জীবন বাঁচাতে পারে ‘মল প্রতিস্থাপন’, তবে টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না দাতা
চিকিৎসাবিজ্ঞানে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মল প্রতিস্থাপন’ বা ফিক্যাল মাইক্রোবায়োটা ট্রান্সপ্ল্যান্ট (এফএমটি)। জটিল অন্ত্রের সংক্রমণসহ নানা রোগের চিকিৎসায় সুস্থ মানুষের মল থেকে সংগৃহীত উপকারী ব্যাকটেরিয়া অসুস্থ রোগীর অন্ত্রে প্রতিস্থাপন করা হচ্ছে। তবে চাইলেই যে কেউ এই মল দান করতে পারেন না। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের মোট জনসংখ্যার ৩ শতাংশেরও কম মানুষের মল দানের উপযোগী। আর যাঁদের মল চিকিৎসায় সবচেয়ে বেশি কার্যকর, সেই ‘সুপার পুপার’ বা সেরা দাতার সংখ্যা আরও নগণ্য।
২০১৩ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এনওয়াইইউ ল্যাঙ্গোন হেলথের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অ্যাডাম ফায়ে তখন চতুর্থ বর্ষের মেডিকেল শিক্ষার্থী। সে সময় ‘ক্লস্ট্রিডিওইডস ডিফিসিল’ (সি. ডিফিসিল) নামক এক ভয়াবহ ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত এক বৃদ্ধ রোগীর চিকিৎসার দায়িত্ব পড়ে তাঁর ওপর।
অ্যান্টিবায়োটিক প্রতিরোধী এই ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকাতে রোগীর অন্ত্রে সুস্থ মানুষের মল প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সে সময় পর্যাপ্ত স্টুল ব্যাংক (মল সংরক্ষণাগার) ছিল না এবং রোগীর স্বজনরাও মল দানে রাজি হননি। অবশেষে অ্যাডাম ফায়ে নিজেই মল দান করেন। লবণাক্ত পানির সঙ্গে মিশিয়ে পরিশোধিত সেই মল কোলোনোস্কোপির মাধ্যমে ওই বৃদ্ধার অন্ত্রে প্রবেশ করানো হয়। এরপর তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন এবং আর কখনোই ওই সংক্রমণে আক্রান্ত হননি।
বর্তমানে অন্ত্রের অণুজীব বা গাট মাইক্রোবায়োম নিয়ে গবেষণা বহুগুণ বেড়েছে। ‘সি. ডিফিসিল’ সংক্রমণের চিকিৎসায় মল প্রতিস্থাপন ইতোমধ্যে অনুমোদিত। এছাড়া ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস), ডায়াবেটিস, অটিজম, অস্টিওপরোসিস, এমনকি মানসিক রোগ ও স্মৃতিভ্রংশের চিকিৎসায় এর কার্যকারিতা নিয়ে বিশ্বজুড়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। কোলোনোস্কোপি ছাড়াও বিশেষ ক্যাপসুল বা পিলের মাধ্যমেও এখন এই চিকিৎসা দেওয়া হচ্ছে।
কীভাবে বাছাই করা হয় মল দাতা?
