সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ে রেকর্ড সংখ্যক ভ্রমণের তিন বছর পর অতিরিক্ত বিমান ভাড়ার প্রভাবে ভ্রমণকারী কমার পূর্বাভাস

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ৯:১৮
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ে রেকর্ড সংখ্যক ভ্রমণের তিন বছর পর অতিরিক্ত বিমান ভাড়ার প্রভাবে ভ্রমণকারী কমার পূর্বাভাস
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ে রেকর্ড সংখ্যক ভ্রমণের তিন বছর পর অতিরিক্ত বিমান ভাড়ার প্রভাবে ভ্রমণকারী কমার পূর্বাভাস

যুক্তরাষ্ট্রে এবারের থ্যাংকসগিভিং উপলক্ষে প্রায় ৮ কোটি ১৫ লাখ মানুষ ভ্রমণের পরিকল্পনা করছেন। গত বছরের তুলনায় প্রায় ১ লাখ ২১ হাজার মানুষ কম ভ্রমণ করতে পারেন। এর ফলে টানা তিন বছর রেকর্ডসংখ্যক ভ্রমণের পর এবার প্রথমবার ভ্রমণকারীর সংখ্যা কিছুটা কমার পূর্বাভাস পাওয়া গেছে। মূলত বিমানভাড়া ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অনেক পরিবার ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনছে বলে জানিয়েছে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ)।

 

সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এএএর বার্ষিক পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে। সোমবার (২৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ডব্লিউইএসএইচ টু নিউজ নতুন করে ভ্রমণ পরিস্থিতি ও যানজটের সম্ভাব্য সময় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

 

এবার যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং পালিত হবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। এই উপলক্ষে ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সাত দিনের ছুটির সময়কে ভ্রমণের মৌসুম হিসেবে বিবেচনা করেছে এএএ।

 

সংস্থাটির হিসাবে, এই সময়ে বাড়ি থেকে অন্তত ৫০ মাইল বা প্রায় ৮০ কিলোমিটার দূরে ভ্রমণ করবেন এমন মানুষের সংখ্যা প্রায় ৮ কোটি ১৫ লাখ হতে পারে।

 

গত বছর একই সময়ে প্রায় ৮ কোটি ১৬ লাখ মানুষ ভ্রমণ করেছিলেন। সেই হিসাবে এবার ভ্রমণকারীর সংখ্যা প্রায় শূন্য দশমিক ১ শতাংশ কমতে পারে।

 

এএএ জানিয়েছে, ২০২৩ সাল থেকে টানা তিন বছর থ্যাংকসগিভিং উপলক্ষে ভ্রমণকারীর সংখ্যা নতুন রেকর্ড তৈরি করেছিল। এবার সেই ধারায় সামান্য পরিবর্তন আসতে পারে।

 

তবে ভ্রমণকারীর সংখ্যা কমলেও যুক্তরাষ্ট্রের মহাসড়ক ও বিমানবন্দরে ভিড় উল্লেখযোগ্যভাবে কমবে না।

 

এএএ ট্রাভেলের ভাইস প্রেসিডেন্ট স্টেসি বারবার জানিয়েছেন, পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য থ্যাংকসগিভিংয়ে বহু মানুষ দূরদূরান্তে ভ্রমণ করেন। এবার ভ্রমণ খরচ বেড়ে যাওয়ায় কিছু মানুষ পরিকল্পনা পরিবর্তন করলেও সড়ক ও বিমানবন্দরে প্রায় রেকর্ডসংখ্যক যাত্রীর উপস্থিতি থাকবে।

 

এবারও সবচেয়ে বেশি মানুষ ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ করবেন। এএএর হিসাবে, প্রায় ৭ কোটি ২৯ লাখ মানুষ সড়কপথে যাতায়াত করবেন। গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় দুই লাখ কম।

 

