যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ক্রিস্টান
সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্কিত ব্যক্তিত্ব এবং তথাকথিত ‘ম্যানোস্ফিয়ার’ ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান টেটকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি থেকে গ্রেপ্তার করেছে মার্কিন মার্শাল সার্ভিস। যুক্তরাজ্যে তাদের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ, মানবপাচার এবং সংশ্লিষ্ট একাধিক ফৌজদারি অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয়েছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, শনিবার মিয়ামিতে তাদের আটক করা হয়। তবে গ্রেপ্তারি পরোয়ানা আদালতের নির্দেশে সিলগালা থাকায় যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এর বিস্তারিত প্রকাশ করেনি।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারের সময় অ্যান্ড্রু টেট মিয়ামির জেমস এল. নাইট সেন্টারে একটি বেয়ার-নাকল বক্সিং ইভেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
এদিকে যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) শনিবার জানিয়েছে, টেট ভাইদের বিরুদ্ধে নতুন করে আরও গুরুতর অভিযোগ অনুমোদন করা হয়েছে। নতুন অভিযোগে চারজন নতুন অভিযোগকারীর ঘটনার ভিত্তিতে অ্যান্ড্রু টেটের বিরুদ্ধে সাতটি অতিরিক্ত ধর্ষণের অভিযোগসহ মানবপাচার ও অন্যান্য অপরাধের অভিযোগ যুক্ত হয়েছে। ট্রিস্টান টেটের বিরুদ্ধেও নতুন ধর্ষণ, যৌন নিপীড়ন ও মানবপাচার-সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো ২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে সংঘটিত ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে জানানো হয়েছে।
ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারের পর এখন তাদের যুক্তরাজ্যে প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। তবে প্রত্যর্পণের বিষয়ে শেষ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আদালতের মাধ্যমে নির্ধারিত হবে।
অ্যান্ড্রু ও ট্রিস্টান টেট দীর্ঘদিন ধরেই বিভিন্ন দেশে আইনি জটিলতায় রয়েছেন। ২০২২ সালে রোমানিয়ায় মানবপাচার, ধর্ষণ এবং সংঘবদ্ধ অপরাধী চক্র পরিচালনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মামলার বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্যে তারা জামিন ও ভ্রমণের সীমিত অনুমতি পান। সেই মামলায়ও তারা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।
যুক্তরাজ্যেও তাদের বিরুদ্ধে আগে থেকেই ধর্ষণ, মানবপাচার এবং হামলাসহ একাধিক অভিযোগ অনুমোদিত ছিল। সম্প্রতি নতুন অভিযোগ যুক্ত হওয়ায় মামলার পরিধি আরও বিস্তৃত হয়েছে। প্রসিকিউশন কর্তৃপক্ষ বলছে, বিচারিক প্রক্রিয়া চলমান থাকায় মামলার বিষয়ে জনসমক্ষে মন্তব্য করার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে বিচার প্রক্রিয়া কোনোভাবে প্রভাবিত না হয়।
অন্যদিকে টেট ভাইদের আইনজীবীরা বরাবরের মতোই সব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা নির্দোষ এবং আদালতেই নিজেদের অবস্থান প্রমাণ করবেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রে তাদের বিরুদ্ধে প্রত্যর্পণ-সংক্রান্ত আইনি কার্যক্রম শুরু হওয়ার অপেক্ষা চলছে। মামলার অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার এক নারী ভূমিকম্পের সময় স্বামীর আচরণে ক্ষুব্ধ হয়ে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তার অভিযোগ, বিপদের মুহূর্তে তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা না করে নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়েছিলেন স্বামী। সম্প্রতি টিকটকে নিজের অভিজ্ঞতা তুলে