ঘুরতে গিয়ে আর ফেরা হলো না, আকস্মিক বন্যায় প্রাণ হারাল একই পরিবারের ৫ জন
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের ওয়েন কাউন্টিতে আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে ভেসে একই পরিবারের পাঁচ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন প্রোভো ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের ক্যাপ্টেন স্পেনসার লং, তার স্ত্রী ক্যাটরিনা লং এবং তাদের তিন ছেলে। এ ঘটনায় পরিবারের একমাত্র মেয়ে প্রাণে বেঁচে গেলেও এক মুহূর্তে হারিয়েছে তার পুরো পরিবার।
ওয়েন কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, শুক্রবার বিকেলে বিকনেল এলাকার সানগ্লো ক্যাম্পগ্রাউন্ডে আকস্মিক বন্যার মধ্যে আটকা পড়ে পাঁচজনের মৃত্যু হয়। পরে শনিবার প্রোভো ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ ক্যাপ্টেন স্পেনসার লং ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
তদন্তকারীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পরিবারটি হাইকিং ও ক্যানিয়ন ভ্রমণের জন্য ওই এলাকায় পৌঁছায়। বিকেল ৫টার দিকে একটি খালের কাছে এক কিশোরের মরদেহ উদ্ধারের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু হয়। পরে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয় এবং রাতভর অভিযান চালিয়ে শনিবার দুপুরের দিকে নিখোঁজ থাকা বাকি দুই সদস্যের মরদেহও উদ্ধার করা হয়।
শেরিফের কার্যালয়ের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক পাহাড়ি ঢলই এই মৃত্যুর প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে।
স্পেনসার লংয়ের পরিবারকে সহায়তার জন্য খোলা একটি তহবিল সংগ্রহের উদ্যোগে জানানো হয়েছে, দুর্ঘটনায় তার স্ত্রী ক্যাটরিনা এবং তিন ছেলেও প্রাণ হারিয়েছেন। পরিবারের একমাত্র কন্যা বেঁচে থাকলেও এই দুর্ঘটনা তার জীবন চিরতরে বদলে দিয়েছে।
ক্যাটরিনা লং স্থানীয় মোনা সিটির সাবেক কাউন্সিল সদস্য এবং সামিট মেডিকেল স্পার সহপ্রতিষ্ঠাতা ছিলেন। তার মৃত্যুতে মোনা সিটি, সামিট মেডিকেল স্পা এবং আশপাশের একাধিক ফায়ার বিভাগ শোক প্রকাশ করেছে। তারা ক্যাটরিনার সমাজসেবা, নেতৃত্ব এবং মানবিক অবদানের কথা স্মরণ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় আগেও আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে। তবে এবারের ঘটনায় একটি পুরো পরিবার হারিয়ে যাওয়ায় সবাই গভীরভাবে শোকাহত। অনেকেই ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বর্ষাকালে পাহাড়ি ঢল সম্পর্কে আরও কার্যকর আগাম সতর্কতা ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্য, পাহাড়ি এলাকায় দূরে ভারী বৃষ্টি হলেও সংকীর্ণ ক্যানিয়ন ও খালের এলাকায় হঠাৎ প্রাণঘাতী ঢল নেমে আসতে পারে। তাই এ ধরনের এলাকায় ভ্রমণের আগে আবহাওয়ার সতর্কতা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কিংবা দুর্ঘটনায় আহত হলে চিকিৎসার জন্য কোথায় যেতে হবে, তা নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। বিশেষ করে নতুন অভিবাসীদের অনেকেরই হাসপাতালের ইমার্জেন্সি রুম (ইআর) ও আর্জেন্ট কেয়ারের মধ্যে পার্থক্য সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। অথচ রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী সঠিক চিকিৎসাকেন্দ্র বেছে নেওয়া সময়, অর্থ ও জীবন রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কখন ইমার্জেন্সি রুমে যাবেন? ইমার্জেন্সি