'সবচেয়ে বিপজ্জনক প্রযুক্তি' এআই, কেড়ে নিবে কোটি মানুষের চাকরি, ঘটতে পারে জৈবসন্ত্রাস: বিল গেটস
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বড় সতর্কবার্তা দিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর আশঙ্কা, আগামী এক দশকে এআই দ্রুত বিভিন্ন পেশার কাজ দখল করে নেওয়ায় বিপুলসংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়তে পারেন। একই সঙ্গে এই প্রযুক্তি সাইবার হামলা, প্রতারণা, ভুয়া তথ্য ছড়ানো এবং এমনকি প্রাণঘাতী জীবাণু তৈরির সক্ষমতাও সহজ করে দিতে পারে।
২৬ আগস্ট নিজের ওয়েবসাইটে প্রকাশিত প্রায় ৬ হাজার শব্দের এক দীর্ঘ প্রবন্ধে গেটস এআই যুগের সম্ভাব্য ঝুঁকি ও তা মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত লিখেছেন। একই সময়ে ‘দ্য নিউইয়র্ক টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি এআই নিয়ে তাঁর উদ্বেগের কথা তুলে ধরেন।
গেটসের মতে, এআই আগের প্রযুক্তিগত বিপ্লবগুলোর মতো নয়। অতীতে প্রযুক্তি কিছু কাজের ধরন বদলে দিলেও মানুষের চিন্তাশক্তির প্রয়োজন হয় এমন নতুন কাজ তৈরি হয়েছে। কিন্তু এআই সরাসরি মানুষের চিন্তা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার একটি বড় অংশকে প্রতিস্থাপন করতে পারে। ফলে চাকরি হারানো মানুষের জন্য নতুন কাজ তৈরির সুযোগ আগের তুলনায় অনেক কম হতে পারে।
তিনি লিখেছেন, আইন, গ্রাহকসেবা, চিকিৎসা, সফটওয়্যার ও উৎপাদন খাতসহ বিভিন্ন ক্ষেত্রে এআই দ্রুত কাজের অংশ হয়ে উঠবে। এই পরিবর্তন কয়েক প্রজন্ম ধরে নয়, মাত্র এক দশকের মধ্যেই বড় আকারে ঘটতে পারে। নতুন কিছু চাকরি তৈরি হলেও যথাযথ নীতি না থাকলে বর্তমানে যত চাকরি রয়েছে, তার তুলনায় নতুন চাকরির সংখ্যা অনেক কম হতে পারে।
বিশেষ করে প্রবেশ পর্যায়ের ও মধ্যম পর্যায়ের চাকরি নিয়ে বেশি উদ্বিগ্ন গেটস। তাঁর মতে, তরুণরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবেন, কারণ কর্মজীবন শুরু করার সময় তাদের জন্য আগের তুলনায় কম সুযোগ থাকতে পারে। সফটওয়্যার প্রকৌশল, বিক্রয় ও গ্রাহকসেবা, আইনি সহায়তা, ঋণের আবেদন যাচাই, তথ্য বিশ্লেষণ এবং রোগীদের প্রাথমিক পর্যায়ের মূল্যায়নের মতো কাজেও এআই ক্রমেই ভূমিকা নিতে পারে।
শুধু দাপ্তরিক কাজ নয়, শারীরিক শ্রমের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে বলে মনে করেন গেটস। তাঁর ধারণা, দশকের শেষ নাগাদ উন্নত রোবট নির্মাণ ও আতিথেয়তা খাতের কিছু কাজে মানুষের সঙ্গে প্রতিযোগিতা শুরু করতে পারে। একটি প্রতিষ্ঠান রোবট ও এআই ব্যবহার করে খরচ কমিয়ে পণ্যের দাম কমালে অন্য প্রতিষ্ঠানগুলোও প্রতিযোগিতায় টিকে থাকতে একই পথে যেতে বাধ্য হবে। এতে স্বয়ংক্রিয়করণের গতি আরও বাড়তে পারে।
