নিউইয়র্কের বুকে এক খণ্ড বাংলাদেশ: বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো তৃতীয় বাংলাদেশ ডে প্যারেড
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাঙালিদের দীর্ঘদিনের ঐতিহ্য, সংস্কৃতি ও দেশীয় আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো তৃতীয় 'বাংলাদেশ ডে প্যারেড'। স্থানীয় সময় গত রবিবার (১৭ মে) দুপুরে নিউইয়র্ক সিটির অন্যতম প্রধান প্রবাসী কেন্দ্রস্থল জ্যাকসন হাইটসে এই বর্ণাঢ্য প্যারেডের আয়োজন করা হয়। আমেরিকার বুকে বাংলাদেশের গৌরবময় সংস্কৃতিকে তুলে ধরার এই আয়োজনে নিউইয়র্ক সিটি ও স্টেট প্রশাসনের অর্ধ ডজনাধিক প্রভাবশালী জনপ্রতিনিধিসহ হাজার হাজার প্রবাসী বাংলাদেশী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ফলে পুরো জ্যাকসন হাইটস এলাকা কিছু সময়ের জন্য রূপ নিয়েছিল এক খণ্ড বাংলাদেশে।
উৎসবের এই দিনে প্রবাসী বাঙালিদের হাতে হাতে শোভা পাচ্ছিল বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা, মুখে মুখে ছিল চিরচেনা দেশাত্মবোধক গান, আর চারপাশ মুখরিত ছিল ঐতিহ্যবাহী ঢাক—ঢোলের বাজনায়। বাঙালি শিল্প, সাহিত্য ও সংস্কৃতির নানা প্রতিকৃতি ধারণ করে বিশ্বমঞ্চে নিজ দেশের গৌরবকে এক অনন্য উচ্চতায় তুলে ধরা হয় এই শোভাযাত্রার মাধ্যমে। এবারের প্যারেডের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আসা একঝাঁক জনপ্রিয় তারকার উপস্থিতি। রূপালী পর্দার চিত্রনায়িকা মৌসুমী, জনপ্রিয় সঙ্গীতশিল্পী শুভ্রদেব, বিশিষ্ট অভিনেতা চঞ্চল চৌধুরী, সজল, জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান ও নওরিনসহ দেশ ও প্রবাসের সাংস্কৃতিক জগতের একাধিক পরিচিত মুখ এই আয়োজনে শামিল হন। তারকাদের একনজর দেখতে এবং তাদের সাথে প্যারেডে অংশ নিতে বিপুলসংখ্যক দেশী—বিদেশী জনতা রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পুরো আয়োজন উপভোগ করেন। প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি ভিনদেশী আমেরিকানদেরও এই প্যারেডকে ঘিরে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে স্প্যানিশ কমিউনিটির শিল্পীদের চমৎকার লোকনৃত্য পরিবেশনা প্যারেডে ভিন্ন এক বৈচিত্র্যময় মাত্রা যোগ করে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত প্যারেডের মূল কর্মসূচী নির্ধারিত থাকলেও, ঘড়ির কাঁটা ৯টা ছোঁয়ার আগে থেকেই প্রবাসী বাংলাদেশীরা নির্ধারিত স্থানে এসে সমবেত হতে থাকেন। গ্রীষ্মকালের গরম হাওয়া উপেক্ষা করেই সর্বস্তরের প্রবাসীরা রঙিন ও ঐতিহ্যবাহী পোশাকে সেজে অনুষ্ঠানস্থলে হাজির হন। প্রত্যেকেই নিজ নিজ সংগঠনের ব্যানার এবং বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে অত্যন্ত উদ্দীপনার সাথে যোগ দেন। বেলা ১১টার দিকে প্যারেড শুরুর মূল স্পটটি জনসমুদ্রে পরিণত হয়। ঠিক এই সময়েই নিউইয়র্ক সিটি ও স্টেট প্রশাসনের শীর্ষস্থানীয় জনপ্রতিনিধিরা অনুষ্ঠানস্থলে এসে সমবেত হন এবং একটি সুসজ্জিত ট্রাকের ওপর তৈরি চলমান মঞ্চে দাঁড়িয়ে প্রবাসীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এবারের প্যারেডে আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন মার্কিন কংগ্রেসউয়োম্যান গ্রেস মেং ও কংগ্রেসওম্যান টম সোয়াজি, স্টেট সিনেটর জেসিকা রামোস, স্টেট অ্যাসেম্বলিম্যান স্টেভেন রাগা, অ্যাসেম্বলিউয়োম্যান জেসিকা গঞ্জালেস রোহাস এবং নিউইয়র্ক সিটির কাউন্সিলম্যান শেকার কৃষ্ণানসহ আরও বেশ কয়েকজন প্রভাবশালী মার্কিন জনপ্রতিনিধি। প্যারেডের চীফ গ্র্যান্ড মার্শাল হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম আজিজ এবং ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। মার্কিন মূলধারার রাজনীতিকদের এই বিপুল উপস্থিতি প্রমাণ করে যে, আমেরিকার রাজনীতিতে বাংলাদেশী কমিউনিটির প্রভাব ও গুরুত্ব দিন দিন কতটা বৃদ্ধি পাচ্ছে।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত অত্যন্ত গুরুত্বের সাথে পরিবেশনের মধ্যদিয়ে প্যারেডের আনুষ্ঠানিক কর্মকান্ড শুরু হয়। প্যারেড শুরুর প্রাক্কালে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যারেড কমিটির কনভেনর গিয়াস আহমেদ, চেয়ারম্যান এটনীর্ মঈন চৌধুরী এবং গ্র্যান্ড মার্শাল লায়ন শাহ নেওয়াজসহ অন্যান্য মার্শালরা। এছাড়াও কমিউনিটি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ডা. ওয়াদুদ ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম প্যারেড আয়োজন কমিটির অন্যতম প্রধান উদ্যোক্তা ফখরুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, প্রবীণ প্রবাসী ব্যক্তিত্ব নাসির খান পল, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি ওয়াসী চৌধুরী প্রমুখ। সম্মিলিত বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমীন সরকার, বিশিষ্ট পৃষ্ঠপোষক ডা. বর্ণালী হাসান, সারাহ কেয়ার ইউএসএ’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও ডা. শাহজাদী পারভীন সারাহ, অল কাউন্টি হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান শিফা ভুঁইয়া, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিএ)—এর সাবেক সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম ও জাকারিয়া মাসুদ জিকো, ঢাকা জিলা এসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদো ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট কাজী আযম, মূলধারার রাজনীতিক ড. دীলিপ নাথ এবং নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব ডিষ্ট্রিক্ট ২০—আর টু এর সভাপতি জেএফএম রাসেলসহ আরও অনেকে তাদের বক্তব্যে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার ওপর জোর দেন। এই পুরো পর্বটি পরিচালনা করেন প্যারেড কমিটির সদস্য সচিব ফাহাদ সোলায়মান। তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন প্যারেড কমিটির চীফ ইভেন্ট কো—অর্ডিনেটর এফইএমডি এবং সুপরিচিত উপস্থাপিকা সোনিয়া সিরাজ।
উদ্বোধনী পর্ব শেষে একটি বিশালাকার বাংলাদেশের জাতীয় পতাকা সামনে নিয়ে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) চৌকষ বাদ্যযন্ত্রী দলের চমৎকার সুরের মধ্য দিয়ে মূল প্যারেড বা শোভাযাত্রাটি শুরু হয়। এরপর সিটির বিভিন্ন সরকারি বিভাগে কর্মরত বাংলাদেশী—আমেরিকানদের বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং অসংখ্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে হাজার হাজার মানুষ সারিবদ্ধভাবে এগিয়ে চলেন। প্যারেডটি জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ ও ৬৯ স্ট্রিট সংলগ্ন পার্কিং লট থেকে যাত্রা শুরু করে এবং ৩৭ এভিনিউ ধরে অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে ৮৭ স্ট্রিটে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সেখানে দেশের জনপ্রিয় শিল্পীদের মনমুগ্ধকর সঙ্গীত আর লোকনৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।
