খুশির রঙে এলো ঈদুল আজহা, ত্যাগ ও মানবিকতার বার্তায় উদ্যাপিত হচ্ছে মুসলিমদের বৃহত্তম ধর্মীয় উৎসব
সাম্য, ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবিকতার বার্তা নিয়ে বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে উদ্যাপিত মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবটি বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে।
ঈদুল ফিতরের মতো এ ঈদে চাঁদ দেখার অপেক্ষা থাকে না। নির্ধারিত তারিখ জানা থাকায় আগেভাগেই শুরু হয় প্রস্তুতি। পশু কেনা, কোরবানির আয়োজন এবং প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপনের জন্য গ্রামে ফেরা, সবকিছুই সম্পন্ন করেন মানুষ আগে থেকেই।
এবারের ঈদ এমন এক সময়ে এসেছে, যখন দেশের বিভিন্ন অঞ্চলে হাওরের ফসলহানি, হাম রোগে শিশু মৃত্যুর ঘটনা এবং দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করছে। আয়-ব্যয়ের টানাপোড়েনের মধ্যেও মানুষ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রস্তুত হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে মিলনের আনন্দেই খুঁজে নেওয়া হচ্ছে স্বস্তির মুহূর্ত।
কবি কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় লিখেছিলেন,
"ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ এলো আবার দুস্রা ঈদ
কোরবানি দে কোরবানি দে শোন্ খোদার ফর্মান তাকিদ।"
দেশজুড়ে ঈদের জামাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিদের ভিড় দেখা গেছে মসজিদ ও ঈদগাহগুলোতে। নতুন অথবা পরিষ্কার পোশাক পরে, সুগন্ধি মেখে ধর্মপ্রাণ মুসল্লিরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করছেন। নামাজ শেষে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা।
ঈদুল আজহার মূল অনুষঙ্গ কোরবানি। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করেন। ইসলামী বিধান অনুযায়ী আর্থিকভাবে সক্ষম ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব। হাদিসে রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না, সে যেন আমার ঈদগাহের কাছে না আসে।”
বাংলাদেশে সাধারণত গরু, ছাগল ও মহিষ কোরবানি দেওয়া হয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে দুম্বা, ভেড়া ও উট কোরবানির প্রচলন রয়েছে। এ অঞ্চলে অতীতে ছাগল কোরবানির প্রচলন বেশি থাকায় ঈদুল আজহা ‘বকরিদ’ নামেও পরিচিত ছিল। দেশভাগের পর গরু কোরবানির হার ক্রমেই বৃদ্ধি পায়।
ইসলামে কোরবানির মাংস বণ্টনের ক্ষেত্রেও মানবিকতা ও সামাজিক ন্যায়ের শিক্ষা দেওয়া হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী কোরবানিদাতা নিজের জন্য এক অংশ রেখে বাকি অংশ আত্মীয়স্বজন ও অসচ্ছল মানুষের মধ্যে বিতরণ করেন। এর মাধ্যমে সমাজে সাম্য ও পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।
ঈদুল আজহার সঙ্গে জড়িয়ে আছে হজরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-এর অনন্য আত্মত্যাগের ঘটনা। মহান আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে পুত্রকে কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন হজরত ইব্রাহিম (আ.)। পরে আল্লাহর ইচ্ছায় হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। সেই ঘটনার স্মৃতিতেই মুসলমানরা প্রতি বছর কোরবানি করেন।
ইসলামের শিক্ষা অনুযায়ী, কোরবানির প্রকৃত তাৎপর্য পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মনের ভেতরের লোভ-লালসা ও কুপ্রবৃত্তিকে দমন করাই এর মূল উদ্দেশ্য। পবিত্র কোরআনের সুরা হজের ৩৭ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত পৌঁছায় না, পৌঁছে মানুষের তাকওয়া।
