সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

২০২৮ সালের রিপাবলিকান মনোনয়ন দৌড়ে পিছিয়ে পড়ছেন জেডি ভ্যান্স ও মার্কো রুবিও, বাড়ছে অনিশ্চয়তা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ২১, ২০২৬ ৬:৪০
২০২৮ সালের মনোনয়ন দৌড়ে পিছিয়ে ভ্যান্স ও রুবিও
২০২৮ সালের মনোনয়ন দৌড়ে পিছিয়ে ভ্যান্স ও রুবিও

যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে পিছিয়ে পড়ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অনলাইন প্রেডিকশন মার্কেটের সাম্প্রতিক হিসাব বলছে, দলটির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দুজনেরই সম্ভাবনা কমেছে। তবে এই পরিবর্তনকে এখনই রিপাবলিকান ভোটারদের মতামতের বড় পরিবর্তন হিসেবে দেখার সুযোগ নেই বলে সতর্ক করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
 

প্রেডিকশন মার্কেট পলিমার্কেটের তথ্য অনুযায়ী, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নসংক্রান্ত বাজারে মোট লেনদেনের পরিমাণ প্রায় ৭১ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে। সেখানে ৩ সেপ্টেম্বর ভ্যান্সের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা দেখানো হয়েছিল প্রায় ৫৩ শতাংশ। মঙ্গলবার সেই হার নেমে এসেছে ৪৩ দশমিক ৮ শতাংশে। অন্যদিকে, ৩ আগস্ট রুবিওর সম্ভাবনা ছিল ২৭ দশমিক ৮ শতাংশ, যা কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ১ শতাংশে।


যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রিত আরেকটি প্রেডিকশন মার্কেট কালশির হিসাবেও একই প্রবণতা দেখা যাচ্ছে, যদিও সেখানে পরিবর্তনের মাত্রা তুলনামূলক কম। ৩ সেপ্টেম্বর ভ্যান্সের সম্ভাবনা ছিল ৪৫ দশমিক ৮ শতাংশ, মঙ্গলবার তা কমে হয়েছে ৪৩ শতাংশ। রুবিওর ক্ষেত্রে ৩ আগস্টের ২৯ দশমিক ৫ শতাংশ থেকে সম্ভাবনা নেমে এসেছে ১৮ শতাংশে। এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭০ হাজার ডলার।


ভ্যান্সের সম্ভাবনা কমার পেছনে তাঁর সাম্প্রতিক বক্তব্যও আলোচনায় এসেছে। সপ্তাহান্তে এক বক্তব্যে তিনি স্বীকার করেন, ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সম্ভাবনাও রয়েছে। নিজের চারটি ছোট সন্তান এবং তাঁর স্ত্রীর রাজনীতির প্রতি অনাগ্রহের বিষয়টি এর কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।


তবে অর্থনীতির অধ্যাপক ও প্রেডিকশন মার্কেট গবেষক কোলম্যান স্ট্রাম্পফ মনে করেন, ভ্যান্সের বক্তব্যকে বাজারের পরিবর্তনের একমাত্র কারণ হিসেবে দেখা ঠিক হবে না। তাঁর মতে, গত এক সপ্তাহে ভ্যান্সের সম্ভাবনা প্রায় চার শতাংশ পয়েন্ট কমেছে। এর কেবল একটি অংশ তাঁর বক্তব্যের পর ঘটেছে। বাজারের এই পরিবর্তনকে বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখার ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন।


সাধারণত ভ্যান্সের সম্ভাবনা কমলে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী রুবিওর অবস্থান শক্তিশালী হওয়ার কথা। কিন্তু এবার দুজনের সম্ভাবনাই কমছে। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এবং রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসনের মতো সম্ভাব্য বিকল্পদের সম্ভাবনাও এখনো এক অঙ্কের নিম্ন পর্যায়ে রয়েছে। ফলে বাজারে ভ্যান্স বা রুবিওর পরিবর্তে কোনো একজন নতুন প্রার্থী স্পষ্টভাবে এগিয়ে আসছেন—এমন চিত্র দেখা যাচ্ছে না।