এবারের প্যারেডে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগের ব্যান্ড দলের সাথে এনওয়াইপিডি, নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই) এবং ইউএস আর্মি অংশ নিয়ে প্যারেডের মর্যাদা বহুলাংশে বাড়িয়ে দেয়। এছাড়া অন্যান্য সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলাদেশী—আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা), আগামীতে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা কনভেনশন—২০২৬-এর আয়োজক কমিটি, সম্মিলিত বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফার্মিংস আর্টস (বিপা), বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস (বাফা), প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি, প্রবাসী মতলব সমিতি ইনক, ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ, গোল্ড—স্যান্ডস গ্রুপ, বাংলাদেশী—আমেরিকান বোলডেস্ট এসোসিয়েশন (বিএবিএ), গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ, মুন্সীগঞ্জ বিক্রমপুর এশোসিয়েশন, জ্যাকসন হাইটস এলাকাবাসী, কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ, মনি হোম কেয়ার, দ্যা ভয়েস অব ওম্যান এমপাওয়ারমেন্ট, হেলথ ফার্স্ট, আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, ফার্স্ট এইড হোমকেয়ার, নবাবগঞ্জ উপজেলা এসোসিয়েশন অব ইউএসএ, বরিশাল সিটি ও সদর সোসাইটি ইউএসএ, বরিশাল বিভাগীয় সমিতি ইউএসএ, বাংলাদেশী—আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ এসোসিয়েশন ইউএসএ, পাবনা ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং দোহার উপজেলা সমিতি ইউএসএ। অপরদিকে সাবেক সিটি কাউন্সিলম্যান হাইরাম মানসেরাত এবং নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট—৩০ এর আগামী প্রাইমারী নির্বাচনে প্রার্থী বাংলাদেশী—আমেরিকান শামসুল হকের সমর্থকরাও বিশাল বহর নিয়ে প্যারেডে যোগ দেন। এছাড়া মেলায় হেলথ ফার্স্ট ও অল কাউন্টি হেলথ কেয়ারসহ কয়েকটি ব্যবসায়িক ও সেবামূলক প্রতিষ্ঠান স্টল বসিয়ে দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও নানা উপহার সামগ্রী বিতরণ করে। বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী সারোয়ার খান বাবু দর্শকদের মাঝে আঙুর বিতরণ করেন।
তবে এত বড় ও উৎসবমুখর আয়োজন সত্ত্বেও পুরো প্যারেড অনুষ্ঠানজুড়ে শৃঙ্খলার চরম অভাব পরিলক্ষিত হয়েছে বলে সাধারণ প্রবাসী ও পর্যবেক্ষকরা জানিয়েছেন। সময় ব্যবস্থাপনা থেকে শুরু করে শোভাযাত্রার রুট নিয়ন্ত্রণে এক ধরণের সমন্বয়হীনতা স্পষ্ট ছিল। এছাড়া প্যারেড কমিটি আগে থেকে অনেক বড় বড় তারকার উপস্থিতির কথা ঘোষণা করলেও, তাদের অনেকেই শেষ পর্যন্ত প্যারেডে অনুপস্থিত ছিলেন, যা সাধারণ দর্শকদের কিছুটা ক্ষুব্ধ ও হতাশ করেছে। তবে সব ছাড়িয়ে কমিউনিটিতে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে প্রবাসীদের অভিভাবক