যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্বের লড়াইয়ে ক্রিস ভ্যান হোলেন
যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বে পরিবর্তন আনার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হোলেন। আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাওয়া ডেমোক্র্যাটদের সিনেট মেজরিটি লিডার পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের প্রার্থিতার কথা জানান এই রাজনীতিক। তাঁর এ সিদ্ধান্তে দীর্ঘদিনের ডেমোক্র্যাট নেতা চাক শুমারের নেতৃত্ব নিয়ে চলমান বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।
আল জাজিরার শুক্রবারের (১৩ নভেম্বর) প্রতিবেদন অনুযায়ী, গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের সাফল্যের পর ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে নতুন নেতৃত্বের দাবি জোরালো হয়েছে। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে রিপাবলিকান প্রশাসনের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের ভূমিকা নিয়ে দলের একটি অংশ অসন্তোষ প্রকাশ করে আসছে। এমন পরিস্থিতিতে সিনেটের নেতৃত্ব নিতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামলেন ভ্যান হলেন।
প্রার্থিতা ঘোষণার সময় ভ্যান হলেন বলেন, এবারের নির্বাচনে মার্কিন জনগণ এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন, যা শ্রমজীবী মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এবং রাজনৈতিক দুর্নীতির মাধ্যমে প্রভাবিত হচ্ছে। জনগণের সেই প্রত্যাশা পূরণে নতুন নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, এ প্রতিদ্বন্দ্বিতা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং ভোটারদের দেওয়া বার্তার জবাব দেওয়ার বিষয়।
তবে ক্রিস ভ্যান হলেন কে এবং কেন তাঁকে ঘিরে ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে এত আলোচনা, তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। ৬৭ বছর বয়সী এই রাজনীতিক ২০০৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দায়িত্ব পালন করছেন। প্রথমে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। পরে মেরিল্যান্ড থেকে সিনেটর নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান আরও শক্ত করেন।
ভ্যান হলেনের জন্ম ১৯৫৯ সালে পাকিস্তানের করাচিতে। তাঁর বাবা ছিলেন যুক্তরাষ্ট্রের একজন পেশাদার কূটনীতিক। পরবর্তী সময়ে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিকটপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং পররাষ্ট্র দপ্তরে কাজ করেছেন। কূটনৈতিক পরিবারে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাঁর আন্তর্জাতিক রাজনীতি ও পররাষ্ট্রনীতিসংক্রান্ত অবস্থানের গুরুত্বপূর্ণ পটভূমি।
মার্কিন রাজনীতিতে ভ্যান হলেন বিশেষভাবে পরিচিত প্রগতিশীল নীতি, শ্রমজীবী মানুষের অধিকার এবং সামরিক সংঘাতের বিরোধিতার কারণে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে তিনি প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। বিশেষ করে অভিবাসননীতি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ভূমিকা এবং ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন নিয়ে তাঁর বক্তব্য বারবার জাতীয় আলোচনায় এসেছে।
২০২৫ সালের এপ্রিলে এল সালভাদরে সফর করে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়েন ভ্যান হলেন। ট্রাম্প প্রশাসনের ভুলবশত বহিষ্কারের শিকার মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার আব্রেগো গার্সিয়ার সঙ্গে দেখা করার উদ্যোগ নেন তিনি। ওই অভিবাসীকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার দাবিতে সরব ছিলেন এই সিনেটর। পরবর্তী সময়ে আব্রেগো গার্সিয়া যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। ঘটনাটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন কার্যক্রম এবং আইনি প্রক্রিয়া অনুসরণের প্রশ্নে বড় রাজনৈতিক বিতর্ক তৈরি করেছিল।
ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যুতেও ভ্যান হলেনের অবস্থান স্পষ্ট। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পরিস্থিতি নিয়ে তিনি একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি দেশটিকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় কঠোর শর্ত আরোপের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।
২০২৫ সালের আগস্টে আরেক ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কলিকে সঙ্গে নিয়ে মিসর ও গাজার সীমান্তবর্তী রাফাহ ক্রসিং পরিদর্শন করেন ভ্যান হলেন। ওই সফরের উদ্দেশ্য ছিল গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ত্রাণ সরবরাহে বাধা নিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করা। গাজার মানবিক সংকটের বিষয়ে ওয়াশিংটনের আরও কার্যকর ভূমিকা নেওয়ার দাবি জানান তিনি।
এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরে নয়জন মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনা এবং ইসরায়েলি সামরিক হেফাজতে ফিলিস্তিনি শিশুদের সঙ্গে আচরণ নিয়ে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে প্রতিবেদন চাওয়ার উদ্যোগ নেন ভ্যান হলেন। এ বিষয়ে সিনেটে একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হলেও ৫৩ ভোটের বিপরীতে ৪৭ ভোট পেয়ে সেটি প্রত্যাখ্যাত হয়। ভোটাভুটিতে সিনেটরদের অবস্থান প্রধানত দলীয় বিভাজন অনুসরণ করে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচক হিসেবেও পরিচিত ভ্যান হলেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করে তিনি বলেছেন, এ ধরনের যুদ্ধ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা আরও ঝুঁকির মধ্যে ফেলছে। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি পরিবর্তনের দাবিও দীর্ঘদিন ধরে তুলে আসছেন তিনি।
এদিকে ডেমোক্র্যাটিক পার্টির সিনেট নেতৃত্বের প্রতিযোগিতায় ভ্যান হলেন সমর্থন পেয়েছেন মিশিগান থেকে নবনির্বাচিত সিনেটর আবদুল এল সায়েদের। তিনি বর্তমান ডেমোক্র্যাট নেতা চাক শুমারকে সমর্থন করবেন না বলে আগেই জানিয়েছিলেন। ভ্যান হলেনের প্রার্থিতা ঘোষণার পর তাঁকে স্বাগত জানিয়ে এল সায়েদ বলেন, দলের নেতৃত্ব দেওয়ার জন্য সাহস ও অভিজ্ঞতা দুটোই প্রয়োজন এবং ভ্যান হলেনের মধ্যে সেই গুণ রয়েছে।
চাক শুমার দীর্ঘদিন ধরে সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিয়ে আসছেন। তবে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর রাজনৈতিক কৌশল এবং দলের অবস্থান নিয়ে ডেমোক্র্যাটদের একটি অংশ অসন্তুষ্ট। মধ্যবর্তী নির্বাচনে সাফল্যের পর সেই অসন্তোষ আরও প্রকাশ্যে এসেছে। বিশেষ করে নবনির্বাচিত কয়েকজন সিনেটর নতুন নেতৃত্বের পক্ষে অবস্থান নেওয়ায় নেতৃত্ব নির্বাচন এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সিনেট মেজরিটি লিডার পদটি যুক্তরাষ্ট্রের আইন প্রণয়ন প্রক্রিয়ায় অত্যন্ত প্রভাবশালী। সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আইন প্রণয়নের অগ্রাধিকার নির্ধারণ, বিলের ওপর ভোটাভুটির সময়সূচি এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমঝোতায় কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। ফলে এ পদে কে দায়িত্ব নেবেন, তা আগামী দুই বছরে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডেমোক্র্যাটদের সম্পর্ক এবং কংগ্রেসের কার্যক্রমে বড় প্রভাব ফেলতে পারে।
আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হওয়ার আগে ডেমোক্র্যাটদের নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ভ্যান হলেনের প্রার্থিতা দলের ভেতরে প্রগতিশীল ও প্রতিষ্ঠিত নেতৃত্বের মধ্যকার প্রতিযোগিতাকে সামনে নিয়ে এসেছে। এখন সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা বর্তমান নেতা চাক শুমারের ওপর আস্থা রাখবেন, নাকি নতুন নেতৃত্বের পক্ষে অবস্থান নেবেন, সেদিকেই নজর রয়েছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলের।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখেন অনেকেই। কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড সেই স্বপ্ন পূরণের একটি গুরুত্বপূর্ণ পথ। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় EB-1, EB-2 ও EB-3 নামে তিনটি প্রধান কর্মসংস্থানভিত্তিক অভিবাসন ক্যাটাগরি রয়েছে। তবে প্রতিটি ক্যাটাগরির যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া এবং শর্ত আলাদা। কোন ক্যাটাগরিতে নিজের পক্ষে আবেদন করা যায়, কোথায় মার্কিন নিয়োগকর্তার স্পনসরশিপ প্রয়োজন এবং শিক্ষাগত যোগ্যতা বা কাজের অভিজ্ঞতার ভিত্তিতে কারা আবেদন করতে পারবেন এসব বিষয় আমেরিকা বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছেন ইমিগ্রেশন অ্যাটর্নি মনির মেহরান। EB-1: অসাধারণ প্রতিভা ও বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের জন্য অ্যাটর্নি মনির মেহরান জানান, EB-1 ক্যাটাগরির EB-1A উপশ্রেণি অসাধারণ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের জন্য। এটি কথ্য ভাষায় ‘আইনস্টাইন ভিসা’ নামেও পরিচিত। তবে আইনস্টাইনের জীবদ্দশায় এই অভিবাসন ক্যাটাগরি চালু হয়নি। ফলে তিনি এই ভিসা পাননি। বিজ্ঞান, শিল্পকলা, শিক্ষা, ব্যবসা কিংবা খেলাধুলায় অসাধারণ দক্ষতা এবং জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক স্বীকৃতি থাকলে EB-1A-এর জন্য আবেদন করা যেতে পারে। এ ক্ষেত্রে মার্কিন নিয়োগকর্তার চাকরির প্রস্তাব ছাড়াই নিজের পক্ষে আবেদন বা পিটিশন দাখিলের সুযোগ রয়েছে। মেহরান বলেন, নোবেল পুরস্কার বা অস্কারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি থাকলে যোগ্যতা প্রমাণের বিষয়টি সহজ হতে পারে। তবে এ ধরনের পুরস্কার না থাকলেও আবেদন করা সম্ভব। বাংলাদেশের একুশে পদক বা বাংলা একাডেমি পুরস্কারের মতো জাতীয় পর্যায়ের স্বীকৃতিও প্রাসঙ্গিক প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। ইউএসসিআইএসের নিয়ম অনুযায়ী, বড় আন্তর্জাতিক পুরস্কার না থাকলে নির্ধারিত ১০টি মানদণ্ডের অন্তত তিনটির প্রমাণ উপস্থাপন করতে হয়। তবে শুধু তিনটি মানদণ্ড পূরণ করলেই অনুমোদন নিশ্চিত হয় না; আবেদনকারীর সামগ্রিক অর্জন ও প্রমাণপত্র বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। EB-2: উচ্চতর ডিগ্রি ও ব্যতিক্রমী দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের জন্য EB-2 ক্যাটাগরি মূলত উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অথবা ব্যতিক্রমী দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের জন্য। সাধারণত