সংস্থাটি জানিয়েছে, থ্যাংকসগিভিংয়ের মোট ভ্রমণকারীর প্রায় ৯০ শতাংশই গাড়িতে যাতায়াত করবেন।

 

গাড়িতে ভ্রমণের খরচ বেড়ে যাওয়ার অন্যতম কারণ জ্বালানির উচ্চমূল্য। চলতি বছর যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

 

এএএর তথ্য অনুযায়ী, নভেম্বরে জাতীয় পর্যায়ে প্রতি গ্যালন পেট্রলের গড় দাম প্রায় ৩ ডলার ৮১ সেন্টে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা অনেক বেশি।

 

অন্যদিকে বিমানভ্রমণেও খরচ বেড়েছে। এএএর পূর্বাভাস অনুযায়ী, এবার প্রায় ৫৯ লাখ ৬০ হাজার মানুষ অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণ করবেন। গত বছরের তুলনায় এই সংখ্যা শূন্য দশমিক ২ শতাংশ কম।

 

এএএর মাধ্যমে বুক করা অভ্যন্তরীণ রাউন্ডট্রিপ ফ্লাইটের গড় টিকিটমূল্য প্রায় ৮০০ ডলার। গত বছরের তুলনায় যা ১৭ শতাংশ বেশি।

 

বিমানভাড়া বৃদ্ধির পেছনে জেট ফুয়েলের উচ্চমূল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি লাগেজ ফি ও অন্যান্য অতিরিক্ত খরচও যাত্রীদের ভ্রমণ বাজেটে চাপ তৈরি করছে।

 

তবে গাড়ি ও বিমানে ভ্রমণ কিছুটা কমলেও বাস, ট্রেন এবং ক্রুজে ভ্রমণের আগ্রহ বেড়েছে।

 

এএএর হিসাবে, এবার প্রায় ২৬ লাখ মানুষ এসব মাধ্যমে ভ্রমণ করবেন। গত বছরের তুলনায় যা ৪ দশমিক ১ শতাংশ বেশি।

 

বিশেষ করে দীর্ঘ ছুটিকে কাজে লাগিয়ে অনেক পরিবার ক্রুজ ভ্রমণ বেছে নিচ্ছে।

 

এদিকে থ্যাংকসগিভিংয়ের আগে ও পরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।

 

পরিবহন তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইনরিক্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) এবং বুধবার (২৫ নভেম্বর) সবচেয়ে বেশি মানুষ ছুটির গন্তব্যের উদ্দেশে রওনা হবেন।

 

মঙ্গলবার দুপুর ২টা থেকে রাত ৮টা এবং বুধবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সড়কে যানজট বেশি হতে পারে।

 

অন্যদিকে ছুটি শেষে রোববার (২৯ নভেম্বর) ও সোমবার (৩০ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ফেরার পথে যানজটের আশঙ্কা রয়েছে।

 

নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস ও বোস্টনের মতো বড় শহরে যানজট স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণের বেশি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

বিশেষ করে নিউইয়র্ক থেকে লং আইল্যান্ডের হ্যাম্পটনস এবং ওয়াশিংটন ডিসি থেকে বাল্টিমোরগামী গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

 

এএএ যাত্রীদের সম্ভব হলে সকালবেলা যাত্রা শুরু করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি গাড়ির টায়ার, ব্যাটারি, ইঞ্জিনের তরল এবং জ্বালানির অবস্থা পরীক্ষা করে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

গত বছরের থ্যাংকসগিভিং মৌসুমে পাঁচ লাখের বেশি জরুরি সড়ক সহায়তার অনুরোধ পেয়েছিল এএএ। এসবের মধ্যে গাড়ির ব্যাটারি নষ্ট হওয়া, টায়ার পাংচার, জ্বালানি শেষ হওয়া এবং গাড়ি টেনে নেওয়ার প্রয়োজনীয়তা ছিল।

 

এদিকে এবারের থ্যাংকসগিভিংয়ে সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্যের তালিকায় শীর্ষে রয়েছে ফ্লোরিডা।

