সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিশ্ব

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ত্রাণ-উদ্ধার তৎপরতায় ৯ শতাধিক মার্কিন সেনা, বদলাচ্ছে ওয়াশিংটন-কারাকাস সম্পর্ক?

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ১, ২০২৬ ৪:২১
ভেনেজুয়েলা উপকূলে উদ্ধরকাজে নিয়োজিত একটি মার্কিন মেরিন হেলিকপ্টার । ছবি: এক্স
ভেনেজুয়েলা উপকূলে উদ্ধরকাজে নিয়োজিত একটি মার্কিন মেরিন হেলিকপ্টার । ছবি: এক্স

ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়ায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা দিতে দেশটির ভেতরে ৯ শতাধিক সেনাসদস্য মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। একই সময়ে পুয়ের্তো রিকো ও কুরাসাওতে আরও প্রায় ৮০০ মার্কিন সামরিক সদস্য প্রস্তুত রয়েছেন। যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ফ্রান্সিস ডোনোভান রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

 

ডোনোভান বলেন, মার্কিন সামরিক বাহিনী অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছে। তারা ক্ষতিগ্রস্ত বিমানবন্দর পুনরায় সচল করতে সহায়তা করছে এবং আকাশ ও নৌপথে আন্তর্জাতিক মানবিক সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।

 

তিনি জানান, ভেনেজুয়েলার পরিস্থিতি পর্যবেক্ষণে চার থেকে পাঁচটি এমকিউ-৯ রিপার ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মায়ামিভিত্তিক একটি সমন্বিত তথ্যকেন্দ্রের মাধ্যমে এসব ড্রোন থেকে পাওয়া তথ্য ব্যবহার করে ক্ষতিগ্রস্ত এলাকা, সড়ক যোগাযোগ এবং ধসে পড়া স্থাপনার অবস্থান শনাক্তে সহায়তা দেওয়া হচ্ছে।

 

ডোনোভানের ভাষায়, সাধারণত আঞ্চলিক নিরাপত্তা হুমকি পর্যবেক্ষণে ব্যবহৃত সামরিক সক্ষমতাগুলো বর্তমানে মানবিক সহায়তা কার্যক্রমে কাজে লাগানো হচ্ছে। তিনি বলেন, কিছু পরিস্থিতিতে আকাশপথ থেকে পর্যবেক্ষণ স্থানীয় কর্তৃপক্ষের জন্য মাটির পর্যায়ের মূল্যায়নের তুলনায় বেশি কার্যকর হতে পারে।

 

সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে এই সহযোগিতাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বাহিনী অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। সেখানে তার বিরুদ্ধে মাদক পাচারসংক্রান্ত অভিযোগে বিচারপ্রক্রিয়া শুরুর পরিকল্পনা ছিল। তবে মাদুরো সব অভিযোগ অস্বীকার করেছেন।

 

এ ছাড়া গত এক মাসে যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার কারাগারভিত্তিক অপরাধী গোষ্ঠী ‘ত্রেন দে আরাগুয়া’র নেতাকে লক্ষ্য করে আরেকটি অভিযান চালায়। ডোনোভান জানান, ওই অভিযান ভেনেজুয়েলার কর্তৃপক্ষের সমন্বয়েই পরিচালিত হয়েছিল। তিনি বলেন, কয়েক মাস আগের উত্তেজনাপূর্ণ সম্পর্ক এখন দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।

 

গত বুধবার এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। এতে বহু ভবন ধসে পড়ে এবং হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। উদ্ধার অভিযানের ষষ্ঠ দিনে ভেনেজুয়েলার আইনসভার প্রধান হোর্হে রদ্রিগেজ জানান, এখন পর্যন্ত মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া শিশুটির বয়স তিন বছর। তবে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

 

ডোনোভান বলেন, মার্কিন মেরিন সদস্যরাই প্রথম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় উদ্ধারকর্মীদের সঙ্গে ধ্বংসস্তূপ সরানোর কাজে অংশ নেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র বেসামরিক উদ্ধারকারী দল পরিবহনেও সহায়তা করেছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স থেকে যাওয়া একটি উদ্ধারকারী দল একজন মা ও তার ৯ মাস বয়সী শিশুকে জীবিত উদ্ধারের ভিডিও প্রকাশ করেছে।

