আফগানিস্তানে খরায় নিঃস্ব পরিবার, ঋণ ও খাবারের জন্য বিয়ে দেওয়া হচ্ছে শিশু কন্যাদের
আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাদগিস প্রদেশে দীর্ঘ খরা, ফসলহানি ও চরম দারিদ্র্যের কারণে অল্পবয়সী মেয়েদের বিয়ে দিতে বাধ্য হচ্ছেন অনেক পরিবার। খাবার কেনা, পুরোনো ঋণ শোধ কিংবা পরিবারের কোনো সদস্যের চিকিৎসার খরচ জোগাতে মেয়েদের বিয়ের বিনিময়ে অর্থ নিচ্ছেন অভিভাবকেরা। এমনকি আট থেকে দশ বছর বয়সী অনেক শিশুর বিয়ের কথাবার্তাও চূড়ান্ত করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘন ঘন ও তীব্র খরা, জীবিকার সংকট এবং আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।
বাদগিস প্রদেশের রাজধানী কালা-ই-নাওয়ে বসবাসকারী ১১ বছর বয়সী খাতিরার জীবন সেই সংকটের একটি উদাহরণ। পরিবারের ঋণ শোধ করতে তাকে বিয়ের জন্য ঠিক করা হয়েছে ২০ বছর বয়সী এক যুবকের সঙ্গে। বিয়ের কথা চূড়ান্ত হওয়ার পর থেকে খাতিরা আগের মতো বাইরে যায় না। তার মা নূর বিবি জানান, মেয়েটি এখন প্রায়ই দুশ্চিন্তায় থাকে ও কাঁদে। হবু স্বামী বাড়িতে এলে খাতিরা তার সামনে পড়তে চায় না। মায়ের ভাষ্য, আগে মেয়েটি সুস্থ ও স্বাভাবিক ছিল, কিন্তু বিয়ের সিদ্ধান্তের পর তার আচরণে উদ্বেগের ছাপ স্পষ্ট হয়েছে।
বাদগিসের মানুষের জীবিকার প্রধান ভিত্তি কৃষিকাজ ও গবাদিপশু পালন। প্রদেশটির প্রায় ৯৫ শতাংশ মানুষ বৃষ্টির পানির ওপর নির্ভরশীল কৃষি এবং পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। কিন্তু বছরের পর বছর খরায় জমিতে ফসল হচ্ছে না, পশুর জন্য ঘাস ও খাবার মিলছে না। অনেক পরিবার ঋণ করে চাষাবাদ চালানোর পর ফসল না পেয়ে আরও বিপাকে পড়েছে। জীবিকা হারিয়ে হাজারো মানুষ নিজেদের গ্রাম ছেড়ে কালা-ই-নাওয়ের মতো শহরে আশ্রয় নিয়েছেন। সেখানে কাজের আশায় এলেও অনেকে নিয়মিত আয় বা পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করতে পারছেন না।
এমনই এক পরিবারে দুই ও পাঁচ বছর বয়সী দুই মেয়ের বিয়ের কথাও ঠিক করা হয়েছে। তাদের মা গুল বোবো বলেন, মেয়েরা বিয়ের জন্য অনেক ছোট, তা তিনি জানেন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে অপেক্ষা করার সুযোগ নেই। তাঁর স্বামী আগে অন্যের জমিতে চাষ করতেন। বীজ কেনা এবং ট্রাক্টর বা গাধা ভাড়া করে জমি চাষের খরচ জোগাতে তাঁকে ধার করতে হতো। খরায় ফসল নষ্ট হওয়ায় সেই ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়ে। গুল বোবো আশঙ্কা করেন, মেয়েরা বড় হয়ে স্বামীর বাড়িতে গেলে নির্যাতনের শিকার হতে পারে। কিন্তু দরিদ্রতার চাপে তাঁদের কিছু করার নেই বলেও জানান তিনি।
পরিবারের ঋণ পরিশোধে মেয়েদের বিয়ের বিনিময়ে অর্থ নেওয়ার ঘটনা বাদগিসের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। ১১ বছর বয়সী গুলালাইয়ের বাবা-মা এক দোকানির কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। ঋণ শোধ করতে মেয়েটির বিয়ে ঠিক করা হয় চল্লিশের কোঠায় থাকা ওই দোকানির সঙ্গে। গুলালাইয়ের বাবা নিয়াজ মোহাম্মদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে মেয়েদের অন্তত ২০ বছর বয়স হওয়ার আগে বিয়ে দিতেন না। কিন্তু পরিবারের অন্য সদস্যদের বাঁচিয়ে রাখতে তাঁদের একজনকে এভাবে ত্যাগ করতে হচ্ছে বলে মনে করেন তিনি। তাঁদের পরিবার এখন ঘরে তৈরি রুটি, চা এবং মাঠ থেকে সংগ্রহ করা বুনো শাকপাতা খেয়েই দিন কাটায়।
