সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
ধর্ম

মরক্কোতে মুসলিম শাসনের সূচনা যেভাবে, ইতিহাসের এক গৌরবময় অধ্যায়

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৯, ২০২৬ ২৩:৪৮
উত্তর আফ্রিকার দেশ মরক্কো ইসলামি ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। ছবি: সংগৃহীত
উত্তর আফ্রিকার দেশ মরক্কো ইসলামি ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার গুরুত্বপূর্ণ দেশ মরক্কো শুধু ভৌগোলিক অবস্থানের কারণেই নয়, ইসলামি ইতিহাস ও সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও সুপরিচিত। আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরের সংযোগস্থলে অবস্থিত দেশটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সভ্যতার উত্থান-পতনের সাক্ষী হয়েছে। তবে সপ্তম শতাব্দীতে ইসলামের আগমন মরক্কোর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে।

 

ঐতিহাসিক সূত্র অনুযায়ী, আরবি ভাষায় মরক্কোকে ‘আল-মাগরিব’ বলা হয়, যার অর্থ ‘দূরতম পশ্চিম’। ইসলাম আগমনের আগে এই অঞ্চল বারবার, ফোনেশীয়, রোমান, ভ্যান্ডাল ও বাইজেন্টাইনদের শাসনের অধীনে ছিল। বিশেষ করে বাইজেন্টাইন শাসনের শেষ দিকে স্থানীয় বারবার জনগোষ্ঠীর ওপর নিপীড়ন ও বৈষম্য বেড়ে যায়।

খোলাফায়ে রাশেদার যুগের পর উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা হজরত মুয়াবিয়া (রা.) মুসলিম রাষ্ট্রকে প্রশাসনিকভাবে বিভিন্ন প্রদেশে ভাগ করেন। সে সময় উত্তর আফ্রিকার দায়িত্ব দেওয়া হয় মুসলিম সেনাপতি হজরত উকবা ইবনে নাফে (রা.)-কে এবং মিসরের শাসনভার ছিল হজরত আমর ইবনে আস (রা.)-এর হাতে।

 

ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে, রোমান ও বাইজেন্টাইনদের নিপীড়নে অতিষ্ঠ হয়ে উত্তর আফ্রিকার বারবার জনগোষ্ঠী মুসলিম শাসকদের কাছে সহায়তা চায়। এরপর খলিফা মুয়াবিয়া (রা.) উকবা ইবনে নাফে (রা.)-এর নেতৃত্বে একটি সুসজ্জিত বাহিনী উত্তর আফ্রিকায় পাঠান।

দীর্ঘ অভিযানের পর ৬৮৩ খ্রিস্টাব্দে উকবা ইবনে নাফে (রা.)-এর নেতৃত্বে মরক্কোতে মুসলিম বাহিনী প্রবেশ করে এবং সেখানে মুসলিম শাসনের সূচনা হয়। এরপর মরক্কো উমাইয়া খিলাফতের অধীনে ইফ্রিকিয়া প্রদেশের অন্তর্ভুক্ত হয়।

 

ইতিহাসবিদদের মতে, মুসলিম শাসন প্রতিষ্ঠার পর স্থানীয় জনগণকে জোরপূর্বক ধর্মান্তরিত করার কোনো প্রমাণ নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্রে পাওয়া যায় না। বরং মুসলিম প্রশাসনের ন্যায়বিচার, সুশাসন, মানবিক আচরণ এবং ইসলামের সহজ-সরল জীবনব্যবস্থায় আকৃষ্ট হয়ে অনেক বারবার স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন।

এর ফলে মরক্কোতে ইসলাম দ্রুত বিস্তার লাভ করে এবং বারবার জনগোষ্ঠী মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। পরবর্তী সময়ে উত্তর আফ্রিকা ও আন্দালুসে মুসলিম সভ্যতার বিকাশেও মরক্কোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

 

মরক্কো শুধু মুসলিম শাসনের জন্যই নয়, জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবেও ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। ৮৫৯ খ্রিস্টাব্দে ফেস শহরে ফাতিমা আল-ফিহরি প্রতিষ্ঠা করেন আল-কারাউইন বিশ্ববিদ্যালয়, যাকে বিশ্বের প্রাচীনতম ধারাবাহিকভাবে পরিচালিত বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

