ইসরায়েলের সমালোচনা করা শিক্ষার্থীদের বহিষ্কার করতে পারবেন না ট্রাম্প, মার্কিন আদালতের রায়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলের গাজা যুদ্ধের সমালোচনা বা ফিলিস্তিনিদের সমর্থনে মত প্রকাশের কারণে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল বা দেশ থেকে বহিষ্কার করা যাবে না বলে রায় দিয়েছেন ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত। আদালত বলেছে, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধানের বাক্স্বাধীনতার সুরক্ষা লঙ্ঘন করে।
সান হোসের ফেডারেল বিচারক নোয়েল ওয়াইজ শুক্রবার দেওয়া ৯০ পৃষ্ঠার রায়ে ট্রাম্প প্রশাসনের নেওয়া কিছু অভিবাসন পদক্ষেপকে অসাংবিধানিক বলে উল্লেখ করেন। মামলাটি করেছিল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত সংবাদপত্র ‘দ্য স্ট্যানফোর্ড ডেইলি’। পত্রিকাটির দাবি ছিল, ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে মত প্রকাশের কারণে বিদেশি শিক্ষার্থীরা ভিসা বাতিল ও বহিষ্কারের আশঙ্কায় নিজেদের মত প্রকাশ থেকে বিরত থাকছিলেন।
বিচারক ওয়াইজ তাঁর রায়ে বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী নাগরিকদের পাশাপাশি বৈধভাবে দেশটিতে অবস্থানরত অ-নাগরিকদেরও মত প্রকাশের অধিকার সুরক্ষিত করে। সরকারের পছন্দ নয় এমন মত প্রকাশ করলেই অভিবাসন আইন ব্যবহার করে কাউকে শাস্তি দেওয়া সেই অধিকারকে কার্যত সীমিত করে দেয়।
মামলার সূত্রপাত মূলত ২০২৫ সালের ঘটনাপ্রবাহ থেকে। সে সময় ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনপন্থী আন্দোলনে যুক্ত কয়েকজন বিদেশি শিক্ষার্থী ও কর্মীকে ভিসা বাতিল, আটক এবং বহিষ্কারের উদ্যোগ নেয়। এর মধ্যে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মাহমুদ খলিল এবং টাফটস বিশ্ববিদ্যালয়ের রুমাইসা ওজতুর্কের ঘটনাও ব্যাপক আলোচনায় আসে। এসব ঘটনার পর স্ট্যানফোর্ড ডেইলি আশঙ্কা প্রকাশ করে যে তাদের বিদেশি শিক্ষার্থী সাংবাদিকরাও একই ধরনের সরকারি পদক্ষেপের মুখে পড়তে পারেন।
আদালতের নথি অনুযায়ী, স্ট্যানফোর্ড ডেইলির কয়েকজন বৈধভাবে অবস্থানরত বিদেশি শিক্ষার্থী ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে লেখা প্রকাশ করতে ভয় পাচ্ছিলেন। কেউ আগে প্রকাশিত লেখা সরিয়ে নেওয়ার অনুরোধ করেছেন, কেউ নতুন লেখা প্রকাশ থেকে বিরত থেকেছেন, আবার কেউ নিজেদের পরিচয় গোপন রাখার অনুরোধ করেছেন। এমনকি কয়েকজন শিক্ষার্থী সংবাদপত্রটির কাজ থেকেও সরে দাঁড়িয়েছেন।
বিচারক ওয়াইজ বলেন, সরকারের পদক্ষেপের ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে একটি ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীদের কাছে কার্যত এমন বার্তা পৌঁছেছিল যে ইসরায়েলের সমালোচনা বা ফিলিস্তিনিদের সমর্থনে কথা বললে তাদের ভিসা বাতিল এবং বহিষ্কার করা হতে পারে। ফলে অনেকেই নিজেদের মত প্রকাশ থেকে বিরত হয়েছেন।
রায়ে বিচারক আরও বলেন, সরকারের পররাষ্ট্রনীতি ও অভিবাসন বিষয়ে যথেষ্ট ক্ষমতা রয়েছে। তবে সেই ক্ষমতা এমনভাবে প্রয়োগ করা যাবে না, যাতে সাধারণ মানুষ বুঝতেই না পারেন কোন ধরনের বক্তব্য আইনসম্মত এবং কোন বক্তব্যের কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। তিনি এই ধরনের অস্পষ্ট মানদণ্ডকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।
ওয়াইজের মতে, গণতন্ত্রে বাক্স্বাধীনতার অর্থ শুধু সরকারের সঙ্গে একমত হওয়ার অধিকার নয়। সরকারের নীতি, পররাষ্ট্রনীতি, সামরিক কর্মকাণ্ড বা যুদ্ধের সমালোচনা করার অধিকারও এর অংশ। এমনকি কোনো মতামত প্রচলিত রাজনৈতিক ধারণার সঙ্গে সাংঘর্ষিক বা অনেকের কাছে অগ্রহণযোগ্য হলেও, সেটি প্রকাশের অধিকার সংবিধান সুরক্ষা দিতে পারে।
এই মামলায় স্ট্যানফোর্ড ডেইলির পক্ষে কাজ করেছে ফাউন্ডেশন ফর ইন্ডিভিজুয়াল রাইটস অ্যান্ড এক্সপ্রেশন। সংগঠনটির আইনজীবী কনর ফিটজপ্যাট্রিক আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বাক্স্বাধীনতা শুধু সরকারের পছন্দের মত প্রকাশকারীদের জন্য নয়।