 

এএএর বুকিং তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গন্তব্যের মধ্যে অরল্যান্ডো, ফোর্ট লডারডেল ও মায়ামি প্রথম তিনটি স্থানে রয়েছে।

 

এরপর রয়েছে ক্যালিফোর্নিয়ার আনাহাইম ও লস অ্যাঞ্জেলেস এবং নিউইয়র্ক শহর।

 

আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে হাঙ্গেরির বুদাপেস্ট, মেক্সিকোর কানকুন এবং ফ্রান্সের প্যারিস জনপ্রিয়তার তালিকায় এগিয়ে রয়েছে।

 

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিসহ যেসব পরিবার থ্যাংকসগিভিং উপলক্ষে অন্য অঙ্গরাজ্যে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য ভ্রমণের সময় ও খরচ আগে থেকে যাচাই করা গুরুত্বপূর্ণ।

 

বিশেষ করে বিমানযাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা, লাগেজের নিয়ম এবং বিমানবন্দরে পৌঁছানোর সময় সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন।

 

আর গাড়িতে ভ্রমণের ক্ষেত্রে যানজটের সম্ভাব্য সময় এড়িয়ে চলা এবং পর্যাপ্ত বিরতি নিয়ে যাত্রা করার পরামর্শ দিয়েছে এএএ।

 

সংস্থাটি জানিয়েছে, এবারের ভ্রমণকারীর সংখ্যা সামান্য কমলেও থ্যাংকসগিভিং যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত ভ্রমণ মৌসুম হিসেবেই থাকছে।

 

সংবাদসূত্র

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন,  ডব্লিউইএসএইচ টু নিউজ


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য
থ্যাঙ্কসগিভিং ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, চলছে পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ ফেরানোর কাজ

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে থ্যাঙ্কসগিভিং ছুটির ঝড়ের তাণ্ডবের পর ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। প্রবল বাতাস, ভারী বর্ষণ ও তুষারপাতের পর কয়েক লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ ধীরে ধীরে পুনঃস্থাপন করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিচ্ছন্নতা ও উদ্ধার তৎপরতা চলছে।   নিউইয়র্ক থেকে ভার্জিনিয়া পর্যন্ত একাধিক অঙ্গরাজ্যে ঝড়ের প্রভাবে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে। জলাবদ্ধতা ও বন্যার কারণে বিভিন্ন স্থানে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে জরুরি সেবা সংস্থাকে অভিযান চালাতে হয়েছে। পাশাপাশি ছুটির সময়ে সড়ক ও আকাশপথে যাতায়াতে বড় ধরনের বিঘ্ন ঘটে এবং বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়।   আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব উপকূলে আঘাত হানা নিম্নচাপ ব্যবস্থাটি ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে সরে যাচ্ছে। এর প্রভাবে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি এবং কোথাও কোথাও হিমাঙ্কের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিউ জার্সি থেকে ভার্জিনিয়া পর্যন্ত বেশ কয়েকটি অঙ্গরাজ্যে উপকূলীয় বন্যার সতর্কতাও জারি করা হয়েছে।   এদিকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে। জোয়ারের উচ্চ ঢেউয়ে সৃষ্ট বন্যায় ক্যালিফোর্নিয়া উপকূলের ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। উত্তরের হামবোল্ট কাউন্টি থেকে শুরু করে লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি ভেনচুরা কাউন্টি পর্যন্ত রেকর্ড উচ্চ জোয়ারের কারণে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।   সব মিলিয়ে থ্যাঙ্কসগিভিংয়ের উৎসবের আমেজের মধ্যেই দুই উপকূলের লাখো মানুষ এখন স্বাভাবিক জীবনযাত্রা ও অবকাঠামো সচল করার চেষ্টায় ব্যস্ত। সূত্র: আল জাজিরা।   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৩:৫২
যুক্তরাষ্ট্রে আরও এক হাজারের বেশি পুলিশ অফিসার নিয়োগ, ১৫ কোটি ডলার বরাদ্দ