খরার কারণে শুধু ফসল নয়, গবাদিপশুও হারিয়েছেন বহু পরিবার। বাদগিসের পশুর বাজারে এমন অনেক মানুষকে দেখা যায়, যাঁরা পশুখাদ্য কেনার সামর্থ্য না থাকায় নিজেদের মূল্যবান গরু বিক্রি করছেন। কোনো কোনো গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়েছে। ২০১৮ সালে প্রদেশটিতে ভয়াবহ খরা দেখা দিয়েছিল। ২০২১ সাল থেকে আবারও ধারাবাহিক খরায় ফসল নষ্ট ও গবাদিপশুর খাবারের সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে অনেক পরিবার হেরাত শহরের শারাক-ই-সাবজ বাস্তুচ্যুত মানুষের শিবিরে আশ্রয় নিয়েছে। সেখানে কয়েক হাজার পরিবারের বসবাস হলেও মানবিক সহায়তা কমে যাওয়ায় খাদ্য ও চিকিৎসার সংকট কাটছে না।
হেরাতের ওই শিবিরে বসবাসকারী ১৫ বছর বয়সী দারেল্লাহ এখন অন্তঃসত্ত্বা। তাঁর স্বামী মোল্লার বয়স ৩০ বছর। ২০১৮ সালে খরার কারণে তাঁদের পরিবার গ্রাম ছেড়ে চলে আসে। দারেল্লাহ বলেন, এত অল্প বয়সে বিয়ে করা তাঁর জন্য কঠিন ছিল। তিনি নিজেকে এখনো শিশু মনে করেন এবং এই বয়সে বিয়ের সিদ্ধান্তকে ভালো বলে মনে করেন না। তাঁর ১১ ও নয় বছর বয়সী দুই বোনকেও বিয়ের জন্য ঠিক করা হয়েছে। পরিবারগুলোর দুর্দশার মধ্যে আরও ভয়াবহ ঘটনা ঘটেছে। এক প্রতিবেশী বাবা খাবার ও সংসার চালানোর অর্থ জোগাড় করতে না পেরে নিজের ১০ বছর বয়সী ছেলের একটি কিডনি বিক্রি করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শিশুবধূদের জীবনে বিয়ের পরও সংকট শেষ হয় না। অনেককে অল্প বয়সেই স্বামীর বাড়িতে গিয়ে রান্না, ঘরের কাজ এবং পরিবারের অন্য দায়িত্ব সামলাতে হয়। প্রাপ্তবয়স্কদের মতো এসব কাজ করতে না পারলে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কা থাকে। বয়ঃসন্ধির পরপরই সন্তান নেওয়ার চাপও তৈরি হয়, যা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। আফগানিস্তানে মাতৃমৃত্যুর হার বিশ্বের উচ্চতমগুলোর মধ্যে রয়েছে। এর সঙ্গে চিকিৎসাসেবার সীমিত সুযোগ এবং আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় অল্পবয়সী মায়েদের ঝুঁকি আরও বাড়ছে।
বাদগিসের খোশকিয়ানে এক কৃষকের টানা আট বছরের মধ্যে সাতবার গমের ফলন নষ্ট হয়েছে। ঋণ পরিশোধ করতে তিনি পাঁচ মেয়েকে বিয়ে দিয়েছেন। তাঁর মেয়ে মাজরির বিয়ে হয়েছিল প্রায় ১২ বা ১৩ বছর বয়সে। এখন তাঁর বয়স ১৬ বা ১৭ বছর; স্বামীর বয়স চল্লিশের কোঠায়। তাঁর দুই বছরের একটি সন্তান রয়েছে এবং সম্প্রতি আরেকটি সন্তান জন্মেছে। মাজরি বলেন, স্বামীর বাড়িতে যাওয়ার পর প্রথম দিকে রান্নাও করতে পারতেন না। তবে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যেরা তাঁর সঙ্গে ভালো আচরণ করেছেন। তাঁর ছোট বোনেরা এখনো বাড়িতে থাকলেও তাঁদের বিয়ের জন্য অর্থের ব্যবস্থা হওয়ার অপেক্ষা চলছে।
