সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ইরান যুদ্ধে নি হত ২১ মার্কিন সেনা, কেউ ফিরতে চেয়েছিলেন প্রেমিকার কাছে, কেউ সন্তানের কাছে

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ১১, ২০২৬ ১৭:৫৩
ইরান যুদ্ধে নি হত ২১ মার্কিন সেনা, কেউ ফিরতে চেয়েছিলেন প্রেমিকার কাছে, কেউ সন্তানের কাছে
ইরান যুদ্ধে নি হত ২১ মার্কিন সেনা, কেউ ফিরতে চেয়েছিলেন প্রেমিকার কাছে, কেউ সন্তানের কাছে

ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২১ জন মার্কিন সামরিক সদস্য প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১০০ জন। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ১৬৮ শিশুসহ ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছেন।

 

যুদ্ধের এই নিষ্ঠুর পরিসংখ্যানের আড়ালে চাপা পড়ে গেছে অসংখ্য মানবিক ট্র্যাজেডি। নিহত মার্কিন সেনাদের কেউ ছিলেন সদ্য কৈশোর পেরোনো তরুণী, কেউবা ঘরে ফেরা মাত্রই বিয়ের পিঁড়িতে বসার স্বপ্ন দেখা এক বাগদত্তা, আবার কেউ ছিলেন সন্তানদের ভবিষ্যৎ গড়তে চাওয়া স্নেহময় পিতা।

 

যুদ্ধে প্রথম মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটে গত ১ মার্চ, যখন কুয়েতের শুয়াইবা বন্দরে একটি অস্থায়ী অপারেশন সেন্টারে ইরানি হামলায় ছয়জন আর্মি রিজার্ভ সদস্য প্রাণ হারান। এদের মধ্যে ছিলেন আইওয়ার ২০ বছর বয়সী তরুণ ডেক্লান কোডি, যিনি বিদেশে থেকেও পরিবারের সাথে নিয়মিত ভিডিও গেম খেলে ও অ্যানিমে নিয়ে গল্প করে যোগাযোগ রাখতেন।

 

একই হামলায় নিহত হন মিনেসোটার ৩৯ বছর বয়সী দুই সন্তানের জননী সার্জেন্ট নিকোল আমোর, যার মাত্র কয়েক দিন পরেই বাড়ি ফেরার কথা ছিল। এছাড়াও ওই হামলায় প্রাণ হারান ফ্লোরিডার ৩৫ বছর বয়সী ক্যাপ্টেন কোডি খর্ক, মার্শাল আর্টে ব্ল্যাক বেল্টধারী নেব্রাস্কার ৪২ বছর বয়সী সার্জেন্ট নোয়াহ টিটজেনস, তিন সন্তানের জনক আইওয়ার ৪৫ বছর বয়সী মেজর জেফ্রি ও’ব্রায়েন এবং অবসরের দ্বারপ্রান্তে থাকা ভার্জিনিয়ার ৫৪ বছর বয়সী রবার্ট মারজান। এর কয়েকদিন পর সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানি হামলায় আহত হয়ে ৮ মার্চ মারা যান কেনটাকির ২৬ বছর বয়সী সার্জেন্ট বেঞ্জামিন পেনিংটন।

 

একই সময়ে ইরাকে মার্কিন বিমানবাহিনীর একটি ‘কেসি-১৩৫’ (KC-135) জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে আরও ছয়জন ক্রু সদস্য নিহত হন। এদের মধ্যে ছিলেন মেজর জন ‘অ্যালেক্স’ ক্লিনার, যিনি দুই বছর বয়সী এক সন্তান ও সাত মাস বয়সী যমজ সন্তানের জনক ছিলেন।

 

একই দুর্ঘটনায় প্রাণ হারান ৩১ বছর বয়সী নারী পাইলট ক্যাপ্টেন আরিয়ানা জি. সাভিনো, দুই সন্তানের জননী ৩৪ বছর বয়সী টেকনিক্যাল সার্জেন্ট অ্যাশলে বি. প্রুইট, ওহাইওর ৩৮ বছর বয়সী পাইলট ক্যাপ্টেন সেথ আর. কোভাল এবং ৩০ বছর বয়সী অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন কার্টিস জে. অ্যাংস্ট। এছাড়া নিহতদের মধ্যে ছিলেন মা-বাবার একমাত্র সন্তান টেকনিক্যাল সার্জেন্ট টাইলার এইচ. সিমন্স, যিনি মৃত্যুর মাত্র একদিন আগে বাবাকে ফোনে বলেছিলেন যে তার হয়তো আর বাড়ি ফেরা হবে না।

 

