সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

অভিবাসী শিশুদের আইনি সহায়তার ১৫ কোটি ডলারের চুক্তি ফিরিয়ে দিল ট্রাম্প-ঘনিষ্ঠ আইন প্রতিষ্ঠান

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ১২, ২০২৬ ২১:১১
অভিবাসী শিশুদের আইনি সহায়তার ফেডারেল চুক্তি ফিরিয়ে দিল টেক্সাসের একটি আইন প্রতিষ্ঠান। ছবি: সংগৃহীত
অভিবাসী শিশুদের আইনি সহায়তার ফেডারেল চুক্তি ফিরিয়ে দিল টেক্সাসের একটি আইন প্রতিষ্ঠান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বাবা-মা বা অভিভাবক ছাড়া সীমান্ত পেরিয়ে আসা অভিবাসী শিশুদের আইনি সহায়তা দেওয়ার জন্য ১৫ কোটি ডলারের একটি ফেডারেল চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট একটি আইন প্রতিষ্ঠান। ফলে হাজারো অভিবাসী শিশুর ভবিষ্যৎ আইনি প্রতিনিধিত্ব নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, টেক্সাসের হিউস্টনভিত্তিক বার্ক ল' গ্রুপকে এই চুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিল ট্রাম্প প্রশাসন। প্রতিষ্ঠানটির অভিবাসন আইন নিয়ে অভিজ্ঞতা খুবই সীমিত হলেও গত সপ্তাহে তাদের কাছে প্রায় ১৫ কোটি ডলারের চুক্তির প্রস্তাব পাঠানো হয়।

তবে বুধবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের অধীন শরণার্থী পুনর্বাসন দপ্তর (অফিস অব রিফিউজি রিসেটেলমেন্ট) জানায়, বার্ক ল' গ্রুপ চুক্তির জন্য আবেদন করতেই রাজি হয়নি। ফলে প্রতিষ্ঠানটিকে কোনো অনুদান বা চুক্তিও দেওয়া হয়নি।

 

এর আগে মঙ্গলবার রাতে বার্ক ল' গ্রুপ সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানায়, তারা চুক্তির একটি "ছোট অংশ" নেওয়ার বিষয়টি বিবেচনা করেছিল। তবে শেষ পর্যন্ত কেন তারা সরে দাঁড়িয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।

বার্ক ল' গ্রুপের প্রতিষ্ঠাতা মার্সেলা বার্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রশাসনে পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রতিষ্ঠানটির সঙ্গে ট্রাম্প প্রশাসনের আরও কয়েকজন সাবেক কর্মকর্তা ও রক্ষণশীল আইন বিশেষজ্ঞ যুক্ত রয়েছেন।

 

এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন ট্রাম্প প্রশাসন দেশজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক বহিষ্কার অভিযান জোরদার করছে। একই সঙ্গে জুলাইয়ের শেষ দিকে অভিবাসী শিশুদের আইনি সহায়তা দেওয়া প্রায় ১০০টি সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের দীর্ঘদিনের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। নতুন কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় শিশুদের আইনি সহায়তা ব্যবস্থা অনিশ্চয়তার মুখে পড়ে।

 

বর্তমানে একটি অস্থায়ী সংস্থা সীমিত সময়ের জন্য এসব শিশুর পক্ষে আদালতে আইনি প্রতিনিধিত্ব করছে। তবে তাদের চুক্তির মেয়াদও চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। এরপর কী হবে, সে বিষয়ে সরকার এখনো স্পষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ করেনি।

যুক্তরাষ্ট্রের আইনে বাবা-মা ছাড়া দেশে প্রবেশ করা শিশুদের জন্য বিশেষ সুরক্ষা রয়েছে। ২০০৮ সালের 'ট্র্যাফিকিং ভিকটিমস প্রোটেকশন রিঅথরাইজেশন অ্যাক্ট' অনুযায়ী, বহিষ্কার-সংক্রান্ত মামলায় এসব শিশুর জন্য সরকারের পক্ষ থেকে আইনি প্রতিনিধিত্বের ব্যবস্থা করতে হয়।

