৫০০ আবেদনেও মিলছে না চাকরি: যুক্তরাষ্ট্রের আইটি খাতে দীর্ঘ বেকারত্বে বাড়ছে বাংলাদেশিদের উদ্বেগ
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে একসময় দক্ষ কর্মীদের চাহিদা ছিল তুঙ্গে। উচ্চ বেতন, দ্রুত পদোন্নতি এবং চাকরির নিরাপত্তার কারণে এই খাতকে ক্যারিয়ারের অন্যতম সেরা গন্তব্য হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু গত কয়েক বছরে সেই চিত্র উল্লেখযোগ্যভাবে বদলে গেছে। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে ধারাবাহিক ছাঁটাই, নিয়োগের গতি কমে যাওয়া এবং একটি পদের বিপরীতে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় অনেক অভিজ্ঞ আইটি পেশাজীবী মাসের পর মাস নতুন চাকরি খুঁজেও সফল হচ্ছেন না।
বর্তমান পরিস্থিতিতে শুধু নতুন গ্র্যাজুয়েটরাই নন, ৮ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ক্লাউড ইঞ্জিনিয়ার, কিউএ অটোমেশন ইঞ্জিনিয়ার এবং ডেটা পেশাজীবীরাও কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছেন। লিঙ্কডইন সহ বিভিন্ন পেশাদার নেটওয়ার্কে প্রতিদিনই শত শত আবেদন করেও সাক্ষাৎকারের সুযোগ না পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করছেন অনেক চাকরিপ্রার্থী।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আইটি পেশাজীবীদের মধ্যেও একই বাস্তবতার প্রতিফলন দেখা যাচ্ছে। আমেরিকা বাংলার সঙ্গে কথা বলা কয়েকজন পেশাজীবী পরিচয় গোপন রাখার শর্তে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তাদের বক্তব্য অনুযায়ী, চাকরি হারানোর পর নতুন সুযোগ খুঁজে পাওয়া আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে উঠেছে।
ভার্জিনিয়ার একজন বাংলাদেশি কিউএ অটোমেশন ইঞ্জিনিয়ার, যিনি এখানে ছদ্মনামে “কাকন” নামে উল্লেখ করা হয়েছে, ওয়াশিংটন ডিসি অঞ্চলের একটি প্রতিষ্ঠানে প্রায় আট বছর কর্মরত ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠানের পুনর্গঠনের সময় তিনি চাকরি হারান। এরপর থেকে কয়েকশ প্রতিষ্ঠানে আবেদন করলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো চাকরি পাননি। পরিবারের নিয়মিত ব্যয় নির্বাহের জন্য তিনি সাময়িকভাবে রাইড-শেয়ারিং প্ল্যাটফর্মে গাড়ি চালানোর কাজ করছেন।
জর্জিয়ার আরেক বাংলাদেশি প্রযুক্তি পেশাজীবী, যিনি এখানে “রহমান” ছদ্মনামে পরিচিত, একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে চার বছর কাজ করেছেন। গত বছরের মাঝামাঝি সময়ে চাকরি হারানোর পর থেকে তিনি নতুন সুযোগের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, চাকরি চলে যাওয়ার পর এখন পর্যন্ত অন্তত ৫০০ এপ্লিকেশন করেছি কিন্তু গুটিকয়েক রেসপন্স পেয়েছি যদিও কোন জব হয়নি শেষ পর্যন্ত। দীর্ঘ সময় ধরে কাঙ্ক্ষিত চাকরি না পাওয়ায় বর্তমানে তিনি প্রযুক্তি খাতের বাইরে তুলনামূলক কম বেতনের একটি প্রশাসনিক পদে কাজ করছেন। তার ভাষায়, পরিবারের দায়িত্বের কারণে অপেক্ষা করার সুযোগ ছিল না।
আটলান্টার আরেক বাংলাদেশি আইটি পেশাজীবী “আলম” (ছদ্মনাম) একটি বড় মার্কিন প্রতিষ্ঠানের প্রযুক্তি বিভাগে কয়েক বছর কাজ করেছেন। চলতি বছরের শুরুতে চাকরি হারানোর পর তিনি নিয়মিত আবেদন করলেও এখনো আইটি খাতে ফিরতে পারেননি। পরিবারের খরচ চালানোর জন্য আপাতত ওয়াল গ্রীন এ কাজ করছেন। তিনি বলেন, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, তবে সুযোগ পেলেই আবার প্রযুক্তি খাতে ফিরতে চান।