রুম হলো হাসপাতালের জরুরি চিকিৎসা বিভাগ। এখানে গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা এবং জীবনহানির আশঙ্কা রয়েছে এমন রোগীদের চিকিৎসা দেওয়া হয়। সাধারণত হাসপাতালের ইমার্জেন্সি রুম সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টা খোলা থাকে। বুকে ব্যথা বা চাপ অনুভব করা, শ্বাস নিতে গুরুতর কষ্ট, স্ট্রোকের লক্ষণ, গুরুতর দুর্ঘটনা, অতিরিক্ত রক্তপাত, অজ্ঞান হয়ে যাওয়া কিংবা মাথায় গুরুতর আঘাতের মতো পরিস্থিতিতে ইমার্জেন্সি রুমের চিকিৎসা প্রয়োজন। জীবনহানির আশঙ্কা থাকলে দেরি না করে ৯১১ নম্বরে কল করতে হবে। কখন আর্জেন্ট কেয়ারে যাবেন? যেসব অসুস্থতা বা আঘাতের দ্রুত চিকিৎসা প্রয়োজন, কিন্তু তা জীবনহানির ঝুঁকি তৈরি করে না, সেসব ক্ষেত্রে আর্জেন্ট কেয়ার উপযোগী। সাধারণ জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা, কানে ব্যথা, ছোটখাটো কাটা-ছেঁড়া, মচকানো কিংবা কিছু ধরনের সংক্রমণের চিকিৎসা এখানে পাওয়া যায়। অনেক আর্জেন্ট কেয়ারে আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই চিকিৎসা নেওয়া যায়। তবে সব আর্জেন্ট কেয়ারে এক্স-রে, ল্যাব টেস্ট কিংবা সব ধরনের চিকিৎসার ব্যবস্থা থাকে না। প্রতিষ্ঠানভেদে সেবা ও খোলা থাকার সময়ও ভিন্ন হতে পারে। চিকিৎসার খরচে কতটা পার্থক্য? যুক্তরাষ্ট্রে সাধারণত ইমার্জেন্সি রুমের তুলনায় আর্জেন্ট কেয়ারে চিকিৎসার খরচ কম হয়। অনেক হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানেও ইমার্জেন্সি রুমের কো-পে আর্জেন্ট কেয়ারের তুলনায় বেশি থাকে। তবে চিকিৎসার প্রকৃত খরচ নির্ভর করে রোগীর হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান, ডিডাক্টিবল, কো-পে, কো-ইন্স্যুরেন্স এবং চিকিৎসাকেন্দ্রের ইন্স্যুরেন্স নেটওয়ার্কের ওপর। শুধু খরচ বাঁচানোর জন্য গুরুতর অসুস্থতায় ইমার্জেন্সি রুম এড়িয়ে যাওয়া বিপজ্জনক হতে পারে। হেলথ ইন্স্যুরেন্স না থাকলে কি জরুরি চিকিৎসা পাওয়া যাবে? যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ইমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড লেবার অ্যাক্ট (ইএমটিএএলএ) অনুযায়ী, এই আইনের আওতাভুক্ত হাসপাতালের জরুরি বিভাগে রোগীর ইন্স্যুরেন্স বা চিকিৎসার খরচ পরিশোধের সক্ষমতা না থাকলেও প্রয়োজনীয় মেডিকেল স্ক্রিনিং করতে হয়। জরুরি চিকিৎসার প্রয়োজন হলে হাসপাতালকে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল করার জন্য প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে অথবা আইন অনুযায়ী উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করতে হবে। তবে এই আইনের অর্থ জরুরি চিকিৎসা বিনামূল্যে পাওয়া যাবে, এমন নয়। চিকিৎসা শেষে রোগীর কাছে বিল পাঠানো হতে পারে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের জন্য কাছাকাছি আর্জেন্ট কেয়ার ও হাসপাতালের ইমার্জেন্সি রুমের অবস্থান, সেবার সময় এবং ইন্স্যুরেন্স গ্রহণের নিয়ম আগে থেকেই জেনে রাখা উপকারী। তবে অসুস্থতার লক্ষণ গুরুতর হলে কিংবা জীবনহানির আশঙ্কা থাকলে খরচের হিসাব না করে জরুরি চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যসূত্র: MedlinePlus Medical Encyclopedia 871-এসএ
বিনা অনুমতিতে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ার দায়ে যুক্তরাষ্ট্রের কারাগারে ‘আটক’ এক টার্কি
বিমানবন্দরে নিজের প্যান্ট খুলে বন্ধুকে দিচ্ছেন যাত্রীরা, যুক্তরাষ্ট্রে নতুন মজার ট্রেন্ড!
