সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিশ্ব

এক দশকের মধ্যে সবচেয়ে বড় ছিদ্র ওজোন স্তরে, কারণ জানাল নাসা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: নভেম্বর ৬, ২০২৬ ১০:২১
এক দশকের মধ্যে সবচেয়ে বড় ছিদ্র ওজোন স্তরে, কারণ জানাল নাসা
এক দশকের মধ্যে সবচেয়ে বড় ছিদ্র ওজোন স্তরে, কারণ জানাল নাসা

পৃথিবীর সুরক্ষাকবচ হিসেবে পরিচিত ওজোন স্তরের গর্ত চলতি বছর অস্বাভাবিকভাবে বড় আকার ধারণ করেছে। অ্যান্টার্কটিকার ওপর তৈরি হওয়া এই গর্ত গত এক দশকের মধ্যে সবচেয়ে বিস্তৃত পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানিয়েছে, ২০২৬ সালের ওজোন গর্ত গত ৪৮ বছরের পর্যবেক্ষণে গড় আয়তনের হিসাবে সপ্তম বৃহত্তম। তবে বিজ্ঞানীরা বলছেন, সাময়িক এই বৃদ্ধির পরও ওজোন স্তরের দীর্ঘমেয়াদি পুনরুদ্ধার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত যৌথ গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

 

নাসা ও এনওএএর তথ্য অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ওজোন স্তরের গর্তের গড় আয়তন ছিল প্রায় ২ কোটি ৫০ লাখ বর্গকিলোমিটার। যা যুক্তরাষ্ট্রের মোট আয়তনের দ্বিগুণেরও বেশি। গত ১৮ সেপ্টেম্বর গর্তটি সর্বোচ্চ ২ কোটি ৭১ লাখ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়। এটি ২০০০ সালের সেপ্টেম্বরে রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে বড় ওজোন গর্তের প্রায় ৯০ শতাংশ। বিজ্ঞানীরা জানিয়েছেন, গর্তের আয়তন বড় হলেও ওজোনের ঘনত্ব হ্রাসের মাত্রা অতীতের সবচেয়ে ভয়াবহ বছরগুলোর তুলনায় কম ছিল।

 

গবেষকদের মতে, চলতি বছর ওজোন স্তরের গর্ত অস্বাভাবিকভাবে বড় হওয়ার প্রধান কারণ অ্যান্টার্কটিকার ওপর তৈরি হওয়া শক্তিশালী পোলার ভর্টেক্স বা মেরু অঞ্চলের ঘূর্ণায়মান বায়ুপ্রবাহ। সাধারণত শীতকালে দক্ষিণ মেরুর চারপাশে এই বায়ুপ্রবাহ অত্যন্ত ঠান্ডা বাতাস আটকে রাখে। এর ফলে স্ট্র্যাটোস্ফিয়ারে বিশেষ ধরনের মেঘ তৈরি হয়, যা ওজোন ধ্বংসকারী রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বরে বায়ুমণ্ডলের নিচের স্তর থেকে উঠে আসা আবহাওয়াজনিত তরঙ্গ তুলনামূলক দুর্বল থাকায় পোলার ভর্টেক্স আরও শক্তিশালী ও বিস্তৃত হয়েছে। এতে ওজোন ক্ষয়ের জন্য অনুকূল পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়।

 

এনওএএর কেমিক্যাল সায়েন্সেস ল্যাবরেটরির গবেষক অ্যামি বাটলার জানিয়েছেন, সাধারণত বায়ুমণ্ডলের বড় আকারের তরঙ্গ পোলার ভর্টেক্সকে দুর্বল করতে সাহায্য করে। কিন্তু এ বছর সেই প্রক্রিয়া দুর্বল থাকায় অ্যান্টার্কটিকার চারপাশে অত্যন্ত ঠান্ডা বাতাস দীর্ঘ সময় আটকে ছিল। অন্যদিকে নাসার ওজোন গবেষক পল নিউম্যান জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে ওজোন গর্ত মৌসুমের তুলনামূলক পরবর্তী সময়ে তৈরি হতে দেখা যাচ্ছে, যা ওজোন স্তরের সুস্থ হয়ে ওঠার ইতিবাচক লক্ষণ। তবে এবারের অস্বাভাবিক শক্তিশালী বায়ুপ্রবাহ গর্তটির বিস্তার বাড়িয়েছে।

