১৫০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে যুক্তরাষ্ট্রের গম চাষ, খাদ্যদাম নিয়ে বাড়ছে উদ্বেগ
প্রায় দেড় শতাব্দীর মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যেতে পারে যুক্তরাষ্ট্রের গমের আবাদ ও উৎপাদন। দীর্ঘস্থায়ী খরা, তীব্র তাপপ্রবাহ, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার কারণে দেশটির কৃষকেরা আগের তুলনায় অনেক কম জমিতে গম চাষ করছেন। এতে শুধু কৃষকদের আয় নয়, ভবিষ্যতে খাদ্যপণ্যের দাম এবং যুক্তরাষ্ট্রের কৃষি খাতের ওপরও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) জাতীয় কৃষি পরিসংখ্যান বিভাগ ৩০ জুন প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, ২০২৬ সালে দেশজুড়ে গমের মোট আবাদি জমির পরিমাণ দাঁড়াতে পারে ৪ কোটি ২৭ লাখ একর। এটি আগের বছরের তুলনায় ৬ শতাংশ কম এবং মার্চ মাসে প্রকাশিত পূর্বাভাসের তুলনায়ও প্রায় ১০ লাখ একর কম। ইউএসডিএর তথ্য অনুযায়ী, এটি ১৮৭৭ সালের পর সর্বনিম্ন গম আবাদের রেকর্ড।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালে শীতকালীন গমের আবাদ ধরা হয়েছে ৩ কোটি ১৫ লাখ একর, যা এক বছর আগের তুলনায় ৫ শতাংশ কম। বসন্তকালীন গমের আবাদও কমে ৯৩ লাখ ৯০ হাজার একরে নেমে এসেছে। আর ডুরাম জাতের গমের আবাদ কমেছে ১৬ শতাংশ, যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩০ হাজার একর।
মিশিগান স্টেট ইউনিভার্সিটির গমের প্রজনন ও জিনতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক এরিক ওলসন নিউজউইককে বলেন, একাধিক প্রতিকূল কারণ একসঙ্গে কাজ করায় এ বছর উৎপাদন কমছে। টানা কয়েক বছর ধরে তাপপ্রবাহ, খরা এবং বিভিন্ন রোগের কারণে গমের ফলন উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষায়, অনেক দিন ধরেই গম চাষিদের প্রকৃত আয় নেতিবাচক অবস্থায় রয়েছে। বিশ্বের অন্যতম উচ্চমানের গম উৎপাদন করলেও কৃষকেরা তার ন্যায্য মূল্য পাচ্ছেন না।
ওলসনের আশঙ্কা, পরিস্থিতির উন্নতি না হলে ২০২৭ সালেও গমের আবাদ বর্তমান রেকর্ড নিম্নস্তরেই থাকতে পারে, এমনকি আরও কমে যাওয়ারও আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বের মোট ক্যালোরি চাহিদার প্রায় ২০ শতাংশ এবং দরিদ্র জনগোষ্ঠীর প্রোটিনেরও প্রায় ২০ শতাংশ আসে গম থেকে। ফলে এই ফসলের উৎপাদন কমে যাওয়া শুধু যুক্তরাষ্ট্র নয়, বৈশ্বিক খাদ্যব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ বিষয়।
খরা এ সংকটের অন্যতম প্রধান কারণ। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের (এনওএএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সময়টি ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ ১২ মাসের সময়কাল। এই সময়ে যুক্তরাষ্ট্রের প্রধান গম উৎপাদনকারী অঙ্গরাজ্যগুলোর অনেক এলাকাই তীব্র খরার মুখে পড়ে। দীর্ঘদিন বৃষ্টির অভাব এবং অতিরিক্ত তাপ গমের বৃদ্ধি ব্যাহত করে এবং ফলন উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।
কানসাস স্টেট ইউনিভার্সিটির গম বিশেষজ্ঞ রোমুলো লোলাত্তো বলেন, কানসাসের অনেক গমক্ষেত স্বাভাবিকের তুলনায় অনেক খাটো হয়ে গেছে, যা খরাজনিত চাপের স্পষ্ট লক্ষণ। এর সঙ্গে মার্চ ও এপ্রিল এবং পরে মে মাসে তীব্র শৈত্যপ্রবাহও ফসলের ক্ষতি আরও বাড়িয়ে দিয়েছে।
