সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

বিশ্বে সর্বোচ্চ চিকিৎসা ব্যয় করেও গড় আয়ুতে ৩৮তম অবস্থানে যুক্তরাষ্ট্র, বাড়ছে তরুণদের অকালমৃত্যু

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ২৫, ২০২৬ ২১:৪
অন্যান্য উচ্চ আয়ের দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু কম বলে নতুন গবেষণায় উঠে এসেছে। ছবি: সংগৃহীত
অন্যান্য উচ্চ আয়ের দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু কম বলে নতুন গবেষণায় উঠে এসেছে। ছবি: সংগৃহীত

অন্যান্য উচ্চ আয়ের দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু কমছে এবং এই ব্যবধানের পেছনে শুধু মাদক অতিরিক্ত গ্রহণ, আত্মহত্যা বা হত্যাকাণ্ডের মতো কারণ দায়ী নয়। হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, বিপাকীয় ও হরমোনজনিত রোগ, অ্যালকোহলজনিত লিভারের রোগ, স্নায়ুতন্ত্রের রোগ এবং কিডনি ও মূত্রনালির বিভিন্ন অসুস্থতাও যুক্তরাষ্ট্রের মৃত্যুহার বাড়াতে বড় ভূমিকা রাখছে।

 

ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের গবেষক স্টিভেন এইচ. উলফের নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ‘ইউএস লাইফ এক্সপেকট্যান্সি অ্যান্ড ইনক্রিজিং মর্টালিটি রেটস: অ্যান অ্যানালাইসিস অব দ্য ক্রাইসিস’ শীর্ষক গবেষণাটি ২৩ সেপ্টেম্বর ২০২৬ সালে ‘দ্য মিলব্যাংক কোয়ার্টারলি’তে প্রকাশিত হয়। গবেষণায় ১৯৯৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মৃত্যুহারের তথ্য বিশ্লেষণ করা হয়েছে এবং ১৬টি উচ্চ আয়ের দেশের সঙ্গে তুলনা করা হয়েছে। তথ্য নেওয়া হয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রের মৃত্যুসংক্রান্ত তথ্যভান্ডার, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার বিভিন্ন তথ্যভান্ডার থেকে।

 

গবেষণা অনুযায়ী, ২০২৩ সালে এক মিলিয়নের বেশি জনসংখ্যার দেশগুলোর মধ্যে গড় আয়ুর হিসাবে যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল ৩৮তম। একই সময়ে ৬০টি দেশের মানুষের ৪০ বছর বয়সের আগেই মারা যাওয়ার ঝুঁকি ছিল যুক্তরাষ্ট্রের মানুষের তুলনায় কম।

 

গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের তুলনায় পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাশাপাশি চিলি, কোস্টারিকা, পানামা, সংযুক্ত আরব আমিরাত, কাতার, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরসহ বেশ কিছু দেশেও মানুষের গড় আয়ু বেশি। যুক্তরাষ্ট্রের এই পিছিয়ে পড়ার প্রবণতা অবশ্য সাম্প্রতিক নয়। গবেষকের বিশ্লেষণে দেখা যায়, ১৯৮০ সালে এক মিলিয়নের বেশি জনসংখ্যার মাত্র ১৩টি দেশের গড় আয়ু যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ছিল। ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের অবস্থান নেমে আসে ২০তম, ২০০০ সালে ২৬তম এবং ২০১০ সালে ৩২তম স্থানে।

 

গবেষণার অন্যতম উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে ২৫ থেকে ৪৪ বছর বয়সী তরুণ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে এই বয়সী মানুষের সব ধরনের মৃত্যুহার ৭১ দশমিক ২ শতাংশ বেড়েছে। এ ক্ষেত্রে মাদক অতিরিক্ত গ্রহণের পাশাপাশি অল্প বয়সে দেখা দেওয়া উচ্চ রক্তচাপ, বিপাকীয় ও হরমোনজনিত রোগ এবং অ্যালকোহলজনিত লিভারের রোগের কারণে মৃত্যুও বেড়েছে।

 