 

ওজোন স্তর পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অংশে অবস্থিত। এটি সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মির বড় অংশ শোষণ করে মানুষ, প্রাণী ও উদ্ভিদকে সুরক্ষা দেয়। ওজোন স্তর অতিরিক্ত পাতলা হলে অতিবেগুনি রশ্মির সংস্পর্শের ঝুঁকি বাড়তে পারে। এর ফলে ত্বকের ক্যানসার, চোখের ছানি এবং পরিবেশগত ক্ষতির আশঙ্কা রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও বিভিন্ন শিল্পপণ্যে অতীতে ব্যবহৃত ক্লোরোফ্লুরোকার্বনসহ কিছু রাসায়নিক পদার্থ ওজোন স্তর ক্ষয়ের অন্যতম কারণ।

 

তবে এবারের বড় গর্তের মধ্যেও আশার কথা শুনিয়েছেন গবেষকেরা। ১৯৮৭ সালে স্বাক্ষরিত মন্ট্রিয়ল প্রটোকলের মাধ্যমে ওজোন ধ্বংসকারী রাসায়নিকের ব্যবহার নিয়ন্ত্রণ করায় বায়ুমণ্ডলে এসব উপাদানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। বিজ্ঞানীদের হিসাবে, আগের মতো ক্ষতিকর রাসায়নিকের ঘনত্ব থাকলে চলতি বছরের গর্তটি আরও প্রায় ২৬ লাখ থেকে ৫২ লাখ বর্গকিলোমিটার বড় হতে পারত। বর্তমান অগ্রগতি অব্যাহত থাকলে ২০৭০-এর দশকের মধ্যে অ্যান্টার্কটিকার ওজোন স্তর আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

 

সংবাদসূত্র: নাসা, ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বিশ্ব

View more
জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ইয়াসেন-এম শ্রেণির নতুন পারমাণবিক সাবমেরিন আনুষ্ঠানিকভাবে রুশ নৌবাহিনীতে যুক্ত হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত করল রাশিয়া

রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। ‘পার্ম’ নামের ইয়াসেন-এম শ্রেণির এই সাবমেরিনকে রাশিয়ার নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। মস্কোর দাবি, জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনের জন্য এটিই প্রথম সাবমেরিন। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে নৌবাহিনীতে আরও পাঁচটি ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।   শুক্রবার (২৭ নভেম্বর) রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ জাহাজ নির্মাণ কারখানায় সাবমেরিনটির পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন পুতিন। ক্রেমলিনের প্রকাশিত ভিডিওতে তাঁকে অনুষ্ঠানে বক্তব্য দিতেও দেখা যায়। রুশ নৌবাহিনীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ‘পার্ম’ আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর বহরে যুক্ত হয়। এ সময় পুতিন বলেন, বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের মধ্যে রাশিয়া অন্যতম, যারা এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন নির্মাণে সক্ষম। তাঁর ভাষায়, এসব অস্ত্রের বৈশ্বিক পরিসর ও গুরুত্ব রয়েছে।   ইয়াসেন-এম শ্রেণির ‘পার্ম’ সাবমেরিনের প্রধান বিশেষত্ব হলো এতে রাশিয়ার জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে কয়েক গুণ বেশি গতিতে চলতে পারে। ফলে প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলো শনাক্ত ও প্রতিহত করা কঠিন হতে পারে। তবে ক্ষেপণাস্ত্রটির প্রকৃত সক্ষমতা ও যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা নিয়ে মস্কোর দাবির সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।   পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রাশিয়ার সামরিক প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘ সময় পানির নিচে গোপনে অবস্থান ও চলাচলের সক্ষমতার কারণে এগুলো সহজে শনাক্ত করা কঠিন। কোনো দেশ রাশিয়ার ওপর পারমাণবিক হামলা চালালে সমুদ্রের গভীর থেকে পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রাখতেও এ ধরনের সাবমেরিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে নতুন সাবমেরিনটি শুধু রাশিয়ার নৌবাহিনীর আধুনিকায়ন নয়, দেশটির পারমাণবিক প্রতিরোধ সক্ষমতার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ।   অনুষ্ঠানে পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনীতে আরও পাঁচটি ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন যুক্ত করা হবে। এর মধ্যে তিনটি হবে ‘পার্ম’-এর মতো ইয়াসেন-এম শ্রেণির। এসব সাবমেরিন বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করে বিশ্বের যেকোনো মহাসাগরে অভিযান চালাতে সক্ষম বলে দাবি করেছেন তিনি। রাশিয়ার নৌবাহিনীকে আধুনিকায়নের পরিকল্পনা অব্যাহত রাখার কথাও জানান পুতিন। নির্ধারিত সময়ের মধ্যে নৌবাহিনীকে আরও শক্তিশালী করার পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।   রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর সামরিক উত্তেজনার মধ্যে নতুন সাবমেরিনটি নৌবাহিনীতে যুক্ত হলো। বিশেষ করে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে রাশিয়ার এই উদ্যোগ আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন গুরুত্ব তৈরি করতে পারে। তবে নতুন সাবমেরিন যুক্ত হওয়ার পাশাপাশি আগামী চার বছরে আরও পাঁচটি সাবমেরিন বহরে যুক্ত করার পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়, সেটিই এখন দেখার বিষয়।   সূত্র: আল জাজিরা, ক্রেমলিন।   872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ২২:১৭
মুসলিম সম্প্রদায়ের সঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংস্কৃতিক বিষয় বিবেচনায় নিতে যুক্তরাজ্যের পুলিশ সদস্যদের নির্দেশনা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মসজিদ ও মুসলিম বাড়িতে দায়িত্ব পালনে ব্রিটিশ পুলিশকে শালীন পোশাক পরিধানের নির্দেশনা

