সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে প্রথমবার বাড়ি কিনতে নগদ অর্থের ব্যবহার বাড়ছে, বড় ভরসা পারিবারিক সম্পদ

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ৭, ২০২৬ ২১:৪৯
যুক্তরাষ্ট্রে প্রথমবার বাড়ি কেনা ব্যক্তিদের মধ্যে সম্পূর্ণ নগদ অর্থে মূল্য পরিশোধের হার রেকর্ড ১০ শতাংশে পৌঁছেছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রে প্রথমবার বাড়ি কেনা ব্যক্তিদের মধ্যে সম্পূর্ণ নগদ অর্থে মূল্য পরিশোধের হার রেকর্ড ১০ শতাংশে পৌঁছেছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে প্রথমবার বাড়ি কেনার ক্ষেত্রে নগদ অর্থে পুরো মূল্য পরিশোধের হার ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রথমবার বাড়ি কেনা ব্যক্তিদের ১০ শতাংশ কোনো মর্টগেজ লোন ছাড়াই সম্পূর্ণ নগদ অর্থে বাড়ি কিনেছেন। বাড়ির উচ্চমূল্য ও মর্টগেজের সুদের চাপের মধ্যেও এমন রেকর্ডের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাবা-মা ও পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে পাওয়া সম্পদ। একই সময়ে প্রথমবার বাড়ি কেনার মধ্যম বয়স ৪০ বছরেই রয়ে গেছে, যা ইতিহাসের সর্বোচ্চ। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরসের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

 

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরসের ‘২০২৬ প্রোফাইল অব হোম বায়ার্স অ্যান্ড সেলার্স’ প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবার বাড়ি কেনা ক্রেতাদের মধ্যে পুরো অর্থ নগদে পরিশোধের হার ১০ শতাংশে পৌঁছেছে। এটি সংস্থাটির জরিপের ইতিহাসে সর্বোচ্চ। নগদ অর্থে বাড়ি কেনা এই ক্রেতাদের ২৮ শতাংশ বাড়ি কেনার জন্য উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদ ব্যবহার করেছেন। অন্যদিকে মর্টগেজ নিয়ে বাড়ি কেনা প্রথমবারের ক্রেতাদের মধ্যে এই হার মাত্র ৯ শতাংশ। সব ধরনের প্রথমবারের বাড়ি ক্রেতাদের মধ্যে উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদ ব্যবহারের হারও রেকর্ড ১০ শতাংশে পৌঁছেছে।

 

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের হাউজিং মার্কেটে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে সম্পদ হস্তান্তরের প্রভাব এখন স্পষ্ট হতে শুরু করেছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরসের উপপ্রধান অর্থনীতিবিদ জেসিকা লাউটজ বলেন, পারিবারিক সম্পদের এই পরিবর্তন এখনো ব্যাপক আকার ধারণ করেনি। তবে কারা প্রথম বাড়ি কিনতে পারছেন এবং জীবনের কোন পর্যায়ে বাড়ির মালিক হচ্ছেন, তার ওপর প্রভাব ফেলছে। মানুষের গড় আয়ু বেড়ে যাওয়ায় উত্তরাধিকারসূত্রে সম্পদ পাওয়া অনেক ব্যক্তিই এখন তরুণ বয়সের পরিবর্তে মধ্যবয়সে পৌঁছে প্রথম বাড়ি কেনার সুযোগ পাচ্ছেন।

 

জরিপের একটি উল্লেখযোগ্য তথ্য হলো, প্রথমবার সম্পূর্ণ নগদ অর্থে বাড়ি কেনা ব্যক্তিদের মধ্যম বয়স ৫৪ বছর। বিপরীতে মর্টগেজ নিয়ে প্রথম বাড়ি কেনা ব্যক্তিদের মধ্যম বয়স ৩৮ বছর। অর্থাৎ দুই শ্রেণির ক্রেতাদের মধ্যে বয়সের ব্যবধান ১৬ বছর। সামগ্রিকভাবে প্রথমবার বাড়ি কেনার মধ্যম বয়স দাঁড়িয়েছে ৪০ বছর। কয়েক দশক আগে যুক্তরাষ্ট্রে প্রথমবার বাড়ি কেনা ব্যক্তিদের বয়স তুলনামূলক অনেক কম ছিল। বর্তমানে বাড়ির দাম, ভাড়া, শিক্ষাঋণ এবং ডাউন পেমেন্টের অর্থ জোগাড়ের চাপ অনেকের বাড়ি কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছে।