সংগঠন হিসেবে পরিচিত 'বাংলাদেশ সোসাইটি'র আনুষ্ঠানিক অনুপস্থিতি। সোসাইটির কোনো কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে প্যারেডে অংশ নিলেও সংগঠনটির কোনো ব্যানার বা আনুষ্ঠানিক অংশগ্রহণ ছিল না। প্রবাসীদের এত বড় একটি জাতীয় উৎসবে কেন প্রধানতম আঞ্চলিক ছাতা-সংগঠনটি প্রাতিষ্ঠানিকভাবে অংশ নিল না, তা নিয়ে কমিউনিটির ভেতরে নানা প্রশ্ন ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, আয়োজকদের সাথে অভ্যন্তরীণ মতপার্থক্য বা সমন্বয়ের অভাবের কারণেই এমনটি ঘটেছে, যা ভবিষ্যতে দূর করা জরুরি। তা সত্ত্বেও, লাল-সবুজের এই মহোৎসব নিউইয়র্কের বুকে বাংলাদেশের গৌরবময় সংস্কৃতিকে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে থ্যাঙ্কসগিভিং ছুটির ঝড়ের তাণ্ডবের পর ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। প্রবল বাতাস, ভারী বর্ষণ ও তুষারপাতের পর কয়েক লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ ধীরে ধীরে পুনঃস্থাপন করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিচ্ছন্নতা ও উদ্ধার তৎপরতা চলছে। নিউইয়র্ক থেকে ভার্জিনিয়া পর্যন্ত একাধিক অঙ্গরাজ্যে ঝড়ের প্রভাবে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে। জলাবদ্ধতা ও বন্যার কারণে বিভিন্ন স্থানে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে জরুরি সেবা সংস্থাকে অভিযান চালাতে হয়েছে। পাশাপাশি ছুটির সময়ে সড়ক ও আকাশপথে যাতায়াতে বড় ধরনের বিঘ্ন ঘটে এবং বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব উপকূলে আঘাত হানা নিম্নচাপ ব্যবস্থাটি ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে সরে যাচ্ছে। এর প্রভাবে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি এবং কোথাও কোথাও হিমাঙ্কের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিউ জার্সি থেকে ভার্জিনিয়া পর্যন্ত বেশ কয়েকটি অঙ্গরাজ্যে উপকূলীয় বন্যার সতর্কতাও জারি করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে। জোয়ারের উচ্চ ঢেউয়ে সৃষ্ট বন্যায় ক্যালিফোর্নিয়া উপকূলের ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। উত্তরের হামবোল্ট কাউন্টি থেকে শুরু করে লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি ভেনচুরা কাউন্টি পর্যন্ত রেকর্ড উচ্চ জোয়ারের কারণে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে থ্যাঙ্কসগিভিংয়ের উৎসবের আমেজের মধ্যেই দুই উপকূলের লাখো মানুষ এখন স্বাভাবিক জীবনযাত্রা ও অবকাঠামো সচল করার চেষ্টায় ব্যস্ত। সূত্র: আল জাজিরা। 873 ডিএন
যুক্তরাষ্ট্রে আরও এক হাজারের বেশি পুলিশ অফিসার নিয়োগ, ১৫ কোটি ডলার বরাদ্দ
মার্কিন নাগরিকের স্ত্রী তবুও আইসিইর হেফাজতে, ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সহযোগিতা চেয়ে ভিডিও স্বামীর
সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে আহত মামদানি, পায়ে অস্ত্রোপচার শুক্রবার