চরম দারিদ্র্যের কারণে অনেক পরিবারের কাছে মেয়ের বিয়ের বিনিময়ে পাওয়া অর্থ সাময়িকভাবে বেঁচে থাকার উপায় হয়ে দাঁড়িয়েছে। কোথাও কোথাও বিয়ের অর্থ কিস্তিতে পরিশোধ করা হয়। পুরো অর্থ দেওয়া হলে মেয়েকে স্বামীর পরিবারের কাছে পাঠানোর দাবি জানানো হয়, অনেক ক্ষেত্রে বয়ঃসন্ধির শুরুতেই। ১৪ বছর বয়সী ববি সামিয়ার বিয়ের দিনও সেই বাস্তবতা দেখা যায়। বাড়ি ছাড়ার আগে তিনি কান্নায় ভেঙে পড়েন। সামিয়া বলেন, তিনি খুশি নন, কারণ তিনি এখনো অনেক ছোট। পরিবারের অসহায়ত্বের কারণে মেয়েটিকে বিয়েতে যেতে হচ্ছে।
এই সংকটের মধ্যে শিশু ও নারীদের সহায়তার জন্য কাজ করা কর্মসূচিগুলোও আন্তর্জাতিক সাহায্য কমে যাওয়ায় দুর্বল হয়ে পড়ছে। আন্তর্জাতিক সহায়তা সংস্থা ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনালের আফগানিস্তানবিষয়ক প্রচার কার্যক্রমের পরিচালক মার্ক ক্যালডার বলেন, অল্প বয়সে বিয়ে মেয়েদের জন্য প্রাণঘাতী স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে, অথচ তাদের চিকিৎসা দেওয়ার ক্লিনিকগুলোও সহায়তা কমে যাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে। ১২ বছর বয়সী আয়েশার মতো কিছু মেয়ে এখনো স্কুলে যাচ্ছে, কিন্তু পরিবারের ঋণ শোধের জন্য ঠিক করা বিয়ের অর্থ পরিশোধ হয়ে গেলে তাদের স্বামীর বাড়িতে চলে যেতে হবে। তার মা চেষ্টা করছেন, যত দিন সম্ভব মেয়েকে স্কুলে রাখতে এবং বিয়ের বাকি অর্থ চেয়ে তাগাদা না দিতে, যাতে মেয়েকে দ্রুত বাড়ি ছাড়তে না হয়।
দীর্ঘ খরা ও ফসলহানির সঙ্গে দারিদ্র্য, বাস্তুচ্যুতি এবং মানবিক সহায়তার ঘাটতি মিলিয়ে আফগানিস্তানের বহু পরিবারকে এমন সিদ্ধান্তের মুখে ঠেলে দিয়েছে, যার সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে শিশুদের। পরিবারের অন্য সদস্যদের বাঁচিয়ে রাখার জন্য মেয়েদের বিয়েতে রাজি হওয়াকে অনেকে বাধ্যতামূলক ত্যাগ হিসেবে দেখছেন। কিন্তু এই সিদ্ধান্ত শিশুদের শিক্ষা, শারীরিক স্বাস্থ্য ও মানসিক সুস্থতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলছে। দারিদ্র্য দূর করা, খাদ্য ও চিকিৎসা সহায়তা বাড়ানো এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি থেকে বেরিয়ে আসা কঠিন হবে বলে প্রতিবেদনে উঠে এসেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিশ্ব
View moreরাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। ‘পার্ম’ নামের ইয়াসেন-এম শ্রেণির এই সাবমেরিনকে রাশিয়ার নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। মস্কোর দাবি, জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনের জন্য এটিই প্রথম সাবমেরিন। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে নৌবাহিনীতে আরও পাঁচটি ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২৭ নভেম্বর) রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ জাহাজ নির্মাণ কারখানায় সাবমেরিনটির পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন পুতিন। ক্রেমলিনের প্রকাশিত ভিডিওতে তাঁকে অনুষ্ঠানে বক্তব্য দিতেও দেখা যায়। রুশ নৌবাহিনীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ‘পার্ম’ আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর বহরে যুক্ত হয়। এ সময় পুতিন বলেন, বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের মধ্যে রাশিয়া অন্যতম, যারা এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন নির্মাণে সক্ষম। তাঁর ভাষায়, এসব অস্ত্রের বৈশ্বিক পরিসর ও গুরুত্ব রয়েছে। ইয়াসেন-এম শ্রেণির ‘পার্ম’ সাবমেরিনের প্রধান বিশেষত্ব হলো এতে রাশিয়ার জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে কয়েক গুণ বেশি গতিতে চলতে পারে। ফলে প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলো শনাক্ত ও প্রতিহত করা কঠিন হতে পারে। তবে ক্ষেপণাস্ত্রটির প্রকৃত সক্ষমতা ও যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা নিয়ে মস্কোর দাবির সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রাশিয়ার সামরিক প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘ সময় পানির নিচে গোপনে অবস্থান ও চলাচলের সক্ষমতার কারণে এগুলো সহজে শনাক্ত করা কঠিন। কোনো দেশ রাশিয়ার ওপর পারমাণবিক হামলা চালালে সমুদ্রের গভীর থেকে পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রাখতেও এ ধরনের সাবমেরিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে নতুন সাবমেরিনটি শুধু রাশিয়ার নৌবাহিনীর আধুনিকায়ন নয়, দেশটির পারমাণবিক প্রতিরোধ সক্ষমতার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনীতে আরও পাঁচটি ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন যুক্ত করা হবে। এর মধ্যে তিনটি হবে ‘পার্ম’-এর মতো ইয়াসেন-এম শ্রেণির। এসব সাবমেরিন বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করে বিশ্বের যেকোনো মহাসাগরে অভিযান চালাতে সক্ষম বলে দাবি করেছেন তিনি। রাশিয়ার নৌবাহিনীকে আধুনিকায়নের পরিকল্পনা অব্যাহত রাখার কথাও জানান পুতিন। নির্ধারিত সময়ের মধ্যে নৌবাহিনীকে আরও শক্তিশালী করার পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর সামরিক উত্তেজনার মধ্যে নতুন সাবমেরিনটি নৌবাহিনীতে যুক্ত হলো। বিশেষ করে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে রাশিয়ার এই উদ্যোগ আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন গুরুত্ব তৈরি করতে পারে। তবে নতুন সাবমেরিন যুক্ত হওয়ার পাশাপাশি আগামী চার বছরে আরও পাঁচটি সাবমেরিন বহরে যুক্ত করার পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়, সেটিই এখন দেখার বিষয়। সূত্র: আল জাজিরা, ক্রেমলিন। 872 আইজেট
মসজিদ ও মুসলিম বাড়িতে দায়িত্ব পালনে ব্রিটিশ পুলিশকে শালীন পোশাক পরিধানের নির্দেশনা
বাবার বাড়ি যেতে চাওয়ায় সন্তান জন্মের দুই সপ্তাহের মধ্যেই স্বামীর হাতে প্রাণ গেল কিশোরী বধূর
চীনের প্রায় ৯০ শতাংশ পরিবারেরই আছে নিজস্ব বাড়ি, যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ
যুক্তরাজ্যে ব্রিটিশ নাগরিকত্ব কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে যাঁদের ‘লাইফ ইন দ্য ইউকে’ পরীক্ষা দিতে হয়, তাঁদের প্রস্তুতির পাঠ্যবইয়ে রয়েছে ইসলাম ধর্মের দুটি প্রধান উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহার পরিচিতি। দেশটির স্বরাষ্ট্র দপ্তরের প্রকাশিত ‘লাইফ ইন দ্য ইউনাইটেড কিংডম: আ গাইড ফর নিউ রেসিডেন্টস’ বইয়ে যুক্তরাজ্যের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি মুসলিমদের এসব উৎসবের তাৎপর্যও তুলে ধরা