 

ত্রাণ কার্যক্রমে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে লজিস্টিক ব্যবস্থাপনাকে উল্লেখ করেন ডোনোভান। তিনি বলেন, আন্তর্জাতিক সহায়তা যেন প্রবেশপথে আটকে না পড়ে এবং দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটিই এখন প্রধান লক্ষ্য। দুর্যোগের শুরুর দিকে পর্যাপ্ত ভারী যন্ত্রপাতি ও উদ্ধারকারী দল না পাঠানোয় সমালোচনার মুখে পড়ে ভেনেজুয়েলা সরকার। স্থানীয় বাসিন্দাদের অনেকে প্রথম কয়েক দিন হাত, কোদাল ও দড়ি ব্যবহার করে নিজেরাই স্বজনদের উদ্ধারের চেষ্টা করেন।

 

গত শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে কয়েকটি এলাকায় ভারী নির্মাণযন্ত্র দিয়ে ধ্বংসস্তূপ সরানোর দৃশ্য দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বিদেশি উদ্ধারকারী দলগুলো মরদেহ উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকারের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে ডোনোভান বলেন, কয়েক দশকের দুর্বল নেতৃত্বের কারণে ভেনেজুয়েলার অবকাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তিনি সতর্ক করে বলেন, ওষুধ ও হাসপাতালের জনবলসংকট মানুষের অসন্তোষ আরও বাড়াতে পারে।

 

তবে যুক্তরাষ্ট্র কত দিন ভেনেজুয়েলায় সামরিক সহায়তা কার্যক্রম চালাবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানাননি ডোনোভান। তিনি বলেন, বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এবং বর্তমানে দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতির কোনো পরিকল্পনা নেই। ডোনোভানের ভাষায়, "থেকে যাওয়ার কোনো আলোচনা নেই। ত্রাণ কার্যক্রম শেষ হলে আমরা চলে যাব।" তবে তিনি ইঙ্গিত দেন, এই মানবিক সহযোগিতা ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সামরিক সম্পর্কোন্নয়নের নতুন সুযোগ তৈরি করতে পারে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বিশ্ব

View more
জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ইয়াসেন-এম শ্রেণির নতুন পারমাণবিক সাবমেরিন আনুষ্ঠানিকভাবে রুশ নৌবাহিনীতে যুক্ত হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত করল রাশিয়া

রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। ‘পার্ম’ নামের ইয়াসেন-এম শ্রেণির এই সাবমেরিনকে রাশিয়ার নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। মস্কোর দাবি, জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনের জন্য এটিই প্রথম সাবমেরিন। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে নৌবাহিনীতে আরও পাঁচটি ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।   শুক্রবার (২৭ নভেম্বর) রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ জাহাজ নির্মাণ কারখানায় সাবমেরিনটির পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন পুতিন। ক্রেমলিনের প্রকাশিত ভিডিওতে তাঁকে অনুষ্ঠানে বক্তব্য দিতেও দেখা যায়। রুশ নৌবাহিনীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ‘পার্ম’ আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর বহরে যুক্ত হয়। এ সময় পুতিন বলেন, বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের মধ্যে রাশিয়া অন্যতম, যারা এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন নির্মাণে সক্ষম। তাঁর ভাষায়, এসব অস্ত্রের বৈশ্বিক পরিসর ও গুরুত্ব রয়েছে।   ইয়াসেন-এম শ্রেণির ‘পার্ম’ সাবমেরিনের প্রধান বিশেষত্ব হলো এতে রাশিয়ার জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে কয়েক গুণ বেশি গতিতে চলতে পারে। ফলে প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলো শনাক্ত ও প্রতিহত করা কঠিন হতে পারে। তবে ক্ষেপণাস্ত্রটির প্রকৃত সক্ষমতা ও যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা নিয়ে মস্কোর দাবির সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।   পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রাশিয়ার সামরিক প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘ সময় পানির নিচে গোপনে অবস্থান ও চলাচলের সক্ষমতার কারণে এগুলো সহজে শনাক্ত করা কঠিন। কোনো দেশ রাশিয়ার ওপর পারমাণবিক হামলা চালালে সমুদ্রের গভীর থেকে পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রাখতেও এ ধরনের সাবমেরিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে নতুন সাবমেরিনটি শুধু রাশিয়ার নৌবাহিনীর আধুনিকায়ন নয়, দেশটির পারমাণবিক প্রতিরোধ সক্ষমতার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ।   অনুষ্ঠানে পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনীতে আরও পাঁচটি ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন যুক্ত করা হবে। এর মধ্যে তিনটি হবে ‘পার্ম’-এর মতো ইয়াসেন-এম শ্রেণির। এসব সাবমেরিন বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করে বিশ্বের যেকোনো মহাসাগরে অভিযান চালাতে সক্ষম বলে দাবি করেছেন তিনি। রাশিয়ার নৌবাহিনীকে আধুনিকায়নের পরিকল্পনা অব্যাহত রাখার কথাও জানান পুতিন। নির্ধারিত সময়ের মধ্যে নৌবাহিনীকে আরও শক্তিশালী করার পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।   রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর সামরিক উত্তেজনার মধ্যে নতুন সাবমেরিনটি নৌবাহিনীতে যুক্ত হলো। বিশেষ করে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে রাশিয়ার এই উদ্যোগ আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন গুরুত্ব তৈরি করতে পারে। তবে নতুন সাবমেরিন যুক্ত হওয়ার পাশাপাশি আগামী চার বছরে আরও পাঁচটি সাবমেরিন বহরে যুক্ত করার পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়, সেটিই এখন দেখার বিষয়।   সূত্র: আল জাজিরা, ক্রেমলিন।   872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ২২:১৭
মুসলিম সম্প্রদায়ের সঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংস্কৃতিক বিষয় বিবেচনায় নিতে যুক্তরাজ্যের পুলিশ সদস্যদের নির্দেশনা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মসজিদ ও মুসলিম বাড়িতে দায়িত্ব পালনে ব্রিটিশ পুলিশকে শালীন পোশাক পরিধানের নির্দেশনা

১৩ বছর বয়সে বিয়ের পর ১৪ বছরেই মা হয়েছিলেন ইরানের কিশোরী সোগান্দ মোশতারেকি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বাবার বাড়ি যেতে চাওয়ায় সন্তান জন্মের দুই সপ্তাহের মধ্যেই স্বামীর হাতে প্রাণ গেল কিশোরী বধূর

চীনের ৯০ শতাংশের বেশি পরিবারের আবাসিক সম্পত্তির মালিকানা রয়েছে বলে জানিয়েছে আইএমএফের একটি প্রকাশনা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

চীনের প্রায় ৯০ শতাংশ পরিবারেরই আছে নিজস্ব বাড়ি, যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ

যুক্তরাজ্যের নাগরিকত্ব পরীক্ষায় দেশটির বিভিন্ন ধর্মীয় উৎসব ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জ্ঞানের বিষয়টি অন্তর্ভুক্ত। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ব্রিটিশ নাগরিকত্ব পেতে জানতে হবে ঈদ ও ইসলামিক ঐতিহ্যের কথা

