মার্কিন নাগরিকের দিকে বন্দুক তাক করলেন আইসিই এজেন্ট, ভিডিওতে ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এক মার্কিন নাগরিকের গাড়ি ঘিরে ধরে তার দিকে বন্দুক তাক করার অভিযোগ উঠেছে আইসিই এজেন্টের বিরুদ্ধে। নর্দার্ন ভার্জিনিয়ার ফলস চার্চ এলাকায় ঘটে যাওয়া ওই ঘটনার ড্যাশক্যাম ও সেলফোন ভিডিও ছড়িয়ে পড়ার পর আইসিই এজেন্টদের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির দাবি, ওই নারী গাড়ি ব্যবহার করে এজেন্টদের ক্ষতি করার চেষ্টা করেছিলেন।
ঘটনাটি ঘটে সোমবার, ১০ আগস্ট বিকেলে। ওই নারীর নাম ক্যারোলিনা মোলিনা। তিনি একজন মার্কিন নাগরিক এবং লাইসেন্সধারী প্রফেশনাল কাউন্সেলর। ইমিগ্রেশন কেসে অ্যাটর্নিদের সঙ্গে কাজ করে তিনি সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশনও করে থাকেন।
এনবিসি ওয়াশিংটন ও ফক্স ৫ ডিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় মোলিনা কলাম্বিয়া পাইকের কাছে বিভিন্ন ল অফিসে নিজের বিজনেস কার্ড দিতে গিয়েছিলেন। সেখানে তিনি আইসিই এজেন্টদের দুই ব্যক্তিকে আটক করতে দেখেন।
মোলিনার ভাষ্য অনুযায়ী, আইসিই এজেন্টদের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তিনি তাদের উদ্দেশে ক্ষুব্ধ মন্তব্য করেন। এরপর তিনি সেখান থেকে চলে যান। পরে একটি অফিসে ফিরে যাওয়ার প্রয়োজন হওয়ায় গাড়ি ঘুরিয়ে আবার ওই এলাকায় আসেন।
ড্যাশক্যাম ভিডিওতে দেখা যায়, কিছুক্ষণের মধ্যে দুটি এসইউভি তার গাড়ির সামনে ও পেছনে অবস্থান নেয়। এরপর মুখ ঢাকা কয়েকজন এজেন্ট গাড়ির কাছে এগিয়ে আসেন। একজন এজেন্ট তাকে প্রশ্ন করেন, তিনি তাদের অনুসরণ করছেন কি না। মোলিনা তা অস্বীকার করেন।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সেলফোন ভিডিওতে এক এজেন্টকে মোলিনার বিরুদ্ধে গাড়ি দিয়ে তাদের চাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ করতে শোনা যায়। একই সময় ওই এজেন্টের হাতে বন্দুক দেখা যায়। ভিডিওতে তাকে মোলিনার গাড়ির ড্রাইভার সাইডের জানালার কাছে অস্ত্র হাতে কথা বলতে দেখা গেছে।
একপর্যায়ে এজেন্ট তাকে গ্রেফতারের হুমকিও দেন। জবাবে মোলিনা জানান, তিনি একজন মার্কিন নাগরিক। এজেন্ট তখন বলেন, এতে তার কিছু যায় আসে না।
মোলিনা আইসিই এজেন্টদের অভিযোগ অস্বীকার করে জানান, তার গাড়িতে ড্যাশক্যাম রয়েছে এবং পুরো ঘটনা রেকর্ড হয়েছে। এনবিসি ওয়াশিংটনের প্রতিবেদনে বলা হয়েছে, এজেন্ট গাড়ি থেকে বের হওয়ার সময় থেকেই তার হাতে বন্দুক ছিল। ভিডিওতে ধারণ হওয়া পুরো মুখোমুখি অবস্থানটি প্রায় ৫০ সেকেন্ড স্থায়ী হয়।
ফক্স ৫ ডিসিকে মোলিনা বলেন, তাকে গাড়ি থেকে নামতে বলা হয়নি এবং গ্রেফতারও করা হয়নি। পরে তাকে ঘটনাস্থল থেকে চলে যেতে দেওয়া হয়। তার দাবি, তিনি কাউকে গাড়ি দিয়ে আঘাত করার চেষ্টা করেননি।
ঘটনার পর মোলিনা বলেন, পরিস্থিতি যেভাবে দ্রুত বিপজ্জনক হয়ে উঠেছিল, তাতে তিনি আতঙ্কিত হয়েছেন। তার পরিবার ও সন্তান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমন কোনো পরিস্থিতিতে নিজেকে জড়ানোর ইচ্ছা তার ছিল না।
তবে মোলিনার বক্তব্য প্রত্যাখ্যান করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। সংস্থাটির দাবি, ফলস চার্চে আইসিই একটি নির্দিষ্ট ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অপারেশন পরিচালনা করছিল। এ সময় এক আইসিইবিরোধী ব্যক্তি গাড়ি নিয়ে এজেন্টদের আশপাশে ঘোরাঘুরি করেন এবং গাড়িকে ব্যবহার করে তাদের ক্ষতি করার চেষ্টা করেন।