 

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ১ হাজার ৮০০ শিশু ফেডারেল আশ্রয়কেন্দ্রে রয়েছে। এছাড়া প্রায় ২২ হাজার শিশু, যারা বহিষ্কারের ঝুঁকিতে রয়েছে, তারা আত্মীয়স্বজন বা অন্যান্য স্পনসরের কাছে অবস্থান করছে এবং তাদেরও আইনি সহায়তার প্রয়োজন রয়েছে।

বার্ক ল' গ্রুপে ৩০ জনেরও কম আইনজীবী রয়েছেন। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, তাদের মধ্যে মাত্র দুজনের অভিবাসন আইন বিষয়ে উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে এত বড় দায়িত্ব দেওয়ার পরিকল্পনা নিয়ে শুরু থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল।

 

এদিকে বছরের শেষ পর্যন্ত অস্থায়ীভাবে ২ কোটি ডলারের একটি চুক্তি পেয়েছে 'ইউএস কমিটি ফর রিফিউজিস অ্যান্ড ইমিগ্র্যান্টস' (ইউএসসিআরআই)। তবে গত সপ্তাহে এই সংস্থার আইনজীবীরা অনেক ক্ষেত্রে যেসব শিশুর সঙ্গে এখনো দেখা করেননি, তাদের প্রতিনিধিত্বের দাবি নিয়ে আদালতে হাজির হলে বিচারক ও আইনজীবীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

 

অন্যদিকে, যেসব আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের আগের চুক্তির মেয়াদ শেষ হয়েছে, তারা সরকারের বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ, গত বছর থেকে কয়েক মাসের বিল সরকার পরিশোধ করেনি। গত ৬ আগস্ট ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত সরকারকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দেয়।

 

আকাসিয়া সেন্টার ফর জাস্টিসের যোগাযোগ পরিচালক বিলাল আসকারইয়ার জানিয়েছেন, সরকার ইতোমধ্যে বকেয়া নয় মাসের মধ্যে ছয় মাসের অর্থ পরিশোধ শুরু করেছে এবং বাকি অর্থও পরিশোধের প্রক্রিয়া চলছে।

 