স্ট্রাম্পফের মতে, দুই শীর্ষ প্রার্থীর সম্ভাবনা কমলেও অন্য কোনো প্রার্থী উল্লেখযোগ্যভাবে এগিয়ে না আসার অর্থ হতে পারে, বাজারের অংশগ্রহণকারীরা এখনো ভ্যান্সের বক্তব্যকে বড় ঘটনা হিসেবে দেখছেন না। বরং একাধিক অপেক্ষাকৃত কম সম্ভাবনাময় প্রার্থীর দিকে বাজারের হিসাব কিছুটা ছড়িয়ে পড়তে পারে।


নর্থইস্টার্ন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কস্টাস প্যানাগোপোলস মনে করেন, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ২০২৮ সালের মনোনয়ন দৌড়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাঁর মতে, রিপাবলিকানরা যদি মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে, তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত নেতাদের জন্য সেই সম্পর্ক রাজনৈতিক বোঝা হয়ে উঠতে পারে। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী রুবিও—দুজনই ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় এর প্রভাব তাঁদের ওপরও পড়তে
পারে।


প্যানাগোপোলসের মতে, কংগ্রেসের এক বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেলে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক অবস্থান আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে এমন পরিস্থিতিতে প্রশাসন ভবিষ্যতের সমস্যার জন্য বিরোধীদের দায়ী করার সুযোগও পেতে পারে। মধ্যবর্তী নির্বাচনের ফলাফল এবং তার পরের রাজনৈতিক পরিস্থিতি তাই ২০২৮ সালের সম্ভাব্য প্রার্থীদের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ হবে।


ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান দিয়েগো ক্যাম্পাসের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক থ্যাড কাউসারও মনে করেন, ভ্যান্স ও রুবিওর শক্তির একটি বড় উৎস হলো ট্রাম্পের সঙ্গে তাঁদের সম্পর্ক। গত এক দশকে রিপাবলিকান প্রাথমিক নির্বাচনে ট্রাম্পের প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের পর সেই সমীকরণ বদলে যায় কি না, সেটিই এখন দেখার বিষয়।


বিশ্লেষকদের মতে, টেক্সাস, কানসাস, আইওয়া বা নেব্রাস্কার মতো ঐতিহ্যগতভাবে রিপাবলিকান-সমর্থিত রাজ্যে ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্য সাফল্য দলটির জন্য সতর্কবার্তা হতে পারে। এমনকি যেসব এলাকায় রিপাবলিকানদের সহজে জেতার কথা, সেখানে অল্প ব্যবধানে জয়ও দলের সমর্থনে দুর্বলতার ইঙ্গিত দিতে পারে। নির্বাচনের ফলাফলের পর রিপাবলিকানদের সিদ্ধান্ত নিতে হতে পারে, তারা ট্রাম্পের রাজনৈতিক ধারা অব্যাহত রাখবে, নাকি ভিন্ন পরিচয়ের দিকে এগোবে।


হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার হিসেবে কাজ করা রাষ্ট্রবিজ্ঞানী ড্যানিয়েল শাটজের মতে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলাফল হলে ক্ষমতার কেন্দ্রের সঙ্গে ঘনিষ্ঠতা সুবিধার বদলে অসুবিধা হয়ে উঠতে পারে। সে ক্ষেত্রে ২০২৮ সালের মনোনয়ন দৌড় আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠার সুযোগ রয়েছে।


