উপলক্ষে আবদুল এল-সায়েদ ভাটকলে এসেছিলেন এবং বেশ কয়েকদিন এখানে কাটিয়েছিলেন। আত্মীয়দের কাছে তিনি একজন অত্যন্ত বিনয়ী, অমায়িক এবং আড্ডাপ্রিয় মানুষ হিসেবে পরিচিত। বিশেষ করে ভাটকলের ঐতিহ্যবাহী বিরিয়ানি ও 'লোনমিরি' নামের স্থানীয় খাবারগুলো তার বেশ পছন্দের।   বেঙ্গালুরুতে বসবাসরত জিয়া এই বিজয়ের মাঝে তার প্রয়াত দাদা জুকাকু শামসুদ্দিনের স্মৃতি খুঁজে পান, যিনি একসময় মহীশূর রাজ্যের মন্ত্রী ছিলেন। তিনি মনে করেন, তার দাদার মতোই এল-সায়েদ জনসেবা ও সততার প্রতি দারুণভাবে দায়বদ্ধ। অন্যদিকে, বিবি হুসনা এই বিজয়কে কেবল ব্যক্তিগত অর্জন হিসেবে না দেখে, বরং এটিকে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসলামোফোবিয়া, দুর্নীতি এবং অপপ্রচারের বিরুদ্ধে একটি বড় জয় হিসেবেই দেখছেন। তবে বিপুল প্রত্যাশার এই নতুন পদে দায়িত্ব পালনকালে এল-সায়েদ ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তিতও তারা। সব মিলিয়ে হাজার মাইল দূরের এক বড় রাজনৈতিক বিজয়ের সঙ্গে নিজেদের মাটির এই নিবিড় সংযোগে ভাটকলবাসী এখন গর্বিত ও উচ্ছ্বসিত।

প্রকাশ : নভেম্বর ৫, ২০২৬ ১৪:৩২
নিরাপত্তা হুমকিতে সুইডেনে ছয় মাসের সীমান্ত নিয়ন্ত্রণ
নিরাপত্তা হুমকিতে সুইডেনে ছয় মাসের সীমান্ত নিয়ন্ত্রণ, বাংলাদেশি ভ্রমণকারী ও প্রবাসীদের যে নথি সঙ্গে রাখতে হবে