ডিএইচএসের দাবি, নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার পর আইসিই এজেন্টরা ওই গাড়ি থামান এবং চালকের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। ওই নারীর বিরুদ্ধে ভবিষ্যতে ক্রিমিনাল প্রসিকিউশন হতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। তবে বুধবার পর্যন্ত মোলিনাকে গ্রেফতার করা হয়নি।
ডিএইচএস আরও জানিয়েছে, ওই দিনের অভিযানে হিট অ্যান্ড রান ও ড্রাগ ট্রাফিকিংয়ের মতো অপরাধে অভিযুক্ত এবং ফাইনাল রিমুভাল অর্ডার থাকা ব্যক্তিদের টার্গেট করা হয়েছিল।
ঘটনার ভিডিও প্রকাশের পর আইসিই এজেন্টের বন্দুক বের করার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মোলিনার দাবি, একজন মার্কিন নাগরিক হিসেবে এজেন্টদের কর্মকাণ্ডের সমালোচনা করার অধিকার তার রয়েছে এবং সেই মন্তব্যের কারণে তার বিরুদ্ধে এ ধরনের শক্তি প্রদর্শন যুক্তিসঙ্গত ছিল না।
অন্যদিকে ডিএইচএস বলছে, এজেন্টরা সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতিতে নিজেদের প্রশিক্ষণ অনুযায়ী কাজ করেছেন। ফলে ঘটনাটিকে ঘিরে এখন দুই পক্ষের সম্পূর্ণ ভিন্ন বক্তব্য সামনে এসেছে। তবে ড্যাশক্যাম ও সেলফোনে ধারণ হওয়া ভিডিওটি ছড়িয়ে পড়ায় নর্দার্ন ভার্জিনিয়ায় চলমান আইসিই অভিযানের সময় এজেন্টদের বলপ্রয়োগ ও সাধারণ মানুষের সঙ্গে আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ইস্ট পোটোম্যাক পার্কের গলফ কোর্স বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাকে নিজের সংস্কার পরিকল্পনার পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক ঝড় ও জলোচ্ছ্বাসে পার্কটির অবস্থা খারাপ হয়েছে দাবি করে তিনি আদালতের বাধা তুলে নিয়ে দ্রুত সংস্কারকাজ শুরুর অনুমতি চেয়েছেন। ২৮ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সাম্প্রতিক ঝড়ে গলফ কোর্সটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি ঘটনাটিকে ‘অ্যাক্ট অব গড’ বা ঈশ্বরের ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, আদালতের একজন বিচারক রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে এই গলফ কোর্স নির্মাণের পরিকল্পনায় বাধা দিয়ে আসছেন। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, ইস্ট পোটোম্যাক গলফ কোর্সকে আন্তর্জাতিক মানের চ্যাম্পিয়নশিপ পর্যায়ের একটি কোর্সে রূপান্তর করা হবে। এর জন্য প্রায় ১৫ মাসের নির্মাণ ও সংস্কারকাজের পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্পটি বাস্তবায়নের আগে থেকেই পরিবেশ, ঐতিহাসিক স্থাপনা এবং জনসাধারণের প্রবেশাধিকার নিয়ে আইনি বিরোধ চলছে। গত ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক আনা রেয়েস পার্কটি বন্ধ করে সংস্কারকাজ শুরুর পরিকল্পনায় অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। পরবর্তী আদেশে তিনি ১২ ডিসেম্বর পর্যন্ত পার্কটি জনসাধারণের জন্য খোলা রাখার নির্দেশ দেন। বিচারকের মতে, সংস্কার পরিকল্পনা নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় সরকারি পার্ক বন্ধ করে দেওয়া জনস্বার্থের পরিপন্থী হতে পারে। আদালতের নথিতে আরও বলা হয়েছে, সংস্কার প্রকল্পের অংশ হিসেবে পার্কের ৪০০টির বেশি সুস্থ গাছ কেটে ফেলার বিষয়টি নিয়েও উদ্বেগ রয়েছে। জননিরাপত্তার