যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি টিকিয়ে রাখতে প্রতিরক্ষায় বড় বিনিয়োগ জরুরি: হেগসেথ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন দেশটির যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। তার ভাষ্য, শক্তিশালী সামরিক সক্ষমতা ছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আধিপত্য ও জাতীয় নিরাপত্তা ধরে রাখা সম্ভব নয়। তাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০২৭ অর্থবছরের ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদনের আহ্বান জানিয়েছেন তিনি।
একটি মতামতধর্মী নিবন্ধে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান জাতীয় ঋণ অবশ্যই উদ্বেগের বিষয়। তবে সামরিক খাতে পর্যাপ্ত বিনিয়োগ না হওয়াই বর্তমানে দেশের জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি। তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিই দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, ডলারের আধিপত্য, স্বল্প সুদে ঋণ গ্রহণের সক্ষমতা এবং বৈশ্বিক বাণিজ্য নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
হেগসেথ বলেন, শুধু ট্রেজারি বিভাগ ডলারের স্থিতিশীলতা নিশ্চিত করে না, এতে মার্কিন বিমান বাহিনীরও ভূমিকা রয়েছে। একইভাবে শুধু ফেডারেল রিজার্ভ নয়, মেরিন কোরও অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে যুক্ত। আর বৈশ্বিক মুক্ত বাণিজ্য টিকিয়ে রাখতে শুধু বাণিজ্য বিভাগ নয়, মার্কিন নৌবাহিনীরও অবদান রয়েছে।
তার মতে, যুক্তরাষ্ট্র সামরিকভাবে অপ্রতিদ্বন্দ্বী থাকলে দেশটি সহজে ঋণ নিতে পারে, বৈশ্বিক বাণিজ্যের নিয়ম নির্ধারণ করতে পারে এবং অর্থনৈতিক সুবিধা ধরে রাখতে সক্ষম হয়। কিন্তু সামরিক সক্ষমতা দুর্বল হলে বৈশ্বিক অস্থিতিশীলতা বাড়বে, যা বাজার, বিনিয়োগ এবং কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
চীনের সামরিক শক্তি দ্রুত বাড়ছে উল্লেখ করে হেগসেথ বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় প্রতিরক্ষা বাজেট পর্যাপ্ত না হওয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এখন মহাকাশ, সাইবার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় যুদ্ধব্যবস্থা, সমুদ্রের নিচের প্রযুক্তি এবং দূরপাল্লার হামলার সক্ষমতায় বড় বিনিয়োগের সময় এসেছে।
তিনি জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে কংগ্রেসের সদস্যদের বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং দিয়েছে এবং কেন এই বাজেটকে জরুরি বলে মনে করছে, তা ব্যাখ্যা করেছে। হেগসেথ আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ আর্থিক নিরীক্ষা (অডিট) পাস করতে ব্যর্থ হয়েছে। তবে বর্তমান প্রশাসন এটিকে অগ্রাধিকার দিয়েছে এবং ২০২৮ সালের মধ্যেই সফলভাবে অডিট সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে।
তার ভাষ্য, বাজেটের প্রতিটি খাত পর্যালোচনা করে অগ্রাধিকারহীন ব্যয় কমানো হয়েছে, যার ফলে কয়েক বিলিয়ন ডলার সাশ্রয় করে তা গুরুত্বপূর্ণ সামরিক প্রকল্পে স্থানান্তর করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, প্রতিরক্ষা সরঞ্জাম কেনার পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘমেয়াদি চুক্তির বিনিময়ে প্রতিরক্ষা ঠিকাদারদের নিজেদের অর্থে নতুন উৎপাদন কারখানা ও অ্যাসেম্বলি লাইন স্থাপনে উৎসাহিত করা হচ্ছে। এতে একদিকে কর্মসংস্থান বাড়ছে, অন্যদিকে সরকারের ব্যয়ও কমছে।
হেগসেথের মতে, নতুন এই ব্যবস্থায় সেনাবাহিনী নির্ধারিত সময়ের আগেই আধুনিক অস্ত্র ও প্রযুক্তি পাবে। একই সঙ্গে বড় প্রতিরক্ষা ঠিকাদারদেরও নতুন প্রতিযোগিতামূলক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে, অন্যথায় তাদের পরিবর্তে নতুন প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়া হবে।
