সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিজ্ঞান

চাঁদে ফেরার প্রস্তুতিতে নতুন নভোচারী নিচ্ছে নাসা, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ৭:২৮
চাঁদে ফেরার প্রস্তুতিতে নতুন নভোচারী নিচ্ছে নাসা
চাঁদে ফেরার প্রস্তুতিতে নতুন নভোচারী নিচ্ছে নাসা

চাঁদে আবার মানুষ পাঠানো, সেখানে দীর্ঘমেয়াদি মানবঘাঁটি গড়ে তোলা এবং ভবিষ্যতে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে নতুন নভোচারী নিয়োগের আবেদন খুলেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ৭ নভেম্বর থেকে শুরু হওয়া এ নিয়োগে আবেদন করতে পারবেন যোগ্য মার্কিন নাগরিকেরা। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (ইস্টার্ন টাইম)।

 

নাসার ঘোষণা অনুযায়ী, আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল বা গণিত (এসটিইএম) সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তবে মাস্টার্সের বিকল্প হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি প্রোগ্রামে অন্তত দুই বছরের পড়াশোনা, নির্দিষ্ট চিকিৎসাবিষয়ক উচ্চতর ডিগ্রি অথবা স্বীকৃত টেস্ট পাইলট স্কুলের প্রশিক্ষণও গ্রহণযোগ্য। টেস্ট পাইলট স্কুলের ক্ষেত্রে ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে প্রশিক্ষণ শেষ করতে হবে।

 

শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ডিগ্রি অর্জনের পর সংশ্লিষ্ট পেশায় অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাইলটদের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ উড্ডয়ন অভিজ্ঞতা এই শর্ত পূরণে বিবেচিত হবে। উচ্চক্ষমতাসম্পন্ন জেট উড়োজাহাজে পাইলট-ইন-কমান্ড হিসেবে অন্তত ৭৫০ ঘণ্টা, অন্য ফিক্সড-উইং উড়োজাহাজে মোট ১ হাজার ৫০০ ঘণ্টা অথবা হেলিকপ্টারসহ রোটারি-উইং উড়োজাহাজে মোট ১ হাজার ঘণ্টার অভিজ্ঞতা প্রয়োজন। চিকিৎসকদের ক্ষেত্রে রেসিডেন্সির সময়ও পেশাগত অভিজ্ঞতা হিসেবে গণ্য হতে পারে।

 

আবেদনকারীদের নাসার দীর্ঘমেয়াদি মহাকাশযাত্রার শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি নেতৃত্ব, দলগত কাজ এবং যোগাযোগের দক্ষতাও থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, আবেদনকারীকে অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। অর্থাৎ শুধু গ্রিন কার্ড থাকলে আবেদন করা যাবে না। তবে বৈধ মার্কিন দ্বৈত নাগরিকত্বধারীরাও আবেদন করতে পারবেন। নাসার তথ্য অনুযায়ী, নভোচারী হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই।

 

নাসা জানিয়েছে, নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২০২৭ সালের শেষ দিকে প্রকাশের পরিকল্পনা রয়েছে। এরপর তাঁদের টেক্সাসের হিউস্টনে জনসন স্পেস সেন্টারে প্রায় দুই বছরের প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণের মধ্যে থাকবে স্পেসওয়াক, মহাকাশ স্টেশন পরিচালনা, উচ্চক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ চালনা এবং রোবোটিক বাহু পরিচালনার মতো বিষয়। তাঁদের ভবিষ্যতে চাঁদের পৃষ্ঠে অভিযান, পরিকল্পিত মুন বেসে কাজ এবং মঙ্গলগ্রহে মানব অভিযানের প্রস্তুতিতে ভূমিকা রাখার সুযোগ তৈরি হতে পারে।

 

