সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

অতিরিক্ত ৭৫০ ডলারে ১০ কর্মদিবসের মধ্যে মার্কিন ভিসার ইন্টারভিউ, চালু নতুন ফাস্ট ট্র্যাক ব্যবস্থা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ২৪, ২০২৬ ১০:১
অতিরিক্ত ৭৫০ ডলারে ১০ কর্মদিবসের মধ্যে মার্কিন ভিসার ইন্টারভিউ
অতিরিক্ত ৭৫০ ডলারে ১০ কর্মদিবসের মধ্যে মার্কিন ভিসার ইন্টারভিউ

যুক্তরাষ্ট্রের পর্যটন ও ব্যবসায়িক ভিসার ইন্টারভিউ পেতে দীর্ঘ অপেক্ষায় থাকা আবেদনকারীদের জন্য নতুন একটি দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন এই ব্যবস্থায় যোগ্য B ক্যাটাগরির ভিসা আবেদনকারীরা নিয়মিত আবেদন ফির বাইরে অতিরিক্ত ৭৫০ ডলার দিয়ে পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে ইন্টারভিউয়ের তারিখ পাওয়ার সুযোগ পাবেন। তবে আপাতত এই সুবিধা সব দেশে চালু হয়নি।

 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২২ জুলাই প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, Nonimmigrant Visa Expedited Appointment Pilot Program নামের এই পরীক্ষামূলক কর্মসূচি ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রথম দেশ হিসেবে মেক্সিকোতে অবস্থিত মার্কিন দূতাবাস ও সব কনস্যুলেটে ২১ জুলাই থেকে এটি চালু হয়েছে। পাইলট চলাকালে আরও দেশ ও মার্কিন মিশন এই কর্মসূচিতে যুক্ত হতে পারে।

 

নতুন সুবিধাটি মূলত বি ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের জন্য। বি-১ ভিসা সাধারণত ব্যবসায়িক সফর, সভা, সম্মেলন বা অনুমোদিত অন্যান্য সাময়িক ব্যবসায়িক কাজে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। বি-২ ভিসা পর্যটন, ছুটি কাটানো, আত্মীয়স্বজন বা বন্ধুদের সঙ্গে দেখা করাসহ অনুমোদিত ব্যক্তিগত সফরের জন্য। অনেক আবেদনকারীকে সম্মিলিত বি-১/বি-২ ভিসা দেওয়া হয়।

 

পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, পেইড এক্সপেডাইট সুবিধা নিতে আবেদনকারীকে প্রথমে প্রচলিত নিয়মে ১৮৫ ডলারের এমআরভি আবেদন ফি পরিশোধ করে একটি নিয়মিত ইন্টারভিউয়ের তারিখ নিতে হবে। এরপর সংশ্লিষ্ট দেশে পেইড এক্সপেডাইট চালু থাকলে, আবেদনকারী যোগ্য হলে এবং দ্রুত অ্যাপয়েন্টমেন্টের স্লট খালি থাকলে অতিরিক্ত ৭৫০ ডলার দিয়ে পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে ইন্টারভিউয়ের সময় বেছে নেওয়া যাবে।

 

অর্থাৎ একজন আবেদনকারী এই সুবিধা ব্যবহার করলে ১৮৫ ডলারের নিয়মিত আবেদন ফি এবং ৭৫০ ডলারের দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ফি মিলিয়ে শুধু এই দুই খাতেই মোট ৯৩৫ ডলার দিতে হবে।

 

দ্রুত অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা অবশ্য সীমিত। মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলো প্রতিদিন নির্দিষ্টসংখ্যক স্লট এই কর্মসূচির জন্য বরাদ্দ করবে। স্লট খালি থাকলেই কেবল যোগ্য আবেদনকারীর কাছে পেইড এক্সপেডাইট অপশনটি দেখা যাবে।

 

আবেদনকারী দ্রুত ইন্টারভিউয়ের তারিখ ও সময় নির্বাচন করার পর সেটি নিশ্চিত করতে ১০ মিনিটের মধ্যে ৭৫০ ডলার পরিশোধ করতে হবে। একবার পেইড এক্সপেডাইট অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হলে সেই তারিখ পরিবর্তনের সুযোগ থাকবে না।

 

কেউ নির্ধারিত ইন্টারভিউয়ে উপস্থিত না হলে ৭৫০ ডলার ফেরত পাবেন না। অ্যাপয়েন্টমেন্ট বাতিল করলেও এই অর্থ ফেরত দেওয়া হবে না। পরে আবার পেইড এক্সপেডাইট সুবিধা নিতে চাইলে নতুন করে ৭৫০ ডলার দিতে হবে। একই আবেদনে একাধিক পরিবারের সদস্য বা গ্রুপের সদস্য থাকলে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিতে প্রত্যেক আবেদনকারীকে আলাদাভাবে ৭৫০ ডলার দিতে হবে।

 

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অতিরিক্ত ৭৫০ ডলার দিলেই মার্কিন ভিসা পাওয়া যাবে না। এই অর্থ কেবল দ্রুত ইন্টারভিউয়ের তারিখ পাওয়ার জন্য। ভিসা অনুমোদনের ক্ষেত্রে আবেদনকারীকে অন্য সবার মতো একই যোগ্যতার শর্ত পূরণ এবং নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কনস্যুলার কর্মকর্তা।

 

এমনকি ইন্টারভিউয়ের পর কোনো আবেদন অতিরিক্ত প্রশাসনিক প্রক্রিয়ার আওতায় গেলে ৭৫০ ডলার দেওয়ার কারণে সেই প্রক্রিয়াও দ্রুত শেষ হবে, এমন নিশ্চয়তা নেই।

 

যাদের সাধারণ জরুরি ইন্টারভিউয়ের আবেদন আগে প্রত্যাখ্যাত হয়েছে, তারাও নির্ধারিত শর্ত পূরণ করলে পেইড এক্সপেডাইট সুবিধা নিতে পারবেন। তবে যারা ভিসা নবায়নের ক্ষেত্রে ইন্টারভিউ মওকুফের যোগ্য, তারা ৭৫০ ডলার দিয়ে নিজেদের আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের সুযোগ পাবেন না। এই কর্মসূচি কেবল নির্ধারিত ইন্টারভিউ থাকা যোগ্য আবেদনকারীদের জন্য।

 

বাংলাদেশি আবেদনকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ২২ জুলাই পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত অংশগ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই। ফলে ঢাকায় মার্কিন দূতাবাসে বি-১/বি-২ ভিসার আবেদনকারীরা এখনই ৭৫০ ডলার দিয়ে এই দ্রুত ইন্টারভিউ সুবিধা নিতে পারবেন, এমন ঘোষণা দেওয়া হয়নি।

 

পররাষ্ট্র দপ্তর অবশ্য জানিয়েছে, পরীক্ষামূলক কর্মসূচি চলাকালে আরও স্থান এতে যুক্ত হতে পারে। বাংলাদেশ ভবিষ্যতে কর্মসূচিতে যুক্ত হলে এবং আবেদনকারী প্রয়োজনীয় শর্ত পূরণ করলে তার ভিসা অ্যাপয়েন্টমেন্ট অ্যাকাউন্টে পেইড এক্সপেডাইট অপশন দেখা যেতে পারে।

 

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, জরুরি ভ্রমণের প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের ভিসা আবেদন আরও দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য নতুন ব্যবস্থাটি পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে ভিসা আবেদনকারীদের নিরাপত্তা যাচাই ও অন্যান্য প্রচলিত শর্ত অপরিবর্তিত থাকবে।

 

ফলে নতুন ব্যবস্থায় ৭৫০ ডলারের বিনিময়ে দ্রুত ইন্টারভিউয়ের সুযোগ মিললেও এটি দ্রুত ভিসা অনুমোদনের ব্যবস্থা নয়। অর্থাৎ আবেদনকারী অর্থ দিয়ে কিনছেন আগের ইন্টারভিউয়ের সুযোগ, মার্কিন ভিসা পাওয়ার নিশ্চয়তা নয়।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
বন্যাকে ‘ঈশ্বরের ইঙ্গিত’ বললেন ট্রাম্প, গলফ কোর্স সংস্কারে আদালতের অনুমতি চান
বন্যাকে ‘ঈশ্বরের ইঙ্গিত’ বললেন ট্রাম্প, গলফ কোর্স সংস্কারে আদালতের অনুমতি চান

