- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন এবং চরম মানবিক সংকটের বিরুদ্ধে শুরু থেকেই সরব রয়েছেন মার্কিন পপ তারকা ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে। সামাজিক যোগাযোগমাধ্যম ও নিজস্ব তহবিলের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে চলেছেন। ২০২৫ সালের জুলাই মাসে যুক্তরাজ্যের 'রেড লাইন ফর গাজা' (Red Line for Gaza) ক্যাম্পেইনের একটি বার্তা নিজের ৩৭ কোটিরও বেশি ইনস্টাগ্রাম ফলোয়ারের সাথে শেয়ার করেন আরিয়ানা। সেখানে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখেন, মানুষকে অনাহারে তিলে তিলে মারা একটি 'রেড লাইন' বা চরম সীমা, এবং ইসরায়েলি সরকার গোটা বিশ্বের চোখের সামনেই এই সীমা লঙ্ঘন করছে। অবিলম্বে গাজায় ত্রাণ সরবরাহের সুযোগ দেওয়ারও জোর দাবি জানান তিনি। কেবল সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েই থেমে থাকেননি এই পপ আইকন। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে বিনোদন জগতের শীর্ষ তারকাদের নিয়ে গঠিত 'আর্টিস্টস-ফর-সিজফায়ার' (Artists4Ceasefire) জোটের অন্যতম স্বাক্ষরকারী সদস্যও তিনি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে মার্কিন প্রশাসন ও কংগ্রেসের কাছে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন তিনিসহ শত শত তারকা। এছাড়া, গাজার যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় তিনি ফিলিস্তিন চিলড্রেনস রিলিফ ফান্ডের (PCRF) তহবিলের কথা প্রচার করলে কয়েক মিনিটের মধ্যেই সেখানে বিপুল পরিমাণ অনুদান জমা পড়ে। সর্বশেষ ২০২৬ সালের জুনে আরিয়ানা গ্র্যান্ডের নিজস্ব দাতব্য সংস্থা 'ব্রাইটার ডেজ অ্যাহেড ফাউন্ডেশন' (Brighter Days Ahead) গাজার শিশুদের জন্য 'সেভ দ্য চিলড্রেন ইউকে'-এর ত্রাণ কার্যক্রমে বড় অঙ্কের আর্থিক অনুদান প্রদান করেছে। সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, আরিয়ানা গ্র্যান্ডের মতো মানবিক তারকাদের এই অনুদানের মাধ্যমে তারা গাজার হাজার হাজার শিশুর কাছে নগদ অর্থ, জরুরি চিকিৎসাসেবা ও পুষ্টি সহায়তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। ফিলিস্তিনিদের অধিকার আদায় এবং গাজায় একটি স্থায়ী ও ন্যায়সংগত শান্তির পক্ষে আরিয়ানা গ্র্যান্ডের এই ধারাবাহিক ও জোরালো পদক্ষেপ বিশ্বজুড়ে তুমুল প্রশংসিত হচ্ছে।
নিখোঁজ ইসরায়েলি পাইলট রন আরাদের সন্ধানে গত দুই দশকে সিরিয়া ও তুরস্ক থেকে ইরানের দুই শীর্ষ জেনারেলকে অপহরণ করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। দীর্ঘ তদন্ত শেষে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালে তুরস্কের ইস্তাম্বুল থেকে অপহৃত ইরানি জেনারেল আলিরেজা আসগারিকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যা করে কৃষ্ণসাগরে মরদেহ ফেলে দেয় মোসাদ। অন্যদিকে, ২০২১ সালে সিরিয়ার দামেস্ক থেকে ফ্রিজ বহনের বড় কার্ডবোর্ড বাক্সে ভরে অপহরণ করা হয়েছিল আরেক জেনারেল আবদুল্লাহ সাবেরিকে, যাকে পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ছেড়ে দেওয়া হয়। নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, এই অভিযানের প্রথম দিকের শিকার হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল এবং দেশটির সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলীরেজা আসগারি। ২০০৬ সালের ডিসেম্বরে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছে তাকসিম এলাকার সেলান হোটেলে ওঠেন আসগারি। এর কিছুক্ষণ পরই মোসাদ এজেন্টরা তাকে অপহরণ করে। ঘটনার কয়েক বছর পর ইরান আসগারির বিষয়ে তথ্য চাইলে ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন প্রতিনিধিদের জানান, আরাদের বিষয়ে আসগারির কাছে তথ্য আছে—এমন ভুল ধারণা থেকে তাকে কয়েক সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হয়েছিল। পরবর্তীতে মোসাদ নিশ্চিত হয় যে, ওই পাইলটের ব্যাপারে আসগারি কিছুই জানতেন না। তা সত্ত্বেও মোসাদ এজেন্টরা তাকে হত্যা করে মরদেহ কৃষ্ণ সাগরে ফেলে দেয়। সে সময় মোসাদের প্রধান ছিলেন মেইর দাগান এবং ২০০৭ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন এহুদ ওলমার্ট। একজন শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার মতো সিদ্ধান্তে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রীর অনুমোদন ছিল বলে ধারণা করা হয়। অন্যদিকে, ইরানের নিজস্ব তদন্তেও বেরিয়ে আসে যে, ইস্তাম্বুলের হোটেল কক্ষের তালা ভেঙে আসগারিকে চেতনানাশক প্রয়োগ করে অপহরণ করা হয়েছিল এবং অপহরণে ব্যবহৃত গাড়িটি কৃষ্ণ সাগরের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এতদিন আসগারির ভাগ্য নিয়ে নানা রহস্য ও গুঞ্জন প্রচলিত ছিল। ২০২৪ সালে ইরানবিরোধী একটি সংবাদমাধ্যম দাবি করেছিল যে, আসগারি ২০০৫ সালে থাইল্যান্ড থেকে মার্কিন গোয়েন্দাদের হয়ে কাজ শুরু করেন এবং নতুন পরিচয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে সাম্প্রতিক এই অনুসন্ধানী প্রতিবেদন সেই দাবিকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। ইসরায়েলি সামরিক গোয়েন্দা বিভাগের ইরান শাখার সাবেক প্রধান ড্যানি সিট্রিনোভিচ এই ঘটনাকে ইসরায়েলের ‘ভুল বাজি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, রন আরাদ নিখোঁজ হওয়ার পেছনে ইরান দায়ী—ইসরায়েলের এমন ভুল ধারণা থেকেই আসগারিকে অপহরণ করা হয়েছিল। কিন্তু সব মূল্যায়ন বলছে, ১৯৮৮ সালেই আরাদ নিহত হন এবং তাকে কখনোই ইরানে নেওয়া হয়নি। ফলে আসগারিকে অপহরণ ও হত্যা করেও ইসরায়েল কোনো তথ্য পায়নি। অন্যদিকে, ২০২১ সালে দামেস্কে প্রাতঃভ্রমণে বের হলে দুই ব্যক্তি মালামাল পরিবহনের ছদ্মবেশে ফ্রিজের একটি বিশাল কার্ডবোর্ড বাক্স নিয়ে জেনারেল আবদুল্লাহ সাবেরির পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ আক্রমণ করে তাকে বাক্সবন্দি করে গাড়িতে তুলে নেয়। তাকে তেল আবিবে নিয়ে রন আরাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কোনো তথ্য না মেলায় পরবর্তীতে তাকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি রাস্তায় সামান্য কিছু অর্থ ও ইরানি দূতাবাসের ফোন নম্বর দিয়ে ছেড়ে দেওয়া হয়। ২০২৫ সালের অক্টোবরে মোসাদের সাথে সংশ্লিষ্ট একটি ফার্সি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও সাবেরিকে অপহরণের বিষয়টি ইঙ্গিতপূর্ণভাবে স্বীকার করা হয়েছিল। ইরানকেন্দ্রিক এই অভিযানগুলো ব্যর্থ হওয়ার পর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা তাদের নজর লেবাননের দিকে ঘুরিয়ে নেয়। ২০২৫ সালের শেষদিকে লেবাননের সাবেক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আহমদ শুকরকে অপহরণ করে মোসাদ। ১৯৮৮ সালে রন আরাদকে পাহারা দেওয়ার দায়িত্বে থাকা ব্যক্তিদের একজন ছিলেন শুকর। ইসরায়েলি কর্মকর্তাদের বর্তমান ধারণা, ১৯৮৮ সালে ইসরায়েলি সেনাদের সাথে লড়াইয়ে শুকরের ভাই নিহত হওয়ার প্রতিশোধ নিতেই রন আরাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই তথ্যের সূত্র ধরে ২০২৬ সালের মার্চ মাসে লেবাননের নবী শিট এলাকায় ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে একটি কবরস্থানে খননকাজ চালালেও আরাদের দেহাবশেষ খুঁজে পায়নি। ওই অভিযানে কয়েক ডজন লেবানিজ নাগরিক প্রাণ হারান। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওয়াইনেট
এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রাক্তন প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে গোপন সম্পর্কের জেরে আলোচনায় আসা সন্দেহভাজন চীনা গুপ্তচর অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি 'মেগাস্পিড' থেকে পদত্যাগ করেছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়া চিপের সবচেয়ে বড় ক্রেতা এই মেগাস্পিড। অ্যালিস হুয়াং ও নিজেরই আরেক কর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠার পর সম্প্রতি এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে ইস্তফা দেন জেনসেন। এই কেলেঙ্কারির পর মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা অমান্য করে মেগাস্পিডের মাধ্যমে চীনে উন্নত প্রযুক্তির এআই চিপ পাচার হয়েছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে গুরুতর প্রশ্ন উঠেছে। উদ্ভূত পরিস্থিতিতে রবিবার নিজেদের ব্যবসায়িক কার্যক্রম ও বৈশ্বিক সাপ্লাই চেইন নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে মেগাস্পিড। কোম্পানিটির দাবি, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই এবং তারা আমেরিকার সব আইন মেনেই সম্পূর্ণ বৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। ওয়াশিংটনভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক গোষ্ঠী সি৪এডিএস জানিয়েছে, ২০২৩ সালের শেষের দিকে মেগাস্পিডের পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেও কোম্পানিটির মূল নিয়ন্ত্রণ অ্যালিস হুয়াংয়ের হাতেই ছিল। অবশেষে গত আগস্টে তিনি কোম্পানির নির্বাহী পদ সম্পূর্ণ ছেড়ে দেন। মেগাস্পিডসহ অন্যান্য কোম্পানির বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে গত ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর কর্তৃপক্ষ অ্যালিস হুয়াংকে (যাঁর সঙ্গে জেনসেন হুয়াংয়ের কোনো পারিবারিক সম্পর্ক নেই) জিজ্ঞাসাবাদও করেছিল। এদিকে, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের চীন বিষয়ক সিলেক্ট কমিটি, পররাষ্ট্র বিষয়ক কমিটি এবং গোয়েন্দা কমিটির সামনে রুদ্ধদ্বার শুনানিতে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন জেনসেন হুয়াং। চীন বিষয়ক কমিটির চেয়ারম্যান জন মুলেনার জানিয়েছেন, ওই সন্দেহভাজন চীনা গুপ্তচর এনভিডিয়ার এআই ও রপ্তানি নিয়ন্ত্রণ নীতিতে কতটা প্রভাব ফেলেছিলেন এবং কোনো গোপনীয় তথ্য ফাঁস হয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে জানতেই এই গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হবে। স্পেসএক্সের ইলন মাস্কসহ টেক দুনিয়ার শীর্ষস্থানীয় কয়েকজন নেতা জেনসেন হুয়াংকে পুনরায় এনভিডিয়ার প্রধান নির্বাহী হিসেবে ফিরিয়ে আনার চেষ্টা চালালেও, চলমান অভ্যন্তরীণ তদন্তের কারণে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এনভিডিয়াকে বাইরের কাউকে নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে উন্নত চিপ রপ্তানি তদারকিতে চরম ব্যর্থতার জন্য তিনি বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লটনিকের তীব্র সমালোচনা করেছেন। আগামী মাসে এ বিষয়ে সিনেট ব্যাংকিং কমিটির সামনে লটনিককে সাক্ষ্য দিতে তলব করা হয়েছে। বর্তমানে এনভিডিয়ার প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেস প্রতিষ্ঠানটির অস্থায়ী নেতৃত্ব দিচ্ছেন। মূলত অভিযোগ উঠেছে যে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে থাকা মেগাস্পিডের ডেটা সেন্টারের মাধ্যমে চীনা কোম্পানিগুলোকে এনভিডিয়ার চিপ ব্যবহারের গোপন সুযোগ বা ‘ব্যাকডোর এক্সেস’ দেওয়া হচ্ছিল। যদিও সিঙ্গাপুর জানিয়েছে যে তারা অন্য দেশের চাপিয়ে দেওয়া একতরফা রপ্তানি নিষেধাজ্ঞা কার্যকর করে না, তবে নিজ দেশের কোম্পানিগুলোকে বিদেশি নিয়মকানুন মেনে চলার তাগিদ দিয়েছে তারা। অন্যদিকে, অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগ সরাসরি অস্বীকার করেছে চীন। এআই প্রযুক্তির ওপর অবরোধ আরোপের অজুহাত হিসেবে আমেরিকা এই কেলেঙ্কারির অপব্যবহার করছে বলেও কড়া সতর্কবার্তা দিয়েছে বেইজিং।
যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বিনিয়োগকারী ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট আবারও বিপুল পরিমাণ সম্পদ দান করেছেন। এবারের থ্যাংকসগিভিং উপলক্ষে প্রায় ৫৫০ কোটি ডলার মূল্যের শেয়ার চারটি দাতব্য ফাউন্ডেশনে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬৭ হাজার কোটি টাকা, প্রতি ডলার ১২২ টাকা ধরে। সোমবার (১৬ নভেম্বর) তাঁর প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রকাশিত এক বিবৃতিতে এই দানের তথ্য জানানো হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি, বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, ৯৬ বছর বয়সী বাফেট তাঁর মালিকানাধীন বার্কশায়ার হ্যাথাওয়ের ৬ হাজার ১৫০টি ক্লাস এ শেয়ারকে ৯২ লাখ ২৫ হাজার ক্লাস বি শেয়ারে রূপান্তর করেছেন। এরপর এসব শেয়ার তাঁর পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট চারটি দাতব্য ফাউন্ডেশনে দান করার ঘোষণা দেন। এর মধ্যে সুসান থম্পসন বাফেট ফাউন্ডেশন পাচ্ছে ৩৬ লাখ ৯০ হাজার শেয়ার। অন্য তিনটি প্রতিষ্ঠান শেরউড ফাউন্ডেশন, হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন এবং নোভো ফাউন্ডেশন পাচ্ছে ১৮ লাখ ৪৫ হাজার করে শেয়ার। এই চারটি প্রতিষ্ঠানের সঙ্গে বাফেটের তিন সন্তান সুসি, হাওয়ার্ড ও পিটার বাফেট যুক্ত রয়েছেন। দীর্ঘদিন ধরে এসব ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে অর্থায়ন করে আসছে। বাফেট জানিয়েছেন, তাঁর অবশিষ্ট বার্কশায়ার শেয়ারও পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানে দান করার পরিকল্পনা রয়েছে। লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে শেয়ারগুলো দাতব্য কাজে ব্যবহারের জন্য হস্তান্তর করা। এত বিপুল অর্থ দানের পরও বাফেটের হাতে বার্কশায়ার হ্যাথাওয়ের ১ লাখ ৮২ হাজার ১৪০টি ক্লাস এ শেয়ার এবং ১ হাজার ১৬২টি ক্লাস বি শেয়ার থাকবে। সিএনবিসির হিসাবে, তাঁর অবশিষ্ট ক্লাস এ শেয়ারের বাজারমূল্য প্রায় ১৬ হাজার ২০০ কোটি ডলার। রয়টার্স জানিয়েছে, সর্বশেষ অনুদানসহ পরিবারের চারটি ফাউন্ডেশনে বাফেটের মোট দানের পরিমাণ ২ হাজার ৯০০ কোটি ডলার ছাড়িয়েছে। এর বাইরে দীর্ঘ সময় ধরে তিনি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনেও বিপুল পরিমাণ সম্পদ দান করেছেন। থ্যাংকসগিভিং উপলক্ষে প্রকাশিত বার্তায় বাফেট অর্থের পাশাপাশি মানুষের প্রতি সদয় আচরণের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেছেন, দয়ালু হতে কোনো অর্থ খরচ হয় না, অথচ এর মূল্য অপরিসীম। তাঁর ভাষায়, সদয় আচরণের সুফল সময়ের সঙ্গে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। জীবনে যাঁরা নিঃস্বার্থভাবে সহায়তা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং অন্য মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি। বাফেট তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক সহযোগী প্রয়াত চার্লি মাঙ্গার এবং জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষকদের অবদানের কথাও স্মরণ করেছেন। পাশাপাশি বার্কশায়ার হ্যাথাওয়ের বর্তমান প্রধান নির্বাহী গ্রেগ অ্যাবেলের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। গত বছরের শেষ দিকে বাফেট প্রধান নির্বাহীর দায়িত্ব ছাড়েন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এমেরিটাস হিসেবে রয়েছেন। সূত্র: বার্কশায়ার হ্যাথাওয়ে
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির চরম ভরাডুবির পর প্রথমবারের মতো দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার মাইক জনসন দলীয় নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার ফক্স নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, "পরিস্থিতি যখন প্রতিকূলে যায়, তখন নেতাদেরই তার দায়ভার নিতে হয়।" নির্বাচনের রাতের পরপরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং গত ৪ নভেম্বর সহকারীদের তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন বলেও উল্লেখ করেন এই শীর্ষ রিপাবলিকান নেতা। জনসন জানান, তিনি লড়াই চালিয়ে যাবেন, তবে আগামী কংগ্রেসে সংখ্যালঘু নেতার ভূমিকায় তিনি আর থাকছেন না। নির্বাচনে জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল জানিয়ে জনসন বলেন, ইতিহাস বদলানোর এই লড়াইয়ে তারা সম্ভাব্য সবকিছুই করেছেন। তবে কাঙ্ক্ষিত ফল না আসায় তিনি মনে করেন, একজন প্রকৃত নেতাকে সামনে থেকেই নেতৃত্ব দিতে হয় এবং ব্যর্থতার দায়ভার নিজের কাঁধেই তুলে নিতে হয়। জনসনের এই দায় স্বীকারের বিষয়টি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণের সম্পূর্ণ বিপরীত। প্রচারণার শেষ দিকে ট্রাম্প যেসব অঙ্গরাজ্যে জোরদার সমাবেশ করেছিলেন, সেখানে অন্তত ১০ জন (যা ১১-তে দাঁড়াতে পারে) রিপাবলিকান সিনেট প্রার্থী পরাজিত হলেও তিনি এর কোনো দায় নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এবারের নির্বাচনে টেক্সাসের মতো রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতেও ডেমোক্র্যাটরা জয় ছিনিয়ে নিয়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। বর্তমান হিসাব অনুযায়ী, আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেস শুরু হলে ডেমোক্র্যাটরা সিনেটে অন্তত ৫৫টি এবং রিপাবলিকানরা ৪৪টি আসন নিয়ে বসবে। অন্যদিকে, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের অন্তত ২৫৬টি আসনের বিপরীতে রিপাবলিকানদের দখলে থাকবে ১৬৯টি আসন। কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যালঘু দলে পরিণত হতে যাওয়া রিপাবলিকানরা ইতিমধ্যে আগামী বছরের জন্য জনসনের স্থলাভিষিক্ত হিসেবে ওহাইওর কংগ্রেসম্যান জিম জর্ডানকে নির্বাচিত করেছে। পাশাপাশি, সিনেটে রিপাবলিকান নেতা হিসেবে সাউথ ডাকোটার জন থুনকেই পুনরায় নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে, নতুন কংগ্রেস শুরু হওয়ার আগে ডেমোক্র্যাটরা এখনও তাদের দলীয় নেতৃত্ব চূড়ান্ত করেনি। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের বর্তমান সংখ্যালঘু নেতা নিউইয়র্কের প্রতিনিধি হেকিম জেফ্রিস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার দৌড়ে বর্তমান নেতা চাক শুমারের বিরুদ্ধে বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মেরিল্যান্ডের ক্রিস ভ্যান হোলেন। ডোনাল্ড ট্রাম্পের নীতির বাইরে গিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়ে এই পদে লড়ার ঘোষণা দিয়েছেন হোলেন। প্রগতিশীল নেতা হিসেবে পরিচিত ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সও পরিবর্তনের ডাক দিয়ে চাক শুমারকে সমর্থন না করে ক্রিস ভ্যান হোলেনের প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন। আগামী ১ ডিসেম্বর এ বিষয়ে সিনেট ডেমোক্র্যাটদের একটি রুদ্ধদ্বার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নিউইয়র্ক সিটি সরকারের সাতটি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডাটা সায়েন্স, প্রশাসনিক ব্যবস্থাপনা, কমিউনিটি সার্ভিস এবং মানবাধিকারসহ বিভিন্ন বিভাগে ফুলটাইম কর্মী নিয়োগ দেওয়া হবে। পদভেদে বার্ষিক বেতন ৫৫ হাজার ১০৫ ডলার থেকে সর্বোচ্চ ১ লাখ ৪ হাজার ২৩৯ ডলার পর্যন্ত। সাতটি পদের মধ্যে চারটিতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রয়োজন নেই বলে সরকারি চাকরির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। নিউইয়র্ক সিটির অফিসিয়াল চাকরির পোর্টাল সিটি জবসে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রুকলিন ও ম্যানহাটনসহ নগরীর বিভিন্ন এলাকায় এসব পদে কাজের সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তিগুলো ২০ অক্টোবর থেকে ১২ নভেম্বর ২০২৬ সালের মধ্যে প্রকাশিত হয়েছে। ব্রুকলিনে অফিস অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশনের অধীনে ডাটা সায়েন্টিস্ট পদে বার্ষিক বেতন ৭৫ হাজার থেকে ৯৭ হাজার ডলার। সরকারি বিভিন্ন বিভাগের তথ্য বিশ্লেষণ, গবেষণা ও ডাটা ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে হবে। এই পদে সিভিল সার্ভিস পরীক্ষা প্রয়োজন নেই। ম্যানহাটনে হিউম্যান রিসোর্সেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসেসের আওতায় আউটরিচ ডাটা ম্যানেজার পদে বেতন ৬২ হাজার ৮৬৮ থেকে ৭৯ হাজার ৭৮ ডলার। কমিউনিটি আউটরিচের তথ্য বিশ্লেষণ, রিপোর্ট তৈরি এবং সেবামূলক কার্যক্রমের উন্নয়নে কাজ করতে হবে। এখানেও পরীক্ষার প্রয়োজন নেই। নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির কমিউনিটি কো-অর্ডিনেটর পদে ব্রুকলিনে কর্মী নেওয়া হবে। বার্ষিক বেতন ৬২ হাজার ৮৬৮ থেকে ৮৯ হাজার ৩০৩ ডলার। বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ, আবাসনসংক্রান্ত সমস্যার সমাধানে সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক সেবার সঙ্গে সংযোগ স্থাপন এই পদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ছাড়া ম্যানহাটনে নিউইয়র্ক সিটি কমিশন অন হিউম্যান রাইটসের কমিউনিটি পার্টনারশিপস স্পেশালিস্ট পদে বেতন ৬৭ হাজার ৯২১ থেকে ৯০ হাজার ডলার। কমিউনিটি সংগঠনের সঙ্গে সম্পর্ক তৈরি, জনসচেতনতা কার্যক্রম এবং ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাপনায় কাজ করতে হবে। এই পদেও পরীক্ষা প্রয়োজন নেই। অন্যদিকে অ্যাডমিনিস্ট্রেশন ফর চিলড্রেনস সার্ভিসেসের অ্যাডমিনিস্ট্রেটিভ কো-অর্ডিনেটর পদে ঘোষিত বেতনসীমা ৬৮ হাজার ২০৯ থেকে ১ লাখ ৪ হাজার ২৩৯ ডলার। তবে বিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীকে ৬৮ হাজার ২০৯ থেকে ৭৮ হাজার ৪৪০ ডলারের মধ্যে বেতন দেওয়ার কথা উল্লেখ রয়েছে। পদটি শুধু নির্দিষ্ট সিভিল সার্ভিস পদে স্থায়ীভাবে কর্মরত প্রার্থীদের জন্য উন্মুক্ত। সিটি হেলথ ডিপার্টমেন্টের আরেকটি অ্যাডমিনিস্ট্রেটিভ কো-অর্ডিনেটর পদে বেতন ৬১ হাজার ৬৫৬ থেকে ৭০ হাজার ৯০৪ ডলার। এখানে সংশ্লিষ্ট সিভিল সার্ভিস পদে স্থায়ী কর্মী অথবা নির্ধারিত নিয়োগতালিকায় থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট পদে বার্ষিক বেতন ৫৫ হাজার ১০৫ থেকে ৮০ হাজার ৭২১ ডলার। এই পদেও নির্দিষ্ট সিভিল সার্ভিস যোগ্যতা ও আবেদনসংক্রান্ত শর্ত রয়েছে। নিউইয়র্ক সিটির সরকারি চাকরিতে পদভেদে হেলথ ইন্স্যুরেন্স, পেনশন এবং পেইড ছুটির সুবিধা পাওয়া যেতে পারে। তবে প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সিভিল সার্ভিস স্ট্যাটাস এবং রেসিডেন্সির শর্ত আলাদা। পরীক্ষা প্রয়োজন না হওয়ার অর্থ অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা ছাড়াই চাকরি পাওয়া যাবে, এমন নয়। আগ্রহী প্রার্থীরা নিউইয়র্ক সিটির অফিসিয়াল সিটি জবস পোর্টালে পদের নাম দিয়ে বিজ্ঞপ্তি খুঁজে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের যোগ্যতা, নিয়োগের বর্তমান অবস্থা ও আবেদনের সময়সীমা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: নিউইয়র্ক সিটি জবস
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে নিজের তিন সন্তানকে হত্যার অভিযোগে অভিযুক্ত মা লিন্ডসে ক্ল্যান্সির পুনর্বিচারের দিন নির্ধারণ করেছেন আদালত। সোমবার (১৬ নভেম্বর) প্লাইমাউথ সুপিরিয়র কোর্টের বিচারক উইলিয়াম সুলিভান আগামী ২৯ মার্চ ২০২৭ থেকে নতুন করে বিচার শুরুর নির্দেশ দেন। এর আগে প্রথম বিচার জুরিদের মধ্যে মতৈক্য না হওয়ায় কোনো চূড়ান্ত রায় ছাড়াই শেষ হয়েছিল। ২০২৩ সালের ২৪ জানুয়ারি ম্যাসাচুসেটসের ডাক্সবারিতে নিজেদের বাড়িতে ক্ল্যান্সির তিন সন্তানকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো পাঁচ বছর বয়সী কোরা, তিন বছর বয়সী ডসন এবং আট মাস বয়সী ক্যালান। ওই ঘটনায় ক্ল্যান্সির বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যার অভিযোগ আনা হয়। মামলার প্রথম বিচারে ক্ল্যান্সির আইনজীবীরা সন্তানদের মৃত্যুর ঘটনায় তাঁর সম্পৃক্ততা অস্বীকার করেননি। তবে তাঁদের দাবি, সন্তান জন্মদানের পর তিনি গুরুতর মানসিক জটিলতা, বিশেষ করে পোস্টপার্টাম সাইকোসিসে ভুগছিলেন। এ কারণে ঘটনার সময় নিজের কাজের জন্য তাঁকে আইনগতভাবে অপরাধী হিসেবে দায়ী করা যায় না। অন্যদিকে প্রসিকিউশনের বক্তব্য, ক্ল্যান্সি নিজের কাজের পরিণতি বুঝতে সক্ষম ছিলেন এবং পরিকল্পিতভাবে সন্তানদের হত্যা করেছেন। ফলে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিচার হওয়া প্রয়োজন। গত ৪ সেপ্টেম্বর প্রথম বিচার শেষ হয়। দীর্ঘ আলোচনার পর ১২ সদস্যের জুরি বোর্ডের ১১ জন ক্ল্যান্সিকে মানসিক অসুস্থতার কারণে অপরাধের দায় থেকে অব্যাহতি দেওয়ার পক্ষে অবস্থান নেন। তবে একজন সদস্য ভিন্নমত পোষণ করায় সর্বসম্মত সিদ্ধান্ত সম্ভব হয়নি। পরে বিচারক মামলাটিকে মিসট্রায়াল ঘোষণা করেন। এরপর ক্ল্যান্সির আইনজীবীরা একই অভিযোগে দ্বিতীয়বার বিচার করার বিরুদ্ধে আদালতে আবেদন করেন। তাঁদের যুক্তি ছিল, এতে একই অপরাধের জন্য দুবার বিচারের বিরুদ্ধে সাংবিধানিক সুরক্ষা লঙ্ঘিত হবে। কিন্তু ৯ নভেম্বর বিচারক সেই আবেদন খারিজ করে পুনর্বিচারের পথ খুলে দেন। সোমবার নতুন বিচারের দিন নির্ধারণের পর মামলাটি আবারও আলোচনায় এসেছে। প্রসিকিউশন প্রথম ডিগ্রির হত্যার অভিযোগেই এগোবে বলে ইঙ্গিত পাওয়া গেলেও অভিযোগের চূড়ান্ত ধরন নিয়ে তখনও কিছু প্রশ্ন ছিল। বর্তমানে ক্ল্যান্সি রাষ্ট্রীয় তত্ত্বাবধানে টিউক্সবারি হাসপাতালে রয়েছেন। নতুন বিচারে তাঁর মানসিক অবস্থা, অপরাধের দায় এবং চিকিৎসাসংক্রান্ত সাক্ষ্যপ্রমাণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রথম ডিগ্রির হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁকে প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। সংবাদসূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, এবিসি নিউজ, সিবিএস নিউজ
