ইরান-মার্কিন চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল গঠনের পরিকল্পনা
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত নতুন চুক্তির আওতায় ইরানে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ৩০০ বিলিয়ন ডলারের একটি বিশাল বেসরকারি তহবিল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। চুক্তি সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, তহবিলটির অর্ধেকেরও বেশি অর্থায়নের প্রতিশ্রুতি ইতোমধ্যে নিশ্চিত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, চলমান সংঘাতের স্থায়ী অবসান এবং একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছাতে উভয় পক্ষকে অর্থনৈতিকভাবে উৎসাহিত করতেই এই তহবিলের ধারণা তৈরি করা হয়েছে। আগামী শুক্রবার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তহবিলটির পুরো অর্থই আসবে বেসরকারি খাত থেকে। এতে কোনো সরকারি অর্থ বা অনুদান থাকবে না। যুক্তরাষ্ট্র, উপসাগরীয় আরব দেশগুলো, এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার বিভিন্ন কোম্পানি এতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।
গত রোববার মার্কিন ও ইরানি কর্মকর্তারা যুদ্ধবিরতির বিষয়ে একটি প্রাথমিক সমঝোতার কথা জানান। চুক্তি কার্যকর হলে ইরানের ওপর আরোপিত মার্কিন অবরোধ প্রত্যাহার এবং বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, এটি কোনো যুদ্ধ-পরবর্তী ক্ষতিপূরণ বা পুনর্গঠন তহবিল নয়; বরং একটি বেসরকারি বিনিয়োগ প্ল্যাটফর্ম। তহবিলের অর্থ মূলত জ্বালানি, পরিবহন, উৎপাদন ও লজিস্টিকস খাতে বিনিয়োগ করা হবে।
রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, ইরান প্রথমে যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ৪০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছিল। তবে যুক্তরাষ্ট্র সেই দাবি প্রত্যাখ্যান করলে বিকল্প হিসেবে ‘পুনর্গঠন ও উন্নয়ন তহবিল’ গঠনের ধারণা সামনে আসে।
এই তহবিলের আওতায় যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত শিল্প ও অবকাঠামো পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মোবারকেহ স্টিল কমপ্লেক্স, বিভিন্ন তেল শোধনাগার, বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা অন্তর্ভুক্ত থাকতে পারে।
দীর্ঘ কয়েক দশকের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক পুঁজিবাজার থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল ইরানের অর্থনীতি। অথচ দেশটির রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ এবং চতুর্থ বৃহত্তম তেলের মজুদ। পাশাপাশি ৯ কোটির বেশি জনসংখ্যা এবং পেট্রোকেমিক্যাল, খনি, কৃষি ও পর্যটনের মতো সম্ভাবনাময় খাত রয়েছে।
সূত্রটি জানিয়েছে, ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করা বা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনার সঙ্গে এই তহবিলের কোনো সরাসরি সম্পর্ক নেই। চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত এটি কার্যকর হবে না। পরিকল্পনা অনুযায়ী, সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তী ৬০ দিন প্রকল্পের কাঠামো, বিনিয়োগ পরিকল্পনা এবং বাস্তবায়ন রূপরেখা চূড়ান্ত করার কাজ চলবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই উদ্যোগে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে পাকিস্তান। তবে এ বিষয়ে পাকিস্তান বা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানকে এই তহবিলের সুবিধা পেতে হলে পারমাণবিক কর্মসূচি বন্ধ, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস এবং আন্তর্জাতিক পরিদর্শন ব্যবস্থার মতো কয়েকটি শর্ত পূরণ করতে হবে।
দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং যুক্তরাষ্ট্রের একাধিক কোম্পানি তহবিলে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করলেও কৌশলগত কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি। আগামী দুই মাসে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে একাধিক আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তির দিকে এগিয়ে যাবে দুই দেশ।
সূত্র: রয়টার্স
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিশ্ব
