সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার পর আইসিসির বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞার প্রস্তুতি ট্রাম্পের

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২৬ ২:৫
নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার পর আইসিসির বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞার প্রস্তুতি ট্রাম্পের
নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার পর আইসিসির বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞার প্রস্তুতি ট্রাম্পের

ওয়াশিংটন আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিরুদ্ধে আরও বড় ধরনের পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার আদালতের বিচারক বা প্রসিকিউটরদের ব্যক্তিগতভাবে নয়, পুরো প্রতিষ্ঠানকেই নিষেধাজ্ঞার আওতায় আনার পরিকল্পনা করছে বলে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে আইসিসির আর্থিক লেনদেন, প্রযুক্তি সেবা এবং তদন্ত কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়তে পারে। 

 

প্রতিবেদন অনুযায়ী, নিষেধাজ্ঞার ঘোষণা খুব শিগগিরই আসতে পারে। তবে এখনো এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। প্রস্তাবিত ব্যবস্থায় একটি নির্দিষ্ট সময়ের গ্রেস পিরিয়ডের পর আইসিসির সঙ্গে যুক্ত বেশিরভাগ লেনদেন নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়সীমা ছয় থেকে সাত মাস হতে পারে। ফলে আদালতের অর্থ পরিশোধ, আইটি সেবা, ইন্স্যুরেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। 

 

এই পদক্ষেপের পেছনে আইসিসির ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসংক্রান্ত কার্যক্রম গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে। ২০২৪ সালের ২১ নভেম্বর আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের ভাষ্য অনুযায়ী, গাজা যুদ্ধের সময় সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। আইসিসি বলেছে, তদন্তের আওতায় থাকা কর্মকাণ্ডের সময়কাল ছিল ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ২০ মে পর্যন্ত। 

 

আইসিসির সিদ্ধান্তের পর থেকেই ওয়াশিংটন আদালটির এখতিয়ার নিয়ে আপত্তি জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। মার্কিন প্রশাসনের অবস্থান হলো, আদালত এমন দেশগুলোর নাগরিকদের বিরুদ্ধে এখতিয়ার প্রয়োগ করছে, যেসব দেশ রোম স্ট্যাটিউটের সদস্য নয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প একটি নির্বাহী আদেশে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যবস্থা গ্রহণ করেন এবং নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার সমালোচনা করেন। 

 

এর আগে ট্রাম্প প্রশাসন আইসিসির কয়েকজন কর্মকর্তা ও বিচারকের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে। ২০২৬ সালের আগস্টে আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালতের জ্যেষ্ঠ ট্রায়াল আইনজীবী আবদুলায়ে সেয়েকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়। তাদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশ ও মার্কিন আর্থিক ব্যবস্থার সঙ্গে লেনদেনের ক্ষেত্রে বিধিনিষেধ কার্যকর হয়। আইসিসি তখন এই পদক্ষেপকে আদালতের স্বাধীনতার ওপর আক্রমণ হিসেবে বর্ণনা করে। 

 

যুক্তরাষ্ট্রের সঙ্গে আইসিসির বিরোধ শুধু গাজা যুদ্ধের তদন্তে সীমাবদ্ধ নয়। আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা অপরাধ নিয়েও আইসিসির একটি পুরোনো তদন্ত রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা চান আদালত ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করার পাশাপাশি আফগানিস্তানে মার্কিন বাহিনীসংক্রান্ত সেই তদন্ত থেকেও সরে আসুক। 

 

এদিকে ২০২৬ সালের জুলাইয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইসিসিকে আরও বিচ্ছিন্ন করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে একটি ক্যাম্পেইন শুরু করার কথা জানান। তিনি অন্যান্য দেশকে আদালত থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানান। এরই মধ্যে কয়েকটি দেশ আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। একই সময়ে আদালটির পক্ষে অবস্থান নেওয়া দেশ ও মানবাধিকার সংগঠনগুলো যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়ে উদ্বেগ জানিয়েছে। 