সংশ্লিষ্ট ক্ষেত্রে মাস্টার্স বা তার চেয়ে উচ্চতর ডিগ্রি থাকতে হয়। তবে যুক্তরাষ্ট্রের ব্যাচেলর ডিগ্রি বা সমমানের বিদেশি ডিগ্রির পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্রমবর্ধমান দায়িত্বের অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলেও তা উচ্চতর ডিগ্রির সমতুল্য হিসেবে বিবেচিত হতে পারে। এই ক্যাটাগরিতে সাধারণত মার্কিন নিয়োগকর্তার চাকরির প্রস্তাব এবং শ্রম বিভাগের অনুমোদিত লেবার সার্টিফিকেশন প্রয়োজন হয়। তবে EB-2-এর অধীনে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার বা NIW নামে একটি বিশেষ সুযোগ রয়েছে। এর মাধ্যমে আবেদনকারী নিজের পক্ষে পিটিশন দাখিল করতে পারেন এবং নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে চাকরির প্রস্তাব ও লেবার সার্টিফিকেশনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি চাইতে পারেন। মেহরানের ব্যাখ্যা অনুযায়ী, NIW-এর ক্ষেত্রে শুধু উচ্চতর ডিগ্রি বা বিশেষ দক্ষতা থাকলেই হবে না; আবেদনকারীর প্রস্তাবিত কাজ যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ এবং তা এগিয়ে নেওয়ার সক্ষমতা তাঁর রয়েছে এমন প্রমাণও উপস্থাপন করতে হয়। EB-3: পেশাজীবী, দক্ষ ও অপেক্ষাকৃত কম দক্ষ কর্মীদের জন্য EB-3 ক্যাটাগরিতে তিন ধরনের কর্মী আবেদন করতে পারেন। এগুলো হলো প্রফেশনাল, স্কিলড ওয়ার্কার এবং আদার ওয়ার্কারস। প্রফেশনাল ক্যাটাগরিতে সাধারণত যুক্তরাষ্ট্রের ব্যাচেলর ডিগ্রি বা সমমানের বিদেশি ডিগ্রি প্রয়োজন। স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে সংশ্লিষ্ট কাজের জন্য অন্তত দুই বছরের প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকতে হয়। অন্যদিকে আদার ওয়ার্কারস ক্যাটাগরি এমন কর্মীদের জন্য, যেসব পদের জন্য দুই বছরের কম প্রশিক্ষণ বা অভিজ্ঞতা প্রয়োজন। অ্যাটর্নি মনির মেহরান জানান, EB-3-এর ক্ষেত্রে সাধারণত একজন মার্কিন নিয়োগকর্তার কাছ থেকে স্থায়ী ও পূর্ণকালীন চাকরির প্রস্তাব থাকতে হয়। নিয়োগকর্তাকে সাধারণত প্রথমে শ্রম বিভাগের লেবার সার্টিফিকেশন নিতে হয়। এরপর কর্মীর পক্ষে ইমিগ্র্যান্ট পিটিশন দাখিল করা হয়। ফলে EB-1A বা EB-2 NIW-এর মতো EB-3-তে সাধারণত নিজের উদ্যোগে নিয়োগকর্তা ছাড়া আবেদন করার সুযোগ নেই। EB-3-তে অপেক্ষা বেশি হতে পারে EB-3 ক্যাটাগরির মধ্যেও অপেক্ষার সময়ে পার্থক্য রয়েছে। বিশেষ করে আদার ওয়ার্কারস উপশ্রেণিতে অপেক্ষা তুলনামূলক দীর্ঘ হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নভেম্বর ২০২৬-এর ভিসা বুলেটিন অনুযায়ী, বাংলাদেশে জন্ম নেওয়া অধিকাংশ আবেদনকারীর ক্ষেত্রে EB-3 প্রফেশনাল ও স্কিলড ওয়ার্কার ক্যাটাগরির চূড়ান্ত সিদ্ধান্তের কাট-অফ তারিখ ছিল ১৫ জুন ২০২৪। আর আদার ওয়ার্কারস ক্যাটাগরিতে কাট-অফ তারিখ ছিল ১ জুন ২০২২। এই কাট-অফ তারিখগুলো ভিসা বুলেটিন অনুযায়ী পরিবর্তিত হয়। তাই আবেদনকারীর অগ্রাধিকার তারিখ, জন্মদেশ এবং সংশ্লিষ্ট ক্যাটাগরির অবস্থানের ওপর অপেক্ষার সময় নির্ভর করে। শুধু কাট-অফ তারিখ দেখে কোনো নতুন আবেদনকারীর গ্রিন কার্ড পেতে মোট কত সময় লাগবে, তা নিশ্চিতভাবে বলা যায় না। কোন ক্যাটাগরি কার জন্য? সব মিলিয়ে EB-1A মূলত অসাধারণ প্রতিভা ও আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ে স্বীকৃত ব্যক্তিদের জন্য। EB-2 উচ্চতর ডিগ্রিধারী ও ব্যতিক্রমী দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের জন্য। আর EB-3 পেশাজীবী, দক্ষ কর্মী এবং অপেক্ষাকৃত কম দক্ষ কর্মীদের জন্য একটি অভিবাসন পথ। তবে কোন ক্যাটাগরিতে আবেদন করা সম্ভব, তা শুধু শিক্ষাগত যোগ্যতা বা পেশার নাম দিয়ে নির্ধারিত হয় না। আবেদনকারীর অর্জন, কাজের অভিজ্ঞতা, চাকরির প্রস্তাব, প্রয়োজনীয় নথিপত্র এবং অভিবাসন আইনের নির্ধারিত শর্ত পূরণের বিষয়টিও গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা
নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক
নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন
সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্র (এসএলসিএম-এন) কর্মসূচির উন্নয়ন আরও এগিয়ে নিতে প্রতিরক্ষা খাতের প্রতিষ্ঠান রেথনের (Raytheon) সঙ্গে চুক্তি করেছে মার্কিন নৌবাহিনী। এই চুক্তির ফলে প্রাথমিক ধারণাগত পর্যায় পেরিয়ে ক্ষেপণাস্ত্রটির নকশা চূড়ান্ত করা এবং প্রোটোটাইপ বা পরীক্ষামূলক প্রদর্শনের ধাপে প্রবেশ করছে কর্মসূচিটি। আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত প্রতিরোধ সক্ষমতা জোরদার এবং ওয়াশিংটনের জবাব দেওয়ার বিকল্প বাড়াতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। পরিকল্প অনুযায়ী, নতুন এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া-শ্রেণির অ্যাটাক সাবমেরিনে যুক্ত করা হবে। এ ছাড়া নৌবাহিনীর নতুন ঘোষণা করা সারফেস যুদ্ধজাহাজেও এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। উন্নয়নকাজ দ্রুত এগিয়ে নিতে ক্ষেপণাস্ত্রটিতে মডিউলার ওয়েপন আর্কিটেকচার এবং পূর্বে তৈরি বিভিন্ন প্রযুক্তিগত উপাদান ব্যবহার করা হবে। এতে সময় কম লাগবে এবং নতুন প্রযুক্তি সহজে যুক্ত করা যাবে। রেথনের পাশাপাশি আন্দুরিল রকেট মোটর সিস্টেমস, ডাইভারজেন্ট এবং উইলিয়ামস ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠানও ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশ তৈরিতে কারিগরি সহায়তা দেবে। এর আগে ফায়ার কন্ট্রোল সাবসিস্টেমের কারিগরি কাজের জন্য জেনারেল ডায়নামিক্স মিশন সিস্টেমসকেও চুক্তিবদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র অতীতে সাবমেরিন ও সারফেস জাহাজে পারমাণবিক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করলেও নব্বইয়ের দশকের শুরুতে তা প্রত্যাহার করে নেয় এবং ২০১৩ সালে কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে বাতিল করে। নতুন এসএলসিএম-এন কর্মসূচির মোট ব্যয় ১৫ থেকে ২০ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০৩২ সালের মধ্যে সীমিত পরিসরে মোতায়েন এবং ২০৩৪ সালের মধ্যে প্রাথমিক কার্যক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যদিও সংশ্লিষ্টরা এই সময়সীমাকে বেশ উচ্চাভিলাষী বলে মনে করছেন। এদিকে এই কর্মসূচির প্রেক্ষাপটে জাপান নিজেদের বন্দরে পারমাণবিক অস্ত্র বহনকারী মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশের নিষেধাজ্ঞার ক্ষেত্রে জরুরি ব্যতিক্রম যুক্ত করার বিষয়টি বিবেচনা করছে। বিশ্লেষকদের মতে, চীনের সক্রিয় অস্ত্রাগারে এখনো পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র না থাকলেও যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ আঞ্চলিক ও বৈশ্বিক সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট 873 ডিএন
সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি
ডিসেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ, বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?
ব্রিটেনের বিমানঘাঁটিতে একাধিক ড্রোন প্রতিহত করেছে মার্কিন বাহিনী, নেপথ্যে কি ইরান?
