সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ট্রাম্পের হস্তক্ষেপে এনভিডিয়ায় ফিরলেন জেনসেন হুয়াং, তবু তদন্তে অনড় কংগ্রেস

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ১২:৪৯
ট্রাম্পের হস্তক্ষেপে এনভিডিয়ায় ফিরলেন জেনসেন হুয়াং, তবু তদন্তে অনড় কংগ্রেস
ট্রাম্পের হস্তক্ষেপে এনভিডিয়ায় ফিরলেন জেনসেন হুয়াং, তবু তদন্তে অনড় কংগ্রেস

চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত সন্দেহভাজন এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে পদত্যাগের মাত্র ১১ দিনের মাথায় চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়ার প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালনা পর্ষদের পরিচালক পদে পুনর্বহাল হয়েছেন ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং।

 

আজ সোমবার (২৩ নভেম্বর) এনভিডিয়ার পরিচালনা পর্ষদ সর্বসম্মত ভোটে তাঁকে পুনর্নিয়োগের এই চমকপ্রদ সিদ্ধান্ত নেয়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপে নেওয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট ও চীনবিরোধী কঠোরপন্থী রিপাবলিকান আইনপ্রণেতারা। পর্ষদের সিদ্ধান্ত উপেক্ষা করেই নির্ধারিত সূচি অনুযায়ী হুয়াংকে জিজ্ঞাসাবাদ এবং পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস।

 

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ সোমবার এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তারা নিশ্চিত হয়েছে যে হুয়াংয়ের প্রত্যাবর্তনে জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। পর্ষদের এই বক্তব্যের পরপরই মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের হস্তক্ষেপের বিষয়টি স্পষ্ট করেন।

 

তিনি জানান, প্রশাসন যা চেয়েছিল এনভিডিয়ার পর্ষদ সেটিই করেছে এবং তিনি পর্ষদকে যথেষ্ট আশ্বাস দিয়েছেন। হুয়াংকে পদে রাখা কোনো হুমকি নয়, বরং তাঁকে হারানোই দেশের জন্য বড় হুমকি বলে মন্তব্য করেন ট্রাম্প। এ ছাড়া নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ নিশ্চিত করেছেন যে হুয়াংয়ের বিরুদ্ধে বেআইনি কোনো কর্মকাণ্ডের প্রমাণ সরকারের হাতে নেই।

 

হোয়াইট হাউসের এমন অবস্থানের পরও কংগ্রেসের উভয় দলের আইনপ্রণেতারা হুয়াংয়ের জবাবদিহি নিশ্চিত করতে অনড় রয়েছেন। প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, আগামী ১ ডিসেম্বর প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির সামনে রুদ্ধদ্বার কক্ষে শপথ নিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে জেনসেন হুয়াংকে। এর পরপরই আগামী ৩ ডিসেম্বর সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর টিম স্কটের নেতৃত্বাধীন সিনেট ব্যাংকিং কমিটির প্রকাশ্য শুনানিতেও তাঁকে হাজির হতে হবে।

 

এনভিডিয়া পর্ষদের এই নাটকীয় সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে সিনেটের সংখ্যালঘু নেতা ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের জাতীয় নিরাপত্তার চেয়ে নিজের আর্থিক স্বার্থ এবং বিলিয়নিয়ার বন্ধুদের চাহিদাকেই বড় করে দেখছেন। আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর ডেমোক্র্যাটরা পূর্ণ শক্তি প্রয়োগ করে ট্রাম্প প্রশাসন, জেনসেন হুয়াং ও এনভিডিয়ার কর্মকর্তাদের যেকোনো অনিয়মের তদন্ত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন এই পদক্ষেপকে ‘বেপরোয়া’ আখ্যা দিয়ে বলেন, হুয়াং ও এনভিডিয়াকে এখনো কংগ্রেসের প্রশ্নের জবাব দিতে হবে। একই সুরে ক্ষোভ প্রকাশ করে মিশিগানের রিপাবলিকান প্রতিনিধি বিল হুইজেঙ্গা বলেন, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াং একজন চীনা গুপ্তচর ছিলেন এবং এখনো আছেন; তাই চীন যাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মার্কিন প্রযুক্তি চুরি করতে না পারে, সে বিষয়ে কঠোর হওয়া জরুরি।

 

নেব্রাস্কার রিপাবলিকান প্রতিনিধি ডন বেকন বলেন, হুয়াং একজন চীনা গুপ্তচরের দ্বারা আপসকামী ও ব্যবহৃত হয়েছেন। টেক্সাসের রিপাবলিকান সিনেটর জন কর্নিনও জাতীয় নিরাপত্তার ঝুঁকি না থাকার দাবির ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

উল্লেখ্য, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘মেগাস্পিড’-এর সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করার পর গত ১২ নভেম্বর এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন জেনসেন হুয়াং। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, অ্যালিস হুয়াং চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে কাজ করছিলেন এবং মেগাস্পিডের বিরুদ্ধে অবৈধভাবে চীনে এনভিডিয়ার উন্নত এআই চিপ পাচারের অভিযোগে ফেডারেল তদন্ত চলছে।