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ইস্ট পোটোম্যাক পার্কের গলফ কোর্স বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাকে নিজের সংস্কার পরিকল্পনার পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক ঝড় ও জলোচ্ছ্বাসে পার্কটির অবস্থা খারাপ হয়েছে দাবি করে তিনি আদালতের বাধা তুলে নিয়ে দ্রুত সংস্কারকাজ শুরুর অনুমতি চেয়েছেন।   ২৮ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সাম্প্রতিক ঝড়ে গলফ কোর্সটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি ঘটনাটিকে ‘অ্যাক্ট অব গড’ বা ঈশ্বরের ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, আদালতের একজন বিচারক রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে এই গলফ কোর্স নির্মাণের পরিকল্পনায় বাধা দিয়ে আসছেন।   ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, ইস্ট পোটোম্যাক গলফ কোর্সকে আন্তর্জাতিক মানের চ্যাম্পিয়নশিপ পর্যায়ের একটি কোর্সে রূপান্তর করা হবে। এর জন্য প্রায় ১৫ মাসের নির্মাণ ও সংস্কারকাজের পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্পটি বাস্তবায়নের আগে থেকেই পরিবেশ, ঐতিহাসিক স্থাপনা এবং জনসাধারণের প্রবেশাধিকার নিয়ে আইনি বিরোধ চলছে।   গত ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক আনা রেয়েস পার্কটি বন্ধ করে সংস্কারকাজ শুরুর পরিকল্পনায় অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। পরবর্তী আদেশে তিনি ১২ ডিসেম্বর পর্যন্ত পার্কটি জনসাধারণের জন্য খোলা রাখার নির্দেশ দেন। বিচারকের মতে, সংস্কার পরিকল্পনা নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় সরকারি পার্ক বন্ধ করে দেওয়া জনস্বার্থের পরিপন্থী হতে পারে।   আদালতের নথিতে আরও বলা হয়েছে, সংস্কার প্রকল্পের অংশ হিসেবে পার্কের ৪০০টির বেশি সুস্থ গাছ কেটে ফেলার বিষয়টি নিয়েও উদ্বেগ রয়েছে। জননিরাপত্তার যুক্তি তুলে ধরে প্রশাসন সংস্কারের পক্ষে অবস্থান নিলেও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে আগে কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক।   সর্বশেষ ঝড়ের পর ট্রাম্প দাবি করেছেন, ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে পার্কটির সীমানাপ্রাচীর এবং আশপাশের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গলফ কোর্সটি এখন বিপজ্জনক ও ব্যবহার অনুপযোগী। এ কারণে বিচারকের নিষেধাজ্ঞা তুলে নিয়ে দ্রুত প্রকল্পের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে সিএনএনের পর্যবেক্ষণে শনিবার সকালে সেখানে তুলনামূলকভাবে সামান্য বন্যার পানি দেখা গেছে এবং কয়েকজনকে গলফ খেলতেও দেখা গেছে।   এদিকে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন নিয়ে স্থানীয় পরিকল্পনা কমিশনেরও বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর বিশেষ বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। তবে আদালতের নিষেধাজ্ঞা এবং পরিবেশগত উদ্বেগের কারণে ট্রাম্প প্রশাসনের সংস্কার পরিকল্পনা এখনো আইনি ও রাজনৈতিক বিতর্কের মধ্যে রয়েছে।   সূত্র: এনবিসি নিউজ

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ৫:৩৬
ভূমিকম্পের সময় স্ত্রীকে ফেলে পালালেন স্বামী, ক্ষোভে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন স্ত্রী

ভূমিকম্পের সময় স্ত্রীকে ফেলে পালালেন স্বামী, ক্ষোভে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন স্ত্রী

মারা গেলেন ‘মোহাম্মদ’ নামের কারণে ভারতীয় নাগরিকের হামলার শিকার সেই উবার চালক

মারা গেলেন ‘মোহাম্মদ’ নামের কারণে ভারতীয় নাগরিকের হামলার শিকার সেই উবার চালক

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পের পর ৪০টির বেশি আফটারশক, এক দোকানেই ওয়াইন ভেঙে ৫০ হাজার ডলারের ক্ষতি

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পের পর ৪০টির বেশি আফটারশক, এক দোকানেই ওয়াইন ভেঙে ৫০ হাজার ডলারের ক্ষতি

২ বছরের ডিগ্রি, বছরে ৮০ হাজার ডলারের বেশি মিডিয়ান বেতন! জানুন আমেরিকায় সম্ভাবনাময় ২ পেশা
২ বছরের ডিগ্রি, বছরে ৮০ হাজার ডলারের বেশি মিডিয়ান বেতন! জানুন আমেরিকায় সম্ভাবনাময় ২ পেশা