নিউ ইয়র্কের ওয়েইল কর্নেল মেডিসিনের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট কার্ল ক্রফোর্ড জানান, মল দাতা নির্বাচনের প্রক্রিয়াটি অঙ্গদাতার (যেমন—কিডনি দাতা) মতোই অত্যন্ত কঠোর। দাতাকে সুস্বাস্থ্যের সর্বোচ্চ শিখরে থাকতে হয়।
দাতা হতে হলে প্রথমেই দীর্ঘ স্বাস্থ্য জরিপ ও সাক্ষাৎকারের মুখোমুখি হতে হয়। এরপর রক্ত ও মলের বিস্তারিত পরীক্ষার মাধ্যমে ৩০টিরও বেশি রোগজীবাণু, পরজীবী ও অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার উপস্থিতি যাচাই করা হয়। কিছু ক্লিনিকে কোভিড-১৯ ও ফ্লু পরীক্ষাও বাধ্যতামূলক। কারণ, মলের মাধ্যমে ই. কোলাইসহ নানা সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি থাকে। এছাড়া অটোইমিউন ডিজঅর্ডার বা মানসিক রোগের ইতিহাস থাকলেও দাতা হওয়া যায় না।
টরন্টো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট সুসান পাউটানেন জানান, সম্ভাব্য দাতারা কোনো ওষুধ বা ভিটামিন সাপ্লিমেন্ট নিচ্ছেন কি না, তা খতিয়ে দেখা হয়। এমনকি আগের সপ্তাহে বাদাম বা অ্যালার্জি উদ্রেককারী কোনো খাবার খেয়েছেন কি না, সেটিও নথিভুক্ত রাখা হয়। সাধারণত ১৮ থেকে ৪৮ বছর বয়সী ও ছিপছিপে গড়নের মানুষদের দাতা হিসেবে অগ্রাধিকার দেওয়া হয়। এক গবেষণায় দেখা গেছে, স্থূলকায় দাতার মল গ্রহণের পর এক ছিপছিপে নারীও স্থূলতায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়া দাতাদের আঁশযুক্ত খাবার, ফলমূল ও শাকসবজি খাওয়ার পাশাপাশি মদ্যপান, ঘুম ও ভ্রমণের বিষয়েও কঠোর নিয়ম মানতে হয়।
কার্ল ক্রফোর্ডের অভিজ্ঞতা অনুযায়ী, প্রাথমিক বাছাইয়ে মাত্র ৩ শতাংশ মানুষ উত্তীর্ণ হন এবং নিয়মিত দানের যোগ্য বিবেচিত হন তারও অর্ধেক। অন্যদিকে, টরন্টোর সংক্রামক রোগ বিশেষজ্ঞ সুসি হোতা জানান, তাঁদের পরীক্ষায় মাত্র ১ দশমিক ৬ শতাংশ মানুষ প্রাথমিক ধাপ পার হন এবং নিয়মিত দাতা হিসেবে টিকে থাকেন মাত্র ০ দশমিক ৬ শতাংশ। যুক্তরাষ্ট্রে নিয়মিত মল দাতাদের প্রতিবার দানের বিনিময়ে ২৫ থেকে ১০০ ডলার পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হয়।
কারা এই ‘সুপার পুপার’?
গবেষণায় দেখা গেছে, সাধারণ যোগ্য দাতাদের তুলনায় কিছু বিশেষ দাতার মল রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে অভাবনীয় ভূমিকা রাখে। ২০১৫ সালের এক গবেষণায় দেখা যায়, অন্ত্রের প্রদাহজনিত রোগ 'আলসারেটিভ কোলাইটিস'-এ আক্রান্ত ৩৮ জন রোগীর মধ্যে ৯ জন সুস্থ হয়েছিলেন, যাঁদের মধ্যে ৭ জনই পেয়েছিলেন একই দাতার মল।
বিজ্ঞানীদের মতে, এই ‘সুপার পুপার’দের অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা ও বৈচিত্র্য অনেক বেশি থাকে। বিশেষ করে তাঁদের মলে ‘ফিক্যালিব্যাকটেরিয়াম প্রুসনিটজি’ নামক এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা অন্ত্রের প্রদাহ কমায় এবং অন্ত্রের ভেতরের স্তরকে সুরক্ষা দেয়।
ভবিষ্যতের চিকিৎসা ও শঙ্কা:
মল প্রতিস্থাপন পদ্ধতিটি এখনো পুরোপুরি নির্ভুল নয় বলে মনে করেন লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের গবেষক সারা বেন্টারকিয়া। তাঁর মতে, যেহেতু এর মাধ্যমে অণুজীবের পুরো একটি বাস্তুতন্ত্র স্থানান্তর করা হয়, তাই দাতা ও গ্রহীতা ভেদে ফলাফল ভিন্ন হতে পারে।
তবে বিজ্ঞানীরা এখন মলের পরিবর্তে ল্যাবে তৈরি নির্দিষ্ট উপকারী ব্যাকটেরিয়াসমৃদ্ধ পিল বা ওষুধ তৈরির দিকে ঝুঁকছেন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের এফডিএ (FDA) অনুমোদিত ‘রেবায়োটা’ এবং ‘ভাউস্ট’ নামক দুটি ওষুধ বাজারে এসেছে, যা মানুষের মল থেকে সংগৃহীত উপকারী ব্যাকটেরিয়া দিয়ে তৈরি।
