ট্রাম্প প্রশাসনে চাকরি হারানো বিজ্ঞানীদের নতুন জোট, স্বাধীন উদ্যোগে গবেষণা চালিয়ে যাচ্ছেন তারা
ট্রাম্প প্রশাসনের সময় সরকারি চাকরি হারানো যুক্তরাষ্ট্রের একদল জলবায়ু বিজ্ঞানী ও গবেষক এবার নিজেদের উদ্যোগেই নতুন একটি প্ল্যাটফর্ম গড়ে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সরকারের বাইরে পরিচালিত অলাভজনক ওয়েবসাইট Climate.us-এর মাধ্যমে তারা জলবায়ু–সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, গবেষণা এবং সরকারি বিভিন্ন প্রতিবেদনের সংরক্ষিত সংস্করণ জনসাধারণের জন্য উন্মুক্ত করেছেন।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ফিউচারিজম জানিয়েছে, নতুন এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এর জলবায়ুবিষয়ক ওয়েবসাইট ক্লাইমেট গভ এর সাবেক প্রোগ্রাম ম্যানেজার রেবেকা লিন্ডসে। তার সঙ্গে যুক্ত হয়েছেন NOAA-এর আরও বহু সাবেক বিজ্ঞানী, গবেষক এবং তথ্যবিশেষজ্ঞ।
তাদের তৈরি নতুন ওয়েবসাইটে গত ১৫ বছরে প্রকাশিত আবহাওয়া ও জলবায়ু–সংক্রান্ত তথ্য, বিভিন্ন জলবায়ু সূচক এবং যুক্তরাষ্ট্রের পঞ্চম জাতীয় জলবায়ু মূল্যায়ন প্রতিবেদন (Fifth National Climate Assessment) সংরক্ষণ করা হয়েছে। উদ্যোক্তাদের ভাষ্য, এসব তথ্য গবেষক, শিক্ষার্থী, নীতিনির্ধারক এবং সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে ব্যবহারযোগ্য থাকবে।
এই উদ্যোগ বাস্তবায়নে ৮০ জনের বেশি স্বেচ্ছাসেবী বিজ্ঞানী ও বিশেষজ্ঞ কাজ করেছেন। পাশাপাশি ২ হাজার ৫০০-এরও বেশি ব্যক্তি অনুদান দিয়ে প্রায় আড়াই লাখ মার্কিন ডলার সংগ্রহ করেন। সেই অর্থেই অলাভজনক এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ট্রাম্প প্রশাসনের সরকারি ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে NOAA, পরিবেশ সুরক্ষা সংস্থা (EPA)সহ একাধিক ফেডারেল সংস্থায় ব্যাপক জনবল ছাঁটাই করা হয়। এতে জলবায়ু গবেষণা ও জনসাধারণের জন্য তথ্যপ্রকাশে যুক্ত অনেক বিজ্ঞানী চাকরি হারান। এরপর তারা সরকারি কাঠামোর বাইরে একত্রিত হয়ে গবেষণা ও তথ্য সংরক্ষণের এই স্বাধীন উদ্যোগ শুরু করেন।
রেবেকা লিন্ডসে বলেন, নির্ভরযোগ্য বৈজ্ঞানিক তথ্য রাজনৈতিক পরিবর্তনের কারণে মানুষের নাগালের বাইরে চলে যাওয়া উচিত নয়। তার মতে, জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা এবং তথ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা যেমন জরুরি, তেমনি জনসাধারণের জন্য তা সহজলভ্য রাখাও সমান গুরুত্বপূর্ণ।
বিশ্লেষকদের মতে, ক্লাইমেট নিয়ে ওয়েবসাইট শুধু একটি নতুন ওয়েবসাইট নয়; এটি দেখিয়ে দিয়েছে যে সরকারি চাকরি হারানোর পরও গবেষণা থেমে থাকে না। বরং বিজ্ঞানীরা একত্রিত হয়ে স্বাধীনভাবে জনস্বার্থে গবেষণা চালিয়ে যাওয়ার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে স্বল্প ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য সাশ্রয়ী মূল্যে বাড়ির মালিক হওয়ার সুযোগ তৈরি করেছে ক্লার্ক কাউন্টি। কাউন্টির ‘ওয়েলকাম হোম কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট’ কর্মসূচির আওতায় প্রথম ধাপের বাড়ি কেনার আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রথম প্রকল্প রেবেকা প্লেসে যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে বাড়ির ক্রেতা নির্বাচন করা হবে। ফক্স৫ লাস ভেগাসের ২৭ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, কর্মসূচিটির আওতায় দুটি আবাসন প্রকল্পে ২০০টির বেশি বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই কর্মসূচির বিশেষত্ব হলো, ক্রেতা বাড়ির মালিকানা পেলেও জমির মালিকানা থাকবে কাউন্টির হাতে। অর্থাৎ, বাড়ির কাঠামো কিনবেন ক্রেতা, কিন্তু জমি কাউন্টির মালিকানায় থাকবে। এ ব্যবস্থার মাধ্যমে প্রচলিত বাজারদরের তুলনায় কম দামে বাড়ি কেনার সুযোগ তৈরি করা হচ্ছে। পাঁচ বছর মালিকানা ধরে রাখার পর বাড়ির মালিক কিছু সম্পদমূল্য তৈরি করে সেটি বিক্রি করতে পারবেন। তবে কর্মসূচিটি বড় অঙ্কের মুনাফা অর্জনের জন্য নয়, বরং ভবিষ্যতেও বাড়িগুলো সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার লক্ষ্যেই তৈরি করা হয়েছে। ক্লার্ক কাউন্টির প্রথম আবাসন প্রকল্প রেবেকা প্লেস গড়ে উঠছে লাস ভেগাসের উত্তর-পশ্চিমাঞ্চলে ট্রপিক্যাল পার্কওয়ে ও রেবেকা রোডের কাছে। এখানে তিন ও চার শয়নকক্ষবিশিষ্ট একতলা বাড়ি নির্মাণ করা হচ্ছে। কাউন্টির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ির ধরন ও আয়তনভেদে এগুলোর সম্ভাব্য দাম প্রায় ২ লাখ ৬৭ হাজার ৪০০ ডলার থেকে ৩ লাখ ৪১ হাজার ২০০ ডলার। বাড়ি কেনার জন্য কমপক্ষে ৩ শতাংশ অগ্রিম অর্থ জমা দিতে হবে। দ্বিতীয় প্রকল্প ক্যাকটাস ট্রেইলস নির্মিত হবে ফেডারেল সরকারের জমিতে। পরিবারের সদস্যসংখ্যা ও প্রকল্পের ধরন অনুযায়ী বাড়ি কেনার যোগ্যতা নির্ধারণ করা হবে। ফক্স৫-এর প্রতিবেদন অনুযায়ী, দুটি প্রকল্প মিলিয়ে পরিবারের বার্ষিক আয়ের সীমা আনুমানিক ৪৫ হাজার থেকে ১ লাখ ডলারের মধ্যে। প্রথম পর্যায়ের রেবেকা প্লেসের জন্য পরিবারের আয় এলাকার মধ্যম আয়ের ৮০ শতাংশের বেশি এবং ১০০ শতাংশের মধ্যে হতে হবে। প্রাথমিক শর্ত অনুযায়ী, আবেদনকারীকে ক্লার্ক কাউন্টিতে বসবাস করতে হবে অথবা সেখানে কাজ করতে হবে। পরিবারের সদস্যসংখ্যা কমপক্ষে দুজন হতে হবে। গত পাঁচ বছরে বাড়ির মালিক না থাকা, ৬৪০ বা তার বেশি ক্রেডিট স্কোর এবং ৬০ হাজার ডলারের কম সম্পদ থাকার মতো শর্তও রয়েছে। বাড়ি কেনার আগ্রহীদের প্রথমে অনলাইনে অথবা সরাসরি একটি পরিচিতিমূলক সভায় অংশ নিতে হবে। পাশাপাশি বাড়ি কেনার বিষয়ে প্রশিক্ষণ এবং প্রাথমিক আবেদন সম্পন্ন করতে হবে। কাউন্টির ওয়েবসাইট অনুযায়ী, প্রথম ধাপের আবেদন ১৬ নভেম্বর খোলা হয়েছে। তবে ওই ধাপের আবেদন লিংক পেতে ১৫ নভেম্বরের আগে প্রাথমিক আবেদন সম্পন্ন করার শর্ত ছিল। যারা নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি, তারা পরবর্তী ধাপের জন্য প্রাথমিক আবেদন করতে পারবেন। ফক্স৫ জানিয়েছে, ইতোমধ্যে প্রায় ১ হাজার ৩০০ জন পরিচিতিমূলক সভায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। ক্লার্ক কাউন্টির কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট ব্যবস্থাপক মারগথ টেলো জানান, বাড়ির মালিক হওয়ার আগ্রহীদের মধ্যে তরুণ পরিবার, একক মা, বয়স্ক ব্যক্তি এবং বিভিন্ন বয়সের পরিবারের সদস্যরা রয়েছেন। যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রথম দফার বাড়ির ক্রেতা নির্বাচন করা হবে। ডিসেম্বর মাসে অন্যান্য বাড়ির জন্যও নতুন আবেদন গ্রহণের পরিকল্পনা রয়েছে। প্রথম দফায় নির্বাচিত বাড়ির মালিকেরা আগামী ফেব্রুয়ারিতে রেবেকা প্লেসে বসবাস শুরু করতে পারবেন বলে আশা করছে কর্তৃপক্ষ। তথ্যসূত্র: ফক্স৫ লাস ভেগাস ও ক্লার্ক কাউন্টি কর্তৃপক্ষ। 872 আইজেট