তবে প্রেডিকশন মার্কেটের হিসাবকে সরাসরি জনমত জরিপ হিসেবে বিবেচনা করা ঠিক নয়। টেক্সাস ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক কিথ গ্যাডি সতর্ক করেছেন, বাজারের মূল্যকে ভোটারদের মতামতের বিকল্প হিসেবে দেখা ঝুঁকিপূর্ণ। কারণ, এসব বাজারে অংশগ্রহণকারীরা কোনো প্রার্থীর নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়েও লেনদেন করেন; প্রার্থী হিসেবে তাঁর জনপ্রিয়তা বা জয়ের সম্ভাবনা নিয়েই কেবল তাঁদের হিসাব তৈরি হয় না।


অন্যদিকে, স্ট্রাম্পফের মতে, বেশি লেনদেন হওয়া প্রেডিকশন মার্কেট দ্রুত পরিবর্তিত পরিস্থিতির প্রতিফলন দিতে পারে। তবে কোনো পূর্বাভাসই শতভাগ নির্ভুল নয়।


সব মিলিয়ে, ভ্যান্স ও রুবিওর সম্ভাবনা কমে যাওয়া রিপাবলিকান ভোটাররা তাঁদের প্রত্যাখ্যান করেছেন—এমন প্রমাণ নয়। বরং এটি ২০২৮ সালের মনোনয়ন নিয়ে বাজারের অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তে থাকা অনিশ্চয়তার ইঙ্গিত দিতে পারে। শেষ পর্যন্ত দলীয় সমর্থন, অর্থায়ন, গুরুত্বপূর্ণ নেতাদের সমর্থন এবং ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলই রিপাবলিকানদের পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াইয়ে বড় ভূমিকা রাখতে পারে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান
যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখেন অনেকেই। কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড সেই স্বপ্ন পূরণের একটি গুরুত্বপূর্ণ পথ। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় EB-1, EB-2 ও EB-3 নামে তিনটি প্রধান কর্মসংস্থানভিত্তিক অভিবাসন ক্যাটাগরি রয়েছে। তবে প্রতিটি ক্যাটাগরির যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া এবং শর্ত আলাদা।   কোন ক্যাটাগরিতে নিজের পক্ষে আবেদন করা যায়, কোথায় মার্কিন নিয়োগকর্তার স্পনসরশিপ প্রয়োজন এবং শিক্ষাগত যোগ্যতা বা কাজের অভিজ্ঞতার ভিত্তিতে কারা আবেদন করতে পারবেন এসব বিষয় আমেরিকা বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছেন ইমিগ্রেশন অ্যাটর্নি মনির মেহরান।   EB-1: অসাধারণ প্রতিভা ও বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের জন্য অ্যাটর্নি মনির মেহরান জানান, EB-1 ক্যাটাগরির EB-1A উপশ্রেণি অসাধারণ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের জন্য। এটি কথ্য ভাষায় ‘আইনস্টাইন ভিসা’ নামেও পরিচিত। তবে আইনস্টাইনের জীবদ্দশায় এই অভিবাসন ক্যাটাগরি চালু হয়নি। ফলে তিনি এই ভিসা পাননি।   