সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

আবদুল এল-সায়েদের সিনেটর বেতন কত, বাংলাদেশি টাকায় কত এবং কী কী সুবিধা পাবেন?

মিশিগান প্রতিনিধি প্রকাশ: নভেম্বর ৫, ২০২৬ ২০:২৫
মিশিগান থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের সিনেটর আবদুল এল-সায়েদ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
মিশিগান থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের সিনেটর আবদুল এল-সায়েদ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। দেশটির ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে নির্বাচিত হওয়ার ঘটনায় তিনি আলোচনায় এসেছেন। নতুন দায়িত্বের পাশাপাশি তাঁর বেতন ও সরকারি সুযোগ-সুবিধা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, একজন সাধারণ মার্কিন সিনেটরের বার্ষিক বেতন ১ লাখ ৭৪ হাজার ডলার। সেই হিসাবে সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণের পর এল-সায়েদও একই বেতন কাঠামোর আওতায় পড়বেন।

 

বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলার প্রায় ১২৪ টাকা ৫০ পয়সা ধরলে তাঁর বার্ষিক বেতন বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ১৬ লাখ ৬৬ হাজার টাকা। অর্থাৎ বছরে প্রায় ২ কোটি ১৭ লাখ টাকা। মাসিক হিসাবে বেতন দাঁড়ায় ১৪ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ৫ হাজার টাকা। তবে বিনিময় হারের পরিবর্তনের কারণে টাকার অঙ্ক কমবেশি হতে পারে। এই হিসাব কর ও অন্যান্য প্রযোজ্য কর্তনের আগের বেতনের ভিত্তিতে করা হয়েছে।

 

আবদুল এল-সায়েদ ২০২৬ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন। অ্যাসোসিয়েটেড প্রেসের নির্বাচনী ফলাফল অনুযায়ী, তিনি মিশিগানের সিনেট আসনে জয়ী হয়েছেন। তবে নির্বাচনে জয়ী হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর বেতন কার্যকর হচ্ছে না। যুক্তরাষ্ট্রের সিনেটের নতুন মেয়াদ শুরু হবে ২০২৭ সালের ৩ জানুয়ারি। ওই দিন থেকে দায়িত্ব গ্রহণের পর তিনি সিনেটরের বেতন পাবেন।

 

বেতনের বাইরে সিনেটরদের জন্য রয়েছে স্বাস্থ্যবিমা ও অবসরকালীন সুবিধা। তবে এসব সুবিধা মানেই বিনা খরচে সব চিকিৎসা বা অবসরের পর আজীবন নির্দিষ্ট অঙ্কের অর্থ পাওয়া নয়। কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, সিনেটররা ডিসি হেলথ লিংকের মাধ্যমে স্বাস্থ্যবিমা নিতে পারেন। এ ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী ফেডারেল সরকার বিমার প্রিমিয়ামের একটি অংশ বহন করে। কোন স্বাস্থ্য পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং তার প্রিমিয়াম কত, তার ওপর ব্যক্তির নিজের পরিশোধযোগ্য অংশ নির্ভর করে।

 

সিনেটররা ফেডারেল কর্মীদের জন্য নির্ধারিত জীবনবিমা কর্মসূচিতেও অংশ নিতে পারেন। পাশাপাশি সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থায় তাঁদের অংশগ্রহণ বাধ্যতামূলক। অবসরকালীন সুবিধার ক্ষেত্রে ফেডারেল কর্মীদের অবসর পরিকল্পনার আওতায় বিভিন্ন বিকল্প রয়েছে। তবে কত টাকা পেনশন বা অবসর সুবিধা পাওয়া যাবে, তা নির্ভর করে সংশ্লিষ্ট পরিকল্পনা, বয়স, চাকরির মেয়াদ এবং অন্যান্য শর্তের ওপর। সাধারণভাবে অবসর সুবিধা পাওয়ার জন্য কমপক্ষে পাঁচ বছর চাকরির শর্ত রয়েছে।

 

