সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
খেলাধুলা

বিশ্বকাপে ফাউলের অভিনয় কিংবা জার্সি খুললে দেখতে হবে হলুদ কার্ড

তাবাস্সুম মোহাম্মদ প্রকাশ: জুন ৮, ২০২৬ ০:৩৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপে মাঠের শৃঙ্খলার পাশাপাশি স্পনসরদের স্বার্থ রক্ষার্থে ফিফা, আইএফএবি এবং বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াডা) একগুচ্ছ কঠোর নিয়মকানুন নির্ধারণ করেছে। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন ফাউলের শিকার না হয়েও ফাউলের ভান করা কিংবা পেনাল্টি পাওয়ার আশায় বক্সে ‘ডাইভ’ দিলে রেফারি খেলোয়াড়কে হলুদ কার্ড দেখাবেন। এছাড়া গোল করার পর আনন্দে গায়ের জার্সি খুললে, অতিরিক্ত সময় নষ্ট করলে বা গ্যালারির দর্শকদের উসকানি দিলেও এই শাস্তি পেতে হবে।

 

রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে আক্রমণাত্মক আচরণ করা, ভয় দেখানো বা গালিগালাজ করলে হলুদ বা সরাসরি লাল কার্ড দেওয়া হবে। টুর্নামেন্টের আলাদা দুটি ম্যাচে দুটি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচে ওই খেলোয়াড় নিষিদ্ধ থাকবেন এবং লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে গড়িমসি করলে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে। মাঠে নামার আগে আংটি, গলার চেইন, ঘড়ি বা ব্রেসলেটের মতো গয়না পরা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও অনুমতিক্রমে ফেস মাস্ক বা বিশেষ সুরক্ষামূলক গার্ড ব্যবহার করা যাবে। অন্যদিকে ভেতরের গেঞ্জি বা মূল জার্সিতে কোনো রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত স্লোগান প্রদর্শন করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

 

মাঠের বাইরে খেলোয়াড়দের ফিটনেস ও ডোপ টেস্টের ওপর কঠোর নজরদারি রাখবে ওয়াডা ও ফিফা। বিশ্বকাপ চলাকালীন যেকোনো ম্যাচ শেষে, অনুশীলন সেশনে বা টিম হোটেলেও প্রতিনিধিরা আচমকা ডোপ টেস্টের জন্য খেলোয়াড়দের ডাকতে পারেন; এই টেস্টে অস্বীকৃতি জানালে বা নমুনায় কারচুপির চেষ্টা করলে ক্যারিয়ারে বড় নিষেধাজ্ঞা নেমে আসতে পারে। এছাড়া খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর, বর্ণবাদী বা রাজনৈতিক উসকানিমূলক পোস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

 

ফিফার অফিশিয়াল মিডিয়া সেশন বা সংবাদ সম্মেলনে অংশ নেওয়া সব খেলোয়াড়ের জন্য বাধ্যতামূলক করা হয়েছে এবং অনুমতি ছাড়া এটি এড়ালে সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনকে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। একই সঙ্গে অফিশিয়াল অনুষ্ঠানে অননুমোদিত স্পনসর বা প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের প্রচার চালানোও কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি ক্যাম্প বা হোটেল ছাড়তে হলে কোচিং স্টাফদের আগাম অনুমতি নিতে হবে এবং যাতায়াতের জন্য শুধু ফিফার নির্ধারিত অফিশিয়াল যানবাহনই ব্যবহার করতে হবে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

খেলাধুলা

View more
ফিলিস্তিনের পতাকা নিয়ে তুলকালাম
ফিলিস্তিনের পতাকা নিয়ে তুলকালাম: জর্জিয়ায় তুর্কি ও ইসরায়েলি ক্লাবের খেলার মধ্যে তীব্র সংঘর্ষ

