সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
নিশ্চিত মৃ ত্যুর মুখেও কাঁপেনি কণ্ঠ, শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছিলেন ২০ বছরের নাথালিয়া
নিশ্চিত মৃ ত্যুর মুখেও কাঁপেনি কণ্ঠ, শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছিলেন ২০ বছরের নাথালিয়া

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি লিয়ারজেট বিমান বিধ্বস্ত হয়ে ২০ বছর বয়সী তরুণী কো-পাইলট নাথালিয়া গাদেলহা ফিলগুইরাসসহ মোট নয়জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনার পর নাথালিয়ার বাবা অ্যালান ফিলগুইরাস তার মেয়ের জীবনের শেষ মুহূর্তের রেডিও কথোপকথন শুনেছেন।   নিজে একজন পাইলট হওয়ায় মেয়ের এই অকাল মৃত্যুতে তিনি যেমন ভেঙে পড়েছেন, তেমনি অন্তিম মুহূর্তে নাথালিয়ার অসীম সাহসিকতা তাকে চরম গর্বিত করেছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে অ্যালান জানান, দুর্ঘটনার কারণ খুঁজতে তিনি বারবার ওই অডিও রেকর্ডিংটি শুনেছেন এবং নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়েও মেয়ের অবিচল কণ্ঠস্বর তাকে অবাক করেছে।   বিমানটি যখন ভয়াবহ বজ্রঝড় ও প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে, তখন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে রেডিওতে কথা বলছিলেন নাথালিয়া। অডিওতে শোনা যায়, তিনি অত্যন্ত শান্ত কণ্ঠে বিমানে বরফ জমার কথা জানাচ্ছেন। সে সময় বিমানটি প্রবল ঝাঁকুনির কারণে ৭০০ ফুট ওপরে-নিচে ওঠানামা করছিল। পরিস্থিতি দ্রুত অবনতি হতে থাকে এবং বিমানটি অবিশ্বাস্য গতিতে নিচে নামতে শুরু করে।   ঠিক তখনই নাথালিয়া জরুরি অবস্থা ঘোষণা করে বলেন, "ইমারজেন্সি ৭২২-ব্রাভো-ডেল্টা। আমরা ওভারস্পিড কন্ডিশনে আছি এবং মিনিটে ২০ হাজার ফুট বেগে নিচে নামছি!" নিশ্চিত মৃত্যু জেনেও শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যেভাবে অবিরাম আপডেট দিয়ে যাচ্ছিলেন, তা শুনে হতবাক হয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।   সামাজিক যোগাযোগমাধ্যমে এত অল্প বয়সী একজনের এ ধরনের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিমানের ককপিটে বসার যোগ্যতা নিয়ে যে সমালোচনা চলছে, তার কড়া জবাব দিয়েছে নাথালিয়ার পরিবার। তারা জানান, নাথালিয়ার ১ হাজার ৩০০ ঘণ্টারও বেশি উড্ডয়ন অভিজ্ঞতা ছিল। কমার্শিয়াল পাইলট লাইসেন্স অর্জন এবং লিয়ারজেট চালানোর জন্য তিনি ব্যাপক প্রশিক্ষণ নিয়েছিলেন।   মূলত মেয়ের সম্মান ও সুনাম রক্ষার্থেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তার বাবা ও আইনজীবী। তাদের মতে, বয়সে তরুণ হলেও নিজের কাজের ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত যোগ্য। জানা গেছে, দুর্ঘটনার সময় বিমানের মূল নিয়ন্ত্রণে ছিলেন ৫৫ বছর বয়সী ক্যাপ্টেন জেফ গ্রেগরি।   যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, নিচে পড়ার সময় বিমানটির গতি এর নকশাগত সীমাকে ছাড়িয়ে গিয়েছিল এবং ধ্বংসাবশেষের কিছু অংশ মূল ঘটনাস্থল থেকে কয়েক মাইল দূরে পাওয়া গেছে। মাত্র ১২ বছর বয়সে বাবার কাছেই প্রথম বিমান চালানো শিখেছিলেন নাথালিয়া।   অবসরপ্রাপ্ত এয়ারলাইন পাইলট জন কক্স নাথালিয়ার দক্ষতার প্রশংসা করে বলেন, এত কম বয়সে লিয়ার-৬০ এর মতো বিমানের কো-পাইলট হওয়ার যোগ্যতা অর্জন করা সত্যিই অসাধারণ প্রতিভার পরিচায়ক।   মেয়ের বীরত্বের কথা স্মরণ করে অ্যালান ফিলগুইরাস বলেন, "ও আমাকে শিখিয়েছে সত্যিকারের হিরো কাকে বলে। এমন ভয়ংকর পরিস্থিতিতে অনেক বড় বড় সামরিক পাইলটরাও ভেঙে পড়েন, কিন্তু আমার মেয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেছে।" মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় প্রযুক্তি উদ্যোক্তা অ্যাডাম রবিনসন, তার স্ত্রী হেলেন শার্প, তাদের দুই শিশুসন্তান এবং ওই পরিবারের আয়া আনা মারিয়া রামিরেজ সেতিনাও প্রাণ হারিয়েছেন।

প্রকাশ : নভেম্বর ৬, ২০২৬ ১৬:৪১
চাইলেই হতে পারতেন লাখপতি, টেক্সাসে এটিএম বুথে পাওয়া ১ লাখ ২৮ হাজার ডলার ফিরিয়ে দিলেন যুবক
চাইলেই হতে পারতেন লাখপতি, টেক্সাসে এটিএম বুথে পাওয়া ১ লাখ ২৮ হাজার ডলার ফিরিয়ে দিলেন যুবক

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লুইসভিলে সততার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এক ব্যক্তি। ব্যাংক অব আমেরিকার একটি এটিএম বুথ থেকে টাকা তুলতে গিয়ে মেশিনের ওপরে টাকার একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি। ওই ব্যাগের ভেতরে বিপুল পরিমাণ নগদ অর্থ ও অপর একটি ব্যাগে ১৯টি চেক ছিল। এমন লোভনীয় সুযোগ পেয়েও এক ডলারও নিজের পকেটে না পুরে তিনি তাৎক্ষণিকভাবে ৯১১ নম্বরে কল করে পুলিশকে খবর দেন।   নগদ অর্থে ভরা ওই ব্যাগগুলো দেখে তিনি প্রথমে ভেবেছিলেন, হয়তো কাছের কোনো ‘চিক-ফিল-এ’ রেস্তোরাঁর কর্মীরা ভুল করে এগুলো ফেলে গেছেন। তবে রেস্তোরাঁয় গিয়ে খোঁজ নিলে তারা জানায় যে টাকাগুলো তাদের নয়। এরপর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান। সেখানে ডিজিটাল মেশিন ও হাতে—দুবার সতর্কতার সঙ্গে গোনার পর দেখা যায়, ব্যাগের ভেতর ঠিক ১ লাখ ২৮ হাজার ৫১৪ ডলার রয়েছে।   পরবর্তীতে তদন্তে জানা যায়, ওই বিপুল পরিমাণ অর্থ ব্যাংক অব আমেরিকার। এটিএম বুথ রক্ষণাবেক্ষণ ও নগদ অর্থ সরবরাহের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান 'ব্রিংকস'-এর কর্মীরা ভুলবশত টাকার ব্যাগগুলো মেশিনের ওপর ফেলে গিয়েছিলেন। পরে পুলিশ সম্পূর্ণ অর্থ নিরাপদে ব্যাংকের কাছে ফিরিয়ে দেয়। এদিকে, সততার এমন অনন্য নজির স্থাপন করেও নিজের নাম-পরিচয় প্রকাশ করতে চাননি পেশায় নাপিত ওই ব্যক্তি। তিনি কেবল জানিয়েছেন, একজন সচেতন মানুষ হিসেবে নিজের নৈতিক দায়িত্ববোধ থেকেই তিনি সঠিক কাজটি করেছেন মাত্র।

প্রকাশ : নভেম্বর ৬, ২০২৬ ১৬:১৭
ভুল করে কানাডা সীমান্তে গিয়ে পুলিশের জালে মার্কিন নাগরিক, গাড়িতে ছিল অ স্ত্র ও গাঁজা
ভুল করে কানাডা সীমান্তে গিয়ে পুলিশের জালে মার্কিন নাগরিক, গাড়িতে ছিল অ স্ত্র ও গাঁজা