১৩ বছর বয়সে বিয়ের পর ১৪ বছরেই মা হয়েছিলেন ইরানের কিশোরী সোগান্দ মোশতারেকি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বাবার বাড়ি যেতে চাওয়ায় সন্তান জন্মের দুই সপ্তাহের মধ্যেই স্বামীর হাতে প্রাণ গেল কিশোরী বধূর

চীনের ৯০ শতাংশের বেশি পরিবারের আবাসিক সম্পত্তির মালিকানা রয়েছে বলে জানিয়েছে আইএমএফের একটি প্রকাশনা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

চীনের প্রায় ৯০ শতাংশ পরিবারেরই আছে নিজস্ব বাড়ি, যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ

যুক্তরাজ্যের নাগরিকত্ব পরীক্ষায় দেশটির বিভিন্ন ধর্মীয় উৎসব ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জ্ঞানের বিষয়টি অন্তর্ভুক্ত। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ব্রিটিশ নাগরিকত্ব পেতে জানতে হবে ঈদ ও ইসলামিক ঐতিহ্যের কথা

যুক্তরাজ্যে ব্রিটিশ নাগরিকত্ব কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে যাঁদের ‘লাইফ ইন দ্য ইউকে’ পরীক্ষা দিতে হয়, তাঁদের প্রস্তুতির পাঠ্যবইয়ে রয়েছে ইসলাম ধর্মের দুটি প্রধান উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহার পরিচিতি। দেশটির স্বরাষ্ট্র দপ্তরের প্রকাশিত ‘লাইফ ইন দ্য ইউনাইটেড কিংডম: আ গাইড ফর নিউ রেসিডেন্টস’ বইয়ে যুক্তরাজ্যের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি মুসলিমদের এসব উৎসবের তাৎপর্যও তুলে ধরা হয়েছে।   বইটির ‘কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশনস’ বা রীতিনীতি ও ঐতিহ্য অধ্যায়ে ঈদুল ফিতরকে পবিত্র রমজান মাসের সমাপ্তির উৎসব হিসেবে বর্ণনা করা হয়েছে। এক মাস রোজা পালনের পর মুসলিমরা এই উৎসব উদ্‌যাপন করেন। এ সময় বিশেষ জামাতে নামাজ আদায় এবং পারিবারিক ও সামাজিকভাবে খাবারের আয়োজন করা হয়। ইসলামি চান্দ্রবর্ষ অনুসরণ করায় প্রতিবছর ভিন্ন ভিন্ন তারিখে ঈদুল ফিতর পালিত হয়।   একই অধ্যায়ে ঈদুল আজহার ধর্মীয় তাৎপর্যও ব্যাখ্যা করা হয়েছে। এই উৎসব হজরত ইব্রাহিম (আ.)-এর আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্য এবং তাঁর ছেলেকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার ঘটনার স্মরণে পালিত হয়। মুসলিমদের কাছে এটি ত্যাগ, বিশ্বাস ও স্রষ্টার প্রতি আনুগত্যের প্রতীক। বইটিতে ঈদুল ফিতর ও ঈদুল আজহার পাশাপাশি অন্যান্য ধর্মীয় উৎসবের পরিচিতিও অন্তর্ভুক্ত করা হয়েছে।   পাঠ্যবইটিতে খ্রিষ্টানদের বড়দিন ও ইস্টার, হিন্দু ও শিখ সম্প্রদায়ের দীপাবলি, ইহুদিদের হানুক্কাহ এবং শিখদের বৈশাখী উৎসব সম্পর্কেও তথ্য রয়েছে। অর্থাৎ, পরীক্ষার প্রস্তুতিতে শুধু একটি ধর্মের উৎসব নয়, বরং যুক্তরাজ্যের বহুধর্মীয় সমাজ ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে ধারণা রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে।   