এ ধরনের অভিজ্ঞতা শুধু কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ নয় বলে জানিয়েছেন বাংলাদেশি প্রযুক্তি পেশাজীবীরা। অনেকেই মাসের পর মাস চাকরি খুঁজছেন, কিন্তু সামাজিক মর্যাদা, আত্মসম্মান কিংবা ভবিষ্যৎ নিয়োগদাতার দৃষ্টিভঙ্গির কথা বিবেচনা করে বিষয়টি প্রকাশ্যে বলতে চান না। ফলে কমিউনিটির ভেতরে বাস্তব পরিস্থিতির চেয়ে অনেক কম মানুষই এই সংকট সম্পর্কে জানেন।
পেশাজীবীদের মতে, বর্তমান পরিস্থিতির পেছনে একাধিক কারণ রয়েছে। ২০২৫ এর শুরু থেকে প্রযুক্তি খাতে বড় আকারের ছাঁটাই, প্রতিষ্ঠানের ব্যয় সংকোচন, নিয়োগে সতর্কতা এবং একটি পদের বিপরীতে অস্বাভাবিক সংখ্যক আবেদন প্রতিযোগিতাকে অনেক বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে অনেক প্রতিষ্ঠান এখন আবেদনপত্র প্রাথমিকভাবে বাছাই করতে স্বয়ংক্রিয় সফটওয়্যার বা এআই-নির্ভর অ্যাপলিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করছে। ফলে যোগ্য প্রার্থীদের একটি বড় অংশ প্রথম ধাপেই বাদ পড়ছেন।
ক্যারিয়ার স্পেশালিস্টদের মতে, বর্তমান চাকরির বাজারে শুধু শত শত আবেদন পাঠানোই যথেষ্ট নয়। প্রতিটি পদের সঙ্গে সামঞ্জস্য রেখে রিজ্যুমে প্রস্তুত করা, লিঙ্কডইন প্রোফাইল নিয়মিত হালনাগাদ রাখা, পেশাগত নেটওয়ার্ক শক্তিশালী করা, রেফারেলের মাধ্যমে আবেদন করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি ও ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো চাহিদাসম্পন্ন দক্ষতা অর্জনের ওপর আগের চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত এখনও বিশ্বের অন্যতম বড় কর্মসংস্থানের ক্ষেত্র। তবে সাম্প্রতিক বাস্তবতা স্পষ্ট করে দিচ্ছে, অভিজ্ঞতা থাকলেই চাকরি নিশ্চিত এমন ধারণা আর আগের মতো সত্য নয়। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি আইটি পেশাজীবীদের একটি অংশ দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। তাদের অনেকেই বিশ্বাস করেন, বাজারে সুযোগ রয়েছে, তবে সেই সুযোগের জন্য এখন আগের তুলনায় অনেক দীর্ঘ অপেক্ষা, বেশি প্রতিযোগিতা এবং আরও বেশি প্রস্তুতির প্রয়োজন।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ম্যানহাটান বিচ উপকূলের কাছে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) ৫.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ম্যানহাটান বিচ থেকে প্রায় ৬ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পরপরই ওই এলাকায় এক ঘণ্টার ব্যবধানে ২.৫ থেকে ৫.০ মাত্রার অন্তত ৩১টি ভূমিকম্প ও পরাঘাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ২.৫, ২.৮, ৩.০, ৩.৭ ও ৩.৮ মাত্রার একাধিক কম্পন ছিল। তবে জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। ভূমিকম্পের পরপরই লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট বা এলএএফডি ‘আর্থকোয়েক মোড’ সক্রিয় করে শহরের ১০৬টি ফায়ার স্টেশনের কর্মীদের স্থল, আকাশ ও সমুদ্রপথে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে নামায়। সকাল ১০টা ৪০ মিনিটে সংস্থাটি জানায়, প্রাথমিক পর্যবেক্ষণে বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যদিও ম্যানহাটান বিচের এক বাসিন্দার রান্নাঘরে কাচের সামগ্রী ভেঙে পড়ার এবং লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে কাচের টুকরো ছড়িয়ে