যুক্তরাষ্ট্রের বাফেলো পোর্টের লুইস্টন ব্রিজ দিয়ে ভুল করে কানাডা সীমান্তে চলে যাওয়ায় এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি)। গত ৩০ অক্টোবর অ্যাঞ্জেল লোজানো (২৫) নামের ওই যুবক ভুল পথে গাড়ি চালিয়ে সোজা সীমান্তের প্রাথমিক তল্লাশি এলাকায় পৌঁছে যান। সে সময় তার কাছে ভ্রমণের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাকে দ্বিতীয় ধাপের তল্লাশির (সেকেন্ডারি ইন্সপেকশন) জন্য পাঠানো হয়।   সেখানে তার গাড়ি তল্লাশি করে সিবিপি কর্মকর্তারা একটি 'স্প্রিংফিল্ড আর্মারি এক্সডি৫' (Springfield Armory XD5) আগ্নেয়াস্ত্র এবং অল্প পরিমাণ গাঁজা উদ্ধার করেন। পরবর্তীতে তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখা যায়, লোজানোর অতীত অপরাধের রেকর্ড রয়েছে। আর পূর্ববর্তী অপরাধমূলক রেকর্ডের কারণে তার জন্য যেকোনো ধরনের আগ্নেয়াস্ত্র রাখা আইনত সম্পূর্ণ নিষিদ্ধ। সিবিপি কর্মকর্তারা তাকে হেফাজতে নিয়ে প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে নিউইয়র্ক স্টেট পুলিশের কাছে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার গুরুতর অভিযোগ (ফেলোনি) আনা হয়েছে।   এই ঘটনা প্রসঙ্গে বাফেলো এরিয়া পোর্টের পরিচালক জোসেফ ড্রাগানাক সিবিপি কর্মকর্তাদের পেশাদারিত্বের প্রশংসা করেছেন। তিনি বলেন, সম্মুখসারির কর্মকর্তারা তাদের নিখুঁত তল্লাশি ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে দারুণ সতর্কতার পরিচয় দিয়েছেন। তাদের এই তৎপরতার ফলেই একটি অবৈধ আগ্নেয়াস্ত্র সমাজে প্রবেশ করা থেকে আটকে গেছে। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য অংশীদারদের সঙ্গে নিয়ে নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রকাশ : নভেম্বর ৬, ২০২৬ ১৫:৪৯
হিউস্টনে অভিবাসন পুলিশের ক্ষমতা সীমিত করলেন মেয়র, বদলে যাচ্ছে আইসিইর সঙ্গে সহযোগিতার নিয়ম
হিউস্টনে অভিবাসন পুলিশের ক্ষমতা সীমিত করলেন মেয়র, বদলে যাচ্ছে আইসিইর সঙ্গে সহযোগিতার নিয়ম

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে কয়েক দশক পর ডেমোক্র্যাটরা ক্ষমতায় আসার পরপরই অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। ‘নির্বাচনের ফলাফলের একটি গুরুত্ব আছে’ উল্লেখ করে শুক্রবার মার্কিন কেন্দ্রীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের (আইসিই) সঙ্গে শহরটির সহযোগিতা সীমিত করার এক আদেশে সই করেছেন হিউস্টনের মেয়র জন হুইটমায়ার। মঙ্গলবারের নির্বাচনের পর দেশের চতুর্থ বৃহত্তম শহরটির এই পদক্ষেপ মূলত আইসিই-এর ক্ষমতা খর্ব করার একটি ঐতিহাসিক ধাপ হিসেবেই দেখা হচ্ছে।   নতুন এই নির্দেশনার আওতায়, হিউস্টনের পুলিশ এখন থেকে কেবল তখনই আইসিই-এর সঙ্গে যোগাযোগ করবে, যখন কোনো ব্যক্তিকে জেলযোগ্য অপরাধে গ্রেপ্তার করা হবে অথবা আইসিই-এর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সই করা প্রশাসনিক পরোয়ানা থাকবে। মেয়র হুইটমায়ার স্পষ্ট জানিয়েছেন, যারা নিজেদের মতো সাধারণ জীবনযাপন, কাজ ও পড়াশোনা নিয়ে আছেন, তাদের কোনোভাবেই হয়রানি করা হবে না; বরং যারা সমাজের জন্য হুমকিস্বরূপ, কেবল তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।   সাধারণ ট্রাফিক আইন লঙ্ঘনের মতো অহিংস বা জেলযোগ্য নয় এমন অপরাধের ক্ষেত্রে ইমিগ্রেশন পুলিশকে জড়ানো হবে না বলে জানিয়েছেন তিনি। এতে অভিবাসীদের ভয় ও উদ্বেগ অনেকটাই কমে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এমনকি শুধুমাত্র অবৈধ অভিবাসী হওয়ার সন্দেহে কাউকে আটকে রাখাও নতুন এই দুই পৃষ্ঠার আদেশে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।   বিগত ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে হিউস্টনে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। চলতি গ্রীষ্মে এক মেক্সিকান নির্মাণকর্মীকে আইসিই কর্মকর্তার গুলি করে হত্যা এবং আরেক ব্যক্তিকে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় সেখানে ব্যাপক বিক্ষোভ হয়। গত সপ্তাহে মারিও আলবার্তো মোরালেস নামের এক আইসিই কর্মকর্তার বিরুদ্ধে মারাত্মক অস্ত্র দিয়ে হামলার অভিযোগে মামলাও গঠন করেছে একটি গ্র্যান্ড জুরি।   প্রসিকিউটরদের দাবি, মোরালেস ইচ্ছাকৃতভাবে মিগুয়েল পাররা হার্নান্দেজ নামের এক ব্যক্তির গায়ে গাড়ি তুলে দিয়েছিলেন, যার ফলে তার পা ভেঙে যায়। যদিও আইসিই দাবি করেছিল যে পাররা নিজেই গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছিলেন, তবে ভিডিও ফুটেজে সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে।   স্থানীয় পুলিশ ও অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে প্রায় ২ হাজার ৬০০টি চুক্তি সই করার মাধ্যমে আইসিই অবৈধ অভিবাসীদের ধরতে ব্যাপকভাবে স্থানীয় প্রশাসনের ওপর নির্ভরশীল। বিগত দিনে টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট ফেডারেল অভিবাসন আইন প্রয়োগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। কিন্তু এবারের নির্বাচনে তিনি ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসার কাছে টানা চতুর্থ মেয়াদের লড়াইয়ে পরাজিত হন।   রাজনৈতিক এই পালাবদলের পর হিউস্টন শহরের এমন মানবিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠন 'ফিয়েল' (FIEL)। সংগঠনটির নির্বাহী পরিচালক সিজার এস্পিনোসা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "আজ হিউস্টনের জয় হয়েছে। সিটি কাউন্সিল কয়েক মাস আগেই এই সিদ্ধান্ত নিয়েছিল, আর এখন তা বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে।"

প্রকাশ : নভেম্বর ৬, ২০২৬ ১৫:২২
হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হচ্ছেন ট্রাম্পের কট্টর অভিবাসন উপদেষ্টা স্টিফেন মিলার
হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হচ্ছেন ট্রাম্পের কট্টর অভিবাসন উপদেষ্টা স্টিফেন মিলার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দীর্ঘদিনের বিশ্বস্ত উপদেষ্টা স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেন। মিলারকে নিজের ‘অন্যতম বিশ্বস্ত উপদেষ্টা’ হিসেবে আখ্যায়িত করে তিনি জানান, আগামী সোমবার থেকে সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হয়ে চিফ অব স্টাফের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।   বিদায়ী চিফ অব স্টাফ সুসি ওয়াইলস সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "সুসি চমৎকার কাজ করেছেন এবং এখন তিনি ট্রাম্প পলিটিক্যাল অপারেশনের দায়িত্বে চলে যাচ্ছেন। আমি তাঁর সেবার জন্য ধন্যবাদ জানাতে চাই।" ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পেছনে সুসি ওয়াইলসের বড় ভূমিকা ছিল বলে মনে করা হয়। বিদায়বেলায় নিজের অনুভূতি প্রকাশ করে ওয়াইলস জানান, চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের অন্যতম সেরা সম্মান। সীমান্ত সুরক্ষা, কর কমানো এবং অর্থনীতি শক্তিশালী করার মাধ্যমে ‘আমেরিকা ফার্স্ট’ নীতি বাস্তবায়নে অংশ নিতে পেরে তিনি দারুণভাবে গর্বিত।   অন্যদিকে, ২০১৬ সালের নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ ও প্রভাবশালী উপদেষ্টা হিসেবে পরিচিত স্টিফেন মিলার। ট্রাম্পের দুই মেয়াদেই তার কট্টর সীমান্ত ও অবৈধ অভিবাসী বিতাড়ন নীতির মূল রূপকার ছিলেন তিনি। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনেও এই অভিবাসন নীতিগুলো রিপাবলিকানদের অন্যতম প্রধান প্রচারণার হাতিয়ার ছিল। আগামী জানুয়ারি মাসে ডেমোক্র্যাটরা আনুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিলে মিলারের বিরুদ্ধে তারা তদন্ত শুরু করতে পারে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।   সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হতাশাজনক ফলাফলের পরই হোয়াইট হাউসের শীর্ষ পদে এই রদবদলের ঘটনা ঘটলো। নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেটে ৭টি আসন ছিনিয়ে নিয়েছে (অ্যালাস্কা ও মিসিসিপির ভোট গণনা এখনো বাকি) এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ৪৩৫টি আসনের মধ্যে ২৫৩টিতে জয়লাভ করেছে। এই নির্বাচনকে অনেকেই ট্রাম্পের জনপ্রিয়তার ওপর একটি পরোক্ষ গণভোট হিসেবে দেখছেন। তবে চরমপন্থী ও বিতর্কিত নীতির প্রণেতা মিলারকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার মাধ্যমে ট্রাম্প নিজের কঠোর অবস্থান ধরে রাখার বার্তাই দিলেন বলে মনে করছেন বিশ্লেষকরা।   মিলার নিজে এখনো নির্বাচনের ফলাফল নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে নির্বাচনের দিন এক্সে দেওয়া এক পোস্টে তিনি ট্রাম্প সমর্থকদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিখেছিলেন, "দুর্নীতিগ্রস্ত সংবাদমাধ্যম, দুর্নীতিগ্রস্ত ডেমোক্র্যাট এবং বামপন্থী রাজনীতিকরা আপনাদের ভবিষ্যৎ চুরি করতে এবং সন্তানদের উত্তরাধিকার ধ্বংস করতে চায়, তাদের একটি কড়া বার্তা দিন। ভোটকেন্দ্রে যান এবং আপনাদের প্রিয়জনদের রক্ষা করুন।"

প্রকাশ : নভেম্বর ৬, ২০২৬ ১৪:৫৪
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ঝাড়খণ্ডের লোকসভা সদস্য নিশিকান্ত দুবে।
চট্টগ্রাম বন্দর ভারতের নিয়ন্ত্রণে চান বিজেপি সাংসদ, দাবি করলেন নোয়াখালী-সিলেটও

বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ‘পুনরুদ্ধার’ করার সময় এসেছে বলে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ঝাড়খণ্ডের লোকসভা সদস্য নিশিকান্ত দুবে। শুক্রবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ঐতিহাসিক নীতির তীব্র সমালোচনা করেন।   তার অভিযোগ, তৎকালে ত্রিপুরা রাজ্যের অন্তর্গত থাকা এই অঞ্চলগুলো নেহরু জোরপূর্বক তৎকালীন পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) হাতে তুলে দিয়েছিলেন।   নিশিকান্ত দুবে দাবি করেন, তৎকালীন ত্রিপুরা রাজ্যের মহারাজা বীর বিক্রম সিং নেহরুর ওই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছিলেন। একইসঙ্গে সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত গণভোটের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।   ১৯৪৬ সালের নোয়াখালী দাঙ্গার জন্য নেহরুর রাজনৈতিক উদাসীনতাকে দায়ী করে দুবে আরও বলেন, চট্টগ্রাম বন্দর ভারতের নিয়ন্ত্রণে না থাকার কারণেই আজ দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়েছে। তাই ভারতের স্বার্থে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী পুনরুদ্ধার করা অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।   বিজেপির এই সাংসদের মন্তব্যের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন ত্রিপুরার রাজপরিবারের বংশধর ও ‘তিপ্রা মথা’ দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, দেশভাগের সময় ত্রিপুরার একটি বিশাল অংশ পাকিস্তানের হাতে তুলে দেওয়া ছিল ঐতিহাসিক ভুল।   চট্টগ্রাম বন্দর ভারতের নিয়ন্ত্রণে থাকলে শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’ নিয়ে ভারতের নিরাপত্তাজনিত কোনো দুশ্চিন্তাই থাকত না বলে তিনি উল্লেখ করেন।   উল্লেখ্য, বিভিন্ন সময় উসকানিমূলক মন্তব্য করে আলোচনায় আসা নিশিকান্ত দুবে আদানি গ্রুপের বিতর্কিত ঝাড়খণ্ড পাওয়ার প্ল্যান্টের গোড্ডা আসন থেকে নির্বাচিত লোকসভা সদস্য।

প্রকাশ : নভেম্বর ৬, ২০২৬ ১৪:৩৪
নিউইয়র্কের ব্রঙ্কসে ১৩টি অ্যাপার্টমেন্টের হাউজিং লটারি, ভাড়া শুরু ২ হাজার ৪০ ডলার থেকে
নিউইয়র্কের ব্রঙ্কসে ১৩টি অ্যাপার্টমেন্টের হাউজিং লটারি, ভাড়া শুরু ২ হাজার ৪০ ডলার থেকে

ব্রঙ্কসের ৪২১২ পার্ক অ্যাভিনিউয়ের আটতলা বিশিষ্ট একটি ভবনে এই ১৩টি অ্যাপার্টমেন্ট বরাদ্দ দেওয়া হবে। এনওয়াইসি হাউজিং কানেক্টের (NYC Housing Connect) মাধ্যমে এই ইউনিটগুলো তালিকাভুক্ত করা হয়েছে। মূলত এরিয়া মিডিয়ান ইনকাম বা এএমআইয়ের (AMI) ৮০ শতাংশ আয়সীমার পরিবারগুলো এই লটারিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। পরিবার ও ইউনিটের আকার অনুযায়ী যোগ্যদের বার্ষিক আয়ের সীমা ৭৫,১৮৯ থেকে ১,৬৮,৩২০ ডলারের মধ্যে হতে হবে।   ভাড়া ও আয়ের শর্তসমূহ একনজরে: • স্টুডিও অ্যাপার্টমেন্ট (২টি): মাসিক ভাড়া ২,০৪০ ডলার। যোগ্য বার্ষিক আয় ৭৫,১৮৯ থেকে ১,০৮,৫৬০ ডলার।   • ১-বেডরুম অ্যাপার্টমেন্ট (৬টি): মাসিক ভাড়া ২,১৭৩ ডলার। যোগ্য বার্ষিক আয় ৮১,৯০৯ থেকে ১,২২,১৬০ ডলার।   • ২-বেডরুম অ্যাপার্টমেন্ট (৩টি): মাসিক ভাড়া ২,৫৮৩ ডলার। যোগ্য বার্ষিক আয় ৯৭,৪০৬ থেকে ১,৪৬,৫৬০ ডলার।   • ৩-বেডরুম অ্যাপার্টমেন্ট (২টি): মাসিক ভাড়া ২,৯৬২ ডলার। যোগ্য বার্ষিক আয় ১,১২,৬৯৮ থেকে ১,৬৮,৩২০ ডলার।   নিকোলাই কাটজ আর্কিটেক্টের চমৎকার নকশায় নির্মিত মোট ৬৪ ইউনিটের এই আবাসিক ভবনটিতে থাকছে এলিভেটর, শেয়ারড লন্ড্রি রুম, ইন্টারকম এবং প্যাটিও বা ব্যালকনির মতো আধুনিক সুবিধা। তবে চুলা ও হিটিংসহ বিদ্যুতের খরচ ভাড়াটিয়াকেই বহন করতে হবে।   আগ্রহী প্রার্থীরা শর্তপূরণ সাপেক্ষে আগামী ২৬ নভেম্বর, ২০২৬-এর মধ্যে 'এনওয়াইসি হাউজিং কানেক্ট' ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। কেউ চাইলে ডাকযোগেও আবেদন পাঠাতে পারেন, তবে সেক্ষেত্রে খামের ওপর অবশ্যই ওই তারিখের মধ্যে পোস্টমার্ক থাকতে হবে। নিউইয়র্কে সাশ্রয়ী ভাড়ায় থাকার এই দারুণ সুযোগটি হাতছাড়া করবেন না!

প্রকাশ : নভেম্বর ৬, ২০২৬ ১৪:৯
নেশাগ্রস্ত ভাইয়ের হাত থেকে বাঁচতে পুলিশের সাহায্য, উল্টো গুলিবিদ্ধ নির্দোষ ভাই
নেশাগ্রস্ত ভাইয়ের হাত থেকে বাঁচতে পুলিশের সাহায্য, উল্টো গুলিবিদ্ধ নির্দোষ ভাই

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের নর্থ অ্যালবানিতে পুলিশের চরম দায়িত্বহীনতার এক ভয়ংকর ঘটনা সামনে এসেছে। ড্রাগের নেশায় আসক্ত বড় ভাই ডাকোটা লায়নের (Dakota Lyon) হাতে নিজ বাড়িতেই জিম্মি হয়েছিলেন কলেজপড়ুয়া অ্যাথলেট ম্যাভেরিক লায়ন (Maverick Lyon)। ডাকোটা সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছিলেন এবং আবারও মাদকে আসক্ত হয়ে পড়েন।   ঘটনার দিন সকালে তিনি হঠাৎ ছুরি হাতে নিজের ছোট ভাই ম্যাভেরিককে জিম্মি করে বসেন। বাড়ির সিসিটিভি ফুটেজে এই দৃশ্য দেখে তাদের বাবা ডেভিড লায়ন আতঙ্কিত হয়ে দ্রুত ৯১১-এ ফোন করে পুলিশের সাহায্য চান। তিনি পুলিশকে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তার বড় ছেলে ডাকোটা শার্টহীন অবস্থায় পাজামা পরে আছে এবং সে-ই মূল আক্রমণকারী।   কিন্তু পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন ম্যাভেরিক আত্মরক্ষার্থে নিজের হাতেও একটি ছুরি নিয়ে পেছনের দরজা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তিনি পুলিশকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি নিরস্ত্র এবং জিম্মি অবস্থায় ছিলেন। কিন্তু পুলিশ কোনো কিছু যাচাই না করেই ম্যাভেরিককে মূল অপরাধী ভেবে পর পর ৫টি গুলি করে এবং তাকে ইলেকট্রিক শক (টেজার) দেয়।   মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ম্যাভেরিক পুলিশকে বলতে থাকেন, "আপনারা ভুল মানুষকে গুলি করেছেন, সে (ডাকোটা) আমাকে জিম্মি করে রেখেছিল।" কিন্তু পুলিশ তবুও তাকে হাতকড়া পরায়। পরে চিকিৎসকরা এসে সেই হাতকড়া খুলে ম্যাভেরিকের জীবন রক্ষায় জরুরি চিকিৎসা শুরু করেন।   এই ঘটনায় বুকে, পিঠে ও মুখে গুলিবিদ্ধ হয়ে ম্যাভেরিককে চার সপ্তাহ হাসপাতালে কাটাতে হয় এবং বেশ কয়েকটি অস্ত্রোপচার করাতে হয়। এর জেরে অ্যালবানি পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে অবহেলা ও অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ এনে মামলা করেছে তার পরিবার। অন্যদিকে, ম্যাভেরিককে জিম্মি করার অপরাধে ডাকোটাকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি পুলিশের চরম সিদ্ধান্তহীনতা ও গাফিলতির এক জ্বলন্ত প্রমাণ হিসেবে দেশজুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

প্রকাশ : নভেম্বর ৬, ২০২৬ ১৩:৩৮
ফ্লোরিডায় মাসে ১ লাখ ১০ হাজার ডলারে ভাড়া হচ্ছে ট্রাম্পের গেস্টহাউস, যেখানে থাকতেন জেডি ভ্যান্স
ফ্লোরিডায় মাসে ১ লাখ ১০ হাজার ডলারে ভাড়া হচ্ছে ট্রাম্পের গেস্টহাউস, যেখানে থাকতেন জেডি ভ্যান্স