যুক্তরাষ্ট্রে আরও এক হাজারের বেশি পুলিশ অফিসার নিয়োগ, ১৫ কোটি ডলার বরাদ্দ

মার্কিন নাগরিকের স্ত্রী তবুও আইসিইর হেফাজতে, ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সহযোগিতা চেয়ে ভিডিও স্বামীর

মার্কিন নাগরিকের স্ত্রী তবুও আইসিইর হেফাজতে, ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সহযোগিতা চেয়ে ভিডিও স্বামীর

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে আহত মামদানি, পায়ে অস্ত্রোপচার শুক্রবার

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে আহত মামদানি, পায়ে অস্ত্রোপচার শুক্রবার

করোনা মহামারিকালীন সরকারি কর সহায়তা তহবিল জালিয়াতির মামলায় ফেডারেল আদালতে দোষ স্বীকার করেছেন নিউ ইয়র্কের বাবা ও ছেলে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
কোভিডকালীন কর সুবিধা নিয়ে ৬০ কোটি ডলারের জালিয়াতি, দোষ স্বীকার নিউ ইয়র্কের বাবা-ছেলের

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারির সময় ব্যবসাপ্রতিষ্ঠান ও কর্মীদের জন্য বরাদ্দ সরকারি কর-সুবিধা নিয়ে ৬০ কোটি ডলারের বেশি জালিয়াতির ঘটনায় দোষ স্বীকার করেছেন নিউইয়র্কের এক বাবা ও তাঁর ছেলে। ভুয়া তথ্য দিয়ে ৮ হাজারের বেশি কর রিটার্ন জমা দেওয়ার মাধ্যমে এই অর্থ দাবি করেছিলেন তাঁরা। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, জালিয়াতির মাধ্যমে দাবি করা অর্থের মধ্যে প্রায় ৪ কোটি ৬০ লাখ ডলার ইতিমধ্যে পরিশোধ করেছে অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা (আইআরএস)। এখন তাঁদের কারাদণ্ডের মেয়াদ নির্ধারণ করবেন ফেডারেল আদালত।   অভিযুক্ত বাবা কেইথ উইলিয়ামসের বয়স ৪৮ বছর এবং ছেলে জামারি লুইসের বয়স ২৮ বছর। দুজনই নিউইয়র্কের ওয়েস্ট হেম্পস্টেড এলাকার বাসিন্দা। বিচার বিভাগের তথ্য অনুযায়ী, উইলিয়ামসের মালিকানাধীন ‘ক্রেডিট রিসেট’ নামের একটি ঋণসংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হতো। বাবা ও ছেলে কর প্রস্তুতকারক হিসেবে নিজেদের এবং গ্রাহকদের পক্ষে আইআরএসের কাছে ভুয়া কর্মসংস্থান করের রিটার্ন জমা দিতেন। এতে করোনাকালীন বিভিন্ন কর-সুবিধা পাওয়ার জন্য মিথ্যা তথ্য ব্যবহার করা হয়েছিল।   মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত ৮ হাজারের বেশি ভুয়া কর রিটার্ন জমা দেওয়া হয়। এসব রিটার্নে কর্মীদের অসুস্থতাজনিত ছুটি ও পারিবারিক ছুটির জন্য বরাদ্দ কর-সুবিধা প্রকৃত মজুরির তুলনায় বেশি দেখানো হয়েছিল। কোথাও একই মজুরি একাধিক ধরনের ছুটির সুবিধা পাওয়ার জন্য দেখানো হয়। আবার একই কর্মীর মজুরির বিপরীতে অসুস্থতা ও পারিবারিক ছুটির কর-সুবিধার পাশাপাশি কর্মী ধরে রাখার কর-সুবিধাও দাবি করা হয়েছিল। এসব দাবি যুক্তরাষ্ট্রের প্রচলিত কর আইনের সঙ্গে সাংঘর্ষিক ছিল বলে জানিয়েছে বিচার বিভাগ।   