যুক্তরাষ্ট্রের হেলথ কেয়ার খাতে ক্যারিয়ার গড়তে সব ক্ষেত্রে চার বছরের ব্যাচেলর ডিগ্রি কিংবা মেডিকেল স্কুলে পড়াশোনার প্রয়োজন হয় না। প্রায় দুই বছরের অ্যাসোসিয়েট ডিগ্রি সম্পন্ন করেও বেশ কয়েকটি পেশায় উচ্চ বেতনের চাকরির সুযোগ রয়েছে। এর মধ্যে অন্যতম রেডিওলজিক টেকনোলজিস্ট (Radiologic Technologist) ও রেসপিরেটরি থেরাপিস্ট (Respiratory Therapist)। তুলনামূলক কম সময়ে পেশাগত শিক্ষা শেষ করে হেলথ কেয়ার খাতে প্রবেশ করতে আগ্রহীদের জন্য এই দুটি পেশা হতে পারে সম্ভাবনাময় ক্যারিয়ার।   রেডিওলজিক টেকনোলজিস্টের কাজ কী?   রেডিওলজিক টেকনোলজিস্টরা রোগ নির্ণয়ের জন্য এক্স-রে ও ফ্লুরোস্কোপিসহ বিভিন্ন মেডিকেল ইমেজিং প্রযুক্তি ব্যবহার করেন। রোগীকে সঠিক অবস্থানে রাখা, রেডিয়েশন সুরক্ষাবিধি অনুসরণ এবং ধারণ করা ছবির মান নিশ্চিত করা তাঁদের অন্যতম দায়িত্ব।   হাসপাতাল, ডায়াগনস্টিক ইমেজিং সেন্টার, আর্জেন্ট কেয়ার ও অর্থোপেডিক ক্লিনিকে এই পেশার কর্মীদের চাকরির সুযোগ রয়েছে। প্রযুক্তি ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি নিয়ে কাজ করতে আগ্রহীদের জন্য এটি একটি উপযোগী পেশা।   রেসপিরেটরি থেরাপিস্টের কাজ কী?   রেসপিরেটরি থেরাপিস্টরা মূলত শ্বাসকষ্ট ও ফুসফুসের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। অক্সিজেন থেরাপি, নেবুলাইজার ট্রিটমেন্ট, ভেন্টিলেটর পরিচালনা ও পর্যবেক্ষণ এবং রক্তে অক্সিজেনের মাত্রাসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা তাঁদের দায়িত্বের অন্তর্ভুক্ত।   হাসপাতালের আইসিইউ, ইমার্জেন্সি রুম, নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্র, পালমোনারি ক্লিনিক ও হোম কেয়ার সেবায় তাঁদের কাজের সুযোগ রয়েছে। জরুরি পরিস্থিতিতে শান্ত থেকে কাজ করার দক্ষতা এবং চিকিৎসাবিজ্ঞানের প্রতি আগ্রহ এই পেশায় গুরুত্বপূর্ণ।   শিক্ষাগত যোগ্যতা ও লাইসেন্স   রেডিওলজিক টেকনোলজিস্ট হতে সাধারণত স্বীকৃত রেডিওগ্রাফি অ্যাসোসিয়েট ডিগ্রি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়। প্রোগ্রাম বাছাইয়ের ক্ষেত্রে জেআরসিইআরটির স্বীকৃতি এবং আমেরিকান রেজিস্ট্রি অব রেডিওলজিক টেকনোলজিস্টসের (এআরআরটি) সার্টিফিকেশন পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা যাচাই করা গুরুত্বপূর্ণ।   