ট্রাম্প অর্গানাইজেশনের (Trump Organization) মালিকানাধীন এই চমৎকার বাড়িটি ভাড়া নিতে হলে প্রতি মাসে গুনতে হবে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার (যা আগে ১ লাখ ২২ হাজার ৫০০ ডলার চাওয়া হয়েছিল)। আর পুরো এক বছরের জন্য ভাড়া নিলে খরচ পড়বে ১.৩২ মিলিয়ন ডলার!   ১৯৭৪ সালে নির্মিত এই বাড়িটি প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম প্রধান গেস্টহাউস হিসেবে পরিচিত, যেখানে শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা এবং তার পরিবারের ঘনিষ্ঠজনরা ছুটি কাটাতে আসেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের আগে ট্রানজিশন পিরিয়ডে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সপরিবারে কিছুদিন এই বাড়িতেই কাটিয়েছিলেন।   ৪ হাজার ৭২ বর্গফুটের সম্পূর্ণ সুসজ্জিত (ফার্নিশড) এই বাড়িতে রয়েছে ৪টি বেডরুম, ৪টি বাথরুম, চোখ ধাঁধানো মেহগনি ও মার্বেল পাথরের মেঝে, একটি সুইমিং পুল এবং একটি প্রাইভেট হোম অফিস। তবে এর সবচেয়ে বড় আকর্ষণীয় দিক হলো— বাড়ির পেছনের গেট খুললেই সরাসরি ট্রাম্পের 'উইন্টার হোয়াইট হাউস' খ্যাত মার-এ-লাগোতে প্রবেশ করা যায়! শুধু তাই নয়, যারা এখনও মার-এ-ল্যাগোর সদস্য নন, বাড়িটি ভাড়া নিলে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ওই অতি-অভিজাত ক্লাবের সদস্যপদ পাওয়ার একটি সুবর্ণ সুযোগও মিলতে পারে।   পাম বিচ আইল্যান্ডের সবচেয়ে দামি বাড়িগুলোর মধ্যে এটি অন্যতম। আটলান্টিকের তীরে ব্যক্তিগত সৈকতসহ এমন বিলাসবহুল প্রাসাদে ছুটি কাটানোর এই সুযোগ মার্কিন ধনকুবেরদের বেশ নজর কেড়েছে।

প্রকাশ : নভেম্বর ৬, ২০২৬ ১৩:৮
ফ্লোরিডায় ঋণের নোটিশ পেয়ে সিটিব্যাংকে নারীকে হ ত্যা, মেরিন সেনার গুলিতে নিহত হা মলাকারী
ফ্লোরিডায় ঋণের নোটিশ পেয়ে সিটিব্যাংকে নারীকে হ ত্যা, মেরিন সেনার গুলিতে নিহত হা মলাকারী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় সিটিব্যাংকের অফিসে ঘটে যাওয়া এক লোমহর্ষক গোলাগুলির ঘটনার ভিডিও সম্প্রতি সামনে এসেছে। হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রনিস্টার জানিয়েছেন, ৩৫ বছর বয়সী জ্যাকব পিয়ারসন মাত্র ২,৫০০ ডলারের একটি ঋণের সমন (নোটিশ) পেয়ে চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর তিনি অরল্যান্ডো থেকে গাড়ি চালিয়ে টাম্পার সিটিব্যাংক সেন্টারে ছুটে আসেন।   সেখানে একটি গেটে গাড়ি ধাক্কা দিয়ে প্রথমে ৪১ বছর বয়সী লিয়ান সেলম্যান নামের এক নারীকে গুলি করেন। আহত অবস্থায় সেলম্যান যখন হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন, তখন পিয়ারসন নিজের গাড়িতে ফিরে গিয়ে আরেকটি হ্যান্ডগান নিয়ে এসে তাকে আবারও গুলি করে হত্যা করেন!   এই নারকীয় হত্যাকাণ্ডের পর আরও মানুষকে হত্যার উদ্দেশ্যে পিয়ারসন ব্যাংকের ক্যাফেটেরিয়ায় ঢুকে পড়েন। কিন্তু সেখানে তার পথ আটকে দাঁড়ান সিটিব্যাংকের নিরাপত্তাকর্মী এবং সাবেক মার্কিন মেরিন সেনা জন ফ্রেলে। তিনি দ্রুত পুরুষদের রেস্টরুমে একটি কৌশলগত (ট্যাকটিকাল) অবস্থান নেন এবং বন্দুকধারী পিয়ারসনকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোঁড়েন। ফ্রেলে-র নিখুঁত নিশানায় পিয়ারসন ঘটনাস্থলেই নিহত হন।   সাবেক এই মেরিন সেনার বীরত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপের কারণেই সেদিন সিটিব্যাংকের ক্যাফেটেরিয়ায় থাকা আরও অনেক মানুষের প্রাণ বেঁচে যায়। পুরো ঘটনার এই রোমহর্ষক ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং ওই নিরাপত্তাকর্মীর সাহসিকতার প্রশংসা করছেন সবাই।

প্রকাশ : নভেম্বর ৬, ২০২৬ ১২:৪১
নিউইয়র্কে একই অ্যাপার্টমেন্টে বৃদ্ধ ও নারী স্বাস্থ্যকর্মীকে গুলি করে  হ ত্যা, আতঙ্কে বাসিন্দারা
নিউইয়র্কে একই অ্যাপার্টমেন্টে বৃদ্ধ ও নারী স্বাস্থ্যকর্মীকে গুলি করে হ ত্যা, আতঙ্কে বাসিন্দারা

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইস্ট হারলেমের ১০৪তম স্ট্রিট এবং সেকেন্ড অ্যাভিনিউয়ের গেইলর্ড হোয়াইট হাউসে (Gaylord White Houses) এই ঘটনা ঘটে। পুলিশ ৯১১ কলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই বৃদ্ধ ও তার ৫৫ বছর বয়সী নারী স্বাস্থ্যসেবাকর্মীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসকরা তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত বৃদ্ধ ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হলেও বেশ হাসিখুশি ও অমায়িক মানুষ ছিলেন বলে জানিয়েছেন তার প্রতিবেশীরা।   চাঞ্চল্যকর বিষয় হলো, পুলিশ প্রথমে ভেবেছিল শুধু বৃদ্ধকেই গুলি করা হয়েছে। কিন্তু পরে চিকিৎসকরা নিশ্চিত করেন যে ওই নারীর মাথাতেও গুলির আঘাত রয়েছে। ঘটনাস্থল বা অ্যাপার্টমেন্ট থেকে কোনো অস্ত্র উদ্ধার না হওয়ায় এটিকে একটি সুপরিকল্পিত জোড়া খুন (ডাবল মার্ডার) হিসেবেই তদন্ত করছেন গোয়েন্দারা।   মূলত বয়স্কদের জন্য নির্ধারিত এই হাউজিং কমপ্লেক্সে এমন মর্মান্তিক হত্যাকাণ্ডের পর সেখানকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এখন পর্যন্ত এই জোড়া খুনের কোনো নির্দিষ্ট মোটিভ বা কারণ জানা যায়নি এবং কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। কারা কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা বের করতে পুলিশের জোর তদন্ত অব্যাহত রয়েছে।

প্রকাশ : নভেম্বর ৬, ২০২৬ ১২:২৫
যুক্তরাষ্ট্রে ৮৪৭ মিলিয়ন ডলারের লটারি জয়, আজীবন পরিচয় গোপন রাখতে পারবেন বিজয়ী
যুক্তরাষ্ট্রে ৮৪৭ মিলিয়ন ডলারের লটারি জয়, আজীবন পরিচয় গোপন রাখতে পারবেন বিজয়ী

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মন্টভেলের একটি ওয়েগম্যান্স স্টোর থেকে কেনা টিকিটে ৮৪৭ মিলিয়ন (প্রায় ৮৪ কোটি ৭০ লাখ) ডলারের পাওয়ারবল লটারি জিতেছেন এক ব্যক্তি। তবে ২০২০ সালে প্রণীত নিউ জার্সির এক বিশেষ গোপনীয়তা আইনের কারণে এই বিপুল পরিমাণ অর্থ জেতার পরও ওই বিজয়ী চাইলে চিরকাল নিজের নাম-পরিচয় গোপন রাখতে পারবেন।   মূলত চাঁদাবাজি, হয়রানি, পরিচিতজনদের চাপ এবং অনাকাঙ্ক্ষিত বিপদের হাত থেকে লটারি বিজয়ীদের রক্ষা করতেই এই সুরক্ষামূলক আইনটি করা হয়েছিল।   পুরস্কার হিসেবে ওই ভাগ্যবান ব্যক্তি চাইলে ২৯ বছর ধরে কিস্তিতে পুরো অর্থ নিতে পারবেন, অথবা এককালীন ৩৬৩.১ মিলিয়ন (প্রায় ৩৬ কোটি ৩১ লাখ) ডলার নগদ নিতে পারবেন, যার অর্ধেকের বেশিই অবশ্য কর (ট্যাক্স) হিসেবে কেটে নেওয়া হবে। তবে জনসমক্ষে পরিচয় গোপন রাখার সুযোগ পেলেও সরকারি নিয়মানুযায়ী ওই বিজয়ীকে ব্যক্তিগতভাবে কর্তৃপক্ষের কাছে নিজের পরিচয় যাচাই করতে হবে।   শুধু তাই নয়, তার যদি কোনো বকেয়া চাইল্ড সাপোর্ট, স্টুডেন্ট লোন বা অন্যান্য সরকারি ঋণ থেকে থাকে, তবে পুরস্কারের টাকা হস্তান্তরের আগেই তা পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে।   যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্যে লটারি বিজয়ীদের পরিচয় প্রকাশ করা বাধ্যতামূলক হলেও, নিউ জার্সিসহ মোট ৯টি অঙ্গরাজ্যে যেকোনো পরিমাণ অর্থ জেতার পরও বিজয়ীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আইনি সুযোগ রয়েছে।