ধরার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ডিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ‘evanalexisolive’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে ওই নারী জানান, একদিন স্বামীর সঙ্গে একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ ভূমিকম্প শুরু হয়। রেস্টুরেন্টে উপস্থিত অন্যরা যখন নিজেদের সঙ্গীদের নিরাপদ আশ্রয়ে যেতে কিংবা টেবিলের নিচে অবস্থান নিতে সাহায্য করছিলেন, তখন তার স্বামী তাকে রেখেই দৌড়ে পালিয়ে যান। ওই নারীর দাবি, তার স্বামী রেস্টুরেন্টের বিপরীত পাশে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে স্বামীকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন তিনি। তবে তার স্ত্রী যে সবকিছু দেখছিলেন, তা বুঝতে পারেননি স্বামী। ওই নারীর ভাষ্য অনুযায়ী, ভূমিকম্পে কেউ হতাহত হননি। তবে বিপদের মুহূর্তে স্বামীর এমন আচরণে তিনি ভীষণ অপমানিত বোধ করেন। এমনকি রেস্টুরেন্টের একজন কর্মী তার খোঁজখবর নিতে এসে স্বামীর এভাবে চলে যাওয়ার ঘটনাকে অদ্ভুত বলে মন্তব্য করেন। ওই নারী জানান, সংকটের মুহূর্তে স্বামী তার নিরাপত্তার কথা একবারও ভাবেননি বলে মনে হয়েছে তার। এই উপলব্ধি থেকেই তিনি দাম্পত্য সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওই নারীর স্বামীর বক্তব্য কিংবা তাদের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। সংবাদ সূত্র: New York Post 871-এসএ
মারা গেলেন ‘মোহাম্মদ’ নামের কারণে ভারতীয় নাগরিকের হামলার শিকার সেই উবার চালক
ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পের পর ৪০টির বেশি আফটারশক, এক দোকানেই ওয়াইন ভেঙে ৫০ হাজার ডলারের ক্ষতি
২ বছরের ডিগ্রি, বছরে ৮০ হাজার ডলারের বেশি মিডিয়ান বেতন! জানুন আমেরিকায় সম্ভাবনাময় ২ পেশা
যুক্তরাষ্ট্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কিংবা দুর্ঘটনায় আহত হলে চিকিৎসার জন্য কোথায় যেতে হবে, তা নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। বিশেষ করে নতুন অভিবাসীদের অনেকেরই হাসপাতালের ইমার্জেন্সি রুম (ইআর) ও আর্জেন্ট কেয়ারের মধ্যে পার্থক্য সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। অথচ রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী সঠিক চিকিৎসাকেন্দ্র বেছে নেওয়া সময়, অর্থ ও জীবন রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কখন ইমার্জেন্সি রুমে যাবেন? ইমার্জেন্সি রুম হলো হাসপাতালের জরুরি চিকিৎসা বিভাগ। এখানে গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা এবং জীবনহানির আশঙ্কা রয়েছে এমন রোগীদের চিকিৎসা দেওয়া হয়। সাধারণত হাসপাতালের ইমার্জেন্সি রুম সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টা খোলা থাকে। বুকে ব্যথা বা চাপ অনুভব করা, শ্বাস নিতে গুরুতর কষ্ট, স্ট্রোকের লক্ষণ, গুরুতর দুর্ঘটনা, অতিরিক্ত রক্তপাত, অজ্ঞান হয়ে যাওয়া কিংবা মাথায় গুরুতর আঘাতের মতো পরিস্থিতিতে ইমার্জেন্সি রুমের চিকিৎসা প্রয়োজন। জীবনহানির আশঙ্কা থাকলে দেরি না করে ৯১১ নম্বরে কল করতে হবে। কখন আর্জেন্ট কেয়ারে যাবেন? যেসব অসুস্থতা বা আঘাতের দ্রুত চিকিৎসা প্রয়োজন, কিন্তু তা জীবনহানির ঝুঁকি তৈরি করে না, সেসব ক্ষেত্রে আর্জেন্ট কেয়ার উপযোগী। সাধারণ জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা, কানে ব্যথা, ছোটখাটো কাটা-ছেঁড়া, মচকানো কিংবা কিছু ধরনের সংক্রমণের চিকিৎসা এখানে পাওয়া যায়। অনেক আর্জেন্ট কেয়ারে আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই চিকিৎসা নেওয়া যায়। তবে সব আর্জেন্ট কেয়ারে এক্স-রে, ল্যাব টেস্ট কিংবা সব ধরনের চিকিৎসার ব্যবস্থা থাকে না। প্রতিষ্ঠানভেদে সেবা ও খোলা থাকার সময়ও ভিন্ন হতে পারে। চিকিৎসার খরচে কতটা পার্থক্য? যুক্তরাষ্ট্রে সাধারণত ইমার্জেন্সি রুমের তুলনায় আর্জেন্ট কেয়ারে চিকিৎসার খরচ কম