 

আইসিসি ২০০২ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক আদালত, যার কাজ গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং আগ্রাসনের মতো গুরুতর অপরাধের বিচার করা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুটিই আদালটির সদস্য নয়। ফলে আইসিসির এখতিয়ার, বিশেষ করে সদস্য নয় এমন দেশের নাগরিকদের বিরুদ্ধে মামলা পরিচালনার বিষয়টি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক বিতর্কের অংশ। 

 

প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে তা যুক্তরাষ্ট্র ও আইসিসির মধ্যকার বিরোধকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারে। কারণ এবার নির্দিষ্ট কর্মকর্তা নয়, সরাসরি পুরো প্রতিষ্ঠানটির আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমকে লক্ষ্য করার কথা বলা হচ্ছে। তবে নিষেধাজ্ঞার চূড়ান্ত পরিধি, বাস্তবায়নের সময়সূচি এবং কোন কোন লেনদেনের ওপর বিধিনিষেধ থাকবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি
ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি (NBC) ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে তৈরি একটি বিজ্ঞাপন আর প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। থ্যাংকসগিভিংয়ের আগের রাতে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’-এর বিশেষ পর্বে বিজ্ঞাপনটি সম্প্রচারের পর বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে এ পদক্ষেপ নেওয়া হয়।   ‘এভরি থ্রি সেকেন্ডস’ শিরোনামের ৩০ সেকেন্ডের ওই বিজ্ঞাপনটি তৈরি ও প্রচার করেছিল ফিলিস্তিনি অধিকারপন্থী সংস্থা ‘আইএমইইউ পলিসি প্রজেক্ট’ (IMEU Policy Project)। বিজ্ঞাপনে এক মার্কিন কিশোরীর একটি বাইসাইকেল কেনার জন্য ৪০০ ডলার জমানোর দৃশ্যের পাশাপাশি গাজার ৯ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর প্রসঙ্গ তুলে ধরা হয়, যিনি ইসরায়েলি হামলায় মা ও দাদিকে হারানোর পাশাপাশি নিজের একটি পা হারিয়েছেন।   বিজ্ঞাপনটিতে দাবি করা হয়, মার্কিন করদাতাদের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে তা জনগণকে জানাতেই এটি প্রচার করা হয়েছে এবং ইসরায়েলের সঙ্গে নতুন কোনো সামরিক সহায়তা চুক্তির বিরোধিতা করতে দর্শকদের নিজ নিজ কংগ্রেস সদস্যের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়।   বিজ্ঞাপনটি প্রচারের পর অ্যান্টি-ডিফামেশন লিগ (এডিএল) এবং ইসরায়েলি-আমেরিকান কাউন্সিলসহ একাধিক ইহুদি ও ইসরায়েলপন্থী সংগঠন এর তীব্র নিন্দা জানায়। তাদের দাবি, এটি ইসরায়েলকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে এবং করদাতাদের অর্থের ব্যবহার নিয়ে বিভ্রান্তিকর ধারণা দিয়েছে। অন্যদিকে, আইএমইইউ পলিসি প্রজেক্ট জানায় যে বিজ্ঞাপনটি এনবিসির ফ্যাক্ট-চেকিং প্রক্রিয়া উত্তীর্ণ হয়েছিল।   সংস্থাটি আল জাজিরাকে জানিয়েছে, বিজ্ঞাপনটি আর প্রচার না করার খবরের বিষয়ে এনবিসির পক্ষ থেকে এখনো তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।   সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিজ্ঞাপনটি সম্প্রচারের আগে এনবিসির শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত ছিল না। ভবিষ্যতে এটি আর পুনঃপ্রচার করা হবে না এবং এনবিসিইউনিভার্সাল তাদের বিজ্ঞাপন অনুমোদন প্রক্রিয়া পর্যালোচনা করবে বলে জানা গেছে। সূত্র: আল জাজিরা।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৩:৩৪