 

প্রথমবার বাড়ি কেনার জন্য ডাউন পেমেন্টের অর্থ সংগ্রহেও পারিবারিক সহায়তার ভূমিকা বাড়ছে। জরিপ অনুযায়ী, প্রথমবারের ক্রেতাদের মধ্যে ৬২ শতাংশ ব্যক্তিগত সঞ্চয় ব্যবহার করেছেন। অবসরকালীন সঞ্চয়, শেয়ার বা অন্যান্য আর্থিক সম্পদ ব্যবহার করেছেন ৩০ শতাংশ। আর পরিবার ও বন্ধুদের কাছ থেকে উপহার বা ঋণ হিসেবে অর্থ পেয়েছেন ২৫ শতাংশ। অনেক ক্ষেত্রে বাবা-মা সন্তানদের ডাউন পেমেন্টের জন্য অর্থ দিচ্ছেন, মর্টগেজ লোনের সহস্বাক্ষরকারী হচ্ছেন অথবা নিজেদের বিনিয়োগ সম্পত্তি বিক্রি করে সন্তানদের বাড়ি কিনতে সহায়তা করছেন।

 

রিয়েলটর ডটকমের প্রতিবেদনে ন্যাশভিলের রিয়েল এস্টেট এজেন্ট এমিলি ওয়ার্নার জানান, সম্প্রতি তাঁর কয়েকজন প্রথমবারের বাড়ি ক্রেতা পরিবারের সহায়তায় ১০ লাখ ডলারের বেশি মূল্যের বাড়ি সম্পূর্ণ নগদ অর্থে কিনেছেন। অন্যদিকে আইওয়ার রিয়েল এস্টেট এজেন্ট ব্র্যান্ডন উইন জানান, তিনি এমন ক্রেতাদের সঙ্গে কাজ করেছেন, যাঁদের বাবা-মা বাজারে মর্টগেজের সুদের হার সাড়ে ৬ শতাংশ থাকার সময় মাত্র ৩ শতাংশ সুদে অর্থ ধার দিয়েছেন। এ ধরনের সহায়তা ক্রেতাদের জন্য বাড়ি কেনার খরচ কমিয়ে আনতে পারে।

 

নগদ অর্থে বাড়ি কেনার আরেকটি সুবিধা হলো, মর্টগেজ অনুমোদনের অপেক্ষা করতে হয় না। ফলে বাড়ি কেনার প্রক্রিয়া তুলনামূলক দ্রুত শেষ করা যায় এবং ঋণ অনুমোদন না হওয়ার ঝুঁকিও থাকে না। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের রিয়েল এস্টেট এজেন্ট অ্যান্থনি মিয়ান বলেন, একই বাড়ি কেনার জন্য একাধিক প্রস্তাব এলে অনেক বিক্রেতা নগদ অর্থে কেনার প্রস্তাবকে গুরুত্ব দেন। কারণ এতে অর্থায়নসংক্রান্ত অনিশ্চয়তা কম থাকে। বিশেষ করে লস অ্যাঞ্জেলেসের মতো ব্যয়বহুল এলাকায় পারিবারিক সম্পদ ক্রেতাদের কোন এলাকায় বাড়ি কেনার সামর্থ্য থাকবে, সেটিও প্রভাবিত করতে পারে।

 