থাকার খবর পাওয়া গেছে। প্রবীণ ভূমিকম্প বিশেষজ্ঞ ড. লুসি জোন্স জানান, উপকূলীয় এলাকায় কম্পন সৃষ্টি হওয়ায় দূরত্বের সঙ্গে ঝাঁকুনি দ্রুত কমে এসেছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস বাসিন্দাদের সম্ভাব্য পরাঘাতের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ‘ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন’ বিধি অনুসরণের পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানান, জরুরি সেবা দপ্তর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। থ্যাংকসগিভিং ছুটির সপ্তাহান্তে এই কম্পনকে ২০১৪ সালের ব্রেয়া এবং ২০০৮ সালের চিনো হিলসের ভূমিকম্পের পর লস অ্যাঞ্জেলেস এলাকায় অনুভূত অন্যতম শক্তিশালী কম্পন হিসেবে দেখা হচ্ছে।
ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা
যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মারফ্রিসবোরোতে থ্যাংকসগিভিং উপলক্ষে প্রায় দুই হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করে সহমর্মিতা ও মানবিক সেবার ঐতিহ্য বজায় রেখেছে স্থানীয় সংগঠন ‘মারফ্রিসবোরো মুসলিম ইয়ুথ’। থ্যাংকসগিভিংয়ের ছুটির দিনে স্থানীয় বাসিন্দা, গৃহহীন ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে তরুণ স্বেচ্ছাসেবকেরা সম্মিলিতভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করেন। প্রতিবছরের মতো এবারও সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই আয়োজনে স্বেচ্ছাসেবক ও স্থানীয় কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মারফ্রিসবোরোতে থ্যাংকসগিভিং উপলক্ষে প্রায় দুই হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করে সহমর্মিতা ও মানবিক সেবার ঐতিহ্য বজায় রেখেছে স্থানীয় সংগঠন ‘মারফ্রিসবোরো মুসলিম ইয়ুথ’। থ্যাংকসগিভিংয়ের ছুটির দিনে স্থানীয় বাসিন্দা, গৃহহীন ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে তরুণ স্বেচ্ছাসেবকেরা সম্মিলিতভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করেন। প্রতিবছরের মতো এবারও সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই আয়োজনে স্বেচ্ছাসেবক ও স্থানীয় কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আয়োজকদের মতে, থ্যাংকসগিভিং কেবল একটি উৎসব নয়, বরং পারস্পরিক কৃতজ্ঞতা ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার একটি বিশেষ উপলক্ষ। সেই লক্ষ্যকে সামনে রেখেই মারফ্রিসবোরো মুসলিম ইয়ুথের সদস্যরা খাবার প্রস্তুত থেকে শুরু করে প্যাকেটজাত করা এবং সরাসরি বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। প্রায় দুই হাজার মানুষের জন্য প্রস্তুতকৃত এসব খাবারের মাধ্যমে অভাবী পরিবারের কাছে যেমন সহায়তা পৌঁছেছে, তেমনি স্থানীয় কমিউনিটিতে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধও আরও সুদৃঢ় হয়েছে। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে চলে আসা এই মানবিক উদ্যোগটি মারফ্রিসবোরো অঞ্চলে আন্তঃধর্মীয় সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতার এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে। প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবার যখন নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময়ে তরুণদের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা।
নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক
নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন
পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে
যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীর আওতায় এআর-১৫ (AR-15) এবং অনুরূপ সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধ করার এখতিয়ার অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের আছে কি না—তা নির্ধারণে এক বড় ধরনের আইনি লড়াইয়ের মুখে দাঁড়িয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। কানেকটিকাট অঙ্গরাজ্য এবং শিকাগো সংলগ্ন কুক কাউন্টির অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলাগুলো সামনে রেখে শীর্ষ আদালত এই বিতর্কিত বিষয়ে অবস্থান নিতে যাচ্ছে। আগামী ২ ডিসেম্বর এ বিষয়ে মৌখিক শুনানি হওয়ার কথা রয়েছে। ২০২২ সালে দেওয়া সুপ্রিম কোর্টের এক যুগান্তকারী রায়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনকে দেশের ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ার শর্ত জুড়ে দেওয়ার পর থেকেই দেশজুড়ে বিভিন্ন অস্ত্র আইনের বৈধতা চ্যালেঞ্জ করে একের পর এক মামলা হতে থাকে। এবারের এআর-১৫ মামলাটি সেই ধারাবাহিকতায় আরেকটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। মামলার মূল আইনি প্রশ্নটি আবর্তিত হচ্ছে—দেশজুড়ে বিপুল সংখ্যক মানুষের হাতে এ ধরনের রাইফেল থাকায় সেগুলোর ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করা যায় কি না। অস্ত্রের অধিকার সমর্থক ও আবেদনকারীদের যুক্তি, আইন মেনে চলা নাগরিকদের কাছে আনুমানিক ৪ কোটি এআর-১৫ ঘরানার রাইফেল রয়েছে, যা ‘সাধারণ ব্যবহারের’ আওতায় পড়ে। তাদের মতে, অতীতের নজির অনুযায়ী সাধারণভাবে ব্যবহৃত বৈধ অস্ত্রের ওপর এমন নিষেধাজ্ঞা সংবিধানের দ্বিতীয় সংশোধনীর পরিপন্থী। অন্যদিকে, কুক কাউন্টি ও কানেকটিকাটসহ অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষের আইনজীবী এবং কৌঁসুলিরা বলছেন, এসব সেমি-অটোমেটিক রাইফেল মূলত যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী করে তৈরি এবং অল্প সময়ে ব্যাপক প্রাণহানি ঘটানোর সক্ষমতা রাখে। কুক কাউন্টির স্টেটস অ্যাটর্নি আইলিন ও’নিল বার্ক এক বিবৃতিতে বলেছেন, জননিরাপত্তার স্বার্থেই এ ধরনের মারণাস্ত্র সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা উচিত, কারণ এগুলো আইনশৃঙ্খলা বাহিনীর জন্যও অত্যন্ত বিপজ্জনক। এআর-১৫ নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফেডারেল আপিল আদালতে ইতিমধ্যে ভিন্ন ভিন্ন রায় এসেছে। কানেকটিকাটের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা চ্যালেঞ্জে দ্বিতীয় সার্কিট আদালত অঙ্গরাজ্যের পক্ষে অবস্থান নিলেও, চলতি বছরের জুলাই মাসে তৃতীয় সার্কিট আদালত নিউ জার্সির বিধিনিষেধের বিপক্ষে রায় দেয়। ফলে সারাদেশে আইনের প্রয়োগ ও ব্যাখ্যা নিয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সুপ্রিম কোর্টের আসন্ন শুনানি ও রায় তা অনেকটাই স্পষ্ট করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: সিএনএন 873 ডিএন
ডিসেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ, বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?
ব্রিটেনের বিমানঘাঁটিতে একাধিক ড্রোন প্রতিহত করেছে মার্কিন বাহিনী, নেপথ্যে কি ইরান?

