স্নায়ুযুদ্ধের পর এই প্রথম: যুক্তরাজ্যের ১ লাখ রিজার্ভ সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ
স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো প্রায় ১ লাখ সাবেক ও রিজার্ভ সেনাকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি)। ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি ও সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি জোরদার করতে সেনা, নৌ ও বিমানবাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেছে লন্ডন।
চিঠিতে সাবেক সেনাসদস্যদের বর্তমান যোগাযোগের ঠিকানা হালনাগাদ করার পাশাপাশি তাদের বর্তমান পেশা ও দক্ষতা সম্পর্কে তথ্য দিতে বলা হয়েছে। বিশেষ করে সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য, গোয়েন্দা এবং যোগাযোগ খাতে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে সামরিক প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের আওতায় ২০২৭ সালের বসন্তে নির্ধারিত ন্যাটোর বড় সামরিক মহড়া ‘স্টেডফাস্ট ডিফেন্ডার’-এ অংশ নেওয়ার সুযোগ পাবেন আগ্রহী রিজার্ভ সদস্যরা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংসদীয় তথ্য অনুযায়ী, এ ধরনের মহড়ায় সর্বোচ্চ প্রায় ১ হাজার স্ট্র্যাটেজিক রিজার্ভ সদস্যকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।
তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই চিঠি তাৎক্ষণিক কোনো সামরিক তলব বা মোতায়েনের সংকেত নয়। সাবেক সেনা বা ভেটেরান্স বিষয়ক মন্ত্রী ক্যালভিন বেইলি জানিয়েছেন, চিঠি পাওয়া অধিকাংশ সদস্যকেই হয়তো কখনো সক্রিয় দায়িত্বে ফিরিয়ে আনা হবে না, তবে এই প্রস্তুতি প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং সংঘাতের ঝুঁকি কমাতে সহায়ক হবে।
২০২৫ সালের যুক্তরাজ্যের প্রতিরক্ষা কৌশল পর্যালোচনায় রিজার্ভ বাহিনীর ভূমিকা শক্তিশালী করা এবং বৃহত্তর সামাজিক অংশগ্রহণের মাধ্যমে প্রতিরক্ষা জোরদার করার সুপারিশ করা হয়েছিল। ন্যাটো ও রাশিয়ার মধ্যে উত্তেজনা এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাজ্য এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, রাশিয়া বরাবরই ন্যাটো সদস্য রাষ্ট্রের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে এসেছে এবং সীমান্তের কাছে ন্যাটোর সামরিক তৎপরতা বৃদ্ধিকে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর কারণ হিসেবে অভিহিত করেছে। সূত্র: লাও দং নিউজ।
873 ডিএন
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreশ্রীনগর ও কুলগাম: ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে স্থানীয় এক সশস্ত্র যোদ্ধা নিহত হওয়ার পর উপত্যকায় বিদ্রোহ বা সশস্ত্র তৎপরতার অবসান ঘটছে বলে দাবি করেছে নয়াদিল্লি। তবে নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক কর্মকর্তাদের মতে, সশস্ত্র গোষ্ঠীগুলো নিশ্চিহ্ন হয়ে যায়নি; বরং তারা নতুন নাম, ছদ্মবেশ ও ভৌগোলিক কৌশল বদলে নিজেদের মানিয়ে নিচ্ছে। গত ১৮ নভেম্বর ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের কুলগাম জেলার জাংলাপোরা গ্রামে সাত দিনের তল্লাশির পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন মোহাম্মদ লতিফ ভাট। পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার হিসেবে পরিচিত ভাটের বিরুদ্ধে এক সপ্তাহ আগে আরেকজন যোদ্ধাকে সঙ্গে নিয়ে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ওপর গুলিবর্ষণের অভিযোগ ছিল, যাতে তিন জওয়ান আহত হন। ওই ঘটনার কয়েক দিনের মধ্যেই তাঁর সহযোগীও নিহত হন। ভাটের মৃত্যুর পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক জনসভায় দাবি করেন, ভাটই ছিলেন সর্বশেষ স্থানীয় সশস্ত্র যোদ্ধা। তিনি বলেন, এটি কাশ্মীর উপত্যকার নিরাপত্তা পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত এবং বর্তমানে উপত্যকায় কোনো কাশ্মীরি যুবক সশস্ত্র কর্মকাণ্ডে জড়িত নেই। জম্মু ও কাশ্মীর পুলিশও দাবি করেছে, ১৯৮৯ সালে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরুর পর এই প্রথম লস্কর-ই-তৈয়বার কোনো স্থানীয় যোদ্ধা থাকল না। তবে বিশেষজ্ঞরা এই দাবিকে পুরোপুরি মেনে নিতে নারাজ। তাদের মতে, সশস্ত্র সংঘাত থেমে যায়নি, বরং রূপ বদলেছে। জম্মু ও কাশ্মীর পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ইসরার খান ভাটের মৃত্যুকে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য ও লস্করের জন্য বড় ধাক্কা হিসেবে দেখলেও জানান, পুলিশের আনুষ্ঠানিক তালিকার বাইরেও সক্রিয় যোদ্ধা থাকতে পারেন। তাঁর ভাষায়, আগামী পাঁচ থেকে ছয় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তখনই প্রকৃত চিত্র পরিষ্কার হবে। ‘হাইব্রিড যোদ্ধা’ ও নতুন ছদ্মনাম নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে তথাকথিত ‘হাইব্রিড যোদ্ধা’দের উত্থান নজরদারির কাজকে কঠিন করেছে। ২০২০ সালের দিকে আলোচনায় আসা এই শব্দটি দিয়ে এমন ব্যক্তিদের বোঝানো হয়, যারা স্বাভাবিক বেসামরিক জীবনের আড়ালে থাকেন, ডিজিটাল যোগাযোগের মাধ্যমে সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন এবং হামলা চালিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যান। তবে মানবাধিকারকর্মী ও কিছু বিশ্লেষক এই সংজ্ঞার স্পষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন; তাঁদের আশঙ্কা, এর ফলে সাধারণ কাশ্মীরিদেরও সন্দেহের চোখে দেখার প্রবণতা তৈরি হতে পারে। এ ছাড়া ২০১৯ সালের আগস্টে কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের পর ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) ও ‘পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট’ (পিএএফএফ)-এর মতো নতুন নামে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দেখা গেছে। ২০২৫ সালে পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় টিআরএফ দায় স্বীকার করেছিল। ওই ঘটনার জেরে ভারত পাকিস্তানকে দায়ী করে এবং সে বছর মে মাসে দুই প্রতিবেশী দেশের মধ্যে চার দিনের সংঘাত ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতে, মূল সংগঠনগুলোর ওপর আন্তর্জাতিক নজরদারি এড়াতে এবং স্থানীয় রূপ দিতে এসব নতুন নাম ব্যবহার করা হয়। দক্ষিণে জম্মুর দিকে সরে যাওয়া সংঘাত কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী নূর আহমদ বাবা বলেন, ২০১৯ সালের পরও কাশ্মীরকে সশস্ত্র তৎপরতামুক্ত ঘোষণার দাবি উঠেছিল, কিন্তু বাস্তবে বিক্ষিপ্ত হামলা অব্যাহত ছিল। বিশ্লেষকদের মতে, কাশ্মীর উপত্যকায় কড়া নিরাপত্তা ও নজরদারির পাশাপাশি লাদাখ সীমান্তে চীনসংক্রান্ত নিরাপত্তা উদ্বেগের কারণে জম্মু অঞ্চল থেকে কিছু সেনা সরিয়ে নেওয়ায় দক্ষিণের জম্মুতে সশস্ত্র তৎপরতা নতুন করে মাথাচাড়া দিয়েছে। ২০২১ সাল থেকে জম্মুতে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১০ জন বেসামরিক নাগরিক। রাজনৈতিক বিশ্লেষক রশিদ রাহি জানান, জম্মুর ঘন জঙ্গল ও দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি চালানো নিরাপত্তা বাহিনীর জন্য বেশ কঠিন এবং অনুপ্রবেশের ক্ষেত্রেও ভৌগোলিক বাস্তবতা ভিন্ন। পাশাপাশি এনক্রিপ্টেড স্যাটেলাইট ফোন ও নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহারের ফলে যোদ্ধাদের শনাক্ত করা আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সূত্র: আল জাজিরা। 873 ডিএন
ইরান যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ ট্রাম্প প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জো কেন্টের
সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গোপন তৎপরতা ও 'প্ল্যান এ, বি, সি, ডি'র নেপথ্যে কী?