স্ট্যানফোর্ড ডেইলির প্রধান সম্পাদক জর্জ পোরটিয়াসও রায়কে স্বাগত জানিয়েছেন। তাঁর বক্তব্য, সংবাদকক্ষে কাজ করা সাংবাদিকদের কোনো প্রতিবেদন লেখার কারণে দেশ থেকে বহিষ্কারের ভয় পাওয়া উচিত নয়। তাঁর মতে, আদালতের সিদ্ধান্তের ফলে সেই ভয় অনেকটাই দূর হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ রায়টির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ফলে প্রশাসন এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
ক্যালিফোর্নিয়ার এই রায়টি এমন সময়ে এলো, যখন ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী আন্দোলন দমনের পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রে একাধিক আইনি লড়াই চলছে। এর আগে বোস্টনের একজন ফেডারেল বিচারকও রায় দিয়েছিলেন যে শুধু ফিলিস্তিনিদের সমর্থন বা ইসরায়েলের সমালোচনার কারণে অ-নাগরিকদের বহিষ্কারের উদ্যোগ সংবিধানবিরোধী।
সাম্প্রতিক রায়টি বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংবাদমাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ আদালত স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও সাংবিধানিক বাক্স্বাধীনতার সুরক্ষা প্রযোজ্য এবং অভিবাসন আইনের ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক মত প্রকাশ দমন করা যাবে না।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স ও স্ট্যানফোর্ড ডেইলি।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreনিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি (৩৫) গত শুক্রবার (২৭ নভেম্বর) ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার পর সফলভাবে অস্ত্রোপচার করিয়েছেন। প্রেস সেক্রেটারি জো ক্যালভেলো জানান, প্রায় ৭০ মিনিটের এই অস্ত্রোপচার সফল হয়েছে এবং শুক্রবার সন্ধ্যায় মেয়র তার সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিচ্ছিলেন; তিনি পুরোপুরি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে অস্ত্রোপচারটি কোন হাসপাতালে করা হয়েছে, সে বিষয়ে সিটি হল কোনো তথ্য প্রকাশ করেনি। ডেমোক্র্যাট এই মেয়র ও ফুটবলপ্রেমী গত ১৯ নভেম্বর তার দপ্তর এবং সিটি হলের প্রেস কোরের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। ওই ম্যাচে মামদানির দল জয় পায় এবং তিনি নিজেও একটি গোল করেন; তবে গোল করার কিছুক্ষণ পরই তার অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যায় এবং পরদিন তিনি আক্ষেপ করে জানান যে খেলার আগে ওয়ার্মআপ বা স্ট্রেচিং করেননি। এরপর থেকে তিনি মেডিকেল বুট পরে ও ক্র্যাচে ভর দিয়ে দাপ্তরিক কাজ ও জনসম্মুখে উপস্থিত হচ্ছিলেন; অস্ত্রোপচার প্রসঙ্গে মজা করে এনবিএ তারকা জেসন ট্যাটামের কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, ট্যাটাম ২০২৫ সালের প্লেঅফে একই চোটের পর অস্ত্রোপচার করিয়ে প্রায় ১০ মাস পর মাঠে ফিরেছিলেন। মেয়রের অনুপস্থিতিতে শুক্রবার নগর প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম তদারকি করেন ফার্স্ট ডেপুটি মেয়র ডিন ফুলেহান।
যুক্তরাষ্ট্রে গ্রাহককে বিভ্রান্ত করায় ১০ কোটি ডলারের সমঝোতা, আম্বানির হাত ধরেও বাজার হারাচ্ছে শেইন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, এক ঘণ্টায় ৩১টি কম্পন ও পরাঘাত
ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি
যুক্তরাষ্ট্রে বাড়ির দাম, মর্টগেজের কিস্তি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেকের জন্য নিজের বাড়ি কেনা কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বিকল্প আবাসন ব্যবস্থা হিসেবে আলোচনায় আসছে ছোট আকারের বাড়ি, যা পরিচিত ‘টিনি হোম’ নামে। মাত্র কয়েকশ বর্গফুটের এসব বাড়িতে থাকতে পারে ছোট্ট একটি রান্নাঘর, বেডরুম, বাথরুম এবং বসার ঘর। আধুনিক নকশায় সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে তৈরি করা হয় এসব বাড়ি। অনেক বাড়িতে থাকে বহুমুখী আসবাব, ভাঁজ করা টেবিল, সিঁড়ির নিচে স্টোরেজ এবং ছাদের কাছাকাছি আলাদা