যুক্তরাষ্ট্র ছেড়ে স্পেনে নতুন জীবন, এক বছর পর যা বলছে মার্কিন এই পরিবার
যুক্তরাষ্ট্রের ব্যস্ত কর্মজীবন, দীর্ঘ কর্মঘণ্টা এবং পরিবারকে পর্যাপ্ত সময় দিতে না পারার বাস্তবতা থেকে বেরিয়ে আসতে এক বছর আগে স্পেনে পাড়ি জমিয়েছিল একটি মার্কিন পরিবার। নতুন দেশে কাটানো এক বছরের অভিজ্ঞতা নিয়ে তারা বলছে, সিদ্ধান্তটি সহজ ছিল না, তবে জীবনের মান ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এটি তাদের জন্য ইতিবাচক পরিবর্তন এনেছে।
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্য ছেড়ে দুই সন্তানকে নিয়ে স্পেনে বসবাস শুরু করেন ওই দম্পতি। বিদেশে স্থায়ীভাবে বসবাসের আগে তারা কখনোই স্পেনে থাকেননি। তবু কর্মব্যস্ত জীবন থেকে বেরিয়ে অপেক্ষাকৃত শান্ত পরিবেশে পরিবারকে সময় দেওয়ার লক্ষ্যেই তারা এই সিদ্ধান্ত নেন।
এক বছর পর নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে তারা জানান, স্পেনে জীবনযাত্রার গতি তুলনামূলক ধীর এবং পরিবারকেন্দ্রিক। কাজের বাইরে সন্তানদের সঙ্গে সময় কাটানো, একসঙ্গে খাবার খাওয়া এবং অবসর উপভোগ করার সুযোগ আগের তুলনায় অনেক বেড়েছে। তাদের ভাষায়, এই পরিবর্তনের ফলে মানসিক চাপ কমেছে এবং পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
দম্পতির দুই সন্তানও নতুন পরিবেশে দ্রুত মানিয়ে নিয়েছে। নতুন স্কুলে বন্ধু তৈরি করা এবং স্প্যানিশ ভাষা শেখার মাধ্যমে তারা নতুন জীবনকে সহজভাবে গ্রহণ করেছে বলে পরিবারটি জানায়।
তবে সবকিছু যে সহজ ছিল, তা নয়। তারা বলেন, স্প্যানিশ ভাষায় দক্ষ না হওয়ায় সরকারি দপ্তর, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন বিভিন্ন কাজে শুরুতে বেশ সমস্যায় পড়তে হয়েছে। এছাড়া গাড়িনির্ভর না হয়ে নতুন পরিবহন ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেওয়া এবং বসবাসের জন্য উপযুক্ত বাড়ি নির্বাচনও বড় চ্যালেঞ্জ ছিল। নতুন বাড়িতে পর্যাপ্ত প্রাকৃতিক আলো না থাকায় সেটিকে তারা নিজেদের অন্যতম ভুল সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন।
এ ছাড়া নতুন পরিবেশ ও আবহাওয়ার কারণে পরিবারের কয়েকজন সদস্যকে কিছু স্বাস্থ্যগত সমস্যারও মুখোমুখি হতে হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেসব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে তারা জানান।
সব মিলিয়ে, যুক্তরাষ্ট্র ছেড়ে স্পেনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই। বরং তারা মনে করেন, জীবনের গতি কমিয়ে পরিবারকে অগ্রাধিকার দেওয়ার সুযোগই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
সাম্প্রতিক বছরগুলোতে শুধু এই পরিবারই নয়, যুক্তরাষ্ট্রের উচ্চ জীবনযাত্রার ব্যয়, কর্মচাপ এবং উন্নত কর্ম-জীবনের ভারসাম্যের খোঁজে ইউরোপের বিভিন্ন দেশে স্থানান্তরের প্রবণতা কিছু মার্কিন নাগরিকের মধ্যে বাড়ছে। বিশেষ করে স্পেন, পর্তুগাল ও ইতালির মতো দেশগুলো তুলনামূলক কম জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা এবং পরিবারবান্ধব পরিবেশের কারণে অনেকের কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে আগ্রহী অভিবাসীদের জন্য কিছু অপরাধ ও কর্মকাণ্ড