অন্যদিকে যারা আগে থেকেই বাড়ির মালিক, তারা নতুন বাড়ি কেনার বাজারে বড় সুবিধা পাচ্ছেন। সর্বশেষ জরিপ অনুযায়ী, মোট বাড়ি ক্রেতাদের ৭৮ শতাংশই আগে বাড়ি কিনেছেন এমন ব্যক্তি। এই শ্রেণির ক্রেতাদের ৩০ শতাংশ সম্পূর্ণ নগদ অর্থে বাড়ি কিনেছেন। তাঁদের মধ্যম বয়স ৬২ বছর এবং পরিবারের মধ্যম বার্ষিক আয় ১ লাখ ২৭ হাজার ডলার। বিপরীতে প্রথমবার বাড়ি কেনা পরিবারের মধ্যম বার্ষিক আয় ১ লাখ ডলার। প্রথমবার বাড়ি কেনা ব্যক্তিদের মধ্যম ডাউন পেমেন্ট ছিল বাড়ির মূল্যের ৯ শতাংশ, আর আগের বাড়ির মালিকদের ক্ষেত্রে তা ১৯ শতাংশ।

 

এদিকে মোট বাড়ি ক্রেতাদের মধ্যে প্রথমবার বাড়ি কেনা ব্যক্তিদের অংশ ২০২৫ সালের ২১ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ২২ শতাংশ হয়েছে। তবে ২০০৮ সালের আগের ঐতিহাসিক গড় প্রায় ৪০ শতাংশের তুলনায় এই হার এখনো অনেক কম। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরসের মতে, বাড়ির ক্রয়ক্ষমতা কমে যাওয়া এখনো নতুন ক্রেতাদের জন্য সবচেয়ে বড় বাধা। চলতি বছরের শুরুর দিকে মর্টগেজের সুদের হার সাময়িকভাবে কমে যাওয়ায় কিছু নতুন ক্রেতা বাড়ি কেনার সুযোগ পেয়েছিলেন।

 

বাড়ি বিক্রির ক্ষেত্রেও পরিবর্তন দেখা যাচ্ছে। ২০২৬ সালে বাড়ি বিক্রেতারা তাঁদের সম্পত্তি বিক্রির আগে মধ্যম হিসাবে ১২ বছর ধরে মালিক ছিলেন, যা নতুন রেকর্ড। বিক্রেতাদের ২২ শতাংশ পরিবার ও বন্ধুদের কাছাকাছি যেতে বাড়ি বিক্রি করেছেন। অন্যদের মধ্যে বাড়ি ছোট হওয়া, প্রয়োজনের তুলনায় বড় হওয়া, পারিবারিক অবস্থার পরিবর্তন কিংবা অবসর গ্রহণের কারণে বাড়ি বিক্রির প্রবণতা দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের বর্তমান আবাসন বাজারে নিজের সঞ্চয়ের পাশাপাশি পারিবারিক সম্পদ ও আগে থেকে থাকা বাড়ির ইকুইটি নতুন সম্পত্তি কেনার সামর্থ্য নির্ধারণে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

 