নিউ ইয়র্কের কুইন্সে প্রকাশ্যে গুলিবর্ষণে নিহত ১ ও আহত ২, নিরাপত্তা নিয়ে উদ্বেগে স্থানীয় বাসিন্দারা
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে আগ্রহী অভিবাসীদের জন্য কিছু অপরাধ ও কর্মকাণ্ড স্থায়ী অযোগ্যতার কারণ হতে পারে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) নীতিমালায় ছয় ধরনের অপরাধ ও কর্মকাণ্ডের কথা উল্লেখ রয়েছে, যেগুলোর কারণে আবেদনকারী নাগরিকত্ব পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত ‘গুড মোরাল ক্যারেক্টার’ বা সৎ নৈতিক চরিত্র প্রমাণে স্থায়ীভাবে অযোগ্য হতে পারেন। এর মধ্যে রয়েছে হত্যা, গুরুতর অপরাধ, নাৎসি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট নিপীড়ন, গণহত্যা, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘন। ইউএসসিআইএসের পলিসি ম্যানুয়ালের ১২ নম্বর ভলিউমের এফ অংশের চতুর্থ অধ্যায়ে এসব স্থায়ী বাধার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রথমত, যেকোনো সময়ে হত্যার দায়ে দণ্ডিত ব্যক্তি নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় সৎ নৈতিক চরিত্রের শর্ত পূরণে স্থায়ীভাবে অযোগ্য বলে বিবেচিত হন। দ্বিতীয়ত, ১৯৯০ সালের ২৯ নভেম্বর বা তার পরে ‘অ্যাগ্রাভেটেড ফেলনি’ বা অভিবাসন আইনে সংজ্ঞায়িত গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তির ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। তবে ১৯৯০ সালের ২৯ নভেম্বরের আগের এ ধরনের দণ্ড স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বাধা তৈরি করে না। সেক্ষেত্রে অপরাধের গুরুত্ব ও পরবর্তী আচরণ বিবেচনায় নেওয়া হয়। তৃতীয় ক্ষেত্রে রয়েছে নাৎসি জার্মানির সরকারের সঙ্গে সংশ্লিষ্ট থেকে কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর ওপর নিপীড়নে নির্দেশ দেওয়া, উসকানি দেওয়া, সহায়তা করা কিংবা সরাসরি অংশ নেওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা অথবা তাদের দখলকৃত ও মিত্র সরকারের অধীনে সংঘটিত নিপীড়নে ভূমিকা থাকলে আবেদনকারী স্থায়ীভাবে অযোগ্য হতে পারেন। চতুর্থত, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত গণহত্যায় নির্দেশ, উসকানি, সহায়তা বা অংশগ্রহণও স্থায়ী অযোগ্যতার কারণ। পঞ্চম ক্ষেত্রে রয়েছে নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। কোনো বিদেশি সরকারের কর্তৃত্ব বা সরকারি ক্ষমতার ছত্রচ্ছায়ায় নির্যাতন কিংবা বিচারিক প্রক্রিয়ার বাইরে বেআইনি হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ, নির্দেশ দেওয়া, উসকানি বা সহায়তা করার প্রমাণ পাওয়া গেলে নাগরিকত্বের পথ স্থায়ীভাবে বন্ধ হতে পারে। ষষ্ঠ ক্ষেত্রে রয়েছে ধর্মীয় স্বাধীনতার বিশেষভাবে গুরুতর লঙ্ঘন। কোনো বিদেশি সরকারের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে পরিকল্পিত ও ধারাবাহিকভাবে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য দায়ী হওয়া বা সরাসরি জড়িত থাকার বিষয়টি এ নিষেধাজ্ঞার আওতায় পড়ে। অভিযোগ ছাড়াই দীর্ঘদিন আটক রাখা, নির্যাতন এবং গোপনে অপহরণ করে গুম করার মতো কর্মকাণ্ড এর উদাহরণ। অন্যদিকে, ‘অ্যাগ্রাভেটেড ফেলনি’ বলতে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে নির্দিষ্ট কিছু গুরুতর অপরাধকে বোঝানো হয়। এর মধ্যে রয়েছে অপ্রাপ্তবয়স্কের ওপর যৌন নির্যাতন, মাদক ও আগ্নেয়াস্ত্রের অবৈধ বাণিজ্য, নির্দিষ্ট অঙ্কের বেশি অর্থ পাচার, কিছু সহিংস অপরাধ, চুরি এবং জালিয়াতির মতো অপরাধ। তবে সব গুরুতর অপরাধ স্বয়ংক্রিয়ভাবে এ শ্রেণিতে পড়ে না। অপরাধের আইনি সংজ্ঞা, দণ্ড এবং প্রযোজ্য শর্তের ভিত্তিতে বিষয়টি নির্ধারিত হয়। কিছু অপরাধের ক্ষেত্রে আদালত অন্তত এক বছরের কারাদণ্ড দিলে তা অ্যাগ্রাভেটেড ফেলনি হিসেবে বিবেচিত হতে পারে, এমনকি দণ্ড স্থগিত থাকলেও। ২০২৫ সালের ১৫ আগস্ট ইউএসসিআইএস নাগরিকত্বের আবেদনে সৎ নৈতিক চরিত্র যাচাইয়ের