যুক্তি তুলে ধরে প্রশাসন সংস্কারের পক্ষে অবস্থান নিলেও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে আগে কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক। সর্বশেষ ঝড়ের পর ট্রাম্প দাবি করেছেন, ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে পার্কটির সীমানাপ্রাচীর এবং আশপাশের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গলফ কোর্সটি এখন বিপজ্জনক ও ব্যবহার অনুপযোগী। এ কারণে বিচারকের নিষেধাজ্ঞা তুলে নিয়ে দ্রুত প্রকল্পের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে সিএনএনের পর্যবেক্ষণে শনিবার সকালে সেখানে তুলনামূলকভাবে সামান্য বন্যার পানি দেখা গেছে এবং কয়েকজনকে গলফ খেলতেও দেখা গেছে। এদিকে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন নিয়ে স্থানীয় পরিকল্পনা কমিশনেরও বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর বিশেষ বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। তবে আদালতের নিষেধাজ্ঞা এবং পরিবেশগত উদ্বেগের কারণে ট্রাম্প প্রশাসনের সংস্কার পরিকল্পনা এখনো আইনি ও রাজনৈতিক বিতর্কের মধ্যে রয়েছে। সূত্র: এনবিসি নিউজ
ভূমিকম্পের সময় স্ত্রীকে ফেলে পালালেন স্বামী, ক্ষোভে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন স্ত্রী
মারা গেলেন ‘মোহাম্মদ’ নামের কারণে ভারতীয় নাগরিকের হামলার শিকার সেই উবার চালক
ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পের পর ৪০টির বেশি আফটারশক, এক দোকানেই ওয়াইন ভেঙে ৫০ হাজার ডলারের ক্ষতি
যুক্তরাষ্ট্রের হেলথ কেয়ার খাতে ক্যারিয়ার গড়তে সব ক্ষেত্রে চার বছরের ব্যাচেলর ডিগ্রি কিংবা মেডিকেল স্কুলে পড়াশোনার প্রয়োজন হয় না। প্রায় দুই বছরের অ্যাসোসিয়েট ডিগ্রি সম্পন্ন করেও বেশ কয়েকটি পেশায় উচ্চ বেতনের চাকরির সুযোগ রয়েছে। এর মধ্যে অন্যতম রেডিওলজিক টেকনোলজিস্ট (Radiologic Technologist) ও রেসপিরেটরি থেরাপিস্ট (Respiratory Therapist)। তুলনামূলক কম সময়ে পেশাগত শিক্ষা শেষ করে হেলথ কেয়ার খাতে প্রবেশ করতে আগ্রহীদের জন্য এই দুটি পেশা হতে পারে সম্ভাবনাময় ক্যারিয়ার। রেডিওলজিক টেকনোলজিস্টের কাজ কী? রেডিওলজিক টেকনোলজিস্টরা রোগ নির্ণয়ের জন্য এক্স-রে ও ফ্লুরোস্কোপিসহ বিভিন্ন মেডিকেল ইমেজিং প্রযুক্তি ব্যবহার করেন। রোগীকে সঠিক অবস্থানে রাখা, রেডিয়েশন সুরক্ষাবিধি অনুসরণ এবং ধারণ করা ছবির মান নিশ্চিত করা তাঁদের অন্যতম দায়িত্ব। হাসপাতাল, ডায়াগনস্টিক ইমেজিং সেন্টার, আর্জেন্ট কেয়ার ও অর্থোপেডিক ক্লিনিকে এই পেশার কর্মীদের চাকরির সুযোগ রয়েছে। প্রযুক্তি ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি নিয়ে কাজ করতে আগ্রহীদের জন্য এটি একটি উপযোগী পেশা। রেসপিরেটরি থেরাপিস্টের কাজ কী? রেসপিরেটরি থেরাপিস্টরা মূলত শ্বাসকষ্ট ও ফুসফুসের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। অক্সিজেন থেরাপি, নেবুলাইজার ট্রিটমেন্ট, ভেন্টিলেটর পরিচালনা ও পর্যবেক্ষণ এবং রক্তে অক্সিজেনের মাত্রাসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা তাঁদের দায়িত্বের অন্তর্ভুক্ত। হাসপাতালের আইসিইউ, ইমার্জেন্সি রুম, নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্র, পালমোনারি ক্লিনিক ও হোম কেয়ার সেবায় তাঁদের কাজের সুযোগ রয়েছে। জরুরি পরিস্থিতিতে শান্ত থেকে কাজ করার দক্ষতা এবং চিকিৎসাবিজ্ঞানের