সিনেটরদের দাপ্তরিক কাজ পরিচালনার জন্য রয়েছে আলাদা সরকারি বরাদ্দ। এই অর্থ ব্যক্তিগত বেতন বা অতিরিক্ত আয় নয়। সিনেটরদের অফিস পরিচালনা, কর্মী নিয়োগ, স্টাফদের বেতন, দাপ্তরিক সরঞ্জাম, চিঠিপত্র এবং নিজ অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসির মধ্যে সরকারি কাজে যাতায়াতের মতো খাতে এ অর্থ ব্যয় করা হয়। ২০২৬ অর্থবছরে একজন সিনেটরের জন্য এই দাপ্তরিক বরাদ্দের পরিমাণ অঙ্গরাজ্যভেদে প্রায় ৪২ লাখ ৯৬ হাজার ডলার থেকে ৬৬ লাখ ২১ হাজার ডলারের মধ্যে। গড় বরাদ্দ প্রায় ৪৬ লাখ ৬৪ হাজার ডলার।

 

এই দাপ্তরিক বরাদ্দ দিয়ে সিনেটর নিজের ব্যক্তিগত খরচ, রাজনৈতিক প্রচার বা নির্বাচনী ক্যাম্পেইনের ব্যয় মেটাতে পারেন না। অর্থ ব্যবহারের ক্ষেত্রে সিনেটের নির্ধারিত নিয়ম ও সীমাবদ্ধতা রয়েছে। একইভাবে সিনেটের বিভিন্ন কমিটিতে কাজ করার জন্য সাধারণ সিনেটররা মূল বেতনের বাইরে অতিরিক্ত বেতন পান না।

 

