গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েও বিপদে নারী, উল্টো ২৯ হাজার ডলারের বিল পাঠাল সিটি কর্তৃপক্ষ
কানাডার টরন্টোতে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার প্রায় দুই বছর পর সিটি কর্তৃপক্ষের কাছ থেকে প্রায় ২৯ হাজার ডলারের বিল পেয়েছেন ৬৮ বছর বয়সী এক নারী। দুর্ঘটনায় তাঁর গাড়ি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়। অথচ সেই দুর্ঘটনায় একটি সরকারি খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার দায়ে তাঁর কাছে ২৮ হাজার ৮৪৮ ডলার ৩১ সেন্ট দাবি করে টরন্টো সিটি কর্তৃপক্ষ। ঘটনাটি নিয়ে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ন্যান্সি বাকম্যান।
শনিবার (৭ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম পিপলের প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের ডিসেম্বরে টরন্টোর ফেয়ারভিউ মলের কাছে দুর্ঘটনার শিকার হন ন্যান্সি। স্থানীয় সংবাদমাধ্যম সিপি২৪-এর তথ্য অনুযায়ী, তাঁর গাড়িতে ধাক্কা দেওয়া অন্য গাড়িটির আরোহীরা কাছের একটি জুয়েলারি দোকানে ডাকাতির পর পালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
দুর্ঘটনার সময় ন্যান্সি একজন নার্স প্র্যাকটিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চিকিৎসাসংক্রান্ত নমুনা জমা দিতে একটি ল্যাবরেটরিতে যাচ্ছিলেন। একটি মোড়ে বাঁ দিকে গাড়ি ঘোরানোর সময় হঠাৎ অন্য একটি গাড়ি তাঁর গাড়িতে ধাক্কা দেয় বলে জানান তিনি।
ন্যান্সির ভাষ্য অনুযায়ী, মোড়ে অন্য গাড়িগুলো থেমে ছিল এবং তিনি বাঁ দিকে মোড় নিচ্ছিলেন। তখন সামনে কোনো গাড়ি দেখতে পাননি। হঠাৎ সংঘর্ষের শব্দ ও নিজের গাড়ির ব্রেকের আওয়াজ শুনতে পান। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
জ্ঞান ফেরার পর ন্যান্সি দেখতে পান, এক নারী তাঁর গাড়ির জানালায় ধাক্কা দিয়ে সতর্ক করছেন। গাড়ির নিচের অংশে আগুন ধরে গিয়েছিল। ওই নারী তাঁকে গাড়ি থেকে বের করে কাছের একটি পরিবারের ভ্যানে নিয়ে যান। জরুরি সেবাকর্মীরা পৌঁছানো পর্যন্ত সেখানেই ছিলেন তিনি।
দুর্ঘটনায় ন্যান্সির বুকে আঘাত লাগে এবং ঘাড় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। ঘাড়ের আঘাতের কারণে এখনো ফিজিক্যাল থেরাপি নিতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দুর্ঘটনায় তাঁর ২০২১ সালের সুবারু ফরেস্টার গাড়িটিও সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
কিন্তু ঘটনার প্রায় দুই বছর পর, ২০২৬ সালের জুলাইয়ে, টরন্টো সিটি কর্তৃপক্ষের কাছ থেকে একটি অপ্রত্যাশিত বিল পান ন্যান্সি। প্রায় ১০ পৃষ্ঠার ওই নথিতে তাঁর কাছে ২৮ হাজার ৮৪৮ ডলার ৩১ সেন্ট দাবি করা হয়।
সিটি কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনার সময় ন্যান্সির গাড়ির ধাক্কায় একটি সরকারি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতির মেরামত খরচ হিসেবে তাঁকে বিল পাঠানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সিপি২৪ নথিটি পর্যালোচনা করেছে বলে জানিয়েছে পিপল।
বিলে ন্যান্সিকে ২২ আগস্টের মধ্যে পুরো অর্থ পরিশোধ করতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ না দিলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া কিংবা ড্রাইভার লাইসেন্স স্থগিত করার সতর্কবার্তাও দেওয়া হয়।