যুক্তরাজ্যের সরকারি নির্দেশিকা অনুযায়ী, ‘লাইফ ইন দ্য ইউকে’ পরীক্ষায় ৪৫ মিনিটে ২৪টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হয়। পাস করতে কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর পেতে হয়। অর্থাৎ, ২৪টি প্রশ্নের মধ্যে অন্তত ১৮টির সঠিক উত্তর দিতে হবে। প্রশ্নগুলো পুরো সরকারি নির্দেশিকাভিত্তিক হওয়ায় প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্নপত্র এক রকম হয় না। ফলে কোনো নির্দিষ্ট পরীক্ষায় ঈদ সম্পর্কে প্রশ্ন আসবেই, এমন নিশ্চয়তা নেই। তবে বিষয়টি পরীক্ষার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত।   নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতিতে বিভিন্ন ধর্মের উৎসব অন্তর্ভুক্ত করার বিষয়টি যুক্তরাজ্যের বহুসাংস্কৃতিক সমাজের পরিচয়ও তুলে ধরে। দেশটির নাগরিক জীবনের মৌলিক মূল্যবোধের মধ্যে ভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষের প্রতি সহনশীলতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাই এসব উৎসব সম্পর্কে জানার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস গ্রহণ করা নয়, বরং দেশটির সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনধারা সম্পর্কে প্রয়োজনীয় ধারণা অর্জন করা।   সূত্র: যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট (GOV.UK), হোম অফিসের ‘Life in the United Kingdom: A Guide for New Residents’ হ্যান্ডবুক। 872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ২০:২৪
তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যুক্ত হয়ে নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মুসলিম বিশ্বের মহাকাশ অভিযাত্রায় নতুন অধ্যায়, মহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলী

প্রশিক্ষণ ফ্লাইটের সময় ফ্রান্সে তৈরি কুগার সিরিজের হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হন পাঁচজন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

তুরস্কে ১২ দিনের ব্যবধানে দ্বিতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে ন্যাটো বাহিনী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের অনুমতি পেল ন্যাটোর যুদ্ধবিমান, স্থায়ী মার্কিন সেনা চায় পোল্যান্ড

শৈশবে বাবার সিদ্ধান্তে প্রায় দশ বছর ছেলের বেশে বেড়ে উঠেছিলেন আফগান নারী নিলোফার আয়ুবি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
আফগানিস্তানে মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য ১০ বছর ছেলের বেশে বড় করেন বাবা

