সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন সফর, ‘যুদ্ধ নিয়ে কিছু একটা হতে পারে’ বললেন ট্রাম্প

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২৭, ২০২৬ ৩:১৭
রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন সফর, ‘যুদ্ধ নিয়ে কিছু একটা হতে পারে’ বললেন ট্রাম্প
রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন সফর, ‘যুদ্ধ নিয়ে কিছু একটা হতে পারে’ বললেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের আকস্মিক মস্কো সফর নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ায় র‍্যাটক্লিফের এই সফরকে ‘আধা-রুটিন’ বলে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, এই সফর থেকে ‘কিছু একটা হতে পারে’। 

 

মঙ্গলবার র‍্যাটক্লিফ গোপনে মস্কো সফর করেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগে এই সফরের ঘোষণা দেওয়া হয়নি। পরে রাশিয়ার ক্রেমলিন বিষয়টি নিশ্চিত করে জানায়, সিআইএ প্রধান রুশ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার কোনো বৈঠক হয়নি। 

 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ হয়েছে এবং বৈঠকের ফলাফল পুতিনকে দ্রুত জানানো হয়েছে। তবে আলোচনায় কী বিষয় উঠে এসেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। পেসকভ বলেন, এমন যোগাযোগকে ইতিবাচক হিসেবে দেখা যায়, যদিও এর মাধ্যমে দুই দেশের গভীর সংকট কতটা কমবে, তা বলার সময় এখনো আসেনি। 

 

র‍্যাটক্লিফের সফরটি বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ ২০২১ সালের পর এই প্রথম কোনো দায়িত্বপ্রাপ্ত সিআইএ পরিচালক মস্কো সফর করলেন। ২০২১ সালে তৎকালীন সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস মস্কো সফর করে পুতিনকে ইউক্রেনে সম্ভাব্য আগ্রাসনের বিষয়ে সতর্ক করেছিলেন। কয়েক মাস পরই রাশিয়া ইউক্রেনে পূর্ণাঙ্গ হামলা শুরু করে। 

 

র‍্যাটক্লিফের এবারের সফরের উদ্দেশ্য নিয়ে শুরু থেকেই নানা জল্পনা তৈরি হয়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া যেন কোনো ন্যাটো সদস্য দেশের ওপর হামলা না চালায়, সে বিষয়ে সতর্ক করতেই র‍্যাটক্লিফ মস্কো গিয়েছিলেন। সিবিএস নিউজও একাধিক সূত্রের বরাতে একই ধরনের তথ্য জানিয়েছে। তবে ট্রাম্প এই ব্যাখ্যা সরাসরি নাকচ করে দিয়েছেন। 

 

গ্লেন বেকের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, র‍্যাটক্লিফ ‘অসাধারণ একজন ব্যক্তি’ এবং তিনি মস্কো গিয়েছেন এমন কোনো কারণে নয়, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। ট্রাম্পের দাবি, সফরটি আধা-রুটিন ধরনের হলেও এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় অগ্রগতি হতে পারে।

 

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে ‘খুব কঠোরভাবে কাজ করছে’। তার ভাষ্য, রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই এখন যুদ্ধের অবসান চায়। তবে ওয়াশিংটন, মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনা এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়নি। 

 

এদিকে র‍্যাটক্লিফের সফরের আগে ইউক্রেনকে মস্কোয় একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সফরের বিষয়ে জানানো হয়েছিল এবং সফর চলাকালে রাশিয়ার ওপর দূরপাল্লার হামলা সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করা হয়েছিল বলে অ্যাক্সিওস জানিয়েছে। 

 

র‍্যাটক্লিফের সফর এমন এক সময়ে হলো, যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের শান্তি প্রচেষ্টা অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সামরিক উত্তেজনাও অব্যাহত। একই সময়ে ন্যাটোকে ঘিরে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ নিয়ে মার্কিন গোয়েন্দা মহলেও উদ্বেগ রয়েছে। সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ন্যাটোর ঐক্য ও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া যাচাই করতে সাইবার হামলা বা সীমিত ধরনের সামরিক ও অন্যান্য ‘হাইব্রিড’ পদক্ষেপ নিতে পারে বলে মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন। 

 

তবে র‍্যাটক্লিফ ও রুশ কর্মকর্তাদের বৈঠকে ইউক্রেন যুদ্ধ, ন্যাটো, ইরান কিংবা অন্য কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ফলে ট্রাম্পের কথায় ‘কিছু একটা’ হওয়ার ইঙ্গিত থাকলেও সফরটির প্রকৃত ফলাফল এখনো স্পষ্ট নয়।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে বাড়ির দাম, মর্টগেজের কিস্তি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেকের জন্য নিজের বাড়ি কেনা কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বিকল্প আবাসন ব্যবস্থা হিসেবে আলোচনায় আসছে ছোট আকারের বাড়ি, যা পরিচিত ‘টিনি হোম’ নামে।   মাত্র কয়েকশ বর্গফুটের এসব বাড়িতে থাকতে পারে ছোট্ট একটি রান্নাঘর, বেডরুম, বাথরুম এবং বসার ঘর। আধুনিক নকশায় সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে তৈরি করা হয় এসব বাড়ি। অনেক বাড়িতে থাকে বহুমুখী আসবাব, ভাঁজ করা টেবিল, সিঁড়ির নিচে স্টোরেজ এবং ছাদের কাছাকাছি আলাদা ঘুমানোর ব্যবস্থা।   টিনি হোমের বিশেষত্ব হলো, তুলনামূলক ছোট জায়গায় প্রয়োজনীয় সব আবাসন সুবিধা একসঙ্গে পাওয়া। কিছু বাড়ি চাকার ওপর তৈরি করা হয়, ফলে সেগুলো প্রয়োজনে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। আবার কিছু বাড়ি স্থায়ী ভিত্তির ওপর নির্মাণ করা হয়। নির্মাণের ধরন, আকার, উপকরণ ও অবস্থান অনুযায়ী এসব বাড়ির দাম ভিন্ন হয়ে থাকে।   শুধু টিনি হোম নয়, যুক্তরাষ্ট্রে ছোট আকারের স্বতন্ত্র আবাসন ইউনিট বা অ্যাকসেসরি ডুয়েলিং ইউনিটের (এডিইউ) প্রতিও আগ্রহ বাড়ছে। মূল বাড়ির পেছনে, পাশে কিংবা গ্যারেজের জায়গায় তৈরি করা যায় এসব ছোট বাড়ি। এগুলো পরিবারের সদস্যদের থাকার পাশাপাশি ভাড়া দেওয়ার জন্যও ব্যবহার করা হয়।   পিউ চ্যারিটেবল ট্রাস্টের ২০২৬ সালের অক্টোবরের এক গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ২০২৫ সালে এডিইউ নির্মাণের জন্য ৬১ হাজার ৬৫৫টি পারমিট দেওয়া হয়েছে। ২০১৬ সালে এই সংখ্যা ছিল মাত্র ৪ হাজার ৯৬২। অর্থাৎ এক দশকের ব্যবধানে এ ধরনের আবাসন নির্মাণের অনুমোদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই পরিসংখ্যান এডিইউ-সংক্রান্ত, সরাসরি টিনি হোমের সংখ্যা নয়।   ছোট বাড়ির প্রতি আগ্রহ বাড়ার পেছনে রয়েছে আবাসন ব্যয় কমানো, সীমিত জায়গার কার্যকর ব্যবহার এবং তুলনামূলক সহজ জীবনযাপনের আকাঙ্ক্ষা। অনেকেই বড় বাড়ির পরিবর্তে ছোট পরিসরে বসবাস করে রক্ষণাবেক্ষণ ও অন্যান্য খরচ কমানোর বিষয়টি বিবেচনা করছেন।   তবে যুক্তরাষ্ট্রের সব এলাকায় সব ধরনের টিনি হোম নির্মাণ বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি নেই। স্থানীয় জোনিং আইন, ভবন নির্মাণের বিধিমালা, জমির ব্যবহার, ন্যূনতম আকার এবং নিরাপত্তাসংক্রান্ত শর্তের ওপর অনুমোদন নির্ভর করে। চাকার ওপর তৈরি বাড়ি এবং স্থায়ী ভিত্তির ওপর নির্মিত বাড়ির ক্ষেত্রেও নিয়ম আলাদা হতে পারে।   সব মিলিয়ে, প্রচলিত বড় বাড়ির বাইরে টিনি হোম যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে একটি বিকল্প ধারণা হিসেবে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে বাড়ির ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে যারা ছোট পরিসরে নিজের আবাসন গড়ে তুলতে চান, তাদের কাছে এটি বিবেচনার একটি নতুন সুযোগ হতে পারে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৩:১৯
যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় পিছিয়ে যাওয়ার পর শুরু হলো ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড। ছবি: সংগৃহীত
নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন

প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় নির্ধারিত দিনে পিছিয়ে যাওয়া ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড আজ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই আয়োজনে পারফর্ম করছেন কুইন লতিফা, এলএল কুল জে এবং কেকি পামারের মতো জনপ্রিয় তারকারা।   আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে থ্যাংকসগিভিংয়ের দিন প্যারেডটি স্থগিত করা হয়েছিল। তবে নির্ধারিত রুট অনুযায়ী ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইড থেকে শুরু হয়ে মেসিসের প্রধান হেরাল্ড স্কয়ার স্টোর পর্যন্ত প্রায় আড়াই মাইল পথ অতিক্রম করছে এই বর্ণাঢ্য শোভাযাত্রা।   এবারের আয়োজনে রেকর্ডসংখ্যক ১০০টি বিশাল ইনফ্ল্যাটেবল বা বেলুন অংশ নিচ্ছে। নতুন বেলুনের তালিকায় রয়েছে ‘ব্লুই’ ও ‘হ্যালো কিটি বিগ অ্যাপল’-এর মতো চরিত্র। পাশাপাশি দর্শকদের চেনা ও প্রিয় পুরনো বেলুনগুলোর মধ্যে ফিরে এসেছে ‘আন্ডারডগ’ ও ‘ব্লু হিপ্পো’।   পুরো প্যারেডটি সঞ্চালনা করছেন এনবিসির সাভানা গাথরি, হোদা কোটব এবং আল রোকার। নেটওয়ার্ক সূত্রে জানা গেছে, সব টাইম জোনে এনবিসি ও পিকক-এ অনুষ্ঠানটি সম্প্রচার ও স্ট্রিমিং করা হচ্ছে। এ ছাড়া টেলিমুন্ডোতেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন।   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১২:০
পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্র (এসএলসিএম-এন) উন্নয়নে রেথনের সঙ্গে চুক্তি করেছে মার্কিন নৌবাহিনী। ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে

এআর-১৫সহ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার নিয়ে বড় আইনি লড়াইয়ে মার্কিন সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি

বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

ডিসেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ, বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?

যুক্তরাজ্যের আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির কাছে অশনাক্ত ড্রোন প্রতিহত; ইরানের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ। ছবি: সংগৃহীত
ব্রিটেনের বিমানঘাঁটিতে একাধিক ড্রোন প্রতিহত করেছে মার্কিন বাহিনী, নেপথ্যে কি ইরান?

যুক্তরাজ্যের সাফোক অঞ্চলে অবস্থিত আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির কাছে একাধিক অশনাক্ত ড্রোনের উপস্থিতি ও সেগুলো প্রতিহত করার ঘটনায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। চলতি মাসের শুরুতে ঘটা এই ঘটনায় ইরানের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে সন্দেহ করা হলেও, ড্রোনগুলো উদ্ধার করা সম্ভব না হওয়ায় সেগুলোর উৎস ও উদ্দেশ্য এখনো অস্পষ্ট রয়ে গেছে। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, গত ১৩ নভেম্বর রাতে ঘাঁটির আকাশে সন্দেহভাজন অননুমোদিত ড্রোন কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও মার্কিন বা ব্রিটিশ কোনো পক্ষই ড্রোনগুলো উদ্ধার করতে পারেনি। তবে এ ঘটনায় কোনো সেনাসদস্য, যুদ্ধবিমান বা অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে মার্কিন বিমান বাহিনী। ড্রোনগুলো শত্রুতাপূর্ণ ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।   ঘটনার সময় ঘাঁটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল এবং সাইরেন বাজিয়ে কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছিল। ঘাঁটির নিরাপত্তায় ব্রিটিশ বাহিনীকেও মোতায়েন করা হয়। ইউরোপে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় যুদ্ধবিমান অভিযান পরিচালিত হয় আরএএফ লেকেনহিথ থেকেই, যেখানে প্রায় সাত হাজার কর্মী কর্মরত রয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, ড্রোনগুলো আটকাতে মার্কিন কাউন্টার-ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হলেও অপারেশনাল নিরাপত্তার স্বার্থে কোন ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি যুক্তরাষ্ট্র। এ বিষয়ে হোয়াইট হাউস ও পেন্টাগনের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।   এই ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার গুঞ্জন উঠলেও এখন পর্যন্ত তেহরানের ভূমিকা প্রমাণিত হয়নি। ড্রোন উদ্ধার না হওয়ায় কে বা কারা এগুলো পরিচালনা করেছিল এবং এর লক্ষ্য কী ছিল, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। সাম্প্রতিক সময়ে ব্রিটেনের অন্যান্য সামরিক ঘাঁটি—যেমন আরএএফ ফেয়ারফোর্ড ও আরএএফ মাইল্ডেনহল ঘিরে নিরাপত্তা সতর্কতা ও ইরান-সংশ্লিষ্ট হুমকির প্রেক্ষাপটে যুদ্ধবিমান সরিয়ে নেওয়ার মতো ঘটনাও সামনে এসেছে। যদিও তেহরান এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে, তবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে নজরদারি ও ড্রোনবিরোধী সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।   সূত্র: দ্য সানডে গার্ডিয়ান   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ৮:৫৩
গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব

গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব, বিপাকে পড়তে পারেন বাংলাদেশি প্রবাসীরা

ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

তরুণ প্রজন্মকে নিজ দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা! তীব্র হচ্ছে বিতর্ক

তরুণ প্রজন্মকে নিজ দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা! তীব্র হচ্ছে বিতর্ক

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...