গ্রিন কার্ডধারীদের পুনঃপ্রবেশে কঠোরতা, বিদেশ থেকে ফিরছেন? বাড়তে পারে জটিলতা
যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে একাধিক গুরুত্বপূর্ণ আইনি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট, ফেডারেল আপিল আদালত এবং জেলা আদালতের সাম্প্রতিক তিনটি রায়। একদিকে দ্রুত বহিষ্কার কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে, অন্যদিকে বিদেশ সফর শেষে ফেরা গ্রিন কার্ডধারীদের ক্ষেত্রে সীমান্ত কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে। একই সময়ে অভিবাসন আদালত প্রাঙ্গণে গ্রেপ্তার ও দীর্ঘ সময় আটকে রাখার নীতির বিরুদ্ধে দেশব্যাপী নিষেধাজ্ঞাও জারি করেছে একটি ফেডারেল আদালত।
যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যু দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক, আইনি লড়াই এবং জনমতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ব্যাপক অভিবাসন অভিযান, দ্রুত বহিষ্কার নীতি এবং কঠোর সীমান্ত ব্যবস্থাপনা নতুন করে আলোচনায় এসেছে। সাম্প্রতিক তিনটি রায় অভিবাসন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিটের ফেডারেল আপিল আদালত ট্রাম্প প্রশাসনকে অনথিভুক্ত অভিবাসীদের দ্রুত বহিষ্কার কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দিয়েছে। এর ফলে সীমান্তবর্তী এলাকা ছাড়াও দেশের অভ্যন্তরে অবস্থানরত অনথিভুক্ত অভিবাসীদের বিচারকের সামনে পূর্ণাঙ্গ শুনানির সুযোগ ছাড়াই দ্রুত বহিষ্কার করা যাবে। মঙ্গলবার দেওয়া রায়ে তিন বিচারকের একটি বেঞ্চ নিম্ন আদালতের দেওয়া স্থগিতাদেশ বাতিল করে। এর মাধ্যমে প্রশাসনের সম্প্রসারিত ‘দ্রুত বহিষ্কার’ নীতি আবার কার্যকর করার পথ উন্মুক্ত হয়।
দ্রুত বহিষ্কার পদ্ধতিতে কোনো অভিবাসীকে অভিবাসন আদালতে পূর্ণাঙ্গ শুনানির সুযোগ না দিয়েই দেশ থেকে ফেরত পাঠানো সম্ভব। আগে এই ব্যবস্থা সীমান্তে আটক বা সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োগ করা হতো। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন এর আওতা বাড়িয়ে সারা দেশে বসবাসরত অনথিভুক্ত অভিবাসীদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য করে।
এরপর থেকে অভিবাসন সংক্রান্ত শুনানির জন্য আদালতে আসা অনেক ব্যক্তিকে আদালত প্রাঙ্গণ থেকেই আটক করে কয়েক দিনের মধ্যে বহিষ্কারের অভিযোগ ওঠে। রায়ের পর আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) ইমিগ্র্যান্টস রাইটস প্রজেক্টের জ্যেষ্ঠ আইনজীবী আনন্দ বালাকৃষ্ণন বলেন, এই নীতি এমন একটি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে যেখানে ভুল সিদ্ধান্তের ঝুঁকি রয়েছে এবং অভিবাসীরা ন্যায্য আইনি প্রক্রিয়া থেকে বঞ্চিত হতে পারেন।
তবে আপিল আদালতের বিচারক জাস্টিন আর ওয়াকার রায়ে বলেন, বাদীপক্ষ প্রমাণ করতে পারেনি যে সম্প্রসারিত দ্রুত বহিষ্কার নীতি সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে। তার মতে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কেন নেওয়া হচ্ছে, সে বিষয়ে তাদের জানানো হয় এবং জবাব দেওয়ার সুযোগও দেওয়া হয়।
এর আগে নিম্ন আদালতের বিচারক জিয়া কব যুক্তি দিয়েছিলেন, প্রশাসন এমন কোনো পর্যাপ্ত ব্যবস্থা গড়ে তুলতে পারেনি যা নিশ্চিত করবে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যক্তিরা ভুলবশত দ্রুত বহিষ্কারের শিকার হবেন না। তিনি এমন কয়েকটি ঘটনার উল্লেখ করেন, যেখানে দুই বছরের বেশি সময় ধরে দেশে অবস্থানকারী ব্যক্তিদেরও দ্রুত বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছিল।
আপিল আদালত স্বীকার করেছে যে কিছু ক্ষেত্রে ভুল হয়েছে। তবে আদালতের মতে, এসব ঘটনা পৃথক কর্মকর্তাদের আইন অনুসরণে ব্যর্থতার ফল, নীতিগত বা প্রক্রিয়াগত ত্রুটির কারণে নয়। ট্রাম্প প্রশাসনের দাবি, অবৈধ অভিবাসন মোকাবিলায় দ্রুত বহিষ্কার ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। বিচার বিভাগ আদালতে বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসনের চাপ বৃদ্ধি পাওয়ায় এই নীতি প্রশাসনকে আরও কার্যকরভাবে বহিষ্কার কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে গ্রিন কার্ডধারীদের বহিষ্কারের ক্ষেত্রে ফেডারেল সীমান্ত কর্মকর্তাদের ক্ষমতা আরও বাড়িয়েছে। আদালতের এই সিদ্ধান্তের ফলে বিদেশ সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার সময় কোনো গ্রিন কার্ডধারীর বিরুদ্ধে ‘নৈতিক স্খলনমূলক অপরাধে’ (মোরাল টারপিটিউড) জড়িত থাকার যুক্তিসঙ্গত সন্দেহ থাকলেই তাকে দেশে প্রবেশে বাধা দেওয়া সহজ হবে।
মঙ্গলবার ৬-৩ ভোটের সংখ্যাগরিষ্ঠ রায়ে সুপ্রিম কোর্ট জানায়, সীমান্ত কর্মকর্তাদের আর স্পষ্ট ও শক্ত প্রমাণ দিয়ে দেখাতে হবে না যে কোনো গ্রিন কার্ডধারী প্রকৃতপক্ষে এমন অপরাধ করেছেন। কর্মকর্তাদের কাছে বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ থাকলেই তারা ওই ব্যক্তির যুক্তরাষ্ট্রে পুনঃপ্রবেশের অধিকার প্রশ্নবিদ্ধ করতে পারবেন।
বিচারপতি ক্লারেন্স থমাস সংখ্যাগরিষ্ঠ মতামতে বলেন, বিদ্যমান অভিবাসন আইন সরকারকে অপরাধের বিষয়টি ‘স্পষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ’ দিয়ে প্রতিষ্ঠা করার বাধ্যবাধকতা দেয় না। এই রায়কে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় আইনি সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রবেশবন্দরগুলোতে গ্রিন কার্ডধারীদের স্থায়ী বাসিন্দা মর্যাদা বাতিল বা সীমিত করার ক্ষেত্রে সীমান্ত কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধি পাবে।
মামলাটি করেছিলেন চীনা নাগরিক ও যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী মুক চই লাউ। ২০১২ সালে চীন সফর শেষে নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরার সময় নিউ জার্সিতে ট্রেডমার্ক জালিয়াতি সংক্রান্ত অভিযোগের কারণে তাকে আনুষ্ঠানিকভাবে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে তিনি শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও এক বছর পর ওই অভিযোগে দোষ স্বীকার করেন এবং তার বিরুদ্ধে বহিষ্কারের আদেশ জারি করা হয়।
লাউ দাবি করেছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘নৈতিক স্খলনমূলক অপরাধ’ হিসেবে গণ্য হওয়ার কথা নয়। তবে সুপ্রিম কোর্ট তার যুক্তি গ্রহণ করেনি। ভিন্নমত পোষণকারী বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসন বলেন, সরকারকে প্রথমে প্রমাণ করতে হবে যে কোনো ব্যক্তি সত্যিই অপরাধ করেছেন, তারপরই তার গ্রিন কার্ডধারী মর্যাদা বাতিল করা যেতে পারে। তিনি সতর্ক করে বলেন, এই রায়ের মাধ্যমে সরকারকে অত্যন্ত বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে অভিবাসীদের অধিকার ক্ষুণ্ন করতে পারে। তার সঙ্গে বিচারপতি সোনিয়া সোটোমেয়র ও এলেনা কেগানও একমত হন।
অভিবাসন ইস্যুতে সরকারের পক্ষে দুটি গুরুত্বপূর্ণ রায় এলেও একই দিনে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের আরেকটি নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়ার জেলা আদালতের বিচারক পি. কেসি পিটস দেশব্যাপী একটি নিষেধাজ্ঞা জারি করে বলেন, অভিবাসন আদালতে হাজির হওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করার নীতি এবং ১২ ঘণ্টার বেশি সময় ধরে আটক রাখার নীতি আইনবিরোধী।
৭১ পৃষ্ঠার রায়ে তিনি উল্লেখ করেন, প্রশাসন এসব নীতি গ্রহণের ক্ষেত্রে যৌক্তিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে এবং প্রশাসনিক আইন লঙ্ঘন করেছে। ট্রাম্প প্রশাসনের সময় থেকেই অভিবাসন আদালতের বাইরে আইসিই কর্মকর্তাদের অবস্থান এবং শুনানিতে অংশ নিতে আসা ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা বাড়তে থাকে। সমালোচকদের মতে, এতে অভিবাসীরা আদালতে হাজির হতে ভয় পান এবং ন্যায়বিচার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়।
বিচারক পিটস বলেন, আইসিই যাদের গ্রেপ্তার করছে তারা অন্য কোনো অপরাধে অভিযুক্ত নন। যে অভিবাসন মামলার শুনানির জন্য তারা আদালতে আসছেন, সেই মামলার কারণেই তাদের আটক করা হচ্ছে। তিনি আরও বলেন, দীর্ঘ সময় আটক রাখার নীতি পঞ্চম সংশোধনীর অধীনে ব্যক্তির সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে। এই রায়ের ফলে আপাতত দেশজুড়ে অভিবাসন আদালতে গ্রেপ্তার অভিযান এবং নির্ধারিত সীমার অতিরিক্ত আটক রাখার নীতি স্থগিত থাকবে।
তিনটি রায় একসঙ্গে পর্যালোচনা করলে দেখা যায়, যুক্তরাষ্ট্রের আদালতগুলো অভিবাসন প্রশ্নে একক অবস্থানে নেই। জাতীয় নিরাপত্তা, সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে সরকারের ক্ষমতা কতদূর বিস্তৃত হতে পারে এবং সেই ক্ষমতার মুখে ব্যক্তির সাংবিধানিক অধিকার কতটা সুরক্ষিত থাকবে, তা নিয়ে বিভিন্ন আদালতে ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে।
সুপ্রিম কোর্ট ও আপিল আদালতের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের বহিষ্কার কার্যক্রমকে আরও গতিশীল করার সুযোগ তৈরি করেছে। বিশেষ করে গ্রিন কার্ডধারী এবং অনথিভুক্ত অভিবাসীদের ক্ষেত্রে সরকারের প্রয়োগক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার রায় দেখিয়েছে, আদালত এমন পদক্ষেপে হস্তক্ষেপ করতে প্রস্তুত, যা অভিবাসীদের ন্যায়বিচার পাওয়ার সুযোগ সীমিত করতে পারে।
আনন্দ বালাকৃষ্ণন বলেছেন, দ্রুত বহিষ্কার নীতির সম্প্রসারণ এমন একটি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে যেখানে ভুল সিদ্ধান্তের ঝুঁকি রয়েছে এবং অনেক অভিবাসী পূর্ণাঙ্গ আইনি শুনানির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। তার মতে, বিচারিক পর্যালোচনার সুযোগ সীমিত হয়ে গেলে বৈধভাবে বসবাসরত অনেক মানুষও ভুলবশত বহিষ্কারের ঝুঁকিতে পড়তে পারেন।
অন্যদিকে অভিবাসন অধিকারবিষয়ক সংগঠন অ্যালায়েন্স ফর জাস্টিস মনে করছে, সুপ্রিম কোর্টের ‘ব্ল্যাঞ্চ বনাম লাউ’ রায় সরকারের হাতে গ্রিন কার্ডধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আরও বিস্তৃত করেছে। সংগঠনটির মতে, এই সিদ্ধান্ত ভবিষ্যতে বৈধ স্থায়ী বাসিন্দাদের জন্য নতুন ধরনের আইনি অনিশ্চয়তা তৈরি করতে পারে।
সুপ্রিম কোর্টের ভিন্নমত দেওয়া বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসনও রায়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, আদালতের সিদ্ধান্ত সরকারের হাতে একটি ‘বড় ধরনের খালি চেক’ তুলে দিয়েছে, যার ফলে কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই তার স্থায়ী আবাসিক মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে।
অন্যদিকে অভিবাসন আদালত প্রাঙ্গণে গ্রেপ্তারবিরোধী মামলায় জয়ী অধিকারকর্মীরা বলছেন, আদালতের এই সিদ্ধান্ত অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা তৈরি করেছে। তাদের মতে, আদালতে উপস্থিত হওয়ার কারণে গ্রেপ্তারের আশঙ্কা থাকলে ন্যায়বিচার পাওয়ার পুরো প্রক্রিয়াই বাধাগ্রস্ত হয়। ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের রায় সেই আশঙ্কা কমাতে সহায়তা করবে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে বাড়ির দাম, মর্টগেজের কিস্তি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেকের জন্য নিজের বাড়ি কেনা কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বিকল্প আবাসন ব্যবস্থা হিসেবে আলোচনায় আসছে ছোট আকারের বাড়ি, যা পরিচিত ‘টিনি হোম’ নামে। মাত্র কয়েকশ বর্গফুটের এসব বাড়িতে থাকতে পারে ছোট্ট একটি রান্নাঘর, বেডরুম, বাথরুম এবং বসার ঘর। আধুনিক নকশায় সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে তৈরি করা হয় এসব বাড়ি। অনেক বাড়িতে থাকে বহুমুখী আসবাব, ভাঁজ করা টেবিল, সিঁড়ির নিচে স্টোরেজ এবং ছাদের কাছাকাছি আলাদা ঘুমানোর ব্যবস্থা। টিনি হোমের বিশেষত্ব হলো, তুলনামূলক ছোট জায়গায় প্রয়োজনীয় সব আবাসন সুবিধা একসঙ্গে পাওয়া। কিছু বাড়ি চাকার ওপর তৈরি করা হয়, ফলে সেগুলো প্রয়োজনে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। আবার কিছু বাড়ি স্থায়ী ভিত্তির ওপর নির্মাণ করা হয়। নির্মাণের ধরন, আকার, উপকরণ ও অবস্থান অনুযায়ী এসব বাড়ির দাম ভিন্ন হয়ে থাকে। শুধু টিনি হোম নয়, যুক্তরাষ্ট্রে ছোট আকারের স্বতন্ত্র আবাসন ইউনিট বা অ্যাকসেসরি ডুয়েলিং ইউনিটের (এডিইউ) প্রতিও আগ্রহ বাড়ছে। মূল বাড়ির পেছনে, পাশে কিংবা গ্যারেজের জায়গায় তৈরি করা যায় এসব ছোট বাড়ি। এগুলো পরিবারের সদস্যদের থাকার পাশাপাশি ভাড়া দেওয়ার জন্যও ব্যবহার করা হয়। পিউ চ্যারিটেবল ট্রাস্টের ২০২৬ সালের অক্টোবরের এক গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ২০২৫ সালে এডিইউ নির্মাণের জন্য ৬১ হাজার ৬৫৫টি পারমিট দেওয়া হয়েছে। ২০১৬ সালে এই সংখ্যা ছিল মাত্র ৪ হাজার ৯৬২। অর্থাৎ এক দশকের ব্যবধানে এ ধরনের আবাসন নির্মাণের অনুমোদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই পরিসংখ্যান এডিইউ-সংক্রান্ত, সরাসরি টিনি হোমের সংখ্যা নয়। ছোট বাড়ির প্রতি আগ্রহ বাড়ার পেছনে রয়েছে আবাসন ব্যয় কমানো, সীমিত জায়গার কার্যকর ব্যবহার এবং তুলনামূলক সহজ জীবনযাপনের আকাঙ্ক্ষা। অনেকেই বড় বাড়ির পরিবর্তে ছোট পরিসরে বসবাস করে রক্ষণাবেক্ষণ ও অন্যান্য খরচ কমানোর বিষয়টি বিবেচনা করছেন। তবে যুক্তরাষ্ট্রের সব এলাকায় সব ধরনের টিনি হোম নির্মাণ বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি নেই। স্থানীয় জোনিং আইন, ভবন নির্মাণের বিধিমালা, জমির ব্যবহার, ন্যূনতম আকার এবং নিরাপত্তাসংক্রান্ত শর্তের ওপর অনুমোদন নির্ভর করে। চাকার ওপর তৈরি বাড়ি এবং স্থায়ী ভিত্তির ওপর নির্মিত বাড়ির ক্ষেত্রেও নিয়ম আলাদা হতে পারে। সব মিলিয়ে, প্রচলিত বড় বাড়ির বাইরে টিনি হোম যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে একটি বিকল্প ধারণা হিসেবে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে বাড়ির ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে যারা ছোট পরিসরে নিজের আবাসন গড়ে তুলতে চান, তাদের কাছে এটি বিবেচনার একটি নতুন সুযোগ হতে পারে।
যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান
যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা
নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক
প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় নির্ধারিত দিনে পিছিয়ে যাওয়া ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড আজ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই আয়োজনে পারফর্ম করছেন কুইন লতিফা, এলএল কুল জে এবং কেকি পামারের মতো জনপ্রিয় তারকারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে থ্যাংকসগিভিংয়ের দিন প্যারেডটি স্থগিত করা হয়েছিল। তবে নির্ধারিত রুট অনুযায়ী ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইড থেকে শুরু হয়ে মেসিসের প্রধান হেরাল্ড স্কয়ার স্টোর পর্যন্ত প্রায় আড়াই মাইল পথ অতিক্রম করছে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। এবারের আয়োজনে রেকর্ডসংখ্যক ১০০টি বিশাল ইনফ্ল্যাটেবল বা বেলুন অংশ নিচ্ছে। নতুন বেলুনের তালিকায় রয়েছে ‘ব্লুই’ ও ‘হ্যালো কিটি বিগ অ্যাপল’-এর মতো চরিত্র। পাশাপাশি দর্শকদের চেনা ও প্রিয় পুরনো বেলুনগুলোর মধ্যে ফিরে এসেছে ‘আন্ডারডগ’ ও ‘ব্লু হিপ্পো’। পুরো প্যারেডটি সঞ্চালনা করছেন এনবিসির সাভানা গাথরি, হোদা কোটব এবং আল রোকার। নেটওয়ার্ক সূত্রে জানা গেছে, সব টাইম জোনে এনবিসি ও পিকক-এ অনুষ্ঠানটি সম্প্রচার ও স্ট্রিমিং করা হচ্ছে। এ ছাড়া টেলিমুন্ডোতেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন। 873 ডিএন
পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে
সেমি-অটোমেটিক রাইফেল নিষিদ্ধের মামলায় মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শুনানি
ডিসেম্বরের ভিসা বুলেটিন প্রকাশ, বাংলাদেশিদের পারিবারিক গ্রিন কার্ডে কী পরিবর্তন আসছে?
যুক্তরাজ্যের সাফোক অঞ্চলে অবস্থিত আরএএফ লেকেনহিথ বিমানঘাঁটির কাছে একাধিক অশনাক্ত ড্রোনের উপস্থিতি ও সেগুলো প্রতিহত করার ঘটনায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। চলতি মাসের শুরুতে ঘটা এই ঘটনায় ইরানের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে সন্দেহ করা হলেও, ড্রোনগুলো উদ্ধার করা সম্ভব না হওয়ায় সেগুলোর উৎস ও উদ্দেশ্য এখনো অস্পষ্ট রয়ে গেছে। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, গত ১৩ নভেম্বর রাতে ঘাঁটির আকাশে সন্দেহভাজন অননুমোদিত ড্রোন কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও মার্কিন বা ব্রিটিশ কোনো পক্ষই ড্রোনগুলো উদ্ধার করতে পারেনি। তবে এ ঘটনায় কোনো সেনাসদস্য, যুদ্ধবিমান বা অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে মার্কিন বিমান বাহিনী। ড্রোনগুলো শত্রুতাপূর্ণ ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার সময় ঘাঁটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল এবং সাইরেন বাজিয়ে কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছিল। ঘাঁটির নিরাপত্তায় ব্রিটিশ বাহিনীকেও মোতায়েন করা হয়। ইউরোপে মার্কিন বাহিনীর সবচেয়ে বড় যুদ্ধবিমান অভিযান পরিচালিত হয় আরএএফ লেকেনহিথ থেকেই, যেখানে প্রায় সাত হাজার কর্মী কর্মরত রয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, ড্রোনগুলো আটকাতে মার্কিন কাউন্টার-ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হলেও অপারেশনাল নিরাপত্তার স্বার্থে কোন ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি যুক্তরাষ্ট্র। এ বিষয়ে হোয়াইট হাউস ও পেন্টাগনের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার গুঞ্জন উঠলেও এখন পর্যন্ত তেহরানের ভূমিকা প্রমাণিত হয়নি। ড্রোন উদ্ধার না হওয়ায় কে বা কারা এগুলো পরিচালনা করেছিল এবং এর লক্ষ্য কী ছিল, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। সাম্প্রতিক সময়ে ব্রিটেনের অন্যান্য সামরিক ঘাঁটি—যেমন আরএএফ ফেয়ারফোর্ড ও আরএএফ মাইল্ডেনহল ঘিরে নিরাপত্তা সতর্কতা ও ইরান-সংশ্লিষ্ট হুমকির প্রেক্ষাপটে যুদ্ধবিমান সরিয়ে নেওয়ার মতো ঘটনাও সামনে এসেছে। যদিও তেহরান এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে, তবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে নজরদারি ও ড্রোনবিরোধী সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র: দ্য সানডে গার্ডিয়ান 873 ডিএন
গ্রিন কার্ড পেতে কঠোর নিয়মের প্রস্তাব, বিপাকে পড়তে পারেন বাংলাদেশি প্রবাসীরা
ব্ল্যাক ফ্রাইডেতে নিজের ২ হাজার ডলারের পুরস্কার অসহায় পরিবারকে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক মার্কিন নাগরিক