তবে আধুনিক জীবনযাপন ও অতি-প্রক্রিয়াজাত (আল্ট্রা-প্রসেসড) খাবারের কারণে মানুষের অন্ত্রের প্রাকৃতিক অণুজীবের বৈচিত্র্য কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কার্ল ক্রফোর্ড। তিনি অন্ত্রের এই অণুজীবগুলোকে ক্রান্তীয় রেইনফরেস্ট বা চিরহরিৎ বনের বিরল ওষুধি উদ্ভিদের সঙ্গে তুলনা করে বলেন, ভবিষ্যতের নানা জটিল রোগ মোকাবিলায় আমাদের অন্ত্রের এই অমূল্য সম্পদগুলোকে রক্ষা করা জরুরি। সূত্র: বিবিসি।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখেন অনেকেই। কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড সেই স্বপ্ন পূরণের একটি গুরুত্বপূর্ণ পথ। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় EB-1, EB-2 ও EB-3 নামে তিনটি প্রধান কর্মসংস্থানভিত্তিক অভিবাসন ক্যাটাগরি রয়েছে। তবে প্রতিটি ক্যাটাগরির যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া এবং শর্ত আলাদা। কোন ক্যাটাগরিতে নিজের পক্ষে আবেদন করা যায়, কোথায় মার্কিন নিয়োগকর্তার স্পনসরশিপ প্রয়োজন এবং শিক্ষাগত যোগ্যতা বা কাজের অভিজ্ঞতার ভিত্তিতে কারা আবেদন করতে পারবেন এসব বিষয় আমেরিকা বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছেন ইমিগ্রেশন অ্যাটর্নি মনির মেহরান। EB-1: অসাধারণ প্রতিভা ও বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের জন্য অ্যাটর্নি মনির মেহরান জানান, EB-1 ক্যাটাগরির EB-1A উপশ্রেণি অসাধারণ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের জন্য। এটি কথ্য ভাষায় ‘আইনস্টাইন ভিসা’ নামেও পরিচিত। তবে আইনস্টাইনের জীবদ্দশায় এই অভিবাসন ক্যাটাগরি চালু হয়নি। ফলে তিনি এই ভিসা পাননি। বিজ্ঞান, শিল্পকলা, শিক্ষা, ব্যবসা কিংবা খেলাধুলায় অসাধারণ দক্ষতা এবং জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক স্বীকৃতি থাকলে EB-1A-এর জন্য আবেদন করা যেতে পারে। এ ক্ষেত্রে মার্কিন নিয়োগকর্তার চাকরির প্রস্তাব ছাড়াই নিজের পক্ষে আবেদন বা পিটিশন দাখিলের সুযোগ রয়েছে। মেহরান বলেন, নোবেল পুরস্কার বা অস্কারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি থাকলে যোগ্যতা প্রমাণের বিষয়টি সহজ হতে পারে। তবে এ ধরনের পুরস্কার না থাকলেও আবেদন করা সম্ভব। বাংলাদেশের একুশে পদক বা বাংলা একাডেমি পুরস্কারের মতো জাতীয় পর্যায়ের স্বীকৃতিও প্রাসঙ্গিক প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। ইউএসসিআইএসের নিয়ম অনুযায়ী, বড় আন্তর্জাতিক পুরস্কার না থাকলে নির্ধারিত ১০টি মানদণ্ডের অন্তত তিনটির প্রমাণ উপস্থাপন করতে হয়। তবে শুধু তিনটি মানদণ্ড পূরণ করলেই অনুমোদন নিশ্চিত হয় না; আবেদনকারীর সামগ্রিক অর্জন ও প্রমাণপত্র বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। EB-2: উচ্চতর ডিগ্রি ও ব্যতিক্রমী দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের জন্য EB-2 ক্যাটাগরি মূলত উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অথবা ব্যতিক্রমী দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের জন্য। সাধারণত সংশ্লিষ্ট ক্ষেত্রে মাস্টার্স বা তার চেয়ে উচ্চতর ডিগ্রি থাকতে হয়। তবে যুক্তরাষ্ট্রের ব্যাচেলর ডিগ্রি বা সমমানের বিদেশি ডিগ্রির পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্রমবর্ধমান দায়িত্বের অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলেও তা উচ্চতর ডিগ্রির সমতুল্য হিসেবে বিবেচিত হতে পারে। এই ক্যাটাগরিতে সাধারণত মার্কিন নিয়োগকর্তার চাকরির প্রস্তাব এবং শ্রম বিভাগের অনুমোদিত লেবার সার্টিফিকেশন প্রয়োজন হয়। তবে EB-2-এর অধীনে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার বা NIW নামে একটি বিশেষ সুযোগ রয়েছে। এর মাধ্যমে আবেদনকারী নিজের পক্ষে পিটিশন দাখিল করতে পারেন এবং নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে চাকরির প্রস্তাব ও লেবার সার্টিফিকেশনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি চাইতে পারেন। মেহরানের ব্যাখ্যা অনুযায়ী, NIW-এর ক্ষেত্রে শুধু উচ্চতর ডিগ্রি বা বিশেষ দক্ষতা থাকলেই হবে না; আবেদনকারীর প্রস্তাবিত কাজ যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ এবং তা এগিয়ে নেওয়ার সক্ষমতা তাঁর রয়েছে এমন প্রমাণও উপস্থাপন করতে হয়। EB-3: পেশাজীবী, দক্ষ ও অপেক্ষাকৃত কম দক্ষ কর্মীদের জন্য EB-3 ক্যাটাগরিতে তিন ধরনের কর্মী আবেদন করতে পারেন। এগুলো হলো প্রফেশনাল, স্কিলড ওয়ার্কার এবং আদার ওয়ার্কারস। প্রফেশনাল ক্যাটাগরিতে সাধারণত যুক্তরাষ্ট্রের ব্যাচেলর ডিগ্রি বা সমমানের বিদেশি ডিগ্রি প্রয়োজন। স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে সংশ্লিষ্ট কাজের জন্য অন্তত দুই বছরের প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকতে হয়। অন্যদিকে আদার ওয়ার্কারস ক্যাটাগরি এমন কর্মীদের জন্য, যেসব পদের জন্য দুই বছরের কম প্রশিক্ষণ বা অভিজ্ঞতা প্রয়োজন। অ্যাটর্নি মনির মেহরান জানান, EB-3-এর ক্ষেত্রে সাধারণত একজন মার্কিন নিয়োগকর্তার কাছ থেকে স্থায়ী ও পূর্ণকালীন চাকরির প্রস্তাব থাকতে হয়। নিয়োগকর্তাকে সাধারণত প্রথমে শ্রম বিভাগের লেবার সার্টিফিকেশন নিতে হয়। এরপর কর্মীর পক্ষে ইমিগ্র্যান্ট পিটিশন দাখিল করা হয়। ফলে EB-1A বা EB-2 NIW-এর মতো EB-3-তে সাধারণত নিজের উদ্যোগে নিয়োগকর্তা ছাড়া আবেদন করার সুযোগ নেই। EB-3-তে অপেক্ষা বেশি হতে পারে EB-3 ক্যাটাগরির মধ্যেও অপেক্ষার সময়ে পার্থক্য রয়েছে। বিশেষ করে আদার ওয়ার্কারস উপশ্রেণিতে অপেক্ষা তুলনামূলক দীর্ঘ হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নভেম্বর ২০২৬-এর ভিসা বুলেটিন অনুযায়ী, বাংলাদেশে জন্ম নেওয়া অধিকাংশ আবেদনকারীর ক্ষেত্রে EB-3 প্রফেশনাল ও স্কিলড ওয়ার্কার ক্যাটাগরির চূড়ান্ত সিদ্ধান্তের কাট-অফ তারিখ ছিল ১৫ জুন ২০২৪। আর আদার ওয়ার্কারস ক্যাটাগরিতে কাট-অফ তারিখ ছিল ১ জুন ২০২২। এই কাট-অফ তারিখগুলো ভিসা বুলেটিন অনুযায়ী পরিবর্তিত হয়। তাই আবেদনকারীর অগ্রাধিকার তারিখ, জন্মদেশ এবং সংশ্লিষ্ট ক্যাটাগরির অবস্থানের ওপর অপেক্ষার সময় নির্ভর করে। শুধু কাট-অফ তারিখ দেখে কোনো নতুন আবেদনকারীর গ্রিন কার্ড পেতে মোট কত সময় লাগবে, তা নিশ্চিতভাবে বলা যায় না। কোন ক্যাটাগরি কার জন্য? সব মিলিয়ে EB-1A মূলত অসাধারণ প্রতিভা ও আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ে স্বীকৃত ব্যক্তিদের জন্য। EB-2 উচ্চতর ডিগ্রিধারী ও ব্যতিক্রমী দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের জন্য। আর EB-3 পেশাজীবী, দক্ষ কর্মী এবং অপেক্ষাকৃত কম দক্ষ কর্মীদের জন্য একটি অভিবাসন পথ। তবে কোন ক্যাটাগরিতে আবেদন করা সম্ভব, তা শুধু শিক্ষাগত যোগ্যতা বা পেশার নাম দিয়ে নির্ধারিত হয় না। আবেদনকারীর অর্জন, কাজের অভিজ্ঞতা, চাকরির প্রস্তাব, প্রয়োজনীয় নথিপত্র এবং অভিবাসন আইনের নির্ধারিত শর্ত পূরণের বিষয়টিও গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা
নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক
নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন
সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্র (এসএলসিএম-এন) কর্মসূচির উন্নয়ন আরও এগিয়ে নিতে প্রতিরক্ষা খাতের প্রতিষ্ঠান রেথনের (Raytheon) সঙ্গে চুক্তি করেছে মার্কিন নৌবাহিনী। এই চুক্তির ফলে প্রাথমিক ধারণাগত পর্যায় পেরিয়ে ক্ষেপণাস্ত্রটির নকশা চূড়ান্ত করা এবং প্রোটোটাইপ বা পরীক্ষামূলক প্রদর্শনের ধাপে প্রবেশ করছে কর্মসূচিটি। আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত প্রতিরোধ সক্ষমতা জোরদার এবং ওয়াশিংটনের জবাব দেওয়ার বিকল্প বাড়াতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। পরিকল্প অনুযায়ী, নতুন এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া-শ্রেণির অ্যাটাক সাবমেরিনে যুক্ত করা হবে। এ ছাড়া নৌবাহিনীর নতুন ঘোষণা করা সারফেস যুদ্ধজাহাজেও এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। উন্নয়নকাজ দ্রুত এগিয়ে নিতে ক্ষেপণাস্ত্রটিতে মডিউলার ওয়েপন আর্কিটেকচার এবং পূর্বে তৈরি বিভিন্ন প্রযুক্তিগত উপাদান ব্যবহার করা হবে। এতে সময় কম লাগবে এবং নতুন প্রযুক্তি সহজে যুক্ত করা যাবে। রেথনের পাশাপাশি আন্দুরিল রকেট মোটর সিস্টেমস, ডাইভারজেন্ট এবং উইলিয়ামস ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠানও ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশ তৈরিতে কারিগরি সহায়তা দেবে। এর আগে ফায়ার কন্ট্রোল সাবসিস্টেমের কারিগরি কাজের জন্য জেনারেল ডায়নামিক্স মিশন সিস্টেমসকেও চুক্তিবদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র অতীতে সাবমেরিন ও সারফেস জাহাজে পারমাণবিক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করলেও নব্বইয়ের দশকের শুরুতে তা প্রত্যাহার করে নেয় এবং ২০১৩ সালে কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে বাতিল করে। নতুন এসএলসিএম-এন কর্মসূচির মোট ব্যয় ১৫ থেকে ২০ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০৩২ সালের মধ্যে সীমিত পরিসরে মোতায়েন এবং ২০৩৪ সালের মধ্যে প্রাথমিক কার্যক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যদিও সংশ্লিষ্টরা এই সময়সীমাকে বেশ উচ্চাভিলাষী বলে মনে করছেন। এদিকে এই কর্মসূচির প্রেক্ষাপটে জাপান নিজেদের বন্দরে পারমাণবিক অস্ত্র বহনকারী মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশের নিষেধাজ্ঞার ক্ষেত্রে জরুরি ব্যতিক্রম যুক্ত করার বিষয়টি বিবেচনা করছে। বিশ্লেষকদের মতে, চীনের সক্রিয় অস্ত্রাগারে এখনো পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র না থাকলেও যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ আঞ্চলিক ও বৈশ্বিক সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট 873 ডিএন
সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি
ডিসেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ, বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?
ব্রিটেনের বিমানঘাঁটিতে একাধিক ড্রোন প্রতিহত করেছে মার্কিন বাহিনী, নেপথ্যে কি ইরান?