প্রকাশ : নভেম্বর ৬, ২০২৬ ১২:১২
স্বামীর সঙ্গে যুক্তরাজ্য ছেড়ে নাইজেরিয়ায়, অনাগত সন্তানসহ প্রাণ গেল ৪০ বছর বয়সী নারীর
স্বামীর সঙ্গে যুক্তরাজ্য ছেড়ে নাইজেরিয়ায়, অনাগত সন্তানসহ প্রাণ গেল ৪০ বছর বয়সী নারীর

যুক্তরাজ্য ছেড়ে নাইজেরিয়ায় স্থায়ী হওয়া ক্লেয়ার চ্যাডউইক ছিলেন ৩৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। কিন্তু মর্মান্তিকভাবে গর্ভেই তার অনাগত কন্যাসন্তানের মৃত্যু হয়। এরপর মারাত্মক ইনফেকশন থেকে 'সেপটিক শক'-এ (Septic Shock) আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ক্লেয়ারও। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দম্পতি বেশ জনপ্রিয় ছিলেন।   স্বামী ইব্রাহিমের সঙ্গে খাবার, ধর্মবিশ্বাস এবং নিজেদের সম্পর্ক নিয়ে নিয়মিত টিকটক ও ইনস্টাগ্রামে ভিডিও বানাতেন তিনি।   এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনার পর ক্লেয়ারের শোকসন্তপ্ত পরিবার তার মৃতদেহ যুক্তরাজ্যে ফিরিয়ে আনতে 'গোফান্ডমি' (GoFundMe)-এর মাধ্যমে তহবিল সংগ্রহের আবেদন জানিয়েছে। প্রায় ৩ হাজার মাইল দূর থেকে মৃতদেহ দেশে ফেরাতে তাদের অন্তত ১০ হাজার পাউন্ড প্রয়োজন।   ক্লেয়ারের বোন শ্যানন জানান, তারা চান ক্লেয়ার এবং তার অনাগত সন্তান যেন নিজ দেশে, প্রিয়জনদের মাঝে মর্যাদার সঙ্গে চিরনিদ্রায় শায়িত হতে পারে। ওয়েলসে ক্লেয়ারের ১৯ বছর বয়সী এক ছেলেও রয়েছে। হাসিখুশি, প্রাণবন্ত ও দয়ালু এই নারীর এমন মর্মান্তিক মৃত্যুতে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অনলাইনে গভীর শোক প্রকাশ করছেন।

প্রকাশ : নভেম্বর ৬, ২০২৬ ১১:৫৬
কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাচ্ছে ট্রাম্পের দল, দায়িত্ব নিতে ডেমোক্র্যাটদের অপেক্ষা করতে হবে আরও দুই মাস
কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাচ্ছে ট্রাম্পের দল, দায়িত্ব নিতে ডেমোক্র্যাটদের অপেক্ষা করতে হবে আরও দুই মাস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের পর কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। তবে নতুন নির্বাচিত ডেমোক্র্যাট সদস্যরা দায়িত্ব নেওয়ার আগে আরও প্রায় দুই মাস প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ থাকবে রিপাবলিকানদের হাতে। এই সময়ের মধ্যেই সরকারি শাটডাউন ঠেকানো, প্রতিরক্ষা বাজেট অনুমোদন এবং ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ নীতিগুলো এগিয়ে নিতে চান দলটির নেতারা। একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে সম্ভাব্য অভিশংসন ভোটও কংগ্রেসের শেষ সময়ের কার্যক্রমকে জটিল করে তুলতে পারে।   বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইয়াহু নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। তবে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হবে ২০২৭ সালের ৩ জানুয়ারি। ফলে ডিসেম্বরের শেষ পর্যন্ত বর্তমান রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস আইন প্রণয়ন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে। নির্বাচনের পর থেকে নতুন কংগ্রেসের দায়িত্ব গ্রহণের আগের এই সময়কে মার্কিন রাজনীতিতে ‘লেম ডাক সেশন’ বলা হয়।   নির্বাচনের রাতে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন দলীয় নেতাদের জানান, রিপাবলিকানদের কাজ এখনো শেষ হয়নি। আগামী সোমবার (৯ নভেম্বর) কংগ্রেসের নিয়মিত কার্যক্রম শুরু হওয়ার পর গুরুত্বপূর্ণ কয়েকটি বিল দ্রুত পাসের উদ্যোগ নিতে পারেন দলটির নেতারা। তাঁদের প্রথম অগ্রাধিকার হবে ফেডারেল সরকারের অর্থায়ন নিশ্চিত করা। বর্তমানে কার্যকর সাময়িক বাজেটের মেয়াদ শেষ হবে আগামী ১১ ডিসেম্বর। এর মধ্যে নতুন অর্থায়ন বিল অনুমোদিত না হলে ১২ ডিসেম্বর থেকে আবারও সরকারি শাটডাউন শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।   সরকারি অর্থায়ন নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে মতপার্থক্য রয়েছে। রিপাবলিকান নেতারা বর্তমান ব্যয়ের কাঠামো আরও এক বছরের জন্য বহাল রাখার পরিকল্পনা বিবেচনা করছেন। অন্যদিকে ডেমোক্র্যাটরা স্বল্পমেয়াদি অর্থায়ন বিলের পক্ষে অবস্থান নিতে পারেন, যাতে জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর নিজেদের অগ্রাধিকার অনুযায়ী বাজেট তৈরি করা যায়। সিনেটে অধিকাংশ সাধারণ অর্থায়ন বিল এগিয়ে নিতে ৬০ ভোট প্রয়োজন হওয়ায় রিপাবলিকানদের ডেমোক্র্যাটদের সহযোগিতা প্রয়োজন হতে পারে।   দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিরক্ষা বাজেট। ট্রাম্প প্রশাসন ২০২৭ সালের জন্য প্রায় দেড় ট্রিলিয়ন ডলারের সামরিক অর্থায়ন চেয়েছে। তবে ডেমোক্র্যাটদের একটি অংশ এই ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানোর দাবি তুলেছে। বিশেষ করে ইরান যুদ্ধের জন্য বাড়তি অর্থ বরাদ্দ নিয়ে দুই দলের মধ্যে বিরোধ রয়েছে। প্রতিরক্ষাসংক্রান্ত বার্ষিক নীতিমালা নির্ধারণকারী ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্টও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব বিষয়ে সমঝোতা না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নতুন কংগ্রেসের ওপর ছেড়ে দিতে হতে পারে।   এদিকে রিপাবলিকানদের একটি অংশ শেষ সময়ে বড় আকারের বাজেটসংক্রান্ত আইন পাসের পরিকল্পনা করছে। এই ব্যবস্থায় নির্দিষ্ট আর্থিক বিষয়ে সিনেটের সাধারণ ফিলিবাস্টার এড়িয়ে দলীয় ভোটে আইন অনুমোদনের সুযোগ রয়েছে। এর মাধ্যমে ট্রাম্পের কিছু গুরুত্বপূর্ণ নীতি, সামরিক ব্যয় এবং অন্যান্য আর্থিক অগ্রাধিকার বাস্তবায়নের চেষ্টা হতে পারে। তবে নিজেদের দলের মধ্যেও মতবিরোধ থাকায় এমন উদ্যোগ সফল হবে কি না, তা অনিশ্চিত।   অন্যদিকে রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব পুনরায় উত্থাপনের ঘোষণা দিয়েছেন। ইরান যুদ্ধ পরিচালনা ও সামরিক ক্ষমতা ব্যবহারের অভিযোগে হেগসেথের বিরুদ্ধে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ম্যাসি আগামী সপ্তাহেই প্রতিনিধি পরিষদে ভোটের উদ্যোগ নিতে পারেন। তবে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করা মানেই সেটি অনুমোদিত হওয়া নয়। হেগসেথ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং ট্রাম্প প্রকাশ্যে তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন।   এ ছাড়া ট্রাম্প মনোনীত বিচারকদের নিয়োগ নিশ্চিত করা, জ্বালানি প্রকল্পের অনুমোদন সহজ করা, ক্রিপ্টোকারেন্সিসংক্রান্ত আইন এবং কলেজ ক্রীড়াব্যবস্থার সংস্কারের মতো বিষয়ও রিপাবলিকানদের অগ্রাধিকারে রয়েছে। তবে হাতে সময় কম এবং রাজনৈতিক মতবিরোধ বেশি হওয়ায় সব পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হতে পারে। জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ট্রাম্প প্রশাসনের ওপর তদন্ত ও নজরদারি বাড়ার সম্ভাবনাও রয়েছে।  

প্রকাশ : নভেম্বর ৬, ২০২৬ ১১:৩৮
নিউইয়র্কের সাবওয়েতে গান গাইতে গিয়ে হেনস্তার শিকার শিল্পী
নিউইয়র্কের সাবওয়েতে গান গাইতে গিয়ে হেনস্তার শিকার শিল্পী, পাশে দাঁড়ালেন যাত্রীরা