প্রতি আগ্রহ এই পেশায় গুরুত্বপূর্ণ। শিক্ষাগত যোগ্যতা ও লাইসেন্স রেডিওলজিক টেকনোলজিস্ট হতে সাধারণত স্বীকৃত রেডিওগ্রাফি অ্যাসোসিয়েট ডিগ্রি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়। প্রোগ্রাম বাছাইয়ের ক্ষেত্রে জেআরসিইআরটির স্বীকৃতি এবং আমেরিকান রেজিস্ট্রি অব রেডিওলজিক টেকনোলজিস্টসের (এআরআরটি) সার্টিফিকেশন পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা যাচাই করা গুরুত্বপূর্ণ। অন্যদিকে রেসপিরেটরি থেরাপিস্ট হতে সাধারণত কমিশন অন অ্যাক্রেডিটেশন ফর রেসপিরেটরি কেয়ারের (কোএআরসি) স্বীকৃত অ্যাসোসিয়েট ডিগ্রি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়। এ পেশায় ব্যাচেলর ডিগ্রির সুযোগও রয়েছে। শিক্ষাজীবন শেষে ন্যাশনাল বোর্ড ফর রেসপিরেটরি কেয়ারের (এনবিআরসি) নির্ধারিত পরীক্ষার মাধ্যমে পেশাগত সার্টিফিকেশন অর্জন করতে হয়। উভয় পেশার ক্ষেত্রেই সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের লাইসেন্সসংক্রান্ত নিয়ম যাচাই করা জরুরি। ২০২৭ সাল থেকে পরীক্ষার নিয়মে পরিবর্তন এনবিআরসির ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে রেসপিরেটরি থেরাপিস্টদের সার্টিফিকেশন পরীক্ষায় পরিবর্তন আসছে। নতুন ব্যবস্থায় পৃথক পরীক্ষার পরিবর্তে একটি সমন্বিত রেসপিরেটরি থেরাপি পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সার্টিফায়েড রেসপিরেটরি থেরাপিস্ট (সিআরটি) অথবা রেজিস্টার্ড রেসপিরেটরি থেরাপিস্ট (আরআরটি) সনদ দেওয়া হবে। বছরে কত আয় করা যায়? যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের (বিএলএস) ২০২৫ সালের মে মাসের বেতনসংক্রান্ত তথ্য অনুযায়ী, পেশা দুটির জাতীয় মিডিয়ান বার্ষিক বেতন নিম্নরূপ: রেডিওলজিক টেকনোলজিস্ট: ৮০ হাজার ১১০ ডলার। ঘণ্টায় প্রায় ৩৮ দশমিক ৫২ ডলার। রেসপিরেটরি থেরাপিস্ট: ৮২ হাজার ২৮০ ডলার। এই পেশায় সর্বনিম্ন আয়ের ১০ শতাংশ কর্মীর বার্ষিক বেতন ৬৩ হাজার ৬৬০ ডলারের কম। সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ কর্মীর বেতন ১ লাখ ১৮ হাজার ৫০ ডলারের বেশি। তবে মিডিয়ান বেতন কোনো পেশার শুরুর বেতন নয়। কর্মস্থল, অঙ্গরাজ্য, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার ওপর প্রকৃত আয় নির্ভর করে। ক্যারিয়ার গড়তে যেভাবে প্রস্তুতি নেবেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কমিউনিটি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে এসব বিষয়ে অ্যাসোসিয়েট ডিগ্রি প্রোগ্রাম রয়েছে। তবে ভর্তির পূর্বশর্ত পূরণ, ক্লাস ও ক্লিনিক্যাল ট্রেনিং শেষ করতে দুই বছরের বেশিও সময় লাগতে পারে। ভর্তির আগে শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রোগ্রামের স্বীকৃতি, টিউশন ফি, ভর্তির যোগ্যতা, ক্লিনিক্যাল ট্রেনিং এবং সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের লাইসেন্সের শর্ত সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া উচিত। সূত্র: Bureau of Labor Statistics 871-এসএ
যুক্তরাষ্ট্রে হঠাৎ অসুস্থ হলে কোথায় যাবেন, ইমার্জেন্সি রুম নাকি আর্জেন্ট কেয়ার? জেনে নিন বিস্তারিত
বিনা অনুমতিতে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ার দায়ে যুক্তরাষ্ট্রের কারাগারে ‘আটক’ এক টার্কি
বিমানবন্দরে নিজের প্যান্ট খুলে বন্ধুকে দিচ্ছেন যাত্রীরা, যুক্তরাষ্ট্রে নতুন মজার ট্রেন্ড!