নাসার আগের নিয়োগ প্রক্রিয়ায় ২০২৪ সালে ৮ হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে ২০২৫ সালে মাত্র ১০ জনকে নভোচারী প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়। বর্তমানে নাসার নভোচারী দলে সক্রিয় সদস্য রয়েছেন ৩২ জন। ১৯৬০-এর দশক থেকে এ পর্যন্ত সংস্থাটি মোট ৩৭০ জনকে নভোচারী প্রার্থী হিসেবে নির্বাচন করেছে। নাসার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের বেতন কাঠামোতে একজন নভোচারীর আনুমানিক বার্ষিক বেতন ১ লাখ ৬৪ হাজার ৩৯৫ ডলার। পরবর্তী বেতন সমন্বয়ে এই পরিমাণ পরিবর্তিত হতে পারে।

 

সংবাদসূত্র: নাসা, অ্যাসোসিয়েটেড প্রেস


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বিজ্ঞান

View more
যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন জাপানি বিজ্ঞানীদের
চোখের ভাষা বলে দেবে মনের কথা! যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন জাপানি বিজ্ঞানীদের

মানুষের মন ভালো আছে নাকি বিষণ্ণ, তা এবার কেবল চোখের নড়াচড়া এবং শরীরের সূক্ষ্ম সংকেত বিশ্লেষণ করেই বলে দিতে পারবে প্রযুক্তি। জাপানের বিজ্ঞানীরা এমনই এক অভিনব ‘কোয়ান্টাম প্রযুক্তি’ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে পরীক্ষা চালাচ্ছেন, যা কোনো প্রশ্নোত্তর ছাড়াই মানুষের মানসিক অবস্থা পরিমাপ করতে সক্ষম।   জাপানের টোকিওর অদূরে চিবা অঞ্চলে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউটস ফর কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজির (কিউএসটি) গবেষকেরা ‘মায়েমুকি’ (Maemuki) নামের একটি বিশেষ প্রকল্পের আওতায় এই গবেষণা চালাচ্ছেন। জাপানি শব্দ ‘মায়েমুকি’র অর্থ হলো জীবনের কঠিন পরিস্থিতিতেও ইতিবাচকভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা।   গবেষণা দলের প্রধান মাকিকো ইয়ামাদা জানান, সাধারণত বিষণ্ণতা বা মানসিক স্বাস্থ্য নির্ণয়ের কোনো শারীরিক পরীক্ষা নেই; চিকিৎসকেরা রোগীর সঙ্গে কথা বলেই তা বোঝার চেষ্টা করেন। তবে কিউএসটির গবেষকেরা এমআরআই (MRI) স্ক্যান, মেশিন লার্নিং এবং শরীরের নানা সংকেত ব্যবহার করে মস্তিষ্কের সূক্ষ্ম প্যাটার্ন বিশ্লেষণ করছেন। এর মাধ্যমে একজন ব্যক্তির আত্মবিশ্বাস এবং মস্তিষ্কের ডোপামিন রিসেপ্টরের কার্যকারিতা সম্পর্কেও ধারণা পাওয়া সম্ভব হচ্ছে।   শুধু মস্তিষ্কের স্ক্যানই নয়, গবেষকেরা ‘পিউপিলোমেট্রি’ ও ‘গেজ-ট্র্যাকিং’ প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা মানুষের চোখের মণির আকার ও সূক্ষ্ম নড়াচড়া পর্যবেক্ষণ করছেন। এ ছাড়া ‘বডিটু পজিটিভ’ (Body2Positive) নামের একটি এআই প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, যা হৃদ্‌স্পন্দন, হাঁটার গতি, ইইজি (EEG) এবং চোখের নড়াচড়া একসঙ্গে বিশ্লেষণ করে তাৎক্ষণিক মানসিক অবস্থা নির্ণয় করতে পারে।   এই প্রযুক্তির কার্যকারিতা যাচাইয়ে একটি ভার্চুয়াল বনের ভেতর ট্রেডমিলে হাঁটার পরীক্ষাও চালানো হয়েছে। সেখানে অংশগ্রহণকারীর মন ইতিবাচক থাকলে জাপানি গানের পাখির সুমধুর শব্দ শোনা যায়, আর মন খারাপ হতে শুরু করলে কাকের কর্কশ ডাক শোনা যায়। হাঁটার গতি বা শ্বাস-প্রশ্বাস পরিবর্তন করে কীভাবে নিজেকে ইতিবাচক রাখা যায়, তা এই পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়। এর আগে স্নোবোর্ডিং প্রতিযোগীদের ওপর এই প্রযুক্তি প্রয়োগ করে তাদের পারফরম্যান্সের পূর্বাভাসও পাওয়া গিয়েছিল।   তবে যুক্তরাজ্যের রয়্যাল হলোওয়ে, ইউনিভার্সিটি অব লন্ডনের মনোবিজ্ঞানের গবেষক সজোনিয়া ডুরান্ট এবং ইউনিভার্সিটি অব এসেক্সের গবেষক জাভিয়ের আন্দ্রেউ-পেরেজ মনে করেন, প্রযুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। মানুষের আবেগ বা সুখের মতো বিমূর্ত বিষয়গুলোকে পুরোপুরি গাণিতিক সংখ্যায় প্রকাশ করা বেশ চ্যালেঞ্জিং। পাশাপাশি মানুষের অনুভূতি পড়ে ফেলার এই প্রযুক্তির অপব্যবহারের ঝুঁকির বিষয়েও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।   গবেষক মাকিকো ইয়ামাদার মতে, সবার জন্য সুখী হওয়ার কোনো একক সূত্র নেই। ব্যক্তির পরিস্থিতি অনুযায়ী আলাদা মানসিক সহায়তা নিশ্চিত করাই এই গবেষণার মূল লক্ষ্য। শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যকেও যদি পরিমাপ করা যায়, তবে এর সঠিক চিকিৎসা ও উন্নয়ন সহজ হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। সূত্র: বিবিসি। 873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৮:৮
তিয়ানগং মহাকাশ স্টেশন থেকে পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর কণ্ঠে আল্লামা ইকবালের কবিতা। ছবি: সংগৃহীত

