নিয়মিত রেন্ট দেওয়া স্বত্তেও বাড়িওয়ালার ১০ লাখ ডলার বকেয়া বিল! উদ্বেগে ভাড়াটিয়ারা
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি আবাসন প্রতিষ্ঠানের ১০ লাখ ডলারের বেশি পানিসহ বিভিন্ন ইউটিলিটি বিল বকেয়া থাকার তথ্য সামনে এসেছে। অথচ প্রতিষ্ঠানটির অ্যাপার্টমেন্টগুলোতে বসবাসকারী ভাড়াটিয়ারা নিয়মিত রেন্ট পরিশোধ করছেন। এ নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। একই সঙ্গে ভবনের রক্ষণাবেক্ষণে অবহেলা, পানি জমে থাকা এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের সমস্যার অভিযোগও করেছেন তাঁরা।
১৩ নভেম্বর স্থানীয় সংবাদমাধ্যম ফক্স নাইন জানিয়েছে, মিনিয়াপোলিসের আবাসন প্রতিষ্ঠান ফাইন অ্যাসোসিয়েটসের মালিকানাধীন পাঁচটি সম্পত্তিতে পানির বিল, পয়োনিষ্কাশন ও আবর্জনা ব্যবস্থাপনা বাবদ ১০ লাখ ডলারের বেশি বকেয়া রয়েছে। এর মধ্যে শহরের কেন্দ্রস্থলের দুটি অ্যাপার্টমেন্ট ভবনের বকেয়া যথাক্রমে প্রায় ৫ লাখ ৫ হাজার এবং ৩ লাখ ৬৩ হাজার ডলার।
প্রতিবেদনে বলা হয়, মিনিয়াপোলিস শহরে পানি, পয়োনিষ্কাশন ও আবর্জনা ব্যবস্থাপনার বিল বকেয়া থাকার ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়েছে। সিটি কর্তৃপক্ষের ৮৯২ পৃষ্ঠার একটি নথিতে দেখা গেছে, বিভিন্ন সম্পত্তির মালিকের কাছে মোট ১ কোটি ২০ লাখ ডলারের বেশি ইউটিলিটি বিল পাওনা রয়েছে।
মিনিয়াপোলিস সিটি কাউন্সিল সদস্য লিনিয়া পালমিসানো জানান, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত দুটি অ্যাপার্টমেন্ট ভবনের একটিতে প্রায় ৫ লাখ ডলার এবং অন্যটিতে ৩ লাখ ৬৩ হাজার ডলার বকেয়া রয়েছে। দুটি ভবনই ফাইন অ্যাসোসিয়েটসের মালিকানাধীন।
এ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সিটি কাউন্সিল বকেয়া ইউটিলিটি বিল আদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, অপরিশোধিত বিলগুলো হেনেপিন কাউন্টির কাছে পাঠানো হবে। এরপর সংশ্লিষ্ট সম্পত্তির প্রপার্টি ট্যাক্স বিলের সঙ্গে বকেয়া অর্থ যুক্ত করা হবে।
সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, এভাবে প্রপার্টি ট্যাক্সের সঙ্গে যুক্ত হওয়া প্রায় ৯৮ শতাংশ বকেয়া বিল সাধারণত পরিশোধ হয়ে যায়। তবে অর্থ পরিশোধ না হলে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট সম্পত্তি ফোরক্লোজারের প্রক্রিয়ায় যেতে পারে।
এদিকে ফাইন অ্যাসোসিয়েটসের মালিকানাধীন মারকেট প্লেস ও ১১০ গ্র্যান্ট অ্যাপার্টমেন্টের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই ভবনের অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন। তাঁদের অভিযোগ, বিভিন্ন মেরামতের কাজ সময়মতো করা হয় না। কোনো কোনো জায়গায় পানি জমে থাকা এবং পানির কারণে ক্ষয়ক্ষতির সমস্যাও দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে।
ভবন দুটির বাসিন্দারা সংগঠিত হয়ে ভাড়াটিয়াদের অধিকার আদায়ে কাজ করছেন। অনিরাপদ পরিবেশ এবং রক্ষণাবেক্ষণে অবহেলার অভিযোগে তাঁরা আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাও করেছেন।
১১০ গ্র্যান্ট ওয়েস্টের বাসিন্দা হান্না ক্রিপেন প্রশ্ন তুলেছেন, তাঁরা নিয়মিত বিল পাচ্ছেন এবং রেন্ট পরিশোধ করছেন। তাহলে সেই অর্থ কোথায় যাচ্ছে? তাঁর বক্তব্যে ভবন ব্যবস্থাপনার আর্থিক কার্যক্রম নিয়ে বাসিন্দাদের উদ্বেগ উঠে এসেছে।
