সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের সাত গুরুত্বপূর্ণ স্টেইটে এগিয়ে ডেমোক্র্যাটরা, সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে সাতটি গুরুত্বপূর্ণ স্টেইটের সিনেট নির্বাচনে জনমত জরিপে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির সর্বশেষ জরিপে এমন চিত্র উঠে এসেছে। আগামীকাল ৩ নভেম্বরের ভোটের আগে এই ফলাফল রিপাবলিকানদের সিনেটের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। তবে বেশ কয়েকটি স্টেইটে দুই দলের প্রার্থীদের সমর্থনের ব্যবধান খুবই কম। ফলে নির্বাচনের চূড়ান্ত ফল সম্পর্কে এখনই নিশ্চিত হওয়ার সুযোগ নেই।   রোববার, ১ নভেম্বর প্রকাশিত জরিপ অনুযায়ী, টেক্সাস, কানসাস, মেইন, ওহাইও ও আলাস্কায় রিপাবলিকানদের দখলে থাকা সিনেট আসনগুলোতে ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে রয়েছেন। আইওয়াতেও ডেমোক্র্যাট প্রার্থী সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। অন্যদিকে ডেমোক্র্যাটদের দখলে থাকা মিশিগানের আসনে দলটির প্রার্থী তুলনামূলক বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। সাতটি স্টেইটের এই প্রতিদ্বন্দ্বিতা সিনেটের পরবর্তী ক্ষমতার ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।   সবচেয়ে উল্লেখযোগ্য ফল এসেছে টেক্সাস থেকে। সেখানে ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকো ৫০ শতাংশ এবং রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটন ৪৩ শতাংশ সমর্থন পেয়েছেন। অর্থাৎ সাত শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন তালারিকো। টেক্সাস দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৮৮ সালের পর এই স্টেইট থেকে কোনো ডেমোক্র্যাট প্রার্থী যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হননি। ফলে সেখানে ডেমোক্র্যাট প্রার্থীর এগিয়ে থাকার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।   কানসাসেও রিপাবলিকানদের জন্য প্রতিদ্বন্দ্বিতা কঠিন হয়ে উঠেছে। জরিপে ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হ্যামিল্টন পেয়েছেন ৪৯ শতাংশ সমর্থন। বর্তমান রিপাবলিকান সিনেটর রজার মার্শাল পেয়েছেন ৪৪ শতাংশ। কানসাস থেকে সর্বশেষ ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হয়েছিলেন ১৯৩২ সালে। ফলে দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানের তুলনায় এবারের জরিপে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।   ওহাইওতে সাবেক ডেমোক্র্যাট সিনেটর শেরড ব্রাউন ৪৯ শতাংশ সমর্থন নিয়ে রিপাবলিকান সিনেটর জন হাস্টেডের চেয়ে পাঁচ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। মেইনে ডেমোক্র্যাট প্রার্থী ট্রয় জ্যাকসন পেয়েছেন ৫১ শতাংশ এবং বর্তমান রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স পেয়েছেন ৪৫ শতাংশ সমর্থন। দুই স্টেইটেই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা সিনেটের সংখ্যাগরিষ্ঠতার হিসাবের জন্য গুরুত্বপূর্ণ।   আলাস্কায় ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা ৪৮ শতাংশ এবং বর্তমান রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান ৪৬ শতাংশ সমর্থন পেয়েছেন। আইওয়ায় ডেমোক্র্যাট প্রার্থী জশ টুরেক রিপাবলিকান অ্যাশলি হিনসনের চেয়ে মাত্র এক শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। অন্যদিকে মিশিগানে ডেমোক্র্যাট আবদুল এল-সাঈদ রিপাবলিকান মাইক রজার্সের চেয়ে ১১ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন।   জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ভোটারদের সমর্থন এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও মতামত নেওয়া হয়েছে। জীবনযাত্রার ব্যয়, অর্থনীতি ও রাজনৈতিক নেতৃত্বের বিষয়ে ভোটারদের অবস্থান নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে স্বতন্ত্র ভোটারদের সমর্থন কোন দিকে যাচ্ছে, তা দুই দলের প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে।   বর্তমানে যুক্তরাষ্ট্রের ১০০ সদস্যের সিনেটে রিপাবলিকানদের ৫৩টি আসন রয়েছে। ডেমোক্র্যাট এবং তাঁদের সঙ্গে থাকা স্বতন্ত্র সদস্যদের আসনসংখ্যা ৪৭। সিনেটের নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের নিজেদের আসন ধরে রাখার পাশাপাশি রিপাবলিকানদের কাছ থেকে অন্তত চারটি আসন জিততে হবে। কারণ দুই দলের আসনসংখ্যা ৫০টি করে হলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নির্ণায়ক ভোট দিতে পারবেন।   নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির জরিপগুলো ২৩ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে পরিচালিত হয়েছে। সাতটি স্টেইটে মোট ৫ হাজার ৭০৮ জন সম্ভাব্য ভোটারের মতামত নেওয়া হয়েছে। স্টেইটভেদে জরিপের ত্রুটিসীমা ভিন্ন। মিশিগান ও টেক্সাসে ডেমোক্র্যাট প্রার্থীদের এগিয়ে থাকার ব্যবধান তুলনামূলক বেশি হলেও অন্য পাঁচটি স্টেইটে ফল পরিসংখ্যানগতভাবে খুব কাছাকাছি।   সিয়েনা রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডন লেভি জানিয়েছেন, জরিপ অনুযায়ী ডেমোক্র্যাটদের সিনেটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর ব্যবধান বিবেচনায় উভয় দলেরই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সুযোগ রয়েছে। শেষ পর্যন্ত ভোটারদের উপস্থিতি ও প্রকৃত ভোটের ফলই নির্ধারণ করবে সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে।   আগামীকাল মঙ্গলবার, ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দেবেন মার্কিন নাগরিকেরা। এই নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব আসনের পাশাপাশি সিনেটের ৩৫টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফলের ওপর নির্ভর করবে প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের বাকি দুই বছরে কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের ক্ষমতার ভারসাম্য।

প্রকাশ : নভেম্বর ২, ২০২৬ ১৮:৮
১০ বছরের ছেলের গুলিতে প্রাণ গেল কিশোরীর
উচ্চ শব্দে গান বাজানো নিয়ে বিরোধ, ১০ বছরের ছেলের গুলিতে প্রাণ গেল কিশোরীর

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্ক শহরে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিরোধের জেরে গুলিতে প্রাণ হারিয়েছেন ১৬ বছর বয়সী এক কিশোরী। এ ঘটনায় ১০ বছর বয়সী এক শিশুর মাকে হত্যা মামলাসহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।   গ্রেপ্তার হওয়া নারীর নাম এলাইনা গোমেজ-ভিলেদা। তাঁর বয়স ৪০ বছর। আলবুকার্ক পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর এ ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম কেইনারলেইন র‍্যাঙ্গেল।   পুলিশের অভিযোগ, ঘটনার দিন উচ্চ শব্দে গান বাজানো নিয়ে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে গোমেজ-ভিলেদা নিহত কিশোরীর মায়ের সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কিশোরী কেইনারলেইন বিরোধ থামানোর চেষ্টা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।অভিযোগ অনুযায়ী, এরপর গোমেজ-ভিলেদা তাঁর ১০ বছর বয়সী ছেলেকে একটি বন্দুক আনতে বলেন। শিশুটি বন্দুক নিয়ে ফিরে এলে গুলি ছোড়ে। সেই গুলিতে গুরুতর আহত হন কেইনারলেইন। পরে তাঁর মৃত্যু হয়।   ঘটনার পর গোমেজ-ভিলেদা ছেলেকে নিয়ে নিজেদের বাসায় ফিরে যান বলে পুলিশের অভিযোগ। তিনি স্বামীকে বার্তা পাঠিয়ে জানান, তাঁর মনে হচ্ছে তাঁকে এখনই কারাগারে যেতে হতে পারে। এরপর তিনি জরুরি নম্বর ৯১১-এ ফোন করে ঘটনাটি জানান।পুলিশের ভাষ্য অনুযায়ী, জরুরি ফোন চলাকালে নিহত কিশোরীর বাবা বলে ধারণা করা এক ব্যক্তি গোমেজ-ভিলেদার বাসার দরজা খোলার চেষ্টা করেন এবং একটি জানালা ভেঙে ফেলেন। এ সময় ওই নারী তাঁকে সরিয়ে দিতে গুলি ছোড়েন বলে অভিযোগ করা হয়েছে।   ঘটনার পর গোমেজ-ভিলেদাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র করে হত্যা, শিশু নির্যাতন, অপ্রাপ্তবয়স্ককে অপরাধে প্ররোচিত করা, মারধর এবং চুরি করা আগ্নেয়াস্ত্র গ্রহণসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।অন্যদিকে, গুলি চালানোর অভিযোগে থাকা ১০ বছর বয়সী শিশুটির বিরুদ্ধে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। শিশুটির বয়স বিবেচনায় কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব, তা নিয়ে তদন্তকারীরা জেলা অ্যাটর্নির কার্যালয় ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে কাজ করছেন।   ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে একটি পারিবারিক ও প্রতিবেশী বিরোধ কীভাবে প্রাণঘাতী ঘটনায় রূপ নিতে পারে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশের অভিযোগগুলোকে অভিযোগ হিসেবেই বিবেচনা করতে হবে।

প্রকাশ : নভেম্বর ২, ২০২৬ ১৭:৫৭
হ্যাকারদের কবলে ইউক্রেনের জরুরি অ্যাপ
মোবাইলে হঠাৎ পারমাণবিক হামলার বার্তা, হ্যাকারদের কবলে ইউক্রেনের জরুরি অ্যাপ

ইউক্রেনের রাজধানী কিয়েভে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে ভুয়া সতর্কবার্তা ছড়িয়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে অজ্ঞাতনামা হ্যাকাররা। দেশটির জাতীয় জরুরি সতর্কতা মোবাইল অ্যাপে সাইবার হামলা চালিয়ে বাসিন্দাদের কাছে পারমাণবিক বিকিরণ, রাসায়নিক হামলা এবং রাস্তায় সংঘর্ষের একাধিক মিথ্যা বার্তা পাঠানো হয়েছে। এতে যুদ্ধবিধ্বস্ত রাজধানীর বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়।   সোমবার (২ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১ নভেম্বর) গভীর রাতে স্থানীয় সময় রাত ১১টার কিছু আগে ইউক্রেনীয় ও ইংরেজি ভাষায় একের পর এক সতর্কবার্তা পাঠানো শুরু হয়। বার্তাগুলোতে কিয়েভে উচ্চমাত্রার পারমাণবিক বিকিরণের ঝুঁকি রয়েছে বলে দাবি করা হয়। একই সঙ্গে রাসায়নিক হামলার আশঙ্কায় বাসিন্দাদের বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়।   একটি বার্তায় রাশিয়ার পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়। তবে এসব সতর্কবার্তা ছিল সম্পূর্ণ ভুয়া। ইউক্রেনের বিমানবাহিনী দ্রুত জানায়, রাজধানীতে কোনো ধরনের পারমাণবিক বিকিরণের হুমকি নেই।বার্তাগুলোতে একাধিক বানান ও ভাষাগত ভুল থাকায় অনেক বাসিন্দা শুরু থেকেই সন্দেহ প্রকাশ করেন। কেউ কেউ অ্যাপটি হ্যাক হওয়ার আশঙ্কায় সতর্কবার্তাগুলো উপেক্ষা করেন। তবে অনেকের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।   নিনা নামের এক বাসিন্দা দ্য গার্ডিয়ানকে জানান, সতর্কবার্তা পাওয়ার পর কিছুক্ষণের জন্য তিনি ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। যুদ্ধের মধ্যে এমন বার্তা মানুষের মানসিক অবস্থার ওপর কতটা প্রভাব ফেলতে পারে, তা তাঁর অভিজ্ঞতায় উঠে এসেছে।ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, অননুমোদিত পক্ষ অ্যাপটির কার্যক্রমে হস্তক্ষেপ করেছে। পরিস্থিতি সামাল দিতে সতর্কতা প্রচারের সংশ্লিষ্ট চ্যানেল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাশাপাশি সন্দেহজনক বিজ্ঞপ্তিতে থাকা কোনো লিংকে ক্লিক না করার জন্য ব্যবহারকারীদের সতর্ক করা হয়।   হামলায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়ার টেলিগ্রাম চ্যানেল মাশের প্রতিবেদনে হিটকোর নামের একটি হ্যাকার গোষ্ঠীর সংশ্লিষ্টতার দাবি করা হয়েছে। গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেছে বলেও দাবি করা হয়। তবে তাদের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।এদিকে একই রাতে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপেও সাইবার হামলার খবর পাওয়া গেছে।   রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অ্যাপ ব্যবহারকারীদের কাছেও ভুয়া সতর্কবার্তা পাঠানো হয়েছে। তবে দেশটির মূল সতর্কতা ব্যবস্থা সচল ছিল বলে জানানো হয়। অর্থাৎ দুই দেশের জরুরি সতর্কতা ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা যুদ্ধের নতুন একটি উদ্বেগজনক দিক সামনে এনেছে।সাইবার হামলার পাশাপাশি ইউক্রেনের দক্ষিণাঞ্চলেও নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। ছয় দিনের স্থানীয় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই খেরসন শহরে রুশ ড্রোন হামলায় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।   খেরসনের সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে রুশ ড্রোনটি হাসপাতালের একটি ভবনে আঘাত হানে। এতে কয়েকটি কক্ষ, জানালা ও ভেতরের দরজা ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় কেউ হতাহত হননি।যুদ্ধবিরতিটি কার্যকর হয়েছিল খেরসন অঞ্চলের ওলেশকি এলাকায়। ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত চলা এই স্থানীয় যুদ্ধবিরতির উদ্দেশ্য ছিল মানবিক সহায়তা ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি করা।   বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির সুযোগে ওলেশকিতে রুশ বাহিনী নতুন সেনা, ভারী সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ পাঠিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে বলে অভিযোগ উঠেছে।

প্রকাশ : নভেম্বর ২, ২০২৬ ১৭:৪৬
ডেলাওয়্যারে বিশ্ববিদ্যালয়ের কাছে বন্দুক হামলা, সংকটাপন্ন বাংলাদেশি শিক্ষার্থী মাহমুদুল
ডেলাওয়্যারে বিশ্ববিদ্যালয়ের কাছে বন্দুক হামলা, সংকটাপন্ন বাংলাদেশি শিক্ষার্থী মাহমুদুল; গুলিবিদ্ধ ৬

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের নিউয়ার্ক শহরে ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের কাছে হ্যালোইন উৎসবের রাতে বন্দুক হামলায় ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে তিনজন কিশোর। তাঁদের একজন বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম (ফিন্যান্স)। তাঁর অবস্থা এখনো সংকটাপন্ন (ক্রিটিক্যাল)।   শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টার কিছু পরে নিউয়ার্ক শহরের ইস্ট মেইন স্ট্রিট ও চোয়েট স্ট্রিটের সংযোগস্থলে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। হ্যালোইন উদ্‌যাপন উপলক্ষে ওই সময় এলাকাটি তরুণ-তরুণীদের ভিড়ে মুখর ছিল।   পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ১৫ ও ১৬ বছর বয়সী তিন কিশোর, ১৯ ও ২০ বছর বয়সী দুই যুবক এবং ২১ বছর বয়সী এক নারী রয়েছেন। তাঁদের কয়েকজনের অবস্থা গুরুতর।   আহত বাংলাদেশি শিক্ষার্থী মাহমুদুল ইসলাম নর্থ ডেলাওয়্যারে পরিবারের সঙ্গে বসবাস করেন। তাঁর পিতার নাম সাইদুল ইসলাম এবং পরিবারের দেশের বাড়ি বাংলাদেশের কুমিল্লায়। হামলার সময় তাঁর শরীরের ফুসফুসের অংশে (লাং) গুলি লাগে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।   এদিকে, এ ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র রাখাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে হামলার পেছনের কারণ এবং অন্য কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত চলছে।   ঘটনার পর পুলিশি তদন্ত ও নিরাপত্তার স্বার্থে ইস্ট মেইন স্ট্রিটের একটি অংশ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হয়। পরিস্থিতির কারণে সোমবার (২ নভেম্বর) ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের সব ক্লাস বাতিল করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে জনসাধারণের জন্য আর কোনো চলমান নিরাপত্তাঝুঁকি নেই।   এদিকে, বাংলাদেশি শিক্ষার্থী মাহমুদুল ইসলামের সংকটাপন্ন অবস্থার খবর ছড়িয়ে পড়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় পরিবার, স্বজন ও কমিউনিটির পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

প্রকাশ : নভেম্বর ২, ২০২৬ ১৮:৫
প্রতিবেশীদের ভালোবাসায় আবার হাসলেন নারী
আগুনে বাড়ি হারিয়ে থেমে গিয়েছিল উৎসব, প্রতিবেশীদের ভালোবাসায় আবার হাসলেন নারী

টেক্সাসের ডালাসে জেনিফার হাউটন দুই দশকেরও বেশি সময় ধরে নিজের বাড়ি উৎসবের সাজে সাজিয়ে আসছেন। তাঁর বাড়ির বিশেষ সাজসজ্জা দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসতেন। এমনকি উৎসবের সময় বাড়িটির সামনে দর্শনার্থীদের ভিড়ে যান চলাচলেও প্রভাব পড়ত।   কিন্তু ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাঁর বাড়ির গ্যারেজের একটি সংরক্ষণকক্ষে আগুন লাগে। সেখানে রাখা বহু বছরের সংগ্রহ করা উৎসবের সাজসজ্জার সামগ্রী পুড়ে যায়। আগুনের ধোঁয়া বাড়ির দেয়াল, বায়ু চলাচলের পথ ও বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ফলে বাড়িটি বসবাসের অনুপযোগী হয়ে যায়।   স্বামী ও পাঁচ সন্তানকে নিয়ে যে বাড়িতে দীর্ঘদিন বসবাস করেছেন, সেটি ছেড়ে পরিবারটিকে কাছাকাছি একটি অস্থায়ী অ্যাপার্টমেন্টে চলে যেতে হয়। জেনিফারের কাছে বাড়িটি শুধু থাকার জায়গা ছিল না; সেখানে জড়িয়ে ছিল পরিবারের বহু স্মৃতি। প্রতি বছর ভালোবাসা দিবস, হ্যালোইন ও বড়দিনে বাড়িটি সাজানো ছিল তাঁর দীর্ঘদিনের আনন্দের অংশ।   আগুনের পর এবার সেই ঐতিহ্য ধরে রাখা সম্ভব হবে না ভেবেছিলেন তিনি। কিন্তু তাঁর মেয়ে টিফানি হাউটন মফিট মায়ের জন্য বিশেষ পরিকল্পনা করেন।২৬ অক্টোবর টিফানি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আহ্বান জানান, প্রত্যেকে যেন একটি করে কুমড়া নিয়ে তাঁদের বাড়ির সামনে আসেন। উদ্দেশ্য ছিল মায়ের পুরোনো উৎসবের আয়োজনের কিছুটা আনন্দ ফিরিয়ে দেওয়া।   মাকে চমক দিতে টিফানি পুরো পরিকল্পনা গোপন রাখেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে নিজের পোস্টগুলো দেখার সুযোগ থেকেও দূরে রাখেন।পরে জেনিফারের স্বামী তাঁকে চোখ বেঁধে গাড়িতে করে পুরোনো বাড়ির সামনে নিয়ে যান। সেখানে পৌঁছে চোখের বাঁধন খুলতেই দেখতে পান, বন্ধু, স্বজন ও প্রতিবেশীরা কুমড়া নিয়ে তাঁর জন্য অপেক্ষা করছেন।   মেয়ের বক্তব্য ছিল, প্রায় ২০ বছর ধরে তাঁর মা এই বাড়ির সামনে সাজসজ্জা করে অসংখ্য মানুষকে আনন্দ দিয়েছেন। এবার সেই মানুষগুলোই মায়ের জন্য কিছু করতে এসেছেন।জেনিফার এই আয়োজন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর কাছে এটি শুধু বাড়ি সাজানোর বিষয় ছিল না, বরং কঠিন সময়ে মানুষের ভালোবাসা পাওয়ার এক বিশেষ মুহূর্ত।   তিনি জানান, আগুনের পর প্রথমবারের মতো বাড়ির সামনের বারান্দা সাজাতে না পারার বিষয়টি তাঁর জন্য খুব কষ্টের ছিল। কিন্তু এত মানুষের ভালোবাসা তাঁকে নতুন করে আনন্দ খুঁজে পেতে সাহায্য করেছে।এখনো বাড়িটির ভবিষ্যৎ নিশ্চিত নয়। আগুনে ক্ষতিগ্রস্ত সামগ্রীগুলোর কোনগুলো উদ্ধার করা সম্ভব হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।   তবে পরিবারের সদস্যদের সঙ্গে নতুন স্মৃতি তৈরি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন জেনিফার।ঘটনাটি আবারও দেখিয়েছে, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় বড় কোনো আয়োজন প্রয়োজন হয় না। কখনো একটি কুমড়া, কিছু পরিচিত মুখ আর সামান্য ভালোবাসাও একজন মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে।

প্রকাশ : নভেম্বর ২, ২০২৬ ১৭:১৩
চারজনের পরিবার চালাতে বছরে ৩ লাখ ২৯ হাজার ডলার প্রয়োজন
চারজনের পরিবার চালাতে বছরে ৩ লাখ ২৯ হাজার ডলার প্রয়োজন, সবচেয়ে ব্যয়বহুল ম্যাসাচুসেটস

যুক্তরাষ্ট্রে বাড়িভাড়া, বাজার খরচ, যাতায়াত, বিদ্যুৎ, চিকিৎসা এবং সন্তানদের প্রয়োজনীয় ব্যয় প্রতিনিয়ত পরিবারের বাজেটে চাপ তৈরি করছে। নতুন গবেষণায় দেখা গেছে, দেশটির ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪০টিতে চার সদস্যের একটি পরিবারের স্বচ্ছন্দ জীবনযাপনের জন্য বছরে কমপক্ষে ২ লাখ ডলার আয় প্রয়োজন।   স্মার্টঅ্যাসেটের গবেষণায় ম্যাসাচুসেটসকে সবচেয়ে ব্যয়বহুল অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে দুই কর্মজীবী অভিভাবক ও দুই সন্তান নিয়ে একটি পরিবারের বার্ষিক আয় প্রয়োজন ৩ লাখ ২৯ হাজার ৫৫৫ ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে হাওয়াই, যেখানে প্রয়োজন ৩ লাখ ১৩ হাজার ১৬৫ ডলার। তৃতীয় অবস্থানে ক্যালিফোর্নিয়া, যেখানে প্রয়োজন ৩ লাখ ২ হাজার ৬৮২ ডলার।   যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য নিউইয়র্ক ও নিউ জার্সির তথ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গবেষণা অনুযায়ী, নিউ জার্সিতে চার সদস্যের পরিবারের স্বচ্ছন্দ জীবনযাপনের জন্য বছরে ২ লাখ ৯৫ হাজার ১১০ ডলার প্রয়োজন। নিউইয়র্কে প্রয়োজন ২ লাখ ৯১ হাজার ৫৩৩ ডলার।এ ছাড়া কানেকটিকাটে ২ লাখ ৯৮ হাজার ১৮৯ ডলার, কলোরাডোতে ২ লাখ ৮৩ হাজার ২১৩ ডলার এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যে ২ লাখ ৮১ হাজার ৭৯৮ ডলার প্রয়োজন।অর্থাৎ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে বসবাসকারী পরিবারগুলোর জন্য উচ্চ আয়ের প্রয়োজনীয়তা বেশি।   বাংলাদেশি অভিবাসীদের বসবাসের জনপ্রিয় গন্তব্য ফ্লোরিডায় চার সদস্যের পরিবারের জন্য বছরে প্রয়োজন ২ লাখ ২৩ হাজার ৩৯২ ডলার। অন্যদিকে টেক্সাসে প্রয়োজন ২ লাখ ৩ হাজার ৪২৪ ডলার।জর্জিয়ায় প্রয়োজন ২ লাখ ১৪ হাজার ৫৭৩ ডলার। পেনসিলভানিয়ায় ২ লাখ ৪৭ হাজার ৯৩৬ ডলার এবং ভার্জিনিয়ায় ২ লাখ ৪২ হাজার ৯৪৪ ডলার।এই হিসাব থেকে বোঝা যায়, শুধু অঙ্গরাজ্য নয়, পরিবারের আকার ও বসবাসের এলাকার ব্যয়ও আর্থিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ।   গবেষণায় সবচেয়ে কম আয় প্রয়োজন এমন অঙ্গরাজ্য হিসেবে উঠে এসেছে মিসিসিপির নাম। সেখানে বছরে ১ লাখ ৮৭ হাজার ৫৩৩ ডলার আয়কে চার সদস্যের পরিবারের স্বচ্ছন্দ জীবনযাপনের মানদণ্ড ধরা হয়েছে।এরপর রয়েছে কেনটাকি, যেখানে প্রয়োজন ১ লাখ ৯৪ হাজার ৮৫৪ ডলার। আরকানসাসে ১ লাখ ৯৫ হাজার ৪৩৭ ডলার, টেনেসিতে ১ লাখ ৯৭ হাজার ২৬৭ ডলার, লুইজিয়ানায় ১ লাখ ৯৭ হাজার ৯৩৩ ডলার এবং আলাবামায় ১ লাখ ৯৮ হাজার ৯৩১ ডলার।

প্রকাশ : নভেম্বর ২, ২০২৬ ১৬:৫৪
৯ বছরের শিশুর মাকে ৪০ বছরের কারাদণ্ড
মেয়েকে বছরের পর বছর নির্যাতন, ৯ বছরের শিশুর মাকে ৪০ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে নিজের ৯ বছর বয়সী মেয়েকে দীর্ঘদিন ধরে অভুক্ত রাখা, মারধর ও নির্যাতনের ঘটনায় ক্রিস্টি কুলি নামের এক নারীকে ৮০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে ৪০ বছর তাকে কারাগারে কাটাতে হবে। মেয়ের ওপর বছরের পর বছর ধরে চলা নির্যাতনের ভয়াবহ তথ্য আদালতে উঠে আসার পর এই রায় দেওয়া হয়।   ৩০ অক্টোবর ২০২৬ প্রকাশিত ফক্স ফাইভ আটলান্টার প্রতিবেদন অনুযায়ী, জর্জিয়ার গুইনেট কাউন্টির লিলবার্ন এলাকার এই ঘটনায় অভিযুক্ত মাকে একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করেছে জুরি বোর্ড। তার বিরুদ্ধে গুরুতর শারীরিক নির্যাতনের দুটি অভিযোগ, শিশু নির্যাতনের প্রথম মাত্রার আটটি অভিযোগ এবং আলামত নষ্ট করার দুটি অভিযোগ প্রমাণিত হয়েছে।   আদালতে শুনানির সময় জানা যায়, শিশুটিকে দিনের পর দিন নিজের শোবার ঘরে আটকে রাখা হতো। তাকে নিয়মিত খাবার দেওয়া হতো না। ক্ষুধার কারণে শিশুটি লুকিয়ে খাবার সংগ্রহের চেষ্টা করত। আর ধরা পড়লে তাকে আরও কঠোর শাস্তির মুখে পড়তে হতো।   তদন্তে উঠে আসে, বাড়ির বিভিন্ন স্থানে নজরদারি ক্যামেরা বসানো হয়েছিল। এসব ক্যামেরার মাধ্যমে শিশুটির চলাফেরা পর্যবেক্ষণ করা হতো। ঘরের বাইরে থাকা অবস্থাতেও অভিযুক্ত নারী ক্যামেরার সরাসরি সম্প্রচার দেখতেন বলে আদালতে জানানো হয়।   নির্যাতনের সময় শিশুটিকে বেঁধে রাখা, লাঠি ও ধাতব পাইপ দিয়ে আঘাত করা এবং শরীর পুড়িয়ে দেওয়ার মতো ভয়াবহ অভিযোগও আদালতে উপস্থাপন করা হয়। নির্যাতনের একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে পড়েছিল বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়।মামলার শুনানিতে একজন চিকিৎসক সাক্ষ্য দিয়ে বলেন, শিশুটির ওপর চালানো নির্যাতনের মধ্যে গুরুতর শারীরিক ও মানসিক নিপীড়নের পাশাপাশি চিকিৎসার অবহেলাও ছিল। চিকিৎসকের বক্তব্য অনুযায়ী, নির্যাতনের মাত্রা শিশু নির্যাতনের ভয়াবহ পর্যায়ে পৌঁছেছিল।   তবে এত দিন ধরে চলা নির্যাতনের ঘটনা কীভাবে প্রকাশ্যে এল, সেটিও মামলার গুরুত্বপূর্ণ দিক। একজন অনলাইন শিক্ষক শিশুটির নিয়মিত শিক্ষাসংক্রান্ত খোঁজখবর নেওয়ার সময় তার আচরণ ও পরিস্থিতিতে অস্বাভাবিকতা লক্ষ্য করেন। বাধ্যতামূলক শিক্ষার্থী যাচাইয়ের সময় কিছু সতর্কসংকেত দেখতে পেয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানান।   সহকারী জেলা অ্যাটর্নি ডালাস কক্স আদালতে জানান, ওই শিক্ষকের সতর্কতা ও দায়িত্বশীল পদক্ষেপের কারণেই ঘটনাটি সামনে আসে। তদন্তকারীরা অভিযুক্ত নারীর মুঠোফোনে শিশুটির পুরোনো কিছু ছবিও খুঁজে পান। ছবিতে শিশুটির চোখে আঘাতের চিহ্ন দেখা যায়। তখন তার বয়স ছিল মাত্র পাঁচ থেকে ছয় বছর।   প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, একই পরিবারের অন্য শিশুদের তুলনায় ওই মেয়েটিই ছিল নির্যাতনের প্রধান লক্ষ্য। পরিবারের আরও সদস্যদের বিষয়টিও মামলার তদন্তে উঠে আসে। শিশুটির সৎবাবার বিরুদ্ধেও সংশ্লিষ্ট অভিযোগ ছিল। তবে স্থূলতাজনিত হৃদ্‌যন্ত্রের জটিলতায় তিনি মারা যাওয়ায় তার বিচার আর সম্পন্ন হয়নি।   জুরি বোর্ড অভিযুক্ত নারীর জন্য মোট ২৪২ বছরের কারাদণ্ডের সুপারিশ করেছিল। পরে বিচারক ৮০ বছরের সাজা ঘোষণা করেন, যার মধ্যে ৪০ বছর কারাগারে থাকতে হবে।গুইনেট কাউন্টির জেলা অ্যাটর্নি প্যাটসি অস্টিন-গ্যাটসন স্থানীয় বাসিন্দাদের শিশুদের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য, শিশুদের আচরণে অস্বাভাবিক পরিবর্তন কিংবা নির্যাতনের কোনো লক্ষণ দেখা গেলে তা উপেক্ষা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো জরুরি।

প্রকাশ : নভেম্বর ২, ২০২৬ ১৬:৩৩
কর বকেয়া থাকলে বাড়তে পারে আবেদন বাতিলের ঝুঁকি
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে নতুন বাধা, কর বকেয়া থাকলে বাড়তে পারে আবেদন বাতিলের ঝুঁকি