আইনজীবীদের দাবি, একটি শিশু যাকে দীর্ঘদিন ধরে একজন আইনজীবী প্রতিনিধিত্ব করছেন, তাকে হঠাৎ করে অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা নৈতিক ও বাস্তবিক উভয় দিক থেকেই জটিল। তাই স্থায়ী ও কার্যকর সমাধান না হওয়া পর্যন্ত হাজারো অভিবাসী শিশুর আইনি সুরক্ষা অনিশ্চিতই থেকে যাচ্ছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
৭৬ বছর বয়সে মারা গেলেন নিউইয়র্ক স্টেট সিনেটের শীর্ষ নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিন্স
৭৬ বছর বয়সে মারা গেলেন নিউইয়র্ক স্টেট সিনেটের শীর্ষ নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিন্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্টেট সিনেটের মেজরিটি লিডার আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিন্স মারা গেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) ৭৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। নিউইয়র্কের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই নেত্রী ছিলেন অঙ্গরাজ্যটির সিনেটের প্রথম নারী এবং প্রথম কৃষ্ণাঙ্গ নারী মেজরিটি লিডার।   নিউইয়র্ক স্টেট সিনেটের ডেমোক্র্যাটিক মেজরিটির মুখপাত্র মাইক মারফি এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে মৃত্যুর কারণ ও বিস্তারিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।   আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিন্স ২০০৬ সালে নিউইয়র্ক স্টেট সিনেটে নির্বাচিত হন এবং ২০০৭ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন। ২০১২ সালে তিনি সিনেটের ডেমোক্র্যাটিক দলের মাইনরিটি লিডার নির্বাচিত হন। পরে ২০১৯ সালে ডেমোক্র্যাটরা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে তিনি মেজরিটি লিডারের দায়িত্ব পান। এর মধ্য দিয়ে নিউইয়র্কের আইনসভায় দীর্ঘদিনের নেতৃত্বের প্রচলিত কাঠামো ভেঙে ইতিহাস গড়েন তিনি।   তিনি নিউইয়র্কের ৩৫তম সিনেট ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করতেন। এই জেলার মধ্যে ইয়ঙ্কার্সসহ ওয়েস্টচেস্টার কাউন্টির কয়েকটি এলাকা রয়েছে। নিউইয়র্ক স্টেট সিনেটের ইতিহাসে তিনি    সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী ডেমোক্র্যাটিক মেজরিটি লিডার ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ভোটাধিকার, আবাসন, শিক্ষা, শ্রমিক অধিকার, অস্ত্র নিয়ন্ত্রণ এবং প্রজননস্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন আইন প্রণয়নে ভূমিকা রাখেন স্টুয়ার্ট-কাজিন্স। নিউইয়র্কে গাঁজা বৈধকরণ, ভাড়াটিয়াদের সুরক্ষা এবং গর্ভপাতের অধিকার সংরক্ষণসংক্রান্ত আইন প্রণয়নের ক্ষেত্রেও তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ছিল।   ২০২১ সালে তৎকালীন গভর্নর অ্যান্ড্রু কুওমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এবং নার্সিং হোমে করোনায় মৃত্যুর তথ্য প্রকাশ নিয়ে বিতর্কের মধ্যে তাঁকে পদত্যাগের আহ্বান জানানো প্রথম জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতাদের একজন ছিলেন স্টুয়ার্ট-কাজিন্স। পরে কুওমো গভর্নরের পদ থেকে সরে দাঁড়ান।   তাঁর মৃত্যুতে নিউইয়র্কের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল তাঁকে একজন ঐতিহাসিক নেতা হিসেবে উল্লেখ করে গভীর শোক জানিয়েছেন। নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিনও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন।   স্টুয়ার্ট-কাজিন্সের মৃত্যুতে নিউইয়র্ক স্টেট সিনেটের গুরুত্বপূর্ণ একটি নেতৃত্বের পদ শূন্য হয়েছে। তাঁর উত্তরসূরি নির্বাচনের বিষয়ে বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে বলে সিনেটের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। মৃত্যুকালে তিনি তিন সন্তান ও ছয় নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর স্বামী থমাস কাজিন্স ২০০৭ সালে মারা যান। সূত্র: এনবিসি নিউজ।

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ৬:২২
বন্যাকে ‘ঈশ্বরের ইঙ্গিত’ বললেন ট্রাম্প, গলফ কোর্স সংস্কারে আদালতের অনুমতি চান

বন্যাকে ‘ঈশ্বরের ইঙ্গিত’ বললেন ট্রাম্প, গলফ কোর্স সংস্কারে আদালতের অনুমতি চান

ভূমিকম্পের সময় স্ত্রীকে ফেলে পালালেন স্বামী, ক্ষোভে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন স্ত্রী

ভূমিকম্পের সময় স্ত্রীকে ফেলে পালালেন স্বামী, ক্ষোভে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন স্ত্রী