জর্জিয়ার বাতুমিতে তুরস্কের ক্লাব বেসিকতাস ও ইসরায়েলি ক্লাব হাপোয়েল বিয়ার-শেভার মধ্যকার ম্যাচে গ্যালারি ও স্টেডিয়ামের বাইরে পুলিশ ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচ চলাকালে ফিলিস্তিনের পতাকা প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ রাখা হয়। তবে বিরতির পর ম্যাচ পুনরায় শুরু হয় এবং শেষ পর্যন্ত বেসিকতাস ২–১ গোলে জয়লাভ করে।   প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট প্রতিবেদনে জানা যায়, খেলা শুরুর আগেই বেসিকতাস সমর্থকেরা ফিলিস্তিনের পতাকা উড়ালে জর্জিয়ার নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে। ম্যাচের ২৬তম মিনিটের দিকে সমর্থকদের অংশে পুলিশের তৎপরতা বেড়ে গেলে রেফারি খেলা সাময়িক স্থগিত করেন। পরিস্থিতি শান্ত করতে বেসিকতাসের খেলোয়াড়েরা গ্যালারির দিকে এগিয়ে যান এবং ম্যাচ অফিশিয়াল ও হাপোয়েল বিয়ার-শেভার খেলোয়াড়েরা ড্রেসিংরুমে ফিরে যান।   সংঘর্ষ চলাকালে পিপার স্প্রে ও লাঠিপেটার ঘটনা ঘটে এবং স্টেডিয়ামের বাইরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত একজন সমর্থক আহত হয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যান, আর কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। স্টেডিয়ামের মাইকে বারবার শান্ত থাকার এবং কোনো বস্তু না ছোড়ার আহ্বান জানানো হয়, যাতে ম্যাচ বাতিল বা ক্লাবের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয়।   ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেসিকতাসের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়েরা এমন একটি ব্যানারের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, যাতে ফিলিস্তিনের স্বাধীনতার আহ্বান জানানো হয়েছে। এদিকে পতাকা জব্দের ঘটনায় জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সুলখান তামাজাশভিলি দাবি করেছেন, সমর্থকদের ফিলিস্তিনের পতাকা জব্দ করেছে উয়েফার কর্মকর্তারা; এতে জর্জিয়ার রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কোনো ভূমিকা ছিল না। সূত্র: আল জাজিরা। 873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৬:২৬
গাজার নৃ শংসতার বিরুদ্ধে বিশ্বকে রুখে দাঁড়ানোর আহ্বান গার্দিওলার

গাজার নৃ শংসতার বিরুদ্ধে বিশ্বকে রুখে দাঁড়ানোর আহ্বান গার্দিওলার, বিডিএস আন্দোলনের প্রশংসা

জিটিএ ৬-এর চরিত্র নির্মাণে সালমান রহমান অন্তর, স্থাপত্য বিভাগ থেকে রকস্টারের টরন্টো স্টুডিওতে

জিটিএ ৬-এর চরিত্র নির্মাণে সালমান রহমান অন্তর, স্থাপত্য বিভাগ থেকে রকস্টারের টরন্টো স্টুডিওতে

মেজর লিগ সকারের ২০২৬ মৌসুমে ২৬ গোল করে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতেছেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন মেসি

গাজার শিশুদের চিকিৎসায় তহবিল সংগ্রহ করলেন হামজা
গাজার শিশুদের চিকিৎসায় প্রায় পৌনে দুই কোটি টাকা তুললেন বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী

গাজার অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য এক লাখ পাউন্ডের বেশি অনুদান সংগ্রহ করেছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা, যা প্রায় পৌনে দুই কোটি টাকার সমান। যুদ্ধবিধ্বস্ত গাজার যেসব শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন, তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে এই অর্থ ব্যয় করা হবে।   ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা ২৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তহবিল সংগ্রহের বিষয়টি জানান। এই উদ্যোগ বাস্তবায়নে তাঁর সঙ্গে কাজ করেছে ক্রীড়াবিদদের সংগঠন নুজুম স্পোর্টস। সংগ্রহ করা অর্থ গাজার শিশুদের সহায়তায় কাজ করা মানবিক সংস্থা চিলড্রেন নট নাম্বার্সের মাধ্যমে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। হামজা তাঁর পোস্টে এই উদ্যোগে অংশ নেওয়া, অনুদান দেওয়া এবং বিভিন্নভাবে সহযোগিতা করা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষভাবে ধন্যবাদ দেন নুজুম স্পোর্টসের সদস্যদের। তাঁর পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে দীর্ঘ সময় ধরে তাঁরা নিরলসভাবে কাজ করেছেন বলে উল্লেখ করেন তিনি। লন্ডনের হোয়াইটচ্যাপেলে টাওয়ার হ্যামলেটস টাউন হলে গত রোববার এই তহবিল সংগ্রহের আয়োজন করা হয়। সেখানে হামজার সঙ্গে আলোচনা পর্বের পাশাপাশি দাতব্য নিলামেরও আয়োজন করা হয়েছিল। ক্রীড়াবিদদের ব্যবহৃত জার্সি, পদক ও বিভিন্ন স্মারক নিলামে তোলা হয়। হামজার নিজের এফএ কাপ জয়ের সময়ের লেস্টার সিটির জার্সি বিক্রি হয় ৭ হাজার পাউন্ডে। তাঁর কমিউনিটি শিল্ড জয়ের পদক বিক্রি হয় ৩ হাজার পাউন্ডে। অনুষ্ঠানের টিকিট বিক্রি ও নিলাম থেকে পাওয়া অর্থ গাজার শিশুদের সহায়তায় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। হামজার এই উদ্যোগের মূল লক্ষ্য গাজার এমন শিশুদের চিকিৎসার সুযোগ তৈরি করা, যাদের জরুরি চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন। দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মধ্যে গাজার চিকিৎসাব্যবস্থা মারাত্মক চাপে রয়েছে। এমন পরিস্থিতিতে গুরুতর অসুস্থ বা আহত শিশুদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। অনেক শিশুর ক্ষেত্রে গাজার বাইরে নিয়ে চিকিৎসা দেওয়াই বেঁচে থাকার অন্যতম সম্ভাবনা বলে মনে করেন হামজা। এই তহবিলের অর্থ দিয়ে প্রয়োজনীয় চিকিৎসার জন্য শিশুদের অন্য স্থানে স্থানান্তরের ব্যবস্থা করতে সহায়তা করা হবে। তবে কতজন শিশুকে এই অর্থ দিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা জানানো হয়নি। হামজা তাঁর বার্তায় গাজার মানুষের দুর্ভোগের তুলনায় এই সহায়তাকে ছোট উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে এখনো অনেক কিছু করা প্রয়োজন। একটি উদ্যোগ যত ছোটই হোক, তা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলা হামজা ফুটবল মাঠের বাইরেও মানবিক উদ্যোগের মাধ্যমে আলোচনায় এসেছেন। তাঁর এই তহবিল সংগ্রহের উদ্যোগে ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ও বিভিন্ন পর্যায়ের সহায়তাকারীরা অংশ নেন। খেলোয়াড় হিসেবে নিজের পরিচিতিকে মানুষের কল্যাণে কাজে লাগানোর একটি উদাহরণ হিসেবেও উদ্যোগটি সামনে এসেছে। পোস্টের শেষাংশে হামজা ফিলিস্তিনের মানুষের দুর্ভোগের অবসান কামনা করেন। সংকটে থাকা মানুষের শক্তি ও ধৈর্য কামনা করার পাশাপাশি তাঁদের জন্য স্থায়ী শান্তির প্রার্থনাও করেন তিনি। গাজার শিশুদের জন্য এই উদ্যোগের মাধ্যমে চিকিৎসাসহায়তার একটি তহবিল তৈরি হয়েছে। তবে দীর্ঘমেয়াদি মানবিক সংকট মোকাবিলায় আরও সহায়তা প্রয়োজন বলে মনে করেন হামজা। তাঁর বক্তব্যে উঠে এসেছে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ছোট উদ্যোগও সংকটে থাকা মানুষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

