সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

সুপ্রিম কোর্টে ধাক্কার পরও ‘বার্থ ট্যুরিজম’ দমনে কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ১, ২০২৬ ২১:৩৮
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার নির্বাহী আদেশ বাতিল করলেও তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ বা সন্তানকে যুক্তরাষ্ট্রে জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির বিচার বিভাগ (ডিওজে)। ভিসা আবেদনের সময় প্রকৃত উদ্দেশ্য গোপন করে যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেওয়ার ঘটনাগুলোকে প্রতারণা হিসেবে বিবেচনা করে কঠোর আইন প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার বিচার বিভাগের জালিয়াতি দমন শাখার সহকারী অ্যাটর্নি জেনারেল কলিন ম্যাকডোনাল্ড ফেডারেল প্রসিকিউটরদের উদ্দেশে পাঠানো এক স্মারকে বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ব্যবস্থাকে প্রতারণার মাধ্যমে ব্যবহার করার যেকোনো প্রচেষ্টা তদন্ত ও বিচারের আওতায় আনতে হবে। বিশেষ করে যারা ভিসা আবেদনে ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য গোপন করেন, তাদের বিরুদ্ধে বিদ্যমান ফৌজদারি আইন কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

 

ম্যাকডোনাল্ড বলেন, অনেক ‘বার্থ ট্যুরিজম’ কার্যক্রমেই মিথ্যা তথ্য দিয়ে ভিসা নেওয়া হয়, যা যুক্তরাষ্ট্রের প্রচলিত ফৌজদারি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। স্মারকে অতীতে পরিচালিত কয়েকটি মামলার উদাহরণও তুলে ধরা হয়েছে।

 

২০২৪ সালে ‘ইউএসএ হ্যাপি বেবি’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে চীনা নাগরিকদের যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করার অভিযোগে মাইকেল ওয়েই ইউয়ে লিউ ও জিং ডং দম্পতির প্রত্যেককে ৪১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ ছিল, তারা বিপুল অর্থের বিনিময়ে গ্রাহকদের ভুয়া তথ্য ব্যবহার করে মার্কিন ভিসা পেতে সহায়তা করতেন।

 

এর আগে ২০২২ সালে নিউইয়র্কভিত্তিক ইব্রাহিম আকসাকালকে স্বাস্থ্যসেবা জালিয়াতি ও প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগে ২৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি তুর্কি ভাষার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গর্ভবতী নারীদের যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা প্রচার করতেন এবং কীভাবে গর্ভধারণের তথ্য গোপন রাখতে হবে সে বিষয়ে পরামর্শ দিতেন।

 

এছাড়া ২০২০ সালে চাও ‘এডউইন’ চেন পরিচালিত ‘ইউ উইন ইউএসএ’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ প্রমাণিত হয়। প্রতিষ্ঠানটি প্রতি গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ৮০ হাজার ডলার পর্যন্ত আদায় করত এবং ৫০০-এর বেশি গ্রাহককে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে সহায়তা করেছিল বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় চেনকে ৩৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

বর্তমানে যুক্তরাষ্ট্র সরকার ‘বার্থ ট্যুরিজম’-এর মাধ্যমে বছরে কত শিশু জন্ম নিচ্ছে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো পরিসংখ্যান প্রকাশ করে না। তবে অভিবাসনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের হিসাবে, প্রতিবছর প্রায় ২৬ হাজার শিশুর জন্ম এ ধরনের ভ্রমণের সঙ্গে সম্পর্কিত হতে পারে। অন্যদিকে সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের দাবি, শুধু পর্যটক ভিসায় আসা নারীদের কাছেই বছরে প্রায় ৩৩ হাজার শিশুর জন্ম হয়।

 

এছাড়া অস্থায়ী ভিসাধারী ও অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের কাছেও আরও কয়েক লাখ শিশুর জন্ম হয়। এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ ‘বার্থ ট্যুরিজম’কে দ্রুত বিস্তার লাভ করা একটি শিল্প হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “কেউ যদি গর্ভবতী অবস্থায় শুধুমাত্র সন্তানকে যুক্তরাষ্ট্রের নাগরিক বানানোর উদ্দেশ্যে এখানে আসে, তাহলে সেটি আইন লঙ্ঘনের শামিল। আমরা এটি বন্ধে কাজ করছি এবং তা করেই ছাড়ব।”

 

এর আগে সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের সেই নির্বাহী আদেশ বাতিল করে, যাতে অবৈধ অভিবাসী ও অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব না দেওয়ার নির্দেশনা ছিল। আদালতের ওই রায়ের পরই ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে বিদ্যমান আইন আরও কঠোরভাবে প্রয়োগের ঘোষণা দেয় মার্কিন বিচার বিভাগ।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
ফ্লোরিডায় পূর্বপরিকল্পিত হ ত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার, নিজেই ৯১১-এ জানিয়েছিলেন স্বামীকে গুলি করার কথা
ফ্লোরিডায় পূর্বপরিকল্পিত হ ত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার, নিজেই ৯১১-এ জানিয়েছিলেন স্বামীকে গুলি করার কথা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লেকল্যান্ডে থ্যাংকসগিভিংয়ের রাতে স্বামীকে একাধিকবার গুলি করে হত্যার পর নিজেই জরুরি নম্বর ৯১১-এ ফোন করে পুলিশের অপেক্ষায় থাকার অভিযোগ উঠেছে শ্যানন ড্রিগার্স (৫০) নামের এক নারীর বিরুদ্ধে।   পোল্ক কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ড্রিগার্স ৯১১-এ ফোন করে ডিসপ্যাচারকে জানান যে তিনি তার স্বামীকে গুলি করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অপেক্ষা করছেন।   খবর পেয়ে শেরিফের ডেপুটি এবং পোল্ক কাউন্টি ফায়ার রেসকিউর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতরে ওই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেন এবং ড্রিগার্সকে বাড়ির ড্রাইভওয়েতে অপেক্ষমাণ অবস্থায় পান।   তদন্তকারীরা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে শ্যানন ড্রিগার্স গুলি চালানোর কথা স্বীকার করলেও কী কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে একাধিক পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।   তবে ঘটনাস্থলে পাওয়া গুলির খোসার অবস্থান, ভুক্তভোগীর শরীরের ক্ষতচিহ্ন, অন্যান্য আলামত এবং অভিযুক্তের নিজস্ব জবানবন্দি বিশ্লেষণ করে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন যে হত্যাকাণ্ডটি ছিল ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত।   পোল্ক কাউন্টির শেরিফ গ্রেডি জাড এক বিবৃতিতে বলেন, সন্দেহভাজন নারী নিজেই ৯১১-এ ফোন করে স্বামীকে গুলি করার কথা জানিয়েছেন এবং তদন্তে এটি স্পষ্ট যে তিনি থ্যাংকসগিভিংয়ের দিনে পূর্বপরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করেছেন।   ঘটনার পরদিন শুক্রবার শ্যানন ড্রিগার্সকে হেফাজতে নিয়ে পোল্ক কাউন্টি শেরিফ অফিসের প্রসেসিং সেন্টারে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি হত্যার অভিযোগ গঠন করা হয়েছে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৭:৫১
যাত্রীর নৃ শংস হা মলায় ১৪ দিন  মৃ ত্যুর সঙ্গে লড়ে হার মানলেন সোমালি-আমেরিকান উবার চালক

যাত্রীর নৃ শংস হা মলায় ১৪ দিন মৃ ত্যুর সঙ্গে লড়ে হার মানলেন সোমালি-আমেরিকান উবার চালক

যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে আইসের হাতে আটক সিলেটের নজরুল, বৈধ ওয়ার্ক পারমিটও ছিল

যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে আইসের হাতে আটক সিলেটের নজরুল, বৈধ ওয়ার্ক পারমিটও ছিল

পাঁচ সন্তানের মা নিকিতা ফ্লাওয়ার্স

যুক্তরাষ্ট্রে স্ন্যাপ ভাতা জমার কয়েক মিনিটেই ১,৩৫৪ ডলার চুরি, ফেরত পাচ্ছেন না পাঁচ সন্তানের মা

ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট, ৭০ মিনিটের অস্ত্রোপচার শেষে সুস্থ আছেন মামদানি
ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট, ৭০ মিনিটের অস্ত্রোপচার শেষে সুস্থ আছেন মামদানি

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি (৩৫) গত শুক্রবার (২৭ নভেম্বর) ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার পর সফলভাবে অস্ত্রোপচার করিয়েছেন।   প্রেস সেক্রেটারি জো ক্যালভেলো জানান, প্রায় ৭০ মিনিটের এই অস্ত্রোপচার সফল হয়েছে এবং শুক্রবার সন্ধ্যায় মেয়র তার সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিচ্ছিলেন; তিনি পুরোপুরি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে অস্ত্রোপচারটি কোন হাসপাতালে করা হয়েছে, সে বিষয়ে সিটি হল কোনো তথ্য প্রকাশ করেনি। ডেমোক্র্যাট এই মেয়র ও ফুটবলপ্রেমী গত ১৯ নভেম্বর তার দপ্তর এবং সিটি হলের প্রেস কোরের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। ওই ম্যাচে মামদানির দল জয় পায় এবং তিনি নিজেও একটি গোল করেন; তবে গোল করার কিছুক্ষণ পরই তার অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যায় এবং পরদিন তিনি আক্ষেপ করে জানান যে খেলার আগে ওয়ার্মআপ বা স্ট্রেচিং করেননি।   এরপর থেকে তিনি মেডিকেল বুট পরে ও ক্র্যাচে ভর দিয়ে দাপ্তরিক কাজ ও জনসম্মুখে উপস্থিত হচ্ছিলেন; অস্ত্রোপচার প্রসঙ্গে মজা করে এনবিএ তারকা জেসন ট্যাটামের কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, ট্যাটাম ২০২৫ সালের প্লেঅফে একই চোটের পর অস্ত্রোপচার করিয়ে প্রায় ১০ মাস পর মাঠে ফিরেছিলেন। মেয়রের অনুপস্থিতিতে শুক্রবার নগর প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম তদারকি করেন ফার্স্ট ডেপুটি মেয়র ডিন ফুলেহান।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৫:৩৮
যুক্তরাষ্ট্রে গ্রাহককে বিভ্রান্ত করায় ১০ কোটি ডলারের সমঝোতা, আম্বানির হাত ধরেও বাজার হারাচ্ছে শেইন

যুক্তরাষ্ট্রে গ্রাহককে বিভ্রান্ত করায় ১০ কোটি ডলারের সমঝোতা, আম্বানির হাত ধরেও বাজার হারাচ্ছে শেইন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, এক ঘণ্টায় ৩১টি কম্পন ও পরাঘাত

ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি

ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি

যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা
যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টাইনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে বাড়ির দাম, মর্টগেজের কিস্তি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেকের জন্য নিজের বাড়ি কেনা কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বিকল্প আবাসন ব্যবস্থা হিসেবে আলোচনায় আসছে ছোট আকারের বাড়ি, যা পরিচিত ‘টাইনি হোম’ নামে।   মাত্র কয়েকশ বর্গফুটের এসব বাড়িতে থাকতে পারে ছোট্ট একটি রান্নাঘর, বেডরুম, বাথরুম এবং বসার ঘর। আধুনিক নকশায় সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে তৈরি করা হয় এসব বাড়ি। অনেক বাড়িতে থাকে বহুমুখী আসবাব, ভাঁজ করা টেবিল, সিঁড়ির নিচে স্টোরেজ এবং ছাদের কাছাকাছি আলাদা ঘুমানোর ব্যবস্থা।   টাইনি হোমের বিশেষত্ব হলো, তুলনামূলক ছোট জায়গায় প্রয়োজনীয় সব আবাসন সুবিধা একসঙ্গে পাওয়া। কিছু বাড়ি চাকার ওপর তৈরি করা হয়, ফলে সেগুলো প্রয়োজনে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। আবার কিছু বাড়ি স্থায়ী ভিত্তির ওপর নির্মাণ করা হয়। নির্মাণের ধরন, আকার, উপকরণ ও অবস্থান অনুযায়ী এসব বাড়ির দাম ভিন্ন হয়ে থাকে।   শুধু টাইনি হোম নয়, যুক্তরাষ্ট্রে ছোট আকারের স্বতন্ত্র আবাসন ইউনিট বা অ্যাকসেসরি ডুয়েলিং ইউনিটের (এডিইউ) প্রতিও আগ্রহ বাড়ছে। মূল বাড়ির পেছনে, পাশে কিংবা গ্যারেজের জায়গায় তৈরি করা যায় এসব ছোট বাড়ি। এগুলো পরিবারের সদস্যদের থাকার পাশাপাশি ভাড়া দেওয়ার জন্যও ব্যবহার করা হয়।   পিউ চ্যারিটেবল ট্রাস্টের ২০২৬ সালের অক্টোবরের এক গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ২০২৫ সালে এডিইউ নির্মাণের জন্য ৬১ হাজার ৬৫৫টি পারমিট দেওয়া হয়েছে। ২০১৬ সালে এই সংখ্যা ছিল মাত্র ৪ হাজার ৯৬২। অর্থাৎ এক দশকের ব্যবধানে এ ধরনের আবাসন নির্মাণের অনুমোদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই পরিসংখ্যান এডিইউ-সংক্রান্ত, সরাসরি টাইনি হোমের সংখ্যা নয়।   ছোট বাড়ির প্রতি আগ্রহ বাড়ার পেছনে রয়েছে আবাসন ব্যয় কমানো, সীমিত জায়গার কার্যকর ব্যবহার এবং তুলনামূলক সহজ জীবনযাপনের আকাঙ্ক্ষা। অনেকেই বড় বাড়ির পরিবর্তে ছোট পরিসরে বসবাস করে রক্ষণাবেক্ষণ ও অন্যান্য খরচ কমানোর বিষয়টি বিবেচনা করছেন।   তবে যুক্তরাষ্ট্রের সব এলাকায় সব ধরনের টাইনি হোম নির্মাণ বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি নেই। স্থানীয় জোনিং আইন, ভবন নির্মাণের বিধিমালা, জমির ব্যবহার, ন্যূনতম আকার এবং নিরাপত্তাসংক্রান্ত শর্তের ওপর অনুমোদন নির্ভর করে। চাকার ওপর তৈরি বাড়ি এবং স্থায়ী ভিত্তির ওপর নির্মিত বাড়ির ক্ষেত্রেও নিয়ম আলাদা হতে পারে।   সব মিলিয়ে, প্রচলিত বড় বাড়ির বাইরে টাইনি হোম যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে একটি বিকল্প ধারণা হিসেবে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে বাড়ির ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে যারা ছোট পরিসরে নিজের আবাসন গড়ে তুলতে চান, তাদের কাছে এটি বিবেচনার একটি নতুন সুযোগ হতে পারে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৬:৪৩
যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...