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক
নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট দিল্লি বা সানি দিল্লিতে স্বল্প সময়ের ব্যবধানে একাধিক আগ্নেয়াস্ত্রের ঘটনায় ক্যাম্পাসে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। নিউইয়র্ক সিটি থেকে প্রায় তিন ঘণ্টা উত্তরে ক্যাটস্কিল পর্বতমালার কোলে অবস্থিত প্রায় তিন হাজার শিক্ষার্থীর এই শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি সেমিস্টারে এ পর্যন্ত ৮৯টি ‘পুলিশ ইনসিডেন্ট’ বা পুলিশি ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে একটি ধর্ষণের ঘটনাও রয়েছে।   ১৯ বছর বয়সী এক ক্রিমিনাল জাস্টিস শিক্ষার্থী পরিস্থিতি নিয়ে গভীর উৎকণ্ঠা প্রকাশ করে জানিয়েছেন, পরপর ঘটনাগুলো ঘটায় তিনি আর সেখানে থাকতে চান না এবং নিজেকে নিরাপদ মনে করছেন না।   ডেলাওয়্যার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি শন স্মিথ ও আদালতের নথির বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফল সেমিস্টার শুরুর চার সপ্তাহ পর গত ২৮ সেপ্টেম্বর ডরমিটরির কক্ষে কোকেন ও চারটি অনিবন্ধিত আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর ১৯ বছর বয়সী টমাস এলিয়ট এবং ১৮ বছর বয়সী দিমিত্রি ভিক্টর নামের দুই ফ্রেশম্যান রুমমেটকে গ্রেপ্তার করে পুলিশ; পরে ২৯ অক্টোবর তৃতীয় রুমমেট ব্রেডেন ইয়ানেলোকেও (১৮) গ্রেপ্তার করা হয়।   এর এক সপ্তাহ আগে ভিক্টর এলিয়টের কাছ থেকে কেনা একটি লোড করা অনিবন্ধিত ৯ মিমি হ্যান্ডগান দিয়ে তার বান্ধবীকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে, আর ৪ অক্টোবর অফ-ক্যাম্পাস হাউস পার্টিতে কিফার ক্লার্ক (১৯) নামের আরেক ফ্রেশম্যান অপর এক শিক্ষার্থীর বুকে হ্যান্ডগান তাক করেন বলে জানিয়েছে পুলিশ। এলিয়ট ও ভিক্টর উভয়েই তিনটি করে ফেলোনি অস্ত্র রাখার অভিযোগে অভিযুক্ত হলেও নির্দোষ দাবি করে জামিনে মুক্তি পেয়েছেন, আর এলিয়ট ও ভিক্টরকে ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে।   ক্যাম্পাসের সহিংসতা ও সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে এক অধ্যাপক ভর্তির মান কমে যাওয়াকে সাম্প্রতিক বছরগুলোর সহিংসতা বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছেন এবং ২০১৬ সালের ৫১ শতাংশের তুলনায় ভর্তির হার ৮৯ শতাংশে পৌঁছানোর বিষয়টি তুলে ধরেছেন।   অন্যদিকে, কলেজ প্রেসিডেন্ট মেরি বন্ডার্টফ জানিয়েছেন যে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অস্ত্র উদ্ধার করেছে এবং ক্যাম্পাসে কোনো চলমান হুমকি নেই; পাশাপাশি নিরাপত্তা ক্যামেরা ও পুলিশি টহল বাড়ানো এবং প্রতি মাসে কক্ষ তল্লাশির মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে অনেক শিক্ষার্থীই এসব আশ্বাসে পুরোপুরি ভরসা পাচ্ছেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১২:১৮
প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় পিছিয়ে যাওয়ার পর শুরু হলো ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন

পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্র (এসএলসিএম-এন) উন্নয়নে রেথনের সঙ্গে চুক্তি করেছে মার্কিন নৌবাহিনী। ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে

এআর-১৫সহ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার নিয়ে বড় আইনি লড়াইয়ে মার্কিন সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি

বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?
ডিসেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ, বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ডিসেম্বর ২০২৬ মাসের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। ২৭ নভেম্বর প্রকাশিত এই বুলেটিন আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এতে পারিবারিক ও কর্মভিত্তিক অভিবাসন ভিসার বিভিন্ন ক্যাটাগরির অগ্রগতির তথ্য তুলে ধরা হয়েছে।   নতুন বুলেটিনে কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার তারিখ এগিয়ে নেওয়া হলেও বাংলাদেশসহ অধিকাংশ দেশের আবেদনকারীদের জন্য পারিবারিক অভিবাসনের বেশ কয়েকটি ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।   বাংলাদেশিরা সাধারণত ‘অল চার্জেবিলিটি এরিয়াস’ বা নির্দিষ্টভাবে তালিকাভুক্ত নয় এমন দেশগুলোর তালিকার আওতায় পড়েন। এই তালিকায় এফ-১ ক্যাটাগরিতে ২২ জানুয়ারি ২০২১, এফ-২বি ক্যাটাগরিতে ২২ আগস্ট ২০২০, এফ-৩ ক্যাটাগরিতে ২২ অক্টোবর ২০১৫ এবং এফ-৪ ক্যাটাগরিতে ২২ অক্টোবর ২০১২ তারিখ বহাল রাখা হয়েছে।   এফ-২এ ক্যাটাগরিতে অবশ্য অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এই ক্যাটাগরির চূড়ান্ত অনুমোদনের তারিখ ২২ অক্টোবর ২০২৬ থেকে এগিয়ে ২২ নভেম্বর ২০২৬ করা হয়েছে।   পারিবারিক অভিবাসনের ক্ষেত্রে এফ-১ ক্যাটাগরি মার্কিন নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য, এফ-২বি গ্রিন কার্ডধারীদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য, এফ-৩ মার্কিন নাগরিকদের বিবাহিত সন্তানদের জন্য এবং এফ-৪ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকদের ভাইবোনদের জন্য প্রযোজ্য।   কর্মভিত্তিক অভিবাসনেও বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। বাংলাদেশসহ অধিকাংশ দেশের জন্য ইবি-২ ক্যাটাগরির চূড়ান্ত অনুমোদনের তারিখ ১ এপ্রিল ২০২৫ এবং ইবি-৩ ক্যাটাগরির তারিখ ১৫ জুন ২০২৪ রয়েছে।   তবে আগামী মাসগুলোতে আবেদনকারীর সংখ্যা ও ভিসার চাহিদার ওপর নির্ভর করে কিছু ক্যাটাগরির তারিখ আবার পিছিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এমনকি বার্ষিক ভিসার সীমা পূরণ হলে কোনো কোনো ক্যাটাগরিতে সাময়িকভাবে ভিসা দেওয়া বন্ধও হতে পারে।   বাংলাদেশে যাঁরা বাবা-মা, ভাইবোন, স্বামী-স্ত্রী কিংবা সন্তানদের মাধ্যমে আমেরিকায় স্থায়ীভাবে যাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাঁদের জন্য এই বুলেটিন গুরুত্বপূর্ণ। আবেদনকারীদের নিজেদের অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেটের সঙ্গে নতুন বুলেটিনের তারিখ মিলিয়ে দেখা প্রয়োজন। সূত্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, ডিসেম্বর ২০২৬ ভিসা বুলেটিন। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৯:১
যুক্তরাজ্যের আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির কাছে অশনাক্ত ড্রোন প্রতিহত; ইরানের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ। ছবি: সংগৃহীত

ব্রিটেনের বিমানঘাঁটিতে একাধিক ড্রোন প্রতিহত করেছে মার্কিন বাহিনী, নেপথ্যে কি ইরান?

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব, বিপাকে পড়তে পারেন বাংলাদেশি প্রবাসীরা

ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...