এছাড়া বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম পর্যটক ও ভ্রমণকারী ইবনে বতুতা-র জন্মও মরক্কোর তাঞ্জিয়ার শহরে। তাঁর বিখ্যাত ভ্রমণগ্রন্থ ‘আর-রিহলা’ মধ্যযুগীয় বিশ্বের ইতিহাস ও ভূগোল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যের অন্যতম উৎস হিসেবে বিবেচিত হয়।

 

বর্তমানেও মরক্কো ইসলামি ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম দেশ হিসেবে পরিচিত।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

ধর্ম

View more
ডিজিটাল আসক্তি ও আধুনিক জীবনের অস্থিরতা কাটিয়ে আধ্যাত্মিক প্রশান্তির খোঁজে উপাসনালয়ে ঝুঁকছেন জেন-জি তরুণেরা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
সৃষ্টিকর্তায় বিশ্বাস প্রায় তিন গুণ বেড়েছে তরুণ প্রজন্মের, বলছে ইউগভ জরিপ

যুক্তরাজ্যে তরুণ প্রজন্মের মধ্যে ঈশ্বরে বিশ্বাসের প্রবণতা বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে। ইউগভের (YouGov) ধারাবাহিক জরিপে দেখা গেছে, ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ঈশ্বরে বিশ্বাসের হার ২০২১ সালের আগস্টে ১৬ শতাংশ থাকলেও ২০২৫ সালের জানুয়ারিতে তা বেড়ে ৪৫ শতাংশে পৌঁছায়। তবে এই বৃদ্ধি ধারাবাহিকভাবে ঘটেনি। পরবর্তী আগস্টের জরিপে হারটি আবার কমে ৩৭ শতাংশে নেমে আসে। ফলে তরুণদের ধর্মীয় বিশ্বাসে পরিবর্তনের ইঙ্গিত থাকলেও এটিকে নিশ্চিতভাবে ধর্মীয় পুনর্জাগরণ বলা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সতর্কতা রয়েছে।   ইউগভের দ্বিবার্ষিক জরিপের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২২ সালের আগস্টে ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ঈশ্বরে বিশ্বাসের হার ছিল ১৯ শতাংশ। ২০২৩ সালের আগস্টে তা বেড়ে ৩৪ শতাংশ এবং ২০২৪ সালের আগস্টে ৩৯ শতাংশ হয়। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে সর্বোচ্চ ৪৫ শতাংশে পৌঁছায়। ধর্ম ও সমাজ নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান থিওসের বিশ্লেষণেও এই পরিবর্তনের ধারাবাহিকতা উঠে এসেছে। তবে জরিপে ঈশ্বর বা একাধিক ঈশ্বরে বিশ্বাসের কথা জানতে চাওয়া হয়েছে, খ্রিষ্টধর্মে বিশ্বাস বা কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের বিষয়টি নয়।   অন্যদিকে, তরুণদের গির্জায় যাওয়ার হার বৃদ্ধির যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে, সেটি নিয়ে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। ২০২৫ সালে ব্রিটিশ বাইবেল সোসাইটির প্রকাশিত ‘দ্য কোয়ায়েট রিভাইভাল’ প্রতিবেদনে বলা হয়েছিল, ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে মাসে অন্তত একবার গির্জায় যাওয়ার