পৃথিবী ছাড়িয়ে মহাকাশেও ভারত ও পাকিস্তানকে একসূত্রে গাঁথলেন আল্লামা ইকবাল!

ব্যায়ামের সময় পেশির রক্ত থেকে গ্লুকোজ গ্রহণের নতুন ও ইনসুলিন-স্বাধীন পদ্ধতি আবিষ্কার। ছবি: সংগৃহীত

চিকিৎসা বিজ্ঞানে নতুন অর্জন: ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণের নতুন পথের সন্ধান

সৌরজগতের দূরবর্তী অঞ্চলে অস্বাভাবিক কক্ষপথে ঘুরছে বরফময় মহাজাগতিক বস্তু। এসব গতিপথের সম্ভাব্য ব্যাখ্যা হিসেবে উঠে এসেছে প্ল্যানেট এক্স২-এর ধারণা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নেপচুনের পেছনে লুকিয়ে থাকতে পারে পৃথিবীর দ্বিগুণ বড় নতুন এক গ্রহ

জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারড শূকরের কিডনি প্রতিস্থাপনের পর এক বছর সুস্থ থেকে বিশ্বরেকর্ড মলি ফ্যালকোর। ছবি: সংগৃহীত
শূকরের কিডনি নিয়ে এক বছর পার, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড মার্কিন নারীর