 

যদিও পেন্টাগন ও কংগ্রেসের উদ্বেগ এখনো কাটেনি, তবে ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীরা হুয়াংয়ের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন; যার ফলে সোমবার এনভিডিয়ার শেয়ারের দর প্রায় ২৬ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে বাড়ির দাম, মর্টগেজের কিস্তি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেকের জন্য নিজের বাড়ি কেনা কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বিকল্প আবাসন ব্যবস্থা হিসেবে আলোচনায় আসছে ছোট আকারের বাড়ি, যা পরিচিত ‘টিনি হোম’ নামে।   মাত্র কয়েকশ বর্গফুটের এসব বাড়িতে থাকতে পারে ছোট্ট একটি রান্নাঘর, বেডরুম, বাথরুম এবং বসার ঘর। আধুনিক নকশায় সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে তৈরি করা হয় এসব বাড়ি। অনেক বাড়িতে থাকে বহুমুখী আসবাব, ভাঁজ করা টেবিল, সিঁড়ির নিচে স্টোরেজ এবং ছাদের কাছাকাছি আলাদা ঘুমানোর ব্যবস্থা।   টিনি হোমের বিশেষত্ব হলো, তুলনামূলক ছোট জায়গায় প্রয়োজনীয় সব আবাসন সুবিধা একসঙ্গে পাওয়া। কিছু বাড়ি চাকার ওপর তৈরি করা হয়, ফলে সেগুলো প্রয়োজনে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। আবার কিছু বাড়ি স্থায়ী ভিত্তির ওপর নির্মাণ করা হয়। নির্মাণের ধরন, আকার, উপকরণ ও অবস্থান অনুযায়ী এসব বাড়ির দাম ভিন্ন হয়ে থাকে।   শুধু টিনি হোম নয়, যুক্তরাষ্ট্রে ছোট আকারের স্বতন্ত্র আবাসন ইউনিট বা অ্যাকসেসরি ডুয়েলিং ইউনিটের (এডিইউ) প্রতিও আগ্রহ বাড়ছে। মূল বাড়ির পেছনে, পাশে কিংবা গ্যারেজের জায়গায় তৈরি করা যায় এসব ছোট বাড়ি। এগুলো পরিবারের সদস্যদের থাকার পাশাপাশি ভাড়া দেওয়ার জন্যও ব্যবহার করা হয়।   পিউ চ্যারিটেবল ট্রাস্টের ২০২৬ সালের অক্টোবরের এক গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ২০২৫ সালে এডিইউ নির্মাণের জন্য ৬১ হাজার ৬৫৫টি পারমিট দেওয়া হয়েছে। ২০১৬ সালে এই সংখ্যা ছিল মাত্র ৪ হাজার ৯৬২। অর্থাৎ এক দশকের ব্যবধানে এ ধরনের আবাসন নির্মাণের অনুমোদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই পরিসংখ্যান এডিইউ-সংক্রান্ত, সরাসরি টিনি হোমের সংখ্যা নয়।   ছোট বাড়ির প্রতি আগ্রহ বাড়ার পেছনে রয়েছে আবাসন ব্যয় কমানো, সীমিত জায়গার কার্যকর ব্যবহার এবং তুলনামূলক সহজ জীবনযাপনের আকাঙ্ক্ষা। অনেকেই বড় বাড়ির পরিবর্তে ছোট পরিসরে বসবাস করে রক্ষণাবেক্ষণ ও অন্যান্য খরচ কমানোর বিষয়টি বিবেচনা করছেন।   তবে যুক্তরাষ্ট্রের সব এলাকায় সব ধরনের টিনি হোম নির্মাণ বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি নেই। স্থানীয় জোনিং আইন, ভবন নির্মাণের বিধিমালা, জমির ব্যবহার, ন্যূনতম আকার এবং নিরাপত্তাসংক্রান্ত শর্তের ওপর অনুমোদন নির্ভর করে। চাকার ওপর তৈরি বাড়ি এবং স্থায়ী ভিত্তির ওপর নির্মিত বাড়ির ক্ষেত্রেও নিয়ম আলাদা হতে পারে।   সব মিলিয়ে, প্রচলিত বড় বাড়ির বাইরে টিনি হোম যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে একটি বিকল্প ধারণা হিসেবে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে বাড়ির ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে যারা ছোট পরিসরে নিজের আবাসন গড়ে তুলতে চান, তাদের কাছে এটি বিবেচনার একটি নতুন সুযোগ হতে পারে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৩:১৯
যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় পিছিয়ে যাওয়ার পর শুরু হলো ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড। ছবি: সংগৃহীত
নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন

প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় নির্ধারিত দিনে পিছিয়ে যাওয়া ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড আজ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই আয়োজনে পারফর্ম করছেন কুইন লতিফা, এলএল কুল জে এবং কেকি পামারের মতো জনপ্রিয় তারকারা।   আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে থ্যাংকসগিভিংয়ের দিন প্যারেডটি স্থগিত করা হয়েছিল। তবে নির্ধারিত রুট অনুযায়ী ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইড থেকে শুরু হয়ে মেসিসের প্রধান হেরাল্ড স্কয়ার স্টোর পর্যন্ত প্রায় আড়াই মাইল পথ অতিক্রম করছে এই বর্ণাঢ্য শোভাযাত্রা।   এবারের আয়োজনে রেকর্ডসংখ্যক ১০০টি বিশাল ইনফ্ল্যাটেবল বা বেলুন অংশ নিচ্ছে। নতুন বেলুনের তালিকায় রয়েছে ‘ব্লুই’ ও ‘হ্যালো কিটি বিগ অ্যাপল’-এর মতো চরিত্র। পাশাপাশি দর্শকদের চেনা ও প্রিয় পুরনো বেলুনগুলোর মধ্যে ফিরে এসেছে ‘আন্ডারডগ’ ও ‘ব্লু হিপ্পো’।   পুরো প্যারেডটি সঞ্চালনা করছেন এনবিসির সাভানা গাথরি, হোদা কোটব এবং আল রোকার। নেটওয়ার্ক সূত্রে জানা গেছে, সব টাইম জোনে এনবিসি ও পিকক-এ অনুষ্ঠানটি সম্প্রচার ও স্ট্রিমিং করা হচ্ছে। এ ছাড়া টেলিমুন্ডোতেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন।   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১২:০
পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্র (এসএলসিএম-এন) উন্নয়নে রেথনের সঙ্গে চুক্তি করেছে মার্কিন নৌবাহিনী। ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে

এআর-১৫সহ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার নিয়ে বড় আইনি লড়াইয়ে মার্কিন সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি

বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

ডিসেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ, বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

যুক্তরাজ্যের আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির কাছে অশনাক্ত ড্রোন প্রতিহত; ইরানের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ। ছবি: সংগৃহীত
ব্রিটেনের বিমানঘাঁটিতে একাধিক ড্রোন প্রতিহত করেছে মার্কিন বাহিনী, নেপথ্যে কি ইরান?

যুক্তরাজ্যের সাফোক অঞ্চলে অবস্থিত আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির কাছে একাধিক অশনাক্ত ড্রোনের উপস্থিতি ও সেগুলো প্রতিহত করার ঘটনায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। চলতি মাসের শুরুতে ঘটা এই ঘটনায় ইরানের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে সন্দেহ করা হলেও, ড্রোনগুলো উদ্ধার করা সম্ভব না হওয়ায় সেগুলোর উৎস ও উদ্দেশ্য এখনো অস্পষ্ট রয়ে গেছে। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, গত ১৩ নভেম্বর রাতে ঘাঁটির আকাশে সন্দেহভাজন অননুমোদিত ড্রোন কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও মার্কিন বা ব্রিটিশ কোনো পক্ষই ড্রোনগুলো উদ্ধার করতে পারেনি। তবে এ ঘটনায় কোনো সেনাসদস্য, যুদ্ধবিমান বা অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে মার্কিন বিমান বাহিনী। ড্রোনগুলো শত্রুতাপূর্ণ ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।   ঘটনার সময় ঘাঁটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল এবং সাইরেন বাজিয়ে কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছিল। ঘাঁটির নিরাপত্তায় ব্রিটিশ বাহিনীকেও মোতায়েন করা হয়। ইউরোপে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় যুদ্ধবিমান অভিযান পরিচালিত হয় আরএএফ লেকেনহিথ থেকেই, যেখানে প্রায় সাত হাজার কর্মী কর্মরত রয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, ড্রোনগুলো আটকাতে মার্কিন কাউন্টার-ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হলেও অপারেশনাল নিরাপত্তার স্বার্থে কোন ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি যুক্তরাষ্ট্র। এ বিষয়ে হোয়াইট হাউস ও পেন্টাগনের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।   এই ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার গুঞ্জন উঠলেও এখন পর্যন্ত তেহরানের ভূমিকা প্রমাণিত হয়নি। ড্রোন উদ্ধার না হওয়ায় কে বা কারা এগুলো পরিচালনা করেছিল এবং এর লক্ষ্য কী ছিল, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। সাম্প্রতিক সময়ে ব্রিটেনের অন্যান্য সামরিক ঘাঁটি—যেমন আরএএফ ফেয়ারফোর্ড ও আরএএফ মাইল্ডেনহল ঘিরে নিরাপত্তা সতর্কতা ও ইরান-সংশ্লিষ্ট হুমকির প্রেক্ষাপটে যুদ্ধবিমান সরিয়ে নেওয়ার মতো ঘটনাও সামনে এসেছে। যদিও তেহরান এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে, তবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে নজরদারি ও ড্রোনবিরোধী সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।   সূত্র: দ্য সানডে গার্ডিয়ান   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৮:৫৩
গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব, বিপাকে পড়তে পারেন বাংলাদেশি প্রবাসীরা

ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

তরুণ প্রজন্মকে নিজ দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা! তীব্র হচ্ছে বিতর্ক

তরুণ প্রজন্মকে নিজ দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা! তীব্র হচ্ছে বিতর্ক

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...