বিল পাওয়ার পর ন্যান্সি জানান, তিনি পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলেন। এত বড় অঙ্কের অর্থ অল্প সময়ের মধ্যে পরিশোধ করা তাঁর পক্ষে সম্ভব নয়। বিষয়টি জানাতে তিনি সিটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।
কর্তৃপক্ষ অর্থ পরিশোধের সময়সীমা বাড়াতে রাজি হলেও বিলের দায় তাঁর ওপরই বহাল রাখে বলে জানান ন্যান্সি। এতে তিনি ক্ষুব্ধ হন এবং দুর্ঘটনার জন্য তাঁকে দায়ী করার সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানান।
সিপি২৪-এর তথ্য অনুযায়ী, পুলিশি দুর্ঘটনা প্রতিবেদনের ভিত্তিতে সিটি কর্তৃপক্ষ ন্যান্সিকে দায়ী করে। কারণ দুর্ঘটনার সময় তিনি বাঁ দিকে মোড় নিচ্ছিলেন। ট্রাফিক নিয়ম অনুযায়ী, এ অবস্থায় বিপরীত দিক থেকে আসা গাড়িকে আগে যাওয়ার সুযোগ দেওয়ার দায়িত্ব তাঁর ছিল।
ন্যান্সি এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার চেষ্টা করেন। এমনকি দুর্ঘটনার সময় ঘটনাস্থলে যাওয়া পুলিশ কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করেন। তবে ওই কর্মকর্তা দুর্ঘটনার বিষয়টি মনে করতে পারছেন না বলে তাঁকে জানান।
পরে নিজের ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে আলোচনা করেন ন্যান্সি। শেষ পর্যন্ত কোম্পানিটি সিটি কর্তৃপক্ষের দাবি করা পুরো অর্থ পরিশোধ করতে রাজি হয়। ফলে ব্যক্তিগতভাবে তাঁকে ওই বিল পরিশোধ করতে হয়নি।
তবু ডাকাতির পর পালিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাঁকে কেন দায়ী করা হলো, তা বুঝতে পারছেন না ন্যান্সি। পুরো ঘটনাকে অত্যন্ত অস্বাভাবিক বলে বর্ণনা করেছেন তিনি।
এ বিষয়ে পিপলকে দেওয়া বিবৃতিতে টরন্টো সিটির মুখপাত্র কায়লা লুইস বলেন, গাড়ি দুর্ঘটনায় সিটির কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে মেরামতের খরচ আদায়ের জন্য নিয়মিতভাবে গাড়ির মালিকদের কাছে বিল পাঠানো হয়।
তিনি জানান, এ ধরনের বিল সাধারণত গাড়ির ইন্স্যুরেন্স কোম্পানির কাছে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। ন্যান্সির ক্ষেত্রেও ক্ষতিপূরণের দাবিটি তাঁর ইন্স্যুরেন্স কোম্পানি নিষ্পত্তি করেছে।
অন্যদিকে টরন্টো পুলিশ পিপলকে নিশ্চিত করতে পারেনি যে দুর্ঘটনায় জড়িত অন্য গাড়িটির আরোহীরা সত্যিই কোনো অপরাধ সংঘটনের পর পালিয়ে যাচ্ছিলেন কি না।
টরন্টো পুলিশের গণমাধ্যম সম্পর্ক কর্মকর্তা শ্যানন ইমস বলেন, দুর্ঘটনার তদন্তে ঘটনাস্থলের আলামত, গাড়ির ক্ষতি, চালক ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ভিডিও বা ছবিসহ বিভিন্ন তথ্য বিবেচনা করা হয়।
তিনি আরও জানান, তদন্তকারী কর্মকর্তাকে প্রাদেশিক দুর্ঘটনা প্রতিবেদন তৈরি করতে হয়। সেখানে দুর্ঘটনা ঘটানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী চালককে চিহ্নিত করা হয়। দুর্ঘটনার আগে সংশ্লিষ্ট ব্যক্তিরা কী করেছিলেন, তা গাড়ির সংঘর্ষের কারণ নির্ধারণে সব সময় প্রাসঙ্গিক নাও হতে পারে।
দুর্ঘটনার প্রভাব ন্যান্সির কর্মজীবনেও পড়েছে। স্বাস্থ্যসেবা খাতে প্রায় ৪০ বছর কাজ করার পর পরিকল্পনার আগেই অবসর নিতে হয়েছে তাঁকে। ঘাড়ের দীর্ঘস্থায়ী ব্যথার কারণে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল বলে জানিয়েছেন তিনি।