চিকিৎসাবিজ্ঞানে এক অভাবনীয় মাইলফলক স্পর্শ করলেন যুক্তরাষ্ট্রের মলি ফ্যালকো নামের ৫৮ বছর বয়সী এক নারী। জিনগতভাবে পরিবর্তিত (জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারড) শূকরের কিডনি প্রতিস্থাপনের পর তিনি সুস্থভাবে এক বছর পার করেছেন, যা এ ধরনের প্রতিস্থাপনের ক্ষেত্রে একটি নতুন বিশ্বরেকর্ড।   যুক্তরাষ্ট্রের বোস্টনের ম্যাস জেনারেল ব্রিঘাম হাসপাতালে এই সফল অস্ত্রোপচারটি সম্পন্ন হয়েছিল। এই সাফল্য ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল হাজার হাজার কিডনি রোগীর জন্য নতুন আশার আলো দেখাচ্ছে।   নিজের এই অভিজ্ঞতা ও সিদ্ধান্তের বিষয়ে মলি ফ্যালকো বলেন, ‘আমি শুধু ভেবেছিলাম, চিকিৎসাবিজ্ঞানের ভবিষ্যতের জন্য এটি কত দারুণ একটি অবদান হতে পারে। প্রতিটি দিন আমার কাছে বিস্ময়ের মনে হয় যে কিডনিটি এখনো সচল রয়েছে। আমি সত্যিই ভাগ্যবান। আমি বেঁচে আছি এবং আমাকে আর ডায়ালাইসিস করতে হচ্ছে না।’   ম্যাস জেনারেল ব্রিঘাম হাসপাতালের কিডনি প্রতিস্থাপন কর্মসূচির মেডিকেল ডিরেক্টর ড. লিও রিয়েলা এই সাফল্যের জন্য ফ্যালকোর মতো রোগীদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমাদের রোগীরাই এখানে প্রকৃত নায়ক। তারা নিজেদের ঝুঁকিতে ফেলে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ডায়ালাইসিসে থাকা রোগীদের জন্য নতুন চিকিৎসার পথ তৈরি করছেন।’   উল্লেখ্য, ২০২৪ সালে এই হাসপাতালেই বিশ্বের প্রথম জীবিত মানুষের দেহে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। রিক স্লেম্যান নামের ওই রোগী কিডনি প্রতিস্থাপনের ৫২ দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর ২০২৫ সালে দ্বিতীয় রোগী হিসেবে টিম অ্যান্ড্রুজের দেহে শূকরের কিডনি বসানো হয়, যা ২৭১ দিন সচল ছিল। পরবর্তীতে এক মৃত ব্যক্তির দান করা মানব কিডনি দিয়ে সেটি প্রতিস্থাপন করা হয়।   মলি ফ্যালকো ছিলেন এই প্রক্রিয়ায় কিডনি পাওয়া চতুর্থ রোগী। তার পর এই হাসপাতালে আরও দুজন রোগীর দেহে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে এবং তারাও সুস্থ আছেন। মজার বিষয় হলো, ফ্যালকো, টিম অ্যান্ড্রুজ এবং নতুন দুই রোগী মিলে নিজেদের মধ্যে একটি ‘পিগ কিডনি’ গ্রুপ চ্যাটও খুলেছেন।   চিকিৎসকদের মতে, শূকরের কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে রাখা, যাতে শরীর নতুন অঙ্গটিকে প্রত্যাখ্যান না করে। তবে এর জন্য অতিরিক্ত ওষুধ প্রয়োগ করলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। ড. রিয়েলা জানান, মলি ও আগের রোগীদের চিকিৎসার অভিজ্ঞতা থেকে তারা ওষুধের মাত্রা নির্ধারণে গুরুত্বপূর্ণ কৌশল শিখেছেন। আগামী বছর নতুন একটি ক্লিনিক্যাল স্টাডির ফলাফল পাওয়া গেলে এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা মিলবে। ফলাফল ইতিবাচক হলে আগামী পাঁচ বছরের মধ্যে এটি ডায়ালাইসিসের বিকল্প হিসেবে সাধারণ মানুষের ব্যবহারের জন্য অনুমোদন পেতে পারে।   সূত্র: নিউইয়র্ক টাইমস     873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১১:৫১
প্রাগৈতিহাসিক যুগেও শিশুদের দেওয়া হতো কারিগরি শিক্ষা: নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রাগৈতিহাসিক যুগেও শিশুদের দেওয়া হতো কারিগরি শিক্ষা: নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

৫০০ বছর আগের ইনকা ‘আইস মামি’দের শেষ মুহূর্তের অজানা রহস্য উন্মোচন

৫০০ বছর আগের ইনকা ‘আইস মামি’দের শেষ মুহূর্তের অজানা রহস্য উন্মোচন

কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!

কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!