View moreমানসিক সংকটের কঠিন সময়ে এক অচেনা ট্রেনচালকের হস্তক্ষেপে বেঁচে গিয়েছিলেন যুক্তরাজ্যের লিভ পন্টিন। ২০১৭ সালের মার্চে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। একপর্যায়ে নিজের জীবন শেষ করার সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছে যান। ঠিক সেই সময়ে অ্যাশলে জন নামের এক ট্রেনচালক তাঁকে থামিয়ে দেন এবং জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর আর কখনো ওই ট্রেনচালকের সঙ্গে দেখা হয়নি লিভের। প্রায় দুই বছর পর অবশেষে সেই মানুষটির সঙ্গে আবার দেখা করার সুযোগ পান তিনি। বিবিসির প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে উঠে এসেছে লিভ ও অ্যাশলের এই গল্প। প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর অ্যাশলে নিজের দায়িত্ব পালন করে চলে যান। কিন্তু তাঁর সেই তাৎক্ষণিক উদ্যোগ লিভের জীবনে বড় পরিবর্তন এনে দেয়। অন্যদিকে, লিভও দীর্ঘদিন ধরে মনে রেখেছিলেন সেই মানুষটিকে, যিনি কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। তবে যোগাযোগের কোনো সুযোগ না থাকায় এতদিন তাঁদের আর দেখা হয়নি। দীর্ঘ বিরতির পর দুজনের এই পুনর্মিলনের ব্যবস্থা করে বিবিসির ভিক্টোরিয়া ডার্বিশায়ার অনুষ্ঠান। অনুষ্ঠানটির প্রতিবেদক অ্যান্ডি স্মাইথ তাঁদের আবার মুখোমুখি করেন। দীর্ঘদিন পর দেখা হওয়ায় দুজনের মধ্যে আবেগঘন মুহূর্ত তৈরি হয়। লিভের কাছে এটি শুধু পুরোনো একজন মানুষের সঙ্গে দেখা নয়, বরং জীবনের সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ানো ব্যক্তিকে সরাসরি ধন্যবাদ জানানোর সুযোগ। বিবিসির প্রতিবেদনে লিভের অভিজ্ঞতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসংকটের সময় অন্য মানুষের সহায়তা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, সেই বিষয়টিও উঠে এসেছে। অনেক সময় পরিচিতজনের পাশাপাশি অপরিচিত কারও সময়মতো এগিয়ে আসা একজন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। অ্যাশলের ঘটনাটি তারই একটি উদাহরণ। ২০১৯ সালের ৩১ জানুয়ারি বিবিসি নিউজের প্রকাশিত ভিডিওটির শিরোনাম ছিল ‘Meeting the stranger who saved my life’। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরির পাশাপাশি আত্মক্ষতি, খাদ্যাভ্যাসজনিত মানসিক সমস্যা ও মানসিক বিপর্যয়ের মধ্যে থাকা ব্যক্তিদের সহায়তা পাওয়ার বিষয়েও প্রতিবেদনে গুরুত্ব দেওয়া হয়েছে। তথ্যসূত্র: বিবিসি নিউজ, ৩১ জানুয়ারি ২০১৯। 872 আইজেট
জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত করল রাশিয়া
মসজিদ ও মুসলিম বাড়িতে দায়িত্ব পালনে ব্রিটিশ পুলিশকে শালীন পোশাক পরিধানের নির্দেশনা
বাবার বাড়ি যেতে চাওয়ায় সন্তান জন্মের দুই সপ্তাহের মধ্যেই স্বামীর হাতে প্রাণ গেল কিশোরী বধূর
চীনের ৯০ শতাংশের বেশি পরিবারের আবাসিক সম্পত্তির মালিকানা রয়েছে। বাড়ির মালিকানার এই হার দেশটিকে বিশ্বের সর্বোচ্চ অবস্থানে থাকা দেশগুলোর একটি করে তুলেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৬ সালের একটি প্রকাশনায় উঠে এসেছে এ তথ্য। সেখানে উল্লেখ করা হয়েছে, চীনের বিপুলসংখ্যক পরিবারের সম্পদের বড় অংশ আবাসিক সম্পত্তির সঙ্গে সম্পর্কিত। তবে এই পরিসংখ্যান ব্যক্তি নয়, পরিবারভিত্তিক। অর্থাৎ একটি বাড়ির মালিকানায় পরিবারের একাধিক সদস্য থাকতে পারেন। আইএমএফের ‘টোয়ার্ড আ নিউ ইকোনমিক গ্রোথ মডেল ফর চায়না’ শীর্ষক প্রকাশনাটি ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হয়। এতে ৯০ শতাংশের বেশি বাড়ির মালিকানার তথ্যের ভিত্তি হিসেবে ২০২০ সালের গবেষক হুয়াং, ই ও ক্লার্কের গবেষণার উল্লেখ রয়েছে। অর্থাৎ এটি আইএমএফের নতুন কোনো জাতীয় জরিপের ফল নয়, বরং আগের গবেষণার তথ্য নতুন প্রকাশনায় তুলে ধরা হয়েছে। গবেষণায় চীনের আবাসন খাতে কয়েক দশকের পরিবর্তন এবং পরিবারের সম্পদের ওপর বাড়ির মালিকানার প্রভাবও আলোচিত হয়েছে। চীনে বাড়ির মালিকানার এই বিস্তারের পেছনে রয়েছে কয়েক দশকের আবাসন সংস্কার। ১৯৮০-এর দশকের শেষ দিকে সরকার আবাসন খাতে ব্যক্তিমালিকানা বাড়ানোর উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় ১৯৯৮ সালের সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মীদের