ক্যালিফোর্নিয়ায় অনাগত সন্তানের জন্য সাজানো ঘরে আতশবাজি ছুঁড়ে আগুন, অভিযুক্ত ৩ কিশোরী
যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার সিট্রাস হাইটস এলাকায় একটি বাড়ির ভেতরে জ্বলন্ত আতশবাজি ছুঁড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটানোর অভিযোগে তিন কিশোরীর বিরুদ্ধে অগ্নিসংযোগের মামলা দায়ের করা হয়েছে। স্যাক্রামেন্টোর উত্তরে অবস্থিত ওই এলাকায় গত ৩০ জুন এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ওই তিন কিশোরী একটি আতশবাজি জ্বালিয়ে সেটি সরাসরি বাড়ির একটি বেডরুমে নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী বাড়ির মালিকরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ওই কক্ষটি তাদের অনাগত সন্তানের জন্য যত্ন করে সাজানো হয়েছিল, যে আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পৃথিবীতে আসার কথা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন কেবল একটি ম্যাট্রেসের মধ্যে সীমাবদ্ধ রাখতে সক্ষম হন। তবে আগুনের তীব্রতায় নবজাতকের জন্য কিনে রাখা কম্বল, বিছানা (ক্রিব) এবং ছোট ছোট জামাকাপড়সহ ঘরের ভেতরের সবকিছু সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে ঠিক কী কারণে বা কেন ওই কিশোরীরা নির্দিষ্ট করে এই বাড়িটিতেই এমন ভয়ংকর হামলা চালাল, তার পেছনের উদ্দেশ্য এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন। পুরো ঘটনার তদন্ত চলছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ৯৪ বছর বয়সী এক সাবেক সেনাসদস্যের মৃত্যুর পর খুঁজে পাওয়া যায়নি পরিবারের কোনো সদস্যকে। তবে তার শেষবিদায়ে একত্রিত হয়েছেন প্রায় ৩০০ অপরিচিত মানুষ। কনকনে ঠান্ডা উপেক্ষা করে দেশটির এই প্রবীণ সেনাসদস্যের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন তারা। মৃত জন টেবর কোরীয় যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন। গত সেপ্টেম্বরে ৯৪ বছর বয়সে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, তিনি আটলান্টার বাসিন্দা ছিলেন। মাত্র ২১ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। ফক্স নিউজের স্থানীয় সহযোগী সংবাদমাধ্যম ফক্স ফাইভ আটলান্টার প্রতিবেদন অনুযায়ী, টেবরের মৃত্যুর পর অন্তত চার সপ্তাহ ধরে তার পরিবারের সদস্যদের খুঁজেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ভেটেরান্স অ্যাফেয়ার্স। তবে কোনো স্বজনের সন্ধান না পাওয়ায় তার অন্ত্যেষ্টিক্রিয়ার দায়িত্ব নিতে একটি ফিউনারেল হোমের সঙ্গে যোগাযোগ করা হয়। জর্জিয়ার গর্ডন কাউন্টির ‘ইন দেয়ার অনার ফিউনারেল হোম অ্যান্ড ক্রিমেশন’ সেই দায়িত্ব গ্রহণ করে। প্রতিষ্ঠানটির মালিকেরা প্রথমে নিজেরাই শেষবিদায়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার পরিকল্পনা করেছিলেন। পরে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন তারা। সেই আহ্বানে সাড়া দিয়ে চেরোকি কাউন্টির জর্জিয়া ন্যাশনাল সেমেট্রিতে জড়ো হন প্রায় ৩০০ মানুষ। থ্যাংকসগিভিংয়ের ছুটির মধ্যে তীব্র ঠান্ডা উপেক্ষা করে সেখানে উপস্থিত হন সাবেক সেনাসদস্যসহ স্থানীয় বাসিন্দারা। তাদের অনেকেই জীবদ্দশায় টেবরকে কখনো দেখেননি। অনুষ্ঠানে উপস্থিত স্টিভ কুপার নামে এক সাবেক সেনাসদস্য বলেন, পারিবারিক সম্পর্ক সব সময় রক্তের বন্ধনে সীমাবদ্ধ থাকে না। বিশেষ করে সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক অত্যন্ত গভীর। দেশের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকা প্রত্যেক ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত বলেও মনে করেন তিনি। এদিকে, জন টেবরের ব্যক্তিগত জীবনের বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ভবিষ্যতে তার পরিবারের কোনো সদস্যের সন্ধান পাওয়া যাবে কি না, সেটিও অনিশ্চিত। সূত্র: ফক্স ফাইভ আটলান্টা 871-এসএ
