যুক্তরাষ্ট্রে প্রেমিকাকে অজ্ঞান করে জোরপূর্বক গর্ভপাত, দোষ স্বীকার সাবেক সেনা ক্যাডেটের
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তঃসত্ত্বা প্রেমিকাকে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাইয়ে অচেতন করার পর তাঁর সম্মতি ছাড়াই গর্ভপাতের ওষুধ প্রয়োগের ঘটনা সামনে এসেছে। এতে ওই নারীর গর্ভপাত হয়। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমি ওয়েস্ট পয়েন্টে ঘটনাটি ঘটে। অভিযুক্ত সাবেক ক্যাডেট ক্যালেব টি সুহ চলতি বছরের জুনে ফেডারেল আদালতে অপরাধের দায় স্বীকার করেছেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছেন ভুক্তভোগী নারী।
নিউইয়র্ক পোস্ট ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে ওয়েস্ট পয়েন্টে পড়াশোনার সময় দুজনের প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০২২ সালের জানুয়ারিতে ওই নারী জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। তিনি সন্তান জন্ম দিতে চাইলেও সুহ গর্ভপাতের জন্য চাপ দিতে থাকেন। মামলার অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে গর্ভপাত না করালে আত্মহত্যার হুমকিও দেন সুহ।
তবে পরে প্রেমিকার সামনে নিজের অবস্থান বদলে ফেলেন তিনি। সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্তে সমর্থন দেওয়ার ভান করে গোপনে গর্ভপাত ঘটানোর পরিকল্পনা করেন। আদালতে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, প্রেমিকার পরিচয় ব্যবহার করে একটি অনলাইন ফার্মেসিতে অ্যাকাউন্ট খোলেন সুহ। সেখান থেকে তাঁর অজান্তে গর্ভপাতের ওষুধ সংগ্রহ করেন। পাশাপাশি এক বন্ধুর কাছ থেকে জ্যানাক্স নামের ঘুমের ওষুধও নেন।
মামলার নথিতে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রেমিকার থাকার কক্ষে গিয়ে তাঁকে বিশেষ প্রোটিন শেক হিসেবে একটি পানীয় পান করতে দেন সুহ। পানীয়টিতে ঘুমের ওষুধ মেশানো ছিল। সেটি পান করার পর তরুণী অসুস্থ হয়ে পড়েন এবং ধীরে ধীরে চেতনা হারাতে থাকেন। এই অবস্থায় তাঁর মুখে ও যৌনাঙ্গে গর্ভপাতের ওষুধ প্রয়োগ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
কিছু সময় পর ওই নারী তীব্র পেটব্যথা ও অতিরিক্ত রক্তক্ষরণে আক্রান্ত হন। সাহায্যের জন্য প্রেমিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাননি। পরে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেন তিনি। তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা গর্ভপাতের বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার পর ২০২২ সালের মে মাসে ওয়েস্ট পয়েন্টে মার্কিন সেনাবাহিনীর অপরাধ তদন্ত বিভাগকে বিষয়টি জানান ভুক্তভোগী। তবে সামরিক একাডেমির তদন্তে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা স্পষ্ট নয়। চলতি বছরের জুনে ম্যানহাটনের ফেডারেল আদালতে সুহের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়। ৩০ জুন তিনি প্রেমিকার ওপর হামলা এবং তাঁর গুরুতর শারীরিক ক্ষতি করার দায় স্বীকার করেন।
এদিকে, ঘটনার পর ওয়েস্ট পয়েন্ট ছেড়ে কর্নেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সুহ। সেখান থেকে চলতি বছর স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্যবিষয়ক মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হন। আদালতে অপরাধ স্বীকারের পরও তাঁর উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
কর্নেল বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ভর্তির সময় সুহ আগের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলাভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছিলেন কি না, এমন প্রশ্নের উত্তরে ‘না’ লিখেছিলেন। ওয়েস্ট পয়েন্ট থেকেও তাঁকে ভালো একাডেমিক অবস্থানে থাকা শিক্ষার্থী হিসেবে জানানো হয়েছিল। অন্যদিকে, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তাঁর বর্তমান শিক্ষার্থী অবস্থান স্পষ্ট নয়।