মারা গেলেন ‘মোহাম্মদ’ নামের কারণে ভারতীয় নাগরিকের হামলার শিকার সেই উবার চালক

মারা গেলেন ‘মোহাম্মদ’ নামের কারণে ভারতীয় নাগরিকের হামলার শিকার সেই উবার চালক

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পের পর ৪০টির বেশি আফটারশক, এক দোকানেই ওয়াইন ভেঙে ৫০ হাজার ডলারের ক্ষতি
ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পের পর ৪০টির বেশি আফটারশক, এক দোকানেই ওয়াইন ভেঙে ৫০ হাজার ডলারের ক্ষতি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস উপকূলে ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টির বেশি আফটারশক শনাক্ত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৮ নভেম্বর) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে বিভিন্ন দোকান ও বাড়িঘরে ক্ষয়ক্ষতি হয়েছে। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের কাচের জানালা ভেঙে যাওয়ার পাশাপাশি বিমান অবতরণেও বিঘ্ন ঘটেছে।   ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্প ও পরবর্তী কম্পনে লস অ্যাঞ্জেলেসের হারমোসা বিচ এলাকার বোচ্চাতো’স গ্রোসারিজ নামের একটি দোকানে কয়েক শ ওয়াইন ও মদের বোতল ভেঙে গেছে। এতে দোকানটির প্রায় ৪৫ থেকে ৫০ হাজার ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের সময় দোকানের তাক থেকে একের পর এক বোতল মেঝেতে পড়ে ভেঙে যাচ্ছে। প্রথম ভূমিকম্পের সময় দোকানটি খোলা না থাকলেও পরবর্তী কম্পনের সময় সেখানে ক্রেতারা উপস্থিত ছিলেন।   দোকানটির প্রতিনিধি জে হেরন বিবিসিকে জানান, কয়েক ঘণ্টার ব্যবধানে দুবার ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। ভূমিকম্পের সময় তাক থেকে পণ্য পড়ে যাওয়া ঠেকাতে দোকানটিতে কোনো সুরক্ষাব্যবস্থা ছিল না। এর আগে এমন ব্যবস্থার প্রয়োজন হয়নি বলেও জানান তিনি।   যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার ম্যানহাটন বিচ উপকূলে। মূল ভূমিকম্পের পর ৪০টির বেশি আফটারশক শনাক্ত হয়েছে। এসব কম্পনে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকায় দোকানপাট ও বাড়িঘরে ক্ষয়ক্ষতি হয়েছে।   ভূমিকম্পের পর পরিস্থিতি পর্যবেক্ষণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে বিভিন্ন ফায়ার স্টেশন থেকে কর্মীদের পাঠায় লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট। সংস্থাটি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কারও আহত হওয়ার কিংবা কোনো ভবনের কাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি। সংবাদ সূত্র: বিবিসি   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ০:৫৫
২ বছরের ডিগ্রি, বছরে ৮০ হাজার ডলারের বেশি মিডিয়ান বেতন! জানুন আমেরিকায় সম্ভাবনাময় ২ পেশা

২ বছরের ডিগ্রি, বছরে ৮০ হাজার ডলারের বেশি মিডিয়ান বেতন! জানুন আমেরিকায় সম্ভাবনাময় ২ পেশা

যুক্তরাষ্ট্রে হঠাৎ অসুস্থ হলে কোথায় যাবেন, ইমার্জেন্সি রুম নাকি আর্জেন্ট কেয়ার? জেনে নিন বিস্তারিত

যুক্তরাষ্ট্রে হঠাৎ অসুস্থ হলে কোথায় যাবেন, ইমার্জেন্সি রুম নাকি আর্জেন্ট কেয়ার? জেনে নিন বিস্তারিত

থ্যাংকসগিভিংয়ের দিন অনধিকার প্রবেশের অভিযোগে আলোচনায় আসে টার্কি পাখিটি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বিনা অনুমতিতে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ার দায়ে যুক্তরাষ্ট্রের কারাগারে ‘আটক’ এক টার্কি

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বন্ধুদের মধ্যে বিচিত্র নকশার প্যান্ট বিনিময়ের মজার আয়োজন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
বিমানবন্দরে নিজের প্যান্ট খুলে বন্ধুকে দিচ্ছেন যাত্রীরা, যুক্তরাষ্ট্রে নতুন মজার ট্রেন্ড!