৮৫ বছর বয়সে মারা গেলেন কিংবদন্তি ব্যান্ড ‘দ্য বিচ বয়েজ’-এর সহপ্রতিষ্ঠাতা ও জনপ্রিয় সংগীতশিল্পী মাইক লাভ
৭৬ বছর বয়সে মারা গেলেন নিউইয়র্ক স্টেট সিনেটের শীর্ষ নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিন্স
বন্যাকে ‘ঈশ্বরের ইঙ্গিত’ বললেন ট্রাম্প, গলফ কোর্স সংস্কারে আদালতের অনুমতি চান
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার এক নারী ভূমিকম্পের সময় স্বামীর আচরণে ক্ষুব্ধ হয়ে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তার অভিযোগ, বিপদের মুহূর্তে তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা না করে নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়েছিলেন স্বামী। সম্প্রতি টিকটকে নিজের অভিজ্ঞতা তুলে ধরার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ডিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ‘evanalexisolive’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে ওই নারী জানান, একদিন স্বামীর সঙ্গে একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ ভূমিকম্প শুরু হয়। রেস্টুরেন্টে উপস্থিত অন্যরা যখন নিজেদের সঙ্গীদের নিরাপদ আশ্রয়ে যেতে কিংবা টেবিলের নিচে অবস্থান নিতে সাহায্য করছিলেন, তখন তার স্বামী তাকে রেখেই দৌড়ে পালিয়ে যান। ওই নারীর দাবি, তার স্বামী রেস্টুরেন্টের বিপরীত পাশে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে স্বামীকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন তিনি। তবে তার স্ত্রী যে সবকিছু দেখছিলেন, তা বুঝতে পারেননি স্বামী। ওই নারীর ভাষ্য অনুযায়ী, ভূমিকম্পে কেউ হতাহত হননি। তবে বিপদের মুহূর্তে স্বামীর এমন আচরণে তিনি ভীষণ অপমানিত বোধ করেন। এমনকি রেস্টুরেন্টের একজন কর্মী তার খোঁজখবর নিতে এসে স্বামীর এভাবে চলে যাওয়ার ঘটনাকে অদ্ভুত বলে মন্তব্য করেন। ওই নারী জানান, সংকটের মুহূর্তে স্বামী তার নিরাপত্তার কথা একবারও ভাবেননি বলে মনে হয়েছে তার। এই উপলব্ধি থেকেই তিনি দাম্পত্য সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওই নারীর স্বামীর বক্তব্য কিংবা তাদের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। সংবাদ সূত্র: New York Post 871-এসএ
মারা গেলেন ‘মোহাম্মদ’ নামের কারণে ভারতীয় নাগরিকের হামলার শিকার সেই উবার চালক
ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পের পর ৪০টির বেশি আফটারশক, এক দোকানেই ওয়াইন ভেঙে ৫০ হাজার ডলারের ক্ষতি
২ বছরের ডিগ্রি, বছরে ৮০ হাজার ডলারের বেশি মিডিয়ান বেতন! জানুন আমেরিকায় সম্ভাবনাময় ২ পেশা
যুক্তরাষ্ট্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কিংবা দুর্ঘটনায় আহত হলে চিকিৎসার জন্য কোথায় যেতে হবে, তা নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। বিশেষ করে নতুন অভিবাসীদের অনেকেরই হাসপাতালের ইমার্জেন্সি রুম (ইআর) ও আর্জেন্ট কেয়ারের মধ্যে পার্থক্য সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। অথচ রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী সঠিক চিকিৎসাকেন্দ্র বেছে নেওয়া সময়, অর্থ ও জীবন রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কখন