- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্র্যাট শিবিরে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্স। গত আগস্টে ডেমোক্র্যাটিক পার্টির সিনেট প্রাইমারিতে আবদুল এল-সায়েদের কাছে পরাজিত হওয়ার পর তাঁকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্টিভেন্স। কিন্তু নির্বাচনের মাত্র দুই দিন আগে সেই অবস্থান থেকে সরে এসে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) ডেট্রয়েটের পারফেক্টিং চার্চে রজার্সের সঙ্গে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর পক্ষে অবস্থান ঘোষণা করেন স্টিভেন্স। প্রাইমারিতে পরাজয়ের পর দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ এবং শেষ মুহূর্তে এই অবস্থান পরিবর্তনকে ঘিরে তাঁর সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত ক্ষোভ কাজ করেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত আগস্টে অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে হ্যালি স্টিভেন্স ও আবদুল এল-সায়েদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল অত্যন্ত তীব্র। ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা, গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যনীতি নিয়ে দুই প্রার্থীর অবস্থানে স্পষ্ট পার্থক্য ছিল। নির্বাচনে স্টিভেন্সকে পরাজিত করে দলীয় মনোনয়ন পান আবদুল। পরাজয়ের পর স্টিভেন্স প্রথমে তাঁকে সমর্থন জানান এবং ডেমোক্র্যাটিক প্রার্থীকে বিজয়ী করার প্রতিশ্রুতিও দেন। তবে প্রাইমারির পরও তাঁদের মধ্যে মতপার্থক্য কাটেনি। বিশেষ করে ইসরায়েলকে মার্কিন সহায়তার সমালোচনা করে একটি বহিরাগত রাজনৈতিক সংগঠনের প্রচারমূলক বিজ্ঞাপন নিয়ে বিরোধ নতুন করে তীব্র হয়। বিজ্ঞাপনটিকে ইহুদিবিদ্বেষী বলে সমালোচনা করেন স্টিভেন্স। অন্যদিকে, আবদুল জানান, বিজ্ঞাপনটি তাঁর নির্বাচনী প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট নয় এবং এর বক্তব্যের সঙ্গেও তিনি একমত নন। নির্বাচনের শেষ সপ্তাহে দুই নেতার মধ্যে বিরোধ আরও প্রকাশ্যে আসে। রোববার ডেট্রয়েটের একটি গির্জায় আবদুল এল-সায়েদ ও স্টিভেন্সের যৌথ উপস্থিতিতে ঐক্যের বার্তা দেওয়ার পরিকল্পনা ছিল। সেখানে দক্ষিণ ক্যারোলাইনার কংগ্রেস সদস্য জিম ক্লাইবার্নেরও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই কর্মসূচিতে স্টিভেন্স অংশ নেননি। বরং অন্য একটি গির্জায় রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের সঙ্গে উপস্থিত হয়ে তাঁকে সমর্থন জানান। নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় স্টিভেন্স বলেন, আবদুল তাঁকে তাঁর নির্বাচনী প্রচারণা থেকে দূরে থাকতে বলেছেন। তবে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, যৌথ কর্মসূচি নিয়ে শেষ মুহূর্তে দুই পক্ষের মধ্যে যোগাযোগ ও মতবিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। স্টিভেন্সের এই সিদ্ধান্তের পর তাঁর দীর্ঘদিনের প্রধান সহযোগী ও চিফ অব স্টাফ জাস্টিন জার্মানসহ একাধিক কর্মী পদত্যাগ করেছেন। প্রায় আট বছর ধরে স্টিভেন্সের সঙ্গে কাজ করা জার্মান জানান, তাঁর সিদ্ধান্তে তিনি ও তাঁর সহকর্মীরা হতবাক ও মর্মাহত। তিনি প্রকাশ্যে আবদুল এল-সায়েদের প্রতি সমর্থন জানিয়েছেন। মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান কার্টিস হার্টেলও স্টিভেন্সের তীব্র সমালোচনা করে বলেছেন, তিনি নিজের ঘোষিত মূল্যবোধ থেকে সরে গেছেন। অন্যদিকে, আবদুল এল-সায়েদ বলেছেন, তিন মাস আগের প্রাইমারির বিরোধ নতুন করে সামনে আনার পরিবর্তে তিনি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও নীতিগত বিষয় নিয়ে কাজ করতে চান। স্টিভেন্স অবশ্য নিজেকে এখনো একজন গর্বিত ডেমোক্র্যাট হিসেবে পরিচয় দিয়েছেন। আগামী ৩ নভেম্বর মিশিগানে সিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে। অবসর নিতে যাওয়া ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্সের আসনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ ও রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের লড়াই জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই আসনের ফলাফল যুক্তরাষ্ট্রের সিনেটে ক্ষমতার ভারসাম্য নির্ধারণে ভূমিকা রাখতে পারে। ফলে প্রাইমারিতে পরাজিত হওয়ার পর যাঁকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনের ঠিক আগে সেই প্রার্থীর প্রতিদ্বন্দ্বীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্তে হ্যালি স্টিভেন্সের রাজনৈতিক অবস্থান ও উদ্দেশ্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে তাঁর সিদ্ধান্তের পেছনে প্রতিশোধই প্রধান কারণ এমন কোনো নিশ্চিত প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি।
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়েন কাউন্টির এক বিচারকের রায়ে হ্যামট্রামিক শহরের পরবর্তী মেয়র হিসেবে মুহিত মাহমুদের দায়িত্ব গ্রহণের পথ প্রশস্ত হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রয়োজনীয় আবাসিক শর্ত পূরণের বিষয়ে চলা দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটেছে এই যুগান্তকারী রায়ের মাধ্যমে। ওয়েন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাকার্থি জানিয়েছেন, আবাসিক কারণ দেখিয়ে মুহিত মাহমুদকে অযোগ্য ঘোষণার জন্য পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। এর ফলে গত বছর অনুষ্ঠিত নির্বাচনের বিতর্কিত ৩৭টি ব্যালট গণনার পর মুহিত মাহমুদের জয়ের বিষয়টি নিশ্চিত হতে যাচ্ছে। গত ৩০ অক্টোবর দেওয়া এক আদেশে বিচারক ক্যাথলিন ওয়েন কাউন্টি বোর্ড অব ক্যানভাসারসকে ওই ৩৭টি ব্যালট চূড়ান্তভাবে অনুমোদনের নির্দেশ দেন। আদালতের এই আদেশের ফলে মেয়র পদের দৌড়ে মুহিত মাহমুদ তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশ এগিয়ে গেলেন। আদেশে বিচারক ক্যাথলিন ম্যাকার্থি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, বর্তমান পরিস্থিতি ও সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী মুহিত মাহমুদই হ্যামট্রামিক শহরের বৈধ মেয়র। আদালতে সাক্ষীদের জবানবন্দি ও নথিপত্র পর্যালোচনার পর নিশ্চিত হওয়া গেছে যে, মেয়র হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় আবাসিক যোগ্যতা তার রয়েছে। আদালতে শুনানির সময় মুহিত মাহমুদের অন্যান্য শহরে বাড়ি থাকার বিষয়টি উঠে আসে। তার স্ত্রী ও সন্তানরা মূলত ট্রয় শহরে বসবাস করেন বলেও জানানো হয়। তবে বিচারক তার পর্যবেক্ষণে জানিয়েছেন, পরিবারের অন্য শহরে বসবাসের এই বিষয়টি তাকে জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে অযোগ্য প্রমাণ করে না। এর আগে গত ২২ অক্টোবর ওয়েন কাউন্টি সার্কিট কোর্টে এই সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুক্রবারের এই চূড়ান্ত রায়ের মধ্য দিয়ে মুহিত মাহমুদের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পথে সবচেয়ে বড় আইনি বাধাটি দূর হলো। এই আইনি বিরোধের সূত্রপাত হয় গত ২০২৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের পরদিন। ওইদিন হ্যামট্রামিক সিটি ক্লার্কের কার্যালয়ে খোলা খামের ভেতরে ৩৭টি ব্যালট পাওয়া যায়। এই ব্যালটগুলো নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে ব্যাপক আইনি বিতর্ক চলছিল। পরে গত সেপ্টেম্বরে এক বিচারক ওই ব্যালটগুলো গণনার নির্দেশ দেন। এরপর ১৬ অক্টোবর ওয়েন কাউন্টি বোর্ড অব ক্যানভাসারস ব্যালটগুলো পর্যালোচনা করে। বেসরকারি ফলাফলে দেখা যায় মুহিত মাহমুদ পেয়েছেন দুই হাজার ৮৯ ভোট এবং বর্তমান মেয়র অ্যাডাম আলহারবি পেয়েছেন দুই হাজার ৭৭ ভোট। নতুন গণনায় মুহিত মাহমুদ ১২ ভোটে এগিয়ে থাকলেও আবাসিক যোগ্যতার আইনি বিরোধ চলমান থাকায় ফলাফল চূড়ান্ত করা সম্ভব হয়নি। এখন আদালতের রায়ে সেই সমস্যার সমাধান হলেও নির্বাচন কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল অনুমোদন করেনি। তবে ওয়েন কাউন্টি বোর্ড অব ক্যানভাসারস খুব শিগগিরই ওই ৩৭টি ব্যালটের আনুষ্ঠানিক ছাড়পত্র দেবে বলে আশা করা হচ্ছে। যদিও এর জন্য এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, বর্তমান মেয়র অ্যাডাম আলহারবি ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে হ্যামট্রামিকের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবাদ সূত্র: ওয়েন কাউন্টি সার্কিট কোর্টের নথি ও স্থানীয় সংবাদমাধ্যম