ন্যান্সি জানান, অফিসে কাজের পরিবেশ পরিবর্তনসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পরও ঘাড়ের সমস্যা কমেনি। শেষ পর্যন্ত ৩১ মার্চ তিনি অবসর নেন। দুর্ঘটনার পর আবার গাড়ি চালানোর সাহস ফিরে পাওয়াও তাঁর জন্য কঠিন ছিল।
তবে এখন পুরো অভিজ্ঞতা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান ন্যান্সি। তাঁর মতে, জীবনের কঠিন পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যাওয়াই ভালো। কারণ অতীতের ঘটনা নিয়ে পড়ে থাকলে তা জীবনের ওপর আরও বেশি প্রভাব ফেলতে পারে।
সূত্র: পিপল
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreবছরের অন্যতম বড় কেনাকাটার উৎসব ‘ব্ল্যাক ফ্রাইডে’ উপলক্ষ্যে বিশ্বের শীর্ষ ই-কমার্স ও রিটেইল প্ল্যাটফর্মগুলোতে পণ্যের দামে বড় ধরনের ছাড় শুরু হয়েছে। আমাজন, ওয়ালমার্ট, টার্গেট, বেস্ট বাই এবং প্লেস্টেশনের মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রযুক্তি, গৃহস্থালি, রান্নাঘর, রূপচর্চা ও ভ্রমণসংশ্লিষ্ট ১৯৭টির বেশি জনপ্রিয় পণ্যে আকর্ষণীয় মূল্যছাড় দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক শপিং বিশ্লেষকদের মতে, প্রতিটি পণ্যের ক্ষেত্রে অন্তত ২০ শতাংশ বা তার বেশি ছাড় দেওয়া হচ্ছে এবং অনেক পণ্যের দাম গত তিন থেকে ছয় মাসের মধ্যে কিংবা সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ক্রেতাদের আগ্রহ ও চাহিদার কারণে জনপ্রিয় পণ্যগুলো দ্রুত স্টক ফুরিয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। চলমান এই বিশেষ ছাড়ের তালিকায় উল্লেখযোগ্য কয়েকটি পণ্যের মধ্যে রয়েছে: প্রযুক্তি ও গ্যাজেট: অ্যাপল এয়ারট্যাগ ৩৮ শতাংশ ছাড়ে সর্বনিম্ন দামে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অ্যাপল এয়ারপডস প্রো ৩-এ ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে এবং ওউরা রিং ৫ স্মার্ট রিংয়ে রয়েছে ২৫ শতাংশ মূল্যছাড়। হোম সিকিউরিটি ও ক্লিনিং: রিং ব্যাটারি ডোরবেল ২কে ৬১ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। এছাড়া শার্ক আপরাইট নেভিগেটর লিফট-অ্যাওয়ে ভ্যাকুয়ামে ৪০ শতাংশ এবং আইরোবট রুম্বা ১০৫ ভ্যাক রোবট ভ্যাকুয়ামে আকর্ষণীয় অফার রয়েছে। রান্নাঘর ও ভ্রমণ: কিচেনএইড ক্লাসিক সিরিজ ৪.৫ কোয়ার্ট টিল্ট-হেড স্ট্যান্ড মিক্সারে ৩০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। ভ্রমণপিপাসুদের জন্য ওয়ালা ফ্রি-সিপ স্টেইনলেস স্টিল ওয়াটার বোতলে ২৪ শতাংশ এবং স্যামসোনাইট ফ্রিফর্ম ২-পিস লাগেজ সেটে ২৯ শতাংশ ছাড় চলছে। রূপচর্চা ও অন্যান্য: মেডিকিউব জিরো পোর প্যাড ২.০-এ ৩০ শতাংশ এবং ক্রোকস ক্লাসিক ফাজ স্ক্রাফে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া অ্যানসেস্ট্রিডিএনএ জেনেটিক টেস্ট কিটে ৭১ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা এসেছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, সাইবার মান্ডের আগেই ব্ল্যাক ফ্রাইডের এই অফারগুলোতে সবচেয়ে বড় মূল্যছাড়গুলো মিলছে, তাই প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতাদের দাম যাচাই করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। সূত্র: এনবিসি নিউজ।
নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার নতুন চাল, আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব
মহাকাশে যাচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন, বিশেষ আয়োজন নভোচারীর জন্য
বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে
মোবাইল ফোনের রেডিয়েশন থেকে বাঁচতে ফোনের পেছনের কভারে শুকনো গোবর রাখার পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের জনপ্রিয় ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। সম্প্রতি একটি ধর্মীয় আলোচনা সভায় দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা ও হাস্যরস শুরু হয়েছে। আলোচনার অন্যতম কারণ, তিনি নিজেও নিজের মোবাইল ফোনের ব্যাক কভারের ভেতরে শুকনো গোবর রাখেন বলে ভিডিওতে দেখা গেছে। ইন্দ্রেশ উপাধ্যায় ‘ইন্দ্রেশ মহারাজ জি’ নামেও পরিচিত। তিনি ভারতের একজন আধ্যাত্মিক বক্তা ও ভাগবত পাঠক। তাঁর ইউটিউব চ্যানেল ‘ভক্তিপথ’-এ প্রায় ৮ লাখ ৪০ হাজার অনুসারী রয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে নিজের মোবাইল ফোনের পেছনের কভারে শুকনো গোবর রাখতে দেখা যায়। ধর্মীয় আলোচনা সভায় ইন্দ্রেশ উপাধ্যায় দাবি করেন, বর্তমান সময়ে বিভিন্ন প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করা অপরিহার্য হয়ে উঠেছে। বিশেষ করে ধর্মীয় পাঠ ও শ্লোক উচ্চারণের জন্য তাঁকে ফোন কাছে রাখতে হয়। তবে তাঁর দাবি, মোবাইল ফোন ও টাওয়ার থেকে নির্গত তরঙ্গ মানুষের শরীর, বুদ্ধিমত্তা ও শারীরিক শক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে ফোনের কভারে এক টুকরো শুকনো গোবর রাখেন তিনি। তাঁর মতে, এটি রেডিয়েশন শোষণ করে এবং শরীরকে সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করে। তবে ভারতীয় এই ধর্মগুরুর দাবির পক্ষে কোনো স্বীকৃত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বৈজ্ঞানিক গবেষণার তথ্য অনুযায়ী, মোবাইল ফোন থেকে নির্গত রেডিওফ্রিকোয়েন্সি তরঙ্গ নন-আয়োনাইজিং বা আয়নবিহীন। স্বাভাবিক মাত্রায় এসব তরঙ্গ মানবদেহের কোষের ক্ষতি করে, এমন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে, গোবর দিয়ে মোবাইল ফোনের রেডিয়েশন প্রতিরোধ করা যায়, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণও নেই। মোবাইল প্রকৌশলীদের মতে, ফোনের পেছনের কভারের ভেতরে শুকনো গোবর বা অন্য কোনো জৈব পদার্থ রাখলে আর্দ্রতা, ধুলাবালি ও ব্যাকটেরিয়া জমার ঝুঁকি তৈরি হতে পারে। এতে ফোনের ক্যামেরা, চার্জিং পোর্ট, স্পিকার এবং অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। হিন্দু ধর্মীয় ঐতিহ্যে গরুর গোবরকে পবিত্র উপাদান হিসেবে বিবেচনা করা হয়। তবে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আধুনিক প্রযুক্তির বৈজ্ঞানিক কার্যকারিতা এক বিষয় নয়। ইন্দ্রেশ উপাধ্যায়ের বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দাবির সত্যতা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। তাঁর অনুসারীদের একাংশ অবশ্য বিষয়টিকে সনাতন ঐতিহ্য ও বিশ্বাসের অংশ হিসেবে সমর্থন জানিয়েছেন।
তুরস্কের দুর্গম বনে আটকে যোগাযোগ বিচ্ছিন্ন , রাতভর অভিযানে ১০ কিশোরীসহ ১৩ জন উদ্ধার
পরিচয় মুছে ‘বিবি’, ‘ছাগল’, ‘গোরু’! আফগান নারীদের নাম নেওয়াতেও নিষেধাজ্ঞা তালেবানের
হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র ডাউনলোড, ১০ লাখ রুপির বেশি খোয়ালেন এক ভারতীয় যুবক