বিশেষ করে অনিচ্ছাকৃত মাদক অতিরিক্ত গ্রহণে মৃত্যুহার ১৯৯৯ সালের পর প্রায় সাত গুণ বেড়েছে। ২০১৫ সালে এই বয়সী মানুষের মৃত্যুর প্রধান কারণ হিসেবে এটি হৃদ্‌রোগকেও ছাড়িয়ে যায়। ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে ২৫ থেকে ৪৪ বছর বয়সীদের আত্মহত্যার হারও ৪১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে একই বয়সী মানুষের হত্যাকাণ্ডে মৃত্যুহার ৭৫ দশমিক ৫ শতাংশ এবং যানবাহন দুর্ঘটনায় মৃত্যুহার ৪৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

 

মধ্যবয়সী ৪৫ থেকে ৬৪ বছর বয়সীদের ক্ষেত্রেও একই ধরনের উদ্বেগজনক প্রবণতা দেখা গেছে। ১৯৯৯ থেকে ২০১৯ সালের মধ্যে উচ্চ রক্তচাপজনিত রোগে মৃত্যুহার ৮৯ দশমিক ৮ শতাংশ বেড়েছে। ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে এই বয়সীদের অনিচ্ছাকৃত মাদক অতিরিক্ত গ্রহণে মৃত্যুহার প্রায় নয় গুণ বেড়েছে।

 

এ ছাড়া ২০০৬ থেকে ২০২৩ সালের মধ্যে অ্যালকোহলজনিত লিভারের রোগে মৃত্যুহার ৬১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বিপাকীয় ও হরমোনজনিত রোগে মৃত্যুহার ৫১ দশমিক ৬ শতাংশ এবং ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে স্নায়ুতন্ত্রের রোগে মৃত্যুহার ৩০ দশমিক ৪ শতাংশ বেড়েছে। কিডনি ও মূত্রনালিসংক্রান্ত রোগেও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

 

গবেষণায় নবজাতক ও শিশুদের মৃত্যুর ক্ষেত্রেও কিছু উদ্বেগজনক পরিবর্তন পাওয়া গেছে। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে শিশুমৃত্যুর হার ৬ দশমিক ৪ শতাংশ বেড়েছে, যা প্রায় দুই দশকের মধ্যে প্রথম উল্লেখযোগ্য বৃদ্ধি। আকস্মিক ও ব্যাখ্যাতীত শিশুমৃত্যু এবং ঘুমের সময় দুর্ঘটনাজনিত শ্বাসরোধের মতো কারণ এ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

 

করোনাভাইরাস মহামারিও যুক্তরাষ্ট্রের মৃত্যুহারের ব্যবধান বাড়িয়েছে। ২০২০ সালে কোভিড-১৯ মধ্যবয়সী মানুষের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ হয়ে ওঠে। ২০২১ সালে ৪৫ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে কোভিড-১৯-এ মৃত্যুহার আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়। পরে ২০২২ ও ২০২৩ সালে এই মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমে আসে। তবে মহামারি কমে যাওয়ার পরও অন্যান্য রোগে মৃত্যুর দীর্ঘমেয়াদি প্রবণতা অব্যাহত ছিল।

 

গবেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সংকটকে শুধু নির্দিষ্ট কয়েকটি রোগ বা মৃত্যুর কারণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। স্বাস্থ্যসেবায় প্রবেশের সুযোগ, চিকিৎসার খরচ, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ঘাটতি, আর্থসামাজিক বৈষম্য, খাদ্যাভ্যাস, পরিবেশ এবং সামাজিক নিরাপত্তাব্যবস্থার মতো বিষয়ও মানুষের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলছে।

 

গবেষণায় আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় কিছু মানুষ বীমার আওতায় থাকার পরও চিকিৎসা নিতে দেরি করেন বা চিকিৎসা এড়িয়ে যান। ফলে শুরুতেই শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সম্ভব এমন রোগ পরবর্তী সময়ে গুরুতর আকার ধারণ করতে পারে।