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের গ্রিন ভ্যালিতে নিজ বাড়িতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) মৃত্যুঝুঁকিতে পড়েছিলেন ২০ বছর বয়সী আবদুল্লাহ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালান নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স সার্ভিসের প্যারামেডিকরা। তাদের নিরলস প্রচেষ্টায় প্রাণে বেঁচে যান আবদুল্লাহ। সেই ঘটনার এক বছর পর জীবন বাঁচানো প্যারামেডিকদের সঙ্গে আবারও দেখা হয়েছে তার ও পরিবারের সদস্যদের। দীর্ঘ ১২ মাস পর এই পুনর্মিলন পরিণত হয় আবেগঘন এক মুহূর্তে। এই পুনর্মিলন আবদুল্লাহর পরিবারের জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে তার বোন আয়েশার কাছে ঘটনাটি ছিল আরও আবেগের। ভাই যখন হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, তখন অন্তঃসত্ত্বা ছিলেন আয়েশা। এর মাত্র চার দিন পর জন্ম নেয় তার কন্যাসন্তান। জীবনরক্ষাকারী প্যারামেডিকদের দ্রুত পদক্ষেপে ভাই বেঁচে যাওয়ায় আজ তার মেয়েও মামার স্নেহ-ভালোবাসা পাওয়ার সুযোগ পাচ্ছে। আবেগাপ্লুত আয়েশা বলেন, “তাদের কারণেই আমার মেয়ে তার মামাকে চিনে বড় হওয়ার সুযোগ পাচ্ছে। তাদের কাজ আমাদের পরিবারকে এমন একটি উপহার দিয়েছে, যার প্রতিদান কখনোই যথাযথভাবে দেওয়া সম্ভব নয়। সেই উপহার হলো, আমাদের প্রিয় একজন মানুষের সঙ্গে আরও কিছুটা সময় কাটানোর সুযোগ।” নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স সার্ভিসের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই ঘটনা জরুরি মুহূর্তে প্যারামেডিকদের দায়িত্ব ও মানবিক ভূমিকার গুরুত্ব তুলে ধরেছে। আবদুল্লাহর পরিবার এবং তার জীবন বাঁচাতে এগিয়ে আসা প্যারামেডিকদের এই পুনর্মিলন কেবল একটি সৌজন্য সাক্ষাৎ নয়, বরং একটি পরিবারের একসঙ্গে থাকার সুযোগ ফিরে পাওয়ার গল্প।
কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে প্রাণঘাতী ইরানি ড্রোন হামলার আগে ঊর্ধ্বতন কর্মকর্তারা ড্রোন প্রতিরোধী ব্যবস্থার বিষয়ে দেওয়া সতর্কবার্তা চরমভাবে উপেক্ষা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন সেনাবাহিনীর মেজর স্টিফেন র্যামসবটম নামের এক ‘হুইসেলব্লোয়ার’ সম্প্রতি মার্কিন কংগ্রেসের কাছে এই অভিযোগ দায়ের করেছেন। গত শুক্রবার হাউস ও সিনেট আর্মড সার্ভিসেস কমিটির কাছে জমা দেওয়া ওই অভিযোগে তিনি জানান, কুয়েতের ‘পোর্ট শুয়াইবা’ (Port Shuaiba) নামক কমান্ড পোস্টে পর্যাপ্ত সুরক্ষার অভাবের কারণেই যুদ্ধের প্রথম ২৪ ঘণ্টায় ইরানি ড্রোন হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হন। এটি ছিল চলমান যুদ্ধে মার্কিন বাহিনীর ওপর সবচেয়ে বড় ও প্রাণঘাতী হামলা। সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’-এর নোরা ও’ডোনেলের কাছে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে র্যামসবটম জানান, মার্কিন সেনা কর্তারা ওই কমান্ড পোস্টের দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে উদ্বেগ আমলে নেননি। তার মতে, ওই সামরিক ঘাঁটিতে কোনো চিকিৎসক বা স্থায়ী চিকিৎসাকেন্দ্র ছিল না, এমনকি অ্যাম্বুলেন্স ছিল মাত্র একটি। র্যামসবটম এটিকে মার্কিন সেনাবাহিনী ও নেতৃত্বের একটি চরম কৌশলগত ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ (Operation Epic Fury) শুরুর ঠিক একদিন পর গত ১ মার্চ এই ড্রোন হামলা চালানো হয়েছিল। হামলার পরদিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন যে, ওই ঘাঁটিতে পর্যাপ্ত নিরাপত্তা ছিল এবং একটি ড্রোন কোনোভাবে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং হামলার পরের ছবি ও ভিডিওতে সেখানকার দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থার বাস্তব চিত্রই উঠে এসেছে। হুইসেলব্লোয়ারের এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসার পর মার্কিন রাজনীতিতেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সিনেটের পার্মানেন্ট সাবকমিটি অন ইনভেস্টিগেশনস-এর র্যাংকিং মেম্বার এবং ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের কাছে এ বিষয়ে বিস্তারিত জবাব চেয়েছেন। ১৫ নভেম্বরের এক চিঠিতে তিনি প্রতিরক্ষামন্ত্রীকে একটি গোপনীয় ব্রিফিংয়ে উপস্থিত হয়ে পোর্ট শুয়াইবার প্রতিরক্ষা মূল্যায়ন সংক্রান্ত সকল তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নিহত ছয় সেনার পরিবার ও আহতদের প্রতি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি। আগামী বছর ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইরানের সাথে যুদ্ধ পরিচালনার বিষয়ে প্রশাসনকে আরও কড়া তদন্তের মুখোমুখি করবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে, র্যামসবটমের এসব অভিযোগ এবং পোর্ট শুয়াইবায় পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা ছিল কি না, সে বিষয়ে পেন্টাগনের কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।
বিশ্বজুড়ে বাড়ছে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা জীবাণুনাশক প্রতিরোধী ক্ষমতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক এক সতর্কবার্তায় জানানো হয়েছে, এ কারণে আগামী ২৫ বছরে বিশ্বজুড়ে প্রায় ৩ কোটি ৯০ লাখ (৩৯ মিলিয়ন) মানুষের মৃত্যু হতে পারে। এই সংকট আধুনিক চিকিৎসা বিজ্ঞান, বিশেষ করে সাধারণ অস্ত্রোপচার এবং প্রসবকালীন চিকিৎসাকে মারাত্মক জীবন ঝুঁকিপূর্ণ করে তুলছে। সোমবার জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা ৬ষ্ঠ বার্ষিক গ্লোবাল মিডিয়া ফোরাম অন এএমআর-এর একটি ভার্চুয়াল সম্মেলনে এই আশঙ্কাজনক তথ্য তুলে ধরেন। নীরব ঘাতক এএমআর ডব্লিউএইচও-র এএমআর বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিন-পিয়েরে নিমাজি বলেন, “এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা সাধারণভাবে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) এখন অত্যন্ত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং আধুনিক চিকিৎসার ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে।” তিনি আরও বলেন, “কোভিড-১৯ মহামারী অত্যন্ত দৃশ্যমান ছিল, কিন্তু ড্রাগ-প্রতিরোধী এই সংক্রমণগুলো নীরبভাবে বছরের পর বছর ধরে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, অথচ আমরা সেভাবে অ্যালার্ম বা সতর্কতা জারি করছি না যেভাবে করা উচিত ছিল।” ডব্লিউএইচও-র পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে সরাসরি ১০ লাখের বেশি মানুষের মৃত্যুর জন্য এটি দায়ী ছিল এবং প্রায় ৪৭ লাখ মৃত্যুর সঙ্গে এর পরোক্ষ সংযোগ ছিল। জাতীয় কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের ধীরগতি এএমআর-এর বিরুদ্ধে লড়াইয়ের অগ্রগতি দেখতে ১৮৩টি দেশে সম্প্রতি একটি তদন্ত চালানো হয়। এতে দেখা যায়, প্রায় ৯০ শতাংশ দেশেরই এ বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা রয়েছে, যা ২০১৭ সালে ছিল মাত্র ৪০ শতাংশের কাছাকাছি। তবে গ্লোবাল হেলথ এজেন্সির এএমআর টেকনিক্যাল অফিসার প্রভাশা প্রকাশ জানান, এর মধ্যে মাত্র ৪২টি দেশ—অর্থাৎ পাঁচটির মধ্যে একটির কম দেশের—একটি পূর্ণাঙ্গ অর্থায়নকৃত, বাস্তবায়িত ও পর্যবেক্ষণাধীন পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, দেশগুলো প্রতিটি পদক্ষেপে এগিয়ে চলেছে, তবে ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে এই অগ্রগতির গতি আরও বাড়াতে হবে। সর্বশেষ বৈশ্বিক নজরদারির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ডব্লিউএইচও-র কাছে রিপোর্ট করা প্রতি ছয়টি পরীক্ষাগার-নিশ্চিত ব্যাকটেরিয়া সংক্রমণের মধ্যে একটির বিরুদ্ধে চিকিৎসায় ব্যবহৃত এন্টিবায়োটিক অকার্যকর প্রমাণিত হয়েছে। ডব্লিউএইচও-র নজরদারি প্রধান সিলভিয়া বার্টাগনলো বলেন, “পরীক্ষা ছাড়া চিকিৎসকদের এমনভাবে চিকিৎসা দিতে হয় যেখানে তারা সংক্রমণের কারণ বা কোন এন্টিবায়োটিক কার্যকর হবে তা জানেন না।” নতুন ডায়াগনস্টিক টুলস উন্মোচন এই সংকট মোকাবিলায় দেশগুলোর ডায়াগনস্টিক সক্ষমতা বাড়াতে দুটি নতুন টুল বা সরঞ্জাম উন্মোচনের ঘোষণা দিয়েছে ডব্লিউএইচও। প্রথম টুলটিতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে রেফারেল হাসপাতাল পর্যন্ত প্রতিটি স্তরে কোন পরীক্ষাগুলো থাকা উচিত তা নির্দিষ্ট করা হয়েছে। দ্বিতীয় টুলটিতে নমুনা সংগ্রহ থেকে শুরু করে প্যাথোজেন সনাক্তকরণ এবং এন্টিবায়োটিক সংবেদনশীলতা পরীক্ষা পর্যন্ত ৭৩টি পরীক্ষাগার পদ্ধতি সংকলন করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে যে, সংক্রমণ প্রতিরোধ, টিকাদান, নিরাপদ পানি ও স্যানিটেশনের উন্নত ব্যবস্থা এবং এন্টিমাইক্রোবিয়ালের যথাযথ ব্যবহারই এই সমস্যা মোকাবিলার প্রধান হাতিয়ার। সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্বখ্যাত গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের নতুন মুখ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম। দীর্ঘ জল্পনা-কল্পনা ও অডিশনের পর ড্যানিয়েল ক্রেইগের উত্তরসূরি হিসেবে ০০৭ চরিত্রে অভিনয় করবেন ৪০ বছর বয়সী এই অভিনেতা। সোমবার (১৬ নভেম্বর) আমাজন এমজিএম স্টুডিওস এবং জেমস বন্ডের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন চলচ্চিত্রটি হবে জেমস বন্ড সিরিজের ২৬তম সিনেমা। জনপ্রিয় এই গোয়েন্দা চরিত্রে প্যাটিনসনের অভিনয়ের ঘোষণা আন্তর্জাতিক বিনোদনজগতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, সোমবার জেমস বন্ডের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে আগের পোস্টগুলো সরিয়ে নতুন ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়। এরপর ‘আইডেন্টিটি কনফার্মড’ বার্তার মাধ্যমে প্যাটিনসনের পরিচয় প্রকাশ করা হয়। একই সঙ্গে নতুন জেমস বন্ড হিসেবে তাঁর প্রথম ঝলকও সামনে আনা হয়েছে। আমাজন এমজিএম স্টুডিওসের প্রধান মাইক হপকিন্স জানিয়েছেন, প্যাটিনসনের অভিনয়দক্ষতা, পর্দায় উপস্থিতি এবং চরিত্রের গভীরতা ফুটিয়ে তোলার ক্ষমতা তাঁকে এই ভূমিকায় উপযুক্ত করে তুলেছে। নতুন জেমস বন্ড চলচ্চিত্রটি পরিচালনা করবেন অস্কার মনোনীত পরিচালক ডেনি ভিলনেভ। তিনি এর আগে ডিউন ও ব্লেড রানার ২০৪৯-এর মতো আলোচিত চলচ্চিত্র নির্মাণ করেছেন। নতুন ছবির চিত্রনাট্য লিখছেন পিকি ব্লাইন্ডার্সের নির্মাতা স্টিভেন নাইট। প্রযোজনার দায়িত্বে রয়েছেন অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যান। প্যাটিনসন এর আগে ভিলনেভের আসন্ন চলচ্চিত্র ডিউন: পার্ট থ্রিতে কাজ করেছেন। ফলে নতুন বন্ড চলচ্চিত্রে দুজন আবার একসঙ্গে কাজ করবেন। আনুষ্ঠানিক ঘোষণার পর প্যাটিনসন জানিয়েছেন, জেমস বন্ডের মতো কিংবদন্তি চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তাঁর জন্য বিরাট সম্মানের। এই চরিত্রে কাজ করার স্বপ্ন দীর্ঘদিনের বলেও জানান তিনি। অন্যদিকে পরিচালক ডেনি ভিলনেভ বলেছেন, নতুন জেমস বন্ড নির্বাচনের প্রক্রিয়ায় অনেক প্রতিভাবান অভিনেতা অংশ নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত প্যাটিনসনকেই উপযুক্ত মনে হয়েছে তাঁদের। জেমস বন্ডের নতুন অভিনেতা নির্বাচনে দীর্ঘদিন ধরেই বিভিন্ন নাম আলোচনায় ছিল। প্যাটিনসনের পাশাপাশি ক্যালাম টার্নার, জ্যাক লাউডেন, জশ ও'কনর ও নিকোলাস হোল্টের অডিশনের খবর প্রকাশ হয়েছিল। গত সপ্তাহে প্যাটিনসনকে অন্য প্রতিযোগীদের তুলনায় বেশি পারিশ্রমিক ও সুবিধাজনক চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়। তবে চুক্তির বিস্তারিত শর্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। রবার্ট প্যাটিনসন প্রথম ব্যাপক পরিচিতি পান হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। পরে টোয়াইলাইট সিরিজ তাঁকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দেয়। ২০২২ সালে দ্য ব্যাটম্যান চলচ্চিত্রে ব্রুস ওয়েন চরিত্রে অভিনয় করে নতুনভাবে প্রশংসিত হন তিনি। এর আগে ড্যানিয়েল ক্রেইগ ২০০৬ সালের ক্যাসিনো রয়্যাল থেকে শুরু করে ২০২১ সালের নো টাইম টু ডাই পর্যন্ত পাঁচটি চলচ্চিত্রে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন। তাঁর বিদায়ের পর নতুন অভিনেতা নির্বাচন নিয়ে দীর্ঘদিন আলোচনা চলছিল। এবার আমাজন এমজিএম স্টুডিওসের নিয়ন্ত্রণে জেমস বন্ড সিরিজের নতুন অধ্যায় শুরু হচ্ছে। তবে পরবর্তী চলচ্চিত্রের আনুষ্ঠানিক নাম ও মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। সংবাদসূত্র: আমাজন এমজিএম স্টুডিওস, দ্য গার্ডিয়ান, পিপল ম্যাগাজিন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ দিচ্ছে দেশটির জাতীয় যাত্রীবাহী রেলসেবা প্রতিষ্ঠান আমট্রাক। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস এবং প্রজেক্ট কন্ট্রোলস বিভাগে তিনটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদভেদে বার্ষিক বেতন ৭৮ হাজার ৬০০ ডলার থেকে সর্বোচ্চ ২ লাখ ১১ হাজার ১৪০ ডলার পর্যন্ত। পাশাপাশি রয়েছে হেলথ ইন্স্যুরেন্স, রিটায়ারমেন্ট, পেইড টাইম অফ এবং রেল ভ্রমণসংক্রান্ত বিশেষ সুবিধা। আমট্রাকের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটি পদই নিউইয়র্ক সিটিতে অবস্থিত। ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) পর্যন্ত প্রতিষ্ঠানটির ক্যারিয়ার পোর্টালে তিনটি পদের জন্যই আবেদন করার অপশন পাওয়া যাচ্ছে। প্রথম পদটি হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার। ৯ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে বার্ষিক বেতন ১ লাখ ১৩ হাজার ২০০ ডলার থেকে ১ লাখ ৪৬ হাজার ৬৬৪ ডলার। নির্বাচিত কর্মীকে আমট্রাকের নতুন আইরো ট্রেনসেট চালুর প্রস্তুতি, রক্ষণাবেক্ষণ অবকাঠামো, বড় প্রকল্পের বাজেট, সময়সূচি এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করতে হবে। প্রোগ্রাম ম্যানেজার পদে আবেদনকারীর ব্যাচেলর ডিগ্রি অথবা সমমানের শিক্ষা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সমন্বয় থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে সাত বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা প্রয়োজন। নয় বছরের অভিজ্ঞতা, রেল বা পরিবহন খাতে কাজের অভিজ্ঞতা এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার পাওয়া যেতে পারে। এই পদে সপ্তাহে চার দিন অফিসে উপস্থিত থাকতে হবে এবং কাজের প্রয়োজনে সর্বোচ্চ ২৫ শতাংশ সময় ভ্রমণ করতে হতে পারে। চাকরির রিকুইজিশন নম্বর ৯০৩৪০১২৯। দ্বিতীয় পদটি সুপারিনটেনডেন্ট কাস্টমার সার্ভিস টু। ৩০ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই পদের বার্ষিক বেতন ১ লাখ ৬৩ হাজার ডলার থেকে ২ লাখ ১১ হাজার ১৪০ ডলার নির্ধারণ করা হয়েছে। তিনটি পদের মধ্যে এটিই সর্বোচ্চ বেতনের চাকরি। এই পদে নির্বাচিত ব্যক্তিকে রেলস্টেশন পরিচালনা, যাত্রীসেবার মান নিয়ন্ত্রণ, কর্মীদের ব্যবস্থাপনা, নিরাপত্তা, বাজেট এবং বিভিন্ন অপারেশনাল কার্যক্রম তদারকি করতে হবে। প্রার্থীর ব্যাচেলর ডিগ্রি অথবা সমমানের যোগ্যতা এবং অন্তত ১১ বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হসপিটালিটি বা সেবাভিত্তিক প্রতিষ্ঠানে অভিজ্ঞতা প্রয়োজন। কাজের প্রয়োজনে রাত, সপ্তাহান্ত ও জরুরি পরিস্থিতিতেও দায়িত্ব পালন করতে হতে পারে। চাকরির রিকুইজিশন নম্বর ৯০০৭৪৭৭৪। তৃতীয় পদটি প্রজেক্ট কন্ট্রোলস স্পেশালিস্ট, ডকুমেন্ট। ১০ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে বার্ষিক বেতন ৭৮ হাজার ৬০০ ডলার থেকে ১ লাখ ১ হাজার ৮৪৪ ডলার। এই পদে মূল দায়িত্ব হবে প্রকল্পের গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ, যাচাই, ডিজিটাল ফাইল ব্যবস্থাপনা, প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট বিভাগে পৌঁছে দেওয়া এবং ডকুমেন্ট কন্ট্রোল কার্যক্রম পরিচালনা করা। প্রার্থীকে ব্যাচেলর ডিগ্রি অথবা সমমানের যোগ্যতার পাশাপাশি কমপক্ষে তিন বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাঁচ বছরের অভিজ্ঞতা এবং শেয়ারপয়েন্ট, প্রোকোর কিংবা অন্যান্য ডকুমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে দক্ষতা থাকলে বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে। চাকরির রিকুইজিশন নম্বর ৯০৪১৪০৪৫। আমট্রাক জানিয়েছে, কর্মীদের জন্য মেডিকেল, ডেন্টাল ও ভিশন ইন্স্যুরেন্স, ৪০১কে রিটায়ারমেন্ট সেভিংস সুবিধা, রেলরোড রিটায়ারমেন্ট বেনিফিট, পেইড টাইম অফ, পেইড ফ্যামিলি লিভ এবং রেল পাস সুবিধাসহ বিভিন্ন কর্মী সুবিধা রয়েছে। যোগ্যতা ও চাকরির শর্ত অনুযায়ী এসব সুবিধা প্রযোজ্য হবে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, আমট্রাকে ২০ হাজারের বেশি কর্মী বিভিন্ন বিভাগে কাজ করছেন। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের পূর্ববর্তী চাকরির তথ্য, ব্যাকগ্রাউন্ড চেক এবং ড্রাগ স্ক্রিনিংয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। চাকরির দায়িত্ব ও প্রযোজ্য বিধি অনুযায়ী অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হতে পারে। আগ্রহী আবেদনকারীরা আমট্রাকের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালে গিয়ে সংশ্লিষ্ট পদের নাম অথবা রিকুইজিশন নম্বর দিয়ে বিজ্ঞপ্তি খুঁজে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার আগে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাজের সময়সূচি এবং সর্বশেষ আবেদনের অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনটি বিজ্ঞপ্তির কোনোটিতেই নির্দিষ্ট আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হয়নি। সূত্র: আমট্রাক অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল
আসন্ন এশিয়া সফরের অংশ হিসেবে চীনে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বৃহস্পতিবার চীনের শেনজেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এই মেগা সম্মেলনের মাঝেই সোমবার হোয়াইট হাউস থেকে এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের কাছে কিমের সঙ্গে সম্ভাব্য সাক্ষাতের কথা জানান ট্রাম্প। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার ভোরে ফিলিপাইনে পৌঁছানোর মধ্য দিয়ে তার এই এশিয়া সফর শুরু হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, "আমরা হয়তো কিম জং উনের সঙ্গেও দেখা করতে পারি। তিনি সেখানে আসতে পারেন, তবে আমি নিশ্চিত নই। পুরো বিষয়টি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওপর নির্ভর করছে।" শেনজেনে অনুষ্ঠিতব্য এই শীর্ষ সম্মেলনে পুতিন এবং শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের মূল আলোচনার বিষয়বস্তু হিসেবে থাকছে পারমাণবিক নিরস্ত্রীকরণ। এই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর আলোচনায় কিম জং উন যুক্ত হলে তা বৈশ্বিক কূটনীতিতে এক ঐতিহাসিক মাত্রা যোগ করবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সম্প্রতি নির্বাচনী প্রচারণার সময় উত্তর কোরীয় নেতার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক এনবিএ (NBA) তারকা ডেনিস রডম্যানের সঙ্গে ট্রাম্পের একটি বিশেষ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি কিমের সঙ্গে সাক্ষাতের এই সম্ভাবনা তৈরি হলো। এখন দেখার বিষয়, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে সত্যিই কিম জং উন এই ত্রিপক্ষীয় সম্মেলনে উপস্থিত হয়ে পারমাণবিক নিরস্ত্রীকরণের মতো জটিল ইস্যুতে সংলাপে অংশ নেন কি না।
ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে বড় ধরনের পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন বিশ্বের ৩৮ দেশের পারমাণবিক নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা। বিশেষ করে আসন্ন শীতে দেশটির বিদ্যুৎব্যবস্থা বিপর্যস্ত হলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে রাশিয়াকে ইউক্রেনের পারমাণবিক স্থাপনা এবং সেগুলোর নিরাপদ পরিচালনার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ অবকাঠামোয় হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় বিকিরণ সুরক্ষা কর্তৃপক্ষের জোট হেরকা, পশ্চিম ইউরোপীয় পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার জোট ওয়েনরা এবং নর্ডিক অঞ্চলের বিকিরণ নিরাপত্তা কর্তৃপক্ষের জোট নোরা যৌথভাবে এই সতর্কবার্তা দিয়েছে। সংগঠনগুলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপানসহ ৩৮টি দেশের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিত্ব করে। বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র, সঞ্চালন লাইন ও সাবস্টেশনে অব্যাহত হামলা পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য ক্রমেই বড় হুমকি তৈরি করছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি ও পারমাণবিক জ্বালানি নিরাপদ রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। বিদ্যুৎ ব্যবহার করে শীতলীকরণ ব্যবস্থা চালু রাখতে হয়। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকলে জরুরি বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হয়। এসব ব্যবস্থাও ব্যর্থ হলে চুল্লির জ্বালানি অতিরিক্ত উত্তপ্ত হয়ে গলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা ১৯৮৬ সালের চেরনোবিল দুর্ঘটনার উদাহরণ তুলে ধরে সতর্ক করেছেন, বড় ধরনের পারমাণবিক বিপর্যয়ের প্রভাব ইউক্রেনের সীমান্ত ছাড়িয়ে ইউরোপের অন্য দেশেও পৌঁছাতে পারে। হেরকা ও নোরার প্রধান পার স্ট্র্যান্ড রয়টার্সকে জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া আরও বেশি বিস্ফোরক বহনে সক্ষম এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন ড্রোন ব্যবহার করছে। তাঁর আশঙ্কা, এই কৌশলের কারণে আসন্ন শীতে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে যদি ইউক্রেনজুড়ে একযোগে বিদ্যুৎ বিপর্যয় ঘটে এবং দেশটির সচল নয়টি পারমাণবিক চুল্লির শীতলীকরণ ব্যবস্থা হুমকির মুখে পড়ে। এমন পরিস্থিতিতে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার সম্ভাবনাকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন তিনি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ জানিয়েছে, সাম্প্রতিক সামরিক তৎপরতায় ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহে অস্থিরতা দেখা দেওয়ায় কয়েকটি পারমাণবিক চুল্লির উৎপাদন কমাতে হয়েছে। ইউক্রেনের চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মধ্যে বর্তমানে তিনটি বিদ্যুৎ উৎপাদন করছে। শীতকালে দেশটির ব্যবহৃত বিদ্যুতের প্রায় ৮০ শতাংশ এসব কেন্দ্র থেকে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউরোপের বৃহত্তম জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ থাকলেও জ্বালানি শীতল রাখতে বাইরের বিদ্যুৎ প্রয়োজন। যুদ্ধ শুরুর পর কেন্দ্রটি ২৭ বার বাইরের বিদ্যুৎ সরবরাহ হারিয়েছে। গত মার্চের শেষ দিক থেকে এটি মাত্র একটি বহিরাগত বিদ্যুৎ লাইনের ওপর নির্ভরশীল। এদিকে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে জাপোরিঝঝিয়া কেন্দ্র ও এর বিদ্যুৎ সংযোগে হামলার অভিযোগ করে আসছে। তবে সর্বশেষ সতর্কবার্তায় আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাগুলো রাশিয়াকে বিদ্যুৎ অবকাঠামোয় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। পার স্ট্র্যান্ড বলেছেন, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া হলে সম্ভাব্য বিপর্যয় এড়ানো সম্ভব। পাশাপাশি ইউরোপীয় দেশগুলোকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তবে এখন পর্যন্ত নতুন কোনো পারমাণবিক দুর্ঘটনা কিংবা তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার ঘটনা নিশ্চিত করা হয়নি। সতর্কবার্তাটি মূলত বিদ্যুৎ সরবরাহের সম্ভাব্য বিপর্যয় থেকে তৈরি হওয়া ঝুঁকি নিয়ে। সংবাদসূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ), ফিনল্যান্ডের বিকিরণ ও পারমাণবিক নিরাপত্তা কর্তৃপক্ষ।
মাত্র ১১ ইউয়ান, অর্থাৎ ১ ডলার ৭০ সেন্টেরও কম দামে একটি দুই বেডরুমের ফ্ল্যাট কিনেছেন চীনের এক ব্যক্তি। দেশটির বৃহত্তম অনলাইন কেনাকাটার উৎসব ‘ডাবল ইলেভেন’ উপলক্ষে আয়োজিত বিশেষ নিলামে অবিশ্বাস্য এই সুযোগ পান তিনি। ফ্ল্যাটটি কিনতে আগ্রহ দেখিয়েছিলেন ১ হাজার ৬৭৭ জন। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সর্বোচ্চ দামে প্রথম বিড করে ফ্ল্যাটটির মালিকানা পাওয়ার সুযোগ পান ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গত ৫ নভেম্বর চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের হেগাং শহরে। আলিবাবার অনলাইন নিলাম প্ল্যাটফর্মে বিক্রির জন্য তোলা হয় ৬৮ দশমিক ৩৬ বর্গমিটার আয়তনের একটি ফ্ল্যাট। বাংলাদেশি হিসাবে এর আয়তন প্রায় ৭৩৬ বর্গফুট। আবাসিক ভবনের সপ্তম তলায় অবস্থিত ফ্ল্যাটটিতে রয়েছে দুটি বেডরুম। সাউথ চায়না মর্নিং পোস্টের ১১ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফ্ল্যাটটির নিলাম শুরু হয়েছিল মাত্র ১ ইউয়ান থেকে। প্রতিবার সর্বনিম্ন শূন্য দশমিক ০১ ইউয়ান করে দাম বাড়ানোর সুযোগ ছিল। তবে সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছিল ১১ ইউয়ান। যিনি প্রথম এই নির্ধারিত দামে বিড করতে পারবেন, তিনিই ফ্ল্যাটটি কেনার সুযোগ পাবেন। নিলাম শুরুর পর মাত্র ২ মিনিট ২০ সেকেন্ডের মধ্যে শেষ হয় পুরো প্রক্রিয়া। এই সময়ের মধ্যে মোট ১ হাজার ১টি বিড জমা পড়ে। শেষ পর্যন্ত পূর্ব চীনের জিয়াংসু ও ঝেজিয়াং অঞ্চলের একজন ব্যক্তি প্রথম ১১ ইউয়ানের বিড করে নিলামে জয়ী হন। তবে এত কম দামে ফ্ল্যাট বিক্রির পেছনে রয়েছে বিশেষ প্রচারণা। চীনের জনপ্রিয় অনলাইন কেনাকাটার উৎসব ডাবল ইলেভেন উপলক্ষে আলিবাবার নিলাম প্ল্যাটফর্মে এই আয়োজন করা হয়। নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান শেনইয়াং হেংইউ টংডার এক কর্মকর্তা জানিয়েছেন, এটি সাধারণ বাজারদরে বাড়ি বিক্রির ঘটনা নয়। বিশেষ প্রচারণার অংশ হিসেবে ফ্ল্যাটের মূল্যের বড় অংশ ভর্তুকি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ফ্ল্যাটটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার ইউয়ান। অথচ ক্রেতাকে নিলামে দিতে হয়েছে মাত্র ১১ ইউয়ান। অর্থাৎ স্বাভাবিক বাজারমূল্যের তুলনায় অত্যন্ত কম দামে সম্পত্তিটি কেনার সুযোগ পেয়েছেন তিনি। অবশ্য ফ্ল্যাটটির মালিকানা বুঝে পেতে শুধু ১১ ইউয়ান দিলেই হবে না। মালিকানা হস্তান্তরের জন্য ক্রেতাকে আরও প্রায় ২ হাজার ইউয়ান বা ৩০০ মার্কিন ডলার কর দিতে হবে। নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠানের দাবি, ফ্ল্যাটটির বৈধ মালিকানার কাগজপত্র রয়েছে এবং এটি কোনো আদালতের বাজেয়াপ্ত সম্পত্তি নয়। সম্পত্তিটির ওপর বন্ধক, জব্দাদেশ কিংবা মালিকানা নিয়ে বিরোধও নেই বলে নিলামের নথিতে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো, এত কম দামে ফ্ল্যাট কিনলেও সেখানে স্থায়ীভাবে বসবাসের কোনো পরিকল্পনা নেই ক্রেতার। নিলাম চলাকালে লাইভ সম্প্রচারে তিনি জানান, শীতকালে উত্তর-পূর্ব চীনের বরফে ঢাকা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গেলে ফ্ল্যাটটি ছুটির আবাস হিসেবে ব্যবহার করতে চান। ভবিষ্যতে সম্পত্তিটি নিয়ে কী করবেন, সে সিদ্ধান্ত এখনো নেননি। এদিকে একই ধরনের আরেকটি ফ্ল্যাট ১০ নভেম্বর নিলামে তোলার পরিকল্পনা থাকলেও পরবর্তী সময়ে সেই আয়োজন স্থগিত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট পক্ষের আবেদনের ভিত্তিতে দ্বিতীয় নিলামটি বন্ধ করা হয়েছে। চীনের হেগাং শহর তুলনামূলক কম দামের আবাসনের জন্য আগেও আলোচনায় এসেছে। তবে ১১ ইউয়ানে ফ্ল্যাট বিক্রির ঘটনাটি শহরের সাধারণ বাড়ির বাজারদরের প্রতিফলন নয়। এটি ছিল নির্দিষ্ট শর্তে পরিচালিত একটি বিশেষ প্রচারণা। এত কম দামে ফ্ল্যাট কেনার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিলেও সম্পত্তি কেনার ক্ষেত্রে মালিকানার বৈধতা, বকেয়া কর, রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ভবিষ্যতে বিক্রির সুযোগ যাচাই করার গুরুত্বও সামনে এসেছে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
যুক্তরাজ্যে বাড়ির দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেক তরুণের কাছে নিজের বাড়ি কেনা কঠিন হয়ে উঠেছে। অথচ বছরে মাত্র ২৭ হাজার পাউন্ড বেতন পেয়েও ২৫ বছর বয়সে বাড়ির আংশিক মালিকানা কিনতে সক্ষম হন ব্রিটিশ তরুণী লায়লা ফিলিপস। পরিবারের কাছ থেকে বাড়ি কেনার জন্য বড় অঙ্কের আর্থিক সহায়তা না নিয়েই সঞ্চয় ও বিশেষ আবাসন সুবিধা কাজে লাগিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ল্যাডবাইবেল রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে লায়লার বাড়ি কেনার অভিজ্ঞতা তুলে ধরেছে। বর্তমানে ২৯ বছর বয়সী লায়লা জানান, সীমিত আয়ের কারণে একা একটি সম্পূর্ণ বাড়ি কেনা তাঁর পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি যুক্তরাজ্যের শেয়ার্ড ওনারশিপ পদ্ধতি বেছে নেন। এই পদ্ধতিতে বাড়ির পুরো দাম একবারে পরিশোধ না করে নির্দিষ্ট অংশের মালিকানা কেনা যায়। বাকি অংশের জন্য সংশ্লিষ্ট হাউজিং অ্যাসোসিয়েশনকে মাসিক রেন্ট দিতে হয়। লায়লা ২ লাখ ৬৫ হাজার পাউন্ড মূল্যের একটি বাড়ির ২৫ শতাংশ মালিকানা কেনেন। বাকি ৭৫ শতাংশের জন্য তিনি নিয়মিত রেন্ট পরিশোধ করছেন। লায়লার দুটি পোষা কুকুর রয়েছে। তাই শুরু থেকেই তাঁর ইচ্ছা ছিল বাগানসহ একটি বাড়ি কেনার। কিন্তু নিজের বেতনে পুরো বাড়ি কেনার জন্য প্রয়োজনীয় মর্টগেজ পাওয়া সম্ভব হবে না বলে ধারণা করেছিলেন তিনি। শেয়ার্ড ওনারশিপের সুযোগ সম্পর্কে জানার পর বাড়ি কেনার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেন। করোনা মহামারির সময় থেকে লায়লা সঞ্চয় শুরু করেন। তখন তাঁর বার্ষিক আয় ছিল ২২ হাজার পাউন্ড। বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন এবং প্রতি মাসে তাঁদের ১৫০ পাউন্ড দিতেন। ফলে নিজের আয়ের একটি উল্লেখযোগ্য অংশ জমাতে পারতেন তিনি। পাশাপাশি যুক্তরাজ্য সরকারের লাইফটাইম আইএসএ সঞ্চয় সুবিধা ব্যবহার করেন লায়লা। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ২০২৩ সালের জুনের মধ্যে বাড়ি কেনার ডিপোজিটের জন্য ৬ হাজার ৬২৫ পাউন্ড জমাতে সক্ষম হন। আসবাবপত্র ও আইনজীবীর ফিসহ অন্যান্য খরচের জন্য আলাদাভাবে সঞ্চয় করেন আরও ৩ হাজার ৫০০ পাউন্ড। পরিকল্পনা অনুযায়ী ২০২৩ সালের আগস্টে বাড়িটির ২৫ শতাংশ মালিকানা কেনার প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। বর্তমানে মর্টগেজের জন্য প্রতি মাসে ৩০৫ পাউন্ড এবং অবশিষ্ট অংশের রেন্ট হিসেবে ৫৭৬ পাউন্ড পরিশোধ করেন। অর্থাৎ দুই খাতে তাঁর মাসিক খরচ মোট ৮৮১ পাউন্ড। তবে সার্ভিস চার্জ বা অন্যান্য আবাসন ব্যয় এই হিসাবে অন্তর্ভুক্ত কি না, প্রতিবেদনে তা স্পষ্ট করা হয়নি। লায়লা স্থানীয় সরকারের একজন কর্মী। তিনি জানান, শেয়ার্ড ওনারশিপ সুবিধা না পেলে একক ক্রেতা হিসেবে বাড়ি কেনার জন্য তাঁকে আরও তিন থেকে চার বছর অপেক্ষা করতে হতো। তাঁর অভিজ্ঞতায় বাড়ি কেনার প্রক্রিয়াটি তুলনামূলক সহজ ছিল এবং হাউজিং অ্যাসোসিয়েশনের কাছ থেকেও সহযোগিতা পেয়েছেন। শেয়ার্ড ওনারশিপ ব্যবস্থায় ক্রেতারা পরবর্তী সময়ে সামর্থ্য অনুযায়ী বাড়ির আরও অংশ কিনতে পারেন। এই প্রক্রিয়াকে বলা হয় স্টেয়ারকেসিং। ধাপে ধাপে পুরো মালিকানা কেনা সম্ভব হলে সংশ্লিষ্ট অংশের রেন্ট আর দিতে হয় না। তবে মর্টগেজ, সার্ভিস চার্জ ও অন্যান্য প্রযোজ্য খরচ থাকতে পারে। লায়লার পরিকল্পনা আগামী কয়েক বছরের মধ্যে আরও বেশি মালিকানা কেনার মতো অর্থ সঞ্চয় করা। বিকল্প হিসেবে বর্তমান বাড়ি বিক্রি করে সাধারণ বাজার থেকে সম্পূর্ণ মালিকানার একটি বাড়ি কেনার কথাও ভাবছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, শেয়ার্ড ওনারশিপের মতো ব্যবস্থা সীমিত আয়ের মানুষের জন্য বাড়ির মালিক হওয়ার একটি বিকল্প পথ হতে পারে। তবে মর্টগেজের সুদ, রেন্ট বৃদ্ধি, সার্ভিস চার্জ এবং ভবিষ্যতে সম্পত্তি বিক্রির শর্ত ভালোভাবে বুঝে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। যুক্তরাজ্যের এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রের প্রচলিত মর্টগেজ বা ফার্স্ট টাইম হোমবায়ার সহায়তা কর্মসূচির সঙ্গে এক নয়। সূত্র: ল্যাডবাইবেল
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে মেটলাইফ স্টেডিয়ামের বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) নিউইয়র্ক জেটস ও বাফেলো বিলসের মধ্যকার এনএফএল ম্যাচ শেষ হওয়ার পর স্টেডিয়ামের পূর্ব পাশের একটি অস্থায়ী তাঁবুতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। ধোঁয়া স্টেডিয়ামের ভেতরেও প্রবেশ করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে নিউ জার্সি স্টেট পুলিশ। এনবিসি নিউইয়র্কের প্রতিবেদন অনুযায়ী, রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ৫১ মিনিটের দিকে ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামের লট এ পার্কিং এলাকার পাশে ধোঁয়া দেখতে পাওয়ার খবর পায় পুলিশ। স্থানটি স্টেডিয়ামের আমেরিকান এক্সপ্রেস বা অ্যামেক্স গেট এবং রেলস্টেশনের কাছাকাছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, ম্যাচ-পরবর্তী কার্যক্রমের জন্য স্থাপিত একটি তাঁবুতে আগুন জ্বলছে। এ সময় তাঁবুর ভেতরে কেউ ছিলেন না। নিউ জার্সি স্টেট পুলিশের সার্জেন্ট চার্লস মার্চান জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর নিউ জার্সি স্পোর্টস অ্যান্ড এক্সপোজিশন অথরিটি, মুনাকি ও কার্লস্টাড ফায়ার বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আগুনের ভয়াবহতা বিবেচনায় টু-অ্যালার্ম ফায়ার হিসেবে জরুরি ব্যবস্থা নেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে তাঁবুটি পুড়ে গেলেও আশপাশের অন্য কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। এদিকে আগুনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দূর থেকেও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যাচ্ছিল। ইএসপিএনের নিউইয়র্ক জেটস বিষয়ক প্রতিবেদক রিচ সিমিনি জানান, অগ্নিকাণ্ডের সময় স্টেডিয়ামের ভেতরে থাকা ব্যক্তিদের পূর্ব পাশের প্লাজা ও রেলস্টেশনসংলগ্ন এলাকায় না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এর আগেই অধিকাংশ দর্শক স্টেডিয়াম ছেড়ে চলে গিয়েছিলেন। ঘটনার কিছুক্ষণ পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের আগে অনুষ্ঠিত ম্যাচে বাফেলো বিলসের কাছে ৩১-১২ পয়েন্টে পরাজিত হয় নিউইয়র্ক জেটস। এটি ছিল দলটির টানা পঞ্চম হার। ম্যাচ শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট পর আগুনের ঘটনা ঘটে। পরাজয়ের পর স্টেডিয়ামের বাইরে অগ্নিকাণ্ডের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। তবে দলের পরাজয় কিংবা দর্শকদের কোনো কর্মকাণ্ডের সঙ্গে আগুনের সম্পর্ক রয়েছে, এমন প্রমাণ পাওয়া যায়নি। নিউ জার্সি স্টেট পুলিশ জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে নিউজার্সি ট্রানজিট কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেডিয়ামসংলগ্ন রেলস্টেশনের কাছে আগুন লাগলেও স্থানীয় ট্রেন চলাচলে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা না ঘটলেও বিপুলসংখ্যক দর্শকের সমাগমস্থলে এমন ঘটনা নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে সতর্কতার প্রয়োজনীয়তা সামনে এনেছে। সংবাদসূত্র: এবিসি ৭ নিউইয়র্ক, নিউ জার্সি স্টেট পুলিশ।