যুক্তরাষ্ট্রের সিনেটরদের বেতন ২০০৯ সাল থেকে অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দীর্ঘ সময় ধরে বেতন কাঠামো একই থাকলেও তাঁদের দাপ্তরিক কাজ পরিচালনা, স্বাস্থ্যবিমা এবং অবসরকালীন সুবিধার জন্য আলাদা নিয়ম ও বরাদ্দ রয়েছে। ফলে একজন সিনেটরের বার্ষিক বেতন এবং তাঁর অফিস পরিচালনার জন্য সরকারের দেওয়া অর্থকে এক করে দেখার সুযোগ নেই।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি
ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি (NBC) ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে তৈরি একটি বিজ্ঞাপন আর প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। থ্যাংকসগিভিংয়ের আগের রাতে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’-এর বিশেষ পর্বে বিজ্ঞাপনটি সম্প্রচারের পর বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে এ পদক্ষেপ নেওয়া হয়।   ‘এভরি থ্রি সেকেন্ডস’ শিরোনামের ৩০ সেকেন্ডের ওই বিজ্ঞাপনটি তৈরি ও প্রচার করেছিল ফিলিস্তিনি অধিকারপন্থী সংস্থা ‘আইএমইইউ পলিসি প্রজেক্ট’ (IMEU Policy Project)। বিজ্ঞাপনে এক মার্কিন কিশোরীর একটি বাইসাইকেল কেনার জন্য ৪০০ ডলার জমানোর দৃশ্যের পাশাপাশি গাজার ৯ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর প্রসঙ্গ তুলে ধরা হয়, যিনি ইসরায়েলি হামলায় মা ও দাদিকে হারানোর পাশাপাশি নিজের একটি পা হারিয়েছেন।   বিজ্ঞাপনটিতে দাবি করা হয়, মার্কিন করদাতাদের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে তা জনগণকে জানাতেই এটি প্রচার করা হয়েছে এবং ইসরায়েলের সঙ্গে নতুন কোনো সামরিক সহায়তা চুক্তির বিরোধিতা করতে দর্শকদের নিজ নিজ কংগ্রেস সদস্যের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়।   বিজ্ঞাপনটি প্রচারের পর অ্যান্টি-ডিফামেশন লিগ (এডিএল) এবং ইসরায়েলি-আমেরিকান কাউন্সিলসহ একাধিক ইহুদি ও ইসরায়েলপন্থী সংগঠন এর তীব্র নিন্দা জানায়। তাদের দাবি, এটি ইসরায়েলকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে এবং করদাতাদের অর্থের ব্যবহার নিয়ে বিভ্রান্তিকর ধারণা দিয়েছে। অন্যদিকে, আইএমইইউ পলিসি প্রজেক্ট জানায় যে বিজ্ঞাপনটি এনবিসির ফ্যাক্ট-চেকিং প্রক্রিয়া উত্তীর্ণ হয়েছিল।   সংস্থাটি আল জাজিরাকে জানিয়েছে, বিজ্ঞাপনটি আর প্রচার না করার খবরের বিষয়ে এনবিসির পক্ষ থেকে এখনো তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।   সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিজ্ঞাপনটি সম্প্রচারের আগে এনবিসির শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত ছিল না। ভবিষ্যতে এটি আর পুনঃপ্রচার করা হবে না এবং এনবিসিইউনিভার্সাল তাদের বিজ্ঞাপন অনুমোদন প্রক্রিয়া পর্যালোচনা করবে বলে জানা গেছে। সূত্র: আল জাজিরা।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৩:৩৪
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক
নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট দিল্লি বা সানি দিল্লিতে স্বল্প সময়ের ব্যবধানে একাধিক আগ্নেয়াস্ত্রের ঘটনায় ক্যাম্পাসে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। নিউইয়র্ক সিটি থেকে প্রায় তিন ঘণ্টা উত্তরে ক্যাটস্কিল পর্বতমালার কোলে অবস্থিত প্রায় তিন হাজার শিক্ষার্থীর এই শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি সেমিস্টারে এ পর্যন্ত ৮৯টি ‘পুলিশ ইনসিডেন্ট’ বা পুলিশি ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে একটি ধর্ষণের ঘটনাও রয়েছে।   ১৯ বছর বয়সী এক ক্রিমিনাল জাস্টিস শিক্ষার্থী পরিস্থিতি নিয়ে গভীর উৎকণ্ঠা প্রকাশ করে জানিয়েছেন, পরপর ঘটনাগুলো ঘটায় তিনি আর সেখানে থাকতে চান না এবং নিজেকে নিরাপদ মনে করছেন না।   ডেলাওয়্যার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি শন স্মিথ ও আদালতের নথির বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফল সেমিস্টার শুরুর চার সপ্তাহ পর গত ২৮ সেপ্টেম্বর ডরমিটরির কক্ষে কোকেন ও চারটি অনিবন্ধিত আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর ১৯ বছর বয়সী টমাস এলিয়ট এবং ১৮ বছর বয়সী দিমিত্রি ভিক্টর নামের দুই ফ্রেশম্যান রুমমেটকে গ্রেপ্তার করে পুলিশ; পরে ২৯ অক্টোবর তৃতীয় রুমমেট ব্রেডেন ইয়ানেলোকেও (১৮) গ্রেপ্তার করা হয়।   এর এক সপ্তাহ আগে ভিক্টর এলিয়টের কাছ থেকে কেনা একটি লোড করা অনিবন্ধিত ৯ মিমি হ্যান্ডগান দিয়ে তার বান্ধবীকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে, আর ৪ অক্টোবর অফ-ক্যাম্পাস হাউস পার্টিতে কিফার ক্লার্ক (১৯) নামের আরেক ফ্রেশম্যান অপর এক শিক্ষার্থীর বুকে হ্যান্ডগান তাক করেন বলে জানিয়েছে পুলিশ। এলিয়ট ও ভিক্টর উভয়েই তিনটি করে ফেলোনি অস্ত্র রাখার অভিযোগে অভিযুক্ত হলেও নির্দোষ দাবি করে জামিনে মুক্তি পেয়েছেন, আর এলিয়ট ও ভিক্টরকে ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে।   ক্যাম্পাসের সহিংসতা ও সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে এক অধ্যাপক ভর্তির মান কমে যাওয়াকে সাম্প্রতিক বছরগুলোর সহিংসতা বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছেন এবং ২০১৬ সালের ৫১ শতাংশের তুলনায় ভর্তির হার ৮৯ শতাংশে পৌঁছানোর বিষয়টি তুলে ধরেছেন।   অন্যদিকে, কলেজ প্রেসিডেন্ট মেরি বন্ডার্টফ জানিয়েছেন যে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অস্ত্র উদ্ধার করেছে এবং ক্যাম্পাসে কোনো চলমান হুমকি নেই; পাশাপাশি নিরাপত্তা ক্যামেরা ও পুলিশি টহল বাড়ানো এবং প্রতি মাসে কক্ষ তল্লাশির মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে অনেক শিক্ষার্থীই এসব আশ্বাসে পুরোপুরি ভরসা পাচ্ছেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১২:১৮
প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় পিছিয়ে যাওয়ার পর শুরু হলো ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন

পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্র (এসএলসিএম-এন) উন্নয়নে রেথনের সঙ্গে চুক্তি করেছে মার্কিন নৌবাহিনী। ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে

এআর-১৫সহ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার নিয়ে বড় আইনি লড়াইয়ে মার্কিন সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি

বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?
ডিসেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ, বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ডিসেম্বর ২০২৬ মাসের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। ২৭ নভেম্বর প্রকাশিত এই বুলেটিন আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এতে পারিবারিক ও কর্মভিত্তিক অভিবাসন ভিসার বিভিন্ন ক্যাটাগরির অগ্রগতির তথ্য তুলে ধরা হয়েছে।   নতুন বুলেটিনে কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার তারিখ এগিয়ে নেওয়া হলেও বাংলাদেশসহ অধিকাংশ দেশের আবেদনকারীদের জন্য পারিবারিক অভিবাসনের বেশ কয়েকটি ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।   বাংলাদেশিরা সাধারণত ‘অল চার্জেবিলিটি এরিয়াস’ বা নির্দিষ্টভাবে তালিকাভুক্ত নয় এমন দেশগুলোর তালিকার আওতায় পড়েন। এই তালিকায় এফ-১ ক্যাটাগরিতে ২২ জানুয়ারি ২০২১, এফ-২বি ক্যাটাগরিতে ২২ আগস্ট ২০২০, এফ-৩ ক্যাটাগরিতে ২২ অক্টোবর ২০১৫ এবং এফ-৪ ক্যাটাগরিতে ২২ অক্টোবর ২০১২ তারিখ বহাল রাখা হয়েছে।   এফ-২এ ক্যাটাগরিতে অবশ্য অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এই ক্যাটাগরির চূড়ান্ত অনুমোদনের তারিখ ২২ অক্টোবর ২০২৬ থেকে এগিয়ে ২২ নভেম্বর ২০২৬ করা হয়েছে।   পারিবারিক অভিবাসনের ক্ষেত্রে এফ-১ ক্যাটাগরি মার্কিন নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য, এফ-২বি গ্রিন কার্ডধারীদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য, এফ-৩ মার্কিন নাগরিকদের বিবাহিত সন্তানদের জন্য এবং এফ-৪ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকদের ভাইবোনদের জন্য প্রযোজ্য।   কর্মভিত্তিক অভিবাসনেও বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। বাংলাদেশসহ অধিকাংশ দেশের জন্য ইবি-২ ক্যাটাগরির চূড়ান্ত অনুমোদনের তারিখ ১ এপ্রিল ২০২৫ এবং ইবি-৩ ক্যাটাগরির তারিখ ১৫ জুন ২০২৪ রয়েছে।   তবে আগামী মাসগুলোতে আবেদনকারীর সংখ্যা ও ভিসার চাহিদার ওপর নির্ভর করে কিছু ক্যাটাগরির তারিখ আবার পিছিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এমনকি বার্ষিক ভিসার সীমা পূরণ হলে কোনো কোনো ক্যাটাগরিতে সাময়িকভাবে ভিসা দেওয়া বন্ধও হতে পারে।   বাংলাদেশে যাঁরা বাবা-মা, ভাইবোন, স্বামী-স্ত্রী কিংবা সন্তানদের মাধ্যমে আমেরিকায় স্থায়ীভাবে যাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাঁদের জন্য এই বুলেটিন গুরুত্বপূর্ণ। আবেদনকারীদের নিজেদের অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেটের সঙ্গে নতুন বুলেটিনের তারিখ মিলিয়ে দেখা প্রয়োজন। সূত্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, ডিসেম্বর ২০২৬ ভিসা বুলেটিন। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৯:১
যুক্তরাজ্যের আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির কাছে অশনাক্ত ড্রোন প্রতিহত; ইরানের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ। ছবি: সংগৃহীত

ব্রিটেনের বিমানঘাঁটিতে একাধিক ড্রোন প্রতিহত করেছে মার্কিন বাহিনী, নেপথ্যে কি ইরান?

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব, বিপাকে পড়তে পারেন বাংলাদেশি প্রবাসীরা

ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...