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারির সময় ব্যবসাপ্রতিষ্ঠান ও কর্মীদের জন্য বরাদ্দ সরকারি কর-সুবিধা নিয়ে ৬০ কোটি ডলারের বেশি জালিয়াতির ঘটনায় দোষ স্বীকার করেছেন নিউইয়র্কের এক বাবা ও তাঁর ছেলে। ভুয়া তথ্য দিয়ে ৮ হাজারের বেশি কর রিটার্ন জমা দেওয়ার মাধ্যমে এই অর্থ দাবি করেছিলেন তাঁরা। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, জালিয়াতির মাধ্যমে দাবি করা অর্থের মধ্যে প্রায় ৪ কোটি ৬০ লাখ ডলার ইতিমধ্যে পরিশোধ করেছে অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা (আইআরএস)। এখন তাঁদের কারাদণ্ডের মেয়াদ নির্ধারণ করবেন ফেডারেল আদালত। অভিযুক্ত বাবা কেইথ উইলিয়ামসের বয়স ৪৮ বছর এবং ছেলে জামারি লুইসের বয়স ২৮ বছর। দুজনই নিউইয়র্কের ওয়েস্ট হেম্পস্টেড এলাকার বাসিন্দা। বিচার বিভাগের তথ্য অনুযায়ী, উইলিয়ামসের মালিকানাধীন ‘ক্রেডিট রিসেট’ নামের একটি ঋণসংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হতো। বাবা ও ছেলে কর প্রস্তুতকারক হিসেবে নিজেদের এবং গ্রাহকদের পক্ষে আইআরএসের কাছে ভুয়া কর্মসংস্থান করের রিটার্ন জমা দিতেন। এতে করোনাকালীন বিভিন্ন কর-সুবিধা পাওয়ার জন্য মিথ্যা তথ্য ব্যবহার করা হয়েছিল। মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত ৮ হাজারের বেশি ভুয়া কর রিটার্ন জমা দেওয়া হয়। এসব রিটার্নে কর্মীদের অসুস্থতাজনিত ছুটি ও পারিবারিক ছুটির জন্য বরাদ্দ কর-সুবিধা প্রকৃত মজুরির তুলনায় বেশি দেখানো হয়েছিল। কোথাও একই মজুরি একাধিক ধরনের ছুটির সুবিধা পাওয়ার জন্য দেখানো হয়। আবার একই কর্মীর মজুরির বিপরীতে অসুস্থতা ও পারিবারিক ছুটির কর-সুবিধার পাশাপাশি কর্মী ধরে রাখার কর-সুবিধাও দাবি করা হয়েছিল। এসব দাবি যুক্তরাষ্ট্রের প্রচলিত কর আইনের সঙ্গে সাংঘর্ষিক ছিল বলে জানিয়েছে বিচার বিভাগ। করোনাভাইরাস মহামারির সময় ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে কর্মীদের চাকরিতে ধরে রাখতে উৎসাহিত করার জন্য কর্মী ধরে রাখার কর-সুবিধা চালু করেছিল মার্কিন কংগ্রেস। পাশাপাশি অসুস্থতা বা পারিবারিক কারণে কর্মস্থলে যেতে না পারা কর্মীদের বেতন পরিশোধের ক্ষেত্রে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে পৃথক কর-সুবিধাও দেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী, এই দুটি সরকারি কর্মসূচির সুযোগ কাজে লাগিয়েই জালিয়াতির পরিকল্পনা করা হয়। সরকারি কোষাগার থেকে অর্থ পাওয়ার পাশাপাশি গ্রাহকদের কাছ থেকেও ফেরত পাওয়া অর্থের একটি অংশ ফি হিসেবে নিতেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিচার বিভাগের ২৪ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কেইথ উইলিয়ামস ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্রকে প্রতারণার ষড়যন্ত্র এবং ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহার করে প্রতারণার অভিযোগে দোষ স্বীকার করেন। প্রথম অভিযোগে তাঁর সর্বোচ্চ পাঁচ বছর এবং দ্বিতীয় অভিযোগে সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে। অন্যদিকে, জামারি লুইস ১৯ নভেম্বর ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহার করে প্রতারণার একটি অভিযোগে দোষ স্বীকার করেন। এ অভিযোগে তাঁরও সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড হতে পারে। তবে এগুলো সর্বোচ্চ সম্ভাব্য সাজা, প্রকৃত কারাদণ্ডের মেয়াদ এখনো নির্ধারিত হয়নি। দোষ স্বীকারের চুক্তি অনুযায়ী, বাবা ও ছেলেকে আইআরএসকে মোট ৪ কোটি ৬৭ লাখ ৫৬ হাজার ৮৪ ডলার ৮৯ সেন্ট ফেরত দিতে হবে। এ ছাড়া উইলিয়ামস জালিয়াতির মাধ্যমে পাওয়া প্রায় ৪৮ লাখ ৪৯ হাজার ডলার এবং লুইস ৬ লাখ ৭১ হাজার ডলারের বেশি অর্থ বাজেয়াপ্ত করতে সম্মত হয়েছেন। লুইসের সাজা ঘোষণার শুনানি আগামী ১৯ এপ্রিল ২০২৭ নির্ধারণ করা হয়েছে। তবে উইলিয়ামসের সাজা ঘোষণার তারিখ এখনো জানানো হয়নি। এ ঘটনায় জড়িত আরও দুজন আগে দোষ স্বীকার করেছেন। তাঁদের মধ্যে জেনিন ডেভিস মে মাসে ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহার করে প্রতারণার অভিযোগে দোষ স্বীকার করেন। একই মামলায় টিফানি উইলিয়ামসও দোষ স্বীকারের পর ৩৬ মাসের কারাদণ্ড পেয়েছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, আইআরএসের অপরাধ তদন্ত বিভাগ, ডাক পরিদর্শন বিভাগ এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস যৌথভাবে ঘটনাটির তদন্ত করেছে। সূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস), ২৪ নভেম্বর ২০২৬। 872 আইজেট
পরোয়ানা ছাড়া অভিবাসী গ্রেপ্তারে নিষেধাজ্ঞা, আইনি বাধার মুখে ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযান
অ্যামাজনে কেনাকাটা করেছেন? ৩০৯.৫ মিলিয়ন ডলারের সমঝোতায় আপনিও পেতে পারেন অর্থ
বসবাস শুরু করলেই মিলবে ২০ হাজার ডলার, কর্মী সংকট কাটাতে যুক্তরাষ্ট্রের শহরের বিশেষ উদ্যোগ
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর ফ্লোরিডায় পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছেন ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে যাওয়া এক আবাসন ব্যবসায়ী। মারি বেইলি নামের এই রিয়েল এস্টেট এজেন্ট গত কয়েক বছরে ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে তিন শতাধিক পরিবারকে স্থানান্তরে সহযোগিতা করেছেন। এবার নিজের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি নতুন করে বসতি গড়তে চান ফ্লোরিডায়। তাঁর ধারণা, টেক্সাসের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর আরও কিছু মানুষ ফ্লোরিডাকে নতুন গন্তব্য হিসেবে বেছে নিতে পারেন। বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে মারি বেইলি নিজের এই অভিজ্ঞতা ও পরিকল্পনার কথা জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে বেড়ে ওঠা মারি ২০১৭ সালে লস অ্যাঞ্জেলেস ছেড়ে পরিবারের সঙ্গে টেক্সাসের প্রসপার শহরে চলে যান। জীবনযাত্রার ব্যয় কমানো এবং রাজনৈতিক পরিবেশ ছিল তাঁদের স্থান পরিবর্তনের প্রধান দুটি কারণ। তাঁর ভাষ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার সিল বিচে তাঁদের প্রায় ১ হাজার ৫০০ বর্গফুটের বাড়িটি যে দামে বিক্রি করেছিলেন, টেক্সাসে প্রায় একই দামে ৫ হাজার বর্গফুটের নতুন বাড়ি নির্মাণ করতে পেরেছিলেন। টেক্সাসে যাওয়ার পর ক্যালিফোর্নিয়া থেকে আসা মানুষের মধ্যে স্থানান্তরের প্রবণতা বাড়তে দেখেন মারি। ২০১৮ সালে তিনি এ বিষয়ে বিশেষায়িত আবাসন ব্যবসা শুরু করেন। নতুন জায়গায় বাড়ি কেনার আগে বিভিন্ন শহর ও এলাকার সুযোগ-সুবিধা ঘুরে দেখাতে সহায়তা করতেন তিনি। সম্ভাব্য ক্রেতাদের জন্য বাড়ি, আশপাশের পরিবেশ এবং জীবনযাত্রার ব্যয়ের তথ্যও সাজিয়ে দিতেন। এভাবে তিন শতাধিক পরিবারকে ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে স্থানান্তরে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে তাঁর তৈরি ফেসবুক গ্রুপের সদস্যসংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসে ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্য সাফল্য মারির পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচনে ডেমোক্র্যাটরা রাজ্যের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে জয় পেয়েছে এবং প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তবে রাজ্য সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বজায় রয়েছে। এই রাজনৈতিক পরিবর্তনের পর তাঁর ফেসবুক গ্রুপের সদস্যদের মধ্যেও গন্তব্য পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। এ কারণে ‘ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে আসুন’ নামের গ্রুপটির নাম পরিবর্তন করে ‘ক্যালিফোর্নিয়া ছেড়ে অন্যত্র যাওয়া’ রাখা হয়েছে। মারির দাবি, টেক্সাসের কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে গর্ভপাতসংক্রান্ত কঠোর আইন, গাঁজা নিয়ন্ত্রণনীতি এবং অভিবাসন ও অস্ত্র আইন নিয়ে সম্ভাব্য পরিবর্তন নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। তাঁর কয়েকজন গ্রাহক নির্বাচনের পর টেক্সাসে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা পুনর্বিবেচনা করছেন। এমনকি একজন স্থানীয় টেক্সান গ্রাহক নিজের ভাড়ার বাড়ি বিক্রি করার কথাও তাঁকে জানিয়েছেন। তবে মারি মনে করেন না, এখনই টেক্সাস থেকে ব্যাপক হারে মানুষ চলে যাবেন। তাঁর মতে, ভবিষ্যতে নতুন নীতিগুলো বাস্তবায়িত হলে স্থান পরিবর্তনের প্রবণতা বাড়তে পারে। নিজের ফ্লোরিডায় যাওয়ার সিদ্ধান্তের পেছনে অবশ্য শুধু রাজনীতি কাজ করেনি। সেখানে তাঁর পরিবারের সদস্যরা থাকেন। পাশাপাশি নতুন আবাসন বাজারে ব্যবসার সুযোগ দেখছেন তিনি। বছরের শেষ নাগাদ ফ্লোরিডায় যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। বর্তমানে সেখানকার আবাসন ব্যবসার লাইসেন্স নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং নতুন একটি দল গড়ে তুলতে কাজ করছেন। ফ্লোরিডার দ্য ভিলেজেস এলাকার কাছাকাছি বসতি গড়ার পরিকল্পনা করেছেন তিনি। অবসরপ্রাপ্ত মানুষের বসবাসের জন্য পরিচিত এই এলাকায় নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনাও দেখছেন মারি। তবে টেক্সাসে তাঁর ব্যবসার কার্যক্রমও চালু থাকবে। মারির অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ অভিবাসন, জীবনযাত্রার ব্যয় এবং রাজনৈতিক পরিবেশের সঙ্গে মানুষের বসতি নির্বাচনের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা সামনে এনেছে। তবে একজন আবাসন এজেন্টের অভিজ্ঞতা বা তাঁর গ্রাহকদের আগ্রহকে পুরো টেক্সাসের মানুষের স্থানান্তরের প্রবণতা হিসেবে দেখার সুযোগ নেই। আপাতত ফ্লোরিডায় নিজের ব্যবসা সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছেন মারি। আগামী দিনে তাঁর ধারণা বাস্তবে কতটা প্রতিফলিত হয়, তা সময়ই বলে দেবে। সূত্র: বিজনেস ইনসাইডার, সিবিএস নিউজ। 872 আইজেট
ক্যালিফোর্নিয়ার অভিজাত এলাকায় গ্যাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল তিনটি গাড়ি
মাত্র ২৮ দিনেই ৫৭ লাখ ফলোয়ার, ইনস্টাগ্রামে রেকর্ড গড়লেন আবদুল এল-সৈয়দ