কলোরাডোর বোল্ডারে হ্যালোইন পার্টিতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় প্রকাশ করা সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজনদের শনাক্ত করেছে পুলিশ। কলোরাডো ইউনিভার্সিটি বোল্ডার-এর ১৯ বছর বয়সী শিক্ষার্থী লুকা হ্যানলনকে হত্যার ঘটনায় ১৮ বছর বয়সী ওমর পেরেজকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বোল্ডার পুলিশের মুখপাত্র ডিওন ওয়াউ নিশ্চিত করেছেন যে, ভিডিও এবং ছবিতে থাকা অন্য সন্দেহভাজনদেরও শনাক্ত করা হয়েছে। প্রসিকিউটররা বর্তমানে এই ঘটনায় অতিরিক্ত অভিযোগ গঠনের বিষয়টি বিবেচনা করছেন। পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী, গত ৩১ অক্টোবর হ্যালোইনের রাতে বোল্ডারের মেরিন স্ট্রিটের একটি বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছিল। অতিরিক্ত শব্দের অভিযোগ পেয়ে রাত ৯টা ৫৮ মিনিটে পুলিশ সেখানে গিয়ে পার্টি বন্ধের নির্দেশ দিলে শত শত মানুষ সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু এর প্রায় দেড় ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ আবারও ঘটনাস্থলে ছুটে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পেরেজ শুরুতে বেরিয়ে গেলেও পরে আরও ছয়জনকে নিয়ে পার্টিতে ফিরে আসে। তাদের চলে যেতে বললে পেরেজ ও তার সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বসার ঘর ও বারান্দায় হাতাহাতি শুরু হয়। এ সময় পেরেজের পরনে সোয়াট (SWAT) ইউনিফর্ম এবং একটি 'পার্জ' (Purge) মুখোশ ছিল। একপর্যায়ে বাড়ির এক বাসিন্দা পেরেজকে জাপটে ধরলে সে বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে পরদিন হাসপাতালে মারা যায় লুকা হ্যানলন এবং পায়ে গুলিবিদ্ধ হয় আরও এক শিক্ষার্থী। এই নির্মম হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তারের পেছনে পেরেজের বোনের দেওয়া তথ্য বড় ভূমিকা রেখেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ ও ছবি প্রকাশ করার পর পোশাক দেখে নিজের ভাইকে চিনতে পারেন পেরেজের বোন। এরপর তিনি ‘লাইফ৩৬০’ (Life360) অ্যাপের মাধ্যমে ভাইয়ের অবস্থান যাচাই করে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তিনি পুলিশকে জানান, ঘটনার কয়েকদিন আগেই পেরেজ অবৈধভাবে একটি ১০ মিলিমিটারের গ্লক পিস্তল কিনেছিল। এমনকি ঘটনার পর একটি লাল রঙের অডি গাড়িতে পেরেজকে নিতে গেলে তিনি গাড়ির মেঝেতে ওই 'পার্জ' মুখোশটি দেখতে পান। পেরেজ কলোরাডো ইউনিভার্সিটির শিক্ষার্থী নয় এবং তাকে থর্নটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বোল্ডার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের মুখপাত্র শ্যানন কারবোন। পেরেজকে বর্তমানে জামিন অযোগ্য অবস্থায় কারাগারে রাখা হয়েছে এবং ২০২৭ সালের ১০ ফেব্রুয়ারি তার প্রাথমিক শুনানির দিন ধার্য করা হয়েছে। তার বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি মার্ডার বা প্রথম মাত্রার খুনসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ আনা হয়েছে, যার শাস্তি হিসেবে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এদিকে নিহত লুকা হ্যানলন ছিলেন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া প্রোডাকশন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে শোকাহত বন্ধু জ্যাক অ্যান্ডারসন জানান, লুকা ছিলেন একজন আদর্শ নাগরিক ও সেরা বন্ধু, যার মতো হতে চাইতেন তিনি নিজেই। এই মর্মান্তিক ঘটনা পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শোকের ছায়া ফেলেছে।
নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি পুলিশের একটি বিশেষ ও বিতর্কিত ইউনিট—স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ (SRG)—বিলুপ্ত করার যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। এই ইউনিটটি মূলত কাউন্টার টেররিজম এবং আন্দোলন-বিক্ষোভ দমনে কাজ করত। এর পরিবর্তে বিক্ষোভ মোকাবেলায় একটি অস্ত্রহীন বেসামরিক বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দিয়ে মেয়র মামদানি জানান, বিক্ষোভ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই পরিবর্তন পুলিশি দৃষ্টিভঙ্গির একটি বৃহত্তর পরিবর্তনের অংশ। সিটি হলের অফিস অব কমিউনিটি সেফটির অধীনে একটি নতুন “কমিউনিটি ডায়ালগ অ্যান্ড ডি-এসকালিয়েশন ডিভিশন” তৈরি করা হচ্ছে। এই বাহিনীতে কোনো সশস্ত্র বা ইউনিফর্মধারী পুলিশ থাকবে না, বরং বেসামরিক কর্মীরা আলোচনার মাধ্যমে বিক্ষোভ সামাল দেবেন। তবে আইনশৃঙ্খলা রক্ষায় বা প্রয়োজনে প্রশিক্ষিত পুলিশ অফিসারদের ডেকে গ্রেফতারের ব্যবস্থা বহাল রাখা হবে। নির্বাচনী প্রচারণায় এসআরজি (SRG) ইউনিটটি বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি। বামপন্থী মহলের দীর্ঘদিনের দাবির মুখে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রশাসনের প্রথম বড় ধরনের পুলিশি সংস্কার। পুলিশ বিভাগের মোট জনবল বা কর্মীর সংখ্যা অপরিবর্তিত থাকছে। এদিকে, এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন ইসরায়েল-সংক্রান্ত বিভিন্ন বিক্ষোভ ও ইহুদি অধ্যুষিত এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। বামপন্থী রাজনৈতিক চাপ এবং ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মাঝেই এই নতুন পদ্ধতির প্রবর্তন করলেন মেয়র। মামদানি আশা প্রকাশ করেছেন যে, এই সংস্কারের ফলে জননিরাপত্তা এবং জনগণের মৌলিক স্বাধীনতার সুরক্ষা আরও সুদৃঢ় হবে, যেখানে সব সম্প্রদায় সমানভাবে আস্থার পরিবেশ ফিরে পাবে।
সংগীতজগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের ২০২৭ সালের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এবারের ৬৯তম আসরে সর্বোচ্চ ১১টি বিভাগে মনোনয়ন পেয়ে আলোচনার শীর্ষে রয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী রায়ে। তাঁর পরেই ৯টি মনোনয়ন নিয়ে রয়েছেন স্পেনের রোসালিয়া। অন্যদিকে অলিভিয়া রদ্রিগো, ফিবি ব্রিজার্স, মিরান্ডা ল্যামবার্ট ও এলা ল্যাংলি পেয়েছেন সাতটি করে মনোনয়ন। পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনাও একাধিক বিভাগে মনোনীত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের রেকর্ডিং একাডেমি আনুষ্ঠানিকভাবে মনোনীত শিল্পী ও গানের তালিকা প্রকাশ করে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, রায়ের অ্যালবাম ‘দিস মিউজিক মে কনটেইন হোপ’ এবারের অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে মনোনীত হয়েছে। তাঁর ‘হোয়্যার ইজ মাই হাজব্যান্ড!’ গানটি রেকর্ড অব দ্য ইয়ার এবং সং অব দ্য ইয়ার বিভাগেও জায়গা পেয়েছে। এক বছরে ১১টি মনোনয়ন পেয়ে নারী শিল্পী হিসেবে বিয়ন্সের ২০২৫ সালের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। ক্যারিয়ারে এ পর্যন্ত ১৫টি গ্র্যামি মনোনয়ন পেলেও প্রতিযোগিতামূলক কোনো বিভাগে এখনো পুরস্কার জেতেননি রায়ে। অন্যদিকে স্পেনের সংগীতশিল্পী রোসালিয়া তাঁর ‘লুক্স’ অ্যালবাম দিয়ে ৯টি মনোনয়ন পেয়েছেন। বছরের সেরা অ্যালবাম, রেকর্ড ও গানের মতো গুরুত্বপূর্ণ বিভাগেও রয়েছেন তিনি। সাতটি মনোনয়ন পেয়েছেন মার্কিন সংগীতশিল্পী অলিভিয়া রদ্রিগো। তাঁর তৃতীয় অ্যালবাম ‘ইউ সিম প্রিটি স্যাড ফর আ গার্ল সো ইন লাভ’ বছরের সেরা অ্যালবামের প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে। পাশাপাশি ম্যাডোনার ‘কনফেশনস টু’ সেরা ড্যান্স বা ইলেকট্রনিক অ্যালবাম এবং ‘আই ফিল সো ফ্রি’ সেরা ড্যান্স বা ইলেকট্রনিক রেকর্ডিং বিভাগে মনোনীত হয়েছে। এবারের অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে আরও রয়েছেন টেইলর সুইফট, ব্রুনো মার্স, অলিভিয়া ডিন, এলা ল্যাংলি ও ফিবি ব্রিজার্স। টেইলর সুইফটের ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামও মনোনয়ন পেয়েছে। এ নিয়ে টানা পাঁচটি স্টুডিও অ্যালবামের জন্য বছরের সেরা অ্যালবাম বিভাগে মনোনীত হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছেন তিনি। অন্যদিকে বিয়ন্সে তাঁর ক্যারিয়ারের শততম গ্র্যামি মনোনয়ন পেয়েছেন। রেকর্ডিং একাডেমি জানিয়েছে, এবারের গ্র্যামিতে মোট ১০০টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। নতুন পাঁচটি বিভাগও যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সেরা এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স ও সেরা লাতিন গান। মনোনয়নের জন্য ২০২৫ সালের ৩১ আগস্ট থেকে ২০২৬ সালের ২৮ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রকাশিত সংগীতকর্মগুলো বিবেচনা করা হয়েছে। বিজয়ী নির্ধারণে চূড়ান্ত ভোট গ্রহণ চলবে আগামী ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত। আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৭ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হবে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এবিসি টেলিভিশন। পাশাপাশি ডিজনি প্লাস ও হুলুতেও দেখা যাবে। এবারের মনোনয়নে নারী সংগীতশিল্পীদের শক্তিশালী উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। সংবাদসূত্র: রেকর্ডিং একাডেমি, অ্যাসোসিয়েটেড প্রেস, এবিসি নিউজ।