চাঁদের মাটির মতো তৈরি খনিজ মিশ্রণে কেঁচো সার যোগ করে আলু ফলিয়েছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা। ছবি: সংগৃহীত
চাঁদের মাটিতে আলু চাষ, মহাকাশে খাবার উৎপাদনে নাসার নতুন সাফল্য

চাঁদের পৃষ্ঠের মাটির মতো করে তৈরি খনিজ মিশ্রণে কেঁচো সার যোগ করে আলু ফলিয়েছেন যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা। পৃথিবীর গ্রিনহাউসে চালানো পরীক্ষায় একটি মিশ্রণে ৩০ শতাংশ কেঁচো সার যোগ করার পর গাছের বৃদ্ধি ও ফলন সাধারণ মাটিতে চাষ করা আলুর কাছাকাছি পৌঁছায়। দীর্ঘমেয়াদি চন্দ্র অভিযানে সেখানে খাদ্য উৎপাদনের সম্ভাবনা বুঝতে করা গবেষণাটি ১৯ নভেম্বর বিজ্ঞান সাময়িকী ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’তে প্রকাশিত হয়েছে।    গবেষক ডেভিড হ্যান্ডি ও আইমেরিক গোয়ারের দল চাঁদের বিভিন্ন এলাকার মাটির অনুকরণে তৈরি পাঁচ ধরনের খনিজ মিশ্রণ পরীক্ষা করেছে। তাঁরা বেছে নেন দ্রুত পরিপক্ব হওয়া লাল খোসার ‘মোডক’ জাতের আলু। ফলন তুলনার জন্য ওরেগনের হারমিস্টন এলাকার বেলে মাটিতেও একই জাতের আলু চাষ করা হয়। সব কটি পরীক্ষায় ধীরে ধীরে পুষ্টি ছাড়ে এমন সার দেওয়া হয়েছিল, যাতে নাইট্রোজেনের ঘাটতি ফলাফলকে প্রভাবিত না করে।    কেঁচো সার ছাড়া চাঁদের মাটির অনুকরণে তৈরি মিশ্রণে গাছের বৃদ্ধি ছিল সীমিত। একটি মিশ্রণে আয়তনের হিসাবে ৩০ শতাংশ কেঁচো সার যোগ করার পর কিছু নমুনায় আলুর ওজন ওরেগনের মাটিতে ফলানো আলুর সমান বা তার চেয়েও বেশি হয়েছে। তবে মিশ্রণের ধরন ও কেঁচো সারের পরিমাণ বদলালে ফলনেও পার্থক্য দেখা গেছে।    পরীক্ষাগারে উৎপাদিত আলুর রাসায়নিক উপাদানেও বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। বেশি মাত্রায় ক্ষতিকর হতে পারে এমন প্রাকৃতিক যৌগ গ্লাইকোঅ্যালকালয়েডের মাত্রা মোটামুটি একই ছিল। তবে কয়েকটি মিশ্রণে ফলানো আলুতে তামা, দস্তা ও অ্যালুমিনিয়ামের মাত্রা কিছুটা বেশি পাওয়া গেছে। দীর্ঘমেয়াদে এর প্রভাব বুঝতে আরও পরীক্ষা ও পর্যবেক্ষণের কথা বলেছেন গবেষকেরা।    চাঁদে দীর্ঘ সময় অবস্থান করতে হলে স্থানীয়ভাবে খাদ্য উৎপাদন করা গেলে পৃথিবী থেকে রসদ পাঠানোর ওপর নির্ভরতা কমবে। গোয়ারের মতে, কৃত্রিম মিশ্রণে আলুগাছের পূর্ণ জীবনচক্র সম্পন্ন হওয়া সেই লক্ষ্য অর্জনের পথে একটি ধাপ। চাঁদের প্রকৃত মাটিতে গাছের প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে বলে গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে। 

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১০:৪২
গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!

গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!

আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’         ছবি: এআই দিয়ে তৈরি

আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’

পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্ব অতিক্রম করে ইতিহাস গড়েছে নাসার মহাকাশযান ভয়েজার-১। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে পৌঁছে ইতিহাস গড়ল নাসার ভয়েজার-১

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...