স্থায়ী অযোগ্যতার কারণ হতে পারে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) নীতিমালায় ছয় ধরনের অপরাধ ও কর্মকাণ্ডের কথা উল্লেখ রয়েছে, যেগুলোর কারণে আবেদনকারী নাগরিকত্ব পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত ‘গুড মোরাল ক্যারেক্টার’ বা সৎ নৈতিক চরিত্র প্রমাণে স্থায়ীভাবে অযোগ্য হতে পারেন। এর মধ্যে রয়েছে হত্যা, গুরুতর অপরাধ, নাৎসি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট নিপীড়ন, গণহত্যা, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘন। ইউএসসিআইএসের পলিসি ম্যানুয়ালের ১২ নম্বর ভলিউমের এফ অংশের চতুর্থ অধ্যায়ে এসব স্থায়ী বাধার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রথমত, যেকোনো সময়ে হত্যার দায়ে দণ্ডিত ব্যক্তি নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় সৎ নৈতিক চরিত্রের শর্ত পূরণে স্থায়ীভাবে অযোগ্য বলে বিবেচিত হন। দ্বিতীয়ত, ১৯৯০ সালের ২৯ নভেম্বর বা তার পরে ‘অ্যাগ্রাভেটেড ফেলনি’ বা অভিবাসন আইনে সংজ্ঞায়িত গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তির ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। তবে ১৯৯০ সালের ২৯ নভেম্বরের আগের এ ধরনের দণ্ড স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বাধা তৈরি করে না। সেক্ষেত্রে অপরাধের গুরুত্ব ও পরবর্তী আচরণ বিবেচনায় নেওয়া হয়। তৃতীয় ক্ষেত্রে রয়েছে নাৎসি জার্মানির সরকারের সঙ্গে সংশ্লিষ্ট থেকে কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর ওপর নিপীড়নে নির্দেশ দেওয়া, উসকানি দেওয়া, সহায়তা করা কিংবা সরাসরি অংশ নেওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা অথবা তাদের দখলকৃত ও মিত্র সরকারের অধীনে সংঘটিত নিপীড়নে ভূমিকা থাকলে আবেদনকারী স্থায়ীভাবে অযোগ্য হতে পারেন। চতুর্থত, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত গণহত্যায় নির্দেশ, উসকানি, সহায়তা বা অংশগ্রহণও স্থায়ী অযোগ্যতার কারণ। পঞ্চম ক্ষেত্রে রয়েছে নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। কোনো বিদেশি সরকারের কর্তৃত্ব বা সরকারি ক্ষমতার ছত্রচ্ছায়ায় নির্যাতন কিংবা বিচারিক প্রক্রিয়ার বাইরে বেআইনি হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ, নির্দেশ দেওয়া, উসকানি বা সহায়তা করার প্রমাণ পাওয়া গেলে নাগরিকত্বের পথ স্থায়ীভাবে বন্ধ হতে পারে। ষষ্ঠ ক্ষেত্রে রয়েছে ধর্মীয় স্বাধীনতার বিশেষভাবে গুরুতর লঙ্ঘন। কোনো বিদেশি সরকারের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে পরিকল্পিত ও ধারাবাহিকভাবে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য দায়ী হওয়া বা সরাসরি জড়িত থাকার বিষয়টি এ নিষেধাজ্ঞার আওতায় পড়ে। অভিযোগ ছাড়াই দীর্ঘদিন আটক রাখা, নির্যাতন এবং গোপনে অপহরণ করে গুম করার মতো কর্মকাণ্ড এর উদাহরণ। অন্যদিকে, ‘অ্যাগ্রাভেটেড ফেলনি’ বলতে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে নির্দিষ্ট কিছু গুরুতর অপরাধকে বোঝানো হয়। এর মধ্যে রয়েছে অপ্রাপ্তবয়স্কের ওপর যৌন নির্যাতন, মাদক ও আগ্নেয়াস্ত্রের অবৈধ বাণিজ্য, নির্দিষ্ট