গত ২৮ অক্টোবর নিউইয়র্কের আদালতে সুহের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেন ভুক্তভোগী নারী। আদালতের নথিতে তাঁর পরিচয় গোপন রেখে ‘জেন ডো’ নাম ব্যবহার করা হয়েছে। মামলায় শারীরিক ও মানসিক ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
ভুক্তভোগীর আইনজীবী রাসেল কর্নব্লিথ জানিয়েছেন, তাঁর মক্কেল নিজের ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাতের শিকার হয়েছেন এবং এই অভিজ্ঞতা তাঁর জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। তিনি আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার কথা জানিয়েছেন।
এদিকে, সুহের সাজা ঘোষণার শুনানি আগামী জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছেন ফেডারেল বিচারক। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে চলমান সেমিস্টার শেষ করার সুযোগ দিতে তাঁর আইনজীবী সময় চেয়েছিলেন। প্রসিকিউটররা এতে আপত্তি জানাননি। অপরাধের দায় স্বীকার করলেও সুহের চূড়ান্ত সাজা এখনো ঘোষণা করা হয়নি।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, নিউইয়র্ক পোস্ট, ফেডারেল আদালতের নথি ও দেওয়ানি মামলার অভিযোগপত্র।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখেন অনেকেই। কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড সেই স্বপ্ন পূরণের একটি গুরুত্বপূর্ণ পথ। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় EB-1, EB-2 ও EB-3 নামে তিনটি প্রধান কর্মসংস্থানভিত্তিক অভিবাসন ক্যাটাগরি রয়েছে। তবে প্রতিটি ক্যাটাগরির যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া এবং শর্ত আলাদা। কোন ক্যাটাগরিতে নিজের পক্ষে আবেদন করা যায়, কোথায় মার্কিন নিয়োগকর্তার স্পনসরশিপ প্রয়োজন এবং শিক্ষাগত যোগ্যতা বা কাজের অভিজ্ঞতার ভিত্তিতে কারা আবেদন করতে পারবেন এসব বিষয় আমেরিকা বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছেন ইমিগ্রেশন অ্যাটর্নি মনির মেহরান। EB-1: অসাধারণ প্রতিভা ও বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের জন্য অ্যাটর্নি মনির মেহরান জানান, EB-1 ক্যাটাগরির EB-1A উপশ্রেণি অসাধারণ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের জন্য। এটি কথ্য ভাষায় ‘আইনস্টাইন ভিসা’ নামেও পরিচিত। তবে আইনস্টাইনের জীবদ্দশায় এই অভিবাসন ক্যাটাগরি চালু হয়নি। ফলে তিনি এই ভিসা পাননি। বিজ্ঞান, শিল্পকলা, শিক্ষা, ব্যবসা কিংবা খেলাধুলায় অসাধারণ দক্ষতা এবং জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক স্বীকৃতি থাকলে EB-1A-এর জন্য আবেদন করা যেতে পারে। এ ক্ষেত্রে মার্কিন নিয়োগকর্তার চাকরির প্রস্তাব ছাড়াই নিজের পক্ষে আবেদন বা পিটিশন দাখিলের সুযোগ রয়েছে। মেহরান বলেন, নোবেল পুরস্কার বা অস্কারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি থাকলে যোগ্যতা প্রমাণের বিষয়টি সহজ হতে পারে। তবে এ ধরনের পুরস্কার না থাকলেও আবেদন করা সম্ভব। বাংলাদেশের একুশে পদক বা বাংলা একাডেমি পুরস্কারের মতো জাতীয় পর্যায়ের স্বীকৃতিও প্রাসঙ্গিক প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। ইউএসসিআইএসের নিয়ম অনুযায়ী, বড় আন্তর্জাতিক পুরস্কার না থাকলে নির্ধারিত ১০টি মানদণ্ডের অন্তত তিনটির প্রমাণ উপস্থাপন করতে হয়। তবে শুধু তিনটি মানদণ্ড পূরণ করলেই অনুমোদন নিশ্চিত হয় না; আবেদনকারীর সামগ্রিক অর্জন ও প্রমাণপত্র বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। EB-2: উচ্চতর ডিগ্রি ও ব্যতিক্রমী দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের জন্য EB-2 ক্যাটাগরি মূলত উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অথবা ব্যতিক্রমী দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের জন্য। সাধারণত সংশ্লিষ্ট ক্ষেত্রে মাস্টার্স বা তার চেয়ে উচ্চতর ডিগ্রি থাকতে হয়। তবে যুক্তরাষ্ট্রের ব্যাচেলর ডিগ্রি বা সমমানের বিদেশি ডিগ্রির পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্রমবর্ধমান দায়িত্বের অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলেও তা উচ্চতর ডিগ্রির সমতুল্য হিসেবে বিবেচিত হতে পারে। এই ক্যাটাগরিতে সাধারণত মার্কিন নিয়োগকর্তার চাকরির প্রস্তাব এবং শ্রম বিভাগের অনুমোদিত লেবার সার্টিফিকেশন প্রয়োজন হয়। তবে EB-2-এর অধীনে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার বা NIW নামে একটি বিশেষ সুযোগ রয়েছে। এর মাধ্যমে আবেদনকারী নিজের পক্ষে পিটিশন দাখিল করতে পারেন এবং নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে চাকরির প্রস্তাব ও লেবার সার্টিফিকেশনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি চাইতে পারেন। মেহরানের ব্যাখ্যা অনুযায়ী, NIW-এর ক্ষেত্রে শুধু উচ্চতর ডিগ্রি বা বিশেষ দক্ষতা থাকলেই হবে না; আবেদনকারীর প্রস্তাবিত কাজ যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ এবং তা এগিয়ে নেওয়ার সক্ষমতা তাঁর রয়েছে এমন প্রমাণও উপস্থাপন করতে হয়। EB-3: পেশাজীবী, দক্ষ ও অপেক্ষাকৃত কম দক্ষ কর্মীদের জন্য EB-3 ক্যাটাগরিতে তিন ধরনের কর্মী আবেদন করতে পারেন। এগুলো হলো প্রফেশনাল, স্কিলড ওয়ার্কার এবং আদার ওয়ার্কারস। প্রফেশনাল ক্যাটাগরিতে সাধারণত যুক্তরাষ্ট্রের ব্যাচেলর ডিগ্রি বা সমমানের বিদেশি ডিগ্রি প্রয়োজন। স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে সংশ্লিষ্ট কাজের জন্য অন্তত দুই বছরের প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকতে হয়। অন্যদিকে আদার ওয়ার্কারস ক্যাটাগরি এমন কর্মীদের জন্য, যেসব পদের জন্য দুই বছরের কম প্রশিক্ষণ বা অভিজ্ঞতা প্রয়োজন। অ্যাটর্নি মনির মেহরান জানান, EB-3-এর ক্ষেত্রে সাধারণত একজন মার্কিন নিয়োগকর্তার কাছ থেকে স্থায়ী ও পূর্ণকালীন চাকরির প্রস্তাব থাকতে হয়। নিয়োগকর্তাকে সাধারণত প্রথমে শ্রম বিভাগের লেবার সার্টিফিকেশন নিতে হয়। এরপর কর্মীর পক্ষে ইমিগ্র্যান্ট পিটিশন দাখিল করা হয়। ফলে EB-1A বা EB-2 NIW-এর মতো EB-3-তে সাধারণত নিজের উদ্যোগে নিয়োগকর্তা ছাড়া আবেদন করার সুযোগ নেই। EB-3-তে অপেক্ষা বেশি হতে পারে EB-3 ক্যাটাগরির মধ্যেও অপেক্ষার সময়ে পার্থক্য রয়েছে। বিশেষ করে আদার ওয়ার্কারস উপশ্রেণিতে অপেক্ষা তুলনামূলক দীর্ঘ হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নভেম্বর ২০২৬-এর ভিসা বুলেটিন অনুযায়ী, বাংলাদেশে জন্ম নেওয়া অধিকাংশ আবেদনকারীর ক্ষেত্রে EB-3 প্রফেশনাল ও স্কিলড ওয়ার্কার ক্যাটাগরির চূড়ান্ত সিদ্ধান্তের কাট-অফ তারিখ ছিল ১৫ জুন ২০২৪। আর আদার ওয়ার্কারস ক্যাটাগরিতে কাট-অফ তারিখ ছিল ১ জুন ২০২২। এই কাট-অফ তারিখগুলো ভিসা বুলেটিন অনুযায়ী পরিবর্তিত হয়। তাই আবেদনকারীর অগ্রাধিকার তারিখ, জন্মদেশ এবং সংশ্লিষ্ট ক্যাটাগরির অবস্থানের ওপর অপেক্ষার সময় নির্ভর করে। শুধু কাট-অফ তারিখ দেখে কোনো নতুন আবেদনকারীর গ্রিন কার্ড পেতে মোট কত সময় লাগবে, তা নিশ্চিতভাবে বলা যায় না। কোন ক্যাটাগরি কার জন্য? সব মিলিয়ে EB-1A মূলত অসাধারণ প্রতিভা ও আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ে স্বীকৃত ব্যক্তিদের জন্য। EB-2 উচ্চতর ডিগ্রিধারী ও ব্যতিক্রমী দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের জন্য। আর EB-3 পেশাজীবী, দক্ষ কর্মী এবং অপেক্ষাকৃত কম দক্ষ কর্মীদের জন্য একটি অভিবাসন পথ। তবে কোন ক্যাটাগরিতে আবেদন করা সম্ভব, তা শুধু শিক্ষাগত যোগ্যতা বা পেশার নাম দিয়ে নির্ধারিত হয় না। আবেদনকারীর অর্জন, কাজের অভিজ্ঞতা, চাকরির প্রস্তাব, প্রয়োজনীয় নথিপত্র এবং অভিবাসন আইনের নির্ধারিত শর্ত পূরণের বিষয়টিও গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা
নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক
নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন
সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্র (এসএলসিএম-এন) কর্মসূচির উন্নয়ন আরও এগিয়ে নিতে প্রতিরক্ষা খাতের প্রতিষ্ঠান রেথনের (Raytheon) সঙ্গে চুক্তি করেছে মার্কিন নৌবাহিনী। এই চুক্তির ফলে প্রাথমিক ধারণাগত পর্যায় পেরিয়ে ক্ষেপণাস্ত্রটির নকশা চূড়ান্ত করা এবং প্রোটোটাইপ বা পরীক্ষামূলক প্রদর্শনের ধাপে প্রবেশ করছে কর্মসূচিটি। আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত প্রতিরোধ সক্ষমতা জোরদার এবং ওয়াশিংটনের জবাব দেওয়ার বিকল্প বাড়াতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। পরিকল্প অনুযায়ী, নতুন এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া-শ্রেণির অ্যাটাক সাবমেরিনে যুক্ত করা হবে। এ ছাড়া নৌবাহিনীর নতুন ঘোষণা করা সারফেস যুদ্ধজাহাজেও এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। উন্নয়নকাজ দ্রুত এগিয়ে নিতে ক্ষেপণাস্ত্রটিতে মডিউলার ওয়েপন আর্কিটেকচার এবং পূর্বে তৈরি বিভিন্ন প্রযুক্তিগত উপাদান ব্যবহার করা হবে। এতে সময় কম লাগবে এবং নতুন প্রযুক্তি সহজে যুক্ত করা যাবে। রেথনের পাশাপাশি আন্দুরিল রকেট মোটর সিস্টেমস, ডাইভারজেন্ট এবং উইলিয়ামস ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠানও ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশ তৈরিতে কারিগরি সহায়তা দেবে। এর আগে ফায়ার কন্ট্রোল সাবসিস্টেমের কারিগরি কাজের জন্য জেনারেল ডায়নামিক্স মিশন সিস্টেমসকেও চুক্তিবদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র অতীতে সাবমেরিন ও সারফেস জাহাজে পারমাণবিক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করলেও নব্বইয়ের দশকের শুরুতে তা প্রত্যাহার করে নেয় এবং ২০১৩ সালে কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে বাতিল করে। নতুন এসএলসিএম-এন কর্মসূচির মোট ব্যয় ১৫ থেকে ২০ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০৩২ সালের মধ্যে সীমিত পরিসরে মোতায়েন এবং ২০৩৪ সালের মধ্যে প্রাথমিক কার্যক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যদিও সংশ্লিষ্টরা এই সময়সীমাকে বেশ উচ্চাভিলাষী বলে মনে করছেন। এদিকে এই কর্মসূচির প্রেক্ষাপটে জাপান নিজেদের বন্দরে পারমাণবিক অস্ত্র বহনকারী মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশের নিষেধাজ্ঞার ক্ষেত্রে জরুরি ব্যতিক্রম যুক্ত করার বিষয়টি বিবেচনা করছে। বিশ্লেষকদের মতে, চীনের সক্রিয় অস্ত্রাগারে এখনো পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র না থাকলেও যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ আঞ্চলিক ও বৈশ্বিক সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট 873 ডিএন
সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি
ডিসেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ, বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?
ব্রিটেনের বিমানঘাঁটিতে একাধিক ড্রোন প্রতিহত করেছে মার্কিন বাহিনী, নেপথ্যে কি ইরান?