 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জগদীশ খুবচন্দানি গবেষণাটির বিষয়ে নিউজউইককে বলেন, যুক্তরাষ্ট্র অন্য অনেক উন্নত দেশের তুলনায় স্বাস্থ্যসেবায় বেশি অর্থ ব্যয় করলেও মৃত্যুহারের ব্যবধান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তার মতে, হৃদ্‌রোগ, শ্বাসতন্ত্রের রোগ, বিপাকীয় স্বাস্থ্য সমস্যা এবং বিভিন্ন বাহ্যিক কারণজনিত মৃত্যু কমানোর ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা গুরুত্বপূর্ণ।

 

গবেষণায় যুক্তরাষ্ট্রের ভেতরেও বড় ধরনের বৈষম্যের কথা তুলে ধরা হয়েছে। অঞ্চল, আয়, শিক্ষা এবং জাতিগত পরিচয়ের সঙ্গে গড় আয়ুর পার্থক্য দেখা যায়। ২০২৩ সালে আমেরিকান ইন্ডিয়ান ও আলাস্কা নেটিভ জনগোষ্ঠীর গড় আয়ু ছিল ৭০ দশমিক ১ বছর। একই সময়ে অশ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর ক্ষেত্রে তা ৭৪ বছর, শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর ক্ষেত্রে ৭৮ দশমিক ৪ বছর, হিস্পানিক জনগোষ্ঠীর ক্ষেত্রে ৮১ দশমিক ৩ বছর এবং এশীয় জনগোষ্ঠীর ক্ষেত্রে ৮৫ দশমিক ২ বছর ছিল।

 

গবেষক উলফের বিশ্লেষণে আরও দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও এলাকার মধ্যেও গড় আয়ুর ব্যবধান অনেক বড় হতে পারে। আয়, শিক্ষা ও বসবাসের পরিবেশের মতো সামাজিক কারণ একে অপরের সঙ্গে যুক্ত হয়ে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।

 

গবেষণায় ১৯৬০ থেকে ২০২২ সালের তথ্য ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৬টি উচ্চ আয়ের দেশের মৃত্যুহারের তুলনাও করা হয়েছে। এতে দেখা যায়, ২০১০ সালের পর যুক্তরাষ্ট্র ও ওই দেশগুলোর মধ্যে মৃত্যুহারের ব্যবধান তৈরিতে রক্তসঞ্চালনসংক্রান্ত রোগ, বাহ্যিক কারণ, স্নায়ুতন্ত্রের রোগ, শ্বাসতন্ত্রের রোগ এবং বিপাকীয় ও হরমোনজনিত রোগ বড় ভূমিকা রেখেছে। এর পাশাপাশি সংক্রামক রোগ, মানসিক ও আচরণগত সমস্যা, কিডনি ও মূত্রনালির রোগ এবং পরিপাকতন্ত্রের রোগও ব্যবধান তৈরিতে অবদান রেখেছে।

 

গবেষণাটির মূল বক্তব্য হলো, যুক্তরাষ্ট্রের আয়ু ও মৃত্যুহারের সমস্যা শুধু মাদক, আত্মহত্যা বা নির্দিষ্ট কয়েকটি রোগের মধ্যে সীমাবদ্ধ নয়। বিভিন্ন বয়সে একাধিক রোগ ও মৃত্যুর কারণ একই সঙ্গে বাড়ছে। তাই এই ব্যবধান কমাতে শুধু চিকিৎসা বাড়ানো নয়, স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার, চিকিৎসার ব্যয়, খাদ্য ও আবাসন নিরাপত্তা, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার মতো বৃহত্তর বিষয়গুলোকেও গুরুত্ব দিতে হবে বলে গবেষণায় বলা হয়েছে।

 