জুলাই মাসে এসে প্রাণহানির এই তালিকা আরও দীর্ঘ হয়। গত ১৭ জুলাই জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ইরানি হামলায় তিন মার্কিন সেনা নিহত হন। তাদের একজন ছিলেন টেক্সাসের ১৯ বছর বয়সী তরুণী ইসাবেলা গঞ্জালেস, যিনি গত বসন্তেই হাইস্কুল শেষ করে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।

 

আরেকজন ছিলেন ত্রিনিদাদে জন্ম নেওয়া এবং নিউইয়র্কে বেড়ে ওঠা তরুণী অ্যাঞ্জেল রামপারসাদ। একই ঘটনায় ১৮ জুলাই প্রাণ হারান হাওয়াইয়ের ২৫ বছর বয়সী টাইলার জেমস ফিহান। এমবিএ শেষ করার মাত্র কয়েক সপ্তাহ দূরে থাকা ফিহানের দেশে ফিরেই প্রেমিকা ক্লেয়ার ফ্লেচারকে বিয়ে করার এবং ল’ স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল। মৃত্যুর আগে প্রেমিকাকে পাঠানো তার শেষ বার্তাটি ছিল—‘আমি তোমাকে ভালোবাসি’।

 

এর পরদিন ১৯ জুলাই উত্তর ইরাকের এরবিল বিমানঘাঁটিতে একটি ভূপাতিত ড্রোন নিষ্ক্রিয় করার সময় নিহত হন ৩০ বছর বয়সী সার্জেন্ট মাইকেল ইমানুয়েল সুইনটন। চার বছর বয়সী এক কন্যাসন্তানের এই জনক মৃত্যুর এক মাস আগে স্ত্রীকে মেসেজ পাঠিয়ে বলেছিলেন, তিনি মারা গেলে সন্তানরা যেন জানতে পারে বাবা তাদের কতটা ভালোবাসতেন।

 

এছাড়া আরব সাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ১৪ হাজার বর্গফুট এলাকা জুড়ে ১০০ ঘণ্টার বেশি তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি দুই সন্তানের জনক ও নৌবাহিনীর কমান্ডার গ্যাব্রিয়েল এডওয়ার্ডসের; গত ৫ জুলাই তার উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।

 

সরাসরি যুদ্ধক্ষেত্রের বাইরেও সামরিক দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আরও দুই কর্মকর্তা। গত ৬ মার্চ কুয়েতের ক্যাম্প বুহরিংয়ে দায়িত্ব পালনকালে শারীরিক অসুস্থতায় মারা যান নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) ও ন্যাশনাল গার্ডের ৪৬ বছর বয়সী মেজর সর্ফলি ডেভিয়াস, যিনি ছয় সন্তানের জনক ছিলেন। সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর কাতারে সামরিক অভিযানে সহায়তার উদ্দেশ্যে যাওয়ার পথে বিমানের মধ্যেই অসুস্থ হয়ে মারা যান ৩৭ বছর বয়সী মেজর বিয়াঙ্কা সি. উইলকারসন।

 

গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছিলেন যে, নিহত সেনাদের পরিবারের সাথে সাক্ষাৎ করলেও যুদ্ধের বিষয়ে তার অবস্থানে কোনো পরিবর্তন আসবে না এবং সামনে আরও প্রাণহানি ঘটতে পারে। ওয়াশিংটনের সেই পূর্বাভাস সত্যি করে মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল, আর প্রিয়জন হারানোর অপূরণীয় শূন্যতা নিয়ে দিন কাটছে স্বজনহারা পরিবারগুলোর।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি
ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি (NBC) ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে তৈরি একটি বিজ্ঞাপন আর প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। থ্যাংকসগিভিংয়ের আগের রাতে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’-এর বিশেষ পর্বে বিজ্ঞাপনটি সম্প্রচারের পর বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে এ পদক্ষেপ নেওয়া হয়।   ‘এভরি থ্রি সেকেন্ডস’ শিরোনামের ৩০ সেকেন্ডের ওই বিজ্ঞাপনটি তৈরি ও প্রচার করেছিল ফিলিস্তিনি অধিকারপন্থী সংস্থা ‘আইএমইইউ পলিসি প্রজেক্ট’ (IMEU Policy Project)। বিজ্ঞাপনে এক মার্কিন কিশোরীর একটি বাইসাইকেল কেনার জন্য ৪০০ ডলার জমানোর দৃশ্যের পাশাপাশি গাজার ৯ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর প্রসঙ্গ তুলে ধরা হয়, যিনি ইসরায়েলি হামলায় মা ও দাদিকে হারানোর পাশাপাশি নিজের একটি পা হারিয়েছেন।   বিজ্ঞাপনটিতে দাবি করা হয়, মার্কিন করদাতাদের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে তা জনগণকে জানাতেই এটি প্রচার করা হয়েছে এবং ইসরায়েলের সঙ্গে নতুন কোনো সামরিক সহায়তা চুক্তির বিরোধিতা করতে দর্শকদের নিজ নিজ কংগ্রেস সদস্যের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়।   বিজ্ঞাপনটি প্রচারের পর অ্যান্টি-ডিফামেশন লিগ (এডিএল) এবং ইসরায়েলি-আমেরিকান কাউন্সিলসহ একাধিক ইহুদি ও ইসরায়েলপন্থী সংগঠন এর তীব্র নিন্দা জানায়। তাদের দাবি, এটি ইসরায়েলকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে এবং করদাতাদের অর্থের ব্যবহার নিয়ে বিভ্রান্তিকর ধারণা দিয়েছে। অন্যদিকে, আইএমইইউ পলিসি প্রজেক্ট জানায় যে বিজ্ঞাপনটি এনবিসির ফ্যাক্ট-চেকিং প্রক্রিয়া উত্তীর্ণ হয়েছিল।   সংস্থাটি আল জাজিরাকে জানিয়েছে, বিজ্ঞাপনটি আর প্রচার না করার খবরের বিষয়ে এনবিসির পক্ষ থেকে এখনো তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।   সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিজ্ঞাপনটি সম্প্রচারের আগে এনবিসির শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত ছিল না। ভবিষ্যতে এটি আর পুনঃপ্রচার করা হবে না এবং এনবিসিইউনিভার্সাল তাদের বিজ্ঞাপন অনুমোদন প্রক্রিয়া পর্যালোচনা করবে বলে জানা গেছে। সূত্র: আল জাজিরা।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৩:৩৪
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক
নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট দিল্লি বা সানি দিল্লিতে স্বল্প সময়ের ব্যবধানে একাধিক আগ্নেয়াস্ত্রের ঘটনায় ক্যাম্পাসে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। নিউইয়র্ক সিটি থেকে প্রায় তিন ঘণ্টা উত্তরে ক্যাটস্কিল পর্বতমালার কোলে অবস্থিত প্রায় তিন হাজার শিক্ষার্থীর এই শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি সেমিস্টারে এ পর্যন্ত ৮৯টি ‘পুলিশ ইনসিডেন্ট’ বা পুলিশি ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে একটি ধর্ষণের ঘটনাও রয়েছে।   ১৯ বছর বয়সী এক ক্রিমিনাল জাস্টিস শিক্ষার্থী পরিস্থিতি নিয়ে গভীর উৎকণ্ঠা প্রকাশ করে জানিয়েছেন, পরপর ঘটনাগুলো ঘটায় তিনি আর সেখানে থাকতে চান না এবং নিজেকে নিরাপদ মনে করছেন না।   ডেলাওয়্যার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি শন স্মিথ ও আদালতের নথির বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফল সেমিস্টার শুরুর চার সপ্তাহ পর গত ২৮ সেপ্টেম্বর ডরমিটরির কক্ষে কোকেন ও চারটি অনিবন্ধিত আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর ১৯ বছর বয়সী টমাস এলিয়ট এবং ১৮ বছর বয়সী দিমিত্রি ভিক্টর নামের দুই ফ্রেশম্যান রুমমেটকে গ্রেপ্তার করে পুলিশ; পরে ২৯ অক্টোবর তৃতীয় রুমমেট ব্রেডেন ইয়ানেলোকেও (১৮) গ্রেপ্তার করা হয়।   এর এক সপ্তাহ আগে ভিক্টর এলিয়টের কাছ থেকে কেনা একটি লোড করা অনিবন্ধিত ৯ মিমি হ্যান্ডগান দিয়ে তার বান্ধবীকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে, আর ৪ অক্টোবর অফ-ক্যাম্পাস হাউস পার্টিতে কিফার ক্লার্ক (১৯) নামের আরেক ফ্রেশম্যান অপর এক শিক্ষার্থীর বুকে হ্যান্ডগান তাক করেন বলে জানিয়েছে পুলিশ। এলিয়ট ও ভিক্টর উভয়েই তিনটি করে ফেলোনি অস্ত্র রাখার অভিযোগে অভিযুক্ত হলেও নির্দোষ দাবি করে জামিনে মুক্তি পেয়েছেন, আর এলিয়ট ও ভিক্টরকে ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে।   ক্যাম্পাসের সহিংসতা ও সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে এক অধ্যাপক ভর্তির মান কমে যাওয়াকে সাম্প্রতিক বছরগুলোর সহিংসতা বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছেন এবং ২০১৬ সালের ৫১ শতাংশের তুলনায় ভর্তির হার ৮৯ শতাংশে পৌঁছানোর বিষয়টি তুলে ধরেছেন।   অন্যদিকে, কলেজ প্রেসিডেন্ট মেরি বন্ডার্টফ জানিয়েছেন যে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অস্ত্র উদ্ধার করেছে এবং ক্যাম্পাসে কোনো চলমান হুমকি নেই; পাশাপাশি নিরাপত্তা ক্যামেরা ও পুলিশি টহল বাড়ানো এবং প্রতি মাসে কক্ষ তল্লাশির মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে অনেক শিক্ষার্থীই এসব আশ্বাসে পুরোপুরি ভরসা পাচ্ছেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১২:১৮
প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় পিছিয়ে যাওয়ার পর শুরু হলো ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন

পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্র (এসএলসিএম-এন) উন্নয়নে রেথনের সঙ্গে চুক্তি করেছে মার্কিন নৌবাহিনী। ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে

এআর-১৫সহ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার নিয়ে বড় আইনি লড়াইয়ে মার্কিন সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি

বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?
ডিসেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ, বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ডিসেম্বর ২০২৬ মাসের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। ২৭ নভেম্বর প্রকাশিত এই বুলেটিন আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এতে পারিবারিক ও কর্মভিত্তিক অভিবাসন ভিসার বিভিন্ন ক্যাটাগরির অগ্রগতির তথ্য তুলে ধরা হয়েছে।   নতুন বুলেটিনে কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার তারিখ এগিয়ে নেওয়া হলেও বাংলাদেশসহ অধিকাংশ দেশের আবেদনকারীদের জন্য পারিবারিক অভিবাসনের বেশ কয়েকটি ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।   বাংলাদেশিরা সাধারণত ‘অল চার্জেবিলিটি এরিয়াস’ বা নির্দিষ্টভাবে তালিকাভুক্ত নয় এমন দেশগুলোর তালিকার আওতায় পড়েন। এই তালিকায় এফ-১ ক্যাটাগরিতে ২২ জানুয়ারি ২০২১, এফ-২বি ক্যাটাগরিতে ২২ আগস্ট ২০২০, এফ-৩ ক্যাটাগরিতে ২২ অক্টোবর ২০১৫ এবং এফ-৪ ক্যাটাগরিতে ২২ অক্টোবর ২০১২ তারিখ বহাল রাখা হয়েছে।   এফ-২এ ক্যাটাগরিতে অবশ্য অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এই ক্যাটাগরির চূড়ান্ত অনুমোদনের তারিখ ২২ অক্টোবর ২০২৬ থেকে এগিয়ে ২২ নভেম্বর ২০২৬ করা হয়েছে।   পারিবারিক অভিবাসনের ক্ষেত্রে এফ-১ ক্যাটাগরি মার্কিন নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য, এফ-২বি গ্রিন কার্ডধারীদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য, এফ-৩ মার্কিন নাগরিকদের বিবাহিত সন্তানদের জন্য এবং এফ-৪ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকদের ভাইবোনদের জন্য প্রযোজ্য।   কর্মভিত্তিক অভিবাসনেও বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। বাংলাদেশসহ অধিকাংশ দেশের জন্য ইবি-২ ক্যাটাগরির চূড়ান্ত অনুমোদনের তারিখ ১ এপ্রিল ২০২৫ এবং ইবি-৩ ক্যাটাগরির তারিখ ১৫ জুন ২০২৪ রয়েছে।   তবে আগামী মাসগুলোতে আবেদনকারীর সংখ্যা ও ভিসার চাহিদার ওপর নির্ভর করে কিছু ক্যাটাগরির তারিখ আবার পিছিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এমনকি বার্ষিক ভিসার সীমা পূরণ হলে কোনো কোনো ক্যাটাগরিতে সাময়িকভাবে ভিসা দেওয়া বন্ধও হতে পারে।   বাংলাদেশে যাঁরা বাবা-মা, ভাইবোন, স্বামী-স্ত্রী কিংবা সন্তানদের মাধ্যমে আমেরিকায় স্থায়ীভাবে যাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাঁদের জন্য এই বুলেটিন গুরুত্বপূর্ণ। আবেদনকারীদের নিজেদের অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেটের সঙ্গে নতুন বুলেটিনের তারিখ মিলিয়ে দেখা প্রয়োজন। সূত্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, ডিসেম্বর ২০২৬ ভিসা বুলেটিন। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৯:১
যুক্তরাজ্যের আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির কাছে অশনাক্ত ড্রোন প্রতিহত; ইরানের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ। ছবি: সংগৃহীত

ব্রিটেনের বিমানঘাঁটিতে একাধিক ড্রোন প্রতিহত করেছে মার্কিন বাহিনী, নেপথ্যে কি ইরান?

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব, বিপাকে পড়তে পারেন বাংলাদেশি প্রবাসীরা

ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...