ম্যানহাটনের এ-ট্রেনে (A train) ১২৫তম স্ট্রিট এবং কলম্বাস সার্কেলের মাঝামাঝি জায়গায় গান গাচ্ছিলেন ২৯ বছর বয়সী শিল্পী শেন ড্যান টার্নার। তিনি গত বছর জনপ্রিয় রিয়েলিটি শো 'আমেরিকান আইডল'-এর ২৩তম আসরে অংশ নিয়েছিলেন। গান গাওয়ার সময় হঠাৎ এক নারী যাত্রী এসে দাবি করেন, কানে সদ্য অস্ত্রোপচার হওয়ায় এই গানের শব্দে তার মারাত্মক সমস্যা হচ্ছে।   এরপর তিনি টার্নারকে গান থামাতে জোর করতে থাকেন। শুধু তাই নয়, টার্নারের শার্টে 'আমি অটিস্টিক' লেখা একটি পিন লাগানো দেখে ওই নারী তাকে উপহাস করে বলেন, এটি কেবলই মানুষের সহানুভূতি পাওয়ার একটি 'জঘন্য কৌশল'। এরপর তিনি টার্নারের জমানো টিপসের (বখশিশ) টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তার গান থামাতে নিজেই বিকট শব্দে চিৎকার করতে শুরু করেন!   তবে এমন অদ্ভুত ও আক্রমণাত্মক পরিস্থিতিতে টার্নারের সাহায্যে এগিয়ে আসেন ট্রেনে থাকা অন্য যাত্রীরা। তারা ওই নারীর আচরণের কড়া প্রতিবাদ করেন এবং তাকে ট্রেন থেকে নেমে যাওয়ার পরামর্শ দেন। ওই নারী যেন টিপসের বাক্স থেকে আর টাকা নিতে না পারেন, সেজন্য যাত্রীরা সরাসরি টার্নারের হাতে বখশিশ তুলে দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে টার্নার শান্ত থেকে বিখ্যাত ব্যান্ড 'মাই কেমিক্যাল রোমান্স'-এর "আই ডোন্ট লাভ ইউ" গানটি গাওয়া শুরু করেন।   পুরো ঘটনাটি টার্নার পরে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। প্রকাশ্যে এমন হেনস্থার শিকার হয়েও ওই নারীর প্রতি কোনো ক্ষোভ দেখাননি তিনি। বরং সহমর্মিতা প্রকাশ করে তিনি জানান, ওই নারী সম্ভবত মানসিক অবসাদে ভুগছেন এবং তার দ্রুত চিকিৎসকের সাহায্য প্রয়োজন। শত উসকানিতেও শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলা করায় নেটদুনিয়ায় এখন প্রশংসায় ভাসছেন তরুণ এই শিল্পী।

প্রকাশ : নভেম্বর ৬, ২০২৬ ১১:১৪
যুক্তরাষ্ট্রে ১ লাখ ৬৫ হাজার চাকরি
যুক্তরাষ্ট্রে ১ লাখ ৬৫ হাজার চাকরি বাড়লেও মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না কর্মীদের মজুরি

যুক্তরাষ্ট্রে অক্টোবরে কৃষি খাতের বাইরে ১ লাখ ৬৫ হাজার চাকরি যোগ হয়েছে। বেকারত্বের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১ শতাংশে। তবে চাকরি বাড়লেও কর্মীদের মজুরি বৃদ্ধির হার সর্বশেষ প্রকাশিত মূল্যস্ফীতির হারের নিচে রয়েছে। শুক্রবার, ৬ নভেম্বর প্রকাশিত সরকারি প্রতিবেদনে চাকরির বাজারের এই চিত্র উঠে এসেছে।   ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের হিসাবে, অক্টোবরে বেসরকারি খাতে ঘণ্টাপ্রতি গড় আয় আগের মাসের তুলনায় ১৪ সেন্ট বেড়ে ৩৮ ডলার হয়েছে। মাসিক হিসাবে এই বৃদ্ধি শূন্য দশমিক ৪ শতাংশ। গত বছরের অক্টোবরের তুলনায় ঘণ্টাপ্রতি গড় মজুরি বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ।   অন্যদিকে সর্বশেষ প্রকাশিত সেপ্টেম্বরের হিসাবে বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৭ শতাংশ। ওই মাসে গ্যাসোলিনের দাম আগের মাসের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেড়েছে। সামগ্রিক মাসিক মূল্যস্ফীতি বৃদ্ধির অর্ধেকের বেশি এসেছে গ্যাসোলিনের দাম থেকে। অক্টোবরের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের কথা রয়েছে ১০ নভেম্বর।   নতুন চাকরির বড় অংশ এসেছে পেশাগত ও ব্যবসায়িক সেবা খাতে। সেখানে অক্টোবরে ৭০ হাজার চাকরি যোগ হয়েছে। হেলথকেয়ার খাতে বেড়েছে ৪২ হাজার এবং পরিবহন ও ওয়্যারহাউসিং খাতে ২৫ হাজার চাকরি। ম্যানুফ্যাকচারিং খাতেও কর্মসংস্থান বেড়েছে ১৯ হাজার। অন্য বড় খাতগুলোতে কর্মসংস্থানের পরিবর্তন ছিল সামান্য।   আগস্ট ও সেপ্টেম্বরের চাকরির হিসাবও সংশোধন করা হয়েছে। নতুন হিসাবে আগস্টে ১ লাখ ৮৬ হাজার এবং সেপ্টেম্বরে ৬০ হাজার চাকরি যোগ হয়েছে। দুই মাস মিলিয়ে আগের প্রকাশিত হিসাবের চেয়ে চাকরির সংখ্যা ৮৪ হাজার বেশি। অক্টোবরে চাকরি বৃদ্ধিও আগের ১২ মাসের মাসিক গড় ৪৮ হাজারের চেয়ে বেশি ছিল।   তবে ফুলটাইম কাজ চেয়েও পার্টটাইম করতে বাধ্য হওয়া মানুষের সংখ্যা অক্টোবরে ৩ লাখ ৩৯ হাজার বেড়ে ৪৮ লাখ হয়েছে। কাজের সময় কমে যাওয়া অথবা ফুলটাইম চাকরি না পাওয়ায় তাঁরা পার্টটাইম কাজ করছেন। একই সময়ে মোট বেকার মানুষের সংখ্যা ছিল প্রায় ৭১ লাখ।   সূত্র: যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস ও ডব্লিউটিএক্সএল।

প্রকাশ : নভেম্বর ৬, ২০২৬ ১১:৫
পরিবারের স্বপ্ন পূরণে যুক্তরাষ্ট্রে এসে নর্থ ক্যারোলাইনায় সড়কে ঝরল ভারতীয় প্রবাসীর প্রাণ
পরিবারের স্বপ্ন পূরণে যুক্তরাষ্ট্রে এসে নর্থ ক্যারোলাইনায় সড়কে ঝরল ভারতীয় প্রবাসীর প্রাণ

ডারহাম পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৮ অক্টোবর রাত ১০টার দিকে নর্থ ক্যারোলাইনার ডারহাম ফ্রিওয়ের দক্ষিণমুখী লেনে ফায়েটভিল স্ট্রিটের কাছে এ দুর্ঘটনা ঘটে। গাড়ির টায়ার পাংচার হওয়ায় রাস্তার পাশে গাড়ি থামিয়ে টায়ার পরিবর্তনের জন্য বাইরে নেমেছিলেন ৩৭ বছর বয়সী রাকেশ বাবু পুজারি। এ সময় পেছন থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক চালক গাড়ি নিয়ে পালিয়ে যান।    দুর্ঘটনার প্রায় দুই সপ্তাহ পর গত ৩ নভেম্বর জুলিয়েন জোসেফ নামে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডারহাম পুলিশ। তিনি নর্থ ক্যারোলাইনার অ্যাপেক্স এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে প্রাণঘাতী হিট অ্যান্ড রান বা দুর্ঘটনা ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালানোর অভিযোগ আনা হয়েছে।    আদালতের নথি অনুযায়ী, দুর্ঘটনার পর প্রায় ১২ মাইল গাড়ি চালিয়ে যান জোসেফ। পরে প্রথমে স্ত্রীকে ফোন করেন এবং এরপর জরুরি সেবা নম্বর ৯১১-এ যোগাযোগ করেন। তবে এক স্টেট ট্রুপারের কাছে তিনি দাবি করেছিলেন, তার গাড়ির সঙ্গে একটি হরিণের ধাক্কা লেগেছে।    জোসেফ এক লাখ ডলারের জামানতবিহীন বন্ডে মুক্তি পেয়েছেন। বুধবার আদালতে হাজিরাও দেন তিনি। মুক্তির নথিতে বলা হয়েছে, অভিযুক্তের আগের অপরাধের রেকর্ড না থাকা, স্থানীয় কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক এবং কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা ও অনুশোচনা প্রকাশের বিষয়টিও জামিনের সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে। তার পরবর্তী আদালতে হাজিরার তারিখ আগামী বছরের ১৪ জানুয়ারি।    এদিকে রাকেশের মৃত্যুতে শোকাহত তার পরিবার, বন্ধু ও পরিচিতজনেরা। বন্ধুদের ভাষ্য অনুযায়ী, পরিবারের আর্থিক সহায়তা ও স্বজনদের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্রে এসেছিলেন তিনি। ভারতে থাকা পরিবারের কাছে তার মৃত্যুর খবর পৌঁছে দেওয়ার পর স্বজনেরা ভেঙে পড়েন। বন্ধু মোহাম্মদ শেখজি বলেন, রাকেশ ছিলেন অত্যন্ত আন্তরিক ও সদয় মনের মানুষ। তার মৃত্যুর খবর প্রথম শোনার পর তারা গভীরভাবে মর্মাহত হয়েছিলেন।   বন্ধুরা জানান, রাকেশ সব সময় অন্যের উপকার করতেন এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। তার সেই মানবিক গুণাবলিই তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল। রাকেশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা মানুষের প্রতি আরও সদয় ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। মোহাম্মদ শেখজির ভাষায়, রাকেশ যেমন মানুষের পাশে দাঁড়াতেন, তেমনি প্রত্যেকেরই উচিত একে অপরের প্রতি সহায়ক ও মানবিক হওয়া। স্ত্রী ও স্বজনদের রেখে যাওয়া রাকেশকে শেষ পর্যন্ত ভারতে সমাহিত করা হয়েছে।