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ১৬ বছর বয়সী কিশোরী এমা জুরিন বিজ্ঞান ও প্রযুক্তিতে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। নিজের পড়াশোনা, রোবোটিকস চর্চা ও গবেষণার পাশাপাশি নারীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে (এসটিইএম) আগ্রহী করে তুলতে চালু করেছে ‘দ্য শি পারসিস্টস পডকাস্ট’। ২০২৫ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করা এই পডকাস্টে বিভিন্ন বয়সী নারী শিক্ষার্থীদের পাশাপাশি পেশাদার বিজ্ঞানী ও প্রকৌশলীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরছেন। বিশেষ করে সফলতার গল্পের আড়ালে থাকা বাধা, প্রত্যাখ্যান, ব্যর্থতা ও ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতাগুলো সামনে আনতে চায় এমা। গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে অনুষ্ঠিত আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের (এজিইউ) বার্ষিক সম্মেলনে অংশ নেয় এমা। আর্নেস্ট এন. মরিয়াল কনভেনশন সেন্টারে ৫৫৩ নম্বর পোস্টারের পাশে দাঁড়িয়ে সহকর্মীদের সঙ্গে পরিচালিত একটি গবেষণার ফলাফল তুলে ধরে সে। ইউনিভার্সিটি অব টেক্সাসের একটি নাসা-অর্থায়িত কর্মসূচিতে অংশ নিয়ে উচ্চ বায়ুমণ্ডলে আবহাওয়ার তথ্য সংগ্রহের জন্য একটি বেলুন উড়িয়েছিল এমা ও তার দলের সদস্যরা। বায়ুমণ্ডলের ওপরের স্তরের তথ্য ব্যবহার করে বন্যার পূর্বাভাস আরও নির্ভুল করা যায় কি না, সেটিই ছিল গবেষণার মূল উদ্দেশ্য। এজিইউর বার্ষিক সম্মেলনটি বিশ্বের বিজ্ঞানীদের অন্যতম বড় সমাবেশ। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সম্মেলনে ১২০টির বেশি দেশের ২৫ হাজারেরও বেশি বিজ্ঞানী ও সংশ্লিষ্ট ব্যক্তি অংশ নেন। সেখানে ভার্জিনিয়ার একজন উচ্চমাধ্যমিক শিক্ষার্থী হিসেবে এমার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তবে আবহাওয়া ও গবেষণার পোস্টার উপস্থাপনার বাইরেও তার আরেকটি উদ্যোগ রয়েছে, যার লক্ষ্য বিজ্ঞান ও প্রযুক্তির জগতে মেয়েদের এগিয়ে আসতে উৎসাহিত করা। এমার নিজের আগ্রহও তৈরি হয়েছে হাতে-কলমে কাজের মধ্য দিয়ে। সে তার রোবোটিকস দলের সঙ্গে রোবটের বৈদ্যুতিক সংযোগ ও বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে কাজ করেছে। পাশাপাশি একটি আঞ্চলিক বিজ্ঞান মেলায় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরিতে প্রয়োজনীয় খনিজ পদার্থের সংকট নিয়ে গবেষণাও উপস্থাপন করেছে। এসব অভিজ্ঞতা থেকে সে বুঝতে পারে, বিজ্ঞান ও প্রকৌশলে নারীদের সাফল্যের গল্প বলা হলেও তাঁদের পথচলার কঠিন দিকগুলো তুলনামূলক কম আলোচিত হয়। বাংলা বুলেটিনকে দেওয়া এক বক্তব্যে এমা লিখেছে, অসাধারণ নারীদের অর্জন নিয়ে সাধারণত তাঁদের দীর্ঘদিনের পরিশ্রমের পর আলোচনা করা হয়। কিন্তু সেই সাফল্যের আগে তাঁদের যে বাধা, অনিশ্চয়তা ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, সেসব বিষয় খুব কমই সামনে আসে। এই অভিজ্ঞতাগুলো তুলে ধরতেই পডকাস্টটি শুরু করেছে সে। তার লক্ষ্য, যারা এখনো নিজেদের আগ্রহের বিষয় নিয়ে দ্বিধায় রয়েছে, তারা যেন অন্য নারীদের বাস্তব অভিজ্ঞতা শুনে সাহস পায়। যুক্তরাষ্ট্রে প্রকৌশল খাতে নারীদের অংশগ্রহণের পরিসংখ্যানও এমার উদ্যোগের প্রাসঙ্গিকতা তুলে ধরে। সোসাইটি অব উইমেন ইঞ্জিনিয়ার্সের গবেষণা অনুযায়ী, ২০২৪ সালে দেশটির প্রকৌশল পেশায় নারীদের অংশ ছিল মাত্র ১৫ দশমিক ৪ শতাংশ। বিশেষ করে যন্ত্রকৌশল বিষয়ে নারীদের অংশগ্রহণ আরও কম। ২০২৫ সালে আমেরিকান সোসাইটি ফর ইঞ্জিনিয়ারিং এডুকেশনে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, এ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনকারীদের মধ্যে নারীর সংখ্যা পাঁচজনের একজনেরও কম। এমাও ভবিষ্যতে যন্ত্রকৌশল নিয়ে পড়াশোনা করতে আগ্রহী। নারীদের উপস্থিতি ও অভিজ্ঞতা অন্য মেয়েদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতে পারে, এমন প্রমাণও রয়েছে গবেষণায়। ২০২৩ সালে দ্য ইকোনমিক জার্নালে প্রকাশিত একটি গবেষণায় প্যারিস অঞ্চলের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর ওপর পরিচালিত পরীক্ষার ফল তুলে ধরা হয়। সেখানে দেখা যায়, বিজ্ঞান পেশায় কর্মরত একজন নারীর এক ঘণ্টার শ্রেণিকক্ষ পরিদর্শনের পর দ্বাদশ শ্রেণির মেয়েদের মধ্যে পুরুষ-প্রধান ও প্রতিযোগিতামূলক বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের উচ্চশিক্ষা কর্মসূচিতে ভর্তির হার ১১ শতাংশ থেকে বেড়ে ১৪ দশমিক ৫ শতাংশে পৌঁছায়। গবেষকদের মতে, বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন নারীকে সামনে থেকে দেখা শিক্ষার্থীদের পেশা নির্বাচনের ধারণায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এমার পডকাস্টে ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রের নারীরা অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৌশলী, যিনি স্পেসএক্সে স্টারশিপের প্রপালশন প্রযুক্তি তৈরিতে কাজ করেছেন। অস্ট্রেলিয়ার ফর্মুলা এসএই রেসিং কার দলের নারী সদস্যরাও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্ত একটি গল্পও স্থান পেয়েছে এই পডকাস্টে। এতে অংশ নিয়েছেন ড. ফারদিনা এফ. আলম, যিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে এসে ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডে তথ্যবিজ্ঞানের কর্মসূচি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছানোর শিক্ষাগত ও পেশাগত যাত্রা। পডকাস্টের কয়েকটি পর্বে ভার্জিনিয়া টেকের রকেট নির্মাণ দলের নারী সদস্যরাও অংশ নিয়েছেন। তাঁদের একজন মাহিমা সাচান জানিয়েছেন, কৌতূহল থেকেই তিনি রকেট নির্মাণের কাজে যুক্ত হয়েছিলেন। দলের আরেক সদস্য কেলিন কারমাইকেল মেয়েদের উদ্দেশে বলেছেন, অভিজ্ঞতা অর্জনের সুযোগ খুঁজতে আবেদন করতে হবে, নিখুঁত সুযোগের অপেক্ষায় বসে থাকলে চলবে না। তাঁদের অভিজ্ঞতায় উঠে এসেছে, বিজ্ঞান ও প্রকৌশলে ক্যারিয়ার গড়ার জন্য শুরু থেকেই সবকিছু জানা প্রয়োজন নেই। আগ্রহ নিয়ে কাজ শুরু করাও গুরুত্বপূর্ণ। প্রথম বছরে ‘শি পারসিস্টস’ পডকাস্টের ২৪টি পর্ব প্রকাশিত হয়েছে। এতে অংশ নিয়েছেন মোট ৪৭ জন অতিথি এবং ৪৩টির বেশি দেশের কয়েক হাজার শ্রোতার কাছে পৌঁছেছে অনুষ্ঠানটি। অ্যাপল পডকাস্টে বর্তমানে এর ২৬টি পর্ব তালিকাভুক্ত রয়েছে। গত ১৯ অক্টোবর প্রকাশিত একটি পর্বে ভার্জিনিয়া টেকের রকেট নির্মাণ দলের চার নারী সদস্য তাঁদের রকেট তৈরির অভিজ্ঞতা, প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং নিজেদের আত্মবিশ্বাস গড়ে তোলার গল্প শুনিয়েছেন। এমার স্বপ্ন, কোনো একদিন কোনো কিশোরী তার পডকাস্টের একটি পর্ব শুনে বুঝতে পারবে যে মহাকাশ প্রকৌশল কিংবা রকেট নির্মাণের মতো ক্ষেত্রেও তার কাজ করার সুযোগ রয়েছে। শুধু একটি পর্ব শুনে যদি একজন শ্রোতাও নিজের আগ্রহের বিষয়ে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস পায়, তাহলেই উদ্যোগটির উদ্দেশ্য সফল হবে বলে মনে করে ১৬ বছর বয়সী এই কিশোরী।
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্র্যাট শিবিরে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচনের মাত্র দুই দিন আগে দলীয় মনোনীত প্রার্থী আবদুল এল-সায়েদের পরিবর্তে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দিয়েছেন ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্স। রোববার (১ নভেম্বর) ডেট্রয়েটের একটি গির্জায় মাইক রজার্সের সঙ্গে উপস্থিত হয়ে তাঁর প্রতি সমর্থন জানান স্টিভেন্স। এই সিদ্ধান্তে নির্বাচনের শেষ মুহূর্তে মিশিগানের ডেমোক্র্যাট শিবিরে বিভক্তি আরও প্রকাশ্যে এসেছে। স্টিভেন্সের এই সিদ্ধান্তের পরপরই তাঁর দীর্ঘদিনের প্রধান সহযোগী ও চিফ অব স্টাফ জাস্টিন জার্মান পদত্যাগ করেন। প্রায় আট বছর ধরে তাঁর সঙ্গে কাজ করা জার্মান জানান, স্টিভেন্সের সিদ্ধান্তে তিনি ও তাঁর দলের অন্য সদস্যরা হতবাক ও মর্মাহত। তিনি প্রকাশ্যে আবদুল এল-সায়েদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তাঁর সাবেক সহকর্মীরাও ডেমোক্র্যাট মনোনীত প্রার্থীর পাশে রয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্টিভেন্সের দপ্তরের আরও কয়েকজন কর্মীও পদত্যাগ করেছেন। ঘটনার পেছনে রয়েছে গত আগস্টে অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক পার্টির সিনেট প্রাইমারি নির্বাচন। ওই নির্বাচনে হ্যালি স্টিভেন্সকে পরাজিত করে দলীয় মনোনয়ন পান আবদুল এল-সায়েদ। পরবর্তী সময়ে স্টিভেন্স তাঁকে সমর্থনের প্রতিশ্রুতি দিলেও ইসরায়েলকে মার্কিন সহায়তা, একটি রাজনৈতিক বিজ্ঞাপন এবং প্রচারণার বক্তব্য নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। তাঁদের যৌথ নির্বাচনী কর্মসূচি নিয়েও মতবিরোধ দেখা দেয়। স্টিভেন্সের দাবি, আবদুল তাঁকে তাঁর নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে বলেছেন। অন্যদিকে, আবদুলের বক্তব্য, ব্যক্তিগত বিরোধের চেয়ে মিশিগানের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়গুলো তাঁর কাছে বেশি প্রাধান্য পাচ্ছে। স্টিভেন্সের সিদ্ধান্তের সমালোচনা করেছেন মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান কার্টিস হার্টেলসহ দলটির একাধিক নেতা। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স এই সমর্থনকে স্বাগত জানিয়েছেন। স্টিভেন্স অবশ্য নিজেকে এখনো একজন গর্বিত ডেমোক্র্যাট হিসেবে দাবি করেছেন। তবে দলীয় প্রার্থীকে বাদ দিয়ে প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীকে সমর্থন করায় তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্টিভেন্সের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। আগামী ৩ নভেম্বর মিশিগানে সিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে। অবসর নিতে যাওয়া ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্সের আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ ও রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স। এই আসনের ফলাফল যুক্তরাষ্ট্রের সিনেটে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে নির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগে হ্যালি স্টিভেন্সের অবস্থান পরিবর্তন এবং তাঁর সহযোগীদের পদত্যাগ মিশিগানের নির্বাচনী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
যুক্তরাষ্ট্রের উত্তর ভার্জিনিয়ার প্রযুক্তি ও ব্যবসাকেন্দ্রিক এলাকায় কর্মজীবীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে এমবিএ কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে ক্লেয়ারউড ইউনিভার্সিটি। ওয়াশিংটন ডিসি মহানগর এলাকার রেস্টন শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির রবার্ট ই. সাইমন স্কুল অব বিজনেসে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। কর্মজীবনের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে আগ্রহীদের কথা বিবেচনায় রেখে কর্মসূচিটি সাজানো হয়েছে। শ্রেণিকক্ষের পাঠের সঙ্গে বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক ব্যবস্থাপনার ধারণা যুক্ত করাই এর অন্যতম লক্ষ্য। ২০১৪ সালের বসন্তে ভার্জিনিয়ার রেস্টনে যাত্রা শুরু করে ক্লেয়ারউড ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার পেছনে স্থানীয় ব্যবসায়ী নেতাদের পাশাপাশি রেস্টন শহরের প্রতিষ্ঠাতা প্রয়াত রবার্ট ই. সাইমনের সমর্থন ছিল। তাঁর নামেই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগটির নামকরণ করা হয়েছে রবার্ট ই. সাইমন স্কুল অব বিজনেস। টেকসই উন্নয়ন, বৈচিত্র্য এবং সামাজিক সংহতির মতো মূল্যবোধকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির অবস্থান উত্তর ভার্জিনিয়ার ডালেস প্রযুক্তি করিডরে, যেখানে মাইক্রোসফট ও ওরাকলের মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। রেস্টনের উইহলে-রেস্টন ইস্ট মেট্রো স্টেশনের সিলভার লাইন থেকে ক্যাম্পাসে হেঁটে প্রায় পাঁচ মিনিটে পৌঁছানো যায়। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে গাড়ি রাখার ব্যবস্থাও রয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ফলে ওয়াশিংটন ডিসি ও আশপাশের এলাকায় কর্মরত পেশাজীবীদের জন্য ক্যাম্পাসে যাতায়াত তুলনামূলক সহজ। কর্মজীবীদের উপযোগী করে এমবিএ কর্মসূচিতে সন্ধ্যা ও সপ্তাহান্তের ক্লাসের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে বাংলা বুলেটিন। এর ফলে পূর্ণকালীন চাকরি চালিয়ে যাওয়ার পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ তৈরি হয়। বিশ্ববিদ্যালয়টির পাঠ্যক্রমে আর্থিক হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনাগত অর্থনীতি, পরিসংখ্যান, মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসায় আইন এবং ব্যবসায়িক যোগাযোগের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এমবিএ কর্মসূচিতে শিক্ষার্থীরা চারটি বিশেষায়িত ক্ষেত্রের মধ্যে পছন্দ করতে পারেন। এগুলো হলো আন্তর্জাতিক ব্যবসা ও অর্থায়ন, তথ্যব্যবস্থা ও ই-বাণিজ্য, ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা উন্নয়ন। আন্তর্জাতিক ব্যবসা ও অর্থায়ন বিষয়ে পড়লে বৈশ্বিক বাজার, বিনিয়োগ ও করপোরেট অর্থায়ন সম্পর্কে ধারণা পাওয়া যায়। অন্যদিকে তথ্যব্যবস্থা ও ই-বাণিজ্য বিষয়ে প্রযুক্তিনির্ভর ব্যবসা, ডিজিটাল যোগাযোগ এবং তথ্যের নিরাপত্তার মতো বিষয় শেখার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত পাঠ্যক্রম অনুযায়ী, এমবিএ ডিগ্রি অর্জনের জন্য মোট ১২টি কোর্স সম্পন্ন করতে হয়। এতে বাধ্যতামূলক বিষয়, পছন্দের বিশেষায়িত ক্ষেত্র এবং একটি ব্যবহারিক প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। শেষ পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাপস্টোন প্রকল্প, তত্ত্বাবধানে ব্যবহারিক কাজ অথবা কোনো প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের মাধ্যমে অর্জিত জ্ঞান প্রয়োগের সুযোগ পান। এর মাধ্যমে শ্রেণিকক্ষের শিক্ষার সঙ্গে বাস্তব ব্যবসায়িক পরিবেশের সংযোগ তৈরি করার চেষ্টা করা হয়েছে। পাঠ্যক্রমের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ণ পরিবেশে ব্যবস্থাপনার দক্ষতা তৈরি করা। বর্তমান ব্যবসায়িক জগতে বিভিন্ন দেশের কর্মী, গ্রাহক ও প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার প্রয়োজন বাড়ছে। সে কারণে আন্তর্জাতিক বাজার সম্পর্কে ধারণা, বহুসাংস্কৃতিক দলের নেতৃত্ব এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলা বুলেটিনের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়টির শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একাডেমিক যোগ্যতার পাশাপাশি বাস্তব শিল্প ও ব্যবসায়িক অভিজ্ঞতাকে বিবেচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এমবিএ কর্মসূচির মোট টিউশন ফি ১৯ হাজার ৬৫৬ ডলার। প্রতি কোয়ার্টার ক্রেডিটের খরচ ৩৬৪ ডলার এবং প্রতিটি কোর্সের জন্য নির্ধারিত ফি ১ হাজার ৬৩৮ ডলার। টিউশন ফির বাইরে নিবন্ধন, বইপত্র, কম্পিউটার ব্যবহার এবং আবাসন ও যাতায়াতের মতো খরচও রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত আনুমানিক হিসাবে এসব খরচসহ একজন শিক্ষার্থীর বার্ষিক ব্যয় প্রায় ২৭ হাজার ১১৪ ডলার হতে পারে। তবে আবাসন, খাবার ও ব্যক্তিগত ব্যয়ের পরিমাণ শিক্ষার্থীর পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হবে। এমবিএর পাশাপাশি ক্লেয়ারউড ইউনিভার্সিটিতে জনপ্রশাসনে স্নাতকোত্তর (এমপিএ) কর্মসূচিও রয়েছে। এ ছাড়া ডিজিটাল বিপণন ও ই-বাণিজ্যসংক্রান্ত বিশেষায়িত পাঠ্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ভার্জিনিয়ার উচ্চশিক্ষা নিয়ন্ত্রক সংস্থা স্টেট কাউন্সিল অব হায়ার এডুকেশন ফর ভার্জিনিয়া (এসসিএইচইভি) থেকে ২০১৬ সালের মে মাসে পরিচালনার অনুমোদন পেয়েছে। তবে বিশ্ববিদ্যালয়টির স্বীকৃতির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করা প্রয়োজন। ক্লেয়ারউডের নিজস্ব ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৪ সালের অক্টোবরে অ্যাক্রেডিটিং কমিশন অব ক্যারিয়ার স্কুলস অ্যান্ড কলেজেস (এসিসিএসসি) থেকে প্রতিষ্ঠানটি স্বীকৃতি পেয়েছে। অন্যদিকে এসিসিএসসির প্রকাশিত ২০২৬ সালের নভেম্বরের বিবেচনাধীন প্রতিষ্ঠানের তালিকায় ক্লেয়ারউড ইউনিভার্সিটিকে প্রাথমিক আবেদনকারী হিসেবে দেখানো হয়েছে। এ দুই তথ্যের মধ্যে পার্থক্য থাকায় ভর্তির আগে প্রতিষ্ঠানটির বর্তমান স্বীকৃতির অবস্থা সরাসরি সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে যাচাই করা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। উত্তর ভার্জিনিয়ার প্রযুক্তি ও ব্যবসায় খাতের বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে কর্মজীবীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে ক্লেয়ারউড ইউনিভার্সিটি। বিশেষ করে যারা চাকরি ছেড়ে না দিয়ে ব্যবস্থাপনা, অর্থায়ন কিংবা প্রযুক্তিনির্ভর ব্যবসায় উচ্চতর দক্ষতা অর্জন করতে চান, তাদের জন্য প্রতিষ্ঠানটির এমবিএ কর্মসূচি একটি বিকল্প হতে পারে। তবে ভর্তির সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থীদের পাঠ্যক্রম, মোট ব্যয়, ক্লাসের সময়সূচি এবং ডিগ্রির স্বীকৃতির বিষয়গুলো ভালোভাবে যাচাই করা উচিত। সূত্র: বাংলা বুলেটিন, ক্লেয়ারউড ইউনিভার্সিটির ওয়েবসাইট এবং অ্যাক্রেডিটিং কমিশন অব ক্যারিয়ার স্কুলস অ্যান্ড কলেজেস (এসিসিএসসি)।
যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার পরিকল্পনা করছেন, কিন্তু ডাউন পেমেন্টের বাইরে আরও কয়েক হাজার ডলার খরচের কথা শুনে বিভ্রান্ত হচ্ছেন? বাড়ি কেনার সময় ডাউন পেমেন্টের পাশাপাশি ক্রেতাকে যে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয়, তার একটি বড় অংশ হলো ক্লোজিং কস্ট। বাড়ির মালিকানা হস্তান্তর, মর্টগেজ ঋণের প্রক্রিয়া সম্পন্ন, আইনি নথিপত্র তৈরি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ফি পরিশোধের জন্য এই অর্থ ব্যয় হয়। বাড়ির দাম ও ডাউন পেমেন্ট নিয়ে অনেক ক্রেতা আগে থেকেই পরিকল্পনা করলেও ক্লোজিং কস্ট সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় শেষ মুহূর্তে আর্থিক চাপে পড়েন। বিশেষ করে যারা প্রথমবার যুক্তরাষ্ট্রে বাড়ি কিনছেন, তাদের মধ্যে এ নিয়ে নানা ধরনের প্রশ্ন ও বিভ্রান্তি দেখা যায়। সাধারণভাবে ক্লোজিং কস্ট বলতে বাড়ি কেনার চূড়ান্ত লেনদেন সম্পন্ন করতে প্রয়োজনীয় বিভিন্ন ফি, কর, বিমা এবং আগাম পরিশোধযোগ্য খরচের সমষ্টিকে বোঝায়। এটি বাড়ির ডাউন পেমেন্টের অংশ নয়। আবার পুরো অর্থও ব্যাংক বা মর্টগেজ কোম্পানির কাছে যায় না। বরং ঋণদাতা, টাইটেল কোম্পানি, অ্যাটর্নি, সরকারি রেকর্ড অফিস, বিমা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সেবাদাতার কাছে এই অর্থের একটি অংশ পরিশোধ করা হয়। যুক্তরাষ্ট্রে সাধারণত বাড়ির ক্রয়মূল্যের প্রায় ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত ক্লোজিং কস্ট হতে পারে। তবে এটি কোনো নির্দিষ্ট বা বাধ্যতামূলক হার নয়। বাড়ির অবস্থান, ক্রয়মূল্য, ঋণের ধরন, ঋণদাতা এবং স্থানীয় নিয়ম অনুযায়ী খরচ কমবেশি হয়। কোনো কোনো ক্ষেত্রে এর পরিমাণ আরও বেশি হতে পারে। ক্লোজিং কস্টের মধ্যে কী কী খরচ থাকে? বাড়ি কেনার সময় ক্লোজিং কস্টের মধ্যে একাধিক খাতের অর্থ অন্তর্ভুক্ত থাকে। সব ক্রেতার ক্ষেত্রে প্রতিটি খরচ প্রযোজ্য না হলেও সাধারণত নিচের বিষয়গুলো গুরুত্বপূর্ণ। লোন অরিজিনেশন ফি: মর্টগেজ ঋণ তৈরি ও প্রক্রিয়াকরণের জন্য ঋণদাতা যে ফি নেন, সেটি লোন অরিজিনেশন ফি। ঋণের আবেদন, নথিপত্র প্রস্তুত এবং ঋণ প্রক্রিয়াকরণের প্রশাসনিক খরচ এতে অন্তর্ভুক্ত থাকতে পারে। অ্যাপ্রেইজাল ফি: বাড়িটির বাজারমূল্য নির্ধারণের জন্য একজন পেশাদার অ্যাপ্রেইজার নিয়োগ করা হয়। ঋণদাতা সাধারণত নিশ্চিত হতে চান যে বাড়ির মূল্য এবং প্রস্তাবিত ঋণের পরিমাণের মধ্যে সামঞ্জস্য রয়েছে। এই মূল্যায়নের জন্য যে অর্থ দিতে হয়, সেটি অ্যাপ্রেইজাল ফি। ক্রেডিট রিপোর্ট ও আন্ডাররাইটিং ফি: ক্রেতার ক্রেডিট স্কোর, আয়, সম্পদ, ঋণ পরিশোধের ইতিহাস এবং আর্থিক সক্ষমতা যাচাই করা হয়। এসব যাচাই ও ঋণ অনুমোদনের প্রক্রিয়ায় বিভিন্ন ফি যুক্ত হতে পারে। টাইটেল সার্চ ও টাইটেল ইন্স্যুরেন্স: বাড়িটির মালিকানা নিয়ে কোনো আইনি জটিলতা, বকেয়া ঋণ, অন্য কোনো ব্যক্তির দাবি বা মালিকানা সংক্রান্ত সমস্যা রয়েছে কি না, তা যাচাই করা হয়। পাশাপাশি ঋণদাতার স্বার্থ সুরক্ষার জন্য সাধারণত লেন্ডারস টাইটেল ইন্স্যুরেন্স নেওয়া হয়। ক্রেতা চাইলে নিজের মালিকানা সুরক্ষার জন্য আলাদাভাবে ওনার্স টাইটেল ইন্স্যুরেন্সও নিতে পারেন। অ্যাটর্নি ও সেটেলমেন্ট ফি: বাড়ির মালিকানা হস্তান্তর, চুক্তিপত্র যাচাই, আইনি নথি তৈরি এবং চূড়ান্ত লেনদেন সম্পন্ন করার জন্য অ্যাটর্নি বা সেটেলমেন্ট প্রতিষ্ঠানের ফি দিতে হতে পারে। অঙ্গরাজ্যভেদে এই প্রক্রিয়া ও খরচের ধরন আলাদা। রেকর্ডিং ও সরকারি ফি: বাড়ির দলিল এবং মর্টগেজসংক্রান্ত নথি স্থানীয় কাউন্টির সরকারি রেকর্ডে নিবন্ধন করতে হয়। এ জন্য রেকর্ডিং ফি, ডিড রেকর্ডিং চার্জ এবং প্রযোজ্য সরকারি কর বা ট্রান্সফার ফি দিতে হতে পারে। প্রিপেইড প্রপার্টি ট্যাক্স ও হোমওনার্স ইন্স্যুরেন্স: বাড়ি কেনার সময় কিছু কর ও বিমার অর্থ আগাম পরিশোধ করতে হয়। যেমন, বাড়ির হোমওনার্স ইন্স্যুরেন্সের প্রথম বছরের প্রিমিয়াম এবং নির্দিষ্ট সময়ের প্রপার্টি ট্যাক্স। এসব খরচও অনেক সময় ক্লোজিংয়ের সময় পরিশোধ করতে হয়। এসক্রো অ্যাকাউন্টের প্রাথমিক জমা: অনেক ঋণদাতা বাড়ির প্রপার্টি ট্যাক্স ও ইন্স্যুরেন্সের অর্থ সংগ্রহ এবং পরিশোধের জন্য এসক্রো অ্যাকাউন্ট তৈরি করেন। এই অ্যাকাউন্টে প্রাথমিক ব্যালান্স রাখার জন্য কয়েক মাসের কর ও বিমার অর্থ আগাম জমা দিতে হতে পারে। ডিসকাউন্ট পয়েন্ট: কেউ যদি মর্টগেজের সুদের হার কমাতে চান, তাহলে ঋণের একটি নির্দিষ্ট শতাংশ আগাম পরিশোধ করে ডিসকাউন্ট পয়েন্ট কিনতে পারেন। এটি বাধ্যতামূলক নয়। তবে কেউ এই সুবিধা নিলে সেই অর্থও ক্লোজিং কস্টের মধ্যে যুক্ত হয়। এ ছাড়াও বাড়ির ধরন ও লেনদেন অনুযায়ী হোমওনার্স অ্যাসোসিয়েশন বা এইচওএ ফি, কনডোমিনিয়াম চার্জ এবং অন্যান্য পরিদর্শনসংক্রান্ত খরচ যুক্ত হতে পারে। তবে সব খরচ প্রত্যেক ক্রেতার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ক্লোজিং কস্ট কি শুধু ক্রেতাকেই দিতে হয়? না। যুক্তরাষ্ট্রে বাড়ি কেনাবেচার ক্ষেত্রে ক্লোজিং কস্টের সব অর্থ যে ক্রেতাকেই বহন করতে হবে, এমন কোনো নিয়ম নেই। চুক্তি এবং স্থানীয় প্রচলন অনুযায়ী কিছু খরচ বিক্রেতাও বহন করতে পারেন। আবার অনেক সময় বিক্রেতা ক্রেতাকে বাড়ি কেনার প্রাথমিক খরচ কমাতে আর্থিক সহায়তা দেন। এই সুবিধাকে বলা হয় সেলার কনসেশন বা সেলার ক্রেডিট। উদাহরণ হিসেবে, একজন ক্রেতা ৪ লাখ ডলারের একটি বাড়ি কিনতে চাচ্ছেন। ডাউন পেমেন্টের পাশাপাশি তার ক্লোজিং কস্টের জন্য আরও ১২ হাজার ডলার প্রয়োজন। ক্রেতার সঙ্গে আলোচনার ভিত্তিতে বিক্রেতা যদি ৮ হাজার ডলার ক্লোজিং কস্ট বহনের প্রস্তাব দেন, তাহলে ঋণদাতার অনুমোদন ও প্রযোজ্য নিয়মের মধ্যে থেকে সেই অর্থ ক্রেতার অনুমোদিত ক্লোজিং খরচ মেটাতে ব্যবহার করা যেতে পারে। সে ক্ষেত্রে ক্রেতাকে নিজের পকেট থেকে পুরো ১২ হাজার ডলার দিতে হবে না। অবশিষ্ট ৪ হাজার ডলার দিতে হবে। সেলার ক্রেডিট কীভাবে পাওয়া যায়? সাধারণত বাড়ি কেনার অফার দেওয়ার সময়ই এই সুবিধা নিয়ে আলোচনা করা হয়। ক্রেতার রিয়েল এস্টেট এজেন্ট বিক্রেতার কাছে নির্দিষ্ট পরিমাণ ডলার অথবা বাড়ির বিক্রয়মূল্যের নির্দিষ্ট শতাংশ ক্লোজিং কস্ট হিসেবে দেওয়ার প্রস্তাব করতে পারেন। বিক্রেতা রাজি হলে বিষয়টি ক্রয়চুক্তিতে উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে ঋণদাতার অনুমোদন অনুযায়ী চূড়ান্ত ক্লোজিং ডকুমেন্টে সেই অর্থ সমন্বয় করা হয়। তবে সেলার ক্রেডিট মানে বিক্রেতা ক্রেতাকে সরাসরি হাতে নগদ টাকা দিয়ে দেবেন, এমন নয়। সাধারণত এই অর্থ অনুমোদিত ক্লোজিং খরচ ও প্রিপেইড খরচের বিপরীতে সমন্বয় করা হয়। ক্রেতার ডাউন পেমেন্টের বিকল্প হিসেবেও এটি ব্যবহার করা যায় না। ফলে অফার দেওয়ার সময় সেলার ক্রেডিটের বিষয়টি সঠিকভাবে চুক্তিতে উল্লেখ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লোজিং কস্ট কমানোর উপায় কী? বাড়ি কেনার সময় কয়েকটি কৌশল অবলম্বন করলে ক্রেতারা নিজেদের প্রাথমিক খরচ কমাতে পারেন। এর মধ্যে অন্যতম হলো বিক্রেতার কাছ থেকে সেলার ক্রেডিট চাওয়া। বাড়ির অফার দেওয়ার সময় এজেন্টের মাধ্যমে বিষয়টি আলোচনা করা যেতে পারে। এ ছাড়া ঋণদাতার কাছ থেকে লেন্ডার ক্রেডিট নেওয়ার সুযোগও রয়েছে। তবে অনেক ক্ষেত্রে এর বিনিময়ে তুলনামূলক বেশি সুদের হার গ্রহণ করতে হয়। ফলে শুধু প্রাথমিক খরচ কমানোর দিকে না তাকিয়ে দীর্ঘমেয়াদে মোট কত অর্থ পরিশোধ করতে হবে, সেটিও হিসাব করা উচিত। টাইটেল কোম্পানি, সেটেলমেন্ট সার্ভিস এবং অন্যান্য যেসব সেবা বেছে নেওয়ার সুযোগ রয়েছে, সেগুলোর খরচ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করাও উপকারী হতে পারে। পাশাপাশি ডিসকাউন্ট পয়েন্ট কিনলে সুদের হার কমার বিপরীতে আগাম দেওয়া অর্থ দীর্ঘমেয়াদে সাশ্রয়ী হবে কি না, তা যাচাই করা দরকার। ক্লোজিংয়ের আগে কোন বিষয়গুলো যাচাই করবেন?যুক্তরাষ্ট্রের কনজ্যুমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরোর নিয়ম অনুযায়ী, মর্টগেজের আবেদন পাওয়ার পর ঋণদাতাকে সাধারণত তিন কর্মদিবসের মধ্যে লোন এস্টিমেট দিতে হয়। এতে সম্ভাব্য ঋণের শর্ত এবং আনুমানিক ক্লোজিং কস্ট উল্লেখ থাকে। অন্যদিকে, নির্ধারিত ক্লোজিংয়ের অন্তত তিন কর্মদিবস আগে ক্রেতাকে চূড়ান্ত ক্লোজিং ডিসক্লোজার দিতে হয়। এতে ঋণের চূড়ান্ত শর্ত, বিভিন্ন খরচ, কে কোন অর্থ পরিশোধ করছেন এবং ক্রেতাকে শেষ পর্যন্ত কত টাকা দিতে হবে, তার বিস্তারিত হিসাব থাকে। ক্লোজিং ডিসক্লোজার হাতে পাওয়ার পর লোন এস্টিমেটের সঙ্গে চূড়ান্ত খরচের পার্থক্য রয়েছে কি না, বিক্রেতার প্রতিশ্রুত ক্রেডিট সঠিকভাবে যুক্ত হয়েছে কি না এবং টাইটেল, অ্যাটর্নি, অ্যাপ্রেইজাল ও অন্যান্য ফি সঠিকভাবে উল্লেখ করা হয়েছে কি না, তা যাচাই করা উচিত। প্রিপেইড ট্যাক্স, ইন্স্যুরেন্স এবং এসক্রো অ্যাকাউন্টের অর্থের হিসাবও ভালোভাবে দেখা দরকার। সবশেষে ক্যাশ টু ক্লোজ বা বাড়ি কেনার দিন নিজের পকেট থেকে ঠিক কত টাকা পরিশোধ করতে হবে, সেটি নিশ্চিত হওয়া জরুরি। কারণ ক্লোজিং কস্টের মোট পরিমাণ এবং ক্লোজিংয়ের দিন হাতে নিয়ে যেতে হবে এমন অর্থ এক বিষয় নয়। আগে দেওয়া ডিপোজিট, ঋণের অর্থ এবং বিক্রেতা বা ঋণদাতার অনুমোদিত ক্রেডিট সমন্বয়ের পর চূড়ান্ত ক্যাশ টু ক্লোজ নির্ধারিত হয়। যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা শুধু ডাউন পেমেন্টের বিষয় নয়। এর সঙ্গে জড়িত রয়েছে বিভিন্ন আইনি, আর্থিক ও প্রশাসনিক খরচ। তাই বাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্য ক্লোজিং কস্ট সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। বিশেষ করে প্রথমবার বাড়ি কিনতে যাওয়া বাংলাদেশি অভিবাসীদের উচিত বাড়ির দাম ও মাসিক মর্টগেজ পেমেন্টের পাশাপাশি ক্লোজিং কস্টের জন্যও আলাদা বাজেট রাখা। একই সঙ্গে বিক্রেতার কাছ থেকে ক্লোজিং কস্টের আর্থিক সহায়তা পাওয়া যায় কি না, সেটিও বাড়ি কেনার অফার দেওয়ার সময় আলোচনা করা যেতে পারে। সঠিক পরিকল্পনা, ঋণদাতার সঙ্গে আগাম আলোচনা এবং চুক্তির শর্ত ভালোভাবে যাচাই করলে বাড়ি কেনার সময় অপ্রত্যাশিত আর্থিক চাপ অনেকটাই কমানো সম্ভব।
যুক্তরাষ্ট্রের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ব্যয় কমাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে বোস্টন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির নতুন ‘বিইউ প্রমিজ’ কর্মসূচির আওতায় ২০২৬–২৭ শিক্ষাবর্ষ থেকে নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী যেসব পরিবারের বার্ষিক আয় ৭৫ হাজার ডলার বা তার কম, তাদের সন্তানরা টিউশন ফি, আবাসন ও খাবারের খরচ ছাড়াই পড়াশোনার সুযোগ পাবেন। অন্যদিকে, ২ লাখ ডলারের কম আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্যও রয়েছে বিশেষ আর্থিক সহায়তা। পরিবারের আয় ও সম্পদের ভিত্তিতে এসব সুবিধা নির্ধারণ করা হবে। বোস্টন ইউনিভার্সিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২ লাখ ডলারের কম আয়ের পরিবারের যোগ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় টিউশন ফি সম্পূর্ণ বহন করবে। পাশাপাশি আবাসন ও খাবারের খরচের একটি অংশও আর্থিক সহায়তার আওতায় আসবে। ফলে পরিবারের বার্ষিক আয় ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ডলারের মধ্যে হলে শিক্ষাবাবদ বছরে সর্বোচ্চ ২০ হাজার ডলার দিতে হবে। ১ লাখ থেকে ১ লাখ ৫০ হাজার ডলার আয়ের পরিবারের জন্য এই ব্যয় ১৫ হাজার ডলারের মধ্যে এবং ৭৫ হাজার ১ ডলার থেকে ১ লাখ ডলার আয়ের পরিবারের জন্য ১০ হাজার ডলারের মধ্যে সীমিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, ২০২৬–২৭ শিক্ষাবর্ষে শুধু টিউশন ফি ৭৩ হাজার ২৪ ডলার। আবাসন, খাবার ও অন্যান্য খরচ যুক্ত হলে একজন আবাসিক শিক্ষার্থীর মোট বার্ষিক ব্যয় প্রায় ৯৮ হাজার ৪১৯ ডলারে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে ৭৫ হাজার ডলার বা তার কম আয়ের পরিবারের জন্য সম্পূর্ণ শিক্ষাব্যয় বহনের এই উদ্যোগ উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় সুযোগ তৈরি করছে। এই কর্মসূচির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আর্থিক প্রয়োজন পূরণের জন্য যে সহায়তা দেবে, তাতে কোনো শিক্ষার্থী ঋণ অন্তর্ভুক্ত করা হবে না। অর্থাৎ আর্থিক সহায়তার অংশ হিসেবে শিক্ষার্থীদের ভবিষ্যতে পরিশোধ করতে হবে এমন ঋণ নিতে বাধ্য করা হবে না। তবে যোগ্য শিক্ষার্থীরা চাইলে আলাদাভাবে ফেডারেল শিক্ষাঋণ গ্রহণ করতে পারবেন। সেটি সম্পূর্ণ ঐচ্ছিক। তবে এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। বিইউ প্রমিজ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের নাগরিক ও বৈধ স্থায়ী বাসিন্দা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, যারা প্রথমবার বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হবেন। স্থানান্তরিত শিক্ষার্থী ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই নির্দিষ্ট কর্মসূচির আওতায় পড়বেন না। পাশাপাশি পরিবারের আয়ের সঙ্গে সঞ্চয়, বিনিয়োগ, ব্যবসায়িক সম্পদ এবং নিজস্ব বাড়ি ছাড়া অন্যান্য স্থাবর সম্পদের পরিমাণও বিবেচনা করা হবে। তাই শুধু আয়ের সীমা পূরণ করলেই সুবিধা নিশ্চিত হবে না। বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহায়তা পেতে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ফেডারেল স্টুডেন্ট এইডের জন্য আবেদনপত্র (এফএএফএসএ) এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আর্থিক তথ্যসংক্রান্ত আবেদনপত্র (সিএসএস প্রোফাইল) জমা দিতে হবে। প্রথম বর্ষে আর্থিক যোগ্যতা নির্ধারিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বৃত্তি সহায়তা চার বছর পর্যন্ত বজায় রাখার ব্যবস্থাও রয়েছে। টিউশন ফি বাড়লে বিশ্ববিদ্যালয়ের বৃত্তির পরিমাণও একই হারে বাড়বে। উচ্চশিক্ষার ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে এ ধরনের উদ্যোগ নিয়েছে। হার্ভার্ড ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিসহ (এমআইটি) বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আয়ভিত্তিক আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি ও অন্যান্য ব্যয় কমানোর সুযোগ দিচ্ছে। বোস্টন ইউনিভার্সিটির নতুন উদ্যোগও সেই ধারাকে আরও বিস্তৃত করল। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের সন্তানদের জন্যও এই ঘোষণা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব শিক্ষার্থী ভালো ফলাফল নিয়ে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে, তাদের পরিবারের আর্থিক পরিকল্পনায় এই ধরনের সহায়তা বড় ভূমিকা রাখতে পারে। তবে আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত যোগ্যতা ও সম্পদের শর্ত ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।
নিউইয়র্কের রাস্তায় ঘুমানো মানুষের পাশে দাঁড়িয়েছেন এমন কিছু মানুষ, যাঁরা নিজেরাও একসময় গৃহহীনতা, কারাবাস কিংবা মানসিক স্বাস্থ্যসংক্রান্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। নিজেদের জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার তাঁরা অন্যদের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে নিতে কাজ করছেন। ম্যানহাটনে পরিচালিত এই উদ্যোগের নাম ‘নেইবারহুড নেভিগেটরস’। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের উদ্যোগে ২০২৪ সালে শুরু হওয়া কর্মসূচিটি বাস্তবায়ন করছে অলাভজনক সংস্থা ‘দ্য ব্রিজ’। কর্মসূচিটির মূল লক্ষ্য হলো রাস্তায় বসবাস করা মানুষকে আশ্রয়, চিকিৎসা ও প্রয়োজনীয় সামাজিক সেবার সঙ্গে যুক্ত করা এবং তাঁদের অপরাধবিচার ব্যবস্থার সংস্পর্শে আসার ঝুঁকি কমানো। গথামিস্টের ৩১ অক্টোবর ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, কর্মসূচি শুরুর পর থেকে ১৭৫ জনের বেশি মানুষকে আবাসনের ব্যবস্থা করে দেওয়া সম্ভব হয়েছে। চলতি বছর মেয়র জোহরান মামদানির প্রশাসন কর্মসূচিটির জন্য ১২ লাখ ৫০ হাজার ডলার বরাদ্দ দিয়েছে। এই উদ্যোগের বিশেষত্ব হলো, এখানে এমন কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে, যাঁদের নিজেদের জীবনেও গৃহহীনতা কিংবা কারাবাসের অভিজ্ঞতা রয়েছে। ফলে তাঁরা রাস্তায় থাকা মানুষের পরিস্থিতি শুধু বাইরে থেকে দেখেন না, বরং অনেক ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতার সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পান। কর্মসূচির একজন কর্মী ফেলিপে রামোস নিজেও একসময় গৃহহীনতা, কারাবাস ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার মধ্য দিয়ে গেছেন। এখন তিনি প্রতিদিন ম্যানহাটনের বিভিন্ন এলাকায় ঘুরে গৃহহীন মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের নিরাপদ আবাসনে ফেরার পথ খুঁজতে সহায়তা করেন। এই কর্মীরা শুধু আশ্রয়কেন্দ্রের ঠিকানা দিয়ে দায়িত্ব শেষ করেন না। প্রয়োজনে তাঁরা মানুষের সঙ্গে সরকারি সুবিধা পাওয়ার অফিসে যান, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টে সঙ্গ দেন এবং আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত যোগাযোগ বজায় রাখেন। কোনো কোনো ক্ষেত্রে একজন ব্যক্তির সঙ্গে পুরো দিনও কাটান, যাতে তিনি নির্ধারিত সেবা বা আবাসনকেন্দ্রে পৌঁছাতে পারেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হারলেমের ৫৮ বছর বয়সী এক ব্যক্তির সরকারি ভাতা পুনরায় চালু করতে কর্মীরা তাঁর সঙ্গে সারাদিন সংশ্লিষ্ট দপ্তরে অবস্থান করেন। অন্যদিকে, লোয়ার ম্যানহাটনে বসবাস করা ৬৭ বছর বয়সী এক ব্যক্তিকে তিন সপ্তাহেরও কম সময়ে সহায়ক আবাসনের সঙ্গে যুক্ত করতে সক্ষম হন তাঁরা। ওই ব্যক্তি মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও প্রয়োজনীয় ওষুধও পেয়েছেন। ম্যানহাটনের সেন্ট্রাল ও ইস্ট হারলেম, চায়নাটাউন, লোয়ার ইস্ট সাইড, ওয়াশিংটন হাইটস, ইনউড, মিডটাউন ওয়েস্ট, হেলস কিচেন ও চেলসি এলাকায় কর্মসূচিটির কার্যক্রম রয়েছে। গথামিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর নিউইয়র্কের পার্ক, ফুটপাত ও সাবওয়ে স্টেশনে প্রায় পাঁচ হাজার মানুষকে ঘুমাতে দেখা গেছে, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যা। এই পরিস্থিতিতে গৃহহীন মানুষের জন্য সমন্বিত সহায়তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। তবে কর্মসূচিটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। শহরের গৃহহীনদের নিয়ে কাজ করা সব সংস্থার সঙ্গে তাদের তথ্যভান্ডারের সরাসরি সংযোগ নেই। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করতে কখনো কখনো সমস্যা হয়।
নিউইয়র্কের কুইন্সের ফ্লাশিং এলাকায় ৩১ অক্টোবর শনিবার ১০৯তম পুলিশ প্রিসিঙ্কটের কমিউনিটি কাউন্সিল এবং ফ্লাশিং চাইনিজ বিজনেস অ্যাসোসিয়েশন যৌথভাবে এই আয়োজন করে। বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত পুলিশ স্টেশনের লবিতে চলে শিশুদের ট্রিক-অর-ট্রিট উৎসব। অনুষ্ঠানে অনেক শিশু পুলিশ কর্মকর্তার পোশাকসহ নানা ধরনের হ্যালোইন সাজে অংশ নেয়। হাতে ছিল কুমড়ার আকৃতির ঝুড়ি। পুলিশ কর্মকর্তারা শিশুদের হাতে মিষ্টি তুলে দেন। পরিবারের সদস্যরাও পুলিশের সঙ্গে সময় কাটান এবং ছবি তোলেন। এই আয়োজনের বিশেষ দিক হলো, এটি শুধু এক দিনের আনন্দ আয়োজন নয়; বরং স্থানীয় শিশু ও পুলিশের মধ্যে পরিচিতি এবং আস্থার সম্পর্ক তৈরির একটি উদ্যোগ। ১০৯তম প্রিসিঙ্কটের ডেপুটি ইন্সপেক্টর করম চৌধুরী জানান, প্রায় ২০ বছর ধরে এই আয়োজন চলছে। প্রতিবছর এক হাজারের বেশি শিশু এতে অংশ নেয় বলে তিনি উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী, ছোটবেলা থেকেই শিশুদের সঙ্গে পুলিশের ইতিবাচক যোগাযোগ তৈরি হলে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়লে তারা পুলিশের কাছে সহজে সাহায্য চাইতে পারবে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করতেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ। ফ্লাশিংয়ের এই উদ্যোগ দেখিয়েছে, কমিউনিটির নিরাপত্তা শুধু আইন প্রয়োগের বিষয় নয়; মানুষের সঙ্গে মানুষের পরিচয়, যোগাযোগ ও পারস্পরিক বিশ্বাসও এর গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে অভিবাসী পরিবারগুলোর শিশুদের জন্য স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এমন পরিচিতি সহায়ক হতে পারে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গৃহহীন মানুষের জীবনসংকট আবারও সামনে এসেছে। গত শীত মৌসুমে প্রচণ্ড ঠান্ডায় রাস্তায় প্রাণ হারানো নয়জন গৃহহীন মানুষের জন্য আজ সোমবার (২ নভেম্বর) বিশেষ শেষকৃত্য ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।ম্যানহাটনের সেন্ট থমাস চার্চ ফিফথ অ্যাভিনিউতে বিকেল ৫টা ৩০ মিনিটে এই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। নিউইয়র্কের শীত অনেক সময় এতটাই কঠিন হয়ে ওঠে যে রাস্তায় বসবাসকারী মানুষের জন্য প্রতিটি রাতই জীবন-মৃত্যুর লড়াই হয়ে দাঁড়ায়। গত শীত মৌসুমে বাইরে ১৮ জন গৃহহীন মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়। তাঁদের মধ্যে নয়জনের মরদেহ গ্রহণ করতে কোনো স্বজন এগিয়ে আসেননি। তাঁদের শেষ ঠিকানা হওয়ার কথা ছিল হার্ট আইল্যান্ডের সরকারি সমাধিস্থল। কিন্তু কয়েকজন মানবিক মানুষের উদ্যোগে এবার তাঁদের জন্য সম্মানজনক শেষ বিদায়ের ব্যবস্থা করা হয়েছে।কাট রেড টেপ ফোর হিরোস, হাউজিং ওয়ার্কস এবং সেন্ট থমাস চার্চ যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। শেষকৃত্যের ব্যয়ও একজন অন্ত্যেষ্টিক্রিয়া সেবাদাতা প্রতিষ্ঠান বিনা মূল্যে বহন করছে। আয়োজকদের উদ্দেশ্য শুধু মৃত ব্যক্তিদের স্মরণ করা নয়, বরং শীতকালে গৃহহীন মানুষের জন্য নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার দাবিও সামনে আনা।নিউইয়র্কে বাড়িভাড়া, আবাসন ব্যয় এবং আশ্রয়কেন্দ্রের ওপর চাপের কারণে অনেক মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। বিশেষ করে প্রবীণ, অসুস্থ ও একাকী মানুষের জন্য শীতকাল বাড়তি ঝুঁকি তৈরি করে।এই উদ্যোগের মাধ্যমে আয়োজকেরা মনে করিয়ে দিতে চান, সমাজের সবচেয়ে অসহায় মানুষগুলোর প্রতিও সম্মান ও দায়িত্ব রয়েছে।
যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী অভিভাবকহীন শিশুদের জন্য গুরুত্বপূর্ণ আইনি সুরক্ষা দিয়েছেন মেরিল্যান্ডের একজন ফেডারেল বিচারক। শিশুদের আশ্রয় আবেদনের সাক্ষাৎকার দ্রুত সম্পন্ন করা এবং সময় পরিবর্তনের সুযোগ সীমিত করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নীতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গত ৩০ অক্টোবর শুক্রবার মেরিল্যান্ডের গ্রিনবেল্টে যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক ব্রেন্ডান হার্সন এই আদেশ দেন।মামলাটি করেছিলেন অভিবাসী শিশুদের নিয়ে কাজ করা কয়েকটি আইনি সহায়তা সংস্থা। তাদের মধ্যে রয়েছে অ্যামিকা সেন্টার ফর ইমিগ্র্যান্ট রাইটস এবং দ্য ডোর। আগে আশ্রয়প্রার্থী অভিভাবকহীন শিশুদের সাক্ষাৎকারের জন্য কমপক্ষে ২১ দিন আগে নোটিশ দেওয়ার নিয়ম ছিল। কিন্তু নতুন নীতিতে সেই সময়সীমা তুলে দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে সাক্ষাৎকারের ২৪ ঘণ্টারও কম সময় আগে শিশুদের জানানো হচ্ছিল। এ ছাড়া সাক্ষাৎকারের তারিখ পরিবর্তনের সুযোগও কঠোরভাবে সীমিত করা হয়েছিল। নতুন নিয়মে কেবল বিশেষ ব্যতিক্রমী পরিস্থিতিতে সময় পরিবর্তনের সুযোগ রাখা হয়। অভিবাসী শিশুদের নিয়ে কাজ করা আইনজীবীদের বক্তব্য, এত অল্প সময়ে সাক্ষাৎকারের নোটিশ পেলে শিশুদের পক্ষে আইনজীবীর সঙ্গে যোগাযোগ, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং নিজেদের বক্তব্য তুলে ধরার প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়ে। বিচারক প্রশাসনকে আগের সাক্ষাৎকার-সংক্রান্ত নিয়ম পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। তাঁর আদেশ অনুযায়ী, সাময়িক নিষেধাজ্ঞা আগামী ১৩ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এর মধ্যে আদালত দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। বিচারক উল্লেখ করেছেন, অভিভাবকহীন শিশুদের বিশেষ প্রয়োজন বিবেচনা করে আশ্রয় আবেদন প্রক্রিয়া পরিচালনা করতে হবে। ২০০৮ সালের উইলিয়াম উইলবারফোর্স ট্রাফিকিং ভিকটিমস প্রোটেকশন রিঅথরাইজেশন আইনের সুরক্ষার বিষয়টিও তিনি তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্রে অনেক অভিবাসী শিশু বাবা-মা বা অভিভাবক ছাড়াই আশ্রয়ের আবেদন করে। তাদের জন্য সাক্ষাৎকারের প্রস্তুতি, আইনজীবীর সহযোগিতা এবং প্রয়োজনীয় নথি সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।আদালতের এই সাময়িক আদেশ শিশুদের সেই প্রস্তুতির সুযোগ বজায় রাখতে সহায়তা করবে। তবে এটি সব অভিবাসীর জন্য সাধারণভাবে নির্বাসন বন্ধের আদেশ নয়। এটি নির্দিষ্টভাবে অভিভাবকহীন শিশুদের আশ্রয় আবেদন-সংক্রান্ত সাক্ষাৎকারের নিয়ম নিয়ে দেওয়া আদালতের সাময়িক নির্দেশ।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের বার্গেন কাউন্টির টিনেক এলাকার একদল প্রবীণ নাগরিক মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের বয়স ৮৫ থেকে ৯৭ বছরের মধ্যে। বয়সের ভারে অনেকের চলাফেরায় লাঠি কিংবা ওয়াকারের প্রয়োজন হয়। তারপরও অভিবাসীদের পাশে দাঁড়াতে তাঁরা বাড়ি থেকে বেরিয়ে যান। গত ৩১ অক্টোবর প্রকাশিত স্থানীয় সংবাদমাধ্যম প্যাচের প্রতিবেদনে বলা হয়, টিনেকের একটি প্রবীণ আবাসন এলাকার বাসিন্দারা সাবেক অঙ্গরাজ্য সিনেটর লরেটা ওয়েইনবার্গের সঙ্গে একটি মিনিভ্যানে করে নিউয়ার্কের ডেলানি হল অভিবাসন আটককেন্দ্রে যান।সেখানে তাঁরা অভিবাসীদের ন্যায্য আইনি প্রক্রিয়া নিশ্চিত করা এবং আটককেন্দ্রে বন্দি ও তাঁদের স্বজনদের জন্য উন্নত পরিবেশের দাবি জানান। তবে তাঁদের এই সফর শুধু প্রতিবাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না।প্রবীণরা নিজেদের হাতে তৈরি মাফলার ও শীতের টুপি নিয়ে গিয়েছিলেন। আটক ব্যক্তিদের স্বজনেরা ঠান্ডার মধ্যে বাইরে অপেক্ষা করার সময় যেন এসব ব্যবহার করতে পারেন, সে জন্য দুটি বড় ব্যাগভর্তি শীতের পোশাক তাঁরা উপহার দেন। পাশাপাশি আটক ব্যক্তিদের অসহায় পরিবারগুলোর জন্য কয়েকশ ডলারের সুপারমার্কেট উপহার কার্ডও দেন তাঁরা।এই কর্মসূচিতে অংশ নেয় নিউ জার্সির বিভিন্ন এলাকার সলিডারিটি সিঙ্গার্স সংগঠনের সদস্যরাও। তাঁরা গান গেয়ে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।সাবেক সিনেটর লরেটা ওয়েইনবার্গ বলেন, নিজের বয়সী এত মানুষকে এখনো সমাজকে আরও ভালো করার চেষ্টা করতে দেখে তিনি গর্বিত বোধ করেন। সাবেক সিনেটর লরেটা ওয়েইনবার্গ বলেন, নিজের বয়সী এত মানুষকে এখনো সমাজকে আরও ভালো করার চেষ্টা করতে দেখে তিনি গর্বিত বোধ করেন।আয়োজকদের আরেকটি লক্ষ্য হলো আটককেন্দ্রে থাকা ব্যক্তিদের চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিয়ে সংশ্লিষ্ট আইনপ্রণেতাদের দৃষ্টি আকর্ষণ করা। প্রবীণদের এই উদ্যোগ আমেরিকার কমিউনিটি জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে—মানবিকতার পাশে দাঁড়ানোর জন্য বয়স কোনো বাধা নয়। নিজের হাতে তৈরি একটি শীতের টুপি কিংবা একটি উপহার কার্ডও কঠিন সময়ে কারও জন্য বড় সহায়তা হয়ে উঠতে পারে।
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের কর্ডোভায় এক আবেগঘন আয়োজনে একত্রিত হয়েছেন বিভিন্ন পরিবারের সদস্যরা। ছয় বছর বয়সী উইন্টার জোন্সের স্মৃতি ধরে রাখতে আয়োজন করা হয়েছে প্রথমবারের মতো ‘অটিজম মিনি ফল ফেস্টিভ্যাল’। গত ৩১ অক্টোবর শনিবার সেন্ট লুকস লুথেরান চার্চে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন বিভিন্ন পরিবারের সদস্যরা। শিশুদের জন্য ছিল হ্যালোইন পোশাক, কুমড়ায় ছবি আঁকা এবং আনন্দঘন নানা কার্যক্রম। কিন্তু এই উৎসবের পেছনে রয়েছে এক গভীর বেদনার গল্প।উইন্টার ছিল অটিজমে আক্রান্ত ছয় বছরের একটি শিশু। গত ১৩ আগস্ট ডে-কেয়ারের একটি বাসে অতিরিক্ত গরমের মধ্যে থাকার পর তার মৃত্যু হয়। ঘটনাটি যুক্তরাষ্ট্রে শিশুদের নিরাপত্তা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যত্ন নিয়ে নতুন করে আলোচনা তৈরি করে। উইন্টারের স্মৃতি ধরে রাখতে তার খালা ও চাচা এই উৎসবের আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার বাবাও।উইন্টারের বাবা ব্রায়ান জোন্স বলেন, হ্যালোইন ছিল তার মেয়ের প্রিয় উৎসব। সে সাজতে ভালোবাসত, মিষ্টি খেতে পছন্দ করত। এবারের হ্যালোইনে মেয়েকে পাশে না পাওয়ার কষ্ট তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে। আয়োজকদের উদ্দেশ্য ছিল শুধু একটি শিশুকে স্মরণ করা নয়, বরং অটিজম সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতার পরিবেশ তৈরি করা।অনুষ্ঠানে বিভিন্ন পরিবারের অংশগ্রহণ প্রমাণ করেছে, কঠিন সময়ে একটি কমিউনিটির ভালোবাসা ও সহযোগিতা শোকাহত পরিবারকে মানসিক শক্তি দিতে পারে। উইন্টার আর ফিরে আসবে না। কিন্তু তার স্মৃতিকে কেন্দ্র করে অন্য শিশুদের জন্য সচেতনতা, গ্রহণযোগ্যতা ও ভালোবাসার যে উদ্যোগ শুরু হয়েছে, সেটিই হয়ে উঠেছে এই আয়োজনের সবচেয়ে বড় বার্তা।
ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরে অভিবাসীদের আইনি সহায়তা ও জরুরি সেবা বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ফেডারেল অভিবাসন অভিযান এবং আটকের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও অঙ্গরাজ্য পর্যায়ে কয়েক লাখ ডলারের তহবিল বরাদ্দ করা হয়েছে। গত ২২ অক্টোবর ফ্রেসনো সিটি কাউন্সিল ৫-১ ভোটে অভিবাসন কর্মকর্তাদের হাতে আটক হওয়া ব্যক্তিদের আইনি সহায়তার জন্য ১০ লাখ ডলার বরাদ্দ অনুমোদন করে। শহরের কাউন্সিল সদস্য মিগুয়েল আরিয়াস এ উদ্যোগের পক্ষে ভূমিকা রাখেন। এর আগে ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতা এস্মেরালদা সোরিয়া অভিবাসীদের সহায়তায় আটটি অলাভজনক প্রতিষ্ঠানের জন্য ৩০ লাখ ডলারের অঙ্গরাজ্য তহবিলের ঘোষণা দেন। এই অর্থ দিয়ে অভিবাসীদের আইনি পরামর্শ, খাদ্য সহায়তা এবং জরুরি সামাজিক সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ফ্রেসনো ও আশপাশের এলাকায় কাজ করা বিভিন্ন সংগঠন এই উদ্যোগের সুবিধা পাবে। অভিবাসন অভিযানের প্রভাব শুধু আটক ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। অনেক পরিবার কর্মস্থলে যাওয়া, সন্তানদের স্কুল থেকে নিয়ে আসা কিংবা প্রয়োজনীয় কেনাকাটা করতেও সমস্যার মুখে পড়ছে বলে স্থানীয় সংগঠনগুলো জানিয়েছে। কিছু স্বেচ্ছাসেবী পরিবারগুলোর বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন। কোনো কোনো প্রতিষ্ঠান বিনা মূল্যে পণ্য সরবরাহ ও জরুরি পরিবহন সহায়তাও দিচ্ছে। স্থানীয় সংগঠনগুলোর মতে, আইনি সহায়তার পাশাপাশি অভিবাসী পরিবারের শিশুদের শিক্ষা, বাসস্থান ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। তবে বরাদ্দ করা অর্থ দিয়ে এলাকার সব অভিবাসী পরিবারের চাহিদা পূরণ সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ ফ্রেসনোর কৃষি, রেস্তোরাঁ, নির্মাণসহ বিভিন্ন খাতে অভিবাসী শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অভিবাসী পরিবারগুলোর জন্য এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ স্থানীয় সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে যেসব পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি আটক হয়েছেন, তাদের আইনি পরামর্শ ও জরুরি সহযোগিতা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ কাউন্টির গ্রিনএকার্স এলাকায় নয়জন আরোহী নিয়ে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে। আজ রোববার (১ নভেম্বর) দুপুরে আবাসিক এলাকার একটি মোবাইল হোম পার্কের কাছে বিমানটি আছড়ে পড়ে। ভয়াবহ বিস্ফোরণের পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং আকাশে উড়তে থাকে ঘন কালো ধোঁয়া। দুর্ঘটনায় একাধিক প্রাণহানির খবর প্রকাশিত হয়েছে। তবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা এবং আহতদের অবস্থা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বিমানটি ছিল লিয়ারজেট ৬০ মডেলের একটি ব্যক্তিগত উড়োজাহাজ। এতে মোট নয়জন আরোহী ছিলেন। বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে বাহামাসের নর্থ এলিউথেরা বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল। দুপুর প্রায় ১২টা ৫০ মিনিটে বিমানটি পাম বিচ কাউন্টির ক্রেস্টহ্যাভেন এলাকার কাছে বিধ্বস্ত হয়। তবে বিমানের আরোহীদের পরিচয় ও তাঁদের প্রত্যেকের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুতগতিতে আকাশ থেকে নিচের দিকে নেমে আসছে। মুহূর্তের মধ্যে সেটি মাটিতে আছড়ে পড়ে এবং বিকট বিস্ফোরণের সঙ্গে আগুনের বিশাল গোলা তৈরি হয়। দুর্ঘটনাস্থলে সড়কের ওপর বড় গর্ত তৈরি হয় এবং আশপাশে ছড়িয়ে পড়ে জ্বলন্ত ধ্বংসাবশেষ। একটি মোবাইল বাড়িও আগুন ও ধ্বংসের কবলে পড়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাম বিচ কাউন্টি ফায়ার রেসকিউ দুর্ঘটনাটিকে বহু হতাহতের আশঙ্কাযুক্ত জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচনা করে উদ্ধার অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে দমকলকর্মী, উদ্ধারকর্মী ও জরুরি চিকিৎসাসেবা দলের সদস্যরা পৌঁছান। নিউইয়র্ক পোস্টসহ কয়েকটি সংবাদমাধ্যম একাধিক মৃত্যুর খবর প্রকাশ করেছে। তবে অ্যাসোসিয়েটেড প্রেসের প্রাথমিক প্রতিবেদনসহ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানের কেউ বেঁচে আছেন কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ তখনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি। ফলে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। দুর্ঘটনার কারণে মিলিটারি ট্রেইলের উত্তরমুখী ও দক্ষিণমুখী উভয় দিকের যান চলাচল বন্ধ করে দিয়েছে পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয়। ক্রেস্টহ্যাভেন বুলেভার্ড থেকে টেনথ অ্যাভিনিউ নর্থ পর্যন্ত সড়কটি বন্ধ রাখা হয়েছে। উদ্ধার অভিযান ও তদন্তের স্বার্থে এলাকাটি এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য চালকদের অনুরোধ জানানো হয়েছে। বিমানটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে আবাসিক এলাকায় বিধ্বস্ত হলো, তা এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড দুর্ঘটনার তদন্ত করছে। এ তদন্তের নেতৃত্ব দেবে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড। বিমানের উড্ডয়নসংক্রান্ত তথ্য, আবহাওয়া, সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি এবং দুর্ঘটনার আগমুহূর্তে কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হবে। ফ্লোরিডার জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের বিমান দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আবাসিক বাড়ি ও যানবাহনের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হওয়ায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছিল। দুর্ঘটনায় বিমানের আরোহীদের পাশাপাশি মাটিতে থাকা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তথ্যসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, নিউইয়র্ক পোস্ট, ডব্লিউএফটিভি এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।
পুরোনো বন্ধুত্ব, স্মৃতিচারণ, গান আর প্রাণবন্ত আড্ডায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আর্লিংটনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ নটরডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার দ্বিতীয় গ্লোবাল কনভেনশন। উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা নটরডেমিয়ানদের অংশগ্রহণে এ আয়োজন পরিণত হয় এক প্রাণের মিলনমেলায়। অতীতের বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি আগামী প্রজন্মকে নটরডেমের ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। কেউ এসেছেন বহু বছর পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে, কেউবা ফিরে গেছেন কলেজজীবনের সোনালি স্মৃতিতে। হাসি, গল্প, উচ্ছ্বাস আর আবেগঘন পুনর্মিলনে মুখর হয়ে ওঠে ভার্জিনিয়ার আর্লিংটনের হিলটন হোটেল। এখানেই সকাল ১১টায় শুরু হয় দিনব্যাপী এই সম্মেলন, যেখানে অংশ নেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থীরা। শুধু পুনর্মিলন নয়, সম্মেলনটি হয়ে ওঠে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনা তৈরির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। অনুষ্ঠানের সেমিনার পর্বে অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক কূটনীতিক এবং বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত নটরডেমিয়ানরা। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নটরডেম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক প্রশান্ত কুমার সরকার, নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফাদার প্যাট্রিক গ্যাফনি, ড. আবদুন নূর, সাবেক রাষ্ট্রদূত ওসমান ফারুক, একেএম ওয়াহিদুজ্জামান, ড. ফয়সাল রহমান এবং আবদুল গফুরসহ অনেকে। দেশ থেকে হাজার মাইল দূরে অবস্থান করলেও নটরডেম কলেজের প্রতি ভালোবাসা এবং একে অপরের প্রতি আন্তরিকতার বন্ধন যে আজও অটুট, পুরো আয়োজনজুড়েই তার প্রতিফলন দেখা যায়। প্রাক্তন শিক্ষার্থীরা কলেজজীবনের স্মৃতিচারণের পাশাপাশি আগামী প্রজন্মকে কীভাবে এই ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে যুক্ত করা যায়, সে বিষয়েও আলোচনা করেন। একই সঙ্গে সংগঠনকে আরও গতিশীল করা এবং বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা নটরডেমিয়ানদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তাঁরা। সম্মেলনটি সফলভাবে আয়োজন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের সভাপতি ড. মোহাম্মদ নাকিবউদ্দিন, অ্যালামনাই এমেরিটাস ড. ইবরুল চৌধুরী, কনভেনর ফয়সাল রহমান এবং সংগঠনের সদস্য মাহিদুর আর. খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সম্মেলন শুধু পুরোনো সম্পর্ককে নতুন করে জাগিয়ে তুলবে না, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নটরডেমিয়ানদের মধ্যে সহযোগিতা ও যোগাযোগের আরও শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে। আলোচনা ও স্মৃতিচারণের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনও ছিল সম্মেলনের অন্যতম আকর্ষণ। হৃদয়ছোঁয়া গান, পুরোনো বন্ধুদের প্রাণখোলা আড্ডা এবং এক কাপ চায়ের সঙ্গে স্মৃতির গল্পে তৈরি হয় আবেগঘন পরিবেশ। মধ্যাহ্নভোজ ও নৈশভোজের পাশাপাশি শিল্পী সাগ্নিক সেনের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। একসময়ের সহপাঠীরা যেন ফিরে যান সেই চিরচেনা ক্যাম্পাসজীবনে, যেখানে বন্ধুত্বের শুরু, আর স্মৃতির যেন শেষ নেই। সম্মেলনের শেষ পর্বে আগামী গ্লোবাল