মিনিয়াপোলিস সিটি কাউন্সিল সদস্য এলিজাবেথ শ্যাফারও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, বাসিন্দাদের রেন্টের মধ্যে পানির বিল অন্তর্ভুক্ত থাকলেও বাড়িওয়ালা সেই অর্থ সিটি কর্তৃপক্ষকে পরিশোধ না করলে অর্থ ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়।
আরেক বাসিন্দা ব্লাইথ বেয়ার্ড জানান, তাঁদের ভবনের সুইমিং পুল ২০২৫ সালের আগস্ট থেকে বন্ধ রয়েছে। অথচ মামলার বিভিন্ন পর্যায়ে কর্তৃপক্ষ পুলটি শিগগিরই চালু করার কথা জানিয়েছিল বলে তাঁর অভিযোগ।
বাসিন্দারা আরও জানিয়েছেন, কোথাও কোথাও বন্যা বা পানির ক্ষয়ক্ষতির সমস্যা কয়েক দিন থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হয়েছে। তাঁদের অভিযোগ, এসব সমস্যা নিয়ে ভবন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা কঠিন। অনেক সময় আদালতের কার্যক্রম ছাড়া কার্যকর যোগাযোগও হয় না।
অন্যদিকে আদালতে ফাইন অ্যাসোসিয়েটস কয়েক লাখ ডলার ব্যয়ে মেরামতের কাজের নথি উপস্থাপন করেছে বলে বাসিন্দারা জানিয়েছেন। তবে কাজের মান ও বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে তাঁদের অসন্তোষ রয়ে গেছে।
ফক্স নাইন জানিয়েছে, অভিযোগ ও বকেয়া বিল নিয়ে বক্তব্য জানতে ফাইন অ্যাসোসিয়েটসের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি সাড়া দেয়নি।
এদিকে ১১০ গ্র্যান্ট ভবনের বাসিন্দাদের করা মামলার বিষয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আদালতের সিদ্ধান্ত আসতে পারে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। বাসিন্দারা বলছেন, তাঁরা নিজেদের গড়ে তোলা কমিউনিটি ছেড়ে যেতে চান না। বরং নিয়মিত রেন্ট পরিশোধের বিনিময়ে নিরাপদ ও যথাযথ রক্ষণাবেক্ষণযুক্ত আবাসন নিশ্চিত করতে চান।
সূত্র: ফক্স নাইন
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের প্রভাবশালী টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি (NBC) ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে তৈরি একটি বিজ্ঞাপন আর প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। থ্যাংকসগিভিংয়ের আগের রাতে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’-এর বিশেষ পর্বে বিজ্ঞাপনটি সম্প্রচারের পর বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে এ পদক্ষেপ নেওয়া হয়। ‘এভরি থ্রি সেকেন্ডস’ শিরোনামের ৩০ সেকেন্ডের ওই বিজ্ঞাপনটি তৈরি ও প্রচার করেছিল ফিলিস্তিনি অধিকারপন্থী সংস্থা ‘আইএমইইউ পলিসি প্রজেক্ট’ (IMEU Policy Project)। বিজ্ঞাপনে এক মার্কিন কিশোরীর একটি বাইসাইকেল কেনার জন্য ৪০০ ডলার জমানোর দৃশ্যের পাশাপাশি গাজার ৯ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর প্রসঙ্গ তুলে ধরা হয়, যিনি ইসরায়েলি হামলায় মা ও দাদিকে হারানোর পাশাপাশি নিজের একটি পা হারিয়েছেন। বিজ্ঞাপনটিতে দাবি করা হয়, মার্কিন করদাতাদের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে তা জনগণকে জানাতেই এটি প্রচার করা হয়েছে এবং ইসরায়েলের সঙ্গে নতুন কোনো সামরিক সহায়তা চুক্তির বিরোধিতা করতে দর্শকদের নিজ নিজ কংগ্রেস সদস্যের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়। বিজ্ঞাপনটি প্রচারের পর অ্যান্টি-ডিফামেশন লিগ (এডিএল) এবং ইসরায়েলি-আমেরিকান কাউন্সিলসহ একাধিক ইহুদি ও ইসরায়েলপন্থী