প্রকাশ : নভেম্বর ৬, ২০২৬ ১০:৪৬
প্রাণঘাতী ব্রেইন ক্যানসার গ্লিওব্লাস্টোমার নতুন রহস্য উদঘাটন, চিকিৎসায় আশার আলো
প্রাণঘাতী ব্রেইন ক্যানসার গ্লিওব্লাস্টোমার নতুন রহস্য উদঘাটন, চিকিৎসায় আশার আলো

বিশ্বের অন্যতম প্রাণঘাতী ব্রেইন ক্যানসার গ্লিওব্লাস্টোমার বিস্তার নিয়ে গুরুত্বপূর্ণ নতুন তথ্য আবিষ্কার করেছেন আন্তর্জাতিক গবেষকেরা। দীর্ঘদিন ধরে এই ক্যানসারের কোষগুলো অনিয়ন্ত্রিত ও বিশৃঙ্খলভাবে বৃদ্ধি পায় বলে ধারণা করা হলেও নতুন গবেষণায় দেখা গেছে, কোষগুলো একটি নির্দিষ্ট ধারাবাহিক নিয়ম অনুসরণ করে পরিবর্তিত ও বিস্তৃত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা এই ধরন ভবিষ্যতে ক্যানসারটির আরও কার্যকর চিকিৎসা উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গত ৪ নভেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচারে গবেষণাটি প্রকাশিত হয়েছে।   মার্কিন সংবাদমাধ্যম ফক্স ১৩ এবং ক্যানসার রিসার্চ ইউকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক গবেষকদল গ্লিওব্লাস্টোমায় আক্রান্ত ১২ জন রোগীর টিউমার থেকে সংগ্রহ করা ১০ লাখের বেশি কোষ বিশ্লেষণ করেছে। রোগীরা যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটি হসপিটালস এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টে চিকিৎসাধীন ছিলেন। গবেষকেরা অত্যাধুনিক সেল ট্র্যাকিং প্রযুক্তি এবং এআই ব্যবহার করে ক্যানসার কোষের জিনগত বৈশিষ্ট্য, অবস্থান, পরিবর্তনের প্রবণতা এবং আশপাশের কোষের সঙ্গে সম্পর্ক বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, ভিন্ন ভিন্ন রোগীর টিউমারের মধ্যেও কোষগুলোর পরিবর্তনের একটি অভিন্ন ধরন রয়েছে। গবেষণায় ওয়েলকাম স্যাঙ্গার ইনস্টিটিউট, ইউরোপিয়ান মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি, জার্মান ক্যানসার রিসার্চ সেন্টার এবং ক্যানসার রিসার্চ ইউকের গবেষকেরা অংশ নেন।   গবেষণায় ক্যানসার কোষের পরিবর্তনের তিনটি প্রধান ধাপ শনাক্ত করা হয়েছে। প্রথম ধাপে কিছু কোষ মস্তিষ্কের স্টেম সেলের মতো আচরণ করে এবং টিউমারের বাইরের প্রান্তে অবস্থান নেয়। এসব কোষ থেকে নতুন ধরনের ক্যানসার কোষ তৈরি হতে পারে। দ্বিতীয় ধাপে টিউমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে কোষগুলো মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামতের কাজে ব্যবহৃত কোষের বৈশিষ্ট্য অনুকরণ করতে শুরু করে। এতে ক্যানসার কোষের বৃদ্ধি দ্রুত হয় এবং টিউমারের ভেতরে নতুন স্তর তৈরি হয়। তৃতীয় ধাপে টিউমারের কেন্দ্রীয় অংশে অক্সিজেনের সরবরাহ কমে যায়। তখন সেখানকার কোষগুলো নিজেদের টিকিয়ে রাখার বিশেষ অবস্থায় চলে যায়, যা চিকিৎসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে।   গ্লিওব্লাস্টোমা অত্যন্ত আক্রমণাত্মক ধরনের ব্রেইন ক্যানসার। এটি মস্তিষ্কের স্বাভাবিক টিস্যুর মধ্যে ছড়িয়ে পড়তে পারে এবং অস্ত্রোপচারের মাধ্যমে পুরোপুরি অপসারণ করা কঠিন। অস্ত্রোপচার, রেডিয়েশন ও কেমোথেরাপির পরও অনেক রোগীর ক্ষেত্রে টিউমার আবার ফিরে আসে। গবেষকেরা বলছেন, টিউমারের বাইরের প্রান্তে থাকা প্রাথমিক ক্যানসার কোষগুলো অস্ত্রোপচারের পর থেকে গেলে নতুন করে ক্যানসার বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। ফলে ভবিষ্যতে শুধু টিউমারের দৃশ্যমান অংশ নয়, বাইরের প্রান্তের কোষগুলোকেও লক্ষ্য করে চিকিৎসা তৈরি করা সম্ভব হতে পারে।   গবেষণায় আরও কিছু জিনগত সংকেত শনাক্ত করা হয়েছে, যেগুলো ক্যানসার কোষকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হতে সাহায্য করে। বিজ্ঞানীদের ধারণা, ভবিষ্যতে এমন ওষুধ তৈরি করা যেতে পারে, যা এসব সংকেত বন্ধ করে কোষের পরিবর্তন সীমিত করবে। পাশাপাশি শরীরের নিজস্ব ইমিউন সেলের সঙ্গে টিউমারের সম্পর্ক নিয়েও নতুন তথ্য পাওয়া গেছে। গবেষণায় ব্যবহৃত পরীক্ষাগারে তৈরি ক্ষুদ্র মস্তিষ্কের মডেল বা ব্রেইন অর্গানয়েডেও কোষের পরিবর্তনের একই ধরনের প্রবণতা পর্যবেক্ষণ করা হয়েছে।   ক্যানসার রিসার্চ ইউকের কেমব্রিজ ইনস্টিটিউটের ব্রেইন সার্জন ও গবেষক ডা. রিচার্ড মেয়ার জানিয়েছেন, এতদিন গ্লিওব্লাস্টোমার বিভিন্ন ধরনের ক্যানসার কোষকে একসঙ্গে কীভাবে লক্ষ্য করা যায়, তা পরিষ্কার ছিল না। নতুন গবেষণা ভবিষ্যতে টিউমার কোন অবস্থায় যেতে পারে, সে অনুযায়ী চিকিৎসা পরিকল্পনার সুযোগ তৈরি করেছে। ওয়েলকাম স্যাঙ্গার ইনস্টিটিউটের গবেষক ডা. ওমের বায়রাকতারও মনে করেন, এই আবিষ্কার ক্যানসারটির জটিল আচরণ বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নতুন কোনো চিকিৎসা মানুষের শরীরে কার্যকর বা নিরাপদ প্রমাণিত হয়নি। আরও গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়ালের পরই এই আবিষ্কারের বাস্তব চিকিৎসাগত সুফল নির্ধারণ করা সম্ভব হবে।   সংবাদসূত্র: ক্যানসার রিসার্চ ইউকে, FOX 13 Tampa Bay ।

প্রকাশ : নভেম্বর ৬, ২০২৬ ১০:৩২
যুক্তরাষ্ট্রে নবজাতকদের ভিটামিন কে ইনজেকশন না দেওয়ার হার দ্বিগুণ, বাড়ছে রক্তক্ষরণের ঝুঁকি
যুক্তরাষ্ট্রে নবজাতকদের ভিটামিন কে ইনজেকশন না দেওয়ার হার দ্বিগুণ, বাড়ছে রক্তক্ষরণের ঝুঁকি