অন্যদিকে রেসপিরেটরি থেরাপিস্ট হতে সাধারণত কমিশন অন অ্যাক্রেডিটেশন ফর রেসপিরেটরি কেয়ারের (কোএআরসি) স্বীকৃত অ্যাসোসিয়েট ডিগ্রি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়। এ পেশায় ব্যাচেলর ডিগ্রির সুযোগও রয়েছে। শিক্ষাজীবন শেষে ন্যাশনাল বোর্ড ফর রেসপিরেটরি কেয়ারের (এনবিআরসি) নির্ধারিত পরীক্ষার মাধ্যমে পেশাগত সার্টিফিকেশন অর্জন করতে হয়।   উভয় পেশার ক্ষেত্রেই সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের লাইসেন্সসংক্রান্ত নিয়ম যাচাই করা জরুরি।   ২০২৭ সাল থেকে পরীক্ষার নিয়মে পরিবর্তন   এনবিআরসির ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে রেসপিরেটরি থেরাপিস্টদের সার্টিফিকেশন পরীক্ষায় পরিবর্তন আসছে। নতুন ব্যবস্থায় পৃথক পরীক্ষার পরিবর্তে একটি সমন্বিত রেসপিরেটরি থেরাপি পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সার্টিফায়েড রেসপিরেটরি থেরাপিস্ট (সিআরটি) অথবা রেজিস্টার্ড রেসপিরেটরি থেরাপিস্ট (আরআরটি) সনদ দেওয়া হবে।   বছরে কত আয় করা যায়?   যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের (বিএলএস) ২০২৫ সালের মে মাসের বেতনসংক্রান্ত তথ্য অনুযায়ী, পেশা দুটির জাতীয় মিডিয়ান বার্ষিক বেতন নিম্নরূপ:   রেডিওলজিক টেকনোলজিস্ট: ৮০ হাজার ১১০ ডলার। ঘণ্টায় প্রায় ৩৮ দশমিক ৫২ ডলার।   রেসপিরেটরি থেরাপিস্ট: ৮২ হাজার ২৮০ ডলার। এই পেশায় সর্বনিম্ন আয়ের ১০ শতাংশ কর্মীর বার্ষিক বেতন ৬৩ হাজার ৬৬০ ডলারের কম। সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ কর্মীর বেতন ১ লাখ ১৮ হাজার ৫০ ডলারের বেশি।   তবে মিডিয়ান বেতন কোনো পেশার শুরুর বেতন নয়। কর্মস্থল, অঙ্গরাজ্য, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার ওপর প্রকৃত আয় নির্ভর করে।   ক্যারিয়ার গড়তে যেভাবে প্রস্তুতি নেবেন   যুক্তরাষ্ট্রের বিভিন্ন কমিউনিটি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে এসব বিষয়ে অ্যাসোসিয়েট ডিগ্রি প্রোগ্রাম রয়েছে। তবে ভর্তির পূর্বশর্ত পূরণ, ক্লাস ও ক্লিনিক্যাল ট্রেনিং শেষ করতে দুই বছরের বেশিও সময় লাগতে পারে।   ভর্তির আগে শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রোগ্রামের স্বীকৃতি, টিউশন ফি, ভর্তির যোগ্যতা, ক্লিনিক্যাল ট্রেনিং এবং সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের লাইসেন্সের শর্ত সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া উচিত। সূত্র:  Bureau of Labor Statistics   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬ ০:১০
যুক্তরাষ্ট্রে হঠাৎ অসুস্থ হলে কোথায় যাবেন, ইমার্জেন্সি রুম নাকি আর্জেন্ট কেয়ার? জেনে নিন বিস্তারিত