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর কুইন্সের করোনা এলাকায় জনবহুল সড়কে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় ২১ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার কিছু পর জাংশন বুলেভার্ড ও রুজভেল্ট অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। ব্যস্ত বাণিজ্যিক এলাকায় হঠাৎ গুলির শব্দে পথচারী ও আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন। নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত তরুণের বুকে গুলি লাগে। পরে তাকে এলমহার্স্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অন্য দুজনের বয়স ২৪ ও ৩৮ বছর। তাঁদের একজনের শরীরের বিভিন্ন অংশে, বিশেষ করে ধড়, কাঁধ ও উরুতে গুলি লাগে। অপরজনের ধড়ে গুলিবিদ্ধ হয়। দুজনকেই হাসপাতালে নেওয়া হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে হেফাজতে নেয়। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে আটক ব্যক্তির বয়স ১৮ বছর বলে উল্লেখ করা হয়েছে। তবে এবিসি৭ জানিয়েছে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়েরের খবর পাওয়া যায়নি। কী কারণে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং হামলার লক্ষ্য কারা ছিলেন, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। ঘটনাস্থলের কাছাকাছি থাকা প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, গুলির শব্দ শোনার পর আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে দোকান ও নিরাপদ স্থানে আশ্রয় নেন। রুজভেল্ট অ্যাভিনিউ এলাকায় সক্রিয় স্থানীয় সংগঠন রিস্টোর রুজভেল্ট অ্যাভিনিউ কোয়ালিশনের সদস্য রোসা সানচেজ জানান, তিনি পরপর তিনটি গুলির শব্দ শুনেছেন এবং একজনকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন। তাঁর ভাষায়, ঘটনাটি ছিল অত্যন্ত আতঙ্কজনক। এদিকে, ওই এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় কমিউনিটি নেতারাও। কোয়ালিশনের নেতা ও নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক সিনেটর হিরাম মনসেরাতে এ ঘটনার জন্য স্থানীয় অপরাধী চক্র এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নীতিগত দুর্বলতাকে দায়ী করেছেন। তবে তাঁর এসব বক্তব্য ব্যক্তিগত ও রাজনৈতিক মূল্যায়ন। পুলিশ এখনো গুলিবর্ষণের পেছনে কোনো অপরাধী চক্রের সংশ্লিষ্টতা নিশ্চিত করেনি। রুজভেল্ট অ্যাভিনিউয়ের এই অংশটি স্থানীয়ভাবে ‘মার্কেট অব সুইটহার্টস’ নামে পরিচিত। এলাকাটিতে দীর্ঘদিন ধরে যৌনবাণিজ্য, মাদক ও সড়ককেন্দ্রিক অপরাধ নিয়ে উদ্বেগ রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এর আগে গত ১৯ নভেম্বর কুইন্সের করোনা এলাকাতেই পৃথক এক ঘটনায় দুই কিশোর গুলিবিদ্ধ হয়েছিল। সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে এলাকাটির নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও কমিউনিটি সংগঠনগুলোর উদ্বেগ আরও বেড়েছে। পুলিশ জানিয়েছে, শনিবারের গুলিবর্ষণের ঘটনায় তদন্ত চলছে। তবে কীভাবে ঘটনার সূত্রপাত, আটক ব্যক্তির সঙ্গে গুলিবর্ষণের সম্পর্ক এবং অন্য কেউ জড়িত ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট, সিবিএস নিউজ নিউইয়র্ক ও এবিসি৭ নিউইয়র্ক। 872 আইজেট
যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেতে স্থায়ী বাধা হতে পারে যে ৬ ধরনের অপরাধ ও কর্মকাণ্ড
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে স্বল্প আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সুযোগ