যুক্তরাষ্ট্রে চাকরির মাধ্যমে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিদেশি দক্ষ কর্মীদের নিয়োগ ও স্থায়ীভাবে চাকরিতে রাখার ক্ষেত্রে নিয়োগকর্তাদের ওপর নতুন শর্ত আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন শ্রম বিভাগ। প্রস্তাবটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য চাকরিদাতার মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় বাড়তি জটিলতা তৈরি হতে পারে। ২০২৬ সালের ১৬ নভেম্বর মার্কিন শ্রম বিভাগ এই প্রস্তাব ঘোষণা করে। পরদিন ১৭ নভেম্বর এটি সরকারি প্রজ্ঞাপন প্রকাশের ওয়েবসাইটে প্রকাশিত হয়। প্রস্তাবটির মূল উদ্দেশ্য হলো বিদেশি কর্মী নিয়োগের আগে মার্কিন নাগরিক ও কর্মীদের চাকরির সুযোগ নিশ্চিত করা এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানো। বর্তমানে কোনো নিয়োগকর্তা বিদেশি কর্মীর জন্য গ্রিন কার্ডের আবেদন করতে চাইলে তাকে প্রমাণ করতে হয়, সংশ্লিষ্ট পদে পর্যাপ্ত যোগ্য ও আগ্রহী মার্কিন কর্মী পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে বিদেশি কর্মী নিয়োগের কারণে মার্কিন কর্মীদের বেতন ও কাজের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে না, সেটিও নিশ্চিত করতে হয়। নতুন প্রস্তাবে এই যাচাই আরও কঠোর করার কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, নিয়োগকর্তাদের বিভিন্ন মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিতে হবে। এর মধ্যে রয়েছে রাজ্যভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি ব্যবস্থা, প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, চাকরি খোঁজার ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যম। চাকরির বিজ্ঞাপন ও যোগ্য মার্কিন প্রার্থীদের বিবেচনার প্রক্রিয়াও আরও বিস্তৃত হতে পারে। নতুন প্রস্তাবের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্মী ছাঁটাই। কোনো প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মস্থলে একই বা কাছাকাছি ধরনের পেশায় গত দুই বছরের মধ্যে মার্কিন কর্মী ছাঁটাই করে থাকলে ওই পদের জন্য বিদেশি কর্মীর স্থায়ী চাকরির অনুমোদনসংক্রান্ত আবেদন বাধাগ্রস্ত হতে পারে। এতে বিদেশি কর্মী নিয়োগের আগে প্রতিষ্ঠানগুলোকে আরও সতর্ক হতে হবে। নার্স ও শারীরিক চিকিৎসাসেবীদের জন্যও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বর্তমানে নির্দিষ্ট কিছু পেশা বিশেষ সুবিধার আওতায় থাকায় সাধারণ শ্রমবাজার যাচাইয়ের কিছু ধাপ এড়িয়ে যাওয়া সম্ভব। নতুন প্রস্তাবে এই ছাড় বাতিলের কথা বলা হয়েছে। এতে বিদেশি নার্স, শারীরিক চিকিৎসাসেবী এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য গ্রিন কার্ডের প্রক্রিয়া আরও দীর্ঘ হতে পারে। এই পরিবর্তন কার্যকর হলে যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের একটি অংশও প্রভাবিত হতে পারেন। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, প্রকৌশল, বিজ্ঞান ও গবেষণাসহ বিভিন্ন খাতে কর্মরত বাংলাদেশি পেশাজীবী এবং যারা চাকরিদাতার মাধ্যমে দ্বিতীয় বা তৃতীয় অগ্রাধিকারভিত্তিক কর্মসংস্থান শ্রেণিতে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার পরিকল্পনা করছেন, তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে অনুসরণ করা প্রয়োজন। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত আইন নয়। ২০২৭ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত এ বিষয়ে জনমত ও লিখিত মতামত গ্রহণের কথা রয়েছে। এরপর প্রাপ্ত মতামত পর্যালোচনা করে চূড়ান্ত বিধিমালার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই এখনই যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের গ্রিন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে কিংবা সব আবেদন বাতিল হবে—এমন ধারণা সঠিক নয়। তথ্যসূত্র: রয়টার্স। 874 এসকিউ
ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক
তরুণ প্রজন্মকে নিজ দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা! তীব্র হচ্ছে বিতর্ক