মানদণ্ড আরও বিস্তৃত করার বিষয়ে একটি নীতিস্মারক জারি করে। এতে আবেদনকারীর অপরাধের রেকর্ডের পাশাপাশি শিক্ষা, বৈধ কর্মসংস্থান, কর পরিশোধ, পারিবারিক দায়িত্ব এবং সমাজে ইতিবাচক অবদানের মতো বিষয়ও বিবেচনার নির্দেশনা দেওয়া হয়। তবে সংস্থাটি স্পষ্ট করেছে, হত্যার দায়ে দণ্ড, নির্দিষ্ট সময়ের পর অ্যাগ্রাভেটেড ফেলনি এবং অন্যান্য স্থায়ী অযোগ্যতার ক্ষেত্রে এ ধরনের ইতিবাচক বিষয় স্থায়ী আইনি বাধা দূর করে না। তবে এই বিধানকে নতুন করে সব বিদেশির ওপর আরোপ করা নাগরিকত্ব নিষেধাজ্ঞা হিসেবে দেখার সুযোগ নেই। এটি মূলত যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য প্রাকৃতিকীকরণ প্রক্রিয়ায় আবেদনকারীদের যোগ্যতা নির্ধারণের বিদ্যমান আইনি কাঠামোর অংশ। একই অপরাধের কারণে কারও গ্রিন কার্ড বাতিল বা যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের বিষয়টি পৃথক আইনি বিধান ও প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়। ফলে কোনো অপরাধ বা পুরোনো দণ্ডের কারণে নাগরিকত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে সংশ্লিষ্ট ব্যক্তির উচিত অভিজ্ঞ অভিবাসন আইনজীবীর পরামর্শ নেওয়া। তথ্যসূত্র: ইউএসসিআইএস পলিসি ম্যানুয়াল, ইউএসসিআইএসের ১৫ আগস্ট ২০২৫-এর নীতিস্মারক এবং যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট। 872 আইজেট
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে স্বল্প আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সুযোগ
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এশীয় আমেরিকান রেস্তোরাঁ মালিকদের নতুন বাণিজ্য সংগঠনের আত্মপ্রকাশ
১৮ বছরের মেয়েকে হারিয়ে নির্ঘুম মা-বাবা, অন্যদিকে কারাগারে বিশেষ বালিশ চাইলেন অভিযুক্ত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লেকল্যান্ডে থ্যাংকসগিভিংয়ের রাতে স্বামীকে একাধিকবার গুলি করে হত্যার পর নিজেই জরুরি নম্বর ৯১১-এ ফোন করে পুলিশের অপেক্ষায় থাকার অভিযোগ উঠেছে শ্যানন ড্রিগার্স (৫০) নামের এক নারীর বিরুদ্ধে। পোল্ক কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ড্রিগার্স ৯১১-এ ফোন করে ডিসপ্যাচারকে জানান যে তিনি তার স্বামীকে গুলি করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অপেক্ষা করছেন। খবর পেয়ে শেরিফের ডেপুটি এবং পোল্ক কাউন্টি ফায়ার রেসকিউর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতরে ওই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেন এবং ড্রিগার্সকে বাড়ির ড্রাইভওয়েতে অপেক্ষমাণ অবস্থায় পান। তদন্তকারীরা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে শ্যানন ড্রিগার্স গুলি চালানোর কথা স্বীকার করলেও কী কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে একাধিক পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। তবে ঘটনাস্থলে পাওয়া গুলির খোসার অবস্থান, ভুক্তভোগীর শরীরের ক্ষতচিহ্ন, অন্যান্য আলামত এবং অভিযুক্তের নিজস্ব জবানবন্দি বিশ্লেষণ করে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন যে হত্যাকাণ্ডটি ছিল ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত। পোল্ক কাউন্টির শেরিফ গ্রেডি জাড এক বিবৃতিতে বলেন, সন্দেহভাজন নারী নিজেই ৯১১-এ ফোন করে স্বামীকে গুলি করার কথা জানিয়েছেন এবং তদন্তে এটি স্পষ্ট যে তিনি থ্যাংকসগিভিংয়ের দিনে পূর্বপরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করেছেন। ঘটনার পরদিন শুক্রবার শ্যানন ড্রিগার্সকে হেফাজতে নিয়ে পোল্ক কাউন্টি শেরিফ অফিসের প্রসেসিং সেন্টারে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি হত্যার অভিযোগ গঠন করা হয়েছে।
যাত্রীর নৃ শংস হা মলায় ১৪ দিন মৃ ত্যুর সঙ্গে লড়ে হার মানলেন সোমালি-আমেরিকান উবার চালক
যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে আইসের হাতে আটক সিলেটের নজরুল, বৈধ ওয়ার্ক পারমিটও ছিল