ইউএসডিএর তথ্য অনুযায়ী, এ বছর গম আবাদ সবচেয়ে বেশি কমতে পারে টেক্সাসে, যেখানে গত বছরের তুলনায় প্রায় ৩৯ লাখ একর কম জমিতে গম চাষ হয়েছে। ওকলাহোমায় কমেছে ১৩ লাখ ৫০ হাজার একর এবং কানসাসে প্রায় ৯ লাখ ৫০ হাজার একর।
প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি উৎপাদন ব্যয়ও কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় অনেক কৃষক গমের পরিবর্তে তুলনামূলক বেশি লাভজনক অন্য ফসলের দিকে ঝুঁকছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের সময় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক চলাচল ব্যাহত হওয়ার পর জ্বালানি ও সার পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
মার্কিন গম উৎপাদকদের সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হুইট গ্রোয়ার্স-এর প্রধান নির্বাহী স্যাম কিফার বলেন, কৃষকেরা এখনও উচ্চ উৎপাদন ব্যয়, বৈশ্বিক বাজারের অনিশ্চয়তা এবং লাভজনক উৎপাদন ধরে রাখার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। এ কারণেই অনেক কৃষক বাধ্য হয়ে গমের আবাদ কমিয়ে দিচ্ছেন।
গমের উৎপাদন কমে যাওয়ায় রুটি, ময়দা ও অন্যান্য গমজাত খাদ্যপণ্যের দাম বাড়বে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ইউএসডিএ ২০২৬-২৭ মৌসুমে গমের গড় খামারমূল্য প্রতি বুশেল ৬ দশমিক ৫০ ডলার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে, যা আগের বছরের তুলনায় বেশি।
তবে কৃষকেরা খাদ্যের চূড়ান্ত খুচরা মূল্যের একটি ছোট অংশই পান। ইউএসডিএর অর্থনৈতিক গবেষণা বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভোক্তারা খাদ্যে যে প্রতি ১ ডলার ব্যয় করেছেন, তার মাত্র ১১ দশমিক ৮ সেন্ট কৃষকের হাতে গেছে। বাকি অর্থ পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, বিপণন ও খুচরা বিক্রিসহ সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ধাপে ব্যয় হয়েছে। তাই খামারে উৎপাদন ব্যয় বাড়লেও তার পুরো প্রভাব তাৎক্ষণিকভাবে বাজারে দেখা নাও যেতে পারে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি খরা দীর্ঘস্থায়ী হয়, উৎপাদন ব্যয় আরও বাড়ে এবং কৃষকেরা গম চাষ থেকে সরে আসতে থাকেন, তাহলে বিদ্যমান মজুতও ধীরে ধীরে কমে যেতে পারে। সে ক্ষেত্রে ময়দা, রুটি, পাস্তা এবং অন্যান্য গমভিত্তিক খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
এরিক ওলসন বলেন, গমের সরবরাহ শৃঙ্খলের যেকোনো স্তরে সমস্যা তৈরি হলে শেষ পর্যন্ত তার প্রভাব ভোক্তার ওপর পড়ে। যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত গম উৎপাদিত না হলে ময়দা কলগুলো বেশি দামে গম কিনতে বাধ্য হবে এবং সেই অতিরিক্ত ব্যয় শেষ পর্যন্ত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হয়ে ভোক্তার কাছেই পৌঁছাবে।