হার ২০১৮ সালের ৪ শতাংশ থেকে ২০২৪ সালে ১৬ শতাংশে পৌঁছেছে। কিন্তু ২০২৬ সালের ২৬ মার্চ ইউগভ জানায়, ওই জরিপের কিছু উত্তরদাতার মধ্যে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। জরিপে প্রয়োজনীয় জালিয়াতি শনাক্তকরণ ব্যবস্থা যথাযথভাবে প্রয়োগ না করায় ফলাফলে কয়েক শতাংশ পয়েন্টের পার্থক্য তৈরি হয়ে থাকতে পারে বলে জানায় প্রতিষ্ঠানটি। এ ঘটনায় দায় স্বীকার করে ক্ষমাও চায় ইউগভ। পরে বাইবেল সোসাইটি তাদের মূল প্রতিবেদনটি প্রত্যাহার করে নেয়।   এদিকে, যুক্তরাজ্যের ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) ২০২৫ সালের শরতে পরিচালিত ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউডস জরিপে গির্জায় উপস্থিতির বিষয়ে ভিন্ন চিত্র পাওয়া গেছে। ২০২৬ সালের ১৮ মে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়, ৩৫ বছরের কম বয়সীদের মধ্যে মাত্র ৪ শতাংশ সপ্তাহে অন্তত একবার খ্রিষ্টীয় উপাসনায় অংশ নেন। ২০১৭ সাল থেকে এই হার ৩ থেকে ৫ শতাংশের মধ্যে রয়েছে, অর্থাৎ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য বৃদ্ধির প্রমাণ মেলেনি। খ্রিষ্টান পরিচয় দেওয়া ৩৫ বছরের কম বয়সীদের মধ্যে মাসে অন্তত একবার উপাসনায় অংশ নেওয়ার হার ২৬ শতাংশ, যা করোনা মহামারির আগের তিন বছরের গড় ৩৬ শতাংশের চেয়ে কম।   বিশেষজ্ঞদের মতে, ঈশ্বরে বিশ্বাস করা এবং নিয়মিত ধর্মীয় উপাসনায় অংশ নেওয়া দুটি আলাদা বিষয়। কোনো ব্যক্তি ঈশ্বরে বিশ্বাসী হলেও তিনি নিয়মিত গির্জায় নাও যেতে পারেন। একইভাবে, জরিপে বিশ্বাসের হার বাড়ার অর্থ এই নয় যে তরুণদের মধ্যে নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারীর সংখ্যা একই হারে বেড়েছে। তাই শুধু একটি বা দুটি জরিপের ভিত্তিতে পুরো প্রজন্মের ধর্মীয় আচরণে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।   সব মিলিয়ে, যুক্তরাজ্যের তরুণদের মধ্যে ঈশ্বরে বিশ্বাসের বিষয়ে ইউগভের জরিপে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেলেও গির্জায় উপস্থিতি বৃদ্ধির বহুল আলোচিত পরিসংখ্যানটি এখন আর নির্ভরযোগ্য নয়। নতুন ও অধিকতর নির্ভরযোগ্য গবেষণার ফলাফলই বলে দিতে পারবে, এই পরিবর্তন দীর্ঘমেয়াদে ধর্মীয় আগ্রহ বৃদ্ধির প্রবণতায় রূপ নিচ্ছে কি না।   তথ্যসূত্র: ইউগভ, ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চ ও দ্য গার্ডিয়ান।   872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২৬ ২০:৮
যুক্তরাষ্ট্র ও কানাডায় দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, এক দশকে প্রবৃদ্ধি হয়েছে ৫২ শতাংশ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