যুক্তরাজ্যে ব্রিটিশ নাগরিকত্ব কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে যাঁদের ‘লাইফ ইন দ্য ইউকে’ পরীক্ষা দিতে হয়, তাঁদের প্রস্তুতির পাঠ্যবইয়ে রয়েছে ইসলাম ধর্মের দুটি প্রধান উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহার পরিচিতি। দেশটির স্বরাষ্ট্র দপ্তরের প্রকাশিত ‘লাইফ ইন দ্য ইউনাইটেড কিংডম: আ গাইড ফর নিউ রেসিডেন্টস’ বইয়ে যুক্তরাজ্যের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি মুসলিমদের এসব উৎসবের তাৎপর্যও তুলে ধরা হয়েছে।   বইটির ‘কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশনস’ বা রীতিনীতি ও ঐতিহ্য অধ্যায়ে ঈদুল ফিতরকে পবিত্র রমজান মাসের সমাপ্তির উৎসব হিসেবে বর্ণনা করা হয়েছে। এক মাস রোজা পালনের পর মুসলিমরা এই উৎসব উদ্‌যাপন করেন। এ সময় বিশেষ জামাতে নামাজ আদায় এবং পারিবারিক ও সামাজিকভাবে খাবারের আয়োজন করা হয়। ইসলামি চান্দ্রবর্ষ অনুসরণ করায় প্রতিবছর ভিন্ন ভিন্ন তারিখে ঈদুল ফিতর পালিত হয়।   একই অধ্যায়ে ঈদুল আজহার ধর্মীয় তাৎপর্যও ব্যাখ্যা করা হয়েছে। এই উৎসব হজরত ইব্রাহিম (আ.)-এর আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্য এবং তাঁর ছেলেকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার ঘটনার স্মরণে পালিত হয়। মুসলিমদের কাছে এটি ত্যাগ, বিশ্বাস ও স্রষ্টার প্রতি আনুগত্যের প্রতীক। বইটিতে ঈদুল ফিতর ও ঈদুল আজহার পাশাপাশি অন্যান্য ধর্মীয় উৎসবের পরিচিতিও অন্তর্ভুক্ত করা হয়েছে।   পাঠ্যবইটিতে খ্রিষ্টানদের বড়দিন ও ইস্টার, হিন্দু ও শিখ সম্প্রদায়ের দীপাবলি, ইহুদিদের হানুক্কাহ এবং শিখদের বৈশাখী উৎসব সম্পর্কেও তথ্য রয়েছে। অর্থাৎ, পরীক্ষার প্রস্তুতিতে শুধু একটি ধর্মের উৎসব নয়, বরং যুক্তরাজ্যের বহুধর্মীয় সমাজ ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে ধারণা রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে।   যুক্তরাজ্যের সরকারি নির্দেশিকা অনুযায়ী, ‘লাইফ ইন দ্য ইউকে’ পরীক্ষায় ৪৫ মিনিটে ২৪টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হয়। পাস করতে কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর পেতে হয়। অর্থাৎ, ২৪টি প্রশ্নের মধ্যে অন্তত ১৮টির সঠিক উত্তর দিতে হবে। প্রশ্নগুলো পুরো সরকারি নির্দেশিকাভিত্তিক হওয়ায় প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্নপত্র এক রকম হয় না। ফলে কোনো নির্দিষ্ট পরীক্ষায় ঈদ সম্পর্কে প্রশ্ন আসবেই, এমন নিশ্চয়তা নেই। তবে বিষয়টি পরীক্ষার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত।   নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতিতে বিভিন্ন ধর্মের উৎসব অন্তর্ভুক্ত করার বিষয়টি যুক্তরাজ্যের বহুসাংস্কৃতিক সমাজের পরিচয়ও তুলে ধরে। দেশটির নাগরিক জীবনের মৌলিক মূল্যবোধের মধ্যে ভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষের প্রতি সহনশীলতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাই এসব উৎসব সম্পর্কে জানার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস গ্রহণ করা নয়, বরং দেশটির সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনধারা সম্পর্কে প্রয়োজনীয় ধারণা অর্জন করা।   সূত্র: যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট (GOV.UK), হোম অফিসের ‘Life in the United Kingdom: A Guide for New Residents’ হ্যান্ডবুক। 872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ২০:২৪
তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যুক্ত হয়ে নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মুসলিম বিশ্বের মহাকাশ অভিযাত্রায় নতুন অধ্যায়, মহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলী

প্রশিক্ষণ ফ্লাইটের সময় ফ্রান্সে তৈরি কুগার সিরিজের হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হন পাঁচজন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

তুরস্কে ১২ দিনের ব্যবধানে দ্বিতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে ন্যাটো বাহিনী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের অনুমতি পেল ন্যাটোর যুদ্ধবিমান, স্থায়ী মার্কিন সেনা চায় পোল্যান্ড

শৈশবে বাবার সিদ্ধান্তে প্রায় দশ বছর ছেলের বেশে বেড়ে উঠেছিলেন আফগান নারী নিলোফার আয়ুবি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
আফগানিস্তানে মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য ১০ বছর ছেলের বেশে বড় করেন বাবা