গেটসের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো, এআই যখন প্রায় ভুলহীনভাবে কাজ করতে পারবে এবং মানুষের তদারকির প্রয়োজনও কমে যাবে। তখন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কাছে আরও বেশি কাজ যন্ত্রের হাতে তুলে দেওয়ার শক্তিশালী অর্থনৈতিক প্রণোদনা থাকবে। এর ফলে কর্মসংস্থান, আয় এবং অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে প্রচলিত ধারণাই বদলে যেতে পারে।
তিনি ১৯৩০-এর দশকের মহামন্দার কথাও উল্লেখ করেছেন। ১৯৩৩ সালে যুক্তরাষ্ট্রে বেকারত্ব প্রায় ২৫ শতাংশে পৌঁছেছিল। তবে গেটস বলেন, এআইয়ের কারণে বেকারত্ব সেই পর্যায়ে পৌঁছাবে এমন পূর্বাভাস তিনি দিচ্ছেন না। তাঁর বক্তব্য হলো, এআইয়ের প্রভাব যদি ব্যাপক হয়, তা শুধু অর্থনৈতিক চক্রের পরিবর্তনের সঙ্গে শেষ হয়ে যাবে না। বরং অর্থনীতির কাঠামোর ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।
এআইয়ের অপব্যবহার নিয়েও সতর্ক করেছেন গেটস। তাঁর মতে, অনলাইনে আগে থেকেই সাইবার হামলা, প্রতারণা, ক্ষতিকর সফটওয়্যার ও জৈব অস্ত্র সম্পর্কে তথ্য পাওয়া যায়। এআই এসব তথ্য ব্যবহার করা এবং বাস্তবে প্রয়োগ করার সক্ষমতা আরও সহজ করে দিতে পারে। দক্ষতা কম থাকা ব্যক্তিরাও বড় পরিসরে ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারি ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানোর ক্ষমতা পেতে পারেন।
হাসপাতাল, আর্থিক প্রতিষ্ঠান, পানি সরবরাহ ব্যবস্থা, বিদ্যুৎ অবকাঠামো এবং সরকারি সেবার ব্যবস্থাপনা ব্যবস্থা এআই-সহায়িত সাইবার হামলার ঝুঁকিতে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেছেন।
জীবাণু অস্ত্রের সম্ভাব্য অপব্যবহার নিয়েও তাঁর উদ্বেগ রয়েছে। গেটসের মতে, এআই যেমন নতুন ওষুধ ও টিকা তৈরির কাজ দ্রুত করতে পারে, তেমনি ক্ষতিকর উদ্দেশ্যে নতুন প্রাণঘাতী রোগজীবাণু তৈরির কাজও সহজ করে দিতে পারে। এ কারণেই অস্ত্র হিসেবে ব্যবহারের সম্ভাবনা রয়েছে এমন এআই ব্যবস্থার বাধ্যতামূলক পর্যালোচনার পক্ষে তিনি মত দিয়েছেন।
তবে গেটস শুধু এআইয়ের বিপদ তুলে ধরেননি। তাঁর মতে, সঠিকভাবে ব্যবহার করা গেলে এই প্রযুক্তি চিকিৎসা, শিক্ষা, কৃষি ও বৈজ্ঞানিক গবেষণায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে নতুন ওষুধ ও টিকা আবিষ্কার, স্বাস্থ্যকর্মীদের সহায়তা এবং সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এআইয়ের ক্ষতিকর প্রভাব কমাতে কয়েকটি পদক্ষেপের প্রস্তাবও দিয়েছেন গেটস। এর মধ্যে অন্যতম হলো কিছু নির্দিষ্ট কাজকে মানুষের জন্য সংরক্ষিত রাখা। তিনি এই ধারণার নাম দিয়েছেন ‘হিউম্যান রিজার্ভড’। বিশেষ করে এমন কাজ, যেখানে মানুষের সহানুভূতি, সম্পর্ক বোঝার ক্ষমতা ও মানবিক উপস্থিতি অপরিহার্য, সেসব ক্ষেত্রে মানুষকে সরিয়ে না দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত বলে মনে করেন তিনি।