প্রকাশ: অক্টোবর ২৯, ২০২৬ ৫:৩৪
প্রতিপক্ষের খেলোয়াড়কে মৌখিকভাবে অসম্মান করার অভিযোগে ব্রাজিলের ক্রীড়া ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়েছে তারকা ফুটবলার নেইমার জুনিয়রের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

নেইমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ছয় ম্যাচের নিষেধাজ্ঞার আশঙ্কা

মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে পারেন বাংলাদেশের বাঁহাতি পেসার

বিগ ব্যাশে মোস্তাফিজকে দলে নিতে যাচ্ছে মেলবোর্ন রেনেগেডস, বিসিবির ছাড়পত্রের অপেক্ষা

অন্টারিও স্পোর্টস এম্পায়ারের বিশাল ক্রীড়া মাঠ

বেসবল থেকে রাগবি, এক জায়গায় ৪০টিরও বেশি মাঠ নিয়ে যাত্রা শুরু অন্টারিও স্পোর্টস এম্পায়ারের

স্কুল ফুটবল বিশ্বকাপে বেনিন ও ভারতের লড়াই
স্কুল ফুটবল বিশ্বকাপে ভারতের দ্বিতীয় দলকে ২৭-০ গোলে হারাল বেনিন

চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল ফুটবল বিশ্বকাপে ভারতের দ্বিতীয় স্কুল দলকে ২৭-০ গোলে হারিয়েছে বেনিন। মঙ্গলবার (২০ অক্টোবর) সুজৌতে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে এই বড় জয় পায় আফ্রিকার দেশটির স্কুল দল।   ম্যাচটি ছিল ৮০ মিনিটের। বেনিনের জন ইথান হুন্তিনমে, ফ্রাঁসোয়া আদিসা ও ওসভালদো সেমেভো লোকো চারটি করে গোল করেন। ইজুদিন বুকারি করেন তিনটি। ভারতের খেলোয়াড়দের দুটি আত্মঘাতী গোলও ব্যবধান বাড়ায়। টুর্নামেন্টে এটি বেনিনের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল তারা। ফলে দুই ম্যাচে ৩৪ গোল করেছে বেনিন, বিপরীতে কোনো গোল হজম করেনি। ভারতের বিপক্ষে জয়ের পর শেষ ষোলোতে তাদের জায়গাও নিশ্চিত হয়েছে।  প্রতিযোগিতার সূচিতে বেনিনের প্রতিপক্ষের নাম ‘ইন্ডিয়া আইএসএসও ২’ হিসেবে উল্লেখ রয়েছে। অর্থাৎ এটি ভারতের দ্বিতীয় স্কুল দল। ফলটিকে ভারতের মূল জাতীয় ফুটবল দল কিংবা জাতীয় অনূর্ধ্ব-১৮ দলের ম্যাচ হিসেবে দেখার সুযোগ নেই। আন্তর্জাতিক স্কুল ক্রীড়া ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতা চীনের সুজৌতে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক সংস্থার তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশ ও অঞ্চলের স্কুল ফুটবল দল এতে অংশ নিয়েছে।

প্রকাশ: অক্টোবর ২১, ২০২৬ ৫:১৩
পেন্টাগন এলাকায় আর্মি টেন-মাইলার দৌড় প্রতিযোগিতা

পেন্টাগন থেকে শুরু হচ্ছে ১০ মাইলের দৌড়, যান চলাচলে যেসব বিধিনিষেধ থাকছে

মেক্সিকোর বিপক্ষে গোল করে উচ্ছ্বাসে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের ইতিহাস, ১৭ বছরেই যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ গোলদাতা

ফুটবল মাঠের বাইরে নতুন সম্মান, মেসিকে ডক্টরেট দিচ্ছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়

ফুটবল মাঠের বাইরে নতুন সম্মান, মেসিকে ডক্টরেট দিচ্ছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...