ঘুমানোর ব্যবস্থা। টিনি হোমের বিশেষত্ব হলো, তুলনামূলক ছোট জায়গায় প্রয়োজনীয় সব আবাসন সুবিধা একসঙ্গে পাওয়া। কিছু বাড়ি চাকার ওপর তৈরি করা হয়, ফলে সেগুলো প্রয়োজনে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। আবার কিছু বাড়ি স্থায়ী ভিত্তির ওপর নির্মাণ করা হয়। নির্মাণের ধরন, আকার, উপকরণ ও অবস্থান অনুযায়ী এসব বাড়ির দাম ভিন্ন হয়ে থাকে। শুধু টিনি হোম নয়, যুক্তরাষ্ট্রে ছোট আকারের স্বতন্ত্র আবাসন ইউনিট বা অ্যাকসেসরি ডুয়েলিং ইউনিটের (এডিইউ) প্রতিও আগ্রহ বাড়ছে। মূল বাড়ির পেছনে, পাশে কিংবা গ্যারেজের জায়গায় তৈরি করা যায় এসব ছোট বাড়ি। এগুলো পরিবারের সদস্যদের থাকার পাশাপাশি ভাড়া দেওয়ার জন্যও ব্যবহার করা হয়। পিউ চ্যারিটেবল ট্রাস্টের ২০২৬ সালের অক্টোবরের এক গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ২০২৫ সালে এডিইউ নির্মাণের জন্য ৬১ হাজার ৬৫৫টি পারমিট দেওয়া হয়েছে। ২০১৬ সালে এই সংখ্যা ছিল মাত্র ৪ হাজার ৯৬২। অর্থাৎ এক দশকের ব্যবধানে এ ধরনের আবাসন নির্মাণের অনুমোদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই পরিসংখ্যান এডিইউ-সংক্রান্ত, সরাসরি টিনি হোমের সংখ্যা নয়। ছোট বাড়ির প্রতি আগ্রহ বাড়ার পেছনে রয়েছে আবাসন ব্যয় কমানো, সীমিত জায়গার কার্যকর ব্যবহার এবং তুলনামূলক সহজ জীবনযাপনের আকাঙ্ক্ষা। অনেকেই বড় বাড়ির পরিবর্তে ছোট পরিসরে বসবাস করে রক্ষণাবেক্ষণ ও অন্যান্য খরচ কমানোর বিষয়টি বিবেচনা করছেন। তবে যুক্তরাষ্ট্রের সব এলাকায় সব ধরনের টিনি হোম নির্মাণ বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি নেই। স্থানীয় জোনিং আইন, ভবন নির্মাণের বিধিমালা, জমির ব্যবহার, ন্যূনতম আকার এবং নিরাপত্তাসংক্রান্ত শর্তের ওপর অনুমোদন নির্ভর করে। চাকার ওপর তৈরি বাড়ি এবং স্থায়ী ভিত্তির ওপর নির্মিত বাড়ির ক্ষেত্রেও নিয়ম আলাদা হতে পারে। সব মিলিয়ে, প্রচলিত বড় বাড়ির বাইরে টিনি হোম যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে একটি বিকল্প ধারণা হিসেবে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে বাড়ির ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে যারা ছোট পরিসরে নিজের আবাসন গড়ে তুলতে চান, তাদের কাছে এটি বিবেচনার একটি নতুন সুযোগ হতে পারে।
যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান
যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা
নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক
প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় নির্ধারিত দিনে পিছিয়ে যাওয়া ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড আজ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই আয়োজনে পারফর্ম করছেন কুইন লতিফা, এলএল কুল জে এবং কেকি পামারের মতো জনপ্রিয় তারকারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে থ্যাংকসগিভিংয়ের দিন প্যারেডটি স্থগিত করা হয়েছিল। তবে নির্ধারিত রুট অনুযায়ী ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইড থেকে শুরু হয়ে মেসিসের প্রধান হেরাল্ড স্কয়ার স্টোর পর্যন্ত প্রায় আড়াই মাইল পথ অতিক্রম করছে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। এবারের আয়োজনে রেকর্ডসংখ্যক ১০০টি বিশাল ইনফ্ল্যাটেবল বা বেলুন অংশ নিচ্ছে। নতুন বেলুনের তালিকায় রয়েছে ‘ব্লুই’ ও ‘হ্যালো কিটি বিগ অ্যাপল’-এর মতো চরিত্র। পাশাপাশি দর্শকদের চেনা ও প্রিয় পুরনো বেলুনগুলোর মধ্যে ফিরে এসেছে ‘আন্ডারডগ’ ও ‘ব্লু হিপ্পো’। পুরো প্যারেডটি সঞ্চালনা করছেন এনবিসির সাভানা গাথরি, হোদা কোটব এবং আল রোকার। নেটওয়ার্ক সূত্রে জানা গেছে, সব টাইম জোনে এনবিসি ও পিকক-এ অনুষ্ঠানটি সম্প্রচার ও স্ট্রিমিং করা হচ্ছে। এ ছাড়া টেলিমুন্ডোতেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন। 873 ডিএন
পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে
সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি