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় কর পরিশোধের ইতিহাস নিয়ে বাড়তি যাচাইয়ের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) কঠোর মূল্যায়ন পদ্ধতির কারণে আবেদনকারীদের আর্থিক ও করসংক্রান্ত তথ্য আরও গুরুত্বের সঙ্গে বিবেচিত হতে পারে বলে জানিয়েছেন অভিবাসন আইনজীবীরা।   ১ নভেম্বর ২০২৬ প্রকাশিত ইকোনমিক টাইমসের প্রতিবেদন এবং ৩১ অক্টোবর প্রকাশিত টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের মে মাসে জারি করা ইউএসসিআইএসের একটি নীতিগত স্মারকলিপির পর গ্রিন কার্ডের আবেদন মূল্যায়নে নতুন কঠোরতা দেখা যাচ্ছে।   বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভেতরে অবস্থানরত যোগ্য বিদেশি নাগরিকদের গ্রিন কার্ড পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া বা অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাসের ক্ষেত্রে আবেদনকারীর সামগ্রিক পরিস্থিতি বিবেচনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।   অভিবাসন আইনজীবীদের সতর্কতা অনুযায়ী, কয়েকটি বিষয় আবেদনকারীর বিপক্ষে যেতে পারে।   প্রথমত, নির্ধারিত সময়ে আয়কর বিবরণী জমা না দেওয়া। দ্বিতীয়ত, আগের বছরের ফেডারেল, অঙ্গরাজ্য বা স্থানীয় সরকারের কর বকেয়া রাখা। তৃতীয়ত, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ অথবা অঙ্গরাজ্যের কর কর্তৃপক্ষের সঙ্গে কিস্তিতে কর পরিশোধের চুক্তি থাকলেও পুরো অর্থ পরিশোধ না করা। এমনকি কর বিবরণী জমা দেওয়ার সময় বাড়তি সুযোগ নেওয়া হয়েছে—এমন পরিস্থিতিও কিছু ক্ষেত্রে বাড়তি প্রশ্নের কারণ হতে পারে বলে আইনজীবীরা সতর্ক করেছেন।   নিউইয়র্কভিত্তিক অভিবাসন আইনজীবী কারিন উলম্যান আবেদনকারীদের গ্রিন কার্ডের আবেদন জমা দেওয়ার আগে করসংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা এবং বকেয়া নিষ্পত্তির বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন।এই বিষয়টি শুধু চাকরির মাধ্যমে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য নয়। পরিবারের সদস্যদের মাধ্যমে আবেদনকারীরাও বাড়তি যাচাইয়ের মুখে পড়তে পারেন।   যুক্তরাষ্ট্রের নাগরিকরা যখন স্বামী-স্ত্রী, সন্তান কিংবা অন্য যোগ্য আত্মীয়কে গ্রিন কার্ডের জন্য স্পনসর করেন, তখন সাধারণত তাদের আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হয়। এ ক্ষেত্রে অ্যাফিডেভিট অব সাপোর্ট নামের আর্থিক সহায়তার অঙ্গীকারপত্র জমা দিতে হয়।স্পনসরের আয়কর বিবরণী, আয় এবং আর্থিক অবস্থার তথ্য এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ। ফলে আবেদনকারী নিজে কর নিয়মিত পরিশোধ করলেও স্পনসরের করসংক্রান্ত জটিলতা আবেদন মূল্যায়নে প্রশ্ন তৈরি করতে পারে।   গ্রিন কার্ড পাওয়ার পর যারা মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করবেন, তাদের ক্ষেত্রেও কর পরিশোধের ইতিহাস গুরুত্বপূর্ণ হতে পারে।যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার জন্য সাধারণত আবেদনকারীকে নির্দিষ্ট সময়ের মধ্যে ভালো নৈতিক চরিত্রের প্রমাণ দিতে হয়। একে বলা হয় গুড মোরাল ক্যারেক্টার।   কর প্রদানের আইনগত দায়িত্ব যথাযথভাবে পালন না করা এই মূল্যায়নে নেতিবাচক বিষয় হিসেবে বিবেচিত হতে পারে। ফেডারেল, অঙ্গরাজ্য কিংবা স্থানীয় পর্যায়ে কর বকেয়া থাকলে আবেদনকারীকে কর বিবরণী জমা দেওয়ার প্রমাণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরিশোধ পরিকল্পনার কাগজপত্র দেখাতে হতে পারে।অর্থাৎ গ্রিন কার্ড পাওয়ার পরও করসংক্রান্ত দায়িত্ব অবহেলা করলে ভবিষ্যতে নাগরিকত্বের আবেদন জটিল হতে পারে।

প্রকাশ : নভেম্বর ২, ২০২৬ ১৬:৬
ডেলাওয়্যারে বিশ্ববিদ্যালয়ের কাছে গুলিতে আহত ৬
ডেলাওয়্যারে বিশ্ববিদ্যালয়ের কাছে গুলিতে আহত ৬, আটক কিশোরের বিরুদ্ধে অস্ত্র মামলা

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের নিউয়ার্ক শহরে বিশ্ববিদ্যালয় এলাকার কাছে হ্যালোইন উৎসবের রাতে বন্দুক হামলার ঘটনায় ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের বয়স ১৫ থেকে ২১ বছরের মধ্যে। তাঁদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।   স্থানীয় সময় শনিবার, ৩১ অক্টোবর রাত ১১টা ১৩ মিনিটে ইউনিভার্সিটি অব ডেলাওয়্যার ক্যাম্পাসের কাছাকাছি ইস্ট মেইন স্ট্রিটের একটি গলিতে বড় ধরনের জমায়েত চলাকালে গুলির ঘটনা ঘটে। হঠাৎ গুলির শব্দে আশপাশের পানশালা ও খাবারের দোকান থেকে তরুণ-তরুণীরা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন।   নিউয়ার্ক পুলিশ জানিয়েছে, আহত ছয়জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরের পিঠে গুলি লাগে। তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। একই বয়সী আরেক কিশোরের পায়ে গুলি লাগে। তাঁর অবস্থাও গুরুতর।   এ ছাড়া উইলমিংটনের ১৬ বছর বয়সী এক কিশোরের শরীরে একাধিক গুলির আঘাত পাওয়া গেছে। ১৯ বছর বয়সী এক তরুণের পিঠে গুলি লাগে। ২০ বছর বয়সী আরেক তরুণের ফুসফুসে গুলির আঘাতে জটিলতা তৈরি হয়। তিনি ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের শিক্ষার্থী বলে জানা গেছে। এই চারজনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে ২১ বছর বয়সী এক তরুণীর পায়ে গুলি ছুঁয়ে যাওয়ায় তিনি চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।   ঘটনার তদন্তের সময় পুলিশ আহত ১৬ বছর বয়সী কিশোরের কাছ থেকে একটি গুলিভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তাঁর বিরুদ্ধে ২১ বছরের কম বয়সে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ, গোপনে প্রাণঘাতী অস্ত্র বহন এবং পূর্বের মুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। আদালতে হাজির করার পর তাঁর জামিনের অঙ্ক নির্ধারণ করা হয় ৬০ হাজার ১০০ ডলার। বয়সের কারণে পুলিশ তাঁর পরিচয় প্রকাশ করেনি।   ঘটনার পর ইউনিভার্সিটি অব ডেলাওয়্যার কর্তৃপক্ষ সোমবার, ২ নভেম্বর সরাসরি ও অনলাইন—দুই ধরনের ক্লাস স্থগিত করে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের মানসিকভাবে পরিস্থিতি সামলে নেওয়ার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয় আগে থেকেই বন্ধ থাকার কথা ছিল। বুধবার, ৪ নভেম্বর থেকে ক্লাস পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।   বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লাস বন্ধের সিদ্ধান্তের অর্থ এই নয় যে ক্যাম্পাসে এখনো কোনো সক্রিয় নিরাপত্তা হুমকি রয়েছে। নিউয়ার্ক পুলিশ তাদের জানিয়েছে, সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো সক্রিয় হুমকি নেই। তবে শিক্ষার্থীদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের পরামর্শসেবা চালু রাখা হয়েছে।

প্রকাশ : নভেম্বর ২, ২০২৬ ১৫:৩৩
নারী শিক্ষার্থীদের অভিযোগে তোলপাড়
কৃত্রিম স্তন পরে ক্লাসে অক্সফোর্ডের শিক্ষক, নারী শিক্ষার্থীদের অভিযোগে তোলপাড়

যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বড় আকারের কৃত্রিম স্তন, নারীদের পোশাক ও প্রসাধনী ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা।   বিতর্কের কেন্দ্রে রয়েছেন ম্যাট র‍্যাটলি। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট হিল্ডা’স কলেজে জীবরসায়নের খণ্ডকালীন অবৈতনিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। কলেজটির শিক্ষক পরিচিতিতে তাঁর নাম রয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বড় আকারের কৃত্রিম স্তন, নিচু গলার পোশাক, লিপস্টিক ও নখে রং ব্যবহার করে বিভিন্ন সময় কর্মস্থলে উপস্থিত হয়েছেন।   গত ২৯ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘আনক্যাপচার্ড’ জানায়, এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে তিনটি পৃথক অভিযোগ জমা পড়েছিল। অভিযোগকারীদের মধ্যে একজন বর্তমান শিক্ষার্থীর অভিভাবক, তিনজন সাবেক শিক্ষার্থী এবং একজন সাধারণ নাগরিক রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।   সাবেক তিন শিক্ষার্থীর পক্ষ থেকে পাঠানো চিঠিতে শিক্ষকের পোশাক ও আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তাঁদের বক্তব্য, শ্রেণিকক্ষের মতো পেশাগত পরিবেশে এ ধরনের উপস্থিতি নারী শিক্ষার্থীদের অস্বস্তিতে ফেলতে পারে। তাঁরা কলেজের আচরণবিধি এবং যৌন হয়রানি-সংক্রান্ত নীতিমালার বিষয়টিও সামনে আনেন।   প্রতিবেদন অনুযায়ী, কলেজের অধ্যক্ষ ডেম সারাহ স্প্রিংম্যান ২ জুন সাবেক শিক্ষার্থীদের চিঠির জবাব দেন। সেখানে তিনি আইনের মধ্যে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং বৈষম্য, হয়রানি ও প্রতিশোধমূলক আচরণমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে কলেজের অঙ্গীকারের কথা জানান। তবে অভিযোগকারীদের দাবি, তাঁদের উত্থাপিত নির্দিষ্ট প্রশ্নগুলোর সরাসরি উত্তর ওই জবাবে পাওয়া যায়নি।   অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক মাইকেল বিগস বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। তাঁর মতে, শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য এবং শিক্ষকতার পেশাগত মান বজায় রাখা প্রতিষ্ঠানের দায়িত্ব। তবে তাঁর বক্তব্য ব্যক্তিগত মতামত; এটি বিশ্ববিদ্যালয়ের কোনো আনুষ্ঠানিক তদন্তের সিদ্ধান্ত নয়।   এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, শিক্ষাদানের সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছ থেকে যথাযথ পেশাগত আচরণ এবং শিক্ষার্থীদের প্রতি সম্মান প্রত্যাশা করা হয়। কোনো শিক্ষার্থীর অভিযোগ থাকলে বিশ্ববিদ্যালয় বা সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত অভিযোগ জানানোর পদ্ধতি অনুসরণ করার সুযোগ রয়েছে। ব্যক্তিগত কর্মসংস্থানসংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় মন্তব্য করতে রাজি হয়নি।   সেন্ট হিল্ডা’স কলেজ ১৮৯৩ সালে নারীদের উচ্চশিক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। ২০০৮ সাল থেকে কলেজটি পুরুষ শিক্ষার্থীদেরও ভর্তি করতে শুরু করে। ফলে নারী শিক্ষার ঐতিহাসিক পরিচয়ের সঙ্গে বর্তমান বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।   তবে এখন পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনগুলোতে অভিযোগের বিষয়ে কোনো চূড়ান্ত তদন্তের ফলাফল বা আদালতের সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। তাই শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে প্রমাণিত ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। সংশ্লিষ্ট শিক্ষক ম্যাট র‍্যাটলির বক্তব্যও এসব প্রতিবেদনে পাওয়া যায়নি।

প্রকাশ : নভেম্বর ২, ২০২৬ ১৫:২৩
বৃদ্ধের ভিডিও দেখে লাখ ডলার দিলেন অপরিচিত মানুষ
ম্যানচেস্টার শহরের ৭৮ বছরের খাবার সরবরাহকারী বৃদ্ধের ভিডিও দেখে লাখ ডলার দিলেন অপরিচিত মানুষ

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ম্যানচেস্টার শহরের ৭৮ বছর বয়সী রিচার্ডের জীবনসংগ্রামের গল্প এখন মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। বয়সের ভারে ধীর হয়ে আসা শরীর নিয়েও সংসারের খরচ মেটাতে খাবার সরবরাহের কাজ করছিলেন তিনি। একটি বাড়ির দরজার ক্যামেরায় ধারণ করা তাঁর সেই পরিশ্রমের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বদলে যায় তাঁর জীবনের পরিস্থিতি।   ২০২৬ সালের ১৬ মার্চ প্রকাশিত সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, রিচার্ড একটি বাড়িতে খাবার পৌঁছে দিতে গিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠছিলেন। বাড়ির মালিক ব্রিটানি স্মিথ পরে ক্যামেরার সেই দৃশ্য দেখেন। বৃদ্ধ মানুষটির এমন পরিশ্রম দেখে তিনি আবেগাপ্লুত হন। তাঁর মনে হয়, এই বয়সে রিচার্ডের বিশ্রামে থাকার কথা, কিন্তু তাঁকে জীবিকার জন্য কাজ করতে হচ্ছে।   ব্রিটানি ও তাঁর সাবেক স্বামী মিলে রিচার্ডকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। পরে তাঁরা তাঁর পরিচয় জানতে পারেন এবং বাড়িতে গিয়ে দেখা করেন। ব্রিটানি খাবার পৌঁছে দেওয়ার জন্য তাঁকে ২০০ ডলার বকশিশ দেন।   কিন্তু এখানেই শেষ হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ রিচার্ডের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন। তাঁদের অনুরোধে ব্রিটানি একটি অনুদান সংগ্রহের উদ্যোগ শুরু করেন। এর নাম দেওয়া হয় ‘গিভ রিচার্ড আ চান্স টু রেস্ট এগেইন’।   মাত্র পাঁচ দিনের মধ্যে অপরিচিত মানুষের কাছ থেকে প্রায় ১০ লাখ ডলার অনুদান জমা পড়ে। এই অর্থ রিচার্ড ও তাঁর স্ত্রীর আর্থিক চাপ কমাতে বড় সহায়তা হয়ে ওঠে।রিচার্ডের স্ত্রী ব্রেন্ডার সঙ্গে তাঁর প্রায় ৫৬ বছরের দাম্পত্য জীবন। স্ত্রীর চাকরি হারানোর পর সংসারের আয় কমে যায়। অবসর নেওয়ার প্রায় ১৩ বছর পর আবার খাবার সরবরাহের কাজে ফিরে আসেন রিচার্ড। তিনি জানান, সংসারের বিল পরিশোধ করতে এই কাজ তাঁকে সহায়তা করছিল।   মানুষের কাছ থেকে এত বড় সহায়তা পেয়ে বিস্ময় প্রকাশ করেছেন রিচার্ড ও তাঁর স্ত্রী। তবে রিচার্ড জানিয়েছেন, তিনি কাজ পুরোপুরি ছেড়ে দিতে চান না। কাজ তাঁকে সক্রিয় থাকতে সাহায্য করে। তবে আগের মতো দীর্ঘ সময় কাজ করার প্রয়োজন আর থাকবে না বলে আশা করছেন তিনি।   এই ঘটনা দেখিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সাধারণ দৃশ্যও মানুষের মধ্যে সহমর্মিতা জাগাতে পারে। একজন প্রবীণ মানুষের পরিশ্রম দেখে হাজারো অপরিচিত মানুষের এগিয়ে আসা যুক্তরাষ্ট্রের মানবিক সহযোগিতার একটি আলোচিত উদাহরণ হয়ে উঠেছে।

প্রকাশ : নভেম্বর ২, ২০২৬ ১৪:৫৮
সেই ফসলের আয়েই প্রায় ৩০০ শিক্ষার্থীর কলেজের স্বপ্নপূরণ
টেক্সাসে স্বেচ্ছাশ্রমে চাষাবাদ, সেই ফসলের আয়েই প্রায় ৩০০ শিক্ষার্থীর কলেজের স্বপ্নপূরণ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গ্রুভার শহরে স্থানীয় কৃষকদের একটি ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়তা করছে। স্বেচ্ছাশ্রমে জমিতে ভুট্টা ও গম চাষ করছেন কৃষকেরা। সেই ফসল বিক্রির অর্থ দিয়ে প্রতিবছর স্থানীয় শিক্ষার্থীদের জন্য তৈরি হচ্ছে প্রায় চার লাখ ডলারের কলেজ বৃত্তি।   প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৪ সালে স্থানীয় স্কুল জেলার জন্য ৬৪০ একর জমি দান করা হয়েছিল। পরে ২০১২ সালের দিকে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় কৃষকেরা জমিটি শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগানোর পরিকল্পনা করেন। কৃষকেরা নিজেদের শ্রম, কৃষিযন্ত্র ও অভিজ্ঞতা দিয়ে চাষাবাদ শুরু করেন। স্থানীয় একটি পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানও অনেক সময় বাজারদরের চেয়ে বেশি দামে ফসল কিনে এই উদ্যোগে সহায়তা করে।   ২০১৬ সালে প্রথম বৃত্তি বিতরণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৩০০ শিক্ষার্থীর মধ্যে মোট প্রায় ৩০ লাখ ডলার বিতরণ করা হয়েছে। কোনো কোনো শিক্ষার্থী সর্বোচ্চ প্রায় ৪০ হাজার ডলার পর্যন্ত বৃত্তি পেয়েছেন।   এই বৃত্তি পাওয়ার জন্য শিক্ষার্থীদের শুধু ভালো ফল করলেই হয় না। তাদের পরীক্ষার ফল, বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং সমাজসেবামূলক কাজও বিবেচনায় নেওয়া হয়। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি নেতৃত্ব, দায়িত্ববোধ ও সমাজের প্রতি অবদান রাখার বিষয়টিও গুরুত্ব পায়।   এই উদ্যোগের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এর সুফল পাচ্ছেন এমন শিক্ষার্থীরাও, যাদের পরিবারে আগে কেউ কলেজ থেকে স্নাতক হননি। প্রতিবেদনে বলা হয়েছে, এই কর্মসূচির সহায়তায় ৪৮ জন শিক্ষার্থী পরিবারের প্রথম সদস্য হিসেবে কলেজের পড়াশোনা শেষ করতে পেরেছেন।   বৃত্তিপ্রাপ্তদের কয়েকজন এখন নিজ এলাকায় ফিরে কৃষক, শিক্ষক, নার্সসহ বিভিন্ন পেশায় কাজ করছেন। তাঁদের কেউ কেউ ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের জন্যও অবদান রাখার পরিকল্পনা করছেন।   শিক্ষার্থীদের কাছে এই অর্থ কেবল একটি বৃত্তি নয়; এটি উচ্চশিক্ষার ব্যয়, ঋণের চাপ এবং পরিবারের আর্থিক দুশ্চিন্তা কমানোর একটি সুযোগ। স্থানীয় কৃষকদের শ্রম আর একটি এলাকার সম্মিলিত উদ্যোগ কীভাবে তরুণদের ভবিষ্যৎ বদলে দিতে পারে, গ্রুভারের এই কর্মসূচি তার একটি বাস্তব উদাহরণ।

প্রকাশ : নভেম্বর ২, ২০২৬ ১৪:৩৩
এক উৎসবে মিলল ভালোবাসা ও প্রতিবাদের বার্তা
অভিবাসীদের পাশে হাজারো মানুষ, এক উৎসবে মিলল ভালোবাসা ও প্রতিবাদের বার্তা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ড শহরে অভিবাসী পরিবারগুলোর প্রতি সংহতি প্রকাশ এবং সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে বড় আয়োজন করেছে স্থানীয় কমিউনিটি। শহরের ফ্রুটভেল এলাকায় অনুষ্ঠিত বার্ষিক ‘দিয়া দে লস মুয়ের্তোস’ উৎসবে প্রায় এক লাখ মানুষের সমাগম হয়েছে বলে জানিয়েছে সান ফ্রান্সিসকো ক্রনিকল।   এবারের আয়োজনটি শুধু সাংস্কৃতিক উৎসবেই সীমাবদ্ধ ছিল না। অভিবাসীদের অধিকার, নিরাপত্তা এবং সামাজিক সংহতির বিষয়ও বিশেষ গুরুত্ব পেয়েছে।উৎসবে অংশ নেন বিভিন্ন বয়স ও সংস্কৃতির মানুষ। সংগীত, নাচ, ঐতিহ্যবাহী খাবার এবং স্মৃতিবেদি তৈরির মাধ্যমে তাঁরা নিজেদের সংস্কৃতি ও পারিবারিক ঐতিহ্য তুলে ধরেন।   এবারের উৎসবের অন্যতম আকর্ষণ ছিল অভিবাসীদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির বিশেষ আয়োজন। সেখানে আইনগত পরামর্শ, অভিবাসনসংক্রান্ত তথ্য এবং ভোটার নিবন্ধনের বিষয়ে সহযোগিতা দেওয়া হয়।যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় অভিবাসন অভিযান নিয়ে উদ্বেগের মধ্যে ক্যালিফোর্নিয়ার ফ্রুটভেল এলাকার অনেক ছোট ব্যবসাও ক্রেতা কমে যাওয়ার সমস্যার মুখোমুখি হয়েছে। এমন পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ী ও পরিবারগুলোর পাশে দাঁড়ানোর বার্তাও উঠে আসে উৎসবে।   অনুষ্ঠানের বিভিন্ন স্মৃতিবেদিতে অভিবাসন হেফাজতে মারা যাওয়া ব্যক্তি, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো অভিবাসী এবং যুদ্ধ ও বাস্তুচ্যুতির শিকার মানুষের স্মরণে শ্রদ্ধা জানানো হয়।আয়োজকদের এবারের মূল বার্তা ছিল—সংস্কৃতি, পরিচয় ও অধিকার রক্ষায় মানুষকে একসঙ্গে থাকতে হবে। উৎসবে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, ভয় ও অনিশ্চয়তার সময়েও কমিউনিটির পারস্পরিক সহযোগিতা মানুষকে সাহস জোগায়।   বিশেষ করে নতুন অভিবাসী পরিবারগুলোর জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। কারণ এখানে তাঁরা নিজেদের সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি আইনি সহায়তা, সামাজিক যোগাযোগ এবং স্থানীয় সহযোগিতার সুযোগ পান।ওকল্যান্ডের এই আয়োজন আবারও দেখিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ নিজেদের ঐতিহ্য ধরে রেখে একে অপরের পাশে দাঁড়াতে পারেন।

প্রকাশ : নভেম্বর ২, ২০২৬ ১৪:১৮
১৫৮ পরিবারের আবাসন উন্নয়নে আড়াই কোটি ডলারের উদ্যোগ
টেক্সাসের ব্রাউনসভিলে ১৫৮ পরিবারের আবাসন উন্নয়নে আড়াই কোটি ডলারের উদ্যোগ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিল শহরে সাশ্রয়ী আবাসন ধরে রাখা এবং নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর বসবাসের পরিবেশ উন্নত করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২ নভেম্বর প্রকাশিত শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নগর কমিশন আবাসন সংস্কারের জন্য সর্বোচ্চ ২ কোটি ৫০ লাখ ডলারের হাউজিং রেভিনিউ বন্ড অনুমোদন করেছে।   এই অর্থ ব্যয় করা হবে শহরের অ্যাশ স্ট্রিট এলাকায় অবস্থিত ট্রপিক্যাল গার্ডেনস নামের একটি আবাসন প্রকল্পের সংস্কারকাজে। সেখানে মোট ১৫৮টি আবাসন ইউনিট রয়েছে। প্রকল্পটির লক্ষ্য নতুন ভবন নির্মাণ নয়, বরং বিদ্যমান সাশ্রয়ী আবাসনগুলো সংস্কার করে দীর্ঘমেয়াদে বসবাসের উপযোগী রাখা।   শহর কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্কারকাজের মাধ্যমে আবাসনগুলোর নিরাপত্তা, বসবাসের পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা উন্নত করার পরিকল্পনা রয়েছে। যেসব পরিবার সাশ্রয়ী ভাড়ার বাসার ওপর নির্ভরশীল, তাদের জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।   এই বন্ড ব্রাউনসভিল হাউজিং ফাইন্যান্স করপোরেশনের মাধ্যমে ইস্যু করা হবে। নগর কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বন্ড ইস্যুর জন্য শহর সরকারকে সরাসরি অর্থায়নের দায় নিতে হবে না।   যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বাড়িভাড়া ও আবাসন ব্যয় বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য সাশ্রয়ী বাসস্থান পাওয়া একটি বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে পুরোনো আবাসন সংস্কার করে সেগুলো সংরক্ষণ করা স্থানীয় পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।   ব্রাউনসভিল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের মাধ্যমে বিদ্যমান আবাসন সুবিধা ধরে রাখা এবং স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করার পরিকল্পনা সামনে এসেছে।

প্রকাশ : নভেম্বর ২, ২০২৬ ১৩:৫২
জনস্বাস্থ্য নিয়ে সতর্কতা
যুক্তরাষ্ট্রে গবাদিপশু থেকে ছড়ানো বার্ড ফ্লুতে প্রথম মৃত্যু, জনস্বাস্থ্য নিয়ে সতর্কতা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ইয়াকিমা কাউন্টিতে গবাদিপশু থেকে ছড়ানো বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ১ নভেম্বর ওই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লুতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। খবরটি প্রকাশের পর দেশটির জনস্বাস্থ্য ও কৃষি খাতে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে।   স্থানীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি সংক্রমিত দুগ্ধ উৎপাদনকারী গবাদিপশুর সংস্পর্শে এসে এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গুরুতর অসুস্থ হয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে পরিবারের গোপনীয়তা রক্ষায় তাঁর নাম, বয়স ও লিঙ্গ প্রকাশ করা হয়নি।   ইয়াকিমা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মৃত ব্যক্তির আগে থেকেই কিছু শারীরিক জটিলতা ছিল। ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। একই সঙ্গে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা অন্যদের শনাক্ত ও পর্যবেক্ষণের কাজ চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ।   এদিকে একই কাউন্টিতে গবাদিপশুর সংস্পর্শে আসা আরও একজনের শরীরে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। তবে নতুন আক্রান্ত ব্যক্তির অসুস্থতা গুরুতর নয় এবং তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। সব মিলিয়ে ওয়াশিংটনে সাম্প্রতিক সময়ে গবাদিপশুর সংস্পর্শে আসার পর তিনজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।   কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর থেকে ওয়াশিংটনের বিভিন্ন দুগ্ধ খামারে এইচ৫এন১ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হচ্ছে। শুধু ইয়াকিমা কাউন্টিতেই ৩৩টি দুগ্ধ খামারে সংক্রমণের খবর পাওয়া গেছে। সংক্রমিত গবাদিপশুর সঙ্গে সরাসরি কাজ করা শ্রমিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।   তবে সাধারণ মানুষের জন্য পরিস্থিতি এখনই বড় ধরনের আতঙ্কের কারণ নয় বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মানুষের মাধ্যমে মানুষের মধ্যে বার্ড ফ্লু ছড়ানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি তাঁদের, যাঁরা আক্রান্ত পাখি, গবাদিপশু কিংবা দূষিত পরিবেশের সঙ্গে সরাসরি কাজ করেন।   স্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষকে অসুস্থ বা মৃত পাখি ও প্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। বিশেষ করে খামারে কর্মরত ব্যক্তিদের প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ব্যবহার করতে বলা হয়েছে। কাঁচা দুধ ও অপাস্তুরিত দুগ্ধজাত খাবার এড়িয়ে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে।   বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সঠিকভাবে পাস্তুরিত দুধ ও দুগ্ধজাত পণ্য গ্রহণ করা নিরাপদ। কারণ পাস্তুরায়ন প্রক্রিয়ায় বার্ড ফ্লুসহ ক্ষতিকর ভাইরাস ও জীবাণু ধ্বংস হয়।   যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ ও কৃষি বিভাগের সমন্বয়ে আক্রান্ত খামারগুলো পর্যবেক্ষণ এবং সম্ভাব্য সংক্রমণ নিয়ন্ত্রণের কার্যক্রম চলছে। কোনো প্রাণীর সংস্পর্শে আসার পর জ্বর, কাশি, গলাব্যথা, চোখ লাল হওয়া কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।   জনস্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, একজনের মৃত্যুর ঘটনা অবশ্যই গুরুতর। তবে বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে সংক্রমণের ঝুঁকি কম। খামারকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংক্রমণের বিস্তার পর্যবেক্ষণ করাই এখন প্রধান অগ্রাধিকার।

প্রকাশ : নভেম্বর ২, ২০২৬ ১৩:৩৬
ফ্লোরিডায় ভয়াবহ বন্যায় একাধিক সড়ক বন্ধ
ফ্লোরিডায় ভয়াবহ বন্যায় একাধিক সড়ক বন্ধ, স্কুলে ছুটি ও জরুরি সতর্কতা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ব্রেভার্ড কাউন্টিতে টানা ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকা। পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার (২ নভেম্বর) কাউন্টির সব সরকারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে আদালতের কার্যক্রম। বিপজ্জনক পরিস্থিতিতে বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।   যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ব্রেভার্ড কাউন্টির কিছু এলাকায় কয়েক ঘণ্টার মধ্যে ৮ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিশেষ করে ওয়েস্ট মেলবোর্ন ও পাম বে এলাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সোমবার সকাল ৭টা ৫৬ মিনিটে এই দুই এলাকার জন্য বিশেষ ফ্ল্যাশ ফ্লাড ইমার্জেন্সি জারি করা হয়। অতিরিক্ত বৃষ্টিপাতে নিচু এলাকা, রাস্তাঘাট এবং আন্ডারপাসে জীবনহানির ঝুঁকিপূর্ণ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।   স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউইএসএইচ ২ নিউজ জানিয়েছে, বন্যার কারণে ব্রেভার্ড কাউন্টির বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়েস্ট মেলবোর্ন পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, হেলেন স্ট্রিটের কাছে মিন্টন রোডের উত্তরমুখী অংশ এবং ইউএস-১৯২ সড়কের কাছে মিন্টন রোডের দক্ষিণমুখী অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া স্টুয়ার্ট রোডের কাছে অরোরা রোড এবং সার্নো রোডের কিছু অংশ বন্ধ থাকার খবর পাওয়া গেছে। পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে সড়ক বন্ধের তালিকাও পরিবর্তিত হতে পারে।   পুলিশ জানিয়েছে, বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমে বেশ কয়েকটি গাড়ি আটকা পড়েছে। কোথাও কোথাও পানির গভীরতা বোঝা কঠিন হয়ে পড়ায় চালকদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। ওয়েস্ট মেলবোর্ন পুলিশ বিভাগ বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে বের হওয়া উচিত নয়। কোনো অবস্থাতেই পানিতে ডুবে থাকা রাস্তা অতিক্রমের চেষ্টা করা যাবে না।   বন্যার কারণে ব্রেভার্ড কাউন্টির সব সরকারি স্কুলে সোমবারের ক্লাস বাতিল করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাউন্টির ক্যাথলিক স্কুলগুলোও বন্ধ রয়েছে। একই কারণে ইস্টার্ন ফ্লোরিডা স্টেট কলেজের ক্লাস বাতিল করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ মঙ্গলবার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে।   শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, ব্রেভার্ড কাউন্টির আদালত এবং স্টেট অ্যাটর্নির কার্যালয়ের কার্যক্রমও সোমবার বন্ধ রাখা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে জরুরি সেবার গাড়ি চলাচলেও সমস্যা তৈরি হতে পারে। তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি জরুরি উদ্ধারকর্মীদের নির্বিঘ্নে কাজ করার সুযোগ দিতে বলা হয়েছে।   ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পূর্ব-মধ্য ফ্লোরিডার বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কাজনিত সতর্কতা কার্যকর থাকার কথা। দিনের বাকি সময়ে আরও ১ থেকে ৩ ইঞ্চি এবং বিচ্ছিন্ন কিছু এলাকায় সর্বোচ্চ ৫ ইঞ্চি অতিরিক্ত বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। আগে থেকেই মাটি পানিতে সম্পৃক্ত থাকায় নতুন বৃষ্টিতে দ্রুত জলাবদ্ধতা ও বন্যা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।   কর্তৃপক্ষ বাসিন্দাদের স্থানীয় আবহাওয়ার সতর্কবার্তা অনুসরণ করতে এবং পানিতে ডুবে যাওয়া সড়কের পরিবর্তে নিরাপদ বিকল্প পথ ব্যবহার করতে বলেছে। একই সঙ্গে জীবনহানির আশঙ্কা রয়েছে, এমন জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার সকালের তথ্য অনুযায়ী, বন্যায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব কিংবা হতাহতের বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

প্রকাশ : নভেম্বর ২, ২০২৬ ১৩:১৭
৫ বিলিয়ন ডলারের সহায়তা পাচ্ছেন কৃষকরা, প্রতিশ্রুতি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগেই ১৫ বিলিয়ন ডলারের সহায়তা পাচ্ছেন কৃষকরা, প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে কৃষকদের জন্য ১৫ বিলিয়ন ডলারের বেশি আর্থিক সহায়তা ও বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত কয়েক সপ্তাহে ঘোষিত এসব উদ্যোগের লক্ষ্য ডিজেল, সার ও কৃষি উৎপাদনের ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে কৃষকদের সহযোগিতা করা। আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে কৃষিপ্রধান অঙ্গরাজ্যগুলোতে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপ নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।   অ্যাসোসিয়েটেড প্রেসের ১ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, ঘোষিত সহায়তার সবচেয়ে বড় অংশ হিসেবে ডিজেলের উচ্চমূল্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য এককালীন ৮ বিলিয়ন ডলারের অর্থসহায়তার পরিকল্পনা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, নভেম্বরের মধ্যেই এই কর্মসূচির বিস্তারিত প্রকাশ করা হবে। তবে কৃষকেরা কবে নাগাদ অর্থ হাতে পাবেন, তা এখনো নিশ্চিত নয়।   এ ছাড়া গবাদিপশু পালনকারী খামারি ও মৎস্য খাতের উদ্যোক্তাদের জন্য অন্তত ৫ বিলিয়ন ডলারের সরকারি নিশ্চয়তাপ্রাপ্ত ঋণ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। পরিবেশ সংরক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া কৃষক ও জমির মালিকদের জন্য রয়েছে ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের অর্থপ্রদান। সার উৎপাদন প্রকল্পে ৫৭ কোটি ৩০ লাখ ডলার এবং মাংস প্রক্রিয়াজাতকরণ শিল্প সম্প্রসারণে ৫ কোটি ৭০ লাখ ডলার সহায়তার পরিকল্পনাও রয়েছে।   বিশেষায়িত ফসল উৎপাদন খাতের উদ্ভাবনী প্রকল্পে ৮ কোটি ৬৬ লাখ ডলারের অনুদান দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। পাশাপাশি কৃষকদের কাছ থেকে সর্বোচ্চ ৪৭ কোটি ২৫ লাখ ডলারের কৃষিপণ্য কেনার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। এসব পণ্য দাতব্য ও খাদ্যসহায়তা কর্মসূচিতে ব্যবহারের কথা রয়েছে। তবে ঘোষিত ১৫ বিলিয়ন ডলারের পুরোটাই সরাসরি নগদ অনুদান নয়। এর মধ্যে ঋণ, সরকারি ক্রয় ও বিভিন্ন কর্মসূচির অর্থও রয়েছে।   এই উদ্যোগের বাইরে ২০২৫ সালের ফসল উৎপাদনের জন্য যোগ্য কৃষকদের প্রায় ১৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের নিয়মিত নিরাপত্তা কর্মসূচির অর্থ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভুট্টা, সয়াবিন, গম ও ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদকরা এই সুবিধার আওতায় আসতে পারেন। কৃষিপণ্যের বাজারদর ও উৎপাদনসংক্রান্ত আর্থিক ক্ষতি সামাল দিতে বিদ্যমান সরকারি কর্মসূচির মাধ্যমে এসব অর্থ দেওয়া হচ্ছে।   এদিকে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম কৃষকদের জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে। অটোমোবাইল সংগঠন এএএ-এর তথ্য অনুযায়ী, গত শুক্রবার (৩০ অক্টোবর) দেশটিতে প্রতি গ্যালন ডিজেলের গড় মূল্য ছিল ৬ ডলার ৩২ সেন্ট। এক বছর আগের তুলনায় যা প্রায় ৭০ শতাংশ বেশি। ফলে ১০০ গ্যালনের একটি ট্যাংক পূর্ণ করতে আগের বছরের তুলনায় প্রায় ২৬০ ডলার বেশি খরচ হচ্ছে। ট্রাক্টর, কম্বাইন হারভেস্টার ও কৃষিপণ্য পরিবহনে ডিজেলের ব্যাপক ব্যবহার থাকায় এর প্রভাব সরাসরি কৃষকদের ওপর পড়ছে।   ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি ও সারের দাম বৃদ্ধি এবং শুল্কনীতির কারণে কৃষি যন্ত্রপাতির খরচ বেড়ে যাওয়ায় চলতি বছর অনেক খামার লাভজনক অবস্থায় থাকতে পারছে না। চীনের সঙ্গে বাণিজ্যসংঘাতও যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য রপ্তানিতে চাপ তৈরি করেছে। কানসাস স্টেট ইউনিভার্সিটির কৃষি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গ্রেগ ইবেনডাল মনে করেন, সরকারের এককালীন অর্থসহায়তা অনেক কৃষককে তাৎক্ষণিক ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করবে। তবে দীর্ঘমেয়াদে উৎপাদন ব্যয় ও বাজারের অনিশ্চয়তা দূর হবে না।   রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গ্রামীণ ভোটাররা দীর্ঘদিন ধরে রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ সমর্থক হলেও কৃষি খাতের অর্থনৈতিক সংকট নির্বাচনে প্রভাব ফেলতে পারে। ট্রাম্প প্রশাসনের নতুন সহায়তা ঘোষণা কৃষকদের কিছুটা স্বস্তি দিতে পারে। তবে এই পদক্ষেপ ভোটারদের সিদ্ধান্ত কতটা বদলাবে, তা এখনো অনিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন, কৃষকদের কাছে শুধু তাৎক্ষণিক সরকারি সহায়তা নয়, দীর্ঘমেয়াদি উৎপাদন ব্যয়, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার খরচও গুরুত্বপূর্ণ নির্বাচনী বিষয়।

প্রকাশ : নভেম্বর ২, ২০২৬ ১২:৩৬
ফ্লোরিডায় প্লেন দুর্ঘটনায় নিহত ২০
ফ্লোরিডায় প্লেন দুর্ঘটনায় নিহত ২০ বছরের সহ-পাইলট নাথালিয়া, ১৭ বছরেই পেয়েছিলেন পাইলট লাইসেন্স

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০ বছর বয়সী সহ-পাইলট নাথালিয়া গাদেলহা। মাত্র ১৭ বছর বয়সে হাইস্কুলে পড়ার সময়ই ব্যক্তিগত উড়োজাহাজ চালানোর লাইসেন্স অর্জন করেছিলেন তিনি। ভবিষ্যতে বাণিজ্যিক এয়ারলাইন পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন নাথালিয়া। রোববার (১ নভেম্বর) পাম বিচ কাউন্টিতে একটি লিয়ারজেট-৬০ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলে নাথালিয়াসহ উড়োজাহাজে থাকা নয়জন নিহত হন। নিউইয়র্ক পোস্টকে তাঁর পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।   নাথালিয়া ২০২০ সালে উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ শুরু করেন। পাম বিচ কাউন্টি স্কুল ডিস্ট্রিক্টের এভিয়েশন একাডেমির সহায়তায় ওয়েস্ট বোকা র‍্যাটন হাইস্কুলে পড়ার সময় ১৭ বছর বয়সেই ব্যক্তিগত পাইলট লাইসেন্স অর্জন করেন। ২০২৩ সালে একটি স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তত দিনে তাঁর ৮৮ ঘণ্টা উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতা হয়েছিল। পরবর্তী সময়ে পেশাদার পাইলট হিসেবে কাজ শুরু করেন। নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে প্রায় নয় মাস ধরে বাণিজ্যিক পাইলট হিসেবে কাজ করছিলেন তিনি।   দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের নর্থ ইলিউথেরা বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল। রোববার দুপুরে পাম বিচ কাউন্টির গ্রিনএকার্স এলাকায় উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কথোপকথনে বৈমানিকরা উড়োজাহাজের পাখায় বরফ জমা এবং আবহাওয়াজনিত সমস্যার কথা জানিয়েছিলেন। একপর্যায়ে উড়োজাহাজটি দ্রুত নিচে নামতে শুরু করে এবং জরুরি বিপৎসংকেত পাঠানো হয়। শেষ পর্যন্ত সেটি আবাসিক এলাকার কাছে আছড়ে পড়ে।   দুর্ঘটনার পর আশপাশের এলাকার প্রায় ৬০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। যান্ত্রিক ত্রুটি, আবহাওয়ার প্রভাব এবং উড়োজাহাজের শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

প্রকাশ : নভেম্বর ২, ২০২৬ ১২:৫৩
যে পাঁচ বিষয় বাঙালি অভিবাসীদের অবশ্যই জানা উচিত
যুক্তরাষ্ট্রে হেলথ ইনস্যুরেন্সের নিবন্ধন শুরু, যে পাঁচ বিষয় বাঙালি অভিবাসীদের অবশ্যই জানা উচিত

যুক্তরাষ্ট্রে ২০২৭ সালের হেলথ ইনস্যুরেন্সের জন্য ওপেন এনরোলমেন্ট বা নতুন করে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। গত রোববার (১ নভেম্বর) থেকে ফেডারেল ও অঙ্গরাজ্যভিত্তিক মার্কেটপ্লেসের মাধ্যমে নতুন ইনস্যুরেন্স কেনা, পুরোনো প্ল্যান নবায়ন কিংবা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন বাসিন্দারা। তবে শুধু মাসিক প্রিমিয়াম কম দেখে প্ল্যান বেছে নিলে চিকিৎসার সময় বড় অঙ্কের অতিরিক্ত খরচের মুখে পড়তে হতে পারে। তাই ইনস্যুরেন্স বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেওয়ার আগে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করার পরামর্শ দিয়েছেন।   ফক্স বিজনেসের প্রতিবেদনে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বেনিফিটস অ্যান্ড ইনস্যুরেন্স প্রফেশনালসের প্রেসিডেন্ট মাইকেল উইন্টার বলেছেন, প্রথমেই গত এক বছরে চিকিৎসার পেছনে কত টাকা খরচ হয়েছে, তা পর্যালোচনা করা প্রয়োজন। চিকিৎসকের কাছে যাওয়া, নিয়মিত ওষুধ, হাসপাতালে ভর্তি কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নেওয়ার হিসাব বিবেচনায় রাখতে হবে। পাশাপাশি আগামী বছরে পরিবারের সদস্যদের কী ধরনের চিকিৎসার প্রয়োজন হতে পারে, সেটিও পরিকল্পনায় রাখা জরুরি।   দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় মাসিক প্রিমিয়াম। আগের বছরের তুলনায় ২০২৭ সালে অনেক হেলথ ইনস্যুরেন্স প্ল্যানের খরচ পরিবর্তিত হচ্ছে। চিকিৎসাসেবার ব্যয়, শ্রমিকের মজুরি ও অন্যান্য পরিচালন ব্যয় বৃদ্ধির প্রভাব প্রিমিয়ামের ওপর পড়তে পারে। ফলে আগের বছরের প্ল্যান স্বয়ংক্রিয়ভাবে নবায়ন না করে নতুন প্রিমিয়াম এবং সম্ভাব্য সরকারি আর্থিক সহায়তা যাচাই করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।   তৃতীয়ত, পছন্দের চিকিৎসক ও হাসপাতাল ইনস্যুরেন্স কোম্পানির নেটওয়ার্কে রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। কোনো চিকিৎসক বা হাসপাতাল আগের বছর ইন-নেটওয়ার্কে থাকলেও নতুন বছরে সেই সুবিধা নাও থাকতে পারে। আউট-অব-নেটওয়ার্ক চিকিৎসা নিলে অতিরিক্ত টাকা দিতে হতে পারে। বিশেষ করে নিয়মিত চিকিৎসা নেওয়া ব্যক্তি এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নিয়মিত ব্যবহৃত ওষুধগুলো প্ল্যানের আওতায় রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন।   চতুর্থ বিষয় ডিডাক্টিবল ও আউট-অব-পকেট খরচ। ডিডাক্টিবল হলো ইনস্যুরেন্স নির্দিষ্ট চিকিৎসা খরচ বহন শুরু করার আগে গ্রাহককে নিজে যে অর্থ পরিশোধ করতে হয়। যেমন, কোনো প্ল্যানের ডিডাক্টিবল দুই হাজার ডলার হলে সাধারণত নির্দিষ্ট চিকিৎসাসেবার প্রথম দুই হাজার ডলার গ্রাহককেই দিতে হয়। এর পাশাপাশি চিকিৎসকের ফি, কো-পেমেন্ট, কো-ইনস্যুরেন্স এবং বার্ষিক সর্বোচ্চ ব্যক্তিগত খরচের সীমাও তুলনা করা জরুরি। কম প্রিমিয়ামের প্ল্যানে ডিডাক্টিবল বেশি থাকতে পারে।   পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয় হেলথ সেভিংস অ্যাকাউন্ট বা এইচএসএ। যোগ্য ইনস্যুরেন্স প্ল্যানের সঙ্গে এই অ্যাকাউন্ট ব্যবহার করে চিকিৎসার জন্য কর-সুবিধাসহ অর্থ সঞ্চয় করা যায়। নির্ধারিত চিকিৎসা খরচে ব্যবহার করলে সাধারণত এই অর্থ উত্তোলনে ফেডারেল আয়কর দিতে হয় না। অ্যাকাউন্টে অব্যবহৃত অর্থ পরবর্তী বছরেও রাখা যায়। তবে সব ইনস্যুরেন্স প্ল্যান কিংবা গ্রাহক এই সুবিধার যোগ্য নন।   এদিকে ফেডারেল মার্কেটপ্লেস হেলথকেয়ার ডট গভের মাধ্যমে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কভারেজ পেতে ২০২৬ সালের ১৫ ডিসেম্বরের মধ্যে প্ল্যান নির্বাচন করতে হবে। সাধারণ ওপেন এনরোলমেন্ট চলবে ২০২৭ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত। তবে অঙ্গরাজ্যভেদে সময়সীমা আলাদা। নিউইয়র্ক, নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ায় নিবন্ধন চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। নিউইয়র্কে জানুয়ারি থেকে কভারেজ পেতে ১৫ ডিসেম্বর এবং নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ায় ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে।   বিশেষজ্ঞরা জানিয়েছেন, নতুন প্ল্যান বেছে নেওয়ার আগে পারিবারিক আয়, সরকারি প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট পাওয়ার যোগ্যতা এবং চিকিৎসার সম্ভাব্য মোট খরচ বিবেচনা করা উচিত। মেডিকেইড ও শিশুদের চিপ কর্মসূচিতে যোগ্য ব্যক্তিরা বছরজুড়ে আবেদন করতে পারেন। অন্যদিকে মেডিকেয়ার ও চাকরিদাতার মাধ্যমে পাওয়া ইনস্যুরেন্সের নিবন্ধনের নিয়ম ও সময়সীমা আলাদা হতে পারে।

প্রকাশ : নভেম্বর ২, ২০২৬ ১২:৮
আজারবাইজানে হিজাব নিষিদ্ধ করার প্রতিবাদে  চাকরি ছাড়লেন মুসলিম  শিক্ষিকা, কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা
আজারবাইজানে হিজাব নিষিদ্ধ করার প্রতিবাদে চাকরি ছাড়লেন মুসলিম শিক্ষিকা, কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আজারবাইজানে স্কুলে হিজাব পড়া নিয়ে নতুন বিধিনিষেধের জেরে এক শিক্ষিকার চাকরি হারানোর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শিক্ষিকাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে তাঁর শিক্ষার্থীরা। রাজধানী বাকুর একটি স্কুলের এই ঘটনা দেশটিতে ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষার অধিকার নিয়ে চলমান বিতর্ককে আরও সামনে এনেছে।   গত ৮ থেকে ১১ অক্টোবরের মধ্যে ছড়িয়ে পড়া ভিডিওটি বাকুর রিচার্ড সরগে নামের ৯০ নম্বর মাধ্যমিক বিদ্যালয়ের বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। ভিডিওতে কয়েকজন শিক্ষার্থী হিজাব পরা এক শিক্ষিকাকে ঘিরে ধরে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, হিজাব খুলতে রাজি না হওয়ায় ওই শিক্ষিকাকে বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তাঁর চাকরি ছাড়ার বা বরখাস্ত হওয়ার আনুষ্ঠানিক কারণ স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।   আজারবাইজান সরকার গত ২১ সেপ্টেম্বর শিক্ষার্থীদের পোশাকসংক্রান্ত বিধিমালা সংশোধন করে। এরপর ৬ অক্টোবর শিক্ষকদের পোশাক নিয়েও পৃথক নির্দেশনা জারি করা হয়। নতুন নিয়মে শিক্ষাপ্রতিষ্ঠানের ধর্মনিরপেক্ষ চরিত্রের সঙ্গে অসংগতিপূর্ণ পোশাক ও অতিরিক্ত পোশাকসামগ্রী ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যদিও বিধিমালায় সরাসরি হিজাব নিষিদ্ধ করার কথা উল্লেখ নেই, বাস্তবে কয়েকটি স্কুলে হিজাব পরা শিক্ষার্থী ও শিক্ষকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।   আল জাজিরার ১৪ অক্টোবরের প্রতিবেদনে বলা হয়, বাকুর একটি বিদ্যালয়ে ২৩ বছরের অভিজ্ঞ ইংরেজি শিক্ষিকা গুলশান আলিয়েভাকে হিজাব পরে কর্মস্থলে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাঁর মেয়েকেও একই কারণে স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। গুলশান জানান, ধর্মীয় বিশ্বাসের কারণে পেশাগত দায়িত্ব পালনে বাধার মুখে পড়তে চান না তিনি। প্রয়োজনে নিজের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার কথাও জানান এই শিক্ষিকা।   আরেক শিক্ষিকা জাহরা হাসানোভা আল জাজিরাকে জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে হিজাব পরে ক্লাসে আসতে নিষেধ করেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, হিজাব পরা বা না পরা ব্যক্তিগত সিদ্ধান্ত হওয়া উচিত। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাকবিধি মেনে চলার প্রয়োজনীয়তার কথা বলছে আজারবাইজান সরকার। দেশটির পার্লামেন্টের মানবাধিকার কমিটির চেয়ারম্যান জাহিদ ওরুজ জানিয়েছেন, বিদ্যালয়ের বাইরে হিজাব পরায় কোনো নিষেধাজ্ঞা নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন পোশাকনীতি বজায় রাখাই সরকারের উদ্দেশ্য।   এদিকে হিজাবসংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে আজারবাইজানের বিভিন্ন এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে। কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে বলেও সংবাদ প্রকাশিত হয়েছে। ১২ অক্টোবর রাজধানী বাকুতে জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে ৩৭ জনকে আটক করার কথা জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে স্বাধীন সংবাদমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে আটক ব্যক্তির সংখ্যা আরও বেশি।   মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ২৭ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে স্কুলে হিজাব পরা ছাত্রীদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে। সংগঠনটির মতে, পোশাকের কারণে শিক্ষার্থীদের শিক্ষা থেকে বঞ্চিত করা ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষার অধিকারের প্রশ্ন তৈরি করে। সংগঠনটি হিজাব পরা শিক্ষার্থী ও শিক্ষকদের বিদ্যালয়ে প্রবেশের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।   প্রায় ৯৬ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর দেশ আজারবাইজান সাংবিধানিকভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। দেশটির সংবিধানে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তাও রয়েছে। নতুন পোশাকবিধি ঘিরে বিতর্ক তাই শুধু হিজাবের মধ্যে সীমাবদ্ধ নেই। শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ম, ধর্মীয় স্বাধীনতা এবং ব্যক্তিগত অধিকার নিয়েও প্রশ্ন তুলেছে এই ঘটনা।   সংবাদসূত্র: আল জাজিরা

প্রকাশ : নভেম্বর ২, ২০২৬ ১১:৪৫