বিজ্ঞান, শিল্পকলা, শিক্ষা, ব্যবসা কিংবা খেলাধুলায় অসাধারণ দক্ষতা এবং জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক স্বীকৃতি থাকলে EB-1A-এর জন্য আবেদন করা যেতে পারে। এ ক্ষেত্রে মার্কিন নিয়োগকর্তার চাকরির প্রস্তাব ছাড়াই নিজের পক্ষে আবেদন বা পিটিশন দাখিলের সুযোগ রয়েছে।   মেহরান বলেন, নোবেল পুরস্কার বা অস্কারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি থাকলে যোগ্যতা প্রমাণের বিষয়টি সহজ হতে পারে। তবে এ ধরনের পুরস্কার না থাকলেও আবেদন করা সম্ভব। বাংলাদেশের একুশে পদক বা বাংলা একাডেমি পুরস্কারের মতো জাতীয় পর্যায়ের স্বীকৃতিও প্রাসঙ্গিক প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। ইউএসসিআইএসের নিয়ম অনুযায়ী, বড় আন্তর্জাতিক পুরস্কার না থাকলে নির্ধারিত ১০টি মানদণ্ডের অন্তত তিনটির প্রমাণ উপস্থাপন করতে হয়। তবে শুধু তিনটি মানদণ্ড পূরণ করলেই অনুমোদন নিশ্চিত হয় না; আবেদনকারীর সামগ্রিক অর্জন ও প্রমাণপত্র বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়।   EB-2: উচ্চতর ডিগ্রি ও ব্যতিক্রমী দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের জন্য EB-2 ক্যাটাগরি মূলত উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অথবা ব্যতিক্রমী দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের জন্য। সাধারণত সংশ্লিষ্ট ক্ষেত্রে মাস্টার্স বা তার চেয়ে উচ্চতর ডিগ্রি থাকতে হয়। তবে যুক্তরাষ্ট্রের ব্যাচেলর ডিগ্রি বা সমমানের বিদেশি ডিগ্রির পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্রমবর্ধমান দায়িত্বের অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলেও তা উচ্চতর ডিগ্রির সমতুল্য হিসেবে বিবেচিত হতে পারে।   এই ক্যাটাগরিতে সাধারণত মার্কিন নিয়োগকর্তার চাকরির প্রস্তাব এবং শ্রম বিভাগের অনুমোদিত লেবার সার্টিফিকেশন প্রয়োজন হয়। তবে EB-2-এর অধীনে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার বা NIW নামে একটি বিশেষ সুযোগ রয়েছে। এর মাধ্যমে আবেদনকারী নিজের পক্ষে পিটিশন দাখিল করতে পারেন এবং নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে চাকরির প্রস্তাব ও লেবার সার্টিফিকেশনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি চাইতে পারেন।   মেহরানের ব্যাখ্যা অনুযায়ী, NIW-এর ক্ষেত্রে শুধু উচ্চতর ডিগ্রি বা বিশেষ দক্ষতা থাকলেই হবে না; আবেদনকারীর প্রস্তাবিত কাজ যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ এবং তা এগিয়ে নেওয়ার সক্ষমতা তাঁর রয়েছে এমন প্রমাণও উপস্থাপন করতে হয়।   EB-3: পেশাজীবী, দক্ষ ও অপেক্ষাকৃত কম দক্ষ কর্মীদের জন্য EB-3 ক্যাটাগরিতে তিন ধরনের কর্মী আবেদন করতে পারেন। এগুলো হলো প্রফেশনাল, স্কিলড ওয়ার্কার এবং আদার ওয়ার্কারস।   