যুক্তরাষ্ট্রে জন্মের পর নবজাতকদের ভিটামিন কে ইনজেকশন না দেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত আট বছরে এই ইনজেকশন না পাওয়া শিশুর হার দ্বিগুণের বেশি হয়েছে। এতে শিশুদের মারাত্মক রক্তক্ষরণ, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং প্রাণহানির ঝুঁকি বাড়ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) চিকিৎসাবিষয়ক সাময়িকী জামায় প্রকাশিত গবেষণায় এসব তথ্য জানানো হয়।   ফিলাডেলফিয়ার চিলড্রেনস হসপিটালের গবেষকদের নেতৃত্বে পরিচালিত গবেষণায় যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যব্যবস্থার ৫২ লাখের বেশি নবজাতকের চিকিৎসার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, ২০১৭ সালে জন্মের পর ৩ দশমিক ১ শতাংশ শিশু ভিটামিন কে ইনজেকশন পায়নি। ২০২৫ সালে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮ শতাংশে। শুধু ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যেই এই হার ৫ দশমিক ৬ শতাংশ থেকে ৬ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। গবেষকদের মতে, অনেক অভিভাবকের ইনজেকশন নিয়ে উদ্বেগ ও ভুল ধারণা এই প্রবণতার পেছনে ভূমিকা রাখছে। গবেষণায় আরও দেখা গেছে, জন্মের পর ভিটামিন কে ইনজেকশন না পাওয়া শিশুদের প্রথম ছয় মাসে রক্তক্ষরণের ঝুঁকি ইনজেকশন পাওয়া শিশুদের তুলনায় ৪৭ শতাংশ বেশি। একই সময়ে তাদের মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি দ্বিগুণেরও বেশি পাওয়া গেছে। জন্মের পর হাসপাতালে অবস্থানকালে রক্তক্ষরণের পাশাপাশি মৃত্যুর ঘটনাও ইনজেকশন না পাওয়া শিশুদের মধ্যে তুলনামূলক বেশি ছিল। তবে গবেষণাটি চিকিৎসার তথ্যভিত্তিক হওয়ায় প্রতিটি রক্তক্ষরণ বা মৃত্যুর পেছনে ভিটামিন কে না পাওয়াই সরাসরি দায়ী ছিল কি না, তা নির্ধারণ করা হয়নি।   চিকিৎসকদের ব্যাখ্যা অনুযায়ী, ভিটামিন কে শরীরে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। কিন্তু নবজাতকদের শরীরে জন্মের সময় এই ভিটামিনের পরিমাণ খুব কম থাকে। মায়ের শরীর থেকে গর্ভাবস্থায় পর্যাপ্ত ভিটামিন কে শিশুর শরীরে পৌঁছায় না। এমনকি মায়ের বুকের দুধেও এর পরিমাণ সীমিত। ফলে জন্মের পর ভিটামিন কে না পেলে শিশু ভিটামিন কে ডেফিসিয়েন্সি ব্লিডিং নামের জটিলতায় আক্রান্ত হতে পারে। এতে শরীরের ভেতরে, বিশেষ করে মস্তিষ্ক বা অন্ত্রে রক্তক্ষরণ হতে পারে। অনেক ক্ষেত্রে আগে থেকে কোনো লক্ষণও দেখা যায় না। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির তথ্য অনুযায়ী, জন্মের পর ভিটামিন কে ইনজেকশন না পাওয়া শিশুদের ভিটামিন কে ঘাটতিজনিত দেরিতে শুরু হওয়া রক্তক্ষরণের ঝুঁকি ইনজেকশন পাওয়া শিশুদের তুলনায় প্রায় ৮১ গুণ বেশি। এই জটিলতা জন্মের পর ছয় মাস বয়স পর্যন্ত দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে স্থায়ী মস্তিষ্কের ক্ষতি, শারীরিক প্রতিবন্ধকতা এমনকি মৃত্যুও ঘটতে পারে। সিডিসির তথ্য অনুযায়ী, ভিটামিন কে ঘাটতিজনিত রক্তক্ষরণে আক্রান্ত প্রতি পাঁচ শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়।   এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আইডাহোর শিশু বিশেষজ্ঞ ডা. থমাস প্যাটারসন জানান, দীর্ঘ চিকিৎসক জীবনের বেশির ভাগ সময় নবজাতকদের ভিটামিন কে ইনজেকশন দিতে অভিভাবকদের অস্বীকৃতি জানানোর ঘটনা খুব কম দেখেছেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি বদলেছে। একদিন তাঁর তত্ত্বাবধানে থাকা ১০ নবজাতকের মধ্যে পাঁচজনই ভিটামিন কে ইনজেকশন ছাড়াই হাসপাতাল ছেড়েছে বলে তিনি জানান। চিকিৎসকদের মতে, ইনজেকশন নিয়ে নিরাপত্তার উদ্বেগ, ভুল তথ্য এবং এটিকে ভ্যাকসিন মনে করার কারণে কিছু অভিভাবক সন্তানকে এটি দিতে চান না। তবে ভিটামিন কে ইনজেকশন কোনো ভ্যাকসিন নয়।   যুক্তরাষ্ট্রে ১৯৬১ সাল থেকে নবজাতকদের জন্মের পর ভিটামিন কে ইনজেকশন দেওয়ার সুপারিশ করে আসছে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস। সাধারণত জন্মের পর শিশুর উরুর পেশিতে একবার এই ইনজেকশন দেওয়া হয়। সিডিসির মতে, এটি নবজাতকদের মারাত্মক রক্তক্ষরণ প্রতিরোধের নিরাপদ ও কার্যকর ব্যবস্থা। গবেষকেরা বলছেন, অভিভাবকদের মধ্যে সঠিক চিকিৎসাবিষয়ক তথ্য পৌঁছে দেওয়া জরুরি। বিশেষজ্ঞরা সন্তান জন্মের আগে ভিটামিন কে ইনজেকশন নিয়ে কোনো উদ্বেগ থাকলে পেডিয়াট্রিশিয়ান বা চিকিৎসকের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন।   

প্রকাশ : নভেম্বর ৬, ২০২৬ ১০:৩০
এক দশকের মধ্যে সবচেয়ে বড় ছিদ্র ওজোন স্তরে, কারণ জানাল নাসা
এক দশকের মধ্যে সবচেয়ে বড় ছিদ্র ওজোন স্তরে, কারণ জানাল নাসা

পৃথিবীর সুরক্ষাকবচ হিসেবে পরিচিত ওজোন স্তরের গর্ত চলতি বছর অস্বাভাবিকভাবে বড় আকার ধারণ করেছে। অ্যান্টার্কটিকার ওপর তৈরি হওয়া এই গর্ত গত এক দশকের মধ্যে সবচেয়ে বিস্তৃত পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানিয়েছে, ২০২৬ সালের ওজোন গর্ত গত ৪৮ বছরের পর্যবেক্ষণে গড় আয়তনের হিসাবে সপ্তম বৃহত্তম। তবে বিজ্ঞানীরা বলছেন, সাময়িক এই বৃদ্ধির পরও ওজোন স্তরের দীর্ঘমেয়াদি পুনরুদ্ধার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত যৌথ গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।   নাসা ও এনওএএর তথ্য অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ওজোন স্তরের গর্তের গড় আয়তন ছিল প্রায় ২ কোটি ৫০ লাখ বর্গকিলোমিটার। যা যুক্তরাষ্ট্রের মোট আয়তনের দ্বিগুণেরও বেশি। গত ১৮ সেপ্টেম্বর গর্তটি সর্বোচ্চ ২ কোটি ৭১ লাখ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়। এটি ২০০০ সালের সেপ্টেম্বরে রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে বড় ওজোন গর্তের প্রায় ৯০ শতাংশ। বিজ্ঞানীরা জানিয়েছেন, গর্তের আয়তন বড় হলেও ওজোনের ঘনত্ব হ্রাসের মাত্রা অতীতের সবচেয়ে ভয়াবহ বছরগুলোর তুলনায় কম ছিল।   গবেষকদের মতে, চলতি বছর ওজোন স্তরের গর্ত অস্বাভাবিকভাবে বড় হওয়ার প্রধান কারণ অ্যান্টার্কটিকার ওপর তৈরি হওয়া শক্তিশালী পোলার ভর্টেক্স বা মেরু অঞ্চলের ঘূর্ণায়মান বায়ুপ্রবাহ। সাধারণত শীতকালে দক্ষিণ মেরুর চারপাশে এই বায়ুপ্রবাহ অত্যন্ত ঠান্ডা বাতাস আটকে রাখে। এর ফলে স্ট্র্যাটোস্ফিয়ারে বিশেষ ধরনের মেঘ তৈরি হয়, যা ওজোন ধ্বংসকারী রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বরে বায়ুমণ্ডলের নিচের স্তর থেকে উঠে আসা আবহাওয়াজনিত তরঙ্গ তুলনামূলক দুর্বল থাকায় পোলার ভর্টেক্স আরও শক্তিশালী ও বিস্তৃত হয়েছে। এতে ওজোন ক্ষয়ের জন্য অনুকূল পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়।   এনওএএর কেমিক্যাল সায়েন্সেস ল্যাবরেটরির গবেষক অ্যামি বাটলার জানিয়েছেন, সাধারণত বায়ুমণ্ডলের বড় আকারের তরঙ্গ পোলার ভর্টেক্সকে দুর্বল করতে সাহায্য করে। কিন্তু এ বছর সেই প্রক্রিয়া দুর্বল থাকায় অ্যান্টার্কটিকার চারপাশে অত্যন্ত ঠান্ডা বাতাস দীর্ঘ সময় আটকে ছিল। অন্যদিকে নাসার ওজোন গবেষক পল নিউম্যান জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে ওজোন গর্ত মৌসুমের তুলনামূলক পরবর্তী সময়ে তৈরি হতে দেখা যাচ্ছে, যা ওজোন স্তরের সুস্থ হয়ে ওঠার ইতিবাচক লক্ষণ। তবে এবারের অস্বাভাবিক শক্তিশালী বায়ুপ্রবাহ গর্তটির বিস্তার বাড়িয়েছে।   ওজোন স্তর পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অংশে অবস্থিত। এটি সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মির বড় অংশ শোষণ করে মানুষ, প্রাণী ও উদ্ভিদকে সুরক্ষা দেয়। ওজোন স্তর অতিরিক্ত পাতলা হলে অতিবেগুনি রশ্মির সংস্পর্শের ঝুঁকি বাড়তে পারে। এর ফলে ত্বকের ক্যানসার, চোখের ছানি এবং পরিবেশগত ক্ষতির আশঙ্কা রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও বিভিন্ন শিল্পপণ্যে অতীতে ব্যবহৃত ক্লোরোফ্লুরোকার্বনসহ কিছু রাসায়নিক পদার্থ ওজোন স্তর ক্ষয়ের অন্যতম কারণ।   তবে এবারের বড় গর্তের মধ্যেও আশার কথা শুনিয়েছেন গবেষকেরা। ১৯৮৭ সালে স্বাক্ষরিত মন্ট্রিয়ল প্রটোকলের মাধ্যমে ওজোন ধ্বংসকারী রাসায়নিকের ব্যবহার নিয়ন্ত্রণ করায় বায়ুমণ্ডলে এসব উপাদানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। বিজ্ঞানীদের হিসাবে, আগের মতো ক্ষতিকর রাসায়নিকের ঘনত্ব থাকলে চলতি বছরের গর্তটি আরও প্রায় ২৬ লাখ থেকে ৫২ লাখ বর্গকিলোমিটার বড় হতে পারত। বর্তমান অগ্রগতি অব্যাহত থাকলে ২০৭০-এর দশকের মধ্যে অ্যান্টার্কটিকার ওজোন স্তর আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা।   সংবাদসূত্র: নাসা, ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)।

প্রকাশ : নভেম্বর ৬, ২০২৬ ১০:২১