এ ছাড়া এআই ও রোবটের ওপর কর আরোপের প্রস্তাব দিয়েছেন গেটস। তাঁর যুক্তি, বর্তমানে একজন কর্মী নিয়োগ করলে প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের শ্রম কর দিতে হয়, কিন্তু রোবট কেনার ক্ষেত্রে অনেক সময় কর সুবিধা পাওয়া যায়। ফলে করব্যবস্থা পরোক্ষভাবে মানুষকে বাদ দিয়ে যন্ত্র ব্যবহারে উৎসাহ দিতে পারে। রোবট ও এআই ব্যবহারের ওপর কর আরোপ করলে স্বয়ংক্রিয়করণের গতি কিছুটা কমানোর পাশাপাশি কর্মীদের পুনঃপ্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অর্থ জোগানো সম্ভব হতে পারে বলে তাঁর মত।
গেটস আরও বলেছেন, এআইয়ের প্রভাব সামলাতে শুধু একটি দেশের নীতি যথেষ্ট নয়। জাতীয় পর্যায়ে নতুন প্রতিষ্ঠান ও নীতিকাঠামো তৈরির পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও সমন্বিত ব্যবস্থা প্রয়োজন। এআই যেহেতু কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, জাতীয় নিরাপত্তা, নির্বাচন, অর্থনীতি ও অবকাঠামোসহ বহু ক্ষেত্রকে একসঙ্গে প্রভাবিত করতে পারে, তাই এসব বিষয়কে আলাদা আলাদাভাবে দেখলে ঝুঁকি মোকাবিলা কঠিন হবে।
এআই উন্নয়নে নেতৃত্ব দেওয়া দেশগুলোর মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কিছু মাত্রায় সমন্বয় দরকার বলে মনে করেন গেটস। তাঁর মতে, প্রযুক্তির প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আগে আন্তর্জাতিক পর্যায়ে কিছু অভিন্ন নীতি ও নিরাপত্তা কাঠামো তৈরির কাজ শুরু করা উচিত।
এআই নিয়ে নিজের অবস্থানকে গেটস একেবারে নেতিবাচক হিসেবে দেখছেন না। বরং তাঁর বক্তব্য, এখনই ব্যবস্থা নেওয়া গেলে এই প্রযুক্তি মানবজাতির জন্য বড় সুফল বয়ে আনতে পারে। কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি হলে চাকরি হারানো, সামাজিক অস্থিরতা এবং জনআস্থার সংকট তৈরি হওয়ার পর পরিস্থিতি সামাল দেওয়া অনেক কঠিন হবে।
তাঁর ভাষায়, এআইয়ের সুবিধা যেন শুধু ধনী ও প্রভাবশালী মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেটি নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। এ কারণে সরকার, প্রযুক্তি প্রতিষ্ঠান, ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন পক্ষকে এআই নিয়ে আলোচনায় যুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
গেটসের এই সতর্কবার্তা এমন এক সময়ে এসেছে, যখন এআই প্রযুক্তির সক্ষমতা দ্রুত বাড়ছে এবং কর্মক্ষেত্রে এর ব্যবহারও বিস্তৃত হচ্ছে। তাঁর মতে, এখনই নীতি নির্ধারণ ও প্রস্তুতি শুরু করা গেলে এআইয়ের সম্ভাব্য সুফল সবার মধ্যে ভাগ করে নেওয়া সম্ভব। আর তা না হলে প্রযুক্তির অগ্রগতি অর্থনৈতিক বৈষম্য আরও বাড়িয়ে দিতে পারে।
সংবাদসূত্র: গেটস নোটস, দ্য নিউইয়র্ক টাইমস, নিউইয়র্ক পোস্ট।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিজ্ঞান