হয়েছে। বইটির ‘কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশনস’ বা রীতিনীতি ও ঐতিহ্য অধ্যায়ে ঈদুল ফিতরকে পবিত্র রমজান মাসের সমাপ্তির উৎসব হিসেবে বর্ণনা করা হয়েছে। এক মাস রোজা পালনের পর মুসলিমরা এই উৎসব উদ্যাপন করেন। এ সময় বিশেষ জামাতে নামাজ আদায় এবং পারিবারিক ও সামাজিকভাবে খাবারের আয়োজন করা হয়। ইসলামি চান্দ্রবর্ষ অনুসরণ করায় প্রতিবছর ভিন্ন ভিন্ন তারিখে ঈদুল ফিতর পালিত হয়। একই অধ্যায়ে ঈদুল আজহার ধর্মীয় তাৎপর্যও ব্যাখ্যা করা হয়েছে। এই উৎসব হজরত ইব্রাহিম (আ.)-এর আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্য এবং তাঁর ছেলেকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার ঘটনার স্মরণে পালিত হয়। মুসলিমদের কাছে এটি ত্যাগ, বিশ্বাস ও স্রষ্টার প্রতি আনুগত্যের প্রতীক। বইটিতে ঈদুল ফিতর ও ঈদুল আজহার পাশাপাশি অন্যান্য ধর্মীয় উৎসবের পরিচিতিও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাঠ্যবইটিতে খ্রিষ্টানদের বড়দিন ও ইস্টার, হিন্দু ও শিখ সম্প্রদায়ের দীপাবলি, ইহুদিদের হানুক্কাহ এবং শিখদের বৈশাখী উৎসব সম্পর্কেও তথ্য রয়েছে। অর্থাৎ, পরীক্ষার প্রস্তুতিতে শুধু একটি ধর্মের উৎসব নয়, বরং যুক্তরাজ্যের বহুধর্মীয় সমাজ ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে ধারণা রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। যুক্তরাজ্যের সরকারি নির্দেশিকা অনুযায়ী, ‘লাইফ ইন দ্য ইউকে’ পরীক্ষায় ৪৫ মিনিটে ২৪টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হয়। পাস করতে কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর পেতে হয়। অর্থাৎ, ২৪টি প্রশ্নের মধ্যে অন্তত ১৮টির সঠিক উত্তর দিতে হবে। প্রশ্নগুলো পুরো সরকারি নির্দেশিকাভিত্তিক হওয়ায় প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্নপত্র এক রকম হয় না। ফলে কোনো নির্দিষ্ট পরীক্ষায় ঈদ সম্পর্কে প্রশ্ন আসবেই, এমন নিশ্চয়তা নেই। তবে বিষয়টি পরীক্ষার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতিতে বিভিন্ন ধর্মের উৎসব অন্তর্ভুক্ত করার বিষয়টি যুক্তরাজ্যের বহুসাংস্কৃতিক সমাজের পরিচয়ও তুলে ধরে। দেশটির নাগরিক জীবনের মৌলিক মূল্যবোধের মধ্যে ভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষের প্রতি সহনশীলতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাই এসব উৎসব সম্পর্কে জানার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস গ্রহণ করা নয়, বরং দেশটির সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনধারা সম্পর্কে প্রয়োজনীয় ধারণা অর্জন করা। সূত্র: যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট (GOV.UK), হোম অফিসের ‘Life in the United Kingdom: A Guide for New Residents’ হ্যান্ডবুক। 872 আইজেট
মুসলিম বিশ্বের মহাকাশ অভিযাত্রায় নতুন অধ্যায়, মহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলী
তুরস্কে ১২ দিনের ব্যবধানে দ্বিতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের অনুমতি পেল ন্যাটোর যুদ্ধবিমান, স্থায়ী মার্কিন সেনা চায় পোল্যান্ড