সংবাদসূত্র: ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরস, রিয়েলটর ডটকম।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে বাড়ির দাম, মর্টগেজের কিস্তি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেকের জন্য নিজের বাড়ি কেনা কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বিকল্প আবাসন ব্যবস্থা হিসেবে আলোচনায় আসছে ছোট আকারের বাড়ি, যা পরিচিত ‘টিনি হোম’ নামে।   মাত্র কয়েকশ বর্গফুটের এসব বাড়িতে থাকতে পারে ছোট্ট একটি রান্নাঘর, বেডরুম, বাথরুম এবং বসার ঘর। আধুনিক নকশায় সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে তৈরি করা হয় এসব বাড়ি। অনেক বাড়িতে থাকে বহুমুখী আসবাব, ভাঁজ করা টেবিল, সিঁড়ির নিচে স্টোরেজ এবং ছাদের কাছাকাছি আলাদা ঘুমানোর ব্যবস্থা।   টিনি হোমের বিশেষত্ব হলো, তুলনামূলক ছোট জায়গায় প্রয়োজনীয় সব আবাসন সুবিধা একসঙ্গে পাওয়া। কিছু বাড়ি চাকার ওপর তৈরি করা হয়, ফলে সেগুলো প্রয়োজনে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। আবার কিছু বাড়ি স্থায়ী ভিত্তির ওপর নির্মাণ করা হয়। নির্মাণের ধরন, আকার, উপকরণ ও অবস্থান অনুযায়ী এসব বাড়ির দাম ভিন্ন হয়ে থাকে।   শুধু টিনি হোম নয়, যুক্তরাষ্ট্রে ছোট আকারের স্বতন্ত্র আবাসন ইউনিট বা অ্যাকসেসরি ডুয়েলিং ইউনিটের (এডিইউ) প্রতিও আগ্রহ বাড়ছে। মূল বাড়ির পেছনে, পাশে কিংবা গ্যারেজের জায়গায় তৈরি করা যায় এসব ছোট বাড়ি। এগুলো পরিবারের সদস্যদের থাকার পাশাপাশি ভাড়া দেওয়ার জন্যও ব্যবহার করা হয়।   পিউ চ্যারিটেবল ট্রাস্টের ২০২৬ সালের অক্টোবরের এক গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ২০২৫ সালে এডিইউ নির্মাণের জন্য ৬১ হাজার ৬৫৫টি পারমিট দেওয়া হয়েছে। ২০১৬ সালে এই সংখ্যা ছিল মাত্র ৪ হাজার ৯৬২। অর্থাৎ এক দশকের ব্যবধানে এ ধরনের আবাসন নির্মাণের অনুমোদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই পরিসংখ্যান এডিইউ-সংক্রান্ত, সরাসরি টিনি হোমের সংখ্যা নয়।   ছোট বাড়ির প্রতি আগ্রহ বাড়ার পেছনে রয়েছে আবাসন ব্যয় কমানো, সীমিত জায়গার কার্যকর ব্যবহার এবং তুলনামূলক সহজ জীবনযাপনের আকাঙ্ক্ষা। অনেকেই বড় বাড়ির পরিবর্তে ছোট পরিসরে বসবাস করে রক্ষণাবেক্ষণ ও অন্যান্য খরচ কমানোর বিষয়টি বিবেচনা করছেন।   তবে যুক্তরাষ্ট্রের সব এলাকায় সব ধরনের টিনি হোম নির্মাণ বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি নেই। স্থানীয় জোনিং আইন, ভবন নির্মাণের বিধিমালা, জমির ব্যবহার, ন্যূনতম আকার এবং নিরাপত্তাসংক্রান্ত শর্তের ওপর অনুমোদন নির্ভর করে। চাকার ওপর তৈরি বাড়ি এবং স্থায়ী ভিত্তির ওপর নির্মিত বাড়ির ক্ষেত্রেও নিয়ম আলাদা হতে পারে।   সব মিলিয়ে, প্রচলিত বড় বাড়ির বাইরে টিনি হোম যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে একটি বিকল্প ধারণা হিসেবে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে বাড়ির ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে যারা ছোট পরিসরে নিজের আবাসন গড়ে তুলতে চান, তাদের কাছে এটি বিবেচনার একটি নতুন সুযোগ হতে পারে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৩:১৯
যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় পিছিয়ে যাওয়ার পর শুরু হলো ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড। ছবি: সংগৃহীত
নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন

প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় নির্ধারিত দিনে পিছিয়ে যাওয়া ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড আজ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই আয়োজনে পারফর্ম করছেন কুইন লতিফা, এলএল কুল জে এবং কেকি পামারের মতো জনপ্রিয় তারকারা।   আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে থ্যাংকসগিভিংয়ের দিন প্যারেডটি স্থগিত করা হয়েছিল। তবে নির্ধারিত রুট অনুযায়ী ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইড থেকে শুরু হয়ে মেসিসের প্রধান হেরাল্ড স্কয়ার স্টোর পর্যন্ত প্রায় আড়াই মাইল পথ অতিক্রম করছে এই বর্ণাঢ্য শোভাযাত্রা।   এবারের আয়োজনে রেকর্ডসংখ্যক ১০০টি বিশাল ইনফ্ল্যাটেবল বা বেলুন অংশ নিচ্ছে। নতুন বেলুনের তালিকায় রয়েছে ‘ব্লুই’ ও ‘হ্যালো কিটি বিগ অ্যাপল’-এর মতো চরিত্র। পাশাপাশি দর্শকদের চেনা ও প্রিয় পুরনো বেলুনগুলোর মধ্যে ফিরে এসেছে ‘আন্ডারডগ’ ও ‘ব্লু হিপ্পো’।   পুরো প্যারেডটি সঞ্চালনা করছেন এনবিসির সাভানা গাথরি, হোদা কোটব এবং আল রোকার। নেটওয়ার্ক সূত্রে জানা গেছে, সব টাইম জোনে এনবিসি ও পিকক-এ অনুষ্ঠানটি সম্প্রচার ও স্ট্রিমিং করা হচ্ছে। এ ছাড়া টেলিমুন্ডোতেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন।   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১২:০
পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্র (এসএলসিএম-এন) উন্নয়নে রেথনের সঙ্গে চুক্তি করেছে মার্কিন নৌবাহিনী। ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে

এআর-১৫সহ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার নিয়ে বড় আইনি লড়াইয়ে মার্কিন সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি

বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

ডিসেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ, বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

যুক্তরাজ্যের আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির কাছে অশনাক্ত ড্রোন প্রতিহত; ইরানের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ। ছবি: সংগৃহীত
ব্রিটেনের বিমানঘাঁটিতে একাধিক ড্রোন প্রতিহত করেছে মার্কিন বাহিনী, নেপথ্যে কি ইরান?

যুক্তরাজ্যের সাফোক অঞ্চলে অবস্থিত আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির কাছে একাধিক অশনাক্ত ড্রোনের উপস্থিতি ও সেগুলো প্রতিহত করার ঘটনায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। চলতি মাসের শুরুতে ঘটা এই ঘটনায় ইরানের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে সন্দেহ করা হলেও, ড্রোনগুলো উদ্ধার করা সম্ভব না হওয়ায় সেগুলোর উৎস ও উদ্দেশ্য এখনো অস্পষ্ট রয়ে গেছে। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, গত ১৩ নভেম্বর রাতে ঘাঁটির আকাশে সন্দেহভাজন অননুমোদিত ড্রোন কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও মার্কিন বা ব্রিটিশ কোনো পক্ষই ড্রোনগুলো উদ্ধার করতে পারেনি। তবে এ ঘটনায় কোনো সেনাসদস্য, যুদ্ধবিমান বা অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে মার্কিন বিমান বাহিনী। ড্রোনগুলো শত্রুতাপূর্ণ ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।   ঘটনার সময় ঘাঁটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল এবং সাইরেন বাজিয়ে কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছিল। ঘাঁটির নিরাপত্তায় ব্রিটিশ বাহিনীকেও মোতায়েন করা হয়। ইউরোপে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় যুদ্ধবিমান অভিযান পরিচালিত হয় আরএএফ লেকেনহিথ থেকেই, যেখানে প্রায় সাত হাজার কর্মী কর্মরত রয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, ড্রোনগুলো আটকাতে মার্কিন কাউন্টার-ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হলেও অপারেশনাল নিরাপত্তার স্বার্থে কোন ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি যুক্তরাষ্ট্র। এ বিষয়ে হোয়াইট হাউস ও পেন্টাগনের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।   এই ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার গুঞ্জন উঠলেও এখন পর্যন্ত তেহরানের ভূমিকা প্রমাণিত হয়নি। ড্রোন উদ্ধার না হওয়ায় কে বা কারা এগুলো পরিচালনা করেছিল এবং এর লক্ষ্য কী ছিল, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। সাম্প্রতিক সময়ে ব্রিটেনের অন্যান্য সামরিক ঘাঁটি—যেমন আরএএফ ফেয়ারফোর্ড ও আরএএফ মাইল্ডেনহল ঘিরে নিরাপত্তা সতর্কতা ও ইরান-সংশ্লিষ্ট হুমকির প্রেক্ষাপটে যুদ্ধবিমান সরিয়ে নেওয়ার মতো ঘটনাও সামনে এসেছে। যদিও তেহরান এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে, তবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে নজরদারি ও ড্রোনবিরোধী সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।   সূত্র: দ্য সানডে গার্ডিয়ান   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৮:৫৩
গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব, বিপাকে পড়তে পারেন বাংলাদেশি প্রবাসীরা

ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

তরুণ প্রজন্মকে নিজ দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা! তীব্র হচ্ছে বিতর্ক

তরুণ প্রজন্মকে নিজ দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা! তীব্র হচ্ছে বিতর্ক

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...