‘এআই সুপারপাওয়ার’ হতে চায় ইসরায়েল! কীভাবে নিজেদের প্রযুক্তি ও সামরিক শক্তি বাড়াচ্ছে দেশটি?
দুর্নীতিবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গত অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়া সার্বিয়ার শিক্ষার্থী-সমর্থিত আন্দোলন আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাদোমির সাইচিচকে তাদের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ে রসায়ন পড়ান ৬৫ বছর বয়সী রাদোমির সাইচিচ। তিনি নবনির্বাচিত পার্লামেন্টে ‘স্টুডেন্ট লিস্ট’-এর একজন প্রতিনিধি। ২৫০ আসনের পার্লামেন্টে শিক্ষার্থীদের এই জোট ১৪০টি আসনে জয়লাভ করে। সার্বিয়ায় প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক হলেও প্রধানমন্ত্রী মনোনয়ন দেওয়া এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের মতো গুরুত্বপূর্ণ ক্ষমতা তাঁর হাতে থাকে। আগামী ২৭ ডিসেম্বর এই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে সার্বিয়ার রাজনীতিতে টানা ১৪ বছর আধিপত্য বিস্তারকারী আলেকজান্ডার ভুচিচ প্রধানমন্ত্রী পদে লড়ার জন্য তাঁর দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট পদ থেকে আগাম সরে দাঁড়িয়েছিলেন। তবে পার্লামেন্ট নির্বাচনে শিক্ষার্থী-নেতৃত্বাধীন আন্দোলনের কাছে তিনি শোচনীয়ভাবে পরাজিত হন। শুক্রবার বেলগ্রেডে টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে সাইচিচ বলেন, আন্দোলনের এখন মূল অগ্রাধিকার হওয়া উচিত আইনের শাসন শক্তিশালী করা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। তিনি বলেন, ‘আমরা যে স্বাধীনতার জন্য লড়াই করেছি, সেটিকে এখন স্থায়ী পরিবর্তনে রূপ দেওয়ার সুযোগ এসেছে। পার্লামেন্ট, সরকার এবং আদালতকে আবারও জনগণের আস্থা অর্জন করতে হবে। প্রেসিডেন্টের প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’ সাইচিচ এমন একটি ‘সার্বভৌম সার্বিয়ার’ অঙ্গীকার করেন, যেখানে সংবিধানের প্রতি শ্রদ্ধা দেখানো হবে এবং প্রতিটি নাগরিক মর্যাদার সাথে বসবাস করতে পারবে। সার্বিয়ান একাডেমি অব সায়েন্সেস অ্যান্ড আর্টসের সদস্য সাইচিচ ২০২৪ সালে শুরু হওয়া শিক্ষার্থী-নেতৃত্বাধীন বিক্ষোভে যোগ দেওয়া প্রথম দিককার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একজন। শিক্ষার্থীরা তাঁকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নেওয়ায় গর্ববোধ করে তিনি বলেন, ‘গত এক দশকে আইনের শাসনের অবক্ষয়, দুর্নীতি এবং বিদ্বেষমূলক বক্তব্যের কারণে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদায়ী শাসকগোষ্ঠী এখনো আমাদের রাষ্ট্রকে বিভক্ত করার চেষ্টা করছে। এটি ঠেকাতে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনরুদ্ধার করতে হবে।’ বর্তমানে বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্য আলেকজান্ডার ভুচিচ বারবার ইঙ্গিত দিয়েছেন যে তাঁর দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) এই নির্বাচন বর্জন করতে পারে। তবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। সাংবিধানিকভাবে একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ প্রেসিডেন্ট থাকতে পারায় ভুচিচ নিজে আর এই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। উল্লেখ্য, ২০২৪ সালে নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার ঘটনার জেরে সার্বিয়ায় প্রায় দুই বছর ধরে তীব্র বিক্ষোভ চলে। সদ্য সংস্কার করা ওই স্টেশনের এই বিপর্যয়ের জন্য ব্যাপক দুর্নীতিকে দায়ী করা হয়। ২০০০ সালে স্বৈরশাসক স্লোবোদান মিলোসেভিচের পতনের পর এটিই ছিল সার্বিয়ায় সবচেয়ে বড় গণবিক্ষোভ। শুরুতে স্বচ্ছ তদন্তের দাবিতে আন্দোলন শুরু হলেও পরবর্তীতে তা আগাম নির্বাচনের দাবিতে রূপ নেয়, যার মুখে প্রায় দুই বছর পর ভুচিচ নির্বাচন দিতে বাধ্য হন। সূত্র: আল-জাজিরা। 873 ডিএন
ভারতে পাকিস্তানবিরোধী এত বিদ্বেষ, ধারণা ছিল না: জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী
ভারতের উত্থান ঠেকাতে সামরিক-অর্থনৈতিক চাপ, পাকিস্তানকে হাতিয়ার করছে চীন
ব্রাসেলসে মেলোনির ব্যাগ হাতে ফিকো, চুমু খেলেন ম্যাখোঁ: সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক
ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধ ও নিরাপত্তা কড়াকড়ি উপেক্ষা করে শুক্রবার (২৭ নভেম্বর) জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেছেন ১০ হাজারের বেশি ফিলিস্তিনি মুসল্লি। পুরোনো জেরুজালেম শহর এবং মসজিদ প্রাঙ্গণের প্রবেশপথগুলোতে ব্যাপক তল্লাশি ও নিয়ন্ত্রণ আরোপ করা হলেও নানা বাধা পেরিয়ে মুসল্লিরা সেখানে সমবেত হন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে জানানো হয়েছে, কঠোর নজরদারির মধ্যেও এদিন মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুধু আল-আকসা মসজিদই নয়, অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকাতেও এদিন জুমার নামাজ আদায় করেন স্থানীয় ফিলিস্তিনিরা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দোরা শহর থেকে খিরবেত হামসা আল-ফাওকা গ্রামের সংযোগ সড়কেও স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে জুমার নামাজে অংশ নেন। প্রবেশাধিকার সীমিত থাকায় অনেকেই নিজ নিজ এলাকার খোলা স্থান ও সড়কে নামাজ আদায়ের মাধ্যমে সংহতি ও ধর্মীয় দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, পশ্চিম তীর ও গাজা উপত্যকার বাসিন্দাদের জেরুজালেমে প্রবেশ এবং আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ের ক্ষেত্রে তিন বছরেরও বেশি সময় ধরে কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বিশেষ অনুমতিপত্রের জটিলতা ও নিরাপত্তা তল্লাশির কারণে এসব অঞ্চলের বিপুলসংখ্যক ফিলিস্তিনি দীর্ঘদিন ধরে ইসলামের অন্যতম পবিত্র এই মসজিদে গিয়ে নামাজ আদায়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তবুও সব প্রতিকূলতা পেরিয়ে মুসল্লিদের এই উপস্থিতি ফিলিস্তিনিদের ধর্মীয় অঙ্গীকার ও অটল অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এক লাখ ডলারের বিলাসবহুল ট্রেনে প্যারিস থেকে ভেনিস, কেটি পেরির সঙ্গী ট্রুডো
কানাডায় সরকারি চাকরি করতে হলে মুসলিম নারীদের ছাড়তে হবে হিজাব, সুপ্রিম কোর্টে নিষেধাজ্ঞা বহাল