ইউরোপের দেশ সুইডেনে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শেনজেনভুক্ত দেশগুলোর সঙ্গে অভ্যন্তরীণ সীমান্তে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও ছয় মাসের জন্য বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১২ নভেম্বর থেকে ২০২৭ সালের ১১ মে পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুইডেনের বিচার মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সরকারের দাবি, জনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তার ওপর গুরুতর হুমকি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   বার্তা সংস্থা রয়টার্স ও আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সুইডিশ সরকার জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের পর ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। এর ফলে শেনজেন অঞ্চলে হাইব্রিড হামলা, বিদেশি রাষ্ট্রসমর্থিত তৎপরতা এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে শত্রুভাবাপন্ন গোষ্ঠী ও ব্যক্তিদের শেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে অবাধ চলাচল সুইডেনের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।   সুইডেনের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত নিয়ন্ত্রণ পুনর্বহালের সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের প্রচলিত আইন অনুযায়ী নেওয়া হয়েছে। এর মাধ্যমে পুলিশ সীমান্ত অতিক্রমকারী সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই এবং নিরাপত্তা হুমকি শনাক্ত করার সুযোগ পাবে। কর্তৃপক্ষের মতে, সম্ভাব্য অপরাধ, নাশকতা কিংবা বিদেশি শক্তির ক্ষতিকর তৎপরতা প্রতিরোধে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।   সুইডেন শেনজেন অঞ্চলের সদস্য হওয়ায় সাধারণ পরিস্থিতিতে অন্য শেনজেন দেশ থেকে প্রবেশের সময় নিয়মিত পাসপোর্ট পরীক্ষা করা হয় না। তবে নিরাপত্তা হুমকি দেখা দিলে ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী সদস্যদেশগুলো সাময়িকভাবে অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ চালু করতে পারে। সুইডেন ২০১৫ সাল থেকেই বিভিন্ন সময়ে এ ধরনের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। আগের ছয় মাসের মেয়াদ ১১ নভেম্বর শেষ হওয়ার কথা থাকায় নতুন সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তী ছয় মাসের অনুমোদন দেওয়া হয়েছে।   নতুন ব্যবস্থার আওতায় সড়ক, রেলপথ, সমুদ্রবন্দর এবং বিমানবন্দরে প্রয়োজন অনুযায়ী পরিচয় ও ভ্রমণসংক্রান্ত নথি পরীক্ষা করা হতে পারে। বিশেষ করে ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড থেকে সুইডেনে প্রবেশকারী যাত্রীদের যাচাইয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোথায়, কখন এবং কীভাবে পরীক্ষা চালানো হবে, সে সিদ্ধান্ত নেবে সুইডিশ পুলিশ কর্তৃপক্ষ। এর অর্থ সব সীমান্ত বন্ধ করে দেওয়া কিংবা প্রত্যেক যাত্রীকে বাধ্যতামূলকভাবে দীর্ঘ পরীক্ষার মুখোমুখি করা নয়।   সুইডিশ পুলিশের নির্দেশনা অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকদের ভ্রমণের সময় বৈধ পাসপোর্ট, প্রযোজ্য ভিসা এবং বসবাসের অনুমতিসংক্রান্ত নথি সঙ্গে রাখা প্রয়োজন। বাংলাদেশি নাগরিকসহ অন্য দেশের যাঁরা সুইডেনে পড়াশোনা, চাকরি কিংবা বসবাস করছেন, তাঁদের জন্যও পরিচয় ও বৈধ অবস্থানের প্রমাণ দেখানোর প্রয়োজন হতে পারে। শেনজেনভুক্ত অন্য দেশে বৈধভাবে অবস্থান করলেও সুইডেনে প্রবেশের সময় প্রয়োজনীয় নথি যাচাই করা হতে পারে।   এদিকে শুধু সুইডেন নয়, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক ও নরওয়ের মতো ইউরোপীয় দেশগুলোও বিভিন্ন নিরাপত্তা হুমকির কারণে অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ চালু রেখেছে। সুইডিশ সরকার জানিয়েছে, নতুন ছয় মাসের সিদ্ধান্ত নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়নের ভিত্তিতে নেওয়া হয়েছে এবং নিয়ন্ত্রণ কার্যক্রম প্রয়োজন অনুযায়ী পরিচালিত হবে।   সংবাদসূত্র: সুইডেনের বিচার মন্ত্রণালয় , আরব নিউজ।

প্রকাশ : নভেম্বর ৫, ২০২৬ ১৪:০
পেটে ব্যথার কথা ভেবে হাসপাতালে গিয়ে জানলেন কোলন ক্যান্সারের শেষ পর্যায়ে
পেটে ব্যথার কথা ভেবে হাসপাতালে গিয়ে জানলেন কোলন ক্যান্সারের শেষ পর্যায়ে

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ৪০ বছর বয়সী হেলেন ওয়ার্থিংটন গত বছর ২৭ আগস্ট রাতে ঘুমাতে যাওয়ার সময় হঠাৎ তার পেটে অস্বস্তি বোধ করেন। সাধারণ গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে তিনি প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। কিন্তু সকালে ব্যথা কিছুটা বাড়লে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে তিনি স্থানীয় একটি হাসপাতালের জরুরি বিভাগে যান।   এমনকি হাসপাতালে যাওয়ার পর সাধারণ একটা ব্যথার জন্য চিকিৎসকদের মূল্যবান সময় নষ্ট করার জন্য তিনি অনুতপ্তও হচ্ছিলেন! কিন্তু চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করার পর যা জানালেন, তাতে হেলেনের আকাশ ভেঙে পড়ে। তিনি জানতে পারেন যে তিনি শুধু কোলন ক্যান্সারেই (বাওয়েল ক্যান্সার) আক্রান্ত নন, বরং ক্যান্সারটি ইতোমধ্যে তার লিভার পর্যন্ত ছড়িয়ে পড়েছে।   সবচেয়ে মর্মান্তিক বিষয়টি ছিল, এই চরম পর্যায়ে পৌঁছানোর আগে হেলেন ক্লান্তি ছাড়া অন্য কোনো শারীরিক লক্ষণই অনুভব করেননি। এই খবর পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তার জরুরি অস্ত্রোপচার করা হয় এবং শুরু হয় কেমোথেরাপি। তবে হেলেনের ক্যান্সারে 'BRAF V600E' মিউটেশন থাকায় এটি অত্যন্ত আক্রমণাত্মক। ইতোমধ্যে তিনি ২৭টি কেমোথেরাপি সেশন শেষ করেছেন।   কিন্তু ক্যান্সারের কাছে হার মানতে নারাজ এই সাহসী মা। ১২ বছর বয়সী মেয়ে মলির মুখের দিকে তাকিয়ে তিনি চালিয়ে যাচ্ছেন এক অসম লড়াই।   কেমোথেরাপির পাশাপাশি চিকিৎসকের পরামর্শে নিয়মিত ব্যায়াম করে শরীর ও মনকে শক্ত রাখছেন হেলেন। 'ক্লিনিক্যাল অনকোলজি সোসাইটি অব অস্ট্রেলিয়া'-এর মতে, ক্যান্সারের রোগীদের চিকিৎসায় সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি বা ৭৫ মিনিট ভারী অ্যারোবিক ব্যায়াম করা উচিত। এতে চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া কমার পাশাপাশি শারীরিক সক্ষমতা বাড়ে।   হেলেন জানান, ক্যান্সারের চিকিৎসায় তার কোনো নিয়ন্ত্রণ না থাকলেও ব্যায়ামের মাধ্যমে শারীরিক ফিটনেস ধরে রাখার বিষয়টি তার আত্মবিশ্বাস অনেকাংশে বাড়িয়ে দিয়েছে।