উত্তর আমেরিকায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার বিশ্বে সর্বোচ্চ, ২০৭০ সালে পৌঁছাতে পারে ২ কোটিতে

ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় ছেলে

ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় ছেলে, সমর্থন জানিয়ে যা বললেন মার্কিন তারকা স্টিভ হার্ভে

ঐতিহ্যবাহী ইসলামিক ক্যালিগ্রাফি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ৩০টি ভাষায় কোরআন প্রকাশ করছে মালয়েশিয়ার এই প্রতিষ্ঠান। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

অজু করে কোরআন ছাপেন কর্মীরা, মালয়েশিয়ায় দিনে ছাপা হয় ১৫ হাজার কপি

প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্রের শিকাগোর কাছে পুরোনো গির্জায় গড়ে উঠল মধ্য-পশ্চিমাঞ্চলের প্রথম লাতিনো মুসলিমদের মসজিদ

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোর কাছে একটি সাবেক গির্জার ভবনে গড়ে উঠেছে মধ্য-পশ্চিমাঞ্চলের প্রথম লাতিনো মুসলিমদের নেতৃত্বাধীন মসজিদ। বারউইন শহরের ওজালা ইসলামিক সেন্টার নামের এই মসজিদে একত্র হচ্ছেন মেক্সিকান, ডমিনিকান, পুয়ের্তো রিকান, গুয়াতেমালান ও ভেনেজুয়েলান বংশোদ্ভূত মুসলিমরা। স্প্যানিশ, ইংরেজি ও আরবি ভাষায় ধর্মীয় কার্যক্রম পরিচালিত হওয়ায় বিভিন্ন সাংস্কৃতিক পটভূমির মানুষের জন্য এটি হয়ে উঠেছে একটি বিশেষ মিলনস্থল। এখানে ধর্মীয় পরিচয়ের পাশাপাশি নিজেদের লাতিনো ঐতিহ্য ও সংস্কৃতিও ধরে রাখার সুযোগ পাচ্ছেন মুসল্লিরা।   শিকাগোভিত্তিক সংবাদমাধ্যম ডব্লিউবিইজেডের ১৮ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি পবিত্র রমজানের প্রথম দিনে ওজালা ইসলামিক সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দীর্ঘদিন ধরে শিকাগো অঞ্চলের লাতিনো মুসলিমরা নিজেদের ভাষা ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ধর্মীয় পরিবেশ খুঁজছিলেন। অনেকের জন্য প্রচলিত মসজিদে ধর্মীয় কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ থাকলেও স্প্যানিশ ভাষায় কথা বলা এবং নিজেদের সাংস্কৃতিক অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মতো জায়গার অভাব ছিল। সেই প্রয়োজন থেকেই একটি স্বতন্ত্র মুসলিম কমিউনিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।   মসজিদটির পেছনে রয়েছে কয়েক বছরের সাংগঠনিক প্রচেষ্টা। লাতিনো মুসলিমদের জন্য একটি স্থায়ী কমিউনিটি গড়ে তুলতে ২০১৮ সালে ওজালা ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। এর সঙ্গে যুক্ত ছিলেন আলমা ক্যাম্পোস, ভিলমা লোপেজ এবং ইমাম ক্রিস্টোফার আবদুল করিম পাভলিচেক। ডমিনিকান প্রজাতন্ত্রে জন্ম নেওয়া ভিলমা এবং মেক্সিকান অভিবাসী পরিবারের সন্তান আলমা দুজনই ইসলাম গ্রহণের পর নিজেদের সাংস্কৃতিক পরিচয় বজায় রেখে ধর্মীয় জীবন চর্চার জন্য একটি সহায়ক পরিবেশ তৈরির প্রয়োজন অনুভব করেন। পরে তাঁদের উদ্যোগের সঙ্গে যুক্ত হন ইমাম পাভলিচেক।   বারউইনের ১৯০০ সাউথ ওক পার্ক অ্যাভিনিউয়ের ভবনটি আগে ফার্স্ট রিফর্মড চার্চ অব বারউইন হিসেবে পরিচিত ছিল। প্রায় ৭৭ বছর ধরে সেখানে খ্রিষ্টানদের উপাসনা অনুষ্ঠিত হয়েছে। গির্জাটির কার্যক্রম ২০১৭ সালে অন্য একটি গির্জার সঙ্গে একীভূত হওয়ার পর ২০২৪ সালে বারউইনের ওই ভবনে তাদের ধর্মীয় কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ওজালা ফাউন্ডেশন কয়েক মাসের তহবিল সংগ্রহের মাধ্যমে ২০২৫ সালের ৫ মে ভবনটি কিনে নেয়। পুরোনো গির্জার মূল প্রার্থনাকক্ষের বেঞ্চ সরিয়ে সেখানে নতুন কার্পেট বসানো হয় এবং মুসলিমদের নামাজের উপযোগী করে স্থানটি সাজানো হয়।   