আবাসন সরবরাহের পুরোনো ব্যবস্থা থেকে সরে এসে বাজারভিত্তিক আবাসন ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়। সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অনেক কর্মী তুলনামূলক কম দামে তাঁদের বসবাসের বাড়ি কেনার সুযোগ পান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আগের এক প্রতিবেদনে দেখা যায়, ১৯৮৮ সালে চীনে বাড়ির মালিকানার হার ছিল প্রায় ২০ শতাংশ, যা ২০০৭ সালে বেড়ে ৯০ শতাংশে পৌঁছায়। দ্রুত নগরায়ণ, নতুন আবাসিক ভবন নির্মাণ এবং বাড়ি কেনার সুযোগ সম্প্রসারণ এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করে। শহরগুলোতে কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ বাড়ার সঙ্গে সঙ্গে আবাসনের চাহিদাও বৃদ্ধি পায়। পাশাপাশি অনেক চীনা পরিবারের কাছে বাড়ি শুধু বসবাসের জায়গা নয়, বরং সঞ্চয় ও সম্পদ গড়ে তোলার অন্যতম মাধ্যম হয়ে ওঠে। আইএমএফের বিশ্লেষণেও বলা হয়েছে, দেশটির পরিবারের মোট সম্পদের বড় অংশ আবাসিক সম্পত্তির সঙ্গে যুক্ত। তবে উচ্চ বাড়ির মালিকানার হার মানেই সব চীনা পরিবারের জন্য বাড়ি কেনা সহজ, এমন নয়। বিশেষ করে বেইজিং, সাংহাই ও শেনজেনের মতো বড় শহরে আবাসিক সম্পত্তির দাম অনেক বেশি। নতুন বাড়ি কিনতে বড় অঙ্কের অগ্রিম অর্থ বা ডাউন পেমেন্টের প্রয়োজন হওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের অনেক পরিবারের জন্য তা কঠিন হয়ে পড়ে। ফলে এখনো বহু মানুষ ভাড়া বাসায় থাকেন। আবার কিছু শহুরে পরিবারের একাধিক বাড়ি থাকায় জাতীয় মালিকানার হার বেশি হলেও আবাসনের সুযোগ সবার মধ্যে সমানভাবে বণ্টিত হয়নি। এদিকে বাড়ির মালিকানার হার বেশি থাকলেও চীনের আবাসন বাজার বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে। আইএমএফের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ দেশটির আবাসিক সম্পত্তি বিক্রি ২০২১ সালের সর্বোচ্চ অবস্থানের তুলনায় ৫০ শতাংশের বেশি কমে যায়। একই সময়ে নতুন বাড়ি নির্মাণ শুরুর পরিমাণ কমে যায় প্রায় ৮০ শতাংশ। সম্পত্তির দাম কমা এবং বাজারে দীর্ঘস্থায়ী মন্দার প্রভাবও পরিবারের সম্পদ ও ভোগব্যয়ের ওপর পড়ছে। ফলে বাড়ির মালিকানায় বিশ্বের অন্যতম শীর্ষে থাকলেও আবাসন খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা এখন চীনের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সূত্র: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া। 872 আইজেট
ব্রিটিশ নাগরিকত্ব পেতে জানতে হবে ঈদ ও ইসলামিক ঐতিহ্যের কথা
মুসলিম বিশ্বের মহাকাশ অভিযাত্রায় নতুন অধ্যায়, মহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলী
তুরস্কে ১২ দিনের ব্যবধানে দ্বিতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অনুপ্রবেশের ঘটনায় দেশটির নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। সর্বশেষ পরিস্থিতিতে রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার শর্তসাপেক্ষ অনুমতি পেয়েও গুলি চালায়নি ন্যাটোর অধীনে দায়িত্ব পালন করা সুইডিশ যুদ্ধবিমানের পাইলট। খারাপ আবহাওয়ার কারণে লক্ষ্যবস্তুটি নিশ্চিতভাবে শনাক্ত করতে না পারায় অস্ত্র ব্যবহার করা সম্ভব হয়নি। এর মধ্যে নতুন করে রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করায় যুক্তরাষ্ট্রের কাছে স্থায়ীভাবে মার্কিন সেনা মোতায়েনের দাবি আবারও জোরালো করেছে ওয়ারশ। ফক্স নিউজের ২৪ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, গত চার দিনের মধ্যে দুই দফায় রাশিয়ার সামরিক উড়োজাহাজ ও ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে। এর প্রথম ঘটনা ঘটে ২০ নভেম্বর রাতে। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলার সময় তিনটি রুশ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে প্রবেশ করে। প্রথম দিকে এগুলোর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন থাকার ধারণা করা হলেও পরে পোলিশ প্রসিকিউটররা তিনটি স্থান থেকেই রুশ খ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শনাক্ত করেন। দেশটির লুবলিন অঞ্চলের নোভি লিপোভিয়েচ এবং পডকারপাস্কি অঞ্চলের রুদনিক নাদ সানেম ও মোলোদিচ এলাকায় এসব ধ্বংসাবশেষ পাওয়া যায়। ওই ঘটনার সময় ন্যাটোর অধীনে দায়িত্ব পালন করছিল সুইডিশ বিমানবাহিনীর জেএএস-৩৯ গ্রিপেন যুদ্ধবিমান। পোল্যান্ডের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইরেনিউশ নোভাকের বরাত দিয়ে কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানায়, একটি সন্দেহভাজন রুশ খ-১০১ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য সুইডিশ পাইলটকে শর্তসাপেক্ষ অনুমতি দেওয়া হয়েছিল। জার্মানির উডেমে অবস্থিত ন্যাটোর সম্মিলিত আকাশ অভিযান কেন্দ্র থেকে এই অনুমতি আসে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে পাইলটটি লক্ষ্যবস্তুটি চোখে কিংবা বিমানের বিশেষ শনাক্তকরণ যন্ত্রের সাহায্যে নিশ্চিত করতে পারেননি। ফলে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি। এরপর ২৩ নভেম্বর গভীর রাতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার নতুন হামলার সময় আরেকটি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে। পোলিশ সামরিক বাহিনী জানায়, ড্রোনটি কিছু সময় দেশটির আকাশসীমায় অবস্থান করে। সেটিকে ভূপাতিত করার অনুমতি থাকলেও ড্রোনটি পূর্বদিকে গতিপথ পরিবর্তন করায় গুলি চালানো হয়নি। জনবহুল এলাকায় ড্রোনটি ভূপাতিত করলে ধ্বংসাবশেষ পড়ে বেসামরিক মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষতি হতে পারে, এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পোল্যান্ডের উপপ্রতিরক্ষামন্ত্রী পাওয়েল জালেভস্কি বলেছেন, ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তাদের ধারণা, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। পরপর এসব ঘটনার পর ন্যাটোও পোল্যান্ডের প্রতিরক্ষা জোরদারে উদ্যোগ নিয়েছে। ২৩ নভেম্বর পোল্যান্ডের অনুরোধে ব্রাসেলসে ন্যাটোর উত্তর আটলান্টিক কাউন্সিলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রুশ ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশ এবং পূর্বাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর ন্যাটোর ইউরোপীয় মিত্রবাহিনীর সর্বোচ্চ কমান্ডার পোল্যান্ডে একটি আকাশপথে আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণব্যবস্থার উড়োজাহাজ বা এওয়াকস মোতায়েনের অনুমোদন দেন। এই উড়োজাহাজের বিশেষ রাডারের মাধ্যমে অনেক দূর থেকে আকাশপথের সম্ভাব্য হুমকি শনাক্ত ও পর্যবেক্ষণ করা যায়। এদিকে পোল্যান্ডের ওয়াশিংটনস্থ ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বগদান ক্লিচ জানিয়েছেন, তিনি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদকে সাম্প্রতিক আকাশসীমা লঙ্ঘনের ঘটনা সম্পর্কে অবহিত করেছেন। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুশ ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশ নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কথা জানান। একই সঙ্গে পোল্যান্ডে স্থায়ীভাবে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টিও আবার তুলে ধরেন। তার মতে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতি গুরুত্বপূর্ণ। পোল্যান্ডে মার্কিন সেনাদের স্থায়ী উপস্থিতির বিষয়টি অবশ্য নতুন নয়। সেপ্টেম্বরে দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী স্তানিস্লাভ ভজিয়ন্তেক জানিয়েছিলেন, দীর্ঘমেয়াদে পোল্যান্ডে প্রায় ১৫ হাজার মার্কিন সেনা রাখার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চার থেকে পাঁচ হাজার সেনা স্থায়ী ঘাঁটিতে এবং বাকিরা পালাক্রমে দায়িত্ব পালন করতে পারেন। বর্তমানে দুই দেশের মধ্যে সামরিক উপস্থিতি বাড়ানো এবং নতুন অবকাঠামো নির্মাণ নিয়ে আলোচনা চলছে। তবে স্থায়ী মার্কিন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ওয়াশিংটনের হাতে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় পোল্যান্ড এখন নিজেদের আকাশসীমা ও পূর্ব সীমান্তের নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে চাইছে। সংবাদসূত্র: রয়টার্স, ফক্স নিউজ ও পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 872 আইজেট
আফগানিস্তানে মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য ১০ বছর ছেলের বেশে বড় করেন বাবা
তিনবার ‘শয়তান’কে সরাসরি দেখেছিলেন পোপ ফ্রান্সিস! ডায়েরিতে চাঞ্চল্যকর দাবি