ইমার্জেন্সি রুমে যাবেন? ইমার্জেন্সি রুম হলো হাসপাতালের জরুরি চিকিৎসা বিভাগ। এখানে গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা এবং জীবনহানির আশঙ্কা রয়েছে এমন রোগীদের চিকিৎসা দেওয়া হয়। সাধারণত হাসপাতালের ইমার্জেন্সি রুম সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টা খোলা থাকে। বুকে ব্যথা বা চাপ অনুভব করা, শ্বাস নিতে গুরুতর কষ্ট, স্ট্রোকের লক্ষণ, গুরুতর দুর্ঘটনা, অতিরিক্ত রক্তপাত, অজ্ঞান হয়ে যাওয়া কিংবা মাথায় গুরুতর আঘাতের মতো পরিস্থিতিতে ইমার্জেন্সি রুমের চিকিৎসা প্রয়োজন। জীবনহানির আশঙ্কা থাকলে দেরি না করে ৯১১ নম্বরে কল করতে হবে। কখন আর্জেন্ট কেয়ারে যাবেন? যেসব অসুস্থতা বা আঘাতের দ্রুত চিকিৎসা প্রয়োজন, কিন্তু তা জীবনহানির ঝুঁকি তৈরি করে না, সেসব ক্ষেত্রে আর্জেন্ট কেয়ার উপযোগী। সাধারণ জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা, কানে ব্যথা, ছোটখাটো কাটা-ছেঁড়া, মচকানো কিংবা কিছু ধরনের সংক্রমণের চিকিৎসা এখানে পাওয়া যায়। অনেক আর্জেন্ট কেয়ারে আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই চিকিৎসা নেওয়া যায়। তবে সব আর্জেন্ট কেয়ারে এক্স-রে, ল্যাব টেস্ট কিংবা সব ধরনের চিকিৎসার ব্যবস্থা থাকে না। প্রতিষ্ঠানভেদে সেবা ও খোলা থাকার সময়ও ভিন্ন হতে পারে। চিকিৎসার খরচে কতটা পার্থক্য? যুক্তরাষ্ট্রে সাধারণত ইমার্জেন্সি রুমের তুলনায় আর্জেন্ট কেয়ারে চিকিৎসার খরচ কম হয়। অনেক হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানেও ইমার্জেন্সি রুমের কো-পে আর্জেন্ট কেয়ারের তুলনায় বেশি থাকে। তবে চিকিৎসার প্রকৃত খরচ নির্ভর করে রোগীর হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান, ডিডাক্টিবল, কো-পে, কো-ইন্স্যুরেন্স এবং চিকিৎসাকেন্দ্রের ইন্স্যুরেন্স নেটওয়ার্কের ওপর। শুধু খরচ বাঁচানোর জন্য গুরুতর অসুস্থতায় ইমার্জেন্সি রুম এড়িয়ে যাওয়া বিপজ্জনক হতে পারে। হেলথ ইন্স্যুরেন্স না থাকলে কি জরুরি চিকিৎসা পাওয়া যাবে? যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ইমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড লেবার অ্যাক্ট (ইএমটিএএলএ) অনুযায়ী, এই আইনের আওতাভুক্ত হাসপাতালের জরুরি বিভাগে রোগীর ইন্স্যুরেন্স বা চিকিৎসার খরচ পরিশোধের সক্ষমতা না থাকলেও প্রয়োজনীয় মেডিকেল স্ক্রিনিং করতে হয়। জরুরি চিকিৎসার প্রয়োজন হলে হাসপাতালকে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল করার জন্য প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে অথবা আইন অনুযায়ী উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করতে হবে। তবে এই আইনের অর্থ জরুরি চিকিৎসা বিনামূল্যে পাওয়া যাবে, এমন নয়। চিকিৎসা শেষে রোগীর কাছে বিল পাঠানো হতে পারে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের জন্য কাছাকাছি আর্জেন্ট কেয়ার ও হাসপাতালের ইমার্জেন্সি রুমের অবস্থান, সেবার সময় এবং ইন্স্যুরেন্স গ্রহণের নিয়ম আগে থেকেই জেনে রাখা উপকারী। তবে অসুস্থতার লক্ষণ গুরুতর হলে কিংবা জীবনহানির আশঙ্কা থাকলে খরচের হিসাব না করে জরুরি চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যসূত্র: MedlinePlus Medical Encyclopedia 871-এসএ
বিনা অনুমতিতে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ার দায়ে যুক্তরাষ্ট্রের কারাগারে ‘আটক’ এক টার্কি
বিমানবন্দরে নিজের প্যান্ট খুলে বন্ধুকে দিচ্ছেন যাত্রীরা, যুক্তরাষ্ট্রে নতুন মজার ট্রেন্ড!