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোট পাঁচটি ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায় এবং পরবর্তী জামাতগুলো সকাল ৮টা, ৯টা, ১০টা ও বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
রাজধানীর বাইরে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ এবং দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানেও বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা এসব জামাতে অংশ নিতে সমবেত হয়েছেন।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তুলনামূলকভাবে শুষ্ক থাকতে পারে খুলনা ও বরিশাল বিভাগ।
ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ঈদুল আজহা ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহিমান্বিত বার্তা নিয়ে মুসলিম বিশ্বের দ্বারে এসেছে। তিনি আল্লাহর কাছে দেশ, জাতি ও সমগ্র মানবজাতির শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনা করেন।
ঈদ উপলক্ষে টেলিভিশন ও রেডিওতে প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। সংবাদমাধ্যমগুলো প্রকাশ করেছে বিশেষ আয়োজন। একই সঙ্গে হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশুসদনে বিশেষ খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
ধর্ম
View moreউত্তর আমেরিকায় গত এক দশকে মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় ৫২ শতাংশ। ২০১০ সালে যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ৩৮ লাখ ৮০ হাজার। ২০২০ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৫৯ লাখ ১০ হাজারে। শতকরা হিসাবে বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের তুলনায় এই বৃদ্ধির হার সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের ২০২৫ সালের জুনে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় উত্তর আমেরিকা বলতে যুক্তরাষ্ট্র ও কানাডাকে বোঝানো হয়েছে। মেক্সিকোকে এই হিসাবের অন্তর্ভুক্ত করা হয়নি। পিউর বিশ্লেষণ অনুযায়ী, এই দুই দেশে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে অভিবাসন। বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের কারণে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে। শিক্ষা, কর্মসংস্থান, পরিবারের সঙ্গে পুনর্মিলন এবং উন্নত জীবনের সুযোগের সন্ধানে অনেকে এসব দেশে বসতি গড়েছেন। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের বয়সের গঠনও এ প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারণ। পিউর তথ্য অনুযায়ী, ২০২০ সালে উত্তর আমেরিকার মুসলিমদের মধ্যম বয়স ছিল ২৮ বছর। বিপরীতে খ্রিষ্টানদের মধ্যম বয়স ছিল ৪৪ বছর। অর্থাৎ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে তুলনামূলকভাবে তরুণ মানুষের সংখ্যা বেশি। এই বয়সগত পার্থক্য দীর্ঘমেয়াদে জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে বলে গবেষণায় উঠে এসেছে। আঞ্চলিক তুলনায়ও উত্তর আমেরিকার মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখযোগ্য। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে সাব-সাহারান আফ্রিকায় মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় ৩৪ শতাংশ। একই সময়ে বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় ২১ শতাংশ। ২০২০ সালে বিশ্বে মুসলিমের সংখ্যা দাঁড়ায় প্রায় ২০০ কোটি, যা ২০১০ সালে ছিল প্রায় ১৭০ কোটি। অর্থাৎ বৈশ্বিক প্রবৃদ্ধির তুলনায় উত্তর আমেরিকায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির গতি অনেক বেশি ছিল। এদিকে, পিউ রিসার্চ সেন্টারের ১৮ নভেম্বর ২০২৬ প্রকাশিত নতুন গবেষণায় উত্তর আমেরিকায় মুসলিম জনসংখ্যার ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে আরও বড় পূর্বাভাস দেওয়া হয়েছে। গবেষণা অনুযায়ী, বর্তমান জনসংখ্যাগত প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালে এ অঞ্চলে মুসলিমের সংখ্যা প্রায় ২ কোটিতে পৌঁছাতে পারে। তখন উত্তর আমেরিকার মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৯ শতাংশ হবেন মুসলিম। তুলনায় ২০২০ সালে এ অঞ্চলে মুসলিমের সংখ্যা ছিল প্রায় ৫৯ লাখ, যা মোট জনসংখ্যার ১ দশমিক ৬ শতাংশ। পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে অভিবাসনের কারণে উত্তর আমেরিকায় মুসলিম জনসংখ্যা বাড়তে পারে প্রায় ৯৮ লাখ। জন্ম ও মৃত্যুর হিসাব বিবেচনায় স্বাভাবিক জনসংখ্যা পরিবর্তনের মাধ্যমে যুক্ত হতে পারে আরও প্রায় ৪৬ লাখ। অন্যদিকে ধর্মীয় পরিচয় পরিবর্তনের কারণে মুসলিম জনসংখ্যা কমতে পারে প্রায় ৪ লাখ ৬০ হাজার। সব মিলিয়ে এই তিনটি বিষয় বিবেচনায় ২০৭০ সালে মুসলিম জনসংখ্যা প্রায় ২ কোটিতে পৌঁছানোর সম্ভাবনা দেখছে গবেষণা প্রতিষ্ঠানটি। গবেষণায় আরও বলা হয়েছে, অভিবাসন অব্যাহত থাকলে মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিবাসন না থাকলে ২০৭০ সালে উত্তর আমেরিকার মোট জনসংখ্যার মধ্যে মুসলিমদের অংশ প্রায় ২ দশমিক ২ শতাংশে সীমিত থাকতে পারে। তবে অভিবাসনের প্রভাব যুক্ত হলে তা বেড়ে প্রায় ৪ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। পিউর গবেষকেরা স্পষ্ট করেছেন, এসব সংখ্যা ভবিষ্যৎ জনসংখ্যার নিশ্চিত হিসাব নয়; বরং বর্তমান প্রবণতার ভিত্তিতে তৈরি দীর্ঘমেয়াদি পূর্বাভাস। উত্তর আমেরিকায় মুসলিম সম্প্রদায়ের এই বিস্তারের ফলে যুক্তরাষ্ট্র ও কানাডার ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যেও পরিবর্তন আসছে। বিশেষ করে অভিবাসন, তরুণ জনগোষ্ঠী এবং প্রজন্মগত পরিবর্তন আগামী কয়েক দশকে এ অঞ্চলের ধর্মীয় জনসংখ্যার চিত্রকে আরও বদলে দিতে পারে বলে মনে করছে পিউ রিসার্চ সেন্টার। সূত্র: পিউ রিসার্চ সেন্টার, ৯ জুন ২০২৫ ও ১৮ নভেম্বর ২০২৬ প্রকাশিত গবেষণা প্রতিবেদন। 872 আইজেট
ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় ছেলে, সমর্থন জানিয়ে যা বললেন মার্কিন তারকা স্টিভ হার্ভে
অজু করে কোরআন ছাপেন কর্মীরা, মালয়েশিয়ায় দিনে ছাপা হয় ১৫ হাজার কপি
যুক্তরাষ্ট্রের শিকাগোর কাছে পুরোনো গির্জায় গড়ে উঠল মধ্য-পশ্চিমাঞ্চলের প্রথম লাতিনো মুসলিমদের মসজিদ
সৌদি আরবে ফুটবল খেলতে গিয়ে ইসলাম গ্রহণ করা ব্রাজিলের নারী ফুটবলার ক্যাথলিন সুজা দ্বিতীয়বারের মতো ওমরাহ পালন করেছেন। পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ পালনের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। একসময় স্পেনের রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই ডিফেন্ডার ২০২৪ সালে সৌদি আরবের আল নাসর ক্লাবে যোগ দেন। প্রায় দেড় বছর দেশটিতে থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলাম গ্রহণের ঘোষণা দেন তিনি। এরপরই প্রথমবার ওমরাহ পালন করেছিলেন ব্রাজিলের এই ফুটবলার। ইসলামিকফাইন্ডারের ১৯ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েক মাসের ব্যবধানে আবারও মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করেছেন ক্যাথলিন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পবিত্র মক্কা সফরের মুহূর্তগুলো তুলে ধরেছেন তিনি। এর আগে ফেব্রুয়ারিতে ইসলাম গ্রহণের পর তাঁর প্রথম ওমরাহ পালনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সে সময় আল নাসরের সতীর্থদের সঙ্গে মসজিদুল হারামে তাঁকে দেখা যায়। পেশাদার ফুটবলের পাশাপাশি ব্যক্তিগত ধর্মীয় জীবনেও এসেছে পরিবর্তন। ব্রাজিলের সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্ম ক্যাথলিনের। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আগ্রহ থাকলেও নিজ এলাকায় মেয়েদের জন্য খেলার সুযোগ ছিল সীমিত। পরে ক্রীড়া বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল খেলার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যান। এরপর পেশাদার ফুটবলে ক্যারিয়ার গড়তে ইউরোপে পাড়ি জমান। ফ্রান্সের বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলে পরিচিতি পান তিনি। ২০২৪ সালের আগস্টে ইউরোপ ছেড়ে সৌদি আরবের আল নাসর নারী ফুটবল দলে যোগ দেন ক্যাথলিন। সেখানে খেলার সময় মুসলিম সতীর্থদের জীবনযাপন ও ধর্মীয় অনুশীলন সম্পর্কে আরও ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পান। ধীরে ধীরে ইসলামের প্রতি তাঁর আগ্রহ বাড়তে থাকে। ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি তাঁর ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ্যে আসে। সে সময় আল নাসরের নারী দল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তাঁকে অভিনন্দন জানায়। সতীর্থরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান এবং তাঁর নতুন জীবনের জন্য শুভকামনা জানান। ইসলাম গ্রহণের পর ব্রাজিলের ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম পেলেজাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বলেছিলেন ক্যাথলিন। তিনি জানান, ইউরোপে খেলার সময় থেকেই মুসলিম সতীর্থদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন। সৌদি আরবে যাওয়ার পর সেই আগ্রহ আরও গভীর হয়। ইসলাম গ্রহণের আগেও তিনি রমজানে রোজা রাখার অভিজ্ঞতা অর্জন করেছিলেন। তাঁর ভাষায়, মুসলিমদের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ও ধর্মীয় শৃঙ্খলা তাঁকে আকৃষ্ট করেছিল। ব্যক্তিগত বিশ্বাস থেকেই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। সাক্ষাৎকারে ক্যাথলিন আরও জানান, ধর্ম পরিবর্তনের সিদ্ধান্তে তাঁর পরিবারের সমর্থন ছিল। মুসলিম হওয়ার পর তাঁর দৈনন্দিন জীবনে নামাজ ও অন্যান্য ধর্মীয় অনুশীলন যুক্ত হয়েছে। প্রথম রমজানে নিয়মিত রোজা পালনের পাশাপাশি পেশাদার ফুটবলের প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। রোজার সময় খাবার, পানি ও বিশ্রামের সময়সূচির সঙ্গে প্রশিক্ষণের সমন্বয় করতে হয়েছে তাঁকে। তবে নতুন ধর্মীয় জীবন নিয়ে নিজের সন্তুষ্টির কথাও জানিয়েছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। চলতি বছরের জুলাইয়ে আল নাসর ছেড়ে সৌদি আরবের আরেক শীর্ষ ক্লাব আল হিলালে যোগ দেন ক্যাথলিন। ২১ জুলাই আল হিলালের আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের সঙ্গে দুই বছরের চুক্তি করা হয়েছে। এর আগে আল নাসরের হয়ে সৌদি নারী ফুটবল লিগে শিরোপা জয়ের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ব্রাজিল জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা ক্যাথলিন নতুন ক্লাবেও নিজের পেশাদার ক্যারিয়ার এগিয়ে নিচ্ছেন। ইউরোপের শীর্ষ ক্লাবে খেলা থেকে সৌদি আরবে নতুন অধ্যায় শুরু, এরপর ইসলাম গ্রহণ এবং দ্বিতীয়বার ওমরাহ পালন, গত দুই বছরে ক্যাথলিনের জীবনে এসেছে একাধিক পরিবর্তন। নিজের ধর্মীয় বিশ্বাসকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখেন তিনি। ফুটবল ক্যারিয়ার চালিয়ে যাওয়ার পাশাপাশি সেই বিশ্বাসের চর্চাও অব্যাহত রেখেছেন ব্রাজিলের এই ডিফেন্ডার। সংবাদসূত্র: ইসলামিকফাইন্ডার, আল হিলাল ফুটবল ক্লাব।