আফগানিস্তানের রাস্তায় খেলতে গিয়ে মাত্র চার বছর বয়সে এক অচেনা ব্যক্তির হাতে হেনস্তার শিকার হয়েছিলেন নিলোফার আইয়ুবি। মাথায় ওড়না না থাকায় ওই ব্যক্তি তাকে চড় মারেন এবং ভবিষ্যতে এমন অবস্থায় দেখলে তার বাবাকে আক্রমণ করার হুমকি দেন। মেয়ের সঙ্গে এমন আচরণের পর কঠিন এক সিদ্ধান্ত নেন তার বাবা। তিনি নিলোফারের চুল কেটে ছেলের পোশাক পরিয়ে দেন। উদ্দেশ্য ছিল, মেয়ে যেন ছেলের পরিচয়ে বাইরে বের হতে পারে এবং ভয় ছাড়াই শৈশব কাটানোর সুযোগ পায়। বিবিসি নিউজ মুন্ডোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিলোফার জানান, এরপর প্রায় ১০ বছর তিনি ছেলের বেশে জীবন কাটিয়েছেন। বাবার সঙ্গে বাজারে যেতেন, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেন, সাইকেল চালাতেন এবং জুডো ও কারাতের মতো খেলায় অংশ নিতেন। বাইরে থেকে সবাই তাকে ছেলে হিসেবেই চিনত। অন্যদিকে, তার বোনদের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। সামাজিক বিধিনিষেধের কারণে তাদের বেশির ভাগ সময় ঘরের ভেতরেই থাকতে হতো। একই পরিবারের দুই ধরনের শৈশব তাকে ছোটবেলা থেকেই নারী ও পুরুষের স্বাধীনতার পার্থক্য বুঝতে সাহায্য করে। নিলোফারের বেড়ে ওঠার সময় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ এলাকায় তালেবানের প্রথম শাসন চলছিল। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় থাকা তালেবান সরকারের সময় নারীদের চলাফেরা, পোশাক ও শিক্ষা নিয়ে কঠোর বিধিনিষেধ ছিল। আফগান সমাজে মেয়েদের ছেলের পোশাক পরিয়ে বড় করার একটি প্রচলিত রীতিও রয়েছে, যার নাম ‘বাচা পোশ’। তবে নিলোফারের ক্ষেত্রে পরিবারের পুরুষ সদস্যের অভাব নয়, বরং মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতেই তার বাবা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রায় ১০ বছর ছেলের মতো জীবন কাটানোর পর বয়ঃসন্ধিতে পৌঁছালে নিলোফারকে আবার মেয়ের পরিচয়ে ফিরতে হয়। এতদিন যে স্বাধীনতাকে স্বাভাবিক বলে মনে করেছিলেন, তা হঠাৎ হারিয়ে ফেলা তার জন্য সহজ ছিল না। বিবিসির কাছে তিনি স্মৃতিচারণ করে জানান, ছেলের বেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাকে এমন অনেক সুযোগ দিয়েছিল, যা মেয়ে হিসেবে বড় হলে হয়তো কখনোই পেতেন না। একই সঙ্গে নিজের বোনদের জীবন কাছ থেকে দেখেও নারী হিসেবে সমাজে চলাফেরার সীমাবদ্ধতা উপলব্ধি করেছিলেন। পরবর্তী সময়ে নিলোফার ব্যবসা ও নারী অধিকার নিয়ে কাজের সঙ্গে যুক্ত হন। তবে ২০২১ সালের আগস্টে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করলে নিরাপত্তার কারণে তাকে দেশ ছাড়তে হয়। বিবিসির ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়, সে সময় তিনি পরিবার নিয়ে পোল্যান্ডে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। শৈশবে বাবার নেওয়া সেই সিদ্ধান্তের কথা স্মরণ করে নিলোফার জানান, তার বাবা তাকে ঘরে আটকে রাখার পরিবর্তে ছেলের বেশে হলেও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছিলেন। সংবাদসূত্র: বিবিসি নিউজ মুন্ডো, বিবিসি আউটলুক। 872 আইজেট
তিনবার ‘শয়তান’কে সরাসরি দেখেছিলেন পোপ ফ্রান্সিস! ডায়েরিতে চাঞ্চল্যকর দাবি
ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?