হয়। অনেক হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানেও ইমার্জেন্সি রুমের কো-পে আর্জেন্ট কেয়ারের তুলনায় বেশি থাকে। তবে চিকিৎসার প্রকৃত খরচ নির্ভর করে রোগীর হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান, ডিডাক্টিবল, কো-পে, কো-ইন্স্যুরেন্স এবং চিকিৎসাকেন্দ্রের ইন্স্যুরেন্স নেটওয়ার্কের ওপর। শুধু খরচ বাঁচানোর জন্য গুরুতর অসুস্থতায় ইমার্জেন্সি রুম এড়িয়ে যাওয়া বিপজ্জনক হতে পারে। হেলথ ইন্স্যুরেন্স না থাকলে কি জরুরি চিকিৎসা পাওয়া যাবে? যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ইমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড লেবার অ্যাক্ট (ইএমটিএএলএ) অনুযায়ী, এই আইনের আওতাভুক্ত হাসপাতালের জরুরি বিভাগে রোগীর ইন্স্যুরেন্স বা চিকিৎসার খরচ পরিশোধের সক্ষমতা না থাকলেও প্রয়োজনীয় মেডিকেল স্ক্রিনিং করতে হয়। জরুরি চিকিৎসার প্রয়োজন হলে হাসপাতালকে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল করার জন্য প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে অথবা আইন অনুযায়ী উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করতে হবে। তবে এই আইনের অর্থ জরুরি চিকিৎসা বিনামূল্যে পাওয়া যাবে, এমন নয়। চিকিৎসা শেষে রোগীর কাছে বিল পাঠানো হতে পারে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের জন্য কাছাকাছি আর্জেন্ট কেয়ার ও হাসপাতালের ইমার্জেন্সি রুমের অবস্থান, সেবার সময় এবং ইন্স্যুরেন্স গ্রহণের নিয়ম আগে থেকেই জেনে রাখা উপকারী। তবে অসুস্থতার লক্ষণ গুরুতর হলে কিংবা জীবনহানির আশঙ্কা থাকলে খরচের হিসাব না করে জরুরি চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যসূত্র: MedlinePlus Medical Encyclopedia 871-এসএ
বিনা অনুমতিতে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ার দায়ে যুক্তরাষ্ট্রের কারাগারে ‘আটক’ এক টার্কি
বিমানবন্দরে নিজের প্যান্ট খুলে বন্ধুকে দিচ্ছেন যাত্রীরা, যুক্তরাষ্ট্রে নতুন মজার ট্রেন্ড!
নিউ ইয়র্কের কুইন্সে প্রকাশ্যে গুলিবর্ষণে নিহত ১ ও আহত ২, নিরাপত্তা নিয়ে উদ্বেগে স্থানীয় বাসিন্দারা
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে আগ্রহী অভিবাসীদের জন্য কিছু অপরাধ ও কর্মকাণ্ড স্থায়ী অযোগ্যতার কারণ হতে পারে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) নীতিমালায় ছয় ধরনের অপরাধ ও কর্মকাণ্ডের কথা উল্লেখ রয়েছে, যেগুলোর কারণে আবেদনকারী নাগরিকত্ব পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত ‘গুড মোরাল ক্যারেক্টার’ বা সৎ নৈতিক চরিত্র প্রমাণে স্থায়ীভাবে অযোগ্য হতে পারেন। এর মধ্যে রয়েছে হত্যা, গুরুতর অপরাধ, নাৎসি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট নিপীড়ন, গণহত্যা, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘন। ইউএসসিআইএসের পলিসি ম্যানুয়ালের ১২ নম্বর ভলিউমের এফ অংশের চতুর্থ অধ্যায়ে এসব স্থায়ী বাধার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রথমত, যেকোনো সময়ে হত্যার দায়ে দণ্ডিত ব্যক্তি নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় সৎ নৈতিক চরিত্রের শর্ত পূরণে স্থায়ীভাবে অযোগ্য বলে বিবেচিত হন। দ্বিতীয়ত, ১৯৯০ সালের ২৯ নভেম্বর বা তার পরে ‘অ্যাগ্রাভেটেড ফেলনি’ বা অভিবাসন আইনে সংজ্ঞায়িত গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তির ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। তবে ১৯৯০ সালের ২৯ নভেম্বরের আগের এ ধরনের দণ্ড স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বাধা তৈরি করে না। সেক্ষেত্রে অপরাধের গুরুত্ব ও পরবর্তী আচরণ বিবেচনায় নেওয়া হয়। তৃতীয় ক্ষেত্রে রয়েছে নাৎসি জার্মানির সরকারের সঙ্গে সংশ্লিষ্ট থেকে কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর ওপর নিপীড়নে নির্দেশ দেওয়া, উসকানি দেওয়া, সহায়তা করা কিংবা সরাসরি অংশ নেওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা অথবা তাদের দখলকৃত ও মিত্র সরকারের অধীনে সংঘটিত নিপীড়নে ভূমিকা থাকলে আবেদনকারী স্থায়ীভাবে অযোগ্য হতে পারেন। চতুর্থত, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত গণহত্যায় নির্দেশ, উসকানি, সহায়তা বা অংশগ্রহণও স্থায়ী অযোগ্যতার কারণ। পঞ্চম ক্ষেত্রে রয়েছে নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। কোনো বিদেশি সরকারের কর্তৃত্ব বা সরকারি ক্ষমতার ছত্রচ্ছায়ায় নির্যাতন কিংবা বিচারিক প্রক্রিয়ার বাইরে বেআইনি হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ, নির্দেশ দেওয়া, উসকানি বা সহায়তা করার প্রমাণ পাওয়া গেলে নাগরিকত্বের পথ স্থায়ীভাবে বন্ধ হতে পারে। ষষ্ঠ ক্ষেত্রে রয়েছে ধর্মীয় স্বাধীনতার বিশেষভাবে গুরুতর লঙ্ঘন। কোনো বিদেশি সরকারের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে পরিকল্পিত ও ধারাবাহিকভাবে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য দায়ী হওয়া বা সরাসরি জড়িত থাকার বিষয়টি এ নিষেধাজ্ঞার আওতায় পড়ে। অভিযোগ ছাড়াই দীর্ঘদিন আটক রাখা, নির্যাতন এবং গোপনে অপহরণ করে গুম করার মতো কর্মকাণ্ড এর উদাহরণ। অন্যদিকে, ‘অ্যাগ্রাভেটেড ফেলনি’ বলতে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে নির্দিষ্ট কিছু গুরুতর অপরাধকে বোঝানো হয়। এর মধ্যে রয়েছে অপ্রাপ্তবয়স্কের ওপর যৌন নির্যাতন, মাদক ও আগ্নেয়াস্ত্রের অবৈধ বাণিজ্য, নির্দিষ্ট অঙ্কের বেশি অর্থ পাচার, কিছু সহিংস অপরাধ, চুরি এবং জালিয়াতির মতো অপরাধ। তবে সব গুরুতর অপরাধ স্বয়ংক্রিয়ভাবে এ শ্রেণিতে পড়ে না। অপরাধের আইনি সংজ্ঞা, দণ্ড এবং প্রযোজ্য শর্তের ভিত্তিতে বিষয়টি নির্ধারিত হয়। কিছু অপরাধের ক্ষেত্রে আদালত অন্তত এক বছরের কারাদণ্ড দিলে তা অ্যাগ্রাভেটেড ফেলনি হিসেবে বিবেচিত হতে পারে, এমনকি দণ্ড স্থগিত থাকলেও। ২০২৫ সালের ১৫ আগস্ট ইউএসসিআইএস নাগরিকত্বের আবেদনে সৎ নৈতিক চরিত্র যাচাইয়ের মানদণ্ড আরও বিস্তৃত করার বিষয়ে একটি নীতিস্মারক জারি করে। এতে আবেদনকারীর অপরাধের রেকর্ডের পাশাপাশি শিক্ষা, বৈধ কর্মসংস্থান, কর পরিশোধ, পারিবারিক দায়িত্ব এবং সমাজে ইতিবাচক অবদানের মতো বিষয়ও বিবেচনার নির্দেশনা দেওয়া হয়। তবে সংস্থাটি স্পষ্ট করেছে, হত্যার দায়ে দণ্ড, নির্দিষ্ট সময়ের পর অ্যাগ্রাভেটেড ফেলনি এবং অন্যান্য স্থায়ী অযোগ্যতার ক্ষেত্রে এ ধরনের ইতিবাচক বিষয় স্থায়ী আইনি বাধা দূর করে না। তবে এই বিধানকে নতুন করে সব বিদেশির ওপর আরোপ করা নাগরিকত্ব নিষেধাজ্ঞা হিসেবে দেখার সুযোগ নেই। এটি মূলত যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য প্রাকৃতিকীকরণ প্রক্রিয়ায় আবেদনকারীদের যোগ্যতা নির্ধারণের বিদ্যমান আইনি কাঠামোর অংশ। একই অপরাধের কারণে কারও গ্রিন কার্ড বাতিল বা যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের বিষয়টি পৃথক আইনি বিধান ও প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়। ফলে কোনো অপরাধ বা পুরোনো দণ্ডের কারণে নাগরিকত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে সংশ্লিষ্ট ব্যক্তির উচিত অভিজ্ঞ অভিবাসন আইনজীবীর পরামর্শ নেওয়া। তথ্যসূত্র: ইউএসসিআইএস পলিসি ম্যানুয়াল, ইউএসসিআইএসের ১৫ আগস্ট ২০২৫-এর নীতিস্মারক এবং যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট। 872 আইজেট
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে স্বল্প আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সুযোগ
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এশীয় আমেরিকান রেস্তোরাঁ মালিকদের নতুন বাণিজ্য সংগঠনের আত্মপ্রকাশ