কিউবার গুয়ানতানামো বে নৌঘাঁটিতে অভিবাসীদের স্থানান্তর ও আটক রাখার অভিযানে ৮ কোটি ১৫ লাখ ডলারের বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। অথচ ২০২৫ সালে অভিযান শুরুর পর থেকে সেখানে আটক রাখা হয়েছে মাত্র ৮৪৯ জন অভিবাসীকে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মহাপরিদর্শকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে শুরু হওয়া ‘অপারেশন সাউদার্ন গার্ড’-এ এখন পর্যন্ত ৮ কোটি ১৫ লাখ ডলারের বেশি অর্থ বরাদ্দ দিয়েছে পেন্টাগন। প্রাথমিক পরিকল্পনায় গুয়ানতানামো বে ঘাঁটিতে কয়েক হাজার, এমনকি ৩০ হাজার অভিবাসীকে আটকে রাখার প্রস্তুতি নেওয়া হলেও বাস্তবে সেখানে সর্বোচ্চ ৩৯৯ জনের থাকার সক্ষমতা ছিল। ২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত গুরুতর অপরাধে অভিযুক্ত অভিবাসীদের আটকের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন। সে সময় তিনি দাবি করেছিলেন, গুয়ানতানামো বে-তে ৩০ হাজার মানুষকে আটকে রাখার মতো জায়গা রয়েছে। এতে অভিবাসী আটকের সক্ষমতা তাৎক্ষণিকভাবে দ্বিগুণ করা সম্ভব হবে বলেও জানিয়েছিলেন তিনি। তবে শুরু থেকেই এই পরিকল্পনার বাস্তবায়ন সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল। মার্কিন কর্মকর্তাদের বরাতে সিএনএন জানিয়েছিল, নব্বইয়ের দশকে গুয়ানতানামো বে-তে ৩০ হাজার মানুষের থাকার ব্যবস্থা থাকলেও বর্তমানে সেই সক্ষমতা আর নেই। তা সত্ত্বেও সেখানে তাঁবু স্থাপন এবং শত শত সামরিক সদস্য মোতায়েন করা হয়। প্রতিরক্ষা দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর ঘাঁটিটিতে মাত্র আটজন অভিবাসী আটক ছিলেন। ওই সময় স্বরাষ্ট্র দপ্তরের অভিযান পরিচালনায় সেখানে প্রায় ৩৫০ জন মার্কিন সামরিক সদস্য দায়িত্ব পালন করছিলেন। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আটক অভিবাসীদের সেখানে থাকার গড় সময় ছিল সাত দিন। তবে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা এবং উড়োজাহাজের সময়সূচি নিয়ে জটিলতার কারণে কারও কারও অবস্থানের সময় বেড়েছে। একজন অভিবাসীকে স্থানান্তরের আগে সর্বোচ্চ ১০২ দিন সেখানে আটকে রাখা হয়েছিল। প্রতিবেদনে অভিযানের অর্থ ব্যয়ের বিস্তারিত খাত তুলে ধরা হয়নি। তবে বরাদ্দের সবচেয়ে বড় অংশ ব্যয় করেছে মার্কিন স্থলবাহিনী। সংশ্লিষ্ট এক সূত্রের দাবি, অভিযান শুরুর আগে পর্যাপ্ত পরিকল্পনা করা হয়নি। ফলে কার্যক্রম শুরু হওয়ার পর পরিকল্পনার ঘাটতি পূরণের চেষ্টা করতে হয়েছে। এর আগে অভিবাসীদের গুয়ানতানামো বে-তে নেওয়ার জন্য প্রায় ২ কোটি ১০ লাখ ডলার মূল্যের সামরিক উড়োজাহাজ ব্যবহারের সমালোচনা করেছিলেন ডেমোক্র্যাটরা। প্রতিটি উড্ডয়ন ঘণ্টায় এসব উড়োজাহাজ পরিচালনার ব্যয় ছিল ২৬ হাজার ২৭৭ ডলার। সিনেটর এলিজাবেথ ওয়ারেন এই অভিযানকে রাজনৈতিক প্রদর্শনী বলে সমালোচনা করেছিলেন। এ ছাড়া ট্রাম্প প্রশাসন যাদের সবচেয়ে বিপজ্জনক অপরাধী অভিবাসী হিসেবে চিহ্নিত করছে, তাঁদের অনেকেই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী, কর্মরত এবং পরিবারসহ জীবনযাপন করা আইন মেনে চলা মানুষ বলে দাবি করেছেন ডেমোক্র্যাট ও অভিবাসী অধিকারকর্মীরা। সূত্র: আনাদোলু এজেন্সি
যুক্তরাজ্যের এইচপিআই ভিসার তালিকায় যুক্তরাষ্ট্রের ৩৪ বিশ্ববিদ্যালয়, নিয়োগপত্র ছাড়াই আবেদনের সুযোগ
অস্ট্রেলিয়ায় স্পনসরশিপ ভিত্তিক ৪৮২-ওয়ার্ক -ভিসা'য় শীর্ষে শেফ, তালিকায় রয়েছে ১৫ পেশা