কনভেনশন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজনের ঘোষণা দেওয়া হয়। নতুন করে দেখা হওয়ার প্রত্যাশা, পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার এবং অটুট বন্ধুত্বের আবহে শেষ হয় নটরডেমিয়ানদের এই প্রাণের মিলনমেলা। প্রতিবেদক: স্যাম রিয়া, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের মট হ্যাভেন এলাকায় একটি আবাসিক ভবনের ১১ তলার অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে ১১ বছরের শিশু জিয়ন মেইন, তার দুই কিশোর ভাই এবং ৩৩ বছর বয়সী মা সাইদা অ্যাডামস প্যাটারসন। পরিবারের বাবা ৩৭ বছর বয়সী কোর্টনি মেইন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৮ অক্টোবর বুধবার রাত প্রায় ১২টা ৫০ মিনিটে প্যাটারসন হাউসেসের ওই অ্যাপার্টমেন্টে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু আগুন ও ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারেননি। তদন্তে জানা যায়, রান্নাঘরের প্রবেশপথের কাছে চার্জে থাকা একটি বৈদ্যুতিক স্কুটারের লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত। স্কুটারটি অ্যাপার্টমেন্টের দরজার কাছে থাকায় আগুন ছড়িয়ে পড়ার পর বের হওয়ার পথ আটকে যায়। ফলে পরিবারের সদস্যরা ভয়াবহ বিপদের মুখে পড়েন। প্রথমে ১১ বছরের জিয়নকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি। এরপর গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে থাকা তার দুই কিশোর ভাই—১৫ বছর বয়সী সিজে ও ১৬ বছর বয়সী জামারিও এবং মা সাইদা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের বাবা কোর্টনি এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, পরিবারের চার সদস্যকে হারিয়ে বাবাকে এখন একাই বেঁচে থাকার লড়াই করতে হচ্ছে। যে ঘরে একসময় সন্তানদের হাসি, পরিবারের দৈনন্দিন ব্যস্ততা আর ভবিষ্যতের স্বপ্ন ছিল, সেই ঘরেই মুহূর্তের আগুন সবকিছু বদলে দিয়েছে। প্রতিবেশীরাও শোকে ভেঙে পড়েছেন। ছোট্ট জিয়নকে তাঁরা প্রাণবন্ত ও সবার প্রিয় শিশু হিসেবে স্মরণ করছেন। ভবনের বাইরে তার স্মরণে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিউইয়র্কের ফায়ার সার্ভিস জানিয়েছে, লিথিয়াম-আয়ন ব্যাটারির আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ২০২৬ সালে নিউইয়র্ক সিটিতে এ ধরনের ব্যাটারিসংশ্লিষ্ট ৪০০টির বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের বৈদ্যুতিক সাইকেল ও স্কুটারের ব্যাটারি নিরাপদ স্থানে চার্জ দেওয়ার, চার্জের সময় ঘুমিয়ে না থাকার এবং দরজা, জানালা বা বের হওয়ার পথের সামনে এসব যান না রাখার পরামর্শ দিয়েছে। একটি পরিবারের এই মর্মান্তিক পরিণতি আবারও মনে করিয়ে দিল—ঘরের ভেতরে ব্যবহৃত ছোট একটি ব্যাটারির নিরাপত্তা অবহেলা কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে।
নিউইয়র্ক সিটির নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য স্বাস্থ্যকর খাবার কেনা আরও সহজ করতে খাদ্যসহায়তা কর্মসূচিতে নতুন সুবিধা ঘোষণা করেছে মেয়র জোহরান মামদানি প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে স্ন্যাপ কার্ড সুবিধাভোগীরা কৃষিপণ্যের বাজার ও নির্ধারিত খোলা। বাজার থেকে তাজা ফলমূল ও শাকসবজি কেনার ক্ষেত্রে ৪০ শতাংশ বেশি অতিরিক্ত সুবিধা পাবেন।গত ২৯ অক্টোবর নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর আওতায় শহরের ‘হেলথ বাকস’ কর্মসূচিতে দৈনিক সর্বোচ্চ অতিরিক্ত কুপনের সীমা ১০ ডলার থেকে বাড়িয়ে ১৪ ডলার করা হবে। অর্থাৎ আগের তুলনায় প্রতিদিন সর্বোচ্চ ৪ ডলার বেশি সুবিধা পাওয়া যাবে। বর্তমান নিয়মে স্ন্যাপ কার্ড ব্যবহার করে নির্ধারিত কৃষিপণ্যের বাজারে প্রতি ২ ডলারের তাজা ফল ও সবজি কিনলে ক্রেতা অতিরিক্ত ২ ডলারের হেলথ বাকস কুপন পান। নতুন নিয়মে এই সুবিধার দৈনিক সর্বোচ্চ সীমা ১০ ডলার থেকে ১৪ ডলার হবে। এই কুপন দিয়ে নির্ধারিত বাজার থেকে তাজা ফলমূল ও শাকসবজি কেনা যাবে। নিউইয়র্কের পাঁচটি বরোতে ১০০টির বেশি কৃষিপণ্যের বাজার ও খোলা বিক্রয়কেন্দ্রে এসব কুপন ব্যবহার করা যাবে। মেয়র প্রশাসনের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২৩ লাখ ডলারের হেলথ বাকস বিতরণ করা হতে পারে। এতে একদিকে খাদ্যসহায়তা পাওয়া পরিবারগুলো উপকৃত হবে, অন্যদিকে স্থানীয় কৃষক ও বাজারের বিক্রেতারাও বাড়তি ক্রেতা পাবেন।এই কর্মসূচির অর্থায়নে নগর সরকারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ৫৭ লাখ ডলারের নতুন অনুদানও রয়েছে। মূলত নিউইয়র্ক সিটির স্ন্যাপ কার্ড সুবিধাভোগীরাই এই অতিরিক্ত কুপন পাওয়ার যোগ্য। তবে যাঁরা এসএনএপি পান না, তাঁরাও কিছু অলাভজনক ও ধর্মীয় সংগঠনের মাধ্যমে স্বাস্থ্যসংক্রান্ত কার্যক্রমে অংশ নিয়ে হেলথ বাকস পাওয়ার সুযোগ পেতে পারেন। নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁরা নিয়মিত এসএনএপি সুবিধা পান, তাঁরা নির্ধারিত বাজারে কেনাকাটার সময় এই অতিরিক্ত সুবিধা কাজে লাগাতে পারবেন। তবে মনে রাখতে হবে, স্ন্যাপ কার্ডে সরাসরি নগদ অর্থ বাড়ানো নয়। এটি নির্দিষ্ট বাজারে ফলমূল ও শাকসবজি কেনার জন্য অতিরিক্ত কুপন সুবিধা। আর নতুন ১৪ ডলারের সীমা এখনই কার্যকর হচ্ছে না; কার্যকর হবে ২০২৭ সালের জানুয়ারি থেকে।
নিউইয়র্ক সিটির ম্যানহাটনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৫৩তম ভিলেজ হ্যালোইন প্যারেড। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় লোয়ার ম্যানহাটনের সিক্সথ অ্যাভিনিউজুড়ে বসে মানুষের মিলনমেলা। ভৌতিক চরিত্র, কঙ্কাল, জম্বি, রঙিন পুতুল আর নানা সৃজনশীল সাজে হাজারো মানুষ অংশ নেন এই প্যারেডে। আয়োজকদের হিসাবে, এবারের আয়োজনে প্রায় ৮০ হাজার মানুষ বিভিন্ন পোশাকে প্যারেডে অংশ নেন। আর দর্শকের সংখ্যা ছিল আনুমানিক ২০ লাখ। সন্ধ্যা ৭টায় ক্যানাল স্ট্রিট থেকে শুরু হওয়া প্যারেডটি সিক্সথ অ্যাভিনিউ ধরে গ্রিনউইচ ভিলেজের দিকে এগিয়ে যায়। পশ্চিম ১৫ নম্বর স্ট্রিটের কাছাকাছি ছিল এর নির্ধারিত শেষ গন্তব্য। প্রায় চার ঘণ্টার এই আয়োজনে বিশাল আকৃতির পুতুল, সংগীতদল, নৃত্যশিল্পী ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের আকৃষ্ট করে। এবারের প্যারেডের প্রতিপাদ্য ছিল ‘বডি অ্যান্ড সোল’। মানুষের শরীর, কল্পনা, নৃত্য ও সৃজনশীল প্রকাশকে কেন্দ্র করে সাজানো হয়েছিল এবারের আয়োজন। প্যারেডে ছিল নানা ধরনের ব্যতিক্রমী পরিবেশনা। মাইকেল জ্যাকসনের বিখ্যাত ‘থ্রিলার’ গানের সঙ্গে জম্বি সেজে নৃত্যশিল্পীদের পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ। পাশাপাশি ডিস্কো সংগীত, ডলি পার্টনকে ঘিরে বিশেষ বাদ্যযন্ত্রের পরিবেশনা এবং মেক্সিকোর ‘দিয়া দে লস মুয়ের্তোস’ ঐতিহ্যভিত্তিক সংগীতও দর্শকদের আনন্দ দেয়। বিশাল পুতুল, বিচিত্র সাজের দল এবং বিভিন্ন কল্পনানির্ভর চরিত্রের উপস্থিতিতে পুরো সিক্সথ অ্যাভিনিউ পরিণত হয় এক বর্ণিল উৎসবস্থলে। আয়োজনে অংশ নেন চলচ্চিত্র পরিচালক স্পাইক লিও। নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম অ্যামএনওয়াইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রাত প্রায় ১১টার দিকে প্যারেডের আনুষ্ঠানিকতা শেষ হয়। অন্যদিকে সিবিএস নিউইয়র্ক জানিয়েছে, এটি ছিল শহরের ৫৩তম ভিলেজ হ্যালোইন প্যারেড। প্রতিবছর ৩১ অক্টোবর অনুষ্ঠিত এই আয়োজনে শুধু পেশাদার শিল্পী বা সংগঠিত দল নয়, নির্দিষ্ট পোশাক পরে সাধারণ মানুষও অংশ নিতে পারেন। দর্শকদের জন্য প্যারেডটি উন্মুক্ত এবং বিনা মূল্যে দেখার সুযোগ থাকে।
নিউইয়র্ক সিটির ব্রুকলিনে হ্যালোইন উৎসবের রাতে সাবওয়ে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে ব্রুকলিনের বার্গেন স্ট্রিট সাবওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। জরুরি বিভাগে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে একজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয় এবং আহত আরেকজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ফক্স ৫ নিউইয়র্কের প্রতিবেদনে বলা হয়েছে, স্টেশনটির আইআরটি ইস্টার্ন পার্কওয়ে লাইনে ট্রেনের ধাক্কায় একজনের হতাহতের খবর পেয়ে নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই) জরুরি সাড়া দেয়। আহত দ্বিতীয় ব্যক্তির অবস্থা গুরুতর নয় বলে প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, নিহত ও আহত ব্যক্তিরা একই ঘটনার শিকার কি না এবং তাঁরা কীভাবে ট্রেনের সংস্পর্শে এসেছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। নিহত ব্যক্তির পরিচয়ও আনুষ্ঠানিকভাবে জানায়নি পুলিশ। ঘটনার পর স্টেশনটিতে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সাবওয়ে চলাচলে কোনো বিঘ্ন ঘটেছিল কি না, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্তের অগ্রগতি বা দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানানো হলে নতুন তথ্য সামনে আসতে পারে। নিউইয়র্কের সাবওয়ে প্রতিদিন লাখ লাখ মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। ফলে এ ধরনের দুর্ঘটনা নগরীর গণপরিবহনের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তৈরি করেছে। তবে বার্গেন স্ট্রিট স্টেশনের এই ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।