সংগঠন এর তীব্র নিন্দা জানায়। তাদের দাবি, এটি ইসরায়েলকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে এবং করদাতাদের অর্থের ব্যবহার নিয়ে বিভ্রান্তিকর ধারণা দিয়েছে। অন্যদিকে, আইএমইইউ পলিসি প্রজেক্ট জানায় যে বিজ্ঞাপনটি এনবিসির ফ্যাক্ট-চেকিং প্রক্রিয়া উত্তীর্ণ হয়েছিল। সংস্থাটি আল জাজিরাকে জানিয়েছে, বিজ্ঞাপনটি আর প্রচার না করার খবরের বিষয়ে এনবিসির পক্ষ থেকে এখনো তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিজ্ঞাপনটি সম্প্রচারের আগে এনবিসির শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত ছিল না। ভবিষ্যতে এটি আর পুনঃপ্রচার করা হবে না এবং এনবিসিইউনিভার্সাল তাদের বিজ্ঞাপন অনুমোদন প্রক্রিয়া পর্যালোচনা করবে বলে জানা গেছে। সূত্র: আল জাজিরা।
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা
যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান
যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট দিল্লি বা সানি দিল্লিতে স্বল্প সময়ের ব্যবধানে একাধিক আগ্নেয়াস্ত্রের ঘটনায় ক্যাম্পাসে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। নিউইয়র্ক সিটি থেকে প্রায় তিন ঘণ্টা উত্তরে ক্যাটস্কিল পর্বতমালার কোলে অবস্থিত প্রায় তিন হাজার শিক্ষার্থীর এই শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি সেমিস্টারে এ পর্যন্ত ৮৯টি ‘পুলিশ ইনসিডেন্ট’ বা পুলিশি ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে একটি ধর্ষণের ঘটনাও রয়েছে। ১৯ বছর বয়সী এক ক্রিমিনাল জাস্টিস শিক্ষার্থী পরিস্থিতি নিয়ে গভীর উৎকণ্ঠা প্রকাশ করে জানিয়েছেন, পরপর ঘটনাগুলো ঘটায় তিনি আর সেখানে থাকতে চান না এবং নিজেকে নিরাপদ মনে করছেন না। ডেলাওয়্যার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি শন স্মিথ ও আদালতের নথির বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফল সেমিস্টার শুরুর চার সপ্তাহ পর গত ২৮ সেপ্টেম্বর ডরমিটরির কক্ষে কোকেন ও চারটি অনিবন্ধিত আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর ১৯ বছর বয়সী টমাস এলিয়ট এবং ১৮ বছর বয়সী দিমিত্রি ভিক্টর নামের দুই ফ্রেশম্যান রুমমেটকে গ্রেপ্তার করে পুলিশ; পরে ২৯ অক্টোবর তৃতীয় রুমমেট ব্রেডেন ইয়ানেলোকেও (১৮) গ্রেপ্তার করা হয়। এর এক সপ্তাহ আগে ভিক্টর এলিয়টের কাছ থেকে কেনা একটি লোড করা অনিবন্ধিত ৯ মিমি হ্যান্ডগান দিয়ে তার বান্ধবীকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে, আর ৪ অক্টোবর অফ-ক্যাম্পাস হাউস পার্টিতে কিফার ক্লার্ক (১৯) নামের আরেক ফ্রেশম্যান অপর এক শিক্ষার্থীর বুকে হ্যান্ডগান তাক করেন বলে জানিয়েছে পুলিশ। এলিয়ট ও ভিক্টর উভয়েই তিনটি করে ফেলোনি অস্ত্র রাখার অভিযোগে অভিযুক্ত হলেও নির্দোষ দাবি করে জামিনে মুক্তি পেয়েছেন, আর এলিয়ট ও ভিক্টরকে ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ক্যাম্পাসের সহিংসতা ও সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে এক অধ্যাপক ভর্তির মান কমে যাওয়াকে সাম্প্রতিক বছরগুলোর সহিংসতা বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছেন এবং ২০১৬ সালের ৫১ শতাংশের তুলনায় ভর্তির হার ৮৯ শতাংশে পৌঁছানোর বিষয়টি তুলে ধরেছেন। অন্যদিকে, কলেজ প্রেসিডেন্ট মেরি বন্ডার্টফ জানিয়েছেন যে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অস্ত্র উদ্ধার করেছে এবং ক্যাম্পাসে কোনো চলমান হুমকি নেই; পাশাপাশি নিরাপত্তা ক্যামেরা ও পুলিশি টহল বাড়ানো এবং প্রতি মাসে কক্ষ তল্লাশির মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে অনেক শিক্ষার্থীই এসব আশ্বাসে পুরোপুরি ভরসা পাচ্ছেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন
পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে
সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ডিসেম্বর ২০২৬ মাসের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। ২৭ নভেম্বর প্রকাশিত এই বুলেটিন আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এতে পারিবারিক ও কর্মভিত্তিক অভিবাসন ভিসার বিভিন্ন ক্যাটাগরির অগ্রগতির তথ্য তুলে ধরা হয়েছে। নতুন বুলেটিনে কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার তারিখ এগিয়ে নেওয়া হলেও বাংলাদেশসহ অধিকাংশ দেশের আবেদনকারীদের জন্য পারিবারিক অভিবাসনের বেশ কয়েকটি ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। বাংলাদেশিরা সাধারণত ‘অল চার্জেবিলিটি এরিয়াস’ বা নির্দিষ্টভাবে তালিকাভুক্ত নয় এমন দেশগুলোর তালিকার আওতায় পড়েন। এই তালিকায় এফ-১ ক্যাটাগরিতে ২২ জানুয়ারি ২০২১, এফ-২বি ক্যাটাগরিতে ২২ আগস্ট ২০২০, এফ-৩ ক্যাটাগরিতে ২২ অক্টোবর ২০১৫ এবং এফ-৪ ক্যাটাগরিতে ২২ অক্টোবর ২০১২ তারিখ বহাল রাখা হয়েছে। এফ-২এ ক্যাটাগরিতে অবশ্য অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এই ক্যাটাগরির চূড়ান্ত অনুমোদনের তারিখ ২২ অক্টোবর ২০২৬ থেকে এগিয়ে ২২ নভেম্বর ২০২৬ করা হয়েছে। পারিবারিক অভিবাসনের ক্ষেত্রে এফ-১ ক্যাটাগরি মার্কিন নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য, এফ-২বি গ্রিন কার্ডধারীদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য, এফ-৩ মার্কিন নাগরিকদের বিবাহিত সন্তানদের জন্য এবং এফ-৪ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকদের ভাইবোনদের জন্য প্রযোজ্য। কর্মভিত্তিক অভিবাসনেও বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। বাংলাদেশসহ অধিকাংশ দেশের জন্য ইবি-২ ক্যাটাগরির চূড়ান্ত অনুমোদনের তারিখ ১ এপ্রিল ২০২৫ এবং ইবি-৩ ক্যাটাগরির তারিখ ১৫ জুন ২০২৪ রয়েছে। তবে আগামী মাসগুলোতে আবেদনকারীর সংখ্যা ও ভিসার চাহিদার ওপর নির্ভর করে কিছু ক্যাটাগরির তারিখ আবার পিছিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এমনকি বার্ষিক ভিসার সীমা পূরণ হলে কোনো কোনো ক্যাটাগরিতে সাময়িকভাবে ভিসা দেওয়া বন্ধও হতে পারে। বাংলাদেশে যাঁরা বাবা-মা, ভাইবোন, স্বামী-স্ত্রী কিংবা সন্তানদের মাধ্যমে আমেরিকায় স্থায়ীভাবে যাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাঁদের জন্য এই বুলেটিন গুরুত্বপূর্ণ। আবেদনকারীদের নিজেদের অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেটের সঙ্গে নতুন বুলেটিনের তারিখ মিলিয়ে দেখা প্রয়োজন। সূত্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, ডিসেম্বর ২০২৬ ভিসা বুলেটিন। 874 এসকিউ
ব্রিটেনের বিমানঘাঁটিতে একাধিক ড্রোন প্রতিহত করেছে মার্কিন বাহিনী, নেপথ্যে কি ইরান?
গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব, বিপাকে পড়তে পারেন বাংলাদেশি প্রবাসীরা