যুক্তরাষ্ট্রে চাকরির মাধ্যমে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিদেশি দক্ষ কর্মীদের নিয়োগ ও স্থায়ীভাবে চাকরিতে রাখার ক্ষেত্রে নিয়োগকর্তাদের ওপর নতুন শর্ত আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন শ্রম বিভাগ। প্রস্তাবটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য চাকরিদাতার মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় বাড়তি জটিলতা তৈরি হতে পারে। ২০২৬ সালের ১৬ নভেম্বর মার্কিন শ্রম বিভাগ এই প্রস্তাব ঘোষণা করে। পরদিন ১৭ নভেম্বর এটি সরকারি প্রজ্ঞাপন প্রকাশের ওয়েবসাইটে প্রকাশিত হয়। প্রস্তাবটির মূল উদ্দেশ্য হলো বিদেশি কর্মী নিয়োগের আগে মার্কিন নাগরিক ও কর্মীদের চাকরির সুযোগ নিশ্চিত করা এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানো। বর্তমানে কোনো নিয়োগকর্তা বিদেশি কর্মীর জন্য গ্রিন কার্ডের আবেদন করতে চাইলে তাকে প্রমাণ করতে হয়, সংশ্লিষ্ট পদে পর্যাপ্ত যোগ্য ও আগ্রহী মার্কিন কর্মী পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে বিদেশি কর্মী নিয়োগের কারণে মার্কিন কর্মীদের বেতন ও কাজের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে না, সেটিও নিশ্চিত করতে হয়। নতুন প্রস্তাবে এই যাচাই আরও কঠোর করার কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, নিয়োগকর্তাদের বিভিন্ন মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিতে হবে। এর মধ্যে রয়েছে রাজ্যভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি ব্যবস্থা, প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, চাকরি খোঁজার ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যম। চাকরির বিজ্ঞাপন ও যোগ্য মার্কিন প্রার্থীদের বিবেচনার প্রক্রিয়াও আরও বিস্তৃত হতে পারে। নতুন প্রস্তাবের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্মী ছাঁটাই। কোনো প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মস্থলে একই বা কাছাকাছি ধরনের পেশায় গত দুই বছরের মধ্যে মার্কিন কর্মী ছাঁটাই করে থাকলে ওই পদের জন্য বিদেশি কর্মীর স্থায়ী চাকরির অনুমোদনসংক্রান্ত আবেদন বাধাগ্রস্ত হতে পারে। এতে বিদেশি কর্মী নিয়োগের আগে প্রতিষ্ঠানগুলোকে আরও সতর্ক হতে হবে। নার্স ও শারীরিক চিকিৎসাসেবীদের জন্যও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বর্তমানে নির্দিষ্ট কিছু পেশা বিশেষ সুবিধার আওতায় থাকায় সাধারণ শ্রমবাজার যাচাইয়ের কিছু ধাপ এড়িয়ে যাওয়া সম্ভব। নতুন প্রস্তাবে এই ছাড় বাতিলের কথা বলা হয়েছে। এতে বিদেশি নার্স, শারীরিক চিকিৎসাসেবী এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য গ্রিন কার্ডের প্রক্রিয়া আরও দীর্ঘ হতে পারে। এই পরিবর্তন কার্যকর হলে যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের একটি অংশও প্রভাবিত হতে পারেন। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, প্রকৌশল, বিজ্ঞান ও গবেষণাসহ বিভিন্ন খাতে কর্মরত বাংলাদেশি পেশাজীবী এবং যারা চাকরিদাতার মাধ্যমে দ্বিতীয় বা তৃতীয় অগ্রাধিকারভিত্তিক কর্মসংস্থান শ্রেণিতে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার পরিকল্পনা করছেন, তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে অনুসরণ করা প্রয়োজন। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত আইন নয়। ২০২৭ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত এ বিষয়ে জনমত ও লিখিত মতামত গ্রহণের কথা রয়েছে। এরপর প্রাপ্ত মতামত পর্যালোচনা করে চূড়ান্ত বিধিমালার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই এখনই যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের গ্রিন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে কিংবা সব আবেদন বাতিল হবে—এমন ধারণা সঠিক নয়। তথ্যসূত্র: রয়টার্স। 874 এসকিউ
ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক
তরুণ প্রজন্মকে নিজ দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা! তীব্র হচ্ছে বিতর্ক