নিবন্ধের শেষে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ গুরুত্বপূর্ণ হলেও দায়িত্বশীল প্রতিরক্ষা ব্যয় আরও বেশি গুরুত্বপূর্ণ। তার মতে, আর্থিক শৃঙ্খলা ও শক্তিশালী প্রতিরক্ষা, দুটি লক্ষ্যই একসঙ্গে অর্জন করা সম্ভব এবং সে জন্য কংগ্রেসকে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেট অনুমোদন করা উচিত।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের লয়োলা ইউনিভার্সিটি শিকাগোর ১৮ বছর বয়সী ছাত্রী শেরিডান গোরম্যানকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত ভেনেজুয়েলার নাগরিক হোসে মেদিনা-মেদিনা (২৫) কারাগারে থাকার সময় ‘বিশেষ বালিশ’ ও ঘুমানোর বাড়তি সুবিধার আবেদন জানানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নিহত ছাত্রীর মা-বাবা। আদালতের নথি অনুযায়ী, মেদিনা-মেদিনা দাবি করেছেন যে মাথায় গুলির টুকরো ও খুলির অংশ না থাকার কারণে তিনি মাথাব্যথায় ভুগছেন এবং কারাগারে চিকিৎসক দেখিয়ে একটি অর্থোপেডিক বা বিশেষ বালিশ পেতে চান; এর পরিপ্রেক্ষিতে বিচারক আলফ্রেডো মালদোনাদো তার স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন। ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে শেরিডানের মা জেসিকা গোরম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৯ মার্চ মেয়েকে হারানোর পর থেকে তিনি এক রাতও পুরোপুরি ঘুমাতে পারেননি, অথচ অভিযুক্ত খুনির আইনজীবীরা কারাগারে তার ঘুমের অসুবিধার কথা বলে বিশেষ বালিশ চাইছেন এবং ভুক্তভোগীদের পক্ষে কথা বলার কেউ নেই। উল্লেখ্য, চলতি বছরের ১৯ মার্চ গভীর রাতে শিকাগো কলেজ ক্যাম্পাসের কাছে রজার্স পার্ক পিয়ারে বন্ধুদের সঙ্গে হাঁটার সময় একটি বাতিঘরের পেছনে মেদিনা-মেদিনাকে দেখতে পেয়ে বন্ধুদের সতর্ক করলে সে তাদের ধাওয়া করে এবং গুলি চালিয়ে শেরিডানকে হত্যা করে বলে প্রসিকিউটররা জানিয়েছেন। মেদিনা-মেদিনার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, গুরুতর হামলা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হলেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্যমতে, অভিযুক্ত ব্যক্তি ২০২৩ সালের মে মাসে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে মুক্তি পান এবং পরের মাসে শিকাগোতে দোকান চুরির দায়ে গ্রেপ্তার হয়েও ছাড়া পেয়েছিলেন।
ফ্লোরিডায় পূর্বপরিকল্পিত হ ত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার, নিজেই ৯১১-এ জানিয়েছিলেন স্বামীকে গুলি করার কথা
যাত্রীর নৃ শংস হা মলায় ১৪ দিন মৃ ত্যুর সঙ্গে লড়ে হার মানলেন সোমালি-আমেরিকান উবার চালক
যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে আইসের হাতে আটক সিলেটের নজরুল, বৈধ ওয়ার্ক পারমিটও ছিল
যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা ও পাঁচ সন্তানের মা নিকিতা ফ্লাওয়ার্স তার সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা স্ন্যাপ ভাতার ১,৩৫৪ ডলার জমা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই খুইয়েছেন বলে ফক্স ৩২-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে। গত ১৩ নভেম্বর তার অ্যাকাউন্টে ওই অর্থ জমা হওয়ার অল্প সময়ের মধ্যেই প্রায় ৮০ মাইল দূরের ‘লাভস পার্ক’ নামের একটি জায়গার নামে ঠিক সমপরিমাণ অর্থ কেটে নেওয়া হয় এবং এরপর স্থানীয় পিটস মার্কেটে তার ছেলের কার্ড ডিক্লাইন হলে অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য দেখা যায়। সপ্তাহের প্রতিদিনই বয়স্কদের সেবাদাতা হিসেবে কাজ করা ফ্লাওয়ার্স জানান, তিনি কখনো লাভস পার্ক বা রকফোর্ডে যাননি এবং ঘটনার পর থেকে নিজের পকেটের টাকায় মুদি বাজার করতে বাধ্য হচ্ছেন; তবে ঠিক কীভাবে এই অর্থ লেনদেন হয়েছে, তা এখনো স্পষ্ট নয় এবং পুলিশের কাছে কোনো আনুষ্ঠানিক প্রতিবেদনও জমা পড়েনি। ইলিনয় ডিপার্টমেন্ট অব হিউম্যান সার্ভিসেস-এর তথ্য অনুযায়ী, ইবিটি কার্ড ব্যবহারকারীদের লক্ষ্য করে দেশজুড়ে স্কিমিংসহ নানা প্রতারণা চলছে, যার ফলে ইলিনয়ে ২০২৪ সালে প্রায় ১ কোটি ৫০ লাখ ডলার, ২০২৫ সালে প্রায় ৪৭ লাখ ডলার এবং ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৭ লাখ ডলারের বেশি ভাতা চুরি হয়েছে। গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস বা জিএও জানিয়েছে, ২০২২ সালের ১ অক্টোবর থেকে ২০২৪ সালের ২০ ডিসেম্বর পর্যন্ত ফেডারেল তহবিলের আওতায় অঙ্গরাজ্যগুলো চুরি যাওয়া ৩২ কোটি ডলারের বেশি ভাতা প্রতিস্থাপন করলেও কংগ্রেস সেই কর্তৃপক্ষের মেয়াদ না বাড়ানোয় ২১ ডিসেম্বর ২০২৪ বা তার পর থেকে চুরি যাওয়া ভাতা আর ফেরত পাওয়ার সুযোগ নেই। এ ছাড়া ইবিটি কার্ড ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার অ্যাক্টের আওতায় না থাকায় ডেবিট কার্ডের মতো সুরক্ষা সুবিধাও এর ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং ফেডারেল সহায়তা ছাড়া অঙ্গরাজ্য নিজস্বভাবে এই অর্থ ফেরত দিতে পারছে না বলে জানিয়েছে ইলিনয় কর্তৃপক্ষ। বিপত্তি এড়াতে মার্কিন কৃষি বিভাগ বা ইউএসডিএ স্ন্যাপ সুবিধাভোগীদের ভাতা জমা হওয়ার ঠিক আগে মাসে অন্তত একবার পিন নম্বর পরিবর্তন করা, নিয়মিত অ্যাকাউন্ট পরীক্ষা করা এবং সন্দেহজনক লেনদেনের বিষয়ে স্থানীয় স্ন্যাপ অফিসে জানানোর পরামর্শ দিয়েছে। পাশাপাশি ইলিনয় লিংক ব্যবহারকারীরা কেনাকাটার ফাঁকে কার্ড লক করে রাখার সুবিধা পেলেও অনেক নিরাপত্তা ব্যবস্থাই ব্যবহারকারীর সক্রিয়তার ওপর নির্ভরশীল; তবে ২০২৭ সালের শুরুর দিকে ভৌত কার্ডের বদলে ফোনের মাধ্যমে অর্থ পরিশোধের একটি ইউএসডিএ পাইলট প্রকল্প চালুর অপেক্ষায় রয়েছে ইলিনয়সহ তিনটি অঙ্গরাজ্য।
ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট, ৭০ মিনিটের অস্ত্রোপচার শেষে সুস্থ আছেন মামদানি
যুক্তরাষ্ট্রে গ্রাহককে বিভ্রান্ত করায় ১০ কোটি ডলারের সমঝোতা, আম্বানির হাত ধরেও বাজার হারাচ্ছে শেইন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, এক ঘণ্টায় ৩১টি কম্পন ও পরাঘাত
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি (NBC) ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে তৈরি একটি বিজ্ঞাপন আর প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। থ্যাংকসগিভিংয়ের আগের রাতে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’-এর বিশেষ পর্বে বিজ্ঞাপনটি সম্প্রচারের পর বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে এ পদক্ষেপ নেওয়া হয়। ‘এভরি থ্রি সেকেন্ডস’ শিরোনামের ৩০ সেকেন্ডের ওই বিজ্ঞাপনটি তৈরি ও প্রচার করেছিল ফিলিস্তিনি অধিকারপন্থী সংস্থা ‘আইএমইইউ পলিসি প্রজেক্ট’ (IMEU Policy Project)। বিজ্ঞাপনে এক মার্কিন কিশোরীর একটি বাইসাইকেল কেনার জন্য ৪০০ ডলার জমানোর দৃশ্যের পাশাপাশি গাজার ৯ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর প্রসঙ্গ তুলে ধরা হয়, যিনি ইসরায়েলি হামলায় মা ও দাদিকে হারানোর পাশাপাশি নিজের একটি পা হারিয়েছেন। বিজ্ঞাপনটিতে দাবি করা হয়, মার্কিন করদাতাদের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে তা জনগণকে জানাতেই এটি প্রচার করা হয়েছে এবং ইসরায়েলের সঙ্গে নতুন কোনো সামরিক সহায়তা চুক্তির বিরোধিতা করতে দর্শকদের নিজ নিজ কংগ্রেস সদস্যের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়। বিজ্ঞাপনটি প্রচারের পর অ্যান্টি-ডিফামেশন লিগ (এডিএল) এবং ইসরায়েলি-আমেরিকান কাউন্সিলসহ একাধিক ইহুদি ও ইসরায়েলপন্থী সংগঠন এর তীব্র নিন্দা জানায়। তাদের দাবি, এটি ইসরায়েলকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে এবং করদাতাদের অর্থের ব্যবহার নিয়ে বিভ্রান্তিকর ধারণা দিয়েছে। অন্যদিকে, আইএমইইউ পলিসি প্রজেক্ট জানায় যে বিজ্ঞাপনটি এনবিসির ফ্যাক্ট-চেকিং প্রক্রিয়া উত্তীর্ণ হয়েছিল। সংস্থাটি আল জাজিরাকে জানিয়েছে, বিজ্ঞাপনটি আর প্রচার না করার খবরের বিষয়ে এনবিসির পক্ষ থেকে এখনো তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিজ্ঞাপনটি সম্প্রচারের আগে এনবিসির শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত ছিল না। ভবিষ্যতে এটি আর পুনঃপ্রচার করা হবে না এবং এনবিসিইউনিভার্সাল তাদের বিজ্ঞাপন অনুমোদন প্রক্রিয়া পর্যালোচনা করবে বলে জানা গেছে। সূত্র: আল জাজিরা।
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টাইনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা
যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