প্রকাশ : নভেম্বর ৫, ২০২৬ ১৩:১৮
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে নীতি ও প্রশাসন বদলানোর চাপ দিচ্ছেন রিপাবলিকান নেতারাই
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে নীতি ও প্রশাসন বদলানোর চাপ দিচ্ছেন রিপাবলিকান নেতারাই

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর চরম বিপর্যয়ের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বড় ব্যবধানের এই পরাজয়ের পর হোয়াইট হাউসের কর্মকর্তা-কর্মচারীদের রদবদল, প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ইরান যুদ্ধ ও শুল্ক আরোপের মতো বিতর্কিত নীতিগুলো থেকে ট্রাম্পকে সরে আসার জোর আহ্বান জানিয়েছেন রিপাবলিকান মিত্র ও রাজনৈতিক কৌশলবিদেরা।   খোদ ট্রাম্পের সম্ভাব্য রাজনৈতিক উত্তরসূরি হিসেবে বিবেচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এই পরাজয়ের জন্য সরাসরি ইরান যুদ্ধকে দায়ী করে প্রেসিডেন্টের অবস্থান থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন। দলের অভিজ্ঞ কৌশলবিদরা এই ফলাফলকে ট্রাম্পের জন্য 'বড় বিপর্যয়' হিসেবে আখ্যা দিয়ে দ্রুত প্রশাসন ঢেলে সাজানোর তাগিদ দিয়েছেন।   এদিকে হোয়াইট হাউসের অভ্যন্তরীণ অবস্থাও বর্তমানে বেশ শোচনীয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, কর্মীদের মনোবল এখন তলানিতে গিয়ে ঠেকেছে। ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ায় এখন তারা সহজেই ট্রাম্পের যেকোনো আইন প্রণয়ন আটকে দিতে এবং প্রশাসনের বিরুদ্ধে নানা ধরনের তদন্ত শুরু করতে পারবে, যা নিয়ে হোয়াইট হাউসের ভেতরে চরম আতঙ্ক বিরাজ করছে।   তবে এত চতুর্মুখী চাপের মুখেও নিজের নীতি পরিবর্তনের কোনো ইঙ্গিত দেননি ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই পরাজয়কে তিনি নিজের ওপর কোনো ব্যক্তিগত আঘাত হিসেবে দেখছেন না। এমনকি নির্বাচনের আগে দলীয় জরিপে পরাজয়ের শঙ্কার কথা জেনেও তিনি ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে অস্বীকৃতি জানান।   বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের বাধা এড়াতে আগামী দিনে অভিবাসন, শুল্ক ও আবাসন খাতে ট্রাম্প কংগ্রেসকে পাশ কাটিয়ে একক নির্বাহী আদেশের (এক্সিকিউটিভ অর্ডার) ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে উঠতে পারেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

প্রকাশ : নভেম্বর ৫, ২০২৬ ১৩:২