২০৭০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম খ্রিষ্টান দেশের অবস্থান হারাতে পারে যুক্তরাষ্ট্র
২০৩৫ সালেই বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম, খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে মুসলিম জনসংখ্যা
খ্রিস্টানদের ছাড়িয়ে ২০৩৫ সালে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছে মুসলিমরা
পেরুর রাজধানী লিমায় বিদায়ি প্রার্থনাসভায় যোগ দিতে যাওয়ার পথে পোপ লিও চতুর্দশের চোখের কাছে আঘাত করেছে ভিড় থেকে ছোড়া একটি বস্তু। সোমবার (১৬ নভেম্বর) লাস পালমাস বিমানঘাঁটিতে যাওয়ার সময় পোপমোবাইলে থাকা অবস্থায় বস্তুটি তাঁর দিকে ছুড়ে দেওয়া হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সেটি সম্ভবত একটি জপমালা বা রোজারি। ঘটনার পর পোপকে চোখে হাত দিতে দেখা যায়। ছবি ও ভিডিওতে মুহূর্তটি ধরা পড়েছে। প্রত্যক্ষভাবে ধারণ করা ভিডিওতে দেখা যায়, পোপমোবাইলের ভেতর থেকে ভক্তদের অভিবাদন জানাচ্ছিলেন পোপ লিও। এ সময় ভিড়ের মধ্য থেকে তাঁর দিকে একটি বস্তু ছুড়ে দেওয়া হয়। সেটি ধরতে না পেরে বস্তুটির আঘাত লাগে তাঁর চোখের কাছাকাছি। এরপর তিনি কিছুক্ষণ চোখে হাত দিয়ে পরিস্থিতি সামাল দেন। তবে এ ঘটনার পরও তাঁর নির্ধারিত কর্মসূচিতে কোনো পরিবর্তন আসেনি। তিনি প্রার্থনাসভায় অংশ নেন এবং বক্তব্যও দেন। রয়টার্স জানিয়েছে, তাঁর আহত হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন পোপ লিওর দক্ষিণ আমেরিকা সফর শেষ হচ্ছিল। উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু মিলিয়ে ১২ দিনের সফরের শেষ পর্ব ছিল পেরু। দেশটিতে তিনি ছয় দিন অবস্থান করেন। লিমার বিমানঘাঁটিতে আয়োজিত বিদায়ি প্রার্থনাসভায় ভ্যাটিকানের হিসাব অনুযায়ী প্রায় ১৫ লাখ মানুষ অংশ নেন। বক্তব্যে পেরুর মানুষের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানান পোপ। দেশটিকে নিজের মাতৃভূমি বলেও উল্লেখ করেন তিনি। পোপের দিকে ভক্তদের বিভিন্ন জিনিস ছুড়ে দেওয়ার ঘটনা নতুন নয়। তাঁকে দেখার সুযোগ পেলে অনেকেই জপমালা, খেলনা, পতাকা ও বিভিন্ন স্মারক তাঁর দিকে এগিয়ে দেন বা ছুড়ে দেন, যেন তিনি সেগুলোতে আশীর্বাদ করেন। এসব জিনিস দক্ষতার সঙ্গে ধরে ফেলার জন্যও পরিচিতি রয়েছে ৭১ বছর বয়সী পোপ লিওর। এর আগে রোমের সেন্ট পিটার্স স্কয়ারে এক অনুষ্ঠানে শিকাগোর কয়েকজন বাসিন্দার দেওয়া পিৎজাও গ্রহণ করেছিলেন তিনি। তবে এবারই প্রথম নয়, এর আগেও এ ধরনের ঘটনা সামলাতে গিয়ে সমস্যায় পড়েছিলেন পোপ। রোমে এক অনুষ্ঠানে পোপমোবাইলের পেছনে থাকা ভ্যাটিকানের এক ভিডিওগ্রাফারকে অসাবধানতাবশত ধাক্কা দিয়েছিলেন তিনি। ভিড় থেকে ছুড়ে দেওয়া একটি বস্তু ধরার চেষ্টা করতে গিয়ে ওই ঘটনা ঘটে। পরে ভিডিওগ্রাফারের কাছে দুঃখ প্রকাশ করেন পোপ। পেরুর ঘটনাতেও অবশ্য তিনি থেমে থাকেননি। চোখে আঘাত লাগার পরও ভক্তদের অভিবাদন জানানো এবং নির্ধারিত ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করেন তিনি। সংবাদসূত্র: Reuters, Associated Press
অগ্নিনিরাপত্তার ঘাটতিতে নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে বন্ধ জুমার নামাজ, ভোগান্তিতে মুসল্লিরা
সূরা ফাতিহার সাত আয়াত যেভাবে বদলে দিল ড. ফেরদৌস সালেহীনের জীবনদৃষ্টি