অঙ্কের বেশি অর্থ পাচার, কিছু সহিংস অপরাধ, চুরি এবং জালিয়াতির মতো অপরাধ। তবে সব গুরুতর অপরাধ স্বয়ংক্রিয়ভাবে এ শ্রেণিতে পড়ে না। অপরাধের আইনি সংজ্ঞা, দণ্ড এবং প্রযোজ্য শর্তের ভিত্তিতে বিষয়টি নির্ধারিত হয়। কিছু অপরাধের ক্ষেত্রে আদালত অন্তত এক বছরের কারাদণ্ড দিলে তা অ্যাগ্রাভেটেড ফেলনি হিসেবে বিবেচিত হতে পারে, এমনকি দণ্ড স্থগিত থাকলেও। ২০২৫ সালের ১৫ আগস্ট ইউএসসিআইএস নাগরিকত্বের আবেদনে সৎ নৈতিক চরিত্র যাচাইয়ের মানদণ্ড আরও বিস্তৃত করার বিষয়ে একটি নীতিস্মারক জারি করে। এতে আবেদনকারীর অপরাধের রেকর্ডের পাশাপাশি শিক্ষা, বৈধ কর্মসংস্থান, কর পরিশোধ, পারিবারিক দায়িত্ব এবং সমাজে ইতিবাচক অবদানের মতো বিষয়ও বিবেচনার নির্দেশনা দেওয়া হয়। তবে সংস্থাটি স্পষ্ট করেছে, হত্যার দায়ে দণ্ড, নির্দিষ্ট সময়ের পর অ্যাগ্রাভেটেড ফেলনি এবং অন্যান্য স্থায়ী অযোগ্যতার ক্ষেত্রে এ ধরনের ইতিবাচক বিষয় স্থায়ী আইনি বাধা দূর করে না। তবে এই বিধানকে নতুন করে সব বিদেশির ওপর আরোপ করা নাগরিকত্ব নিষেধাজ্ঞা হিসেবে দেখার সুযোগ নেই। এটি মূলত যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য প্রাকৃতিকীকরণ প্রক্রিয়ায় আবেদনকারীদের যোগ্যতা নির্ধারণের বিদ্যমান আইনি কাঠামোর অংশ। একই অপরাধের কারণে কারও গ্রিন কার্ড বাতিল বা যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের বিষয়টি পৃথক আইনি বিধান ও প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়। ফলে কোনো অপরাধ বা পুরোনো দণ্ডের কারণে নাগরিকত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে সংশ্লিষ্ট ব্যক্তির উচিত অভিজ্ঞ অভিবাসন আইনজীবীর পরামর্শ নেওয়া। তথ্যসূত্র: ইউএসসিআইএস পলিসি ম্যানুয়াল, ইউএসসিআইএসের ১৫ আগস্ট ২০২৫-এর নীতিস্মারক এবং যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট। 872 আইজেট
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে স্বল্প আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সুযোগ
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এশীয় আমেরিকান রেস্তোরাঁ মালিকদের নতুন বাণিজ্য সংগঠনের আত্মপ্রকাশ
১৮ বছরের মেয়েকে হারিয়ে নির্ঘুম মা-বাবা, অন্যদিকে কারাগারে বিশেষ বালিশ চাইলেন অভিযুক্ত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লেকল্যান্ডে থ্যাংকসগিভিংয়ের রাতে স্বামীকে একাধিকবার গুলি করে হত্যার পর নিজেই জরুরি নম্বর ৯১১-এ ফোন করে পুলিশের অপেক্ষায় থাকার অভিযোগ উঠেছে শ্যানন ড্রিগার্স (৫০) নামের এক নারীর বিরুদ্ধে। পোল্ক কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ড্রিগার্স ৯১১-এ ফোন করে ডিসপ্যাচারকে জানান যে তিনি তার স্বামীকে গুলি করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অপেক্ষা করছেন। খবর পেয়ে শেরিফের ডেপুটি এবং পোল্ক কাউন্টি ফায়ার রেসকিউর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতরে ওই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেন এবং ড্রিগার্সকে বাড়ির ড্রাইভওয়েতে অপেক্ষমাণ অবস্থায় পান। তদন্তকারীরা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে শ্যানন ড্রিগার্স গুলি চালানোর কথা স্বীকার করলেও কী কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে একাধিক পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। তবে ঘটনাস্থলে পাওয়া গুলির খোসার অবস্থান, ভুক্তভোগীর শরীরের ক্ষতচিহ্ন, অন্যান্য আলামত এবং অভিযুক্তের নিজস্ব জবানবন্দি বিশ্লেষণ করে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন যে হত্যাকাণ্ডটি ছিল ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত। পোল্ক কাউন্টির শেরিফ গ্রেডি জাড এক বিবৃতিতে বলেন, সন্দেহভাজন নারী নিজেই ৯১১-এ ফোন করে স্বামীকে গুলি করার কথা জানিয়েছেন এবং তদন্তে এটি স্পষ্ট যে তিনি থ্যাংকসগিভিংয়ের দিনে পূর্বপরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করেছেন। ঘটনার পরদিন শুক্রবার শ্যানন ড্রিগার্সকে হেফাজতে নিয়ে পোল্ক কাউন্টি শেরিফ অফিসের প্রসেসিং সেন্টারে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি হত্যার অভিযোগ গঠন করা হয়েছে।
যাত্রীর নৃ শংস হা মলায় ১৪ দিন মৃ ত্যুর সঙ্গে লড়ে হার মানলেন সোমালি-আমেরিকান উবার চালক
যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে আইসের হাতে আটক সিলেটের নজরুল, বৈধ ওয়ার্ক পারমিটও ছিল
যুক্তরাষ্ট্রে স্ন্যাপ ভাতা জমার কয়েক মিনিটেই ১,৩৫৪ ডলার চুরি, ফেরত পাচ্ছেন না পাঁচ সন্তানের মা
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি (৩৫) গত শুক্রবার (২৭ নভেম্বর) ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার পর সফলভাবে অস্ত্রোপচার করিয়েছেন। প্রেস সেক্রেটারি জো ক্যালভেলো জানান, প্রায় ৭০ মিনিটের এই অস্ত্রোপচার সফল হয়েছে এবং শুক্রবার সন্ধ্যায় মেয়র তার সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিচ্ছিলেন; তিনি পুরোপুরি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে অস্ত্রোপচারটি কোন হাসপাতালে করা হয়েছে, সে বিষয়ে সিটি হল কোনো তথ্য প্রকাশ করেনি। ডেমোক্র্যাট এই মেয়র ও ফুটবলপ্রেমী গত ১৯ নভেম্বর তার দপ্তর এবং সিটি হলের প্রেস কোরের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। ওই ম্যাচে মামদানির দল জয় পায় এবং তিনি নিজেও একটি গোল করেন; তবে গোল করার কিছুক্ষণ পরই তার অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যায় এবং পরদিন তিনি আক্ষেপ করে জানান যে খেলার আগে ওয়ার্মআপ বা স্ট্রেচিং করেননি। এরপর থেকে তিনি মেডিকেল বুট পরে ও ক্র্যাচে ভর দিয়ে দাপ্তরিক কাজ ও জনসম্মুখে উপস্থিত হচ্ছিলেন; অস্ত্রোপচার প্রসঙ্গে মজা করে এনবিএ তারকা জেসন ট্যাটামের কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, ট্যাটাম ২০২৫ সালের প্লেঅফে একই চোটের পর অস্ত্রোপচার করিয়ে প্রায় ১০ মাস পর মাঠে ফিরেছিলেন। মেয়রের অনুপস্থিতিতে শুক্রবার নগর প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম তদারকি করেন ফার্স্ট ডেপুটি মেয়র ডিন ফুলেহান।
যুক্তরাষ্ট্রে গ্রাহককে বিভ্রান্ত করায় ১০ কোটি ডলারের সমঝোতা, আম্বানির হাত ধরেও বাজার হারাচ্ছে শেইন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, এক ঘণ্টায় ৩১টি কম্পন ও পরাঘাত