আফগানিস্তানের রাস্তায় খেলতে গিয়ে মাত্র চার বছর বয়সে এক অচেনা ব্যক্তির হাতে হেনস্তার শিকার হয়েছিলেন নিলোফার আইয়ুবি। মাথায় ওড়না না থাকায় ওই ব্যক্তি তাকে চড় মারেন এবং ভবিষ্যতে এমন অবস্থায় দেখলে তার বাবাকে আক্রমণ করার হুমকি দেন। মেয়ের সঙ্গে এমন আচরণের পর কঠিন এক সিদ্ধান্ত নেন তার বাবা। তিনি নিলোফারের চুল কেটে ছেলের পোশাক পরিয়ে দেন। উদ্দেশ্য ছিল, মেয়ে যেন ছেলের পরিচয়ে বাইরে বের হতে পারে এবং ভয় ছাড়াই শৈশব কাটানোর সুযোগ পায়।   বিবিসি নিউজ মুন্ডোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিলোফার জানান, এরপর প্রায় ১০ বছর তিনি ছেলের বেশে জীবন কাটিয়েছেন। বাবার সঙ্গে বাজারে যেতেন, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেন, সাইকেল চালাতেন এবং জুডো ও কারাতের মতো খেলায় অংশ নিতেন। বাইরে থেকে সবাই তাকে ছেলে হিসেবেই চিনত। অন্যদিকে, তার বোনদের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। সামাজিক বিধিনিষেধের কারণে তাদের বেশির ভাগ সময় ঘরের ভেতরেই থাকতে হতো। একই পরিবারের দুই ধরনের শৈশব তাকে ছোটবেলা থেকেই নারী ও পুরুষের স্বাধীনতার পার্থক্য বুঝতে সাহায্য করে।   নিলোফারের বেড়ে ওঠার সময় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ এলাকায় তালেবানের প্রথম শাসন চলছিল। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় থাকা তালেবান সরকারের সময় নারীদের চলাফেরা, পোশাক ও শিক্ষা নিয়ে কঠোর বিধিনিষেধ ছিল। আফগান সমাজে মেয়েদের ছেলের পোশাক পরিয়ে বড় করার একটি প্রচলিত রীতিও রয়েছে, যার নাম ‘বাচা পোশ’। তবে নিলোফারের ক্ষেত্রে পরিবারের পুরুষ সদস্যের অভাব নয়, বরং মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতেই তার বাবা এই সিদ্ধান্ত নিয়েছিলেন।   প্রায় ১০ বছর ছেলের মতো জীবন কাটানোর পর বয়ঃসন্ধিতে পৌঁছালে নিলোফারকে আবার মেয়ের পরিচয়ে ফিরতে হয়। এতদিন যে স্বাধীনতাকে স্বাভাবিক বলে মনে করেছিলেন, তা হঠাৎ হারিয়ে ফেলা তার জন্য সহজ ছিল না। বিবিসির কাছে তিনি স্মৃতিচারণ করে জানান, ছেলের বেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাকে এমন অনেক সুযোগ দিয়েছিল, যা মেয়ে হিসেবে বড় হলে হয়তো কখনোই পেতেন না। একই সঙ্গে নিজের বোনদের জীবন কাছ থেকে দেখেও নারী হিসেবে সমাজে চলাফেরার সীমাবদ্ধতা উপলব্ধি করেছিলেন।   পরবর্তী সময়ে নিলোফার ব্যবসা ও নারী অধিকার নিয়ে কাজের সঙ্গে যুক্ত হন। তবে ২০২১ সালের আগস্টে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করলে নিরাপত্তার কারণে তাকে দেশ ছাড়তে হয়। বিবিসির ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়, সে সময় তিনি পরিবার নিয়ে পোল্যান্ডে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। শৈশবে বাবার নেওয়া সেই সিদ্ধান্তের কথা স্মরণ করে নিলোফার জানান, তার বাবা তাকে ঘরে আটকে রাখার পরিবর্তে ছেলের বেশে হলেও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছিলেন।   সংবাদসূত্র: বিবিসি নিউজ মুন্ডো, বিবিসি আউটলুক। 872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ২১:৫৮
জীবদ্দশায় তিনবার শয়তান ও একবার ‘নরকের দরজা’ দেখেছিলেন পোপ ফ্রান্সিস, ডায়েরিতে দাবি। ছবি: সংগৃহীত

তিনবার ‘শয়তান’কে সরাসরি দেখেছিলেন পোপ ফ্রান্সিস! ডায়েরিতে চাঞ্চল্যকর দাবি

ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?

ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?

মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা

মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...