প্রফেশনাল ক্যাটাগরিতে সাধারণত যুক্তরাষ্ট্রের ব্যাচেলর ডিগ্রি বা সমমানের বিদেশি ডিগ্রি প্রয়োজন। স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে সংশ্লিষ্ট কাজের জন্য অন্তত দুই বছরের প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকতে হয়। অন্যদিকে আদার ওয়ার্কারস ক্যাটাগরি এমন কর্মীদের জন্য, যেসব পদের জন্য দুই বছরের কম প্রশিক্ষণ বা অভিজ্ঞতা প্রয়োজন।   অ্যাটর্নি মনির মেহরান জানান, EB-3-এর ক্ষেত্রে সাধারণত একজন মার্কিন নিয়োগকর্তার কাছ থেকে স্থায়ী ও পূর্ণকালীন চাকরির প্রস্তাব থাকতে হয়। নিয়োগকর্তাকে সাধারণত প্রথমে শ্রম বিভাগের লেবার সার্টিফিকেশন নিতে হয়। এরপর কর্মীর পক্ষে ইমিগ্র্যান্ট পিটিশন দাখিল করা হয়। ফলে EB-1A বা EB-2 NIW-এর মতো EB-3-তে সাধারণত নিজের উদ্যোগে নিয়োগকর্তা ছাড়া আবেদন করার সুযোগ নেই।   EB-3-তে অপেক্ষা বেশি হতে পারে   EB-3 ক্যাটাগরির মধ্যেও অপেক্ষার সময়ে পার্থক্য রয়েছে। বিশেষ করে আদার ওয়ার্কারস উপশ্রেণিতে অপেক্ষা তুলনামূলক দীর্ঘ হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নভেম্বর ২০২৬-এর ভিসা বুলেটিন অনুযায়ী, বাংলাদেশে জন্ম নেওয়া অধিকাংশ আবেদনকারীর ক্ষেত্রে EB-3 প্রফেশনাল ও স্কিলড ওয়ার্কার ক্যাটাগরির চূড়ান্ত সিদ্ধান্তের কাট-অফ তারিখ ছিল ১৫ জুন ২০২৪। আর আদার ওয়ার্কারস ক্যাটাগরিতে কাট-অফ তারিখ ছিল ১ জুন ২০২২।   এই কাট-অফ তারিখগুলো ভিসা বুলেটিন অনুযায়ী পরিবর্তিত হয়। তাই আবেদনকারীর অগ্রাধিকার তারিখ, জন্মদেশ এবং সংশ্লিষ্ট ক্যাটাগরির অবস্থানের ওপর অপেক্ষার সময় নির্ভর করে। শুধু কাট-অফ তারিখ দেখে কোনো নতুন আবেদনকারীর গ্রিন কার্ড পেতে মোট কত সময় লাগবে, তা নিশ্চিতভাবে বলা যায় না।   কোন ক্যাটাগরি কার জন্য? সব মিলিয়ে EB-1A মূলত অসাধারণ প্রতিভা ও আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ে স্বীকৃত ব্যক্তিদের জন্য। EB-2 উচ্চতর ডিগ্রিধারী ও ব্যতিক্রমী দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের জন্য। আর EB-3 পেশাজীবী, দক্ষ কর্মী এবং অপেক্ষাকৃত কম দক্ষ কর্মীদের জন্য একটি অভিবাসন পথ।   তবে কোন ক্যাটাগরিতে আবেদন করা সম্ভব, তা শুধু শিক্ষাগত যোগ্যতা বা পেশার নাম দিয়ে নির্ধারিত হয় না। আবেদনকারীর অর্জন, কাজের অভিজ্ঞতা, চাকরির প্রস্তাব, প্রয়োজনীয় নথিপত্র এবং অভিবাসন আইনের নির্ধারিত শর্ত পূরণের বিষয়টিও গুরুত্বপূর্ণ।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৩:৩
যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় পিছিয়ে যাওয়ার পর শুরু হলো ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন

পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্র (এসএলসিএম-এন) উন্নয়নে রেথনের সঙ্গে চুক্তি করেছে মার্কিন নৌবাহিনী। ছবি: সংগৃহীত
পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে

সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্র (এসএলসিএম-এন) কর্মসূচির উন্নয়ন আরও এগিয়ে নিতে প্রতিরক্ষা খাতের প্রতিষ্ঠান রেথনের (Raytheon) সঙ্গে চুক্তি করেছে মার্কিন নৌবাহিনী। এই চুক্তির ফলে প্রাথমিক ধারণাগত পর্যায় পেরিয়ে ক্ষেপণাস্ত্রটির নকশা চূড়ান্ত করা এবং প্রোটোটাইপ বা পরীক্ষামূলক প্রদর্শনের ধাপে প্রবেশ করছে কর্মসূচিটি।   আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত প্রতিরোধ সক্ষমতা জোরদার এবং ওয়াশিংটনের জবাব দেওয়ার বিকল্প বাড়াতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। পরিকল্প অনুযায়ী, নতুন এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া-শ্রেণির অ্যাটাক সাবমেরিনে যুক্ত করা হবে। এ ছাড়া নৌবাহিনীর নতুন ঘোষণা করা সারফেস যুদ্ধজাহাজেও এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।   উন্নয়নকাজ দ্রুত এগিয়ে নিতে ক্ষেপণাস্ত্রটিতে মডিউলার ওয়েপন আর্কিটেকচার এবং পূর্বে তৈরি বিভিন্ন প্রযুক্তিগত উপাদান ব্যবহার করা হবে। এতে সময় কম লাগবে এবং নতুন প্রযুক্তি সহজে যুক্ত করা যাবে। রেথনের পাশাপাশি আন্দুরিল রকেট মোটর সিস্টেমস, ডাইভারজেন্ট এবং উইলিয়ামস ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠানও ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশ তৈরিতে কারিগরি সহায়তা দেবে। এর আগে ফায়ার কন্ট্রোল সাবসিস্টেমের কারিগরি কাজের জন্য জেনারেল ডায়নামিক্স মিশন সিস্টেমসকেও চুক্তিবদ্ধ করা হয়েছে।   যুক্তরাষ্ট্র অতীতে সাবমেরিন ও সারফেস জাহাজে পারমাণবিক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করলেও নব্বইয়ের দশকের শুরুতে তা প্রত্যাহার করে নেয় এবং ২০১৩ সালে কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে বাতিল করে। নতুন এসএলসিএম-এন কর্মসূচির মোট ব্যয় ১৫ থেকে ২০ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০৩২ সালের মধ্যে সীমিত পরিসরে মোতায়েন এবং ২০৩৪ সালের মধ্যে প্রাথমিক কার্যক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যদিও সংশ্লিষ্টরা এই সময়সীমাকে বেশ উচ্চাভিলাষী বলে মনে করছেন।   এদিকে এই কর্মসূচির প্রেক্ষাপটে জাপান নিজেদের বন্দরে পারমাণবিক অস্ত্র বহনকারী মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশের নিষেধাজ্ঞার ক্ষেত্রে জরুরি ব্যতিক্রম যুক্ত করার বিষয়টি বিবেচনা করছে। বিশ্লেষকদের মতে, চীনের সক্রিয় অস্ত্রাগারে এখনো পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র না থাকলেও যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ আঞ্চলিক ও বৈশ্বিক সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে।   সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১০:৫৭
এআর-১৫সহ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার নিয়ে বড় আইনি লড়াইয়ে মার্কিন সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি

বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

ডিসেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ, বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

যুক্তরাজ্যের আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির কাছে অশনাক্ত ড্রোন প্রতিহত; ইরানের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ। ছবি: সংগৃহীত

ব্রিটেনের বিমানঘাঁটিতে একাধিক ড্রোন প্রতিহত করেছে মার্কিন বাহিনী, নেপথ্যে কি ইরান?

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব
গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব, বিপাকে পড়তে পারেন বাংলাদেশি প্রবাসীরা

যুক্তরাষ্ট্রে চাকরির মাধ্যমে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিদেশি দক্ষ কর্মীদের নিয়োগ ও স্থায়ীভাবে চাকরিতে রাখার ক্ষেত্রে নিয়োগকর্তাদের ওপর নতুন শর্ত আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন শ্রম বিভাগ। প্রস্তাবটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য চাকরিদাতার মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় বাড়তি জটিলতা তৈরি হতে পারে।   ২০২৬ সালের ১৬ নভেম্বর মার্কিন শ্রম বিভাগ এই প্রস্তাব ঘোষণা করে। পরদিন ১৭ নভেম্বর এটি সরকারি প্রজ্ঞাপন প্রকাশের ওয়েবসাইটে প্রকাশিত হয়। প্রস্তাবটির মূল উদ্দেশ্য হলো বিদেশি কর্মী নিয়োগের আগে মার্কিন নাগরিক ও কর্মীদের চাকরির সুযোগ নিশ্চিত করা এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানো।   বর্তমানে কোনো নিয়োগকর্তা বিদেশি কর্মীর জন্য গ্রিন কার্ডের আবেদন করতে চাইলে তাকে প্রমাণ করতে হয়, সংশ্লিষ্ট পদে পর্যাপ্ত যোগ্য ও আগ্রহী মার্কিন কর্মী পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে বিদেশি কর্মী নিয়োগের কারণে মার্কিন কর্মীদের বেতন ও কাজের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে না, সেটিও নিশ্চিত করতে হয়। নতুন প্রস্তাবে এই যাচাই আরও কঠোর করার কথা বলা হয়েছে।   প্রস্তাব অনুযায়ী, নিয়োগকর্তাদের বিভিন্ন মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিতে হবে। এর মধ্যে রয়েছে রাজ্যভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি ব্যবস্থা, প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, চাকরি খোঁজার ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যম। চাকরির বিজ্ঞাপন ও যোগ্য মার্কিন প্রার্থীদের বিবেচনার প্রক্রিয়াও আরও বিস্তৃত হতে পারে।   নতুন প্রস্তাবের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্মী ছাঁটাই। কোনো প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মস্থলে একই বা কাছাকাছি ধরনের পেশায় গত দুই বছরের মধ্যে মার্কিন কর্মী ছাঁটাই করে থাকলে ওই পদের জন্য বিদেশি কর্মীর স্থায়ী চাকরির অনুমোদনসংক্রান্ত আবেদন বাধাগ্রস্ত হতে পারে। এতে বিদেশি কর্মী নিয়োগের আগে প্রতিষ্ঠানগুলোকে আরও সতর্ক হতে হবে।   নার্স ও শারীরিক চিকিৎসাসেবীদের জন্যও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বর্তমানে নির্দিষ্ট কিছু পেশা বিশেষ সুবিধার আওতায় থাকায় সাধারণ শ্রমবাজার যাচাইয়ের কিছু ধাপ এড়িয়ে যাওয়া সম্ভব। নতুন প্রস্তাবে এই ছাড় বাতিলের কথা বলা হয়েছে। এতে বিদেশি নার্স, শারীরিক চিকিৎসাসেবী এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য গ্রিন কার্ডের প্রক্রিয়া আরও দীর্ঘ হতে পারে।   এই পরিবর্তন কার্যকর হলে যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের একটি অংশও প্রভাবিত হতে পারেন। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, প্রকৌশল, বিজ্ঞান ও গবেষণাসহ বিভিন্ন খাতে কর্মরত বাংলাদেশি পেশাজীবী এবং যারা চাকরিদাতার মাধ্যমে দ্বিতীয় বা তৃতীয় অগ্রাধিকারভিত্তিক কর্মসংস্থান শ্রেণিতে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার পরিকল্পনা করছেন, তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে অনুসরণ করা প্রয়োজন।   তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত আইন নয়। ২০২৭ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত এ বিষয়ে জনমত ও লিখিত মতামত গ্রহণের কথা রয়েছে। এরপর প্রাপ্ত মতামত পর্যালোচনা করে চূড়ান্ত বিধিমালার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই এখনই যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের গ্রিন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে কিংবা সব আবেদন বাতিল হবে—এমন ধারণা সঠিক নয়। তথ্যসূত্র: রয়টার্স। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৮:৩৬
ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

তরুণ প্রজন্মকে নিজ দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা! তীব্র হচ্ছে বিতর্ক

তরুণ প্রজন্মকে নিজ দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা! তীব্র হচ্ছে বিতর্ক

মাত্র পাঁচ বছরের নাতির বুদ্ধিতে রক্ষা পেল অসুস্থ দাদির প্রাণ

মাত্র পাঁচ বছরের নাতির বুদ্ধিতে রক্ষা পেল অসুস্থ দাদির প্রাণ, ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ড

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...