যুক্তরাষ্ট্রে হঠাৎ অসুস্থ হলে কোথায় যাবেন, ইমার্জেন্সি রুম নাকি আর্জেন্ট কেয়ার? জেনে নিন বিস্তারিত

থ্যাংকসগিভিংয়ের দিন অনধিকার প্রবেশের অভিযোগে আলোচনায় আসে টার্কি পাখিটি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বিনা অনুমতিতে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ার দায়ে যুক্তরাষ্ট্রের কারাগারে ‘আটক’ এক টার্কি

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বন্ধুদের মধ্যে বিচিত্র নকশার প্যান্ট বিনিময়ের মজার আয়োজন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বিমানবন্দরে নিজের প্যান্ট খুলে বন্ধুকে দিচ্ছেন যাত্রীরা, যুক্তরাষ্ট্রে নতুন মজার ট্রেন্ড!

নিউ ইয়র্কের কুইন্সে গুলিবর্ষণের ঘটনার পর ঘটনাস্থলে তদন্ত করছে পুলিশ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
নিউ ইয়র্কের কুইন্সে প্রকাশ্যে গুলিবর্ষণে নিহত ১ ও আহত ২, নিরাপত্তা নিয়ে উদ্বেগে স্থানীয় বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর কুইন্সের করোনা এলাকায় জনবহুল সড়কে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় ২১ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার কিছু পর জাংশন বুলেভার্ড ও রুজভেল্ট অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। ব্যস্ত বাণিজ্যিক এলাকায় হঠাৎ গুলির শব্দে পথচারী ও আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন।   নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত তরুণের বুকে গুলি লাগে। পরে তাকে এলমহার্স্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অন্য দুজনের বয়স ২৪ ও ৩৮ বছর। তাঁদের একজনের শরীরের বিভিন্ন অংশে, বিশেষ করে ধড়, কাঁধ ও উরুতে গুলি লাগে। অপরজনের ধড়ে গুলিবিদ্ধ হয়। দুজনকেই হাসপাতালে নেওয়া হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।   ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে হেফাজতে নেয়। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে আটক ব্যক্তির বয়স ১৮ বছর বলে উল্লেখ করা হয়েছে। তবে এবিসি৭ জানিয়েছে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়েরের খবর পাওয়া যায়নি। কী কারণে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং হামলার লক্ষ্য কারা ছিলেন, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।   ঘটনাস্থলের কাছাকাছি থাকা প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, গুলির শব্দ শোনার পর আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে দোকান ও নিরাপদ স্থানে আশ্রয় নেন। রুজভেল্ট অ্যাভিনিউ এলাকায় সক্রিয় স্থানীয় সংগঠন রিস্টোর রুজভেল্ট অ্যাভিনিউ কোয়ালিশনের সদস্য রোসা সানচেজ জানান, তিনি পরপর তিনটি গুলির শব্দ শুনেছেন এবং একজনকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন। তাঁর ভাষায়, ঘটনাটি ছিল অত্যন্ত আতঙ্কজনক।   এদিকে, ওই এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় কমিউনিটি নেতারাও। কোয়ালিশনের নেতা ও নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক সিনেটর হিরাম মনসেরাতে এ ঘটনার জন্য স্থানীয় অপরাধী চক্র এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নীতিগত দুর্বলতাকে দায়ী করেছেন। তবে তাঁর এসব বক্তব্য ব্যক্তিগত ও রাজনৈতিক মূল্যায়ন। পুলিশ এখনো গুলিবর্ষণের পেছনে কোনো অপরাধী চক্রের সংশ্লিষ্টতা নিশ্চিত করেনি।   রুজভেল্ট অ্যাভিনিউয়ের এই অংশটি স্থানীয়ভাবে ‘মার্কেট অব সুইটহার্টস’ নামে পরিচিত। এলাকাটিতে দীর্ঘদিন ধরে যৌনবাণিজ্য, মাদক ও সড়ককেন্দ্রিক অপরাধ নিয়ে উদ্বেগ রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এর আগে গত ১৯ নভেম্বর কুইন্সের করোনা এলাকাতেই পৃথক এক ঘটনায় দুই কিশোর গুলিবিদ্ধ হয়েছিল। সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে এলাকাটির নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও কমিউনিটি সংগঠনগুলোর উদ্বেগ আরও বেড়েছে।   পুলিশ জানিয়েছে, শনিবারের গুলিবর্ষণের ঘটনায় তদন্ত চলছে। তবে কীভাবে ঘটনার সূত্রপাত, আটক ব্যক্তির সঙ্গে গুলিবর্ষণের সম্পর্ক এবং অন্য কেউ জড়িত ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।   তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট, সিবিএস নিউজ নিউইয়র্ক ও এবিসি৭ নিউইয়র্ক।   872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ২১:১৬
ইউএসসিআইএসের নীতিমালা অনুযায়ী ছয়টি নির্দিষ্ট শ্রেণির অপরাধে জড়িত বিদেশিদের জন্য মার্কিন নাগরিকত্ব আজীবন নিষিদ্ধ করা হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেতে স্থায়ী বাধা হতে পারে যে ৬ ধরনের অপরাধ ও কর্মকাণ্ড

লাস ভেগাসে সীমিত আয়ের পরিবারগুলোর জন্য সাশ্রয়ী মূল্যে বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে ক্লার্ক কাউন্টি প্রশাসন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে স্বল্প আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সুযোগ

নিউ জার্সির এডিসনে এশীয় আমেরিকান রেস্তোরাঁ মালিকদের নতুন সংগঠন এএআরওএর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী ও উদ্যোক্তারা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এশীয় আমেরিকান রেস্তোরাঁ মালিকদের নতুন বাণিজ্য সংগঠনের আত্মপ্রকাশ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...