তিনি স্মরণ করিয়ে দেন, ২০০৮ সালেও বৈশ্বিক গম উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে গমের দাম প্রায় দ্বিগুণ হয়েছিল। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে এখনও পর্যাপ্ত গমের মজুত রয়েছে, যা স্বল্পমেয়াদে ময়দা কলগুলোর কার্যক্রম সচল রাখতে সক্ষম হবে। তবুও বর্তমান আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকলে এবং আবাদ আরও কমে গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস উপকূলে ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টির বেশি আফটারশক শনাক্ত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৮ নভেম্বর) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে বিভিন্ন দোকান ও বাড়িঘরে ক্ষয়ক্ষতি হয়েছে। লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের কাচের জানালা ভেঙে যাওয়ার পাশাপাশি বিমান অবতরণেও বিঘ্ন ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্প ও পরবর্তী কম্পনে লস অ্যাঞ্জেলেসের হারমোসা বিচ এলাকার বোচ্চাতো’স গ্রোসারিজ নামের একটি দোকানে কয়েক শ ওয়াইন ও মদের বোতল ভেঙে গেছে। এতে দোকানটির প্রায় ৪৫ থেকে ৫০ হাজার ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের সময় দোকানের তাক থেকে একের পর এক বোতল মেঝেতে পড়ে ভেঙে যাচ্ছে। প্রথম ভূমিকম্পের সময় দোকানটি খোলা না থাকলেও পরবর্তী কম্পনের সময় সেখানে ক্রেতারা উপস্থিত ছিলেন। দোকানটির প্রতিনিধি জে হেরন বিবিসিকে জানান, কয়েক ঘণ্টার ব্যবধানে দুবার ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। ভূমিকম্পের সময় তাক থেকে পণ্য পড়ে যাওয়া ঠেকাতে দোকানটিতে কোনো সুরক্ষাব্যবস্থা ছিল না। এর আগে এমন ব্যবস্থার প্রয়োজন হয়নি বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার ম্যানহাটন বিচ উপকূলে। মূল ভূমিকম্পের পর ৪০টির বেশি আফটারশক শনাক্ত হয়েছে। এসব কম্পনে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকায় দোকানপাট ও বাড়িঘরে ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পর পরিস্থিতি পর্যবেক্ষণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে বিভিন্ন ফায়ার স্টেশন থেকে কর্মীদের পাঠায় লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট। সংস্থাটি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কারও আহত হওয়ার কিংবা কোনো ভবনের কাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি। সংবাদ সূত্র: বিবিসি 871-এসএ
২ বছরের ডিগ্রি, বছরে ৮০ হাজার ডলারের বেশি মিডিয়ান বেতন! জানুন আমেরিকায় সম্ভাবনাময় ২ পেশা
যুক্তরাষ্ট্রে হঠাৎ অসুস্থ হলে কোথায় যাবেন, ইমার্জেন্সি রুম নাকি আর্জেন্ট কেয়ার? জেনে নিন বিস্তারিত
বিনা অনুমতিতে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ার দায়ে যুক্তরাষ্ট্রের কারাগারে ‘আটক’ এক টার্কি
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে ভ্রমণের আগে বন্ধুদের মধ্যে দেখা যাচ্ছে এক মজার প্রবণতা। একসঙ্গে ভ্রমণে যাওয়া বন্ধুরা সঙ্গে করে অতিরিক্ত প্যান্ট নিয়ে আসছেন। এরপর বিমানবন্দরেই একে অপরের সঙ্গে অদ্ভুত নকশা, বিচিত্র রং ও মজার সব প্যান্ট অদলবদল করছেন। প্যান্ট বদলের পর নতুন সাজে একে অপরের সামনে হাজির হওয়া এবং সবার হাসাহাসিতে তৈরি হচ্ছে আনন্দঘন মুহূর্ত। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ ২৮ নভেম্বর প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে এই ব্যতিক্রমী প্রবণতার কথা তুলে ধরেছে। প্রতিবেদনের শিরোনাম ছিল ‘Ugly Pants Exchange’ Trend Goes Viral Among Air Travelers। অর্থাৎ, বিমানযাত্রীদের মধ্যে কুৎসিত বা অদ্ভুত নকশার প্যান্ট অদলবদলের প্রবণতা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। এই মজার আয়োজনের মূল বিষয় হলো, বন্ধুরা নিজেদের জন্য নয়, বরং একে অপরের জন্য বিচিত্র প্যান্ট নিয়ে আসছেন। বিমানবন্দরে দেখা হওয়ার পর শুরু হচ্ছে প্যান্ট বদলের পালা। কে কোন প্যান্ট পরবেন, তা আগে থেকে জানার সুযোগ নেই। ফলে নতুন প্যান্ট পরে একে অপরের প্রতিক্রিয়া দেখার মুহূর্তটিই হয়ে উঠছে এই আয়োজনের সবচেয়ে মজার অংশ। সাধারণত বিমানবন্দরে ফ্লাইটের অপেক্ষায় যাত্রীরা ব্যস্ত থাকেন লাগেজ সামলানো, নিরাপত্তা পরীক্ষা এবং বোর্ডিংয়ের প্রস্তুতি নিয়ে। তবে বন্ধুদের এই ব্যতিক্রমী উদ্যোগ অপেক্ষার সময়কে পরিণত করছে আনন্দ ও হাসির উপলক্ষে। একই সঙ্গে প্যান্ট বদলের এসব মুহূর্ত ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় বিষয়টি আরও বেশি মানুষের নজরে আসছে। ভ্রমণকে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে বন্ধুদের সঙ্গে আনন্দময় স্মৃতি তৈরির এমন উদ্যোগই এই প্রবণতার বিশেষত্ব। বিচিত্র পোশাক, অপ্রত্যাশিত চমক এবং বন্ধুদের হাস্যরসাত্মক প্রতিক্রিয়া—সব মিলিয়ে বিমানবন্দরের অপেক্ষার সময়েও যোগ হচ্ছে ভিন্ন মাত্রা। সূত্র: এবিসি নিউজ, ২৮ নভেম্বর ২০২৬।
নিউ ইয়র্কের কুইন্সে প্রকাশ্যে গুলিবর্ষণে নিহত ১ ও আহত ২, নিরাপত্তা নিয়ে উদ্বেগে স্থানীয় বাসিন্দারা
যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেতে স্থায়ী বাধা হতে পারে যে ৬ ধরনের অপরাধ ও কর্মকাণ্ড
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে স্বল্প আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সুযোগ
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এশীয় আমেরিকান রেস্তোরাঁ মালিক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যাত্রা শুরু করেছে নতুন একটি বাণিজ্য সংগঠন। এশীয় আমেরিকান রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন (এএআরওএ) নামের এই সংগঠনটি রেস্তোরাঁ ব্যবসায়ীদের জন্য সম্মিলিতভাবে দাবি উত্থাপন, ব্যবসায়িক প্রশিক্ষণ, আইনি সহায়তা এবং পরিচালন ব্যয় কমানোর সুযোগ তৈরিতে কাজ করবে। গত ২৮ অক্টোবর নিউ জার্সির এডিসনের মোগল ব্যাংকুয়েট হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক রেস্তোরাঁ মালিক, ফ্র্যাঞ্চাইজি ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি অংশ নেন। মাত্র দুই সপ্তাহের প্রস্তুতিতে আয়োজিত এই সম্মেলনে রেস্তোরাঁ ব্যবসার বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্যিক জায়গার ভাড়া, ভবনের সাধারণ রক্ষণাবেক্ষণ ব্যয়, সম্পত্তি কর, কর্মীদের মজুরি, বিমার প্রিমিয়াম এবং খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ জানান ব্যবসায়ীরা। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি বিপিন প্যাটেল বলেন, কয়েক বছর আগের তুলনায় বর্তমানে রেস্তোরাঁ পরিচালনা অনেক বেশি কঠিন হয়ে উঠেছে। ব্যবসায়ীদের এসব অভিন্ন সমস্যা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ ও নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিনিধিত্ব প্রয়োজন। বিপিন প্যাটেলের নেতৃত্বে গড়ে ওঠা সংগঠনটির সঙ্গে যুক্ত হয়েছেন কয়েকজন অভিজ্ঞ রেস্তোরাঁ উদ্যোক্তা। তাঁদের মধ্যে রয়েছেন ক্যাটারিং ও ফাইন ডাইনিং ব্যবসায়ী কমল অরোরা, ডানকিন ও টাকো বেলের ফ্র্যাঞ্চাইজি পরিচালনাকারী আনন্দ প্যাটেল ও হেমাং চম্পানেরিয়া, বার্গার কিং ও বিকানেরওয়ালার সঙ্গে যুক্ত ভাবেশ প্যাটেল এবং ফ্র্যাঞ্চাইজি ব্যবসায়ী দিনেশ গোস্বামী। বিপিন প্যাটেল এর আগে এশিয়ান আমেরিকান রিটেইলার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে কাজ করেছেন। সংগঠনটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন খুচরা ব্যবসায়ীর স্বার্থ নিয়ে কাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্যাটেল জানান, প্রায় এক বছর আগে রেস্তোরাঁ মালিকদের সঙ্গে আলোচনা শুরু হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, বাণিজ্যিক ভাড়া, ভবনের রক্ষণাবেক্ষণ চার্জ এবং সম্পত্তি কর বছরে প্রায় ৫ থেকে ৬ শতাংশ হারে বাড়ছে। অন্যদিকে, বিমার প্রিমিয়াম বৃদ্ধির হার দুই অঙ্কে পৌঁছেছে। এর সঙ্গে কর্মীদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, শ্রমসংক্রান্ত আইন মেনে চলার ব্যয় এবং খাদ্যপণ্যের দাম বাড়ায় বিশেষ করে ছোট ও স্বতন্ত্র রেস্তোরাঁগুলোর ওপর আর্থিক চাপ তৈরি হচ্ছে। সংগঠনটি শুধু ব্যবসায়ীদের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্র হিসেবে কাজ করতে চায় না। আইন প্রণয়ন ও নীতিনির্ধারণী পর্যায়ে রেস্তোরাঁ মালিকদের স্বার্থ তুলে ধরা, ব্যবসায়িক শিক্ষা ও পরিচালনসংক্রান্ত সহায়তা দেওয়া এবং সম্মিলিতভাবে পণ্য কেনার সুযোগ তৈরি করাও এর লক্ষ্য। এর মাধ্যমে সদস্যরা খাদ্যপণ্য, রান্নার সরঞ্জাম, ব্যবসায়িক উপকরণ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলনামূলক কম দামে কেনার সুযোগ পেতে পারেন বলে আশা করছেন উদ্যোক্তারা। এএআরওএ চারটি বিশেষ কমিটি গঠনের পরিকল্পনা করেছে। এগুলো হলো সরকারি নীতি ও আইনসংক্রান্ত কার্যক্রম, আইনি ও নিয়ন্ত্রক বিধি মেনে চলা, সম্মিলিত ক্রয় ও সরবরাহকারী ব্যবস্থাপনা এবং রেস্তোরাঁ পরিচালনা ও সুনাম ব্যবস্থাপনা। এসব কমিটির মাধ্যমে করছাড়, বাণিজ্যিক ইজারার ন্যায্য শর্ত, শ্রমনীতি, কর্মসংস্থানসংক্রান্ত আইন মেনে চলা এবং অনলাইন গ্রাহক পর্যালোচনা ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে নিউ জার্সি ও নিউইয়র্কের রেস্তোরাঁ মালিকদের নিয়ে কার্যক্রম শুরু করবে সংগঠনটি। পরে সদস্যসংখ্যা ও কার্যক্রম বাড়িয়ে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এশীয় আমেরিকান রেস্তোরাঁ মালিক, স্বতন্ত্র উদ্যোক্তা, একাধিক শাখার ফ্র্যাঞ্চাইজি পরিচালনাকারী এবং খাদ্যসেবা খাতের সংশ্লিষ্ট পেশাজীবীদের সদস্য হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। উদ্যোক্তাদের মতে, বাড়তি পরিচালন ব্যয় ও নিয়ন্ত্রক জটিলতার সময়ে সম্মিলিত উদ্যোগ রেস্তোরাঁ ব্যবসার দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে সহায়ক হতে পারে। তথ্যসূত্র: নিউজ ইন্ডিয়া টাইমস ও দ্য ইন্ডিয়ান আই। 872 আইজেট
১৮ বছরের মেয়েকে হারিয়ে নির্ঘুম মা-বাবা, অন্যদিকে কারাগারে বিশেষ বালিশ চাইলেন অভিযুক্ত
ফ্লোরিডায় পূর্বপরিকল্পিত হ ত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার, নিজেই ৯১১-এ জানিয়েছিলেন স্বামীকে গুলি করার কথা