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে ভ্রমণের আগে বন্ধুদের মধ্যে দেখা যাচ্ছে এক মজার প্রবণতা। একসঙ্গে ভ্রমণে যাওয়া বন্ধুরা সঙ্গে করে অতিরিক্ত প্যান্ট নিয়ে আসছেন। এরপর বিমানবন্দরেই একে অপরের সঙ্গে অদ্ভুত নকশা, বিচিত্র রং ও মজার সব প্যান্ট অদলবদল করছেন। প্যান্ট বদলের পর নতুন সাজে একে অপরের সামনে হাজির হওয়া এবং সবার হাসাহাসিতে তৈরি হচ্ছে আনন্দঘন মুহূর্ত।   যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ ২৮ নভেম্বর প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে এই ব্যতিক্রমী প্রবণতার কথা তুলে ধরেছে। প্রতিবেদনের শিরোনাম ছিল ‘Ugly Pants Exchange’ Trend Goes Viral Among Air Travelers। অর্থাৎ, বিমানযাত্রীদের মধ্যে কুৎসিত বা অদ্ভুত নকশার প্যান্ট অদলবদলের প্রবণতা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।   এই মজার আয়োজনের মূল বিষয় হলো, বন্ধুরা নিজেদের জন্য নয়, বরং একে অপরের জন্য বিচিত্র প্যান্ট নিয়ে আসছেন। বিমানবন্দরে দেখা হওয়ার পর শুরু হচ্ছে প্যান্ট বদলের পালা। কে কোন প্যান্ট পরবেন, তা আগে থেকে জানার সুযোগ নেই। ফলে নতুন প্যান্ট পরে একে অপরের প্রতিক্রিয়া দেখার মুহূর্তটিই হয়ে উঠছে এই আয়োজনের সবচেয়ে মজার অংশ।   সাধারণত বিমানবন্দরে ফ্লাইটের অপেক্ষায় যাত্রীরা ব্যস্ত থাকেন লাগেজ সামলানো, নিরাপত্তা পরীক্ষা এবং বোর্ডিংয়ের প্রস্তুতি নিয়ে। তবে বন্ধুদের এই ব্যতিক্রমী উদ্যোগ অপেক্ষার সময়কে পরিণত করছে আনন্দ ও হাসির উপলক্ষে। একই সঙ্গে প্যান্ট বদলের এসব মুহূর্ত ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় বিষয়টি আরও বেশি মানুষের নজরে আসছে।   ভ্রমণকে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে বন্ধুদের সঙ্গে আনন্দময় স্মৃতি তৈরির এমন উদ্যোগই এই প্রবণতার বিশেষত্ব। বিচিত্র পোশাক, অপ্রত্যাশিত চমক এবং বন্ধুদের হাস্যরসাত্মক প্রতিক্রিয়া—সব মিলিয়ে বিমানবন্দরের অপেক্ষার সময়েও যোগ হচ্ছে ভিন্ন মাত্রা।   সূত্র: এবিসি নিউজ, ২৮ নভেম্বর ২০২৬।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ২২:৩
নিউ ইয়র্কের কুইন্সে গুলিবর্ষণের ঘটনার পর ঘটনাস্থলে তদন্ত করছে পুলিশ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নিউ ইয়র্কের কুইন্সে প্রকাশ্যে গুলিবর্ষণে নিহত ১ ও আহত ২, নিরাপত্তা নিয়ে উদ্বেগে স্থানীয় বাসিন্দারা

ইউএসসিআইএসের নীতিমালা অনুযায়ী ছয়টি নির্দিষ্ট শ্রেণির অপরাধে জড়িত বিদেশিদের জন্য মার্কিন নাগরিকত্ব আজীবন নিষিদ্ধ করা হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেতে স্থায়ী বাধা হতে পারে যে ৬ ধরনের অপরাধ ও কর্মকাণ্ড

লাস ভেগাসে সীমিত আয়ের পরিবারগুলোর জন্য সাশ্রয়ী মূল্যে বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে ক্লার্ক কাউন্টি প্রশাসন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে স্বল্প আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সুযোগ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...