সূত্র: দ্য মিলব্যাংক কোয়ার্টারলি, নিউজউইক


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, এক ঘণ্টায় ৩১টি কম্পন ও পরাঘাত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ম্যানহাটান বিচ উপকূলের কাছে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) ৫.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ম্যানহাটান বিচ থেকে প্রায় ৬ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে।   মূল কম্পনের পরপরই ওই এলাকায় এক ঘণ্টার ব্যবধানে ২.৫ থেকে ৫.০ মাত্রার অন্তত ৩১টি ভূমিকম্প ও পরাঘাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ২.৫, ২.৮, ৩.০, ৩.৭ ও ৩.৮ মাত্রার একাধিক কম্পন ছিল। তবে জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই।   ভূমিকম্পের পরপরই লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট বা এলএএফডি ‘আর্থকোয়েক মোড’ সক্রিয় করে শহরের ১০৬টি ফায়ার স্টেশনের কর্মীদের স্থল, আকাশ ও সমুদ্রপথে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে নামায়। সকাল ১০টা ৪০ মিনিটে সংস্থাটি জানায়, প্রাথমিক পর্যবেক্ষণে বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।   যদিও ম্যানহাটান বিচের এক বাসিন্দার রান্নাঘরে কাচের সামগ্রী ভেঙে পড়ার এবং লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে কাচের টুকরো ছড়িয়ে থাকার খবর পাওয়া গেছে। প্রবীণ ভূমিকম্প বিশেষজ্ঞ ড. লুসি জোন্স জানান, উপকূলীয় এলাকায় কম্পন সৃষ্টি হওয়ায় দূরত্বের সঙ্গে ঝাঁকুনি দ্রুত কমে এসেছে।   লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস বাসিন্দাদের সম্ভাব্য পরাঘাতের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ‘ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন’ বিধি অনুসরণের পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানান, জরুরি সেবা দপ্তর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। থ্যাংকসগিভিং ছুটির সপ্তাহান্তে এই কম্পনকে ২০১৪ সালের ব্রেয়া এবং ২০০৮ সালের চিনো হিলসের ভূমিকম্পের পর লস অ্যাঞ্জেলেস এলাকায় অনুভূত অন্যতম শক্তিশালী কম্পন হিসেবে দেখা হচ্ছে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৪:৯
ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি

ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি

যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা
যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মারফ্রিসবোরোতে থ্যাংকসগিভিং উপলক্ষে প্রায় দুই হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করে সহমর্মিতা ও মানবিক সেবার ঐতিহ্য বজায় রেখেছে স্থানীয় সংগঠন ‘মারফ্রিসবোরো মুসলিম ইয়ুথ’। থ্যাংকসগিভিংয়ের ছুটির দিনে স্থানীয় বাসিন্দা, গৃহহীন ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে তরুণ স্বেচ্ছাসেবকেরা সম্মিলিতভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করেন। প্রতিবছরের মতো এবারও সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই আয়োজনে স্বেচ্ছাসেবক ও স্থানীয় কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।   যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মারফ্রিসবোরোতে থ্যাংকসগিভিং উপলক্ষে প্রায় দুই হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করে সহমর্মিতা ও মানবিক সেবার ঐতিহ্য বজায় রেখেছে স্থানীয় সংগঠন ‘মারফ্রিসবোরো মুসলিম ইয়ুথ’। থ্যাংকসগিভিংয়ের ছুটির দিনে স্থানীয় বাসিন্দা, গৃহহীন ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে তরুণ স্বেচ্ছাসেবকেরা সম্মিলিতভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করেন। প্রতিবছরের মতো এবারও সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই আয়োজনে স্বেচ্ছাসেবক ও স্থানীয় কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।   আয়োজকদের মতে, থ্যাংকসগিভিং কেবল একটি উৎসব নয়, বরং পারস্পরিক কৃতজ্ঞতা ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার একটি বিশেষ উপলক্ষ। সেই লক্ষ্যকে সামনে রেখেই মারফ্রিসবোরো মুসলিম ইয়ুথের সদস্যরা খাবার প্রস্তুত থেকে শুরু করে প্যাকেটজাত করা এবং সরাসরি বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।   প্রায় দুই হাজার মানুষের জন্য প্রস্তুতকৃত এসব খাবারের মাধ্যমে অভাবী পরিবারের কাছে যেমন সহায়তা পৌঁছেছে, তেমনি স্থানীয় কমিউনিটিতে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধও আরও সুদৃঢ় হয়েছে।   স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে চলে আসা এই মানবিক উদ্যোগটি মারফ্রিসবোরো অঞ্চলে আন্তঃধর্মীয় সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতার এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে। প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবার যখন নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময়ে তরুণদের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১২:৩২
নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় পিছিয়ে যাওয়ার পর শুরু হলো ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন

পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্র (এসএলসিএম-এন) উন্নয়নে রেথনের সঙ্গে চুক্তি করেছে মার্কিন নৌবাহিনী। ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে

এআর-১৫সহ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার নিয়ে বড় আইনি লড়াইয়ে মার্কিন সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত
সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি

যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীর আওতায় এআর-১৫ (AR-15) এবং অনুরূপ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের আছে কি না—তা নির্ধারণে এক বড় ধরনের আইনি লড়াইয়ের মুখে দাঁড়িয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। কানেকটিকাট অঙ্গরাজ্য এবং শিকাগো সংলগ্ন কুক কাউন্টির অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলাগুলো সামনে রেখে শীর্ষ আদালত এই বিতর্কিত বিষয়ে অবস্থান নিতে যাচ্ছে।   আগামী ২ ডিসেম্বর এ বিষয়ে মৌখিক শুনানি হওয়ার কথা রয়েছে। ২০২২ সালে দেওয়া সুপ্রিম কোর্টের এক যুগান্তকারী রায়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনকে দেশের ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ার শর্ত জুড়ে দেওয়ার পর থেকেই দেশজুড়ে বিভিন্ন অস্ত্র আইনের বৈধতা চ্যালেঞ্জ করে একের পর এক মামলা হতে থাকে। এবারের এআর-১৫ মামলাটি সেই ধারাবাহিকতায় আরেকটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।   মামলার মূল আইনি প্রশ্নটি আবর্তিত হচ্ছে—দেশজুড়ে বিপুল সংখ্যক মানুষের হাতে এ ধরনের রাইফেল থাকায় সেগুলোর ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করা যায় কি না। অস্ত্রের অধিকার সমর্থক ও আবেদনকারীদের যুক্তি, আইন মেনে চলা নাগরিকদের কাছে আনুমানিক ৪ কোটি এআর-১৫ ঘরানার রাইফেল রয়েছে, যা ‘সাধারণ ব্যবহারের’ আওতায় পড়ে। তাদের মতে, অতীতের নজির অনুযায়ী সাধারণভাবে ব্যবহৃত বৈধ অস্ত্রের ওপর এমন নিষেধাজ্ঞা সংবিধানের দ্বিতীয় সংশোধনীর পরিপন্থী।   অন্যদিকে, কুক কাউন্টি ও কানেকটিকাটসহ অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষের আইনজীবী এবং কৌঁসুলিরা বলছেন, এসব সেমি-অটোমেটিক রাইফেল মূলত যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী করে তৈরি এবং অল্প সময়ে ব্যাপক প্রাণহানি ঘটানোর সক্ষমতা রাখে। কুক কাউন্টির স্টেটস অ্যাটর্নি আইলিন ও’নিল বার্ক এক বিবৃতিতে বলেছেন, জননিরাপত্তার স্বার্থেই এ ধরনের মারণাস্ত্র সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা উচিত, কারণ এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর জন্যও অত্যন্ত বিপজ্জনক।   এআর-১৫ নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফেডারেল আপিল আদালতে ইতিমধ্যে ভিন্ন ভিন্ন রায় এসেছে। কানেকটিকাটের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা চ্যালেঞ্জে দ্বিতীয় সার্কিট আদালত অঙ্গরাজ্যের পক্ষে অবস্থান নিলেও, চলতি বছরের জুলাই মাসে তৃতীয় সার্কিট আদালত নিউ জার্সির বিধিনিষেধের বিপক্ষে রায় দেয়। ফলে সারাদেশে আইনের প্রয়োগ ও ব্যাখ্যা নিয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সুপ্রিম কোর্টের আসন্ন শুনানি ও রায় তা অনেকটাই স্পষ্ট করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।   সূত্র: সিএনএন   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১০:২০
বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

ডিসেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ, বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

যুক্তরাজ্যের আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির কাছে অশনাক্ত ড্রোন প্রতিহত; ইরানের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ। ছবি: সংগৃহীত

ব্রিটেনের বিমানঘাঁটিতে একাধিক ড্রোন প্রতিহত করেছে মার্কিন বাহিনী, নেপথ্যে কি ইরান?

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব, বিপাকে পড়তে পারেন বাংলাদেশি প্রবাসীরা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...