করোনাভাইরাস মহামারির সময় ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে কর্মীদের চাকরিতে ধরে রাখতে উৎসাহিত করার জন্য কর্মী ধরে রাখার কর-সুবিধা চালু করেছিল মার্কিন কংগ্রেস। পাশাপাশি অসুস্থতা বা পারিবারিক কারণে কর্মস্থলে যেতে না পারা কর্মীদের বেতন পরিশোধের ক্ষেত্রে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে পৃথক কর-সুবিধাও দেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী, এই দুটি সরকারি কর্মসূচির সুযোগ কাজে লাগিয়েই জালিয়াতির পরিকল্পনা করা হয়। সরকারি কোষাগার থেকে অর্থ পাওয়ার পাশাপাশি গ্রাহকদের কাছ থেকেও ফেরত পাওয়া অর্থের একটি অংশ ফি হিসেবে নিতেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।   বিচার বিভাগের ২৪ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কেইথ উইলিয়ামস ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্রকে প্রতারণার ষড়যন্ত্র এবং ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহার করে প্রতারণার অভিযোগে দোষ স্বীকার করেন। প্রথম অভিযোগে তাঁর সর্বোচ্চ পাঁচ বছর এবং দ্বিতীয় অভিযোগে সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে। অন্যদিকে, জামারি লুইস ১৯ নভেম্বর ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহার করে প্রতারণার একটি অভিযোগে দোষ স্বীকার করেন। এ অভিযোগে তাঁরও সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে। তবে এগুলো সর্বোচ্চ সম্ভাব্য সাজা, প্রকৃত কারাদণ্ডের মেয়াদ এখনো নির্ধারিত হয়নি।   দোষ স্বীকারের চুক্তি অনুযায়ী, বাবা ও ছেলেকে আইআরএসকে মোট ৪ কোটি ৬৭ লাখ ৫৬ হাজার ৮৪ ডলার ৮৯ সেন্ট ফেরত দিতে হবে। এ ছাড়া উইলিয়ামস জালিয়াতির মাধ্যমে পাওয়া প্রায় ৪৮ লাখ ৪৯ হাজার ডলার এবং লুইস ৬ লাখ ৭১ হাজার ডলারের বেশি অর্থ বাজেয়াপ্ত করতে সম্মত হয়েছেন। লুইসের সাজা ঘোষণার শুনানি আগামী ১৯ এপ্রিল ২০২৭ নির্ধারণ করা হয়েছে। তবে উইলিয়ামসের সাজা ঘোষণার তারিখ এখনো জানানো হয়নি।   এ ঘটনায় জড়িত আরও দুজন আগে দোষ স্বীকার করেছেন। তাঁদের মধ্যে জেনিন ডেভিস মে মাসে ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহার করে প্রতারণার অভিযোগে দোষ স্বীকার করেন। একই মামলায় টিফানি উইলিয়ামসও দোষ স্বীকারের পর ৩৬ মাসের কারাদণ্ড পেয়েছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, আইআরএসের অপরাধ তদন্ত বিভাগ, ডাক পরিদর্শন বিভাগ এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস যৌথভাবে ঘটনাটির তদন্ত করেছে।   সূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস), ২৪ নভেম্বর ২০২৬।   872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ২৩:৩
ট্রাম্প প্রশাসনের অভিবাসন কার্যক্রমের বিরুদ্ধে মন্টানার আদালতে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

পরোয়ানা ছাড়া অভিবাসী গ্রেপ্তারে নিষেধাজ্ঞা, আইনি বাধার মুখে ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযান

পণ্য ফেরত ও অর্থ ফেরতসংক্রান্ত মামলায় ৩০৯.৫ মিলিয়ন ডলারের সমঝোতায় সম্মত হয়েছে অ্যামাজন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

অ্যামাজনে কেনাকাটা করেছেন? ৩০৯.৫ মিলিয়ন ডলারের সমঝোতায় আপনিও পেতে পারেন অর্থ

দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকির বোলিং গ্রিন শহর। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বসবাস শুরু করলেই মিলবে ২০ হাজার ডলার, কর্মী সংকট কাটাতে যুক্তরাষ্ট্রের শহরের বিশেষ উদ্যোগ

ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে যাওয়ার পর এবার ফ্লোরিডায় বসতি ও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন রিয়েলটর মারি বেইলি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
টেক্সাসে ডেমোক্র্যাটদের জয়ের পর ফ্লোরিডায় পাড়ি জমাচ্ছেন ক্যালিফোর্নিয়া থেকে আসা রিয়েলটর

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর ফ্লোরিডায় পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছেন ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে যাওয়া এক আবাসন ব্যবসায়ী। মারি বেইলি নামের এই রিয়েল এস্টেট এজেন্ট গত কয়েক বছরে ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে তিন শতাধিক পরিবারকে স্থানান্তরে সহযোগিতা করেছেন। এবার নিজের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি নতুন করে বসতি গড়তে চান ফ্লোরিডায়। তাঁর ধারণা, টেক্সাসের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর আরও কিছু মানুষ ফ্লোরিডাকে নতুন গন্তব্য হিসেবে বেছে নিতে পারেন।   বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে মারি বেইলি নিজের এই অভিজ্ঞতা ও পরিকল্পনার কথা জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে বেড়ে ওঠা মারি ২০১৭ সালে লস অ্যাঞ্জেলেস ছেড়ে পরিবারের সঙ্গে টেক্সাসের প্রসপার শহরে চলে যান। জীবনযাত্রার ব্যয় কমানো এবং রাজনৈতিক পরিবেশ ছিল তাঁদের স্থান পরিবর্তনের প্রধান দুটি কারণ। তাঁর ভাষ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার সিল বিচে তাঁদের প্রায় ১ হাজার ৫০০ বর্গফুটের বাড়িটি যে দামে বিক্রি করেছিলেন, টেক্সাসে প্রায় একই দামে ৫ হাজার বর্গফুটের নতুন বাড়ি নির্মাণ করতে পেরেছিলেন।   টেক্সাসে যাওয়ার পর ক্যালিফোর্নিয়া থেকে আসা মানুষের মধ্যে স্থানান্তরের প্রবণতা বাড়তে দেখেন মারি। ২০১৮ সালে তিনি এ বিষয়ে বিশেষায়িত আবাসন ব্যবসা শুরু করেন। নতুন জায়গায় বাড়ি কেনার আগে বিভিন্ন শহর ও এলাকার সুযোগ-সুবিধা ঘুরে দেখাতে সহায়তা করতেন তিনি। সম্ভাব্য ক্রেতাদের জন্য বাড়ি, আশপাশের পরিবেশ এবং জীবনযাত্রার ব্যয়ের তথ্যও সাজিয়ে দিতেন। এভাবে তিন শতাধিক পরিবারকে ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে স্থানান্তরে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে তাঁর তৈরি ফেসবুক গ্রুপের সদস্যসংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে।   