যুক্তরাষ্ট্রে চাকরির মাধ্যমে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিদেশি দক্ষ কর্মীদের নিয়োগ ও স্থায়ীভাবে চাকরিতে রাখার ক্ষেত্রে নিয়োগকর্তাদের ওপর নতুন শর্ত আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন শ্রম বিভাগ। প্রস্তাবটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য চাকরিদাতার মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় বাড়তি জটিলতা তৈরি হতে পারে। ২০২৬ সালের ১৬ নভেম্বর মার্কিন শ্রম বিভাগ এই প্রস্তাব ঘোষণা করে। পরদিন ১৭ নভেম্বর এটি সরকারি প্রজ্ঞাপন প্রকাশের ওয়েবসাইটে প্রকাশিত হয়। প্রস্তাবটির মূল উদ্দেশ্য হলো বিদেশি কর্মী নিয়োগের আগে মার্কিন নাগরিক ও কর্মীদের চাকরির সুযোগ নিশ্চিত করা এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানো। বর্তমানে কোনো নিয়োগকর্তা বিদেশি কর্মীর জন্য গ্রিন কার্ডের আবেদন করতে চাইলে তাকে প্রমাণ করতে হয়, সংশ্লিষ্ট পদে পর্যাপ্ত যোগ্য ও আগ্রহী মার্কিন কর্মী পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে বিদেশি কর্মী নিয়োগের কারণে মার্কিন কর্মীদের বেতন ও কাজের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে না, সেটিও নিশ্চিত করতে হয়। নতুন প্রস্তাবে এই যাচাই আরও কঠোর করার কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, নিয়োগকর্তাদের বিভিন্ন মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিতে হবে। এর মধ্যে রয়েছে রাজ্যভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি ব্যবস্থা, প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, চাকরি খোঁজার ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যম। চাকরির বিজ্ঞাপন ও যোগ্য মার্কিন প্রার্থীদের বিবেচনার প্রক্রিয়াও আরও বিস্তৃত হতে পারে। নতুন প্রস্তাবের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্মী ছাঁটাই। কোনো প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মস্থলে একই বা কাছাকাছি ধরনের পেশায় গত দুই বছরের মধ্যে মার্কিন কর্মী ছাঁটাই করে থাকলে ওই পদের জন্য বিদেশি কর্মীর স্থায়ী চাকরির অনুমোদনসংক্রান্ত আবেদন বাধাগ্রস্ত হতে পারে। এতে বিদেশি কর্মী নিয়োগের আগে প্রতিষ্ঠানগুলোকে আরও সতর্ক হতে হবে। নার্স ও শারীরিক চিকিৎসাসেবীদের জন্যও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বর্তমানে নির্দিষ্ট কিছু পেশা বিশেষ সুবিধার আওতায় থাকায় সাধারণ শ্রমবাজার যাচাইয়ের কিছু ধাপ এড়িয়ে যাওয়া সম্ভব। নতুন প্রস্তাবে এই ছাড় বাতিলের কথা বলা হয়েছে। এতে বিদেশি নার্স, শারীরিক চিকিৎসাসেবী এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য গ্রিন কার্ডের প্রক্রিয়া আরও দীর্ঘ হতে পারে। এই পরিবর্তন কার্যকর হলে যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের একটি অংশও প্রভাবিত হতে পারেন। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, প্রকৌশল, বিজ্ঞান ও গবেষণাসহ বিভিন্ন খাতে কর্মরত বাংলাদেশি পেশাজীবী এবং যারা চাকরিদাতার মাধ্যমে দ্বিতীয় বা তৃতীয় অগ্রাধিকারভিত্তিক কর্মসংস্থান শ্রেণিতে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার পরিকল্পনা করছেন, তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে অনুসরণ করা প্রয়োজন। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত আইন নয়। ২০২৭ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত এ বিষয়ে জনমত ও লিখিত মতামত গ্রহণের কথা রয়েছে। এরপর প্রাপ্ত মতামত পর্যালোচনা করে চূড়ান্ত বিধিমালার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই এখনই যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের গ্রিন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে কিংবা সব আবেদন বাতিল হবে—এমন ধারণা সঠিক নয়। তথ্যসূত্র: রয়টার্স। 874 এসকিউ
ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক
তরুণ প্রজন্মকে নিজ দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা! তীব্র হচ্ছে বিতর্ক