এই মসজিদের বিশেষত্ব শুধু এর নেতৃত্ব বা অবস্থানে নয়, বরং এর সাংস্কৃতিক বৈচিত্র্যেও। এখানে স্প্যানিশ, ইংরেজি ও আরবি ভাষায় ধর্মীয় আলোচনা ও কার্যক্রম পরিচালিত হয়। ডমিনিকান প্রজাতন্ত্রে জন্ম নেওয়া নেলসন হুলিও-পোলানকো নামের এক মুসল্লি জানিয়েছেন, তাঁর পরিবারের অন্য সদস্যরা মুসলিম না হলেও ওজালায় এসে নিজের মাতৃভাষা স্প্যানিশে অন্য মুসলিমদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন। তাঁর কাছে এই মিলনস্থল ধর্মীয় চর্চার পাশাপাশি সাংস্কৃতিক পরিচয় ও সামাজিক সম্পর্ক গড়ে তোলার জায়গা হয়ে উঠেছে।   ওজালা ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা ও ইমাম ক্রিস্টোফার আবদুল করিম পাভলিচেকের মতে, লাতিনো মুসলিমদের জন্য নিজেদের একটি স্থায়ী জায়গা তৈরি করা জরুরি ছিল। দীর্ঘদিন তাঁরা অন্যদের ধর্মীয় প্রতিষ্ঠানে অতিথির মতো যাতায়াত করতেন। এবার নিজেদের উদ্যোগে এমন একটি পরিবেশ গড়ে তুলতে পেরেছেন, যেখানে মুসলিম পরিচয় ও লাতিনো সংস্কৃতি পাশাপাশি জায়গা পেয়েছে। তাঁর স্ত্রী কারেন রিওসও মেক্সিকোতে ক্যাথলিক পরিবারে বেড়ে উঠেছেন। পরে ইসলাম গ্রহণ করে তিনি এই কমিউনিটির সঙ্গে যুক্ত হন। তাঁর কাছে মসজিদটি ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক পরিচয় একসঙ্গে ধরে রাখার সুযোগ তৈরি করেছে।   ইলিনয় অঙ্গরাজ্যে মুসলিম জনগোষ্ঠীর উপস্থিতিও উল্লেখযোগ্য। ২০২২ সালের একটি গবেষণার তথ্য উদ্ধৃত করে ডব্লিউবিইজেড জানিয়েছে, অঙ্গরাজ্যটিতে তিন লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেন। তাঁদের অধিকাংশই শিকাগো অঞ্চলে বসবাস করেন। এই মুসলিম জনগোষ্ঠীর প্রায় ৮ শতাংশ হিস্পানিক বা লাতিনো বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্রের মুসলিমদের মধ্যে লাতিনোদের উপস্থিতি বাড়ার বিষয়টিও বিভিন্ন গবেষণা ও কমিউনিটি সংগঠনের পর্যবেক্ষণে উঠে এসেছে।   যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিক অধিকারবিষয়ক সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের শিকাগো শাখার নির্বাহী পরিচালক আহমেদ রেহাবের মতে, তরুণ নারী ও ইসলাম গ্রহণকারী লাতিনোদের মধ্যে মুসলিম কমিউনিটিতে যুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে। তাঁর পর্যবেক্ষণে, অনেক মুসলিমই জানেন না যে লাতিনো জনগোষ্ঠী যুক্তরাষ্ট্রে ইসলাম গ্রহণকারীদের মধ্যে দ্রুত বাড়তে থাকা একটি অংশ। ওজালা ইসলামিক সেন্টারের মতো উদ্যোগ এই জনগোষ্ঠীকে নিজেদের পরিচয় ও বিশ্বাসের ভিত্তিতে একটি সহায়ক সামাজিক পরিসর দিচ্ছে।   প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা মনে করছেন, নতুন প্রজন্মের লাতিনো মুসলিমদের এমন পরিবেশে বড় হওয়া প্রয়োজন, যেখানে তাদের পারিবারিক সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের মধ্যে কোনো বিরোধ তৈরি হবে না। তাই মসজিদটি শুধু নামাজ আদায়ের স্থান হিসেবে নয়, বরং সামাজিক যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং নতুন মুসলিমদের জন্য সহায়তার কেন্দ্র হিসেবেও কাজ করছে। শিকাগো অঞ্চলে লাতিনো মুসলিম জনগোষ্ঠীর বিস্তারের সঙ্গে সঙ্গে এই উদ্যোগ আরও বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।   সংবাদসূত্র: ডব্লিউবিইজেড শিকাগো, শিকাগো হিস্ট্রি মিউজিয়াম।

প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ২১:৫২
ইসলাম ধর্ম গ্রহণের পর দ্বিতীয়বারের মতো পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন ব্রাজিল জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

সৌদি আরবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

যুক্তরাষ্ট্রে খ্রিস্টান জনগোষ্ঠীর অনুপাত কমে ৪৭ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ সেন্টার। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

২০৭০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম খ্রিষ্টান দেশের অবস্থান হারাতে পারে যুক্তরাষ্ট্র

২০৩৫ সালেই বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম, খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে মুসলিম জনসংখ্যা

২০৩৫ সালেই বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম, খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে মুসলিম জনসংখ্যা

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারে মুসলিমরা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
খ্রিস্টানদের ছাড়িয়ে ২০৩৫ সালে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছে মুসলিমরা

বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠীর অবস্থান বদলে যেতে পারে আগামী এক দশকের মধ্যেই। বর্তমান জনসংখ্যাগত প্রবণতা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন এক পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে। ১৮ নভেম্বর প্রকাশিত গবেষণায় ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের প্রধান ধর্মীয় জনগোষ্ঠীগুলোর সম্ভাব্য জনসংখ্যাগত পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে।   পিউর হিসাব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টান জনসংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি এবং মুসলিম জনসংখ্যা ছিল ২০২ কোটি। তবে আগামী বছরগুলোতে মুসলিম জনসংখ্যা তুলনামূলক দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে। গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালে বিশ্বে মুসলিমের সংখ্যা দাঁড়াতে পারে ২৫৭ কোটি, আর খ্রিষ্টান জনসংখ্যা হতে পারে প্রায় ২৫২ কোটি। অর্থাৎ ওই সময়ের মধ্যে মুসলিমরা সংখ্যার দিক থেকে খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারেন।   এই জনসংখ্যা বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে জন্মহারের পার্থক্যকে চিহ্নিত করেছেন গবেষকেরা। পিউর তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের সন্তান জন্মদানের গড় হার ছিল ৩ দশমিক ১। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫। অন্যদিকে, অন্যান্য ধর্মীয় পরিচয়ের নারীদের সম্মিলিত গড় জন্মহার ছিল ১ দশমিক ৬। জনসংখ্যার একটি প্রজন্মকে প্রতিস্থাপনের জন্য সাধারণত নারীপ্রতি ২ দশমিক ১ সন্তান জন্মের হার প্রয়োজন বলে বিবেচনা করা হয়।   পিউর জ্যেষ্ঠ জনসংখ্যাবিদ কনরাড হ্যাকেটের মতে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান চালিকাশক্তি ধর্মান্তর নয়, বরং জন্মহার। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম মায়েদের ঘরে জন্ম নেওয়া শিশুর সংখ্যা ছিল প্রায় ২৫ কোটি ২০ লাখ। একই সময়ে খ্রিষ্টান মায়েদের ঘরে জন্ম নেয় প্রায় ২০ কোটি ৮০ লাখ শিশু। তুলনামূলক তরুণ জনসংখ্যা এবং বেশি সন্তান জন্মদানের প্রবণতা মুসলিম জনগোষ্ঠীর ভবিষ্যৎ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।   গবেষণার দীর্ঘমেয়াদি পূর্বাভাস আরও উল্লেখযোগ্য। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটির বেশি হতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনসংখ্যা ৩০০ কোটির কিছুটা নিচে থাকার সম্ভাবনা রয়েছে। ওই বছর বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ মুসলিম এবং ২৯ শতাংশ খ্রিষ্টান হতে পারেন। ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় ৮০ শতাংশ বাড়তে পারে, যেখানে খ্রিষ্টান জনসংখ্যা বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৩০ শতাংশ।   বিশ্বের বিভিন্ন অঞ্চলেও ধর্মীয় জনসংখ্যার চিত্রে বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে পিউ। আগামী কয়েক দশকে আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলে মুসলিম ও খ্রিষ্টান উভয় জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ২০৭০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি খ্রিষ্টান ওই অঞ্চলে বসবাস করতে পারেন। বর্তমানে সবচেয়ে বেশি মুসলিমের বসবাস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হলেও ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যার অনুপাতে এই অঞ্চলের অংশ কিছুটা কমে আসতে পারে। এ ছাড়া পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠতে পারে।   যুক্তরাষ্ট্র ও কানাডার ধর্মীয় জনসংখ্যাতেও পরিবর্তনের আভাস রয়েছে। পিউর পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানরা আগামী কয়েক দশকেও সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী থাকবেন, তবে ২০৬৫ সালের মধ্যে তাঁরা আর সংখ্যাগরিষ্ঠ থাকবেন না। দেশটির বর্তমান জনসংখ্যার প্রায় ৬২ শতাংশ খ্রিষ্টান হলেও এই হার ভবিষ্যতে ৫০ শতাংশের নিচে নেমে আসতে পারে। অন্যদিকে, কানাডায় ২০৩০ সালের মধ্যে খ্রিষ্টান জনসংখ্যা মোট জনসংখ্যার অর্ধেকের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশেই ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা বাড়াকে এই পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।   ইউরোপেও মুসলিম জনসংখ্যার অনুপাত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। ২০২০ সালে ইউরোপের মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশ মুসলিম ছিলেন। ২০৭০ সালে এই হার বেড়ে ১৩ শতাংশে পৌঁছাতে পারে। একই সময়ে ইউরোপে খ্রিষ্টান জনসংখ্যা ৫০ কোটি ৫০ লাখ থেকে কমে প্রায় ৩২ কোটি ৪০ লাখে নেমে আসতে পারে। অন্যদিকে, হিন্দু ও ইহুদি জনগোষ্ঠীর মোট সংখ্যা বাড়লেও বিশ্ব জনসংখ্যার অনুপাতে তাঁদের অংশ কিছুটা কমতে পারে। বৌদ্ধ জনসংখ্যা মোট সংখ্যা ও অনুপাত উভয় দিক থেকেই কমার পূর্বাভাস রয়েছে।   তবে গবেষকেরা সতর্ক করেছেন, এই পরিবর্তনকে কোনো ধর্মীয় জনগোষ্ঠীর অন্য জনগোষ্ঠীর ওপর জয় বা পরাজয় হিসেবে দেখার সুযোগ নেই। পিউর ধর্মীয় গবেষণা বিভাগের পরিচালক অ্যালান কুপারম্যানের মতে, মুসলিম ও খ্রিষ্টান উভয় জনগোষ্ঠীর অধিকাংশ বৃদ্ধি ঘটবে এমন দেশগুলোতে, যেখানে সংশ্লিষ্ট ধর্ম আগে থেকেই সংখ্যাগরিষ্ঠ। গবেষণায় ২০১টি দেশ ও অঞ্চলের জনসংখ্যা, বয়সের কাঠামো, জন্মহার, মৃত্যুহার, অভিবাসন এবং ধর্মীয় পরিচয় পরিবর্তনের প্রবণতা বিবেচনা করা হয়েছে। তবে এগুলো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়, বরং বর্তমান প্রবণতা অব্যাহত থাকার ভিত্তিতে তৈরি জনসংখ্যাগত পূর্বাভাস।   সূত্র: পিউ রিসার্চ সেন্টার, অ্যাসোসিয়েটেড প্রেস

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ২২:১২
পেরুতে ভক্তদের অভিবাদন জানানোর সময় ছোড়া জপমালা এসে লাগে পোপ লিও চতুর্দশের চোখের কাছে; গ্রাফিক্স: আমেরিকা বাংলা

পেরুতে ভক্তের ছুড়ে দেওয়া জপমালার আঘাতে আহত পোপ চতুর্দশ লিও

নিউইয়র্কের কুইন্সে জামাইকা মুসলিম সেন্টারের ভবন।

অগ্নিনিরাপত্তার ঘাটতিতে নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে বন্ধ জুমার নামাজ, ভোগান্তিতে মুসল্লিরা

ড. ফেরদৌস সালেহীনের লেখা সূরা আল-ফাতিহার তাফসির ও জীবনের প্রতিফলনবিষয়ক নতুন বইয়ের মোড়ক উন্মোচন বা উপস্থাপনা। ছবি: সংগৃহীত

সূরা ফাতিহার সাত আয়াত যেভাবে বদলে দিল ড. ফেরদৌস সালেহীনের জীবনদৃষ্টি

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...