গত ৩ নভেম্বর অনুষ্ঠিত ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসে ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্য সাফল্য মারির পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচনে ডেমোক্র্যাটরা রাজ্যের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে জয় পেয়েছে এবং প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তবে রাজ্য সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বজায় রয়েছে। এই রাজনৈতিক পরিবর্তনের পর তাঁর ফেসবুক গ্রুপের সদস্যদের মধ্যেও গন্তব্য পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। এ কারণে ‘ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে আসুন’ নামের গ্রুপটির নাম পরিবর্তন করে ‘ক্যালিফোর্নিয়া ছেড়ে অন্যত্র যাওয়া’ রাখা হয়েছে।   মারির দাবি, টেক্সাসের কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে গর্ভপাতসংক্রান্ত কঠোর আইন, গাঁজা নিয়ন্ত্রণনীতি এবং অভিবাসন ও অস্ত্র আইন নিয়ে সম্ভাব্য পরিবর্তন নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। তাঁর কয়েকজন গ্রাহক নির্বাচনের পর টেক্সাসে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা পুনর্বিবেচনা করছেন। এমনকি একজন স্থানীয় টেক্সান গ্রাহক নিজের ভাড়ার বাড়ি বিক্রি করার কথাও তাঁকে জানিয়েছেন। তবে মারি মনে করেন না, এখনই টেক্সাস থেকে ব্যাপক হারে মানুষ চলে যাবেন। তাঁর মতে, ভবিষ্যতে নতুন নীতিগুলো বাস্তবায়িত হলে স্থান পরিবর্তনের প্রবণতা বাড়তে পারে।   নিজের ফ্লোরিডায় যাওয়ার সিদ্ধান্তের পেছনে অবশ্য শুধু রাজনীতি কাজ করেনি। সেখানে তাঁর পরিবারের সদস্যরা থাকেন। পাশাপাশি নতুন আবাসন বাজারে ব্যবসার সুযোগ দেখছেন তিনি। বছরের শেষ নাগাদ ফ্লোরিডায় যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। বর্তমানে সেখানকার আবাসন ব্যবসার লাইসেন্স নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং নতুন একটি দল গড়ে তুলতে কাজ করছেন। ফ্লোরিডার দ্য ভিলেজেস এলাকার কাছাকাছি বসতি গড়ার পরিকল্পনা করেছেন তিনি। অবসরপ্রাপ্ত মানুষের বসবাসের জন্য পরিচিত এই এলাকায় নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনাও দেখছেন মারি। তবে টেক্সাসে তাঁর ব্যবসার কার্যক্রমও চালু থাকবে।   মারির অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ অভিবাসন, জীবনযাত্রার ব্যয় এবং রাজনৈতিক পরিবেশের সঙ্গে মানুষের বসতি নির্বাচনের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা সামনে এনেছে। তবে একজন আবাসন এজেন্টের অভিজ্ঞতা বা তাঁর গ্রাহকদের আগ্রহকে পুরো টেক্সাসের মানুষের স্থানান্তরের প্রবণতা হিসেবে দেখার সুযোগ নেই। আপাতত ফ্লোরিডায় নিজের ব্যবসা সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছেন মারি। আগামী দিনে তাঁর ধারণা বাস্তবে কতটা প্রতিফলিত হয়, তা সময়ই বলে দেবে।   সূত্র: বিজনেস ইনসাইডার, সিবিএস নিউজ।   872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ২১:২০
গাড়ির সংঘর্ষের পর ওয়েস্ট হলিউডের গ্যাস স্টেশনে ছড়িয়ে পড়ে আগুন, ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ক্যালিফোর্নিয়ার অভিজাত এলাকায় গ্যাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল তিনটি গাড়ি

মাত্র ২৮ দিনেই ৫৭ লাখ ফলোয়ার, ইনস্টাগ্রামে রেকর্ড গড়লেন আবদুল এল-সৈয়দ

মাত্র ২৮ দিনেই ৫৭ লাখ ফলোয়ার, ইনস্টাগ্রামে রেকর্ড গড়লেন আবদুল এল-সৈয়দ

আটলান্টায় ১৮–২০ ডিসেম্বর আইসিএনএ এর ৩১তম সম্মেলন, আগাম নিবন্ধনে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়

আটলান্টায় ১৮–২০ ডিসেম্বর আইসিএনএ এর ৩১তম সম্মেলন, আগাম নিবন্ধনে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...