আফগানিস্তানের রাস্তায় খেলতে গিয়ে মাত্র চার বছর বয়সে এক অচেনা ব্যক্তির হাতে হেনস্তার শিকার হয়েছিলেন নিলোফার আইয়ুবি। মাথায় ওড়না না থাকায় ওই ব্যক্তি তাকে চড় মারেন এবং ভবিষ্যতে এমন অবস্থায় দেখলে তার বাবাকে আক্রমণ করার হুমকি দেন। মেয়ের সঙ্গে এমন আচরণের পর কঠিন এক সিদ্ধান্ত নেন তার বাবা। তিনি নিলোফারের চুল কেটে ছেলের পোশাক পরিয়ে দেন। উদ্দেশ্য ছিল, মেয়ে যেন ছেলের পরিচয়ে বাইরে বের হতে পারে এবং ভয় ছাড়াই শৈশব কাটানোর সুযোগ পায়।   বিবিসি নিউজ মুন্ডোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিলোফার জানান, এরপর প্রায় ১০ বছর তিনি ছেলের বেশে জীবন কাটিয়েছেন। বাবার সঙ্গে বাজারে যেতেন, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেন, সাইকেল চালাতেন এবং জুডো ও কারাতের মতো খেলায় অংশ নিতেন। বাইরে থেকে সবাই তাকে ছেলে হিসেবেই চিনত। অন্যদিকে, তার বোনদের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। সামাজিক বিধিনিষেধের কারণে তাদের বেশির ভাগ সময় ঘরের ভেতরেই থাকতে হতো। একই পরিবারের দুই ধরনের শৈশব তাকে ছোটবেলা থেকেই নারী ও পুরুষের স্বাধীনতার পার্থক্য বুঝতে সাহায্য করে।   নিলোফারের বেড়ে ওঠার সময় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ এলাকায় তালেবানের প্রথম শাসন চলছিল। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় থাকা তালেবান সরকারের সময় নারীদের চলাফেরা, পোশাক ও শিক্ষা নিয়ে কঠোর বিধিনিষেধ ছিল। আফগান সমাজে মেয়েদের ছেলের পোশাক পরিয়ে বড় করার একটি প্রচলিত রীতিও রয়েছে, যার নাম ‘বাচা পোশ’। তবে নিলোফারের ক্ষেত্রে পরিবারের পুরুষ সদস্যের অভাব নয়, বরং মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতেই তার বাবা এই সিদ্ধান্ত নিয়েছিলেন।   প্রায় ১০ বছর ছেলের মতো জীবন কাটানোর পর বয়ঃসন্ধিতে পৌঁছালে নিলোফারকে আবার মেয়ের পরিচয়ে ফিরতে হয়। এতদিন যে স্বাধীনতাকে স্বাভাবিক বলে মনে করেছিলেন, তা হঠাৎ হারিয়ে ফেলা তার জন্য সহজ ছিল না। বিবিসির কাছে তিনি স্মৃতিচারণ করে জানান, ছেলের বেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাকে এমন অনেক সুযোগ দিয়েছিল, যা মেয়ে হিসেবে বড় হলে হয়তো কখনোই পেতেন না। একই সঙ্গে নিজের বোনদের জীবন কাছ থেকে দেখেও নারী হিসেবে সমাজে চলাফেরার সীমাবদ্ধতা উপলব্ধি করেছিলেন।   পরবর্তী সময়ে নিলোফার ব্যবসা ও নারী অধিকার নিয়ে কাজের সঙ্গে যুক্ত হন। তবে ২০২১ সালের আগস্টে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করলে নিরাপত্তার কারণে তাকে দেশ ছাড়তে হয়। বিবিসির ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়, সে সময় তিনি পরিবার নিয়ে পোল্যান্ডে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। শৈশবে বাবার নেওয়া সেই সিদ্ধান্তের কথা স্মরণ করে নিলোফার জানান, তার বাবা তাকে ঘরে আটকে রাখার পরিবর্তে ছেলের বেশে হলেও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছিলেন।   সংবাদসূত্র: বিবিসি নিউজ মুন্ডো, বিবিসি আউটলুক। 872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ২১:৫৮
জীবদ্দশায় তিনবার শয়তান ও একবার ‘নরকের দরজা’ দেখেছিলেন পোপ ফ্রান্সিস, ডায়েরিতে দাবি। ছবি: সংগৃহীত

তিনবার ‘শয়তান’কে সরাসরি দেখেছিলেন পোপ ফ্রান্সিস! ডায়েরিতে চাঞ্চল্যকর দাবি

ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?

ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?

মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা

মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...