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এশীয় আমেরিকান রেস্তোরাঁ মালিকদের নতুন বাণিজ্য সংগঠনের আত্মপ্রকাশ
১৮ বছরের মেয়েকে হারিয়ে নির্ঘুম মা-বাবা, অন্যদিকে কারাগারে বিশেষ বালিশ চাইলেন অভিযুক্ত
ফ্লোরিডায় পূর্বপরিকল্পিত হ ত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার, নিজেই ৯১১-এ জানিয়েছিলেন স্বামীকে গুলি করার কথা
যুক্তরাষ্ট্রের মিনেসোটার হপকিন্স এলাকায় বর্বর হামলার শিকার হওয়ার ১৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সোমালি-আমেরিকান উবার চালক মোহাম্মদ ইউসুফ। গত ১৪ নভেম্বর হামলার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি এবং আটটি অস্ত্রোপচারের পরও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে; গত শনিবার কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের মিনেসোটা শাখা তার মৃত্যুর খবর নিশ্চিত করে। প্রসিকিউটরদের অভিযোগ অনুযায়ী, যাত্রী ২৫ বছর বয়সী সামিত অপূর্ব প্যাটেল সিটবেল্ট দিয়ে ইউসুফের গলা চেপে ধরেন এবং পরে তার গাড়ি দিয়ে তাকে চাপা দেন, যার ফলে ইউসুফের পাঁজর ও পায়ের একাধিক হাড় ভেঙে যায়, মেরুদণ্ড ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ দেখা দেয়। তদন্তে পুলিশ ইউসুফের গাড়ির ভেতরে একটি ফোনে চলমান কল খুঁজে পায়, যেখানে অপর প্রান্তে থাকা ইউসুফের ভাই পুরো কথোপকথন শুনছিলেন বলে জানা গেছে; অভিযোগ রয়েছে, প্যাটেল ইউসুফের নাম জেনে বলছিলেন যে এই নাম তার পছন্দ নয়। ঘটনার দিন রাত ১টা ২০ মিনিটের দিকে প্যাটেলের আচরণে উদ্বিগ্ন হয়ে তার বাবা-মা পুলিশের কাছে ওয়েলনেস চেকের অনুরোধ জানালে বাড়ির বাইরে ইউসুফের গাড়ি পাওয়া যায় এবং উবারের রেকর্ডেও প্যাটেলের যাত্রী হিসেবে ওঠার প্রমাণ মেলে। পুলিশি জিজ্ঞাসাবাদে প্যাটেল জন্মদিনের অনুষ্ঠানে মদ পানের কথা দাবি করলেও চালক কোথায় আছেন তা জানেন না বলে জানান, তবে পরে অলীক কিছু দেখে আতঙ্কিত হওয়ার কথা বলে দায় স্বীকার করেন। এই ঘটনায় হেনেপিন কাউন্টির প্রসিকিউটর মেরি মরিয়ার্টি প্যাটেলের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও গাড়ি ছিনতাইয়ের অভিযোগ আনেন এবং বিচারক পল স্কগিন তার ৮ লাখ ডলার জামিন নির্ধারণ করলে অর্থ পরিশোধ করে তিনি মুক্তি পান, যদিও তাকে মদ ও মাদক না নেওয়া এবং ইলেকট্রনিক মনিটরিংয়ের শর্ত দেওয়া হয়েছে। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের মিনেসোটা শাখার নির্বাহী পরিচালক জাইলানি হুসেইন জানিয়েছেন, ইউসুফ ও তার পরিবারের জন্য শনিবার সন্ধ্যায় স্মরণসভা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে; তবে ইউসুফের মৃত্যুর পর অভিযোগের ধারায় কোনো পরিবর্তন আনা হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি হেনেপিন কাউন্টি অ্যাটর্নির কার্যালয়।
যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে আইসের হাতে আটক সিলেটের নজরুল, বৈধ ওয়ার্ক পারমিটও ছিল
যুক্তরাষ্ট্রে স্ন্যাপ ভাতা জমার কয়েক মিনিটেই ১,৩৫৪ ডলার চুরি, ফেরত পাচ্ছেন না পাঁচ সন্তানের মা
ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট, ৭০ মিনিটের অস্ত্রোপচার শেষে সুস্থ আছেন মামদানি
যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) অভিযোগ নিষ্পত্তিতে ১০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক ফাস্ট-ফ্যাশন প্রতিষ্ঠান শেইন। গ্রাহকদের পণ্য সরবরাহে প্রতিশ্রুতি ভঙ্গ, নেতিবাচক গ্রাহক পর্যালোচনা গোপন করা এবং পণ্যের উৎস সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে এই সমঝোতা হয়েছে। অন্যদিকে, ভারতের বাজারেও প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না প্রতিষ্ঠানটি। দেশটির শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্সের সঙ্গে অংশীদারত্বে ২০২৫ সালে ভারতে ফিরে এলেও প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে শেইন। গত ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন শেইনের বিরুদ্ধে এই সমঝোতার ঘোষণা দেয়। এফটিসির অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি দ্রুত পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিলেও অনেক গ্রাহকের অর্ডার কয়েক দিন, সপ্তাহ এমনকি কয়েক মাস দেরিতে পৌঁছেছে। কিছু গ্রাহক অর্ডার করা পণ্য পাননি। পাশাপাশি পণ্যের নেতিবাচক পর্যালোচনা প্রকাশ না করে ইতিবাচক পর্যালোচনাকে প্রাধান্য দেওয়ার অভিযোগও আনা হয়েছে। সমঝোতার আওতায় ১০ কোটি ডলার গ্রাহকদের ক্ষতিপূরণ ও প্রতিকারমূলক ব্যবস্থায় ব্যবহারের কথা রয়েছে। এফটিসির অভিযোগে আরও বলা হয়েছে, শেইন যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ১০ লাখ প্যাকেট পাঠালেও ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত টেলিফোনে গ্রাহকদের অভিযোগ গ্রহণের জন্য তাদের কর্মী ছিল মাত্র পাঁচজন। অনেক গ্রাহকের অভিযোগের জবাবও দেওয়া হয়নি। এ ছাড়া শেইনের কিছু পণ্যে ব্যবহৃত তুলার উৎপত্তি এবং সরবরাহকারীদের শ্রমিক অধিকারসংক্রান্ত মান যাচাইয়ের দাবি নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি। এফটিসির বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে উৎপাদিত বলে দাবি করা কিছু তুলার উৎস পরীক্ষায় চীন বলে শনাক্ত হয়েছে। আবার কিছু পণ্যে ব্যবহৃত তুলার প্রকৃত উৎস নিশ্চিত করা যায়নি। তবে শেইন অভিযোগগুলোর সবকিছু স্বীকার করেনি। রয়টার্সকে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানিয়েছেন, সমঝোতার অংশ হিসেবে তারা গ্রাহক সুরক্ষা ও ব্যবসায়িক নিয়ম মেনে চলার কার্যক্রম আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে। তবে এফটিসির কিছু অভিযোগের সঙ্গে প্রতিষ্ঠানটির দ্বিমত রয়েছে এবং সমঝোতার অর্থ দেওয়াকে দায় স্বীকার হিসেবে দেখছে না শেইন। উল্লেখ্য, সমঝোতার প্রস্তাবটি ক্যালিফোর্নিয়ার কেন্দ্রীয় জেলা আদালতে দাখিল করা হয়েছে। বিচারকের অনুমোদন ও স্বাক্ষরের পরই প্রস্তাবিত চূড়ান্ত আদেশ আইনগতভাবে কার্যকর হবে। অন্যদিকে, ভারতের বাজারে শেইনের প্রত্যাবর্তনও প্রত্যাশা পূরণ করতে পারছে না। ২০২০ সালে নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের কারণে ভারত সরকার টিকটকসহ বেশ কয়েকটি চীনা অ্যাপ নিষিদ্ধ করার সময় শেইনের কার্যক্রমও বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুকেশ আম্বানির রিলায়েন্স রিটেইলের সঙ্গে লাইসেন্স চুক্তির মাধ্যমে দেশটিতে আবার কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। নতুন ব্যবস্থায় ভারতের বাজারে শেইন ব্র্যান্ড পরিচালনা, পণ্য নির্বাচন, বিপণন ও বিক্রির দায়িত্ব রিলায়েন্সের হাতে রয়েছে। তবে শেইনকে অধিগ্রহণ করেনি রিলায়েন্স; দুই প্রতিষ্ঠানের মধ্যে এটি একটি অংশীদারত্বভিত্তিক ব্যবস্থা। ভারতের বাজারে শেইনের দুর্বল অবস্থানের চিত্র উঠে এসেছে বাজার গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্যেও। ব্লুমবার্গের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের অক্টোবরে ভারতে শেইন অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল প্রায় ৬০ লাখ। বিপরীতে, দেশটির শীর্ষ অনলাইন ফ্যাশন প্ল্যাটফর্ম মিন্ত্রার মাসিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ১০ কোটি। অর্থাৎ ব্যবহারকারীর সংখ্যায় দুই প্রতিষ্ঠানের ব্যবধান বিশাল। শেইনের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারতে শেইনের ব্যবসা প্রত্যাশিত গতি না পাওয়ার পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছে ব্লুমবার্গ। এর মধ্যে রয়েছে সরবরাহব্যবস্থার জটিলতা, নেতৃত্বে অনিশ্চয়তা এবং শেইনের নিজস্ব প্রযুক্তির পূর্ণ সুবিধা না পাওয়া। চীনে প্রতিষ্ঠানটির বিশাল উৎপাদন নেটওয়ার্ক ও দ্রুত নতুন পোশাকের নকশা তৈরি এবং বাজারে আনার প্রযুক্তি রয়েছে। কিন্তু ভারতে রিলায়েন্সকে স্থানীয় উৎপাদনকারীদের নিয়ে নতুন সরবরাহব্যবস্থা গড়ে তুলতে হচ্ছে। ফলে উৎপাদনে অতিরিক্ত সময়, অপচয় এবং পণ্য সরবরাহে বিলম্বের মতো সমস্যা তৈরি হচ্ছে। শেইন ভারতে নিষিদ্ধ থাকার সময় দেশটির অনলাইন ফ্যাশন বাজারে প্রতিযোগিতা আরও বেড়েছে। মিন্ত্রা, মিশো, টাটা গ্রুপের ট্রেন্ট এবং আদিত্য বিড়লা ফ্যাশনের মতো প্রতিষ্ঠানগুলো নিজেদের অবস্থান শক্ত করেছে। সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় শেইনের বিজ্ঞাপন ব্যয় ৬০ শতাংশ বাড়লেও অ্যাপ ডাউনলোড কমেছে ৭৩ শতাংশ। ওই মাসে ডাউনলোডের সংখ্যা ছিল প্রায় ৭ লাখ ৯০ হাজার, যা অক্টোবরে আরও কমে ৭ লাখ ৪০ হাজারে দাঁড়ায়। ভারতের ব্যবহারকারীরা সপ্তাহে গড়ে মাত্র চার মিনিট শেইন অ্যাপে সময় কাটাচ্ছেন, যা প্রতিষ্ঠানটির বৈশ্বিক গড় সময়ের চেয়েও কম। বিশ্বের অন্যতম বড় জনসংখ্যার দেশ ভারতের ফ্যাশন বাজারকে ঘিরে শেইনের প্রত্যাশা এখনো অনেক। ২০২৮ সালের মধ্যে দেশটির অনলাইন ফ্যাশন ও লাইফস্টাইল বাজার ৪৫০০ কোটি ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রে গ্রাহক সুরক্ষা নিয়ে নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ এবং ভারতে বাজার পুনরুদ্ধারের চ্যালেঞ্জ প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক ব্যবসার সামনে নতুন চাপ তৈরি করেছে। আম্বানির রিলায়েন্সের মতো শক্তিশালী অংশীদার পাওয়ার পরও শেইনের ভারতীয় প্রত্যাবর্তন এখনো প্রত্যাশিত সাফল্যের মুখ দেখেনি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, এক ঘণ্টায় ৩১টি কম্পন ও পরাঘাত
ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি

