সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

চারবার এইচ-১বি ভিসা লটারিতে ব্যর্থ, আজ তিনি গ্রিন কার্ডধারী উদ্যোক্তা

Unknown প্রকাশ: জুন ২০, ২০২৬ ২৩:৩৫
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও কর্মজীবনের স্বপ্ন নিয়ে আসা হাজারো অভিবাসীর মতোই অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়েছিল নেপালে জন্ম নেওয়া প্রযুক্তি পেশাজীবী প্রতীক কার্কিকে। চারবার এইচ-১বি ভিসা লটারিতে ব্যর্থ হওয়ার পর অনেকেই হয়তো যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতি নিতেন। কিন্তু তিনি বেছে নিয়েছিলেন ভিন্ন পথ।

 

গুগলের প্রায় তিন লাখ ডলার বার্ষিক বেতনের চাকরি ছেড়ে নিজের স্বপ্নের পেছনে ছুটেছিলেন প্রতীক। সেই সিদ্ধান্তের দুই বছর পর তিনি এখন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী, পাশাপাশি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই যাত্রার গল্প শেয়ার করেন প্রতীক। তার সেই পোস্ট ইতোমধ্যে এক লাখের বেশি মানুষের নজর কেড়েছে।

তবে এই গল্পের শুরু তার নিজের নয়, বরং তার বাবাকে দিয়ে। প্রতীকের বাবা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলেতে পোস্টডক্টরাল গবেষণা করেছিলেন। কিন্তু পারিবারিক পরিস্থিতির কারণে দুই সন্তানকে একা বড় করার দায়িত্ব কাঁধে নিয়ে তাকে যুক্তরাষ্ট্রের জীবন ছেড়ে নেপালে ফিরে যেতে হয়।

 

প্রতীক লেখেন, “নেপাল ছাড়ার পর থেকে আমার প্রতিটি পদক্ষেপই ছিল বাবার অসমাপ্ত স্বপ্নকে এগিয়ে নেওয়ার চেষ্টা।”

পরে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং প্রযুক্তি জায়ান্ট গুগলে চাকরি পান। কিন্তু তার যুক্তরাষ্ট্রে থাকা নির্ভর করছিল এইচ-১বি ভিসা লটারির ওপর। এই ব্যবস্থায় প্রতিবছর লটারির মাধ্যমে সীমিতসংখ্যক কর্মভিসা অনুমোদন দেওয়া হয়।

 

একবার নয়, টানা চারবার আবেদন করেও নির্বাচিত হতে পারেননি প্রতীক। তখন তার সামনে দুটি পথ খোলা ছিল, অন্য দেশে চলে যাওয়া অথবা নেপালে ফিরে যাওয়া।

সেই সময়ের অনুভূতির কথা বলতে গিয়ে তিনি লেখেন, “আমার সঙ্গী এখানে ছিল, আমাদের গড়ে তোলা জীবন এখানে ছিল। অথচ একটি লটারির ফল সবকিছু বদলে দিতে পারত।”

 

প্রতীক জানান, সেদিন রাতে স্ত্রী তাকে সাহস জুগিয়েছিলেন। তাদের কিছু সঞ্চয় ছিল এবং স্ত্রী তাকে মনে করিয়ে দেন, এটি তার দীর্ঘদিনের স্বপ্ন।

এরপর মাত্র ২৭ বছর বয়সে বড় সিদ্ধান্ত নেন তিনি। গুগলের চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার পথে হাঁটেন।

চাকরি ছাড়ার পরের সময়টা সহজ ছিল না। সান ফ্রান্সিসকোতে বন্ধু, পরামর্শক ও অন্যান্য উদ্যোক্তাদের সঙ্গে কাজ করে তিনি বিভিন্ন ব্যবসায়িক ধারণা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। দীর্ঘ আলোচনা ও অনিশ্চয়তার মধ্যেই তিনি বুঝতে পারেন, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের সুযোগ রয়েছে।

 

গুগলে কাজ করার সময় তিনি লক্ষ্য করেছিলেন, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্পে নির্ভরযোগ্য মানব-তথ্য ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। এই সমস্যা সমাধানের লক্ষ্য নিয়েই এক সহ-প্রতিষ্ঠাতার সঙ্গে মিলে তিনি ‘অ্যানথ্রোমাইন্ড’ নামে একটি নতুন প্রতিষ্ঠান গড়ে তোলেন।

 

গুগলের চাকরি ছাড়ার পর ভিসা-সংক্রান্ত নতুন চ্যালেঞ্জও সামনে আসে। প্রচলিত এইচ-১বি পথ বাদ দিয়ে তিনি ও-১ ভিসার জন্য আবেদন করেন। অসাধারণ দক্ষতা বা বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই ভিসা দেওয়া হয়।

 

প্রতীক জানান, গুগলে কাজের অভিজ্ঞতা, বিভিন্ন প্রযুক্তি প্রতিযোগিতার বিচারক হিসেবে ভূমিকা এবং তার প্রকাশিত লেখাগুলো আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষ পর্যন্ত তার আবেদন অনুমোদিত হয়।

এরপর তিনি ইবি-১ ক্যাটাগরির গ্রিন কার্ডও লাভ করেন। সম্প্রতি তিনি ও তার স্ত্রী দুজনই গ্রিন কার্ড হাতে পেয়েছেন।

নিজের সাফল্যের কথা জানাতে গিয়ে প্রতীক লেখেন, “দুইজন অভিবাসী, একটি কোম্পানি এবং রান্নাঘরের টেবিলে হওয়া একটি কথোপকথন সবকিছু বদলে দিয়েছে। বাবা, এই অর্জন তোমার জন্য।”

 

প্রযুক্তি খাতে কর্মরত অভিবাসীদের জন্য প্রতীকের গল্প এখন অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। ভিসা অনিশ্চয়তা, কর্মজীবনের ঝুঁকি এবং নতুন উদ্যোগের চ্যালেঞ্জ পেরিয়ে তিনি দেখিয়েছেন, ব্যর্থতা কখনও কখনও নতুন পথেরও সূচনা হতে পারে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে আইসের হাতে আটক সিলেটের নজরুল, বৈধ ওয়ার্ক পারমিটও ছিল
যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে আইসের হাতে আটক সিলেটের নজরুল, বৈধ ওয়ার্ক পারমিটও ছিল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস পুলিশের হাতে আটক হয়েছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা নজরুল ইসলাম। গত ১৯ নভেম্বর নিউইয়র্ক থেকে বিমানে করে এক বন্ধুর সঙ্গে মিশিগান যাওয়ার পথে বিমানবন্দরে অভিবাসন-সংক্রান্ত তথ্য যাচাইয়ের সময় কর্তৃপক্ষ তাকে আটক করে।   পরবর্তীতে গ্রেপ্তার দেখিয়ে তাকে প্রথমে নিউজার্সির একটি আইস ডিটেনশন সেন্টারে এবং সেখান থেকে নিউইয়র্কের বাফেলো ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। গত পাঁচ বছর ধরে নিউইয়র্কে বসবাসরত নজরুলের আশ্রয় বা অ্যাসাইলাম আবেদন এখনো বিচারাধীন রয়েছে এবং তিনি বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছিলেন।   নজরুলের আটকের খবর ছড়িয়ে পড়ার পর তার আইনি সহায়তায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতি। সংগঠনটির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু জানিয়েছেন, নজরুলের জামিনের ব্যবস্থা করতে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং বাংলাদেশে থাকা তার পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে।   এ প্রসঙ্গে ইমিগ্রেশন অ্যাটর্নি মইন চৌধুরী সতর্ক করে বলেন, যাদের স্থায়ী বৈধ অভিবাসন কাগজপত্র নেই কিংবা যাদের অ্যাসাইলাম আবেদন ও আদালতের মামলা এখনো বিচারাধীন, তাদের অভ্যন্তরীণ বিমান ভ্রমণ ও চলাফেরার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।   এদিকে, বাফেলো ডিটেনশন সেন্টারে বাংলাদেশি অভিবাসীদের আটকের সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয় কমিউনিটিতে উদ্বেগ দেখা দিয়েছে। বাফেলোতে বসবাসরত স্থানীয় বাংলাদেশি সাংবাদিক আরিফুল ইসলাম জানান, বর্তমানে ওই ডিটেনশন সেন্টারে প্রায় ৫০ জন বাংলাদেশি আটক রয়েছেন এবং গত তিন মাসে তাদের মধ্যে ১২ জনকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।   নজরুল ইসলামের সাম্প্রতিক আটকের ঘটনা নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে নতুন করে উৎকণ্ঠা তৈরি করেছে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৭:৭
পাঁচ সন্তানের মা নিকিতা ফ্লাওয়ার্স

যুক্তরাষ্ট্রে স্ন্যাপ ভাতা জমার কয়েক মিনিটেই ১,৩৫৪ ডলার চুরি, ফেরত পাচ্ছেন না পাঁচ সন্তানের মা

ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট, ৭০ মিনিটের অস্ত্রোপচার শেষে সুস্থ আছেন মামদানি

ফুটবল খেলতে গিয়ে গুরুতর চোট, ৭০ মিনিটের অস্ত্রোপচার শেষে সুস্থ আছেন মামদানি

যুক্তরাষ্ট্রে গ্রাহককে বিভ্রান্ত করায় ১০ কোটি ডলারের সমঝোতা, আম্বানির হাত ধরেও বাজার হারাচ্ছে শেইন

যুক্তরাষ্ট্রে গ্রাহককে বিভ্রান্ত করায় ১০ কোটি ডলারের সমঝোতা, আম্বানির হাত ধরেও বাজার হারাচ্ছে শেইন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, এক ঘণ্টায় ৩১টি কম্পন ও পরাঘাত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ম্যানহাটান বিচ উপকূলের কাছে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) ৫.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ম্যানহাটান বিচ থেকে প্রায় ৬ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে।   মূল কম্পনের পরপরই ওই এলাকায় এক ঘণ্টার ব্যবধানে ২.৫ থেকে ৫.০ মাত্রার অন্তত ৩১টি ভূমিকম্প ও পরাঘাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ২.৫, ২.৮, ৩.০, ৩.৭ ও ৩.৮ মাত্রার একাধিক কম্পন ছিল। তবে জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই।   ভূমিকম্পের পরপরই লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট বা এলএএফডি ‘আর্থকোয়েক মোড’ সক্রিয় করে শহরের ১০৬টি ফায়ার স্টেশনের কর্মীদের স্থল, আকাশ ও সমুদ্রপথে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে নামায়। সকাল ১০টা ৪০ মিনিটে সংস্থাটি জানায়, প্রাথমিক পর্যবেক্ষণে বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।   যদিও ম্যানহাটান বিচের এক বাসিন্দার রান্নাঘরে কাচের সামগ্রী ভেঙে পড়ার এবং লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে কাচের টুকরো ছড়িয়ে থাকার খবর পাওয়া গেছে। প্রবীণ ভূমিকম্প বিশেষজ্ঞ ড. লুসি জোন্স জানান, উপকূলীয় এলাকায় কম্পন সৃষ্টি হওয়ায় দূরত্বের সঙ্গে ঝাঁকুনি দ্রুত কমে এসেছে।   লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস বাসিন্দাদের সম্ভাব্য পরাঘাতের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ‘ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন’ বিধি অনুসরণের পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানান, জরুরি সেবা দপ্তর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। থ্যাংকসগিভিং ছুটির সপ্তাহান্তে এই কম্পনকে ২০১৪ সালের ব্রেয়া এবং ২০০৮ সালের চিনো হিলসের ভূমিকম্পের পর লস অ্যাঞ্জেলেস এলাকায় অনুভূত অন্যতম শক্তিশালী কম্পন হিসেবে দেখা হচ্ছে।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১৪:৯
ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি

ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানানো বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা, বিতর্কে এনবিসি

যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টিনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে বাড়ির বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে টাইনি হোম, কম খরচে বসবাসের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের ইবি-১, ইবি-২ ও ইবি-৩ ভিসা: কারা আবেদন করতে পারবেন, জানালেন অ্যাটর্নি মনির মেহরান

যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা
যুক্তরাষ্ট্রের টেনেসিতে থ্যাংকসগিভিংয়ে ২ হাজার মানুষের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ালেন মুসলিম তরুণেরা

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মারফ্রিসবোরোতে থ্যাংকসগিভিং উপলক্ষে প্রায় দুই হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করে সহমর্মিতা ও মানবিক সেবার ঐতিহ্য বজায় রেখেছে স্থানীয় সংগঠন ‘মারফ্রিসবোরো মুসলিম ইয়ুথ’। থ্যাংকসগিভিংয়ের ছুটির দিনে স্থানীয় বাসিন্দা, গৃহহীন ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে তরুণ স্বেচ্ছাসেবকেরা সম্মিলিতভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করেন। প্রতিবছরের মতো এবারও সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই আয়োজনে স্বেচ্ছাসেবক ও স্থানীয় কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।   যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মারফ্রিসবোরোতে থ্যাংকসগিভিং উপলক্ষে প্রায় দুই হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করে সহমর্মিতা ও মানবিক সেবার ঐতিহ্য বজায় রেখেছে স্থানীয় সংগঠন ‘মারফ্রিসবোরো মুসলিম ইয়ুথ’। থ্যাংকসগিভিংয়ের ছুটির দিনে স্থানীয় বাসিন্দা, গৃহহীন ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে তরুণ স্বেচ্ছাসেবকেরা সম্মিলিতভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করেন। প্রতিবছরের মতো এবারও সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই আয়োজনে স্বেচ্ছাসেবক ও স্থানীয় কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।   আয়োজকদের মতে, থ্যাংকসগিভিং কেবল একটি উৎসব নয়, বরং পারস্পরিক কৃতজ্ঞতা ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার একটি বিশেষ উপলক্ষ। সেই লক্ষ্যকে সামনে রেখেই মারফ্রিসবোরো মুসলিম ইয়ুথের সদস্যরা খাবার প্রস্তুত থেকে শুরু করে প্যাকেটজাত করা এবং সরাসরি বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।   প্রায় দুই হাজার মানুষের জন্য প্রস্তুতকৃত এসব খাবারের মাধ্যমে অভাবী পরিবারের কাছে যেমন সহায়তা পৌঁছেছে, তেমনি স্থানীয় কমিউনিটিতে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধও আরও সুদৃঢ় হয়েছে।   স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে চলে আসা এই মানবিক উদ্যোগটি মারফ্রিসবোরো অঞ্চলে আন্তঃধর্মীয় সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতার এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে। প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবার যখন নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময়ে তরুণদের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা।

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ১২:৩২
নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

নিউইয়র্কের কলেজে সহপাঠীর বুকে বন্দুক তাক, ক্যাম্পাসজুড়ে আতঙ্ক

প্রবল বাতাস ও নিরাপত্তার শঙ্কায় পিছিয়ে যাওয়ার পর শুরু হলো ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে থ্যাংকসগিভিং প্যারেডে তারকাদের মেলা, আকাশে রেকর্ড ১০০ বেলুন

পারমাণবিক অস্ত্রসজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্র (এসএলসিএম-এন) উন্নয়নে রেথনের সঙ্গে চুক্তি করেছে মার্কিন নৌবাহিনী। ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্রসজ্জিত নতুন ক্রুজ মিসাইল যুক্ত হচ্ছে মার্কিন সাবমেরিনে

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...