View moreশনির বরফাচ্ছাদিত চাঁদ এনসেলাডাসে কোনো প্রাণের অস্তিত্ব থাকলে মহাকাশে ছিটকে পড়া ক্ষুদ্র বরফকণাই তার গুরুত্বপূর্ণ প্রমাণ দিতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ‘সায়েন্স অ্যাডভান্সেস’ জার্নালে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, বরফের ফাটল দিয়ে মহাকাশে বেরিয়ে আসা এসব বরফকণা প্রাকৃতিকভাবেই সাগরের রাসায়নিক ও জৈব উপাদান আলাদা করে ঘনীভূত করতে পারে, যা ভবিষ্যতের মহাকাশযানের জন্য প্রাণের চিহ্ন শনাক্ত করা সহজ করে তুলবে। এনসেলাডাসের পুরু বরফের আস্তরের নিচে একটি বিশাল মহাসাগর রয়েছে। চাঁদটির দক্ষিণ মেরুর কাছাকাছি বরফের ফাটল গলে জলীয় বাষ্প ও বরফের কণা শত শত মাইল বা কিলোমিটার উচ্চতায় মহাকাশে ছিটকে পড়ে এবং এদের কিছু অংশ শনির ‘ই-রিং’-এ গিয়ে মেশে। গবেষকদের মতে, মহাসাগর থেকে তৈরি হওয়া বড় জলকণাগুলো ধীরে ধীরে জমার সময় ভেতরের লবণ ও বিভিন্ন উপাদান আলাদা হয়ে যায়। পরবর্তীতে ফাটল বা ভেন্টের ভেতর দিয়ে প্রবল বেগে যাওয়ার সময় বরফের দেয়ালে ধাক্কা লেগে সেগুলো ভেঙে ছোট ছোট কণায় পরিণত হয়। ফলে কোনো কণায় সোডিয়াম ক্লোরাইড বেশি থাকে, আবার কোনোটিতে কার্বনেট, ফসফেট, হাইড্রোক্সাইড বা পটাশিয়ামযুক্ত লবণ প্রাধান্য পায়। এই গবেষণার সহ-লেখক এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, রিভারসাইডের গ্রহবিজ্ঞানের সহকারী অধ্যাপক ফ্যাবিয়ান ক্লেনার বলেন, প্রতিটি বরফকণাকে সাগরের একেবারে ক্ষুদ্র নমুনা ভাবা ঠিক নয়; বরং এগুলো বড় কোনো সাগর-বিন্দুর ভাঙা অংশ, যেখানে জমাট বাঁধার আগেই লবণগুলো আলাদা হয়ে গিয়েছিল। তাঁর মতে, কোনো অংশে সোডিয়াম ক্লোরাইড এবং অন্য অংশে পটাশিয়াম ক্লোরাইড ঘনীভূত হতে পারে, আর বরফের দেয়ালে ধাক্কা খেয়ে ভেঙে যাওয়ার ফলে ভিন্ন ভিন্ন উপাদানের কণা তৈরি হয়। বিজ্ঞানীরা মনে করছেন, ঠিক একই প্রক্রিয়ায় জৈব অণু বা কোনো জীবাণুর অংশবিশেষও নির্দিষ্ট কিছু বরফকণায় কেন্দ্রীভূত হতে পারে। পৃথিবীর পরীক্ষাগারে জটিল রাসায়নিক প্রক্রিয়ায় যে নমুনা আলাদা ও ঘনীভূত করতে হয়, এনসেলাডাস যেন প্রকৃতিগতভাবেই সেই কাজটি করে দিচ্ছে। এতে ভবিষ্যতে এনসেলাডাসে পাঠানো মহাকাশযানগুলোর জন্য ভিনগ্রহের প্রাণের সম্ভাব্য চিহ্ন খুঁজে পাওয়া অনেক বেশি সহজ হবে বলে আশা করা হচ্ছে। এই গবেষণাটি নাসার এক্সোবায়োলজি, নাসার হ্যাবিটেবল ওয়ার্ল্ডস প্রোগ্রাম এবং ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিলের অর্থায়নে পরিচালিত হয়েছে। সূত্র: সায়েন্সটেকডেইলি 873 ডিএন
চোখের ভাষা বলে দেবে মনের কথা! যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন জাপানি বিজ্ঞানীদের
পৃথিবী ছাড়িয়ে মহাকাশেও ভারত ও পাকিস্তানকে একসূত্রে গাঁথলেন আল্লামা ইকবাল!
চিকিৎসা বিজ্ঞানে নতুন অর্জন: ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণের নতুন পথের সন্ধান
সৌরজগতে এখন পর্যন্ত সূর্যকে কেন্দ্র করে আটটি গ্রহের অস্তিত্ব নিশ্চিতভাবে জানা গেছে। তবে নেপচুনেরও অনেক দূরে আরও একটি অজানা গ্রহ লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ‘প্ল্যানেট এক্স২’ বা ‘পিএক্স২’ নামে পরিচিত এই সম্ভাব্য গ্রহটির ভর পৃথিবীর প্রায় ১ দশমিক ৫ থেকে ২ গুণ হতে পারে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় সৌরজগতের দূরবর্তী অঞ্চলে বরফে ঢাকা কিছু মহাজাগতিক বস্তুর অস্বাভাবিক কক্ষপথ বিশ্লেষণ করে এমন সম্ভাবনার কথা তুলে ধরেছেন গবেষকেরা। তবে এখনো গ্রহটির সরাসরি অস্তিত্ব শনাক্ত করা সম্ভব হয়নি। যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির (আরএএস) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে সম্ভাব্য গ্রহটির ভর, কক্ষপথ ও মহাকর্ষীয় প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। গবেষণাটির নেতৃত্ব দেন প্যাট্রিক সোফিয়া লিকাওকা। তিনি জাপানের কিনদাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। ২৩ নভেম্বর ২০২৬ সালে গবেষণাটি ‘মান্থলি নোটিসেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’ সাময়িকীতে প্রকাশিত হয়। গবেষকদের নজরে আসে নেপচুনের বাইরের বিস্তীর্ণ অঞ্চলে থাকা কিছু বরফাচ্ছাদিত মহাজাগতিক বস্তুর অস্বাভাবিক গতিপথ। এসব বস্তুকে বলা হয় ট্রান্স-নেপচুনিয়ান অবজেক্ট। সাধারণত এদের অনেকগুলো কুইপার বেল্ট অঞ্চলে অবস্থান করে। পৃথিবী ও সূর্যের মধ্যকার গড় দূরত্বের প্রায় ৩৮ থেকে ৫০ গুণ দূরত্বে বিস্তৃত এই অঞ্চলে অসংখ্য ছোট বরফময় বস্তু সূর্যকে প্রদক্ষিণ করছে। তবে কিছু বস্তুর কক্ষপথ পরিচিত গ্রহগুলোর মহাকর্ষীয় প্রভাব দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যাচ্ছে না। এ ধরনের রহস্যময় বস্তুর মধ্যে অন্যতম হলো সেডনা। এর কক্ষপথ অত্যন্ত দীর্ঘায়িত এবং কক্ষপথের একটি বড় অংশ সৌরজগতের পরিচিত গ্রহগুলোর অবস্থান থেকে অনেক দূরে বিস্তৃত। বিজ্ঞানীদের ধারণা, অজানা কোনো গ্রহের মহাকর্ষীয় প্রভাব এসব বস্তুর গতিপথ ও কক্ষপথের অস্বাভাবিক বৈশিষ্ট্য তৈরিতে ভূমিকা রাখতে পারে। গবেষকেরা বিষয়টি যাচাই করতে সৌরজগতের প্রায় ৪৫০ কোটি বছরের বিবর্তন নিয়ে কম্পিউটার সিমুলেশন পরিচালনা করেন। সেখানে পরিচিত চারটি বৃহৎ গ্রহের পাশাপাশি অতিরিক্ত একটি দূরবর্তী গ্রহ যুক্ত করে বিভিন্ন পরিস্থিতির তুলনা করা হয়। সিমুলেশনের ফলাফলে দেখা যায়, প্ল্যানেট এক্স২-এর মহাকর্ষীয় প্রভাব দূরবর্তী বরফময় বস্তুগুলোর কক্ষপথ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কিছু বস্তুকে নেপচুনের মহাকর্ষীয় প্রভাব থেকে দূরে সরিয়ে দেওয়া কিংবা তাদের কক্ষপথকে অস্বাভাবিকভাবে হেলে দিতে পারে এই সম্ভাব্য গ্রহটি। গবেষকদের মডেল অনুযায়ী, গ্রহটির কক্ষপথ উপবৃত্তাকার হতে পারে। সূর্য থেকে এর কক্ষপথের অর্ধ-প্রধান অক্ষের দূরত্ব প্রায় ৩৫০ থেকে ৫০০ জ্যোতির্বৈজ্ঞানিক একক হতে পারে। এমনকি সূরুর সবচেয়ে কাছাকাছি অবস্থানেও গ্রহটি সূর্য থেকে অন্তত ২০০ জ্যোতির্বৈজ্ঞানিক একক দূরে থাকবে। এক জ্যোতির্বৈজ্ঞানিক একক হলো পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব। তবে গবেষকেরা জানিয়েছেন, তাঁদের মডেল দূরবর্তী বরফময় বস্তুগুলোর বেশ কয়েকটি অস্বাভাবিক কক্ষপথের ব্যাখ্যা দিতে পারলেও সব পর্যবেক্ষণের সঙ্গে এর পুরোপুরি মিল পাওয়া যায়নি। গবেষণার প্রধান প্যাট্রিক সোফিয়া লিকাওকা বলেন, তাঁদের মডেল বেশ কিছু অস্বাভাবিক কক্ষপথের ধরন পুনরায় তৈরি করতে সক্ষম হয়েছে। তবে পর্যবেক্ষণের সঙ্গে মডেলের যেসব পার্থক্য রয়ে গেছে, সেগুলো নিয়ে আরও গবেষণা প্রয়োজন। অর্থাৎ প্ল্যানেট এক্স২-এর অস্তিত্ব এখনো একটি সম্ভাবনা, নিশ্চিত আবিষ্কার নয়। এই সম্ভাব্য গ্রহকে ঘিরে আলোচনার সঙ্গে আগে থেকেই পরিচিত ‘প্ল্যানেট নাইন’ ধারণার কিছু মিল থাকলেও দুটির মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। প্ল্যানেট নাইন তত্ত্ব অনুযায়ী, নেপচুনের বাইরের কিছু অস্বাভাবিক কক্ষপথের পেছনে পৃথিবীর প্রায় ১০ গুণ ভরের একটি বৃহৎ গ্রহ থাকতে পারে। অন্যদিকে প্ল্যানেট এক্স২ তুলনামূলক ছোট, যার ভর পৃথিবীর দেড় থেকে দুই গুণ বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ দুটি পৃথক সম্ভাব্য গ্রহের ধারণা নিয়ে বিজ্ঞানীরা কাজ করছেন। নেপচুনের বাইরে অজানা গ্রহের সন্ধান অবশ্য নতুন নয়। ১৯৩০ সালে প্লুটো আবিষ্কারের আগে জ্যোতির্বিজ্ঞানী পারসিভাল লোওয়েল ‘প্ল্যানেট এক্স’ নামে একটি অজানা গ্রহের সন্ধান চালিয়েছিলেন। যদিও পরবর্তী গবেষণায় দেখা যায়, প্লুটোর ভর এত কম যে আগে ধারণা করা গ্রহগুলোর গতিপথের অস্বাভাবিকতার ব্যাখ্যা দেওয়ার জন্য এটি যথেষ্ট নয়। এরপর থেকে সৌরজগতের বাইরের প্রান্তে আরও বড় কোনো গ্রহের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ অব্যাহত রয়েছে। এবারের গবেষণায় নতুন আশার জায়গা হিসেবে উঠে এসেছে চিলিতে অবস্থিত ভেরা সি রুবিন অবজারভেটরি। এই মানমন্দিরের চলমান আকাশ জরিপে সৌরজগতের দূরবর্তী অঞ্চলের আরও অনেক অজানা বস্তু শনাক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলোর কক্ষপথ বিশ্লেষণ করে প্ল্যানেট এক্স২-এর মহাকর্ষীয় প্রভাব সম্পর্কে আরও নির্ভরযোগ্য ধারণা পাওয়া যেতে পারে। গবেষণার সহলেখক ও ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের অধ্যাপক জন্টি হর্নারের মতে, নতুন পর্যবেক্ষণগুলো এই ধারণা যাচাইয়ের সুযোগ তৈরি করবে। সব মিলিয়ে, প্ল্যানেট এক্স২-এর অস্তিত্ব প্রমাণিত হলে সৌরজগতের গঠন, বিবর্তন এবং দূরবর্তী মহাজাগতিক বস্তুগুলোর গতিপথ সম্পর্কে প্রচলিত ধারণায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। তবে এটিকে এখনই সৌরজগতের নবম বা দশম গ্রহ হিসেবে গণ্য করার সুযোগ নেই। সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে এর অস্তিত্ব নিশ্চিত হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। তথ্যসূত্র: রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি এবং ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড। 872 আইজেট
শূকরের কিডনি নিয়ে এক বছর পার, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড মার্কিন নারীর
প্রাগৈতিহাসিক যুগেও শিশুদের দেওয়া হতো কারিগরি শিক্ষা: নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
৫০০ বছর আগের ইনকা ‘আইস মামি’দের শেষ মুহূর্তের অজানা রহস্য উন্মোচন
পৃথিবী বর্তমানে তার নিজস্ব চাঁদের পাশাপাশি দ্বিতীয় আরেকটি অস্থায়ী চাঁদ বা ‘মিনি-মুন’-কে আতিথেয়তা দিচ্ছে। গত এপ্রিল মাসে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে এই ক্ষুদ্র গ্রহাণুটি আমাদের গ্রহের কক্ষপথে আটকা পড়ে। প্রায় ২ মিটার (৬ ফুট) ব্যাসের এই অস্থায়ী ‘মিনি-মুন’টি আগামী ডিসেম্বরের শুরু পর্যন্ত পৃথিবীর কক্ষপথে অবস্থান করবে। এরপর এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ বলয় ছেড়ে পুনরায় সূর্যকে কেন্দ্র করে নিজের কক্ষপথে ফিরে যাবে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। আকারে অত্যন্ত ছোট এবং অনুজ্জ্বল হওয়ায় মহাকাশবিজ্ঞানীদের এটি পর্যবেক্ষণ করতে বেশ বেগ পেতে হয়েছে। এটি কোনো অকেজো স্যাটেলাইট বা মহাকাশ বর্জ্যের অংশ কি না, তা নিশ্চিত হতে বিজ্ঞানীদের কয়েক সপ্তাহ সময় লেগে যায়। অবশেষে গত অক্টোবরের শেষের দিকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের ‘মাইনর প্ল্যানেট সেন্টার’ (এমপিসি) নতুন এই মহাজাগতিক বস্তুটির নামকরণ করে ‘২০২৬ কিউকিউ৮’ (2026 QQ8)। পৃথিবীর কক্ষপথে অস্থায়ী চাঁদ কি নতুন কিছু? জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ‘মিনি-মুন’ কোনো আনুষ্ঠানিক নাম না হলেও, পৃথিবীর কক্ষপথে সাময়িকভাবে আটকে পড়া প্রাকৃতিক বস্তুগুলোকে বোঝাতে বিজ্ঞানীরা এই নামটি ব্যবহার করেন। এর আগে ‘২০০৬ আরএইচ১২০’ প্রায় এক বছর এবং ‘২০২০ সিডি৩’ প্রায় তিন বছর পৃথিবীর কক্ষপথে এভাবে অবস্থান করেছিল। মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ পেইন জানান, পৃথিবীর চারপাশে এমন ক্ষণস্থায়ী সঙ্গী থাকা অস্বাভাবিক কিছু নয়। তিনি বলেন, ‘গড়ে যেকোনো সময়ই পৃথিবীর কক্ষপথে এমন অন্তত একটি বস্তু থাকে। এরা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত অবস্থান করে। কখনো একটিও থাকে না, আবার কখনো একাধিকও থাকতে পারে।’ আকারে অত্যন্ত ছোট ও দ্রুতগতির হওয়ায় প্রচলিত টেলিস্কোপের নজর এড়িয়ে যায় বলেই এমন মহাজাগতিক অতিথির তালিকা খুব একটা দীর্ঘ নয়। পৃথিবীর জন্য কোনো ঝুঁকি আছে কি? ‘২০২৬ কিউকিউ৮’ পৃথিবীতে আঘাত হানতে পারে—এমন কোনো আশঙ্কা আপাতত নেই। বিজ্ঞানীদের মতে, গ্রহাণুটি আকারে এতটাই ছোট যে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেও কোনো ক্ষতি না করেই পুড়ে ছাই হয়ে যাবে। ম্যাথিউ পেইনের ভাষায়, ‘সর্বোচ্চ যেটা হতে পারে তা হলো, রাতের আকাশে একটি উজ্জ্বল উল্কাপাত এবং মৃদু শব্দ।’ শনাক্তকরণের নেপথ্যে হাঙ্গেরির কনকোলি অবজারভেটরির গবেষণা সমন্বয়ক ও জ্যোতির্বিজ্ঞানী ক্রিশ্চিয়ান সারনেজকি গত আগস্ট মাসে প্রথম এই বস্তুটি শনাক্ত করেন এবং সাময়িকভাবে এর নাম দেন ‘সার২৯০১’ (Sar2901)। শুরুতে এটিকে সাধারণ গ্রহাণু মনে হলেও সূক্ষ্ম কক্ষপথ গণনার পর এর বিশেষত্ব ধরা পড়ে। পরবর্তীতে অ্যারিজোনার লোয়েল ডিসকভারি টেলিস্কোপ এবং হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ২.২-মিটার টেলিস্কোপের সাহায্যে সূর্যের বিকিরণের প্রভাব বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় যে এটি কোনো কৃত্রিম বস্তু নয়, বরং একটি প্রাকৃতিক গ্রহাণু। বিজ্ঞানীদের ধারণা, মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী ‘অ্যাস্টেরয়েড বেল্ট’ বা গ্রহাণুপুঞ্জ থেকেই এর উৎপত্তি। ধীরগতিতে পৃথিবীর কাছাকাছি চলে আসায় পৃথিবী ও চাঁদের যৌথ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এটি সাময়িকভাবে পৃথিবীর চারদিকে ঘুরতে শুরু করেছে। ম্যাথিউ পেইন জানান, জ্যোতির্বিজ্ঞানীরা এখন পর্যন্ত সৌরজগতে প্রায় ১৫ লাখ মহাজাগতিক বস্তু শনাক্ত করেছেন। তবে চিলিতে অবস্থিত বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরাসমৃদ্ধ ‘ভেরা সি. রুবিন অবজারভেটরি’র ১০ বছর মেয়াদি জরিপ (এলএসএসটি) পুরোদমে শুরু হলে এই সংখ্যা বেড়ে ৫০ লাখে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সূত্র: সিএনএন।
চাঁদের মাটিতে আলু চাষ